• প্রকাশ : রবিবার ২৭ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৯:৩৬ এএম

নাটোরের লালপুরের সালামপুর বাজারে  অগ্নিকাণ্ডে একটি গুদামঘর, দুটি দর্জি দোকান ও একটি কাপড়ের দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০ থেকে ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।


শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে সালামপুর বাজারে জনতা ব্যাংকের নিচে দক্ষিণ পাশের মার্কেটের একটি গুদামঘর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ভুক্তভোগীরা।


স্থানীয় সূত্রে জানা যায়, ওই গুদামঘরে সয়াবিন তেল, ডিজেলসহ বিভিন্ন ধরনের তেল ও মুদিখানার সামগ্রী মজুত ছিল। এসব দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন পাশের দুটি দর্জির দোকান ও একটি কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে। এতে গুদামসহ চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।


অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন হাসেমপুর গ্রামের উত্তম কুমার, বড়বাড়িয়া কারিগরপাড়ার গ্রামের সাত্তার দর্জি, হাঁসবাড়িয়া গ্রামের জলিল উদ্দিন ও  বড়শেরপাড়ার গ্রামের মিজানুর রহমান।


ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে তাদের দোকানের মালামাল, কাপড়, দর্জির সরঞ্জাম এবং গুদামে মজুত বিভিন্ন পণ্য পুড়ে গেছে। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ থেকে ১১ লাখ টাকা হতে পারে। এ ব্যাপারে লালপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জানান , অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং ২০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।




  • প্রকাশ : রবিবার ২৭ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১০:৩৪ এএম

পটুয়াখালীর মহিপুরে জমিজমা সংক্রান্ত মামলায় সাক্ষী হওয়ায় বেল্লাল হাওলাদার (৪০) নামে এক ব্যক্তিকে রামদা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী বশির হাওলাদারের বিরুদ্ধে। হামলায় বেল্লালের ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার ঘাড়ে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।


শনিবার সকাল ৭টার দিকে মহিপুর থানার ধুলারসার ইউনিয়নের বেতকাটা গ্রামের একটি খালে মাছ  ছাড়ানোর সময় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন আহত বেল্লাল।


বেল্লাল হাওলাদার জানান, সকালে বাড়ির পাশের খালে জাল থেকে মাছ ছাড়ানোর সময় পেছন থেকে বারেক হাওলাদারের ছেলে বশির হাওলাদার দেশীয় অস্ত্র রামদা ও সাফল নিয়ে তার ওপর হামলা করেন। এ সময় ‘আল্লাহু আকবার’ বলে তার ঘাড়ে কোপ মারে। কোপের আঘাতে তিনি মাটিতে পড়ে গেলে বশির রামদা দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপায় ও আঘাত করেন। একপর্যায়ে তাকে মৃত্যু ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে অভিযুক্ত পালিয়ে যান বলে অভিযোগ করেন বেল্লাল।


পরে বেল্লালকে খালের পাড়ে পড়ে থাকতে দেখে স্থানীয় এক যুবক ডাক-চিৎকার দিলে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তারা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা তার আঘাতের স্থানে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন।


বেল্লালের বড় ভাই সোনা মিয়া বলেন, আমার ভাই কোনো রাজনীতি বা কোনো ঝামেলার সঙ্গে জড়িত নন। তিনি শান্তশিষ্ট মানুষ। তার বাড়ির পাশে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে অভিযুক্ত বশির হাওলাদারদের জমিজমা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে, কয়েকদিন আগে ওই মামলার তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে গেলে আমার ছোট ভাই পুলিশের কাছে সাক্ষ্য দেন। এর জের ধরেই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। 


অভিযোগের বিষয়ে অভিযুক্ত বশির হাওলাদারের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায় । ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।


মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: শামীম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



  • প্রকাশ : রবিবার ২৭ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১০:৩০ এএম

মানিকগঞ্জের সিংগাইরে কালীগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ মাটিকাটা এলাকায় এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।


দক্ষিণ মাটিকাটা গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত ‘দক্ষিণ মাটিকাটা নৌকা বাইচ-২০২৬’-এ সভাপতিত্ব করেন নটরডেম কলেজের প্রভাষক মো. ওমর আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। এ সময় উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবীর, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের প্রোগ্রাম অফিসার শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম শুভ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আবু সায়েম, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন ও মো. আমজাদ হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কাজী ইয়াকুব হোসেন রাজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


নৌকা বাইচে মোট আটটি দল অংশ নেয়। প্রতিযোগিতায় গোবিন্দল কসাইবাড়ির নৌকা চ্যাম্পিয়ন এবং জামশার মাসুদ রানা নৌকা রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন হাজারো দর্শনার্থী। প্রতিযোগিতা চলাকালে নদীতে নৌযান চলাচল নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।


উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নৌকা বাইচটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।


  • প্রকাশ : রবিবার ২৭ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৯:৫০ এএম

দিনাজপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে জাহিদ-খৈয়ম।‌পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ও প্রধান বক্তার বক্তব্যে তাঁরা এসব কথা বলেন।


সমাবেশের মূল বিষয় ছিল পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান। 


সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দীর্ঘ আন্দোলন- সংগ্রামের পর ১২ ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের পছন্দের দলকে রাষ্ট্র পরিচালনার দায়ীত্ব দিয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, স্বৈরাচারী শাসনের পর দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দায়ীত্ব বিএনপির নেতৃত্বে বর্তমান সরকার গ্রহণ করেছে। 


তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের মানুষ ভোটের অধিকার ও কথা বলার স্বাধীনতাসহ বিভিন্ন অধিকার ফিরে পাওয়ার যে অভিজ্ঞতা পেয়েছে, তা নষ্ট হতে দেওয়া হবে না। যারা রাজনৈতিকভাবে বিরোধিতা করতে চান, তাঁদের জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ তাঁদের গ্রহণ করলে তাঁদের কোনো আপত্তি নেই। তবে মানুষের জানমাল ও দেশের অর্থনীতির ক্ষতি হলে তা মেনে নেওয়া হবে না।


সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের পাশাপাশি রাজপথে আসার আহ্বান জানিয়ে জাহিদ হোসেন বলেন, এ দেশের মানুষ রাজপথের আন্দোলনের মাধ্যমে অধিকার আদায়ের ইতিহাস জানে। অতীতের অন্যায় ও সহিংসতার বিচার দেশের মাটিতেই হবে বলেও তিনি বক্তব্য দেন।


প্রধান বক্তার বক্তব্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়ীত্ব পেয়েছে। দিনাজপুরের মানুষও দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দমন, হামলা ও মামলার বিরুদ্ধে আন্দোলন করেছে বলে উল্লেখ করেন তিনি।


তিনি বলেন, দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ় করার লক্ষ্যে দলের ৩১ দফার ভিত্তিতে কাজ করার কথা বলা হয়েছে। এ প্রক্রিয়ায় রাজনৈতিক অস্থিতিশীলতার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।


সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এবং সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।


সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন বক্তব্য দেন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, মো. আখতারুজ্জামান জুয়েল ও মো. হাসানুজ্জামান উজ্জ্বল।


জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান চৌধুরী সমাবেশে উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ও মো. নাজমুল হুদা জনি, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার এবং কোষাধ্যক্ষ আনিসুর রহমান বাদশাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মণ্ডল বকুল এবং কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা তাঁতীদলের সভাপতি মো. রেজাউল ইসলাম গুরু বক্তব্য দেন।


এ ছাড়া রংপুর বিভাগীয় কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোন্নাফ মুকুল, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শরিফ জাকির হোসেন হীরা, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মো. হাসু খাঁন, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, দিনাজপুর জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. জোবায়দুল রহমান, দিনাজপুর জাতীয়তাবাদী পৌর মৎস্যজীবী দলের সভাপতি মো. খলিল, দিনাজপুর জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা ও সাধারণ সম্পাদক শাহীন সুলতানা ডিউটিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সমাবেশে দিনাজপুর জেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন এবং পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা দেশের শান্তি, আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যেকোনো ধরনের সহিংসতা ও নৈরাজ্য এড়িয়ে গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান তাঁরা।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ২৬ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৯:৪০ পিএম

পরিস্থিতি যেমনই হোক, সন্তানের কাছে বাবা তো বাবাই। চুরির অভিযোগে বাজারের একটি খুঁটির সঙ্গে বাবাকে বেঁধে রাখার খবর পেয়ে সকালে ছুটে আসে তার মেয়ে।


সারারাত অনাহারে থাকা বাবার মুখে নিজের হাতে খাবার তুলে দেয় সে। ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারের।


বাবার মুখে মেয়ে খাবার তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে ওই বাজারের একটি দোকানে চুরির চেষ্টাকালে জনতার হাতে ধরা পড়েন অনিক সরদার নামের এক যুবক।


পরে বাজারের একটি খুঁটির সঙ্গে তাকে বেঁধে রাখা হয়। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে আসে অনিকের মেয়ে।


সারারাত অনাহারে থাকা বাবার জন্য বাজারের একটি দোকান থেকে রুটি ও চা এনে নিজের হাতে তা বাবার মুখে তুলে দেয় সে। স্থানীয় এক যুবক ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তের মধ্যে তা ব্যাপকভাবে ভাইরাল হয়।


তিস্তার পানি বাড়ছে

  • প্রকাশ : শনিবার ২৬ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৮:০৭ পিএম

উজানের ঢল ও দুদিনের টানা ভারী বৃষ্টিতে বাড়ছে তিস্তা নদীর পানি প্রবাহ। ফলে লালমনিরহাটের তিস্তাপাড়ের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।


গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১১ মিটার। যা বিপৎসীমার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ মিটার) ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।


বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত দুদিনের টানা ভারী বৃষ্টি আর উজানের ঢলে তিস্তা নদীর পানি প্রবাহ বাড়তে শুরু করেছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় তিস্তা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।


এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে, গত দুদিনের অতিভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি দ্রুত বাড়ছে।


এতে তিস্তার বাম তীরের জেলা লালমনিরহাটের নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ দিকে বড় বন্যা হয়ে থাকে। সেই বন্যার শঙ্কা করছেন তিস্তাপাড়ের মানুষ।


গোবর্দ্ধন চরের বাসিন্দা আব্দুর রশিদ বলেন, এবারে স্থায়ী বড় কোনো বন্যা হয়নি। তবে আজকে নদীর পানি যেভাবে বাড়ছে, তাতে মনে হচ্ছে বড় বন্যা হতে পারে। বন্যা হলে নদীপাড়ের মানুষের কষ্টের শেষ থাকে না।


লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার বলেন, বৃষ্টি আর উজানের ঢলে তিস্তা নদীর পানি বাড়ছে। ডালিয়া পয়েন্টে সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পানি সমতলে বাড়তে পারে। সেক্ষেত্রে নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।


ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা

  • প্রকাশ : শনিবার ২৬ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১১:৩৬ এএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।


গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার সিরাজপুর ইউনিয়নের কে.টি.এম হাট বাজারে জিয়া স্মৃতি সংসদের অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জিয়া স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত আহ্বায়ককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।


শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মোতাহের হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আতোয়ার হোসেন পাবেল, জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ।


বক্তারা বলেন, ছাত্রদল নেতা এরশাদ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রাজপথের এক লড়াকু সৈনিক। আওয়ামী স্বৈরচারের কবল থেকে গনতন্ত্র মুক্তি শহিদ জিয়ার আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে কোম্পানীগঞ্জের রাজপথে রক্ত ঝরিয়ে জেল-জুলুমের শিকার হন।


সংবর্ধিত ছাত্রদল নেতা হোসেন মোহাম্মদ এরশাদ বলেন, ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করতে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দলের আদর্শ বাস্তবায়ন ও তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে ছাত্রদল কাজ করবে। শিক্ষা, ঐক্য ও প্রগতির মূলমন্ত্র নিয়ে ছাত্রদের যৌক্তিক অধিকার আদায়ে আগামী দিনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।