• প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ২:৫৮ পিএম

ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরুর বিষয়ে সংশয় প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘ফের যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম।’ মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে তিনি এমন মন্তব্য করলেন।


সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে ট্রাম্প বৈঠক করবেন। মধ্যবর্তী নির্বাচনে দলের বড় পরাজয়ের পর প্রথম কোনো বিদেশি নেতার সঙ্গে তিনি বৈঠকে বসতে যাচ্ছেন।নির্বাচনের আগে ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। ভোটের পর তিনি এখন দলের হারের জন্য ইরান যুদ্ধকে কারণ হিসেবে উল্লেখ করছেন।স্থানীয় সময় রোববার সিএনএনকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। এ সময় যুদ্ধের সম্ভাবনা নিয়ে ওই মন্তব্যের পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, ‘তারা (ইরান) একটি চুক্তিতে স্বাক্ষর করবে কি না, সেটির ওপর বিষয়টি নির্ভর করছে।’


মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘প্রয়োজন হলে আমি আবার হামলা চালাব। আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হেনেছি। এতটাই কঠোর আঘাত করেছি, যা আপনারা জানেন না।’


ট্রাম্পের এই সাক্ষাৎকারের আগে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, মধ্যবর্তী নির্বাচনের রাজনৈতিক প্রভাব পর্যালোচনার জন্য শান্তি আলোচনা স্থগিত আছে। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, ‘গত কয়েক দিন মধ্যস্থতাকারীদের তেমন কাজ ছিল না। কারণ, যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল সবাইকে ধাক্কা দিয়েছে।আরাঘচি আরও বলেন, এই ফলাফলের ধাক্কা কাটিয়ে উঠতে তাদের কতদিন সময় লাগে, তা দেখতে হবে। এরপর সামনে এগোনোর বিষয়টি ঠিক করা যাবে।





একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৪০ পিএম

নাবিকদের কাজ ও বিশ্রামের রেকর্ড ইচ্ছাকৃতভাবে জাল করে অতিরিক্ত কর্মঘণ্টা লুকানোর প্রমাণ পাওয়ায় মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার উয়াং ভেনাস-কে ৯০ দিনের জন্য অস্ট্রেলিয়ার বন্দরগুলোতে নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়ান মেরিটাইম সেফটি অথরিটি (এএমএসএ)। অস্ট্রেলিয়ার নেভিগেশন অ্যাক্ট ২০১২-এর ২৪৬ ধারায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।  জিক্যাপ্টেন এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মেরিটাইম। 


এতে বলা হয়, মেরিটাইম লেবার কনভেনশন (এমএলসি)-এর আওতায় একটি অভিযোগের পর ২৯ অক্টোবর নিউক্যাসল বন্দরে পোর্ট স্টেট কন্ট্রোল পরিদর্শনে দেখা যায়, জাহাজের রেকর্ডে নাবিকদের প্রকৃত কর্মঘণ্টা প্রতিফলিত হয়নি।


তিন বছরের কম সময়ে তৃতীয়বার আটক: 


আগস্ট ২০২৬: নাবিকদের কাজ ও বিশ্রামের সময় ঠিকমতো রেকর্ড বা নজরদারি না করায় আটক।


ডিসেম্বর ২০২৩: ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের (আইটিএফ) অভিযোগের পর পরিদর্শকরা নিম্নমানের খাবার, জাল কর্মঘণ্টার রেকর্ড এবং মাস্টার এক নাবিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন — এমন প্রমাণ পান।


নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে সংশয়: ২০২৩ সালের আটকের পর অপারেটর নাবিক প্রত্যাবাসন, ভালো খাবার ও কর্মঘণ্টা বিষয়ে বাড়তি প্রশিক্ষণের একটি সংশোধনমূলক পরিকল্পনা জমা দেয়, কিন্তু পরেও একই ধরনের সমস্যা ধরা পড়ে। এএমএসএ জাহাজটির বারবার ত্রুটি এবং মালিক ও অপারেটরের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে সংশয়ের কথাও উল্লেখ করেছে।


ক্লান্তি নিরাপত্তার ঝুঁকি


এএমএসএর মেরিটাইম সেফটি অ্যান্ড এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স বিভাগের নির্বাহী পরিচালক গ্রেগ উইথারাল বলেন, জাল রেকর্ড গুরুতর ঝুঁকি তৈরি করে, কারণ ক্লান্তি বিচারবুদ্ধি দুর্বল করে এবং সংঘর্ষ ও চরায় ওঠার ঝুঁকি বাড়ায়। গুরুতর বা বারবার ব্যর্থতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 


২০২৬-২৭ জাতীয় কমপ্লায়েন্স পরিকল্পনায় ক্রুইং ও ক্লান্তি ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিয়েছে এএমএসএ। এমএলসি অনুযায়ী নাবিকদের ন্যূনতম বিশ্রামের অধিকার আছে; বিশ্রামের সঠিক রেকর্ডই পরিদর্শকদের কাছে অতিরিক্ত খাটুনি ধরার অন্যতম উপায়। বিদেশি পতাকাবাহী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকদের জন্যও এই সুরক্ষা গুরুত্বপূর্ণ।


বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১:৫৫ পিএম

ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইয়াশার পার্টির এই নেতাকে এখন জোট সরকার গঠনের দিকে এগোতে হচ্ছে। আর সম্ভাব্য সেই জোট সরকারে দেশটির ‘বিতর্কিত’ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুক্ত করতে আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার।


রোববার (৮ নভেম্বর) জেরুজালেমে প্রেসিডেন্টের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া ভাষণে আইজেনকট ইঙ্গিত দেন, নেতানিয়াহুর পাশাপাশি কট্টরপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচকেও জোট সরকারে যোগদানের আমন্ত্রণ জানানো যেতে পারে।


আইজেনকট বলেন, ‘লিকুদ এবং রিলিজিয়াস জায়নিস্ট পার্টির সদস্যরা যদি সত্যিই বিশ্বাস করেন যে এটি ঐক্যের সময়, তাহলে আমার নেতৃত্বে গঠিত সরকারকে তারা কেন সমর্থন করবেন না, তার কোনও যৌক্তিক কারণ আমার বোধগম্য নয়।’


নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে লড়া আইজেনকট নতুন সরকার গঠনের জন্য ছয় সপ্তাহ সময় পাচ্ছেন। ওই অনুষ্ঠানে আইজেনকোট বলেন, তিনি জনগণের স্বার্থে কাজ করবেন এবং ইসরায়েলি সমাজের সব অংশের প্রতিনিধিত্ব করবেন।


এদিকে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সতর্ক করে বলেছেন, গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের পর দেশটি অনিশ্চয়তার মুখে পড়েছে। ওই নির্বাচনে ইসরায়েল এবং মার্কিন সামরিক সহায়তার কট্টর সমালোচক বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব জয়লাভ করেছেন।

যুক্তরাষ্ট্রে ‘নতুন রাজনৈতিক বাস্তবতার’ কথা উল্লেখ করে হারজগ বলেন, ‘ইসরায়েলের একটি স্থিতিশীল সরকার প্রয়োজন।’


২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর নেতৃত্ব দেন আইজেনকট। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের প্রথম আট মাস নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রীপরিষদে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। তা সত্ত্বেও ইসরায়েলে অবস্থানরত ফিলিস্তিনিদের প্রতিনিধিত্বকারী আরব দলগুলো নেতানিয়াহুকে হটাতে আইজেনকটকে সমর্থন জানিয়েছে।


প্রসঙ্গত, গত ২৭ অক্টোবরের ইসরায়েলি নির্বাচনে আইজেনকটের চারদলীয় জোট ৪৮টি আসন লাভ করে। অন্যদিকে নেতানিয়াহুর ডানপন্থি জোট ৫৩টি আসন নিশ্চিত করে। তবে উভয় পক্ষই সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পেতে ব্যর্থ হয়। অন্যদিকে আরব দলগুলো রেকর্ড ১৯ আসনে জয়লাভ করে।


আইজেনকট ইতোমধ্যে আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তাদের সঙ্গে জোট বাঁধলে ৬৭ আসনের ব্লক তৈরি হতে পারত। অন্যদিকে, দুটি অতি-ডানপন্থি ধর্মীয় দল ইউনাইটেড তোরাহ জুডাইজম এবং শাস-কে নিজের পক্ষে টানতে পারলে তার ঠিক ৬১টি আসন নিশ্চিত হতো।


এ ছাড়া সংসদে আস্থাভোটে জয়ী হলে তিনি ৬১টির কম আসন নিয়েও সরকার গঠন করতে পারেন।


ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১:৪২ পিএম

যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের একটি কারাগারে বন্দি ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ধর্মীয় ও দার্শনিক বই পড়ে সময় কাটাচ্ছেন। কারাগারের ভেতরের পরিস্থিতি ও তার অভিজ্ঞতা সম্পর্কে ওয়াকিবহাল কয়েকজন ব্যক্তি নিউইয়র্ক টাইমসকে এ তথ্য জানিয়েছেন।


আধ্যাত্মিকতার প্রতি দীর্ঘদিনের আগ্রহ রয়েছে মাদুরোর। এর অংশ হিসেবে কারারক্ষী বা চ্যাপলেইনদের পাশাপাশি একজন খ্রিষ্টান যাজক ও একজন ইহুদি রাব্বির সঙ্গেও দেখা করেছেন তিনি।


মাদুরো এর আগে জনসমক্ষে নিজের ইহুদি বংশপরিচয়ের কথা বলেছিলেন। তিনি নিজেকে গত শতাব্দীর কোনও এক সময়ে ডাচ অ্যান্টিলিস থেকে ভেনেজুয়েলায় অভিবাসী হওয়া সেফার্ডিক ইহুদি সম্প্রদায়ের একজন বংশধর হিসেবে বর্ণনা করেছিলেন। তবে মাদুরোর ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছেন, গ্রেপ্তারের আগে ইহুদি ধর্মের প্রতি কোনো আগ্রহ প্রকাশ করেননি তিনি।


ভেনেজুয়েলায় দ্রুত বর্ধনশীল ইভাঞ্জেলিক্যাল খ্রিষ্টান জনগোষ্ঠীর ভোট পাওয়ার চেষ্টা করেছিলেন মাদুরো। সেজন্য একসময় একজন ক্যাথলিক ধর্মগুরুর সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি। এ ছাড়া মাদুরো, তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে তার উত্তরসূরি দেলসি রদ্রিগেজ ভারতের প্রয়াত রহস্যবাদী গুরু সত্য সাই বাবার অনুসারী ছিলেন।


ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি থাকা অবস্থায় আধ্যাত্মিক বিষয়ের প্রতি মাদুরোর আগ্রহ আরও গভীর হয়েছে। কারাগারটিতে প্রায় ১ হাজার ৩০০ বন্দি রয়েছে। কারাগারের যে ব্লকে তাকে রাখা হয়েছে সেখানে সিয়ান কমস, স্যাম ব্যাংকম্যান-ফ্রিড এবং লুইজি মানজিওনের মতো বেশ কয়েকজন হাই-প্রোফাইল বন্দি ছিলেন। মাদুরোর কারাগারের পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল ব্যক্তিরা জানিয়েছেন, মাদুরো তাঁর বেশিরভাগ সময় কুরআন ও বাইবেলসহ বিভিন্ন বই পড়ে কাটাচ্ছেন।


প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে হাজার হাজার টন কোকেন পাচারে সহযোগিতাসহ অন্যান্য অভিযোগে আগামী বছর মাদুরোর বিরুদ্ধে বিচার শুরু হওয়ার কথা রয়েছে। তার স্ত্রী ফ্লোরেসের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৫১ এএম

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি, আবাসন সংকট ও সরকারি সেবার ঘাটতির প্রতিবাদে বিক্ষোভ ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছে। গত ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইউরোপের ৩১টি দেশে এক হাজার ৭০০টির বেশি বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে। 


যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটার (এসিএলইডি) তথ্য বিশ্লেষণ করে এ চিত্র দেখিয়েছে আলজাজিরা।


আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফ্রান্স। প্রায় দুই মাস আগে দেশটির শিক্ষার্থীরা বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন, শিক্ষক সংকট ও অতিরিক্ত শিক্ষার্থী নিয়ে শ্রেণিকক্ষে পাঠদানের প্রতিবাদে আন্দোলন শুরু করেন। পরে এর সঙ্গে যুক্ত হয় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির উচ্চমূল্য, মজুরি ও সামাজিক আবাসন সংক্রান্ত দাবি। আন্দোলনে শ্রমিক সংগঠন ও ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরাও যোগ দেন।


এসিএলইডির হিসাবে, ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ফ্রান্সে এক হাজার ২০০টির বেশি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা ঘটেছে। ১৭ অক্টোবর দেশটিতে এক দিনেই পাঁচ লাখের বেশি মানুষ বিক্ষোভ করেন। গত শনিবারও দেশজুড়ে এক লাখ ৪৬ হাজার মানুষ সমাবেশ করেন। ফ্রান্সের পর সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে স্পেনে ১৭৩টি, ইতালিতে ১৬০টি, জার্মানিতে ৭০টি ও পর্তুগালে ৩৩টি। স্পেনে আবাসন সংক্রান্ত জরুরি দুটি অধ্যাদেশ প্রত্যাখ্যানের প্রতিবাদে এবং ইতালিতে জীবনযাত্রার ব্যয় ও বাড়ি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন হয়েছে।


গত ২৩ অক্টোবর প্যারিসের উত্তরে ত্রাপ শহরে বর্ণবাদী হামলায় ২৬ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হন। আহত হন আরও সাতজন। সন্দেহভাজন হামলাকারী মুসলিম, আফ্রিকান ও উত্তর আফ্রিকান বংশোদ্ভূত মানুষকে লক্ষ্যবস্তু করার কথা স্বীকার করেছেন।


মানবাধিকারকর্মীদের অভিযোগ, অভিবাসী ও মুসলিম জনগোষ্ঠীকে অপরাধী হিসেবে চিত্রিত করে উগ্র ডানপন্থি বক্তব্যের স্বাভাবিকীকরণ ঘটানো হচ্ছে। অন্যদিকে, বিক্ষোভ দমনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগও উঠেছে।


এদিকে বিক্ষোভে সহিংসতার জন্য বামপন্থি দল ফ্রান্স আনবোডকে দায়ী করেছেন সরকারের কয়েকজন নেতা। তবে দেশটির গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, দলটি বিক্ষোভে উপস্থিত থাকলেও সহিংসতায় জড়িত ছিল না। বিশ্লেষকদের আশঙ্কা, ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে রাজনৈতিক মেরূকরণ ও উগ্র ডানপন্থি মতাদর্শের বিস্তার আরও বাড়তে পারে।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ৮:১৯ এএম

মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে দুই ট্রেনের সংঘর্ষে ৭ জন নিহত এবং কমপক্ষে ১১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই ট্রেনের কন্ডাক্টরও আছেন। গতকাল রোববার এর দুর্ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মিসরের  প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয়।


পৃথক এক বিবৃতিতে দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত জেলায় ঘটেছে এ দুর্ঘটনা। দুই ট্রেনের মধ্যে একটি দক্ষিণ-পশ্চিমের ফায়ুম প্রদেশের দিকে যাচ্ছিল, সেটির পেছনের অংশের সঙ্গে সংঘর্ষ হয় অপর ট্রেনটি। দ্বিতীয় ট্রেনটি দক্ষিণ দে আসওয়ান প্রদেশের উদ্দেশে রওনা হয়েছিল।


রোববার গভীর রাতে প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় জানায় যে, তাদের তদন্তকারীরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। 


কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, একই লাইনে একই অভিমুখে চলতে থাকা কায়রো-আসওয়ান ট্রেনের শেষ বগির সঙ্গে গিজা-ফায়ুম ট্রেনের সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটেছে।


মিসরে ট্রেন লাইনচ্যুত হওয়া বা দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। দেশটির রেলওয়ে ব্যবস্থায় দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং সরঞ্জামের দুর্বল রক্ষণাবেক্ষণের ইতিহাস রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সরকার রেল ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে আধুনিকায়নের উদ্যোগ ঘোষণা করেছে।


রোববারের দুর্ঘটনাটি যেখানে ঘটেছে, সেই আল-আইয়াত এলাকার কাফর গিরজা গ্রামের বাসিন্দা আইমান জামাল জানান, দুই ট্রেনের সংঘর্ষের পর স্থানীয় বাসিন্দারা দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে আসেন, জীবিতদের উদ্ধার করেন এবং অ্যাম্বুলেন্স ডাকেন।


জামাল জানান, তিনি দেখেছেন প্রায় ৮০ জন আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও বলেন, স্থির অবস্থায় থাকা ট্রেনের একটি বগির ভেতরে কয়েকজন যাত্রী আটকা পড়েছিলেন; উদ্ধারের সময় দেখা যায় তারা মারা গেছেন।


প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন যে, তিনি এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে তা শুরুও হয়েছে।


মিসরীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও ক্রেন পাঠানো হয়েছে, যাতে ধ্বংসাবশেষ সরিয়ে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়। গত সেপ্টেম্বরে একই জেলায় দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে এক ট্রেন চালক ও তার সহকারী আহত হয়েছিলেন।


মিশরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটেছিল ২০০২ সালে; কায়রো থেকে দক্ষিণ মিশরের দিকে যাওয়ার পথে একটি নৈশ ট্রেনে আগুন লেগে ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।


সূত্র : এএফপি, রয়টার্স






দীপাবলিতে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা পাকিস্তানের প্রধানমন্ত্রীর। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪৭ এএম

দীপাবলি উপলক্ষে বিশ্বজুড়ে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বিশেষ করে পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের প্রতি আন্তরিক শুভকামনা জানান তিনি। একই সঙ্গে পাকিস্তানের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে হিন্দু সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বার্তায় শেহবাজ শরিফ বলেন,

"দীপাবলি ঘৃণা, অসহিষ্ণুতা ও হতাশার অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক। এই উৎসব শান্তিপূর্ণ সহাবস্থান ও মানবিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বার্তা দেয়।"

পাকিস্তানের হিন্দু সম্প্রদায়কে দেশের গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেন শেহবাজ। তিনি বলেন, দেশের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অগ্রগতিতে তাদের অবদান মূল্যবান। পাকিস্তানের বৈচিত্র্যময় ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ।

বার্তায় বলা হয়, পাকিস্তানের সংবিধান সংখ্যালঘুদের ধর্মীয় ও নাগরিক অধিকার সুরক্ষার নিশ্চয়তা দেয়। ধর্ম, বিশ্বাস, বর্ণ বা জাতি নির্বিশেষে প্রত্যেক নাগরিকের অধিকার, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

শেহবাজ শরিফ শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ পাকিস্তান গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তিনি এমন একটি সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান, যেখানে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ শান্তিতে বসবাস করবেন এবং সবাই সমান শিক্ষা ও অর্থনৈতিক সুযোগ পাবেন।

শেষে দীপাবলি উদযাপনকারী পাকিস্তানি হিন্দুদের উৎসবের আনন্দ উপভোগের শুভেচ্ছা জানান তিনি। একই সঙ্গে সবার মধ্যে শান্তি, সম্প্রীতি, সুখ ও সমৃদ্ধির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

তবে এই শুভেচ্ছাবার্তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুশি করার কোনো উদ্দেশ্য ছিল কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।