ছবি : সংগৃহীত
ডাকসু নির্বাচনে সাদিক কায়েমের বিজয়কে একসময় ভারতীয় আধিপত্যবাদবিরোধী শক্তির এক অনন্য বিজয় হিসেবে স্বাগত জানিয়েছিলেন পরিচিত ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। তবে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নেতৃত্বে আয়োজিত বিভিন্ন ছাত্রকল্যাণমূলক ও সাংস্কৃতিক কার্যক্রমে নারীদের পোশাক এবং খেলাধুলা সংক্রান্ত কিছু বিষয় সামনে আসায় তীব্র অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ ও ঝাঁজালো স্ট্যাটাস দিয়ে ছাত্রনেতা সাদিক কায়েমকে সতর্ক করার পাশাপাশি সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন এই ইসলামি বক্তা।
ফেসবুক পোস্টে রফিকুল ইসলাম মাদানী সবিস্তারে উল্লেখ করেন, জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ বা ডাকসু নির্বাচনে সাদিক কায়েম ও এস এম ফরহাদের মতো ছাত্রনেতাদের জয়লাভের খবর পেয়ে তিনি গভীর রাতেও সজাগ থেকে আনন্দ প্রকাশ করেছিলেন। ক্যাম্পাসে সিট বাণিজ্য চিরতরে বন্ধ করা, মেধার ভিত্তিতে সিট বরাদ্দ, বৃষ্টির দিনে ছাত্রীদের চলাচলের সুবিধার্থে ভেনগাড়ির ব্যবস্থা কিংবা গরমের দিনে সুপেয় পানির সুব্যবস্থার মতো জনকল্যাণমূলক উদ্যোগগুলোকে তিনি নিঃসন্দেহে প্রশংসনীয় ও সাধুবাদ জানানোর যোগ্য বলে মনে করেন। তবে তার মূল প্রশ্ন হলো—একজন মুসলমান হিসেবে আমরা কি কেবল পার্থিব সুযোগ-সুবিধা ও উন্নয়নমূলক কাজের মাপকাঠিতে নেতৃত্বকে সমর্থন করতে পারি? দুনিয়ার সকল চাকচিক্য ও সুবিধার চেয়েও আল্লাহর বিধান ও ইসলামের মূল আদর্শ কি আমাদের কাছে সর্বাগ্রে হওয়া উচিত নয়?
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নারীদের শর্ট প্যান্ট ও টাইট ফিটিং জার্সি পরিধান করে বাস্কেটবল খেলার আয়োজন এবং প্রকাশ্যে তা উদযাপনের তীব্র সমালোচনা করে মাদানী স্পষ্টভাবে জানান, বিষয়টি কেবল খেলাধুলার গণ্ডিতে সীমাবদ্ধ নেই। বরং এর মাধ্যমে ইসলামি অনুশাসন ও শালীনতাকে গৌণ করে তোলার একটি প্রবণতা দেখা যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা যখন দেখেন সাদিক কায়েম দেশের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় আলেম যেমন শায়েখ আহমদুল্লাহ, শায়েখ মিজানুর রহমান আজহারী, শায়েখ মামুনুল হক ও আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহর মতো ব্যক্তিত্বদের সঙ্গে নিয়মিত মঞ্চ ভাগ করছেন এবং জামায়াতে ইসলামীর আমিরের মতো শীর্ষ নেতাদের সমর্থন লাভ করছেন, তখন সরলমনা শিক্ষার্থীরা মনে করতে পারেন যে এসকল বিতর্কিত কর্মকাণ্ডও বোধ হয় শরিয়তসম্মত। বিশেষ করে ছাত্রী সংস্থার বা মহিলা শাখার মারজিয়া মমতাজের মতো দায়িত্বশীলদের টকশোতে দেওয়া বক্তব্য নিয়ে গভীর হতাশা প্রকাশ করে তিনি শীর্ষ আলেমদের প্রতি আহ্বান জানান, যেন তারা এই স্পর্শকাতর বিষয়ে নিজেদের স্পষ্ট অবস্থান ও দিকনির্দেশনা জাতির সামনে তুলে ধরেন।
সাদিক কায়েমসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানী আরও জোরালো ভাষায় বলেন, কেবল অবকাঠামোগত উন্নয়ন দেখিয়ে কোনো রাজনৈতিক শক্তির বৈধতা অর্জন করা যায় না। ক্ষমতাচ্যুত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারও দেশের ইতিহাসে অসংখ্য বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছিল, কিন্তু জনগণের মৌলিক অধিকার ও ইসলামের মৌলিক আদর্শের বিপরীতে অবস্থান নেওয়ার কারণে তাদের করুণ পরিণতি হয়েছে। পশ্চিমা বা মার্কিন শক্তির কাছে নিজেদের প্রগতিশীল ও আধুনিক হিসেবে প্রমাণ করার জেদে যদি ইসলামের মৌলিক বিধিবিধানগুলোকে গৌণ করে ফেলা হয়, তবে সেই ক্ষমতার কোনো নৈতিক ভিত্তি থাকতে পারে না। এমন পন্থায় কাকতালীয়ভাবে কোনো ক্ষমতা অর্জিত হলেও তা ইসলামের পক্ষে কল্যাণকর হবে না এবং ভবিষ্যতে সেই ক্ষমতার বিরুদ্ধেও স্পষ্ট ও আপসহীন অবস্থান বজায় রাখা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন এই ইসলামি বক্তা।
সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ জন বিশিষ্ট নাগরিককে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন আট বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ করেছে। ইতোমধ্যে সংগঠনটি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রের পক্ষে আন্তর্জাতিক জলবায়ু তহবিল আদায়ে নিয়মিত সভা সেমিনার আয়োজন করছে। বৃক্ষরোপণ কর্মসূচিসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় সব ধরনের জনসচেতনতা তৈরীর চেষ্টা করছে। ইতোমধ্যে বাংলাদেশের অধিকাংশ জেলা ও উপজেলায় কমিটি রয়েছে।
আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার ও মহাসচিব মহসিন সিকদার পাভেল স্বাক্ষরিত চিঠিতে ৮ জন বিশিষ্ট নাগরিককে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তাদের মধ্যে রয়েছেন সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহাদাত হোসেন (চাঁদপুর), দপ্তর সম্পাদক মুর্শিদুল হক বিদ্যুৎ (ঢাকা), নারী ও শিশু বিষয়ক সম্পাদক মানবাধিকার কর্মী সেঁজুতি হোসাইন (ঢাকা), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক ব্যাংকার খন্দকার মোঃ শরিফুল আলম (ময়মনসিংহ), সহ-সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী এসএম ইমরান আহসান (পটুয়াখালী), সহ-অর্থ সম্পাদক ব্যাংকার শেখ জায়েদ আল ফাত্তাহ (ঢাকা), সহ প্রচার সম্পাদক মিস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ২০১৯ ফাতেমা ইয়াসমিন লিয়া (ঢাকা) ও সহ-দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ মিজানুর রহমান (ঝালকাঠি)।
গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা বাপ্পি সরদার বলেন, আমরা সব সময় চেষ্টা করছি পরিবেশ বিপর্যয় রোধে কিছুটা হলেও ভূমিকা রাখতে। সমাজের সচ্ছল ও বিবেকবান মানুষ পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা সম্পর্কে যার যার জায়গা থেকে জনসচেতনতা তৈরিতে কাজ করলে বর্তমান এবং আগামী প্রজন্মকে নিরাপদ করা সম্ভব। নতুন কমিটিতে যারা অন্তর্ভুক্ত হলেন আমরা বিশ্বাস করি তারা বিগত দিনে সংগঠনকে এগিয়ে নিতে ভূমিকা রাখায় তাদেরকে কেন্দ্রীয় কমিটিতে মূল্যায়ন করা হয়েছে। নবনিযুক্ত নেতৃবৃন্দ দাপ্তরিকভাবে স্ব-স্ব পদে থেকে সংগঠনকে এগিয়ে নিতে আরো বেশি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছি।
আগামী ডিসেম্বরে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক কাউন্সিল উপলক্ষে অতি দ্রুত প্রস্তুতি সভার আয়োজন করা এবং কাউন্সিল সফল করতে দেশবাসী ও সকল সদস্যের সহযোগিতা কামনা করছি।
স্বেচ্ছাসেবক দল নেতা তেরেনাম বাবু
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বুধবার (১১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে কিংবা কোন ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
ডিবির এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে। শিগগিরই তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে ভাইরাল হওয়া নারীসংক্রান্ত অডিও-ভিডিওকে সত্য বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। পাশাপাশি জামায়াত যদি সত্যিই শরিয়া আইনে বিশ্বাস করে, তাহলে সেই আইন অনুযায়ী আমির হামজার পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড হওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন রাশেদ খাঁন।
ভিডিওবার্তায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী যাচাইয়ের জন্য আমির হামজার একটি অডিও-ভিডিও তার কাছে পাঠিয়েছিলেন। পরে তিনি নিজে সেটির সত্যতা যাচাই করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এর পর জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রায় ২০০টি ভিডিও তৈরি করে দাবি করেন, অডিওতে থাকা কণ্ঠ আমির হামজার নয়; কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সেটি তৈরি করা হয়েছে।
তবে ‘দ্য ডিসেন্ট’ নামের একটি বেসরকারি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের অনুসন্ধানে অডিওটির কণ্ঠস্বর এআই দিয়ে তৈরি নয় বলে নিশ্চিত হওয়া গেছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, এতে আমির হামজাকে ঘিরে ভাইরাল হওয়া নারীসংক্রান্ত অডিও কথোপকথনের সত্যতা প্রমাণিত হয়েছে।ওয়াজ মাহফিলে পবিত্র কোরআন সামনে রেখে আমির হামজার শপথ করারও সমালোচনা করেন রাশেদ। তিনি অভিযোগ করেন, নিজের ভুল স্বীকার না করে কোরআন সামনে রেখে আল্লাহর নামে শপথ করে আমির হামজা মিথ্যাচার করেছেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর অভিযোগ, জামায়াতে ইসলামী নিজেদের ভুল স্বীকার না করে বরং সমালোচনাকারীদের মিথ্যাবাদী প্রমাণের চেষ্টা করে। জাতীয় নির্বাচনের আগেই জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আমির হামজার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে অবগত ছিলেন বলেও দাবি করেন তিনি।
তার ভাষ্য, নির্বাচনের আগে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আমির হামজাকে ডেকে এ বিষয়ে আলোচনাও করা হয়েছিল। কিন্তু বিষয়টি প্রকাশ্যে না আসায় তাকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়।
একই সঙ্গে আমির হামজা ও গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জামায়াতের আমিরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। তিনি বলেন, একজন সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন এবং তিনি পদত্যাগ করেছেন। অথচ আমির হামজা বা গাজী নজরুল ইসলামের বিষয়ে ডা. শফিকুর রহমান কোনো তদন্ত বা পদত্যাগের নির্দেশ দেননি। এর মাধ্যমে তিনি অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেন রাশেদ।
জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের অভিযোগও সত্য বলে দাবি করেন তিনি। তার বক্তব্য, বিষয়টি জামায়াতের আমিরও জানেন।
আমির হামজাকে ঘিরে ওঠা অভিযোগের প্রসঙ্গ টেনে রাশেদ বলেন, জামায়াত যদি শরিয়া আইন বাস্তবায়নে বিশ্বাস করে, তাহলে আমির হামজার বিরুদ্ধে সেই আইন প্রয়োগ করবে কি না, তা স্পষ্ট করা উচিত। আমির হামজা যে পাপ করেছে, শরীয়া আইন অনুযায়ী তাকে তো পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত। সেটি কি জামায়াত করবে? তাহলে এই যে জামায়াত শরীয়া আইনের কথা বলে, সেটি তো মুনাফিকি, জনগণের সঙ্গে মিথ্যাচার। এই ঘটনাগুলোর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে, জামায়াতে ইসলামী বাংলাদেশের নারীদের জন্য নিরাপদ নয়।
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনে তারা পিছপা হবেন না। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বিরোধী দল নিজেদের দায়িত্ব পালন করবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ‘আমরা বিরোধী দল হিসেবে ব্যর্থতার কোনো দায় নিতে চাই না, আবার নিজেরাও ব্যর্থ হতে চাই না। সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না।’
বক্তব্যে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, হামলা ও সহিংসতার ঘটনা তুলে ধরেন জামায়াত আমির। আর্মি গলফ ক্লাব, পুলিশের বিশেষ শাখার (এসবি) সদর দপ্তরের সামনে, থানার ফটক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিনের বিস্ফোরণে দুজন আহত হওয়ার ঘটনাও তুলে ধরেন।
এ ছাড়া পার্বত্য এলাকায় অভিযান চালাতে গিয়ে এক সেনাসদস্যের মৃত্যু, সাজেক ভ্যালির অস্থিতিশীল পরিস্থিতি এবং গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও আগুন দেওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ জানান তিনি। বিভিন্ন রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগও করেন।
এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, এতগুলো বাহিনী থাকা সত্ত্বেও পরিস্থিতির উন্নতি হচ্ছে না কেন, তার ব্যাখ্যা প্রয়োজন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে স্পষ্ট বক্তব্য আশা করলেও সংসদ অধিবেশনের প্রথম দুই দিনে তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন।
বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে একজন প্রতিমন্ত্রীর আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন জামায়াত আমির। তার অভিযোগ, ওই প্রতিমন্ত্রী বিরোধী দলের এক সংসদ সদস্যকে ফোন করে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
জাতীয় সংকট মোকাবিলায় বিরোধী দলের সহযোগিতার প্রস্তাব দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সরকার চাইলে এককভাবে পরিস্থিতি সামাল দিতে পারে। তবে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন হলে তা স্পষ্টভাবে জানাতে হবে। সে ক্ষেত্রে তারা আন্তরিকতার সঙ্গে বিষয়টি বিবেচনা করবেন।
এ সময় আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন নিয়ে সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তির পরস্পরবিরোধী বক্তব্যের সমালোচনা করেন তিনি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মানুষের আত্মত্যাগের কথা উল্লেখ করে বলেন, অতীতের রাজনৈতিক পরিস্থিতি আবার ফিরে আসার কোনো সুযোগ দেওয়া উচিত নয়।
গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা। তার দাবি, গোয়েন্দা সংস্থার কার্যালয়ের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটলেও তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না। অন্যদিকে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানিতে গোয়েন্দা সদস্যদের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন তিনি।
সংসদে এক সদস্যের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটি গোয়েন্দা দপ্তর থেকে এক নেতাকে জামায়াতে ইসলামী ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়ে ফোন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফোনটি সত্য নাকি ভুয়া, তা তদন্তের জন্য সংশ্লিষ্ট নম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি।
বক্তব্যের শেষ দিকে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে কার্যকর উদ্যোগ ও স্পষ্ট অবস্থান দাবি করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত পরিবর্তন ধরে রাখতে হবে। কোনোভাবেই ফ্যাসিবাদকে আবার ফিরে আসার সুযোগ দেওয়া যাবে না।
জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি হাসিব আল ইসলাম। ছবি: সংগৃহীত
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে প্রশ্ন। ছবি: সংগৃহীত
গোয়েন্দা সংস্থার কার্যালয়ের সামনেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, অথচ বিরোধী দলের নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করতে গোয়েন্দা সদস্যরা সক্রিয় রয়েছেন বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘গোয়েন্দা সংস্থার অফিসের সামনে গিয়ে ককটেল বিস্ফোরণ হচ্ছে। ওইটাই নিরাপদ নাই, সেই গোয়েন্দারা কী করে?’ গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জামায়াত আমির বলেন, অনেক সময় গোয়েন্দা সংস্থার সফলতার কথা বলা হলেও সেসব তথ্যের সত্যতা নিয়ে সন্দেহ থাকে। কিছু তথ্যকে নিশ্চিত বলা হলেও বাস্তবে তা ভুয়া প্রমাণিত হয়।
বিরোধী দলের সংসদ সদস্যদের রাজনৈতিক অবস্থান পরিবর্তনে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে চাপ দেয়ার অভিযোগও করেন জামায়াত আমির।
এক সংসদ সদস্যের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, গোয়েন্দা সংস্থার একটি দপ্তর থেকে ফোন করে তাকে জামায়াত ছেড়ে দেয়ার কথা বলা হয়েছে। বিষয়টি উল্লেখ করে ডা. শফিকুর রহমান ওই সংসদ সদস্যকে ফোন নম্বরটি সংরক্ষণ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেয়ার পরামর্শ দিয়েছেন বলেও জানান। তিনি বলেন, ‘আমি তাকে বলেছি, এটা ভুয়াও হতে পারে, সঠিকও হতে পারে। এই নম্বরটা রেকর্ড করে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে দিয়ে দেই, তারা দেখুক সে কে।’
কোনও রাজনৈতিক দল ছাড়ার নির্দেশ দেয়ার অধিকার গোয়েন্দা সংস্থার সদস্যদের আছে কি না, সেই প্রশ্নও তোলেন বিরোধীদলীয় নেতা।
এ ধরনের কর্মকাণ্ডকে ঔদ্ধত্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কি আবার সেই অন্ধকার যুগে ফিরে যাচ্ছি? সাড়ে ১৫ বছরের অন্ধকার যুগ। আমরা ওই যুগটা আর ফিরে আসুক দেখতে চাই না।’
গোয়েন্দা সংস্থাগুলোর মূল দায়িত্ব দেশের নিরাপত্তা নিশ্চিত করা উল্লেখ করে তাদের কার্যক্রমে পেশাদারত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন জামায়াত আমির।