'রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যে নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা নির্বাহি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার আনোয়ার হোসেন, ভেটেরিনারি সার্জন ডাঃ ইসারাতুজ্জাহান ইমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি দেলোয়ার হোসেন, অফিসার ইনচার্জ আব্দুল গফুর, জামায়তের আমির রবিউল ইসলাম, সেক্রেটারি শিব্বির আহমেদ, খামারি আশিকুর রহমান,এসমোতারা আজম চায়না প্রমূখ।
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন,দেশের অর্থনীতি, পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে নিরাপদ দুধ, ডিম ও মাংস উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি গবাদিপশুর রোগ প্রতিরোধ, উন্নত জাতের পশু পালন এবং খামারিদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার একটি বাসা থেকে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৭ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করেছে মহানগর ডিবি পুলিশ। এ ঘটনায় সুমাইয়া আক্তার (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে গাজীপুর মহানগর ডিবি পুলিশের উত্তর বিভাগ এ অভিযান পরিচালনা করে।
পুলিশের তথ্য অনুযায়ী, মহানগর ডিবি (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল, পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় ডিবি উত্তর বিভাগের এসআই (নিঃ) মোঃ কামরুল হাসান, এএসআই (নিঃ) জিল্লুর রহমান ও এএসআই (নিঃ) মোঃ আলামিন হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।অভিযানে টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার কছিম উদ্দিন রোডের ফ্রেন্ডস টাওয়ারের ৬(বি) নম্বর ফ্ল্যাট থেকে সুমাইয়া আক্তারকে আটক করা হয়। পরে তার ভাড়া নেওয়া ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকা এবং একটি অ্যাশ কালারের ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ৪০ হাজার টাকা। প্রতি পিস ইয়াবার মূল্য ৩০০ টাকা হিসেবে এ মূল্য নির্ধারণ করা হয়েছে।
গ্রেপ্তার সুমাইয়া আক্তার গাজীপুর মহানগরের গাছা থানাধীন কলমেশ্বর এলাকার মোঃ আনোয়ার হোসেনের মেয়ে। তিনি টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার ফ্রেন্ডস টাওয়ারে ভাড়া থাকতেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
তিন দিনব্যাপী রংপুর জেলা ইজতেমা দ্বীনের দাওয়াত, ঈমান-আমলের মেহনত ও আত্মশুদ্ধির উদ্দেশ্যকে সামনে রেখে শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে নগরীর দর্শনা দ্বীপ আই কেয়ার চক্ষু হাসপাতালের পাশের ময়দানে আম বয়ানের মধ্য দিয়ে এই ইজতেমার কার্যক্রম শুরু হয়।
বাদ ফজর জ্ঞানগর্ভ বয়ান পেশ করেন তাবলীগ জামায়াতের শীর্ষস্থানীয় মুরুব্বি মুফতি রুহুল আমিন।
তিনি বলেন, আল্লাহ তায়ালা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু তাঁর ইবাদতের জন্য। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়ার এই অল্প সময়ের জীবনকে আল্লাহর হুকুম ও নবীজি (সা.) এর তরিকা অনুযায়ী সাজাতে পারলেই আখিরাতে সফলতা আসবে।
ঈমান প্রসঙ্গে তিনি বলেন, ঈমান হলো সবচেয়ে বড় সম্পদ। ঈমান ছাড়া কোনো আমল কবুল হবে না। ঈমানকে মজবুত করতে বেশি বেশি কালেমার মেহনত করতে হবে, আল্লাহর কুদরতের কথা আলোচনা করতে হবে।
নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, নামাজ হলো দ্বীনের খুঁটি। যে নামাজকে ঠিক করে নিল, তার পুরো দ্বীন ঠিক হয়ে গেল। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে ফেতনা-ফাসাদ, মোবাইল আসক্তি ও বস্তুবাদের স্রোতে ভেসে যাচ্ছে যুব সমাজ। এ থেকে বাঁচতে মসজিদমুখী হতে হবে, ঘরে ঘরে তালিম চালু করতে হবে, সন্তানদের দ্বীনি শিক্ষা দিতে হবে।
ইকরামুল মুসলিমিন সম্পর্কে তিনি বলেন, মুসলমান মুসলমানের ভাই। একে অপরকে সম্মান করা, কষ্ট না দেওয়া, গীবত-পরনিন্দা থেকে বেঁচে থাকা ঈমানের দাবি।
সবশেষে তিনি বলেন, ইজতেমা কোনো উৎসব নয়, এটি ঈমানকে তাজা করার এক মেহনতের ময়দান। এখানে এসে মানুষ দুনিয়ার ব্যস্ততা ভুলে আখিরাতের কথা স্মরণ করে। তিন দিনের এই সহবতে থেকে একজন মুসলমান তার নামাজ, আখলাক ও জীবনকে সুন্নতের রঙে রাঙাতে শিখে।
ইজতেমার প্রথম দিন থেকেই রংপুর জেলার ৮ উপজেলা ছাড়াও আশপাশের জেলা থেকে দলে দলে মুসল্লিরা ময়দানে আসছেন। বয়ান, তালিম, জিকির, ছয় নম্বরের আলোচনা ও জামাত বন্দির মধ্য দিয়ে চলছে কার্যক্রম।
আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই ইজতেমা শেষ হবে। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্যের জন্য দোয়া করা হবে।
ইজতেমা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা, পানি, বিদ্যুৎ ও চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়েছে।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি ও পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লালপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মো. মেশকাতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুল্লাহ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড়, উপজেলা সমবায় অফিসার ইবনে জামান মোঃ ফয়জুল কবীর, সফল আত্মকর্মী হিসেবে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ প্রাপ্ত সফল উদ্যোক্তা আব্দুল মোত্তালেব রায়হান, উদ্যোক্তা মুরসিদা বেগম, লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং দেশীয় প্রাণিসম্পদকে রপ্তানিমুখী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
চট্টগ্রাম নগরীর জামালখান, চেরাগী পাহাড়, কাজীর দেউড়ি ও নূর আহমদ সড়ক এলাকায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা ও টং দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের (যুগ্ম জেলা ও দায়রা জজ) নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে রাখা ৯টি দোকান, ৯টি গ্যাস সিলিন্ডার ও দুটি লোহার বক্স জব্দ করা হয়।
এ সময় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সার্বিক সহযোগিতা করেন।
নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অমান্য করায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক সার্জেন্ট মুজাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দুই দিন আগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হলেও বুধবার (২৫ নভেম্বর) বিষয়টি জানাজানি হয়। মুজাহিদুল ইসলাম ২০১৭ সালে সার্জেন্ট পদে পুলিশে যোগ দেন। তাঁর বাড়ি গোপালগঞ্জ জেলায়।
সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, কর্তৃপক্ষের বৈধ নির্দেশ অমান্য করায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কী ধরনের নির্দেশ অমান্য করা হয়েছিল, জানতে চাইলে সিএমপি কমিশনার বলেন, এগুলো পুলিশের অভ্যন্তরীণ বিষয়। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত নয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার একটি ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হলেও বাদী হতে রাজি হননি সার্জেন্ট মুজাহিদুল। এ ছাড়া আরও কিছু কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির দিন নগরের বন্দর এলাকার সল্টগোলা ক্রসিং পুলিশ বক্সে দায়িত্বে ছিলেন সার্জেন্ট মুজাহিদুল। ওই দিন রাতে পুলিশ বক্সে ভাঙচুরের ঘটনা ঘটে। সেখানে কাচ ভাঙা ও ভেতরে আগুন দেওয়ার আলামত পাওয়া যায়। এ ঘটনায় মামলা করার জন্য তাঁকে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তিনি সেই নির্দেশ পালন করেননি বলে ওই পুলিশ কর্মকর্তা দাবি করেন।
এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে সার্জেন্ট মুজাহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
রাজশাহী মহানগরীর কর্ণহার থানা এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে স্বর্ণের বার বলে বিক্রির উদ্দেশ্যে বহন করা ৪১টি সোনালি রঙের প্রলেপযুক্ত বারসদৃশ বস্তুসহ দুজনকে গ্রেপ্তার করেছে কর্ণহার থানা পুলিশ। স্থানীয় স্বর্ণকারের প্রাথমিক পরীক্ষায় বস্তুগুলো লোহার তৈরি বলে জানা গেছে। এ সময় দুটি মোবাইল ফোন, একটি চাকু, একটি স্কুলব্যাগ, নগদ টাকা ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়।
গত ২৪ নভেম্বর রাত আনুমানিক পৌনে ৮টার দিকে কৈকুড়ি মোড়সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট পরিচালনাকালে গোদাগাড়ীর ভাগাইল এলাকা থেকে আসা একটি চার্জার অটোরিকশা থামায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্ণহার থানা পুলিশ। এ সময় অটোরিকশার তিন যাত্রীর মধ্যে একজন পালিয়ে যায়। অপর দুই যাত্রীর দেহ তল্লাশি করে একজনের কাঁধে থাকা স্কুলব্যাগ থেকে খবরের কাগজে মোড়ানো ও কসটেপ দিয়ে প্যাঁচানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতর একটি কাগজের বাক্সে ৪১টি সোনালি রঙের প্রলেপযুক্ত বারসদৃশ বস্তু পাওয়া যায়।
পরে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীনের উপস্থিতিতে স্থানীয় স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা করে দেখা যায়, বস্তুগুলোর ওপরের সোনালি প্রলেপ তুলে ফেললে ভেতরে লোহার বার পাওয়া যায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের শিবচর থানার মাগুরখন্ড ফকিরকান্দি এলাকার নূরুল ইসলাম ফকিরের ছেলে মনিরুজ্জামান ফকির ওরফে মনির ফকির (৩৪) এবং মৌলভীবাজারের জুড়ি থানার দক্ষিণ সাগরনাল এলাকার আঃ আলীর ছেলে জাহিদ হোসেন (২৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, পলাতক আরও একজনের সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে লোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ দিয়ে স্বর্ণের বারের মতো বস্তু তৈরি করে প্রকৃত স্বর্ণ হিসেবে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন স্থানে বহন করতেন। জাহিদ হোসেন জানান, মনিরুজ্জামান তাঁকে ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে আসেন।
জব্দকৃত ৪১টি বারসদৃশ বস্তুর মোট ওজন ৪ হাজার ২৯ দশমিক ৭৪ গ্রাম। এ ছাড়া দুটি মোবাইল ফোন, একটি স্টিলের চাকু, একটি স্কুলব্যাগ, নগদ ৩ হাজার ১৭৪ টাকা ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে প্রতারণার উদ্দেশ্যে জাল বস্তু প্রস্তুত ও বহনের অভিযোগে কর্ণহার থানায় পেনাল কোড আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।