ডায়াবেটিক নিয়ন্ত্রণে ১০ নিয়ম (ছবি-চ্যাটজিপিটি দিয়ে বানানো)

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৩৩ এএম

বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের প্রায় ৯৭ শতাংশই টাইপ-২ ডায়াবেটিসে ভুগছেন। জীবনযাত্রার সঙ্গে এ রোগের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা, ওজন নিয়ন্ত্রণ ও ধূমপান বর্জনের মতো পদক্ষেপ টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে। যাদের ইতোমধ্যে ডায়াবেটিস হয়েছে, তাদের ক্ষেত্রেও এসব অভ্যাস রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক।


ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সব সময় বড় কোনো আয়োজনের প্রয়োজন হয় না। দৈনন্দিন জীবনে কিছু সহজ অভ্যাস গড়ে তোলাই হতে পারে কার্যকর পদক্ষেপ। তবে মনে রাখতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণের পরিকল্পনা ব্যক্তিভেদে আলাদা হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস, ব্যায়াম ও ওষুধের নিয়ম মেনে চলা জরুরি।


ডায়াবেটিস নিয়ন্ত্রণে ১০টি করণীয়


১. সময়মতো খাবার খান


প্রতিদিনের খাবার নির্দিষ্ট সময়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। দীর্ঘ সময় না খেয়ে থাকা কিংবা অনিয়মিত খাবার গ্রহণ রক্তের গ্লুকোজের ওঠানামায় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যারা ইনসুলিন বা রক্তে গ্লুকোজ কমানোর কিছু ওষুধ ব্যবহার করেন, তাদের খাবারের সময় নিয়ে সতর্ক থাকা প্রয়োজন।


২. খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করুন


কী খাচ্ছেন, তার পাশাপাশি কতটুকু খাচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ। চিকিৎসক ভাতের পরিবর্তে রুটি খেতে বললে অতিরিক্ত রুটি খাওয়া সমাধান নয়। বরং খাবারের পরিমাণ ও ভারসাম্য বজায় রাখতে হবে। একবারে বেশি না খেয়ে প্রয়োজন অনুযায়ী পরিমিত খাবার গ্রহণ করুন।


৩. আঁশযুক্ত শস্য ও স্বাস্থ্যকর খাবার বেছে নিন


খাদ্যতালিকায় আঁশযুক্ত গোটা শস্যের পরিমাণ বাড়ান। ময়দার রুটির পরিবর্তে লাল আটার রুটি এবং পরিশোধিত চালের পরিবর্তে কম প্রক্রিয়াজাত চাল খাওয়ার অভ্যাস করতে পারেন। আঁশযুক্ত খাবার রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে সহায়ক। আলুতে শর্করা বেশি থাকায় পরিমাণ বুঝে খেতে হবে। আলু খেলে তা খাবারের শর্করার অংশ হিসেবে বিবেচনা করুন; শাকসবজির বিকল্প হিসেবে নয়।


৪. লবণ ও অতিরিক্ত চর্বি কমান


অতিরিক্ত লবণ, ঘি, মাখন, ডুবো তেলে ভাজা খাবার ও অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত শাকসবজি রাখুন। ফলমূলও খেতে হবে, তবে পরিমিত পরিমাণে এবং সম্ভব হলে গোটা ফল হিসেবে। ফলের রসের পরিবর্তে গোটা ফল খাওয়া ভালো।


৫. ফাস্টফুড ও চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন


ফাস্টফুড, কোমল পানীয়, অতিরিক্ত চিনি দেওয়া চা-কফি ও মিষ্টিজাতীয় খাবার কমিয়ে দিন। তৃষ্ণা মেটাতে বিশুদ্ধ, নিরাপদ পানি পান করুন। চিনিযুক্ত পানীয় নিয়মিত গ্রহণ ওজন বৃদ্ধি এবং রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে সমস্যা তৈরি করতে পারে।


৬. সামাজিক অনুষ্ঠানেও খাবারের বিষয়ে সচেতন থাকুন


বিয়ে, পারিবারিক অনুষ্ঠান কিংবা উৎসবে পরিবেশিত খাবার থেকে সব সময় দূরে থাকা সম্ভব নয়। তবে অতিরিক্ত তেল, চিনি ও লবণযুক্ত খাবার সীমিত পরিমাণে গ্রহণ করুন। একসঙ্গে অনেক ধরনের খাবার বেশি পরিমাণে খাওয়া এড়িয়ে চলুন। খাবারের ভারসাম্য বজায় রাখাই মূল লক্ষ্য।


৭. নিয়মিত শরীরচর্চা করুন


শরীরকে সচল রাখুন। নিয়মিত হাঁটা সহজ ও কার্যকর শরীরচর্চার একটি উদাহরণ। সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক কর্মকাণ্ড—যেমন দ্রুত হাঁটা—করার লক্ষ্য রাখা যেতে পারে। তবে বয়স, শারীরিক সক্ষমতা ও অন্যান্য অসুস্থতা অনুযায়ী ব্যায়ামের ধরন চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা ভালো।


৮. দীর্ঘ সময় একটানা বসে থাকবেন না


কম্পিউটারে কাজ, টেলিভিশন দেখা কিংবা মোবাইল ফোন ব্যবহারের সময় দীর্ঘক্ষণ বসে থাকা এড়িয়ে চলুন। কাজের ফাঁকে উঠে দাঁড়ান, একটু হাঁটুন বা হালকা নড়াচড়া করুন। টেলিভিশন দেখতে দেখতে চিপস কিংবা অন্য অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। ক্ষুধা লাগলে শসা বা অন্য স্বাস্থ্যকর খাবার বেছে নিতে পারেন।


৯. ধূমপান ও তামাক বর্জন করুন


ধূমপান ও অন্যান্য তামাকজাত দ্রব্য ডায়াবেটিসের জটিলতা, বিশেষ করে হৃদ্‌রোগ ও রক্তনালির সমস্যার ঝুঁকি বাড়ায়। তাই ধূমপান সম্পূর্ণভাবে ছেড়ে দিন। প্রয়োজনে চিকিৎসকের সহায়তা নিন।


১০. নিয়মিত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিন


রক্তে গ্লুকোজ, দীর্ঘমেয়াদি গ্লুকোজের সূচক এইচবিএ১সি, রক্তের চর্বি, রক্তচাপ ও ওজন নিয়মিত পর্যবেক্ষণ করুন। এগুলো চিকিৎসকের নির্ধারিত লক্ষ্যমাত্রায় রাখার চেষ্টা করতে হবে। ডায়াবেটিসে আক্রান্ত হলে এন্ডোক্রাইনোলজিস্ট বা ডায়াবেটিস বিশেষজ্ঞের পরামর্শ নিন। ওষুধ, ব্যায়াম, খাদ্যাভ্যাস ও জীবনযাপনের বিষয়ে ব্যক্তিগতভাবে নির্ধারিত বিজ্ঞানসম্মত নির্দেশনা মেনে চলুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ বা পরিবর্তন করবেন না।

মনে রাখতে হবে, টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমানো এবং রোগ হওয়ার পর তা নিয়ন্ত্রণে রাখা—দুটি আলাদা বিষয়। স্বাস্থ্যকর জীবনযাপন উভয়ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। ডায়াবেটিসের জটিলতা প্রতিরোধে সচেতনতা, নিয়মিত পরীক্ষা ও যথাযথ চিকিৎসার বিকল্প নেই।

বিষয় :




  • প্রকাশ : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৩১ পিএম

গর্ভাবস্থায় মায়ের পুষ্টির প্রভাব পড়ে গর্ভস্থ সন্তানের শারীরিক ও মানসিক বিকাশে। নতুন এক গবেষণায় দেখা গেছে, এ সময় মায়ের শরীরে ভিটামিন সি-এর ঘাটতি থাকলে জন্মের পর শিশুর আচরণেও তার প্রভাব পড়তে পারে। বিশেষ করে ছয় মাস বয়সে শিশুর মধ্যে খিটখিটে মেজাজ, অস্থিরতা ও সহজে কান্নার প্রবণতা বেশি দেখা যেতে পারে।


‘ডেভেলপমেন্টাল সাইকোলজি’ সাময়িকীতে প্রকাশিত এ গবেষণায় ৩০০ জনের বেশি অন্তঃসত্ত্বা নারীর তথ্য বিশ্লেষণ করেন গবেষকরা। গর্ভাবস্থায় খাবার ও সম্পূরক খাবারের মাধ্যমে তাদের ভিটামিন সি গ্রহণের পরিমাণ এবং মানসিক চাপ, উদ্বেগ ও অবসাদের মাত্রা পরীক্ষা করা হয়।


শিশুদের বয়স ছয় মাস হলে তাদের মা-বাবার কাছ থেকে আচরণ ও মেজাজ সম্পর্কে তথ্য নেওয়া হয়। এতে দেখা যায়, যেসব মা গর্ভাবস্থায় তুলনামূলক কম ভিটামিন সি গ্রহণ করেছেন, তাদের সন্তানদের মধ্যে নেতিবাচক আবেগ প্রকাশের প্রবণতা বেশি। সহজে বিরক্ত হওয়া, অস্থিরতা এবং সামান্য অস্বস্তিতে কান্নাকাটির মতো আচরণ দেখা গেছে এসব শিশুর মধ্যে।


গবেষকদের মতে, গর্ভাবস্থায় মায়ের মানসিক চাপ খাবার ও পুষ্টির ওপরও প্রভাব ফেলতে পারে। এতে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এর সঙ্গে গর্ভস্থ শিশুর মস্তিষ্কের বিকাশ এবং পরবর্তী সময়ে আবেগ প্রকাশ ও নিয়ন্ত্রণের সক্ষমতার সম্পর্ক থাকতে পারে।


গবেষণায় ভিটামিন সি সম্পূরক গ্রহণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। গবেষকদের ধারণা, ভিটামিন সি-এর অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান মানসিক চাপের ক্ষতিকর প্রভাব কমাতে ভূমিকা রাখতে পারে।


তবে গবেষণাটি ভিটামিন সি-এর ঘাটতি ও শিশুর আচরণের মধ্যে একটি সম্পর্কের ইঙ্গিত দিয়েছে; সরাসরি কারণ প্রমাণ করেনি। তাই গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া ভিটামিন সি সম্পূরক গ্রহণ করা উচিত নয়।

  • প্রকাশ : শুক্রবার ৩০ অক্টোবর, ২০২৬, সময় : ৮:৩২ পিএম
  • আপডেট : শনিবার ৩১ অক্টোবর, ২০২৬, সময় : ১০:৪৭ এএম


  • প্রকাশ : শুক্রবার ৩০ অক্টোবর, ২০২৬, সময় : ৮:৩২ পিএম

রাজধানীর গুলশান-২-এ আজ শুক্রবার বাদ আসর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে আমিন ফিজিওথেরাপি অ্যান্ড কাইরোপ্র্যাকটিক সেন্টার।


আধুনিক ফিজিওথেরাপি ও কাইরোপ্র্যাকটিক সেবার মাধ্যমে মানুষের শারীরিক সুস্থতা, ব্যথা ব্যবস্থাপনা এবং পুনর্বাসনসেবায় অবদান রাখার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে। 


গুলশান-২-এ শাহাবুদ্দিন মেডিকেল কলেজের উত্তর পাশে, বাড়ি নম্বর ১৯/২০ (১ম তলা), রোড নম্বর ১১৩-এ অবস্থিত সেন্টারটির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. এনামুল হক।


প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. আলামিন হোসেন জানান, মানুষের শারীরিক সুস্থতা ও জীবনযাত্রার মান উন্নয়নে আন্তরিকতা, দায়িত্বশীলতা এবং রোগীবান্ধব সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। রোগীদের প্রয়োজন অনুযায়ী ফিজিওথেরাপি, শারীরিক পুনর্বাসন ও কাইরোপ্র্যাকটিক-সংক্রান্ত সেবা প্রদানের মাধ্যমে তাঁদের স্বাভাবিক চলাফেরা ও দৈনন্দিন কাজে ফিরে আসতে সহায়তা করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।


তিনি আরও বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে আধুনিক মেশিনে থেরাপি দেওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শারীরিক ব্যথা ও চলাচলজনিত সমস্যায় ভোগা মানুষের জন্য উপযুক্ত সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করবে। এ নতুন উদ্যোগের সফল বাস্তবায়নে তিনি সবার দোয়া, সহযোগিতা ও শুভকামনা কামনা করেন।


  • প্রকাশ : শুক্রবার ৩০ অক্টোবর, ২০২৬, সময় : ১২:১৪ পিএম

বর্তমান সময়ে যক্ষ্মা বা টিবি উদ্বেগজনক হয়ে উঠছে। যাদের এইচআইভি, ডায়াবেটিস বা আগে টিবি হওয়ার ইতিহাস রয়েছে, তাদের ক্ষেত্রে টিবি আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। বিশেষ করে শিশু ও নারীদের মধ্যে টিবি হওয়ার প্রবণতা বেশি।


বিশ্বজুড়ে প্রায় ১২ লাখ শিশু যক্ষ্মায় আক্রান্ত হলেও রোগ নির্ণয় ও চিকিৎসার অভাবে থেকে যাচ্ছে প্রায় ৪৩ শতাংশ।


১. লিম্ফ নোড টিবি 


শরীরের লিম্ফ নোড বা গ্রন্থি ফুলে যাওয়া এই ধরনের টিবির প্রধান লক্ষণ। এতে ঘাড় বা বগলের কাছে ব্যথাহীন ফোলা ভাব দেখা যায়। যেহেতু এতে ব্যথা থাকে না, তাই রোগীরা অনেক সময় এটাকে গুরুত্ব দেন না। কিন্তু অবহেলা করলে এই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।


২. হাড় ও মেরুদণ্ডের টিবি 


এতে পিঠে ব্যথা হতে পারে, যা সাধারণ ব্যথা নয়। মেরুদণ্ড বা হাড়ের টিবি অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং দীর্ঘমেয়াদী।


উপসর্গ: দীর্ঘদিনের পিঠের ব্যথা (যা সাধারণ মাসল পেইন মনে হতে পারে), জ্বর, ওজন কমে যাওয়া এবং অরুচি। সময়মতো চিকিৎসা না হলে মেরুদণ্ড বেঁকে যেতে পারে বা প্যারালাইসিস হওয়ার ঝুঁকি থাকে। হাড়ের টিবির চিকিৎসা সাধারণ টিবির তুলনায় দীর্ঘ হয় (প্রায় ৯ মাস থেকে ১ বছর)।


৩. মস্তিষ্কের টিবি 


এটি বিরল হলেও অত্যন্ত প্রাণঘাতী। একে ‘টিবি মেনিনজাইটিস’ বলা হয় এবং এটি সবচেয়ে বিপজ্জনক ধরনের টিবির মধ্যে একটি।


এই ধরনের ক্ষেত্রে রোগীর প্রচণ্ড মাথাব্যথা, খিঁচুনি, ঘাড় শক্ত হয়ে যাওয়া এবং আচরণে অসংলগ্নতা দেখা দিতে পারে। শিশুদের ক্ষেত্রে এই রোগের ঝুঁকি বেশি। শুরুতে সাধারণ ভাইরাল জ্বর মনে হলেও দ্রুত চিকিৎসা না করালে এটি মস্তিষ্কের স্থায়ী ক্ষতি বা মৃত্যুর কারণ হতে পারে।


রোগ ধরা পড়তে দেরি 


ফুসফুসের টিবি সংক্রামক হলেও, হাড় বা গ্রন্থির টিবি সাধারণত একজন থেকে অন্যজনের মধ্যে ছড়ায় না। তবে এর নির্ণয় পদ্ধতি তুলনামূলকভাবে জটিল। কাশি না থাকায় কফ পরীক্ষার সুযোগ থাকে না। উপসর্গগুলো অনেক সময় ক্যানসার বা অটো-ইমিউন রোগের সঙ্গে মিলে যায়। অনেক ক্ষেত্রে সিটি স্ক্যান বা বায়োপসি ছাড়া ফুসফুস বহির্ভূত টিবি ধরা পড়ে না।


যেসব লক্ষণ দেখা দিলে দেরি করা যাবে না—


> শরীরের কোনও অংশে ব্যথাহীন ফোলা ভাব


> বিকেলের দিকে হালকা জ্বর ও রাতে ঘাম হওয়া


> অকারণে ওজন কমে যাওয়া


> দীর্ঘদিন ধরে হাড় বা জয়েন্টে ব্যথা, যা ওষুধে কমছে না।

  • প্রকাশ : বুধবার ২৮ অক্টোবর, ২০২৬, সময় : ৮:২৮ পিএম
  • আপডেট : বুধবার ২৮ অক্টোবর, ২০২৬, সময় : ৮:২৮ এএম

এ সম্পর্কিত আরও খবর


স্বাস্থ্য ডেস্ক

  • প্রকাশ : বুধবার ২৮ অক্টোবর, ২০২৬, সময় : ৮:২৮ পিএম

পিরিয়ড চলাকালীন পেটে যন্ত্রণাসহ শারীরিক নানা রকম অস্বস্তির সম্মুখীন হন মেয়েরা। জরায়ুর পেশি সঙ্কোচন-প্রসারণের ফলে এবং হরমোনের অসংগতির কারণে এই ধরনের সমস্যা হতে পারে। 


চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে ‘ডিসমেনোরিয়া’ বলা হয়। অনেক নারীরাই বলেন, পিরিয়ড শুরু হলে শরীরের বিভিন্ন জয়েন্ট, যেমন- কোমর, হাঁটু কিংবা পায়ের গোছের ব্যথা বেড়ে যায়। পিরিয়ডের সঙ্গে কি জয়েন্টের ব্যথার কোনো যোগসূত্র রয়েছে?


এ বিষয়ে চিকিৎসকরা বলছেন, এই গোটা প্রক্রিয়াটিই হরমোনের ওঠা-পড়ার উপর নির্ভর করে। ঋতুচক্র শুরুর আগেই পেশির সঙ্কোচন-প্রসারণ শুরু হয়। ফলে শরীরে প্রদাহ বা ইনফ্লেমেশন বৃদ্ধি পায়। সেখান থেকেই এই ধরনের ব্যথা বা অস্বস্তি শুরু হতে পারে। এই কষ্ট কমাতে সাধারণত গরম সেঁক, ব্যথা কমানোর কিংবা প্রদাহনাশক ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়।


অনেকেই মনে করেন, এই সময়ে ব্যায়াম করলে পেটে যন্ত্রণা আরও বেড়ে যেতে পারে। ক্লান্তি কিংবা দুর্বলতা বেড়ে যেতে পারে। কিন্তু চিকিৎসকেরা শরীর চর্চা করার পক্ষেই। এই সময়ে হরমোনের অসংগতি মন-মেজাজও খারাপ থাকে। ব্যায়াম করলে সেই সংক্রান্ত সমস্যাও নিয়ন্ত্রণে থাকে। 


তবে এ সময়ে ভারী কোনো ব্যায়াম না করলেও হাঁটাহাঁটি করা যেতে পারে। কার্ডিও, স্ট্রেচিংয়ের মতো ব্যায়াম করলেও শরীরের ক্ষতি হবে না। তবে পিরিয়ডের সময় সবচেয়ে ভাল কাজ দেয় যোগাসন। তবে সকলের শারীরিক অবস্থা এক রকম নয়। তাই ব্যায়াম করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়াই ভালো।এ ছাড়া শরীরের বিভিন্ন খনিজের অভাব হলে পিরিয়ডজনিত কষ্ট বেড়ে যেতে পারে। ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ঘাটতি হলে পিরিয়ডজনিত কষ্ট বেড়ে যেতে পারে। তাই এই সময়ে বেশি করে মাছ, বিভিন্ন ধরনের বীজ কিংবা বাদাম, বিভিন্ন ধরনের শাক খাওয়ার পরামর্শ দেওয়া হয়।


  • প্রকাশ : বুধবার ২৮ অক্টোবর, ২০২৬, সময় : ৮:১৫ পিএম

সিফিলিস একটি যৌনবাহিত রোগ। এই রোগের জীবানুর নাম ট্রেপনোমা প্যালিডাম। অনিয়ন্ত্রিত যৌন মিলন ও সিফিলিস আক্রান্ত কারো সঙ্গে যৌন মিলনে এই রোগ হয়ে থাকে। তবে সিফিলিস আক্রান্ত কারো রক্ত গ্রহণের মাধ্যমেও এই রোগ হয়। আবার গর্ভাবস্থায় মায়ের সিফিলিস থেকে থাকলে সন্তানও এই রোগে আক্রান্ত হতে পারে।


যেসব মানুষ বিভিন্ন শহরে ভ্রমণ করছেন এবং প্রত্যেক শহরে ভিন্ন ভিন্ন শয্যাসঙ্গীর সঙ্গে মিলিত হচ্ছেন, তাদের সিফিলিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা খুবই বেশি। সাধারণত আক্রান্ত কারো সঙ্গে যৌন মিলনের ২-৪ সপ্তাহ পরে এই রোগের লক্ষণগুলো দেখা দেয়, তবে কারো কারো ক্ষেত্রে ৩ মাস পর্যন্ত দেরি হতে পারে।


কীভাবে বুঝবেন সিফিলিস হয়েছে?


সিফিলিসে আক্রান্ত হলে একেক জনের একেক রকম উপসর্গ দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রে আলসারের মাধ্যমে ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে। এরপর সারাদেহে ব্রনের মতো গুটি দেখা দেয় এবং তা বড় হতে থাকে। কোনো কোনোটির আকার এক সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে।পুরুষদের ক্ষেত্রে সাধারণত পেনিসে আলসার ধরা পড়ে, নারীদের যোনীতে। এছাড়া নারী ও পুরুষের পায়ুপথ বা মলদ্বারেও আলসার হতে পারে।


কারো কারো ঠোঁট এবং জিহ্বাতেও আলসার ধরা পড়ে। এমনকি আঙুলেও ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। এমনটা হলে বুঝতে হবে, সিফিলিসে আক্রান্ত হওয়ার প্রথম পর্যায়ে রয়েছেন। অনেকেই এই উপসর্গগুলো বুঝতে না পেরে এগুলো এড়িয়ে চলেন। তারা ভাবেন, চিকিৎসকের সাহায্য ছাড়াই এগুলো সারিয়ে ফেলতে সক্ষম হবেন। তবে তিন সপ্তাহ পেরিয়ে গেলে কোনোরকম ওষুধ গ্রহণ ছাড়াই আলসার সেরে যায়। কিন্তু তখন সারা শরীরে ফোসকা বা গুটি দেখা দেয়। কোনোটি লাল, কোনোটি গোলাপি আর কোনোটা পোড়া ফোসকার মতো। হাতের তালুতেও দেখা দেয় এই ফোসকা তবে এগুলোতে কোনো চুলকানি হয় না, অ্যালার্জিতে সাধারণত যেটা হয়ে থাকে। এটা রোগের দ্বিতীয় পর্যায়।তৃতীয় পর্যায়ে এসে অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ আক্রান্ত হয়, যেমন শ্বাসতন্ত্র, পাকস্থলী, যকৃত, মাংসপেশী এবং হাড়। সবচেয়ে ভয়াবহ হলো যখন সিফিলিস প্রধান আর্টারিকে আক্রান্ত করে। এ সময় মৃত্যুও ঘটতে পারে।


চতুর্থ পর্যায়ে সিফিলিস শরীরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। হৃদপিণ্ডে জ্বালাপোড়া শুরু হয়, যকৃত বা লিভারের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়, শরীরের কিছু অংশ পক্ষাঘাতগ্রস্ত হতে পারে এবং মস্তিষ্কে পরিবর্তন লক্ষ্য করা যায়। এছাড়া এই রোগে দৃষ্টিশক্তি কমে যায়, স্নায়ুকোষগুলো ক্ষতিগ্রস্ত হয়। চিন্তাধারায় পরিবর্তন লক্ষ্য করা যায়।


সিফিলিস থেকে মুক্তির উপায়


বেশিরভাগ প্রাণঘাতী রোগ নিয়ে আমাদের সমাজে ট্যাবু রয়েছে। যখনই মানুষ জানতে পারে রোগটি যৌন মিলনের ফলে এক দেহ থেকে অন্যের দেহে ছড়িয়ে পড়ে তখন ওই ব্যক্তির প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। এ কারণে আক্রান্ত ব্যক্তি এ নিয়ে খোলাখুলি কথা বলতে রাজি হয় না। বরং এটাকে গোপন রাখতে চায়। সিফিলিস রোগ থেকে পরিত্রাণের প্রধান উপায়ই হলো সচেতনতা। 


  • প্রকাশ : রবিবার ২৫ অক্টোবর, ২০২৬, সময় : ১:২২ পিএম

দেশে নিম্ন আয়ের পরিবারের তুলনায় ধনী পরিবারের শিশুদের রক্তে সিসার মাত্রা বেশি। পাঁচ বছরের কম বয়সী শিশুদের নিয়ে পরিচালিত জাতীয় জরিপের উপাত্ত বিশ্লেষণ করে এমন তথ্য পেয়েছেন গবেষকেরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফ-এর যৌথ উদ্যোগে পরিচালিত ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০২৫’-এর প্রিলিমিনারি প্রতিবেদনে শিশুদের রক্তে ক্ষতিকর ভারী ধাতু, বিশেষ করে সীসার উপস্থিতি নিয়ে একটি তথ্য উঠে এসেছে।


সাধারণত ধারণা করা হয়, দারিদ্র্যের কারণে অসচেতনতা ও পরিবেশ দূষণের শিকার নিম্নবিত্তের শিশুরা বেশি হয়। 


তবে এই প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ধনী পরিবারের শিশুদের রক্তেই সীসার ক্ষতিকর মাত্রা তুলনামূলকভাবে সবচেয়ে বেশি।


প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সবচেয়ে দরিদ্র ২০ শতাংশ পরিবারের শিশুদের ৩০ দশমিক ২ শতাংশের রক্তে সিসার মাত্রা বেশি। সবচেয়ে ধনী ২০ শতাংশ পরিবারের শিশুদের ক্ষেত্রে এ হার ৫১ দশমিক ৯ শতাংশ।


শিশুদের রক্তে সিসার উচ্চমাত্রা উদ্বেগজনক। মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশে ক্ষতি করতে পারে সিসা। ফলে বুদ্ধিবৃত্তিক সক্ষমতা, মনোযোগ, শেখার ক্ষমতা ও আচরণে সমস্যা দেখা দিতে পারে। এসব ক্ষতির সব সময় তাৎক্ষণিক লক্ষণ থাকে না। অনেক ক্ষেত্রে শিশুকে সুস্থ দেখালেও তার বিকাশ বাধাগ্রস্ত হতে পারে।


সাম্প্রতিক সময়ে স্নায়ুর বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে গেছে বলে জানিয়েছে দেশের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞরা।


প্রতিবেদনের ‘হেভি মেটাল এক্সপোজার এন্ড এনিমিয়া’ অধ্যায়ের তথ্যানুযায়ী, পারিবারিক অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে শিশুদের রক্তে উচ্চমাত্রার সীসার উপস্থিতির হার নিম্নরূপ:   


গবেষণায় দেখা গেছে, দেশের ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৩৮ দশমিক ৫ শতাংশের রক্তে প্রতি ডেসিলিটারে ৫ মাইক্রোগ্রাম বা তার বেশি সিসা রয়েছে। অর্থাৎ এই বয়সী প্রতি ১০০ শিশুর মধ্যে প্রায় ৩৯ জনের রক্তে সিসার মাত্রা গবেষণায় নির্ধারিত সীমায় বা তার ওপরে।


তবে পরিবারের সম্পদ অনুযায়ী এ হারে বড় পার্থক্য রয়েছে। পরিবারের সম্পদ অনুযায়ী শিশুদের পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়। সবচেয়ে দরিদ্র ২০ শতাংশ পরিবারের শিশুদের মধ্যে সিসার উচ্চমাত্রার হার ৩০ দশমিক ২ শতাংশ। সবচেয়ে ধনী ২০ শতাংশ পরিবারের শিশুদের ক্ষেত্রে তা ৫১ দশমিক ৯ শতাংশ।


দুই শ্রেণির মধ্যে ব্যবধান ২১ দশমিক ৭ শতাংশীয় পয়েন্ট। অর্থাৎ সবচেয়ে ধনী পরিবারের শিশুদের রক্তে সিসার উচ্চমাত্রার হার সবচেয়ে দরিদ্র পরিবারের শিশুদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।


গবেষকেরা দেখেছেন, পরিবারের সম্পদের শ্রেণি যত ওপরে উঠেছে, শিশুদের রক্তে সিসার উচ্চমাত্রার হারও তত বেড়েছে। পরিবারের সম্পদ, মায়ের শিক্ষা, ঘরের অবস্থা ও অন্যান্য বৈশিষ্ট্য বিবেচনায় নেওয়ার পরও এ সম্পর্ক বজায় ছিল।


ধনী পরিবারের শিশুদের রক্তে সিসার উচ্চমাত্রার সম্ভাব্য কারণ সম্পর্কে গবেষক সৈয়দ তৌসিক হোসেন বলেন, ধনী শিশুরা প্যাকেটজাত খাবার বেশি খেতে পারে। এছাড়া তাদের বাসায় আসবাব, দেয়ালের রং ও বিভিন্ন ধরনের তৈজস বেশি থাকে। এসব পণ্যে সিসা থাকতে পারে। ফলে পণ্যগুলোর সংস্পর্শ শিশুদের শরীরে সিসা প্রবেশের সম্ভাব্য পথ হতে পারে।


তবে গবেষণায় এসব উৎস আলাদাভাবে পরীক্ষা করা হয়নি। ফলে প্যাকেটজাত খাবার, আসবাব বা দেয়ালের রঙের কারণে ধনী পরিবারের শিশুদের রক্তে সিসার মাত্রা বেশি, এমন সিদ্ধান্ত সরাসরি টানা যায় না।


এদিকে ধনী পরিবারের শিশুদের সিসার সংস্পর্শে আসার সুযোগ তুলনামূলক বেশি হতে পারে বলে মনে করেন শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা।


এসব পরিবারের শিশুরা আমদানি করা খেলনা বেশি পায় জানিয়ে শিশুবিশেষজ্ঞ বলেন, বাসায় সাজসজ্জার নানা সামগ্রীও থাকে। এ ছাড়া পোলট্রির মুরগিকে দেওয়া খাবারে সিসা থাকতে পারে। অপেক্ষাকৃত সম্পন্ন পরিবারের অনেক শিশু মুরগির মাংস বেশি খায়। এসব খাবারের মাধ্যমেও তাদের শরীরে সিসা প্রবেশ করা অস্বাভাবিক নয়।


শিশুদের রক্তে সিসার উচ্চমাত্রার ক্ষেত্রে বড় পার্থক্য রয়েছে বিভাগভেদেও। 


গত বছরের মিকসের প্রাথমিক ফলাফল অনুযায়ী, ঢাকায় ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৬৫ দশমিক ২ শতাংশের রক্তে সিসার উচ্চমাত্রা পাওয়া গেছে। সিলেটে এ হার ৪৬ দশমিক ৭ শতাংশ এবং চট্টগ্রামে ৪২ দশমিক ১ শতাংশ।


অপরদিকে বরিশালে এ হার ২৯ শতাংশ, ময়মনসিংহে ৩০ দশমিক ৬ শতাংশ, খুলনায় ১৭ দশমিক ৮ শতাংশ, রাজশাহীতে ১৫ দশমিক ৯ শতাংশ এবং রংপুরে ১৯ দশমিক ৬ শতাংশ।