কক্সবাজারের উখিয়ায় বন বিভাগ অভিযান

  • প্রকাশ : রবিবার ২৭ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৮:৩২ পিএম

কক্সবাজারের উখিয়ায় বন বিভাগ অভিযান চালিয়ে আরো ৩০ একর জমি উদ্ধার করেছে। রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নানের নেতৃত্বে উখিয়ার রাজাপালং মধুরছড়ায় একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছেন। রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান দায়িত্ব গ্রহনের ২৭ দিনের মাথায় একাধিক উল্লেখযোগ্য অভিযান চালিয়ে শতাধিক একর বনভূমি দখল মুক্ত করেছেন। ইতিপূর্বে দখল মুক্ত বনভূমিতে গাছের চারা রোপন করেছেন।


আজ ২৭ সেপ্টেম্বর রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে একাধিক বিটের অর্ধশতাধিক বনকর্মী অংশ গ্রহন করেন। এতে বিএনপির নেতা কর্মীরা এতে সহযোগিতা করেছেন। 




রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, বিভিন্ন বিটের বিট কর্মকর্তা,স্টাফ,ই আর টি দলের সদস্য সহ অভিযান পরিচালনা করা হয়।  অভিযানে ৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আনুমানিক ৩০ একর বনভূমি জবরদখল মুক্ত করা হয়। কথিত হেডম‍্যন ইব্রাহীম ও তাঁর ভাই ওমর ফারুকের  অবৈধভাবে গড়ে উঠা বনভূমি জবর দখল উচ্ছেদ করতে গিয়ে নানা ভাবে বাঁধার সম্মুখীন হলে স্থানীয় ক্ষমতাসীন বিএনপি নেতা কর্মীরা বনবিভাগের পাশে থাকায় উচ্ছেদ কার্যক্রম সহজভাবে সম্পন্ন হয়েছে। 


তিনি আরো বলেন, জবরদখলের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।




এনসিপির ফেসবুক ভিডিও থেকে নেওয়া

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ২:০০ এএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে এ ঘটনায় বাড়ির একটি টিনশেড ঘরের পাঁচটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।


দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, রাত ১২টা ১৮ মিনিটে ফোনে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন জ্বলতে দেখে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানো হয়।


পুলিশ জানায়, টিনশেড যে ঘরটিতে আগুন লেগেছে সেটি নুসরাত তাবাসসুমের দাদার তৈরি। সেখানে কেউ বসবাস করতেন না। ঘরটি মূলত গরু-ছাগল পালন ও পশুখাদ্য রাখার কাজে ব্যবহৃত হতো। সেখান থেকে প্রায় ২০ মিটার দূরে একটি তিনতলা ভবনে নুসরাতের মা-বাবা ও পরিবারের সদস্যরা থাকেন।


এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছে এনসিপি।


গতকাল রাতে ঘটনার পর এক ফেসবুক পোস্টে বাড়িতে পেট্রোল বোমা হামলার কথা জানান নুসরাত তাবাসসুম। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানেন না বলে উল্লেখ করেন তিনি।


তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।’


পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ এবং এনসিপির পক্ষ থেকে আওয়ামী লীগকে দায়ী করার বিষয়ে জানতে চাইলে ওসি খালেদুর রহমান বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।


রুমিন ফারহানার সঙ্গে ওসির বাদানুবাদের দৃশ্য। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৫৪ এএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়। তাকে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।


বুধবার (১১ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

মনজুর কাদের ভূঁইয়া ২০২৫ সালের ৭ ডিসেম্বর সরাইল থানায় যোগ দেন। তার নেতৃত্বে ২০২৬ সালের ২৩ অক্টোবর পর্যন্ত ১০ মাস ১৩ দিনে বিভিন্ন মামলায় মোট ১ হাজার ১৫৮ জন আসামিকে গ্রেপ্তার করে সরাইল থানা পুলিশ। এর মধ্যে ১৪৫ জন মাদক কারবারি, ৪৩ জন পেশাদার ডাকাত, ৪৫৪ জন ওয়ারেন্টভুক্ত এবং ৫৫ জন সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন। এ সময়ে পুলিশ ৫ হাজার ৭৩১ পিস ইয়াবা, ২১৭ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করে। পাশাপাশি কয়েকটি হত্যা, ডাকাতি ও ধর্ষণ মামলার রহস্য উদ্‌ঘাটন এবং আসামি গ্রেপ্তারের তথ্যও প্রকাশিত হয়।

তবে দায়িত্ব পালনকালে তাকে ঘিরে বিতর্কও তৈরি হয়। গত ২২ অক্টোবর রাতে সরাইল থানায় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটে। দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে তিনি থানায় যান। এ সময় তার সঙ্গে আসা এক ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করেন। তবে ওসি মনজুর কাদের ভূঁইয়া ওই অভিযোগ অস্বীকার করেন। এ ঘটনায় পুলিশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এছাড়া পুলিশের চাকরিতে থাকা অবস্থায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে গত ৩০ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় সমিতি। তবে মনজুর কাদের ভূঁইয়ার দাবি, পুলিশে যোগদানের আগেই তিনি সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন এবং নোটিশের জবাবে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন।

তার বদলির আদেশের পর সরাইল থানায় নতুন ওসি হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন, তা এখনো জানা যায়নি।


ঘটনায় হামলাকারীদের বিচার ও কাউন্টার পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৩৫ পিএম

পটুয়াখালী পৌর বাসস্ট্যান্ডে ‘এস আলম পরিবহন’-এর টিকিট কাউন্টার বেআইনিভাবে তালাবদ্ধ করে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হামলাকারীদের বিচার ও কাউন্টার পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১১ নভেম্বর) রাত ৮ টায় পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক এবং জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক মো:মিজানুর রহমান টিটু।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো: মিজানুর রহমান টিটু জানান, পটুয়াখালী নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন রিয়াজ উদ্দিন মার্কেটের একটি দোকান ঘর ভাড়া নিয়ে তিনি দীর্ঘ ৩ মাস ধরে আন্তর্জাতিক পরিবহন সেবা ‘এস আলম পরিবহন’-এর কাউন্টার পরিচালনা করে আসছিলেন। নিয়মিত ঘর ভাড়া পরিশোধের রশিদ ও চুক্তিপত্রের দলিল থাকা সত্ত্বেও গত ৯ নভেম্বর (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬ টায় কোনো ধরনের লিখিত নোটিশ ছাড়াই সাইফুল মৃধার নেতৃত্বে ২০-২৫ জন লোক জোরপূর্বক কাউন্টারে প্রবেশ করে।


হামলাকারীরা কাউন্টারে থাকা তাঁর ছেলে এবং কাউন্টার সহকারী বদরুল আলমগীরকে মারধর ও কিল-ঘুষি মেরে বের করে দিয়ে কাউন্টারে তালা ঝুলিয়ে দেয়। উক্ত হামলার ভিডিও চিত্র এবং ঘর ভাড়ার যাবতীয় বৈধ কাগজপত্র তাঁর নিকট সংরক্ষিত রয়েছে বলে তিনি জানান।


সংবাদ সম্মেলনে টিটু আরও অভিযোগ করেন, দখলদার চক্রটি ঘটনা আড়াল করতে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) এআই (AI) প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া চুক্তিপত্র ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁর সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করছে। অভিযুক্ত সাইফুল মৃধার বিরুদ্ধে এলাকায় দখল, লুটপাট ও চাঁদাবাজির একাধিক মামলা এবং গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে দাবি করা হয়।


সংবাদ সম্মেলন থেকে দ্রুত বেআইনিভাবে দখলকৃত কাউন্টার উদ্ধার, পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযুক্ত সাইফুল মৃধাসহ সন্ত্রাসী চক্রটিকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়।


উল্লেখ্য, মো: রিয়াজ মৃধার সাথে মো: মিজানুর রহমান টিটুর সাথে এস.আলম পরিবহন কাউন্টার সংক্রান্ত ভাড়ার ডিড হয়েছিল, এ বিষয়ে তার সাথে বহুবার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।


এম ভি দ্যা অ্যাংকর

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৫৬ পিএম

পর্যটক নিখোঁজের পর মৃতদেহ উদ্ধারের ঘটনায় সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কাঠের তৈরি ট্রলারে রাত্রিযাপন করে ভ্রমণের অনুমতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বন বিভাগ।

রোববার ও সোমবার খুলনা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে আলাদ দুটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে একদিনের ভ্রমণের অনুমতি আগের নিয়মেই বহাল থাকবে।

বুধবার খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, “আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠবডির ট্রলারে তিন দিনের পারমিশন বন্ধ রাখা হয়েছে। তবে একদিনের পারমিশন পূর্বের নিয়মেই চলবে। তিন দিনের পারমিশন বন্ধের বিষয়ে পরিপত্র জারির প্রস্তুতি চলছে।”





তবে নিষেধাজ্ঞা কত দিন স্থায়ী হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত অনির্দিষ্টকালের জন্য এটি বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

বন বিভাগ থেকে জানা গেছে, ৬ নভেম্বর পশ্চিম সুন্দরবনের শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে নিখোঁজ হন ময়মনসিংহের ভালুকার পর্যটক রিয়াজ আহমেদ। দুই দিন পর আলোরকোল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার পর পর্যটকদের নিরাপত্তা কথা ভেবে কাঠের তৈরি ট্রলারে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের অনুমতি বন্ধের সিদ্ধান্ত নেয় বন বিভাগ।

তবে হঠাৎ বন বিভাগের এমন কঠোর পদক্ষেপে স্থানীয় ট্রলার মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে।

মুন্সিগঞ্জ ট্রলার মালিক সমিতির ক্যাশিয়ার মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রায় ৩৫ বছর ধরে মুন্সিগঞ্জ থেকে পর্যটকরা সুন্দরবন ভ্রমণ করছেন, কিন্তু এমন ঘটনা আগে ঘটেনি। এটি অত্যন্ত দুঃখজনক।

“পারমিশন বন্ধের বিষয়ে আমরা সমিতির মালিক ও শ্রমিকরা মিলে আলোচনা করে বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) সঙ্গে দেখা করব,” বলেন তিনি

সুন্দরবন অঞ্চলের পরিবেশকর্মী পরিতোষ কুমার বৈদ্য বলেন, সড়কপথে সুন্দরবন ভ্রমণে সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। যেপথেই ভ্রমণ করা হোক না কেন, ট্রলার ছাড়ার পর থেকেই শুরু হয় প্রকৃতির অপরূপ সৌন্দর্য।



নদীর দুই পাশে সারি সারি গরান, গেওয়া, কেওড়া ও সুন্দরী গাছের সবুজ দেয়াল এবং মাঝ দিয়ে বয়ে চলা খোলপেটুয়া, কালিন্দী, কপোতাক্ষ ও রায়মঙ্গল সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। ভাটার সময় জেগে ওঠা চরে লাল কাঁকড়ার ছোটাছুটি কিংবা জোয়ারের সময় ডলফিনের লাফ দেখার মতো রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য সাতক্ষীরা রুটটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহীনুর ইসলাম বলেন, সুন্দরবনের পর্যটন ব্যবস্থাপনায় নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পর্যটকদের জীবন রক্ষা এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ভ্রমণের সঙ্গে জড়িত স্থানীয় ট্রলার মালিক, মাঝি, পেশাজীবীদের জীবিকা ও ব্যবসার বিষয়টিও সমানভাবে জরুরি বলে জানান তিনি।

পরিবেশকর্মী নিলীমা রাণী বলেন, নিরাপদ ও সুশৃঙ্খল পর্যটন নিশ্চিত করার মধ্য দিয়ে সুন্দরবনের সৌন্দর্য যেন দর্শনার্থীদের জন্য আশীর্বাদ হয়ে থাকে, এমটা সবার প্রত্যাশা। ভবিষ্যতে ভ্রমণপিপাসুদের জন্য আরও বেশি নিরাপত্তা ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে সুন্দরবনের এই অপার দুয়ার পুনরায় উন্মুক্ত হবে।


এসপি জাহাংগীর। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩৭ পিএম

চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নজরদারিতে রাখা হয়েছে। তার ব্যক্তিগত ও অফিসিয়াল মোবাইল জব্দ করা হয়েছে। এসপি জাহাঙ্গীরকে আটকের খবরও পুলিশ সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়েছে। তবে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জানালেন, এখনো আটক করা হয়নি।


মোহাম্মদ জাহাঙ্গীর আলম চট্টগ্রামে আরআরএফ’র ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত আছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। নাম প্রকাশে অনাগ্রহী জেলা পুলিশের এক কর্মকর্তা জানালেন, ডিএমপির গোয়েন্দা ইউনিটের একটি টিম নগরীর হালিশহরে আরআরএফ পুলিশ লাইনস থেকে জাহাঙ্গীরকে নিজের হেফাজতে নিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের তথ্য পেয়ে তাকে নজরদারিতে রাখা হয়েছে বলে ওই কর্মকর্তা জানালেন।


জানতে চাইলে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী প্রতিনিধিদেরকে বললেন, ‘জাহাঙ্গীর আমার অধীনস্থ ডেপুটি কমান্ড্যান্ট। সে আটক কিংবা গ্রেপ্তার হলে তো আমি সবার আগে জানব। আমি নিশ্চিত করছি, তাকে আটক-গ্রেপ্তার করা হয়নি। তার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে। তদন্তের স্বার্থে গতকাল (মঙ্গলবার) তার দুইটা মোবাইল সিজ করা হয়েছে।’


অভিযোগ কী জানতে চাইলে তিনি বললেন, ‘অভিযোগের বিষয়ে এক লাইন, এক শব্দও বলতে পারব না।’ জাহাঙ্গীর আলম এখন কোথায় আছেন জানতে চাইলে ডিআইজি বললেন, ‘যেখানে থাকার কথা সেখানেই আছেন। শুধুমাত্র মোবাইল দুইটা আমাদের হেফাজতে রাখা হয়েছে।’


এক স্কুলছাত্রীকে ছুরি দিয়ে আঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ১০:১৯ পিএম

কুষ্টিয়ায় বাসার সামনে এক স্কুলছাত্রীকে ছুরি দিয়ে আঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন।


ওসি জানান, গ্রেপ্তারের পর ইমনকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। দ্রুত তাকে কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হবে।


এর আগে ঘটনার পর থেকে ইমন ও তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবেশীদের দাবি, ঘটনার পর থেকে তাদের বাড়িতে কাউকে দেখা যায়নি।


গত সোমবার (৯ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার বড় মসজিদ গলিতে নিজ বাসার প্রবেশপথে হামলার শিকার হয় এক স্কুলছাত্রী। বিদ্যালয় থেকে বাড়ি ফিরে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকার সময় পেছন থেকে এসে তাকে ছুরি মেরে পালিয়ে যায় অভিযুক্ত ইমন। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।


কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ইকবাল হাসান জানান, কিশোরীর হাত ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার পর দ্রুত তাকে জরুরি বিভাগ থেকে পিএমসি ওয়ার্ডে ভর্তি করা হয়। রোগী বর্তমানে আশঙ্কামুক্ত। হামলার দৃশ্য আশপাশের একটি ভবনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।


ভুক্তভোগী কিশোরীর মায়ের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন ইমন। বিষয়টি অভিভাবক পর্যায়ে জানানোর পর কিছুদিন বিরক্ত করা বন্ধ রাখলেও সোমবার তার মেয়ের ওপর হামলা চালানো হয়। কিশোরীর মায়ের দাবি, হত্যার উদ্দেশ্যেই ছুরি দিয়ে আঘাত করেছে অভিযুক্ত।


ইমন কুষ্টিয়া সদরের পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। সে একটি বেসরকারি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। কুষ্টিয়া শহরের মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন লিলি গার্ডেন নামের একটি ভবনে মায়ের সঙ্গে বসবাস করে সে।