• প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৩১ পিএম

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ২৩০ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বুধবার (১৮ নভেম্বর) বিকেলে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। সংস্থাটির চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক সায়েদ আলম বাদী হয়ে মামলাটি করেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে দুদকের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। এটি ওই কার্যালয়ের মামলা নম্বর ৮।


মামলার এজাহার সূত্রে জানা যায়, দুদকের অনুসন্ধানে নদভীর নামে ৭ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৬৭৩ টাকার নিট সম্পদের তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, অনুসন্ধানে তার গ্রহণযোগ্য বৈধ আয়ের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৭৮ লাখ ২১ হাজার ৪৪৩ টাকা। ফলে বৈধ আয়ের তুলনায় তার সম্পদের পরিমাণ ৩ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ২৩০ টাকা বেশি বলে উল্লেখ করেছে দুদক।


এজাহারে আরও বলা হয়, নদভী তার আয়কর রিটার্নে ২০২০-২১ থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (আইআইইউসি) থেকে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদের বেতন-ভাতা, সম্মানী এবং বকেয়া বাবদ মোট ২ কোটি ৭২ লাখ ১৭ হাজার ৫০৪ টাকা গ্রহণের তথ্য দেখিয়েছেন।


তবে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে দুদকের অনুসন্ধানে এসব অর্থ অবৈধভাবে উত্তোলনের তথ্য পাওয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। সংস্থাটির দাবি, ক্ষমতার অপব্যবহার ও অসৎ উদ্দেশ্যে ওই অর্থ গ্রহণের মাধ্যমে তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন এবং তা ভোগদখলে রেখেছেন।


এ ঘটনায় নদভীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।


আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী চট্টগ্রাম-১৫ আসন থেকে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনের আগে তিনি আওয়ামী লীগে যোগ দেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৪১ পিএম

দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে আবারও শুরু হচ্ছে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)। দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ডে মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


মেলা আয়োজনের সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন দিক তুলে ধরতে গতকাল বুধবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে চিটাগাং চেম্বার। এতে চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, দেশীয় উৎপাদিত পণ্যের প্রচার, আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি এবং বিদেশি ব্যবসায়ীদের কাছে বাংলাদেশের পণ্যের পরিচিতি তুলে ধরতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


তিনি বলেন, রাজধানী ঢাকায় বাণিজ্য মেলা আয়োজনের জন্য একাধিক ভেন্যু থাকলেও চট্টগ্রামে এখনো এ ধরনের আয়োজনের জন্য স্থায়ী কোনো প্রদর্শনী কেন্দ্র নেই। ফলে প্রতিবছর মেলা আয়োজন করতে গিয়ে উদ্যোক্তা ও আয়োজকদের নানা সীমাবদ্ধতা মোকাবিলা করতে হয়। চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য ও শিল্পের বিকাশের স্বার্থে দীর্ঘদিন ধরে একটি স্থায়ী বাণিজ্য মেলা কেন্দ্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে চেম্বার। এ বিষয়ে বর্তমান সরকার ইতিবাচক উদ্যোগ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরে মেলা কমিটির উপদেষ্টা আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী জানান, এবারের মেলা রেলওয়ে পলোগ্রাউন্ডের প্রায় চার লাখ বর্গফুট জায়গাজুড়ে অনুষ্ঠিত হবে। দর্শনার্থীদের জন্য মেলা প্রাঙ্গণকে আকর্ষণীয় ও নান্দনিক করে তুলতে পার্কের আদলে সাজানো হয়েছে পুরো আয়োজন।


তিনি জানান, এবারের মেলায় থাকছে ২০টি প্যাভিলিয়ন, একটি অ্যাসোসিয়েট কান্ট্রি জোন এবং ২১৬টি স্টল। এতে দেশি-বিদেশি তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা তাঁদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশাপাশি প্রতিষ্ঠিত শিল্পগোষ্ঠীগুলোও নিজস্ব প্যাভিলিয়ন ও স্টলের মাধ্যমে পণ্যের প্রচার ও বিপণন করবে।


মেলার আন্তর্জাতিক পরিসর বাড়াতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের আশা, তাঁদের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের পণ্যের নতুন বাজার সৃষ্টি এবং আন্তর্জাতিক বাণিজ্যিক যোগাযোগ সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মেলা পরিদর্শন দেশীয় শিল্পের সমস্যা, সম্ভাবনা ও বিকাশে প্রয়োজনীয় নীতি নির্ধারণে সহায়ক ভূমিকা রাখবে।


সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে প্যাভিলিয়ন ও স্টল ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পাশাপাশি দেশীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বিশেষ পদক ও সনদ দেওয়া হবে।


আগামী ২০ নভেম্বর বিকেল ৩টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান ও সাঈদ আল নোমান।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৪:২৫ পিএম

নোয়াখালীর হাতিয়ায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ৯ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোট জব্দ করা হয়েছে।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।


আটক ব্যক্তিরা হলেন, লক্ষ্মীপুরের আলেকজান্ডার উপজেলার চরমেহার গ্রামের মো. রাশেদ, নোয়াখালীর হাতিয়া উপজেলার আল-আমীন গ্রামের মো. রাশেদ, সুবর্ণচরের দক্ষিণচর মজিদ গ্রামের মো. মনির, মো. আফসার উদ্দিন, মো. শেহেনাজ ও মো. রুবেল, হাতিয়ার ফরাজি গ্রামের ফজলুল হক, হাতিয়ার রেজুকালিয়া গ্রামের মো. বাবুল এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর গ্রামের মোহাম্মদ সালাউদ্দিন।


কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত নোয়াখালীর হাতিয়া থানাধীন চর গাসিয়া সংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ করা হয়। জব্দ সিমেন্টের আনুমানিক মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা। এ সময় বোটসহ ৯ পাচারকারীকে আটক করা হয়।


কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আরও বলেন, জব্দ সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ সব খবর

টঙ্গীতে কিরণের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০৬ পিএম

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা অবৈধ লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


বৃহস্পতিবার সকাল থেকে টঙ্গী বাজার এলাকায় নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন টঙ্গী থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদ- প্রার্থী রাশেদুল ইসলাম কিরণের নেতৃত্বে ।


শত শত নেতাকর্মী টঙ্গী বাজার এলাকায় জড়ো হন। সকাল থেকেই টঙ্গী বাজার এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে।


পরে রাশেদুল ইসলাম কিরণের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।


মিছিলটি টঙ্গী বাজার থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় টঙ্গী বাজারে এসে শেষ হয়।


মিছিল চলাকালে নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবৈধ লকডাউন, নৈরাজ্য ও রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে টঙ্গী বাজারসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকা। প্রতিবাদ মিছিলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।


এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় অবস্থান নিয়ে লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদ জানান। নেতাকর্মীদের উপস্থিতিতে টঙ্গীর গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় রাজনৈতিক উত্তাপ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


রাশেদুল ইসলাম কিরণের নেতৃত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ মিছিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিলটি টঙ্গী বাজারে এসে সমাপ্তি করেন। 

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৩:১৭ পিএম

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি রাজপথে না নেমে ছিনতাইকারী, টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের অর্থের বিনিময়ে ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।


তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন আর রাজপথে দেখা যায় না। হারানো বিজ্ঞপ্তি দিয়ে আওয়ামী লীগকে খুঁজতে হচ্ছে। তারা রাতের অন্ধকারে টোকাইদের দিয়ে ফ্লাইওভারের ওপর থেকে বোমা নিক্ষেপ করছে। এ ধরনের অপতৎপরতার মাধ্যমে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা সফল হবে না। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নগরীর কাজীর দেউড়ি মোড়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।


গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে সকাল ৭টার আগেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাজীর দেউড়ি মোড়ে জড়ো হতে থাকেন। এ সময় তাঁরা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। পরে কাজীর দেউড়ি গোলচত্বরে প্রতিবাদ সমাবেশ শেষে ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আসকারদীঘির পাড়, জামালখান মোড় ও চট্টগ্রাম প্রেসক্লাব হয়ে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।


সমাবেশে ডা. শাহাদাত হোসেন বলেন, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। দেশ থেকে বিতাড়িত 

হয়ে পলাতক আওয়ামী লীগ বিদেশে বসে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে শিশু ও শিক্ষার্থীদের হত্যার পরও দলটির নেতাকর্মীদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানান তিনি।


বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, গত ১৬-১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা যেভাবে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন, এখনো একইভাবে তাঁরা সক্রিয় রয়েছেন। বর্তমান কর্মসূচি প্রমাণ করে, অন্যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা আগের মতোই সোচ্চার।


তিনি আরও বলেন, যারা বোমাবাজি, লুটপাট, থানা থেকে সরঞ্জাম লুট, পুলিশের ওপর হামলা, সাধারণ মানুষকে হত্যা ও নির্যাতন এবং যানবাহনে অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।


রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে ডা. শাহাদাত হোসেন বলেন, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। প্রতিকূল পরিস্থিতিতেও তাঁরা রাজপথ ছাড়েননি। দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে দলের নেতাকর্মীরা পরীক্ষিত হয়েছেন। দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভবিষ্যতেও তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।


তিনি বলেন, আজকের কর্মসূচি সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের বিরুদ্ধে এবং শান্তির পক্ষে। নগরীর শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা সব সময় জনগণের পাশে রয়েছেন। এ ধরনের শান্তির মিছিল নগরীর প্রতিটি ওয়ার্ডে অব্যাহত থাকবে।


কর্মসূচিতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, সরফরাজ কাদের রাসেল, মহানগর বিএনপি নেতা মো. শাহ আলম, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, আমিন মাহমুদ, হাজী নুরুল আকতার, মনজুর রহমান চৌধুরী, আলহাজ জাকির হোসেন, নূর হোসাইন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জমির উদ্দিন নাহিদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, বিএনপি নেতা আব্দুল হালিম স্বপন, মোহাম্মদ ইদ্রিস আলী, শফিক আহমেদ, রমজু মিয়া, জাকির হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা হাজী নবাব খান, এস এম মুফিজ উল্লাহ ও আলী আব্বাস খানসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৩:১১ পিএম

ময়মনসিংহের ভালুকায় বাস ও মাছের খামারের খাদ্য গোডাউনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দিয়েছে আওয়ামী লীগের কর্মীরা। এসব নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নেতৃত্বে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করে রাখা মীর এক্সপ্রেস পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই রাতে বিরুনীয়া ইউনিয়নের এক যুবদল নেতার মাছের খামারের খাদ্য গোডাউনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া মহাসড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দেওয়ার ঘটনাও ঘটে।


ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্কয়ার ফ্যাশন সংলগ্ন মহাসড়কের পাশে পার্কিং করা ছিল মীর এক্সপ্রেস পরিবহনের বাসটি। ভোর পৌনে ৪টার দিকে বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের একটি দল আগুন নেভানোর কাজে অংশ নেয়।


অগ্নিকাণ্ডে বাসটির ভেতরের আসন, জানালার কাচসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইঞ্জিনের কোনো ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা। বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৮১১৩।


বাসের মালিক মো. শফিকুল ইসলাম জানান, ছয় মাস আগে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তিনি বাসটি কিনেছিলেন। গাড়ির কাজ করানোসহ বর্তমানে তার প্রায় ২১ লাখ টাকার ঋণ রয়েছে। আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন। তার দাবি, আগুনে পুরো বাসটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার বাসিন্দা।


এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধে স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নেতৃত্বে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেন ভালুকা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


পুলিশ জানিয়েছে, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তারা মাঠে কাজ করছেন। তবে বাস ও মাছের খামারের খাদ্য গোডাউনে অগ্নিসংযোগ এবং মহাসড়কে টায়ার জ্বালানোর ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৩:০৫ পিএম

মজুরি বাড়ানোর দাবিতে শিল্পাঞ্চলে অস্থিরতা বাড়তে থাকায় আজ বৃহস্পতিবার টানা পঞ্চম দিনের মতো কাজে যোগ দিতে এসে বাড়ি ফিরে গেছেন গাজীপুরের পোশাকশ্রমিকরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধও করেছেন শ্রমিকরা। অন্যদিকে শ্রমিক অসন্তোষের ঘটনায় শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা থেকে আজ ভোররাত পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।


গাজীপুর সংবাদদাতা জানান, ভোগড়ার বাইপাস চৌরাস্তার দিকে অন্তত পাঁচটি পোশাক কারখানার সামনে বন্ধের নোটিশ টাঙানো দেখা গেছে। এ সময় আশপাশের হাজারো শ্রমিককে কারখানা থেকে বের হয়ে বাড়ির পথে যেতে দেখা যায়।


এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকায় ৪০০-৫০০ শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। পরে শ্রীপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয়।


মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন।


ভোগড়া বাইপাস এলাকার এক শ্রমিক বলেন, ‘৩০ হাজার টাকা বেতন চাওয়া আমাদের অপরাধ নয়। আমরা চাই, দ্রুত আমাদের বেতন বাড়ানো হোক। কোনোভাবেই সংসার চালাতে পারছি না।’


প্রকাশে অনিচ্ছুক আরেক নারী শ্রমিক বলেন, ‘এত দিন ধরে আমাদের ঘুরিয়ে-ফিরিয়ে রাখা হচ্ছে। কিন্তু বেতন বাড়ানোর মূল কাজটি কেউ করছে না। প্রতি মাসে বাসাভাড়া বাড়ে, জিনিসপত্রের দাম বাড়ে। এসব নিয়ে কি কেউ খবর নেয়?’


তবে সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের পরিদর্শক মনুজর মোর্শেদ।


চান্দনা চৌরাস্তায় ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) তরিকুল ইসলাম বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকার একটি কারাখানার সামনে শ্রমিকরা আন্দোলন করছেন। ট্রাফিক পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আছেন।


জানতে চাইলে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, আজ ১০টি কারখানায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে।


এর আগে গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে তিনি জানিয়েছিলেন, শ্রমিক অসন্তোষের কারণে ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।


সাভার সংবাদদাতা জানিয়েছেন, শ্রমিক অসন্তোষের ঘটনায় শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা থেকে আজ ভোররাত পর্যন্ত বিভিন্ন সময় সাভার-আশুলিয়ার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, শ্রমিক আন্দোলনের মামলায় সাভার মডেল থানায় পাঁচজন গ্রেপ্তার আছেন। তাদের মধ্যে শ্রমিক ও শ্রমিক নেতাও আছেন। আজ তাদের আদালতে পাঠানো হবে।


আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, শ্রমিক আন্দোলনের মামলায় তিনজন গ্রেপ্তার আছেন। তাদের আদালতে পাঠানো হবে।


আজ শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার আজ ৬১টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে বলে জানা গেছে।


এসব কারখানার মধ্যে বাংলাদেশ শ্রম আইন ১৩ (১) ধারায় বন্ধ আছে ২৯টি কারখানা, সাধারণ ছুটি ১০টি কারখানায় এবং কারখানায় উপস্থিত হলেও কাজ করছেন না এমন কারখানার সংখ্যা ১৭টি। কাজ না করায় ছুটি দেওয়া হয়েছে পাঁচটি কারখানায়।


সকাল সোয়া ৯টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া ক্ষুদেবার্তায় এসব তথ্য নিশ্চিত করেন।


তবে পুলিশ ও শ্রমিক নেতারা জানান, সকাল পৌনে ১০টা পর্যন্ত উপজেলার সাভার ও আশুলিয়ায় কোনো শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ সব খবর