“তিনি একজন ‘পচা’ লোক, অসামাজিক ও লোভী ব্যক্তি। অর্থের প্রভাব দেখিয়ে তিনি আমাদের নানা হুমকি দিচ্ছেন।” টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটী ইউনিয়নের বর্ণি গ্রামে কয়েক দশকের পুরনো একটি গ্রামীণ রাস্তা দখল চেষ্টার অভিযোগে অভিযুক্ত সেলিম রেজার বিরুদ্ধে এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় ভুক্তভোগীরা। আদালতের রায় ও সরকারি অর্থায়নে সংস্কার হওয়ার পরও ওই ব্যক্তির ভয়ে ৫০ বছরের পুরনো রাস্তাটি দিয়ে এলাকাবাসীর চলাচল এখন প্রায় বন্ধ। ফলে চরম ভোগান্তি ও দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ণি গ্রামের ওই রাস্তাটি দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ যাতায়াত করছেন। কৃষিপণ্য আনা-নেওয়া এবং গ্রামের সামাজিক গোরস্থানে যাওয়ার একমাত্র মাধ্যমও এটি। ২০২৩ সালে উপজেলা পরিষদের তহবিল থেকে মাটি ফেলে রাস্তাটি সংস্কার করা হয়। পরবর্তীতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রাস্তার পাশের জমি কেনেন সেলিম রেজা। জমি কেনার পর থেকেই তিনি রাস্তাটি নিজের দাবি করে কেটে ফেলার চেষ্টা চালান।
গ্রামবাসী জানায়, ২০২৬ সালে টিআর ও কাবিখা প্রকল্পের মাধ্যমে রাস্তায় পুনরায় মাটি ফেলা হলে সেলিম রেজা রাস্তার মাঝখানে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ লাগিয়ে সম্পূর্ণ চলাচল বন্ধ করে দেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে গাছগুলো অপসারণ করে ইউনিয়ন পরিষদে নেওয়া হয়। এর আগে রাস্তাটি বন্ধ করার জন্য আদালতে মামলা করা হলে বিজ্ঞ আদালত তা খারিজ করে দেন। আদালতের রায়ে উল্লেখ করা হয়, ২০ বছরের বেশি সময় ধরে জনগণ চলাচল করায় রাস্তাটিতে আইনগতভাবে ‘পাবলিক ইজমেন্ট’ (জনসাধারণের ব্যবহারের অধিকার) তৈরি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা অমূল্য দাস জনস্বার্থে রাস্তাটি দানপত্র করেছেন। সরকারি আইডিভুক্ত হওয়ার পর ২০২৩ ও ২০২৬ সালে সরকারিভাবে এখানে মাটি ভরাটের কাজও করা হয়েছে।’ বর্তমানে রাস্তাটি রক্ষায় প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেলিম রেজা বলেন, ‘আমি সেখানে ১৬০ শতাংশ জমি কিনেছি। জমির পাশের এই রাস্তাটি সরকারি রাস্তা নয়। তাই একক ব্যক্তি স্বার্থের জন্য আমি আমার জমির ওপর দিয়ে রাস্তা দিতে চাই না।’ উল্টো ওই জমিতে কাজ করতে গেলে তাকে নানা হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। তবে তিনি নিজেকে উন্নয়নের পক্ষে দাবি করে বলেন, ‘সরকার যদি ওই অংশটুকু ভূমি অধিগ্রহণ করে নেয়, তবে আমার কোনো আপত্তি নেই। আমি বিষয়টির একটি সুষ্ঠু সমাধান চাচ্ছি।’
দেলদুয়ার উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমীন জানান, ২০২৫ সালে রাস্তাটি এলজিইডির গেজেটের জন্য প্রস্তাবনা করা হয়েছিল। তবে বর্তমানে এটি কোন অবস্থায় আছে তা তিনি নিশ্চিত করতে পারেননি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম বলেন, ‘চলতি বছরে ওই রাস্তায় মাটি ভরাটের কাজ করা হয়েছে, তখন কেউ কোনো বাধা দেয়নি। বর্তমানে এক ব্যক্তি রাস্তাটি তার বলে দাবি করছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে সার্ভে করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা যূথী জানান, রাস্তাটিতে পাবলিক ইজমেন্ট হিসেবে বিজ্ঞ আদালতের রায় রয়েছে। পাবলিক ইজমেন্টের জায়গা একক ব্যক্তিগতভাবে ব্যবহার বা বন্ধ করা সমীচীন নয়। বিজ্ঞ আদালত পরবর্তীতে কোনো নির্দেশনা দিলে আইন ও বিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।
ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদ। ছবি: সংগৃহীত
জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর দুইটার দিকে সালথা থানা রোড এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি ফেরদাউসকে গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ।
ফেরদাউস সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মতিয়ার বিশ্বাসের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।
এদিকে কয়েক দিনের মধ্যে ফেরদাউসের সোনালী ব্যাংকে ম্যানেজার পদে যোগ দেওয়ার কথা ছিল বলে জানিয়েছে তার পরিবার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগের নেতা হিসেবে এলাকায় তার প্রভাব ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর কয়েকদিন ধরে গোপনে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে সালথা থানা রোড এলাকায় ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ঢাবি ছাত্রলীগের নেতা ফেরদাউসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমির উদ্দীন স্মৃতি কলেজে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঘোষিত ধর্মঘট কর্মসূচিতে কলেজের প্রধান ফটকে তালা দিয়ে পোস্টার সাটিয়ে ছবি তোলার সময় আরিফ হাসান নামে ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
আটক আরিফ হাসান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি কলেজ শাখার সাধারণ সম্পাদক। তিনি ওই এলাকার আমিরুল ইসলামের ছেলে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস আলী জানান, সমিরউদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটিয়ে বাইরে থেকে ছবি তুলছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আরিফ। আমরা সকাল থেকেই বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে সতর্ক ছিলাম। তাকে দেখামাত্র ছাত্রদল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধাওয়া করে আটক করি এবং পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করি। ছাত্রলীগের কোনো কার্যক্রম এই উপজেলায় ছাত্রদল সফল করতে দেবে না। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাঠে আছি।
বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) আব্দুল হাকিম জানান, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের একজনকে আটক করা হয়েছে।
নীলফামারী জেলা জাতীয় পার্টির সভাপতি রশিদুল ইসলাম কর্তৃক বিক্রিকৃত জমি জবরদখল ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী।
সোমবার দুপুরে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে ভুক্তভোগী বিশিষ্ট ব্যবসায়ী রিপন মিয়া ওই জাপা নেতার বিরুদ্ধে বিস্তর অভিযোগ করেন।
ভুক্তভোগী জানান, কিশোরগঞ্জ উপজেলা চেয়ারম্যান থাকার সময়ে জাপা নেতার সঙ্গে তার সুসম্পর্ক সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে তিনি ২৪ লাখ টাকা তাকে হাওলাদ দেন। এছাড়া, ষষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচনের সময় মাগুড়া চেকপোষ্টের ৯ শতক জমি তার নিকট বিক্রি করেন। পরে তিনি পাওনা টাকা ফেরত না দিয়ে টালবাহানার আশ্রয় নেন। ২০ লাখ টাকা নিয়ে রেজিষ্ট্রি করে দেওয়া জমি জবরদখল করে নেন। এ ঘটনা আড়াল করতে তিনি বিভিন্ন অপপ্রচার চালান। অভিযুক্ত ওই জাতীয় পার্টির নেতার সঙ্গে যোগযোগ করলে তিনি জানান, আইনি প্রক্রিয়ায় তার সঙ্গে বিরোধের সমাধান হবে।