পটুয়াখালীর মহিপুর থানার আলীপুর মৎস্যবন্দর থেকে মাছ ধরতে গিয়ে গভীর সমুদ্রে ১৫ জেলেসহ এমবি মায়ের দোয়া-৬ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে অন্য একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় ওই ট্রলারে থাকা ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় ৪৫ কিলোমিটার গভীর বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।
ট্রলারটির মাঝি মূসা জানান, সকালে আলীপুর বন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে তারা সাগরে রওনা হন। কিছুদূর যাওয়ার পর সাগরের উত্তাল ঢেউয়ের ঝাপটায় ট্রলারটির তলা/কাঠামো ফেটে যায়। এতে ট্রলারে পানি ঢুকে সেটি ডুবতে শুরু করে। পরে কিছুক্ষণ সাগরে ভেসে থাকার পর কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলার তাদের দেখতে পেয়ে ১৫ জেলেকে উদ্ধার করে।
ট্রলার মালিক মিজানুর রহমান বলেন, ট্রলারটি মাছ ধরার জন্য সাগরে পাঠানো হয়েছিল। দুর্ঘটনার খবর পাওয়ার পর জেলেদের উদ্ধারের বিষয়টি জানতে পেরেছি। ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।
এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মনিরুজ্জামান বলেন, গভীর সমুদ্রে ট্রলারডুবির ঘটনায় ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ট্রলারটির এখনো সন্ধান পাওয়া যায়নি। ট্রলারটি উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও তার ছেলে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আপন মামাতো ভাই শামছুর রহমান টিপুকে (৬২) তার ছেলেসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত টিপু ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে ও বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং তার ছেলে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শিহাবুর রহমান শিহাব (৩২)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেইট এলাকার মৌলভী আমিন উল্যাহ খাঁন সাহেবের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শামছুর রহমান টিপু ও তার ছেলে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে তাদের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ বাড়িটিতে অভিযান চালায়। পরে সেখান থেকে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের থানায় নিয়ে যাওয়া হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশারফ হোসেনের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এবং পরবর্তীতে 'মব' সৃষ্টি করে মারধরের মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার ভাগ্যকুল-দোহার আঞ্চলিক সড়কের কামারগাঁও মোকার দোকান এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে স্থানীয় ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আলিফ খানসহ এলাকাবাসী অভিযোগ করেন, গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে কামারগাঁও মোকার দোকান এলাকার ডলি চৌকিদারের বাড়িতে এক নারীসহ ইউপি সদস্য মোশারফ হোসেন অবস্থান করছিলেন। বিষয়টি জানতে পেরে আলিফ খান ও রবিন, ইমন,তাজিম, রাতুল সানজিদ, পায়েল ইয়াসিন রুকন, শিহাব,এলাকার মুরব্বি- সমাদ খান, জসীম
কাজি সহ স্থানীয় কয়েকজন যুবক সেখানে খোঁজ নিতে যান। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ইউপি সদস্য মোশারফ হোসেন বাড়ির পেছনের টিনের গেট দিয়ে নিজের জুতা ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে মেম্বারের ছেলে ও তার সমর্থকরা সেখানে এসে এলাকাবাসীর ওপর হামলা চালায় এবং মোশারফ হোসেনকে ছিনিয়ে নিয়ে যায়।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, মূলত উত্তেজিত জনতার হাত থেকে আমরাই তাকে রক্ষা করেছিলাম। কিন্তু ইউপি সদস্য মোশারফ হোসেন নিজের অপকর্ম ও অনৈতিক ঘটনা আড়াল করতে এবং স্থানীয়দের হেয় প্রতিপন্ন করতে উল্টো 'মব' সৃষ্টি করে মারধরের মিথ্যা গল্প সাজিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।
ভুক্তভোগী এলাকাবাসী ও সংবাদ সম্মেলনের আয়োজকরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং মিথ্যা অভিযোগ দিয়ে স্থানীয় যুবকদের হয়রানি বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এনসিপির বিক্ষোভ মিছিলে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি (সংগৃহীত: ছবি)
সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের পৈত্রিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে নগরীর শিববাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। তবে উপস্থিত নেতাকর্মীদের হস্তক্ষেপে পরে উত্তেজিত পরিস্থিতি শান্ত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে শিববাড়ী মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজিত কর্মসূচি চলাকালে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।
একপর্যায়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি এবং পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে। এতে মিছিলের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।
উল্লেখ্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে দলের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হলেও এনসিপির খুলনা মহানগর আহ্বায়ক আহমেদ হামীম রাহাত জানান, খেলার আয়োজন নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে সামান্য বিশৃঙ্খলা হয়েছে। এটি বড় কিছু নয়।
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দরে প্যাকিং ও র্যাপিং মেশিনের ঘোষণা দিয়ে আমদানি করা চালানে সিগারেট উৎপাদন ও প্যাকেটজাতকরণের সাতটি মেশিনের একটি সম্পূর্ণ প্ল্যান্ট আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। প্রাথমিকভাবে ছয়টি মেশিনের তথ্য পাওয়া গেলেও বিস্তারিত পরীক্ষায় সাতটি মেশিন শনাক্ত হয়। চালানটি ছয়টি প্যাকেজে আমদানি করা হয়েছিল।
আজ বৃহস্পতিবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সিআইআইডি বলছে, চালানটির মূল্য দেখানো হয়েছে প্রকৃত আনুমানিক মূল্যের প্রায় ২৫ ভাগের ১ ভাগ। এতে কম মূল্য ঘোষণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের আশঙ্কা করছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার মিরপুরের আমদানিকারক প্রতিষ্ঠান জেআর বিজনেস ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাতের আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে চালানটি আমদানি করে। বুধবার রাতে চট্টগ্রাম বন্দরে বাস্তবিক পরীক্ষার পর এই আমদানি সরঞ্জাম আটক করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তা।
চট্টগ্রাম কাস্টম হাউসে ৪ নভেম্বর দাখিল করা বিল অব এন্ট্রিতে পণ্যগুলোকে ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। ছয়টি প্যাকেজে আনা চালানটির জন্য প্যাকিং ও র্যাপিং মেশিনের এইচএস কোডও ব্যবহার করা হয়। তবে কাস্টমস গোয়েন্দাদের পরীক্ষায় এতে সিগারেট উৎপাদন ও প্যাকেটজাতকরণের সাতটি মেশিন পাওয়া যায়।
এগুলোর মধ্যে আছে—এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন ও সেলোফেন ওভারর্যাপার। অর্থাৎ, শুধু প্যাকিং সরঞ্জাম নয়, সিগারেট উৎপাদনের মূল মেশিনসহ পূর্ণাঙ্গ উৎপাদনের সব যন্ত্রপাতি আমদানি করা হয়েছে।
চালানটির ইনভয়েস মূল্য দেখানো হয়েছে মাত্র ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার। বিপরীতে, সিআইআইডির প্রাথমিক তথ্যপত্রে ওয়েবসাইটভিত্তিক তুলনামূলক মূল্য ধরা হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ডলার। এ হিসাবে ঘোষিত মূল্যের চেয়ে আনুমানিক মূল্য প্রায় ২৫ গুণ বেশি। দুই মূল্যের ব্যবধান ৪ লাখ ২৫ হাজার ৪০০ ডলার।
এভাবে পণ্যের মূল্য কম দেখিয়ে আমদানির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের আশঙ্কা আছে। তবে মেশিনগুলোর মডেল, বয়স, অবস্থা এবং তুলনাযোগ্য আমদানিমূল্য যাচাই করে চূড়ান্ত শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আমদানি নথি অনুযায়ী, সাড়ে পাঁচ টনের চালানটি খালাসের দায়িত্বে রয়েছে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এক্সপ্রেস লজিস্টিকস লিমিটেড।
সিআইআইডি জানিয়েছে, দেশে সিগারেট উৎপাদনের সঙ্গে যুক্ত প্রায় ২৯টি প্রতিষ্ঠান অথবা তাদের অনুমোদিত সরবরাহকারীর মাধ্যমে এ ধরনের যন্ত্রপাতি আমদানি হওয়া সমীচীন। আমদানিকারক, প্রকৃত ক্রেতা ও চূড়ান্ত ব্যবহারকারীর পরিচয় এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই করা হবে।
গোয়েন্দাদের আশঙ্কা, এ ধরনের বৈধ সংশ্লিষ্টতা ছাড়া সিগারেট উৎপাদনের যন্ত্রপাতি আমদানি ও ব্যবহার করা হলে পরিচিত ব্র্যান্ড ও শীর্ষ করদাতা প্রতিষ্ঠানগুলোর সিগারেট নকল করে বাজারজাত করার সুযোগ তৈরি হতে পারে। এতে ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি বৈধ উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হবেন এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাতে পারে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ। ছবি: সংগৃহীত