নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মাইসা ইলহান নুয়া (৭) নামে এক মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ড বা ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার মরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুয়া জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে মাহতাপুর গ্রামের মাহতাপুর নূরানী মাদরাসার প্রথম জামাতের ছাত্রী ছিল।
নিহতের মেঝো জেঠা আলতাফ হোসেন বলেন, তাদের বাড়ি সদর উপজেলার সীমান্তবর্তী বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের নয়নপুর গ্রামে। বাড়ির পাশের সদর উপজেলার মাহতাপুর গ্রামের নূরানী মাদরাসায় পড়ত নুয়া। সোমবার সকালে বাড়ি থেকে মাদরাসায় যায় সে। দুপুরে বাড়িতে ফিরে খাবার খেয়ে আবার মাদরাসায় চলে যায়। বিকেলে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মাহতাপুর গ্রামের একটি বাড়ির সড়কের পাশে ঘরের পেছনে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হত্যাকাণ্ড বা ধর্ষণেরও কোনো আলামত মেলেনি। শিশুটির দাঁত কামড়ানো অবস্থায় ছিল এবং মুখ দিয়ে লালা বের হচ্ছিল। কেউ তাকে মারলে দাঁড় কামড়ানো থাকবেনা, মুখ দিয়ে লালা পড়বেনা। তার মানে বিকল্প কোন কিছু আছে। তবে তদন্ত শেষে পরে বিস্তারিত বলা যাবে।
“তিনি একজন ‘পচা’ লোক, অসামাজিক ও লোভী ব্যক্তি। অর্থের প্রভাব দেখিয়ে তিনি আমাদের নানা হুমকি দিচ্ছেন।” টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটী ইউনিয়নের বর্ণি গ্রামে কয়েক দশকের পুরনো একটি গ্রামীণ রাস্তা দখল চেষ্টার অভিযোগে অভিযুক্ত সেলিম রেজার বিরুদ্ধে এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় ভুক্তভোগীরা। আদালতের রায় ও সরকারি অর্থায়নে সংস্কার হওয়ার পরও ওই ব্যক্তির ভয়ে ৫০ বছরের পুরনো রাস্তাটি দিয়ে এলাকাবাসীর চলাচল এখন প্রায় বন্ধ। ফলে চরম ভোগান্তি ও দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ণি গ্রামের ওই রাস্তাটি দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ যাতায়াত করছেন। কৃষিপণ্য আনা-নেওয়া এবং গ্রামের সামাজিক গোরস্থানে যাওয়ার একমাত্র মাধ্যমও এটি। ২০২৩ সালে উপজেলা পরিষদের তহবিল থেকে মাটি ফেলে রাস্তাটি সংস্কার করা হয়। পরবর্তীতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রাস্তার পাশের জমি কেনেন সেলিম রেজা। জমি কেনার পর থেকেই তিনি রাস্তাটি নিজের দাবি করে কেটে ফেলার চেষ্টা চালান।
গ্রামবাসী জানায়, ২০২৬ সালে টিআর ও কাবিখা প্রকল্পের মাধ্যমে রাস্তায় পুনরায় মাটি ফেলা হলে সেলিম রেজা রাস্তার মাঝখানে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ লাগিয়ে সম্পূর্ণ চলাচল বন্ধ করে দেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে গাছগুলো অপসারণ করে ইউনিয়ন পরিষদে নেওয়া হয়। এর আগে রাস্তাটি বন্ধ করার জন্য আদালতে মামলা করা হলে বিজ্ঞ আদালত তা খারিজ করে দেন। আদালতের রায়ে উল্লেখ করা হয়, ২০ বছরের বেশি সময় ধরে জনগণ চলাচল করায় রাস্তাটিতে আইনগতভাবে ‘পাবলিক ইজমেন্ট’ (জনসাধারণের ব্যবহারের অধিকার) তৈরি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা অমূল্য দাস জনস্বার্থে রাস্তাটি দানপত্র করেছেন। সরকারি আইডিভুক্ত হওয়ার পর ২০২৩ ও ২০২৬ সালে সরকারিভাবে এখানে মাটি ভরাটের কাজও করা হয়েছে।’ বর্তমানে রাস্তাটি রক্ষায় প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেলিম রেজা বলেন, ‘আমি সেখানে ১৬০ শতাংশ জমি কিনেছি। জমির পাশের এই রাস্তাটি সরকারি রাস্তা নয়। তাই একক ব্যক্তি স্বার্থের জন্য আমি আমার জমির ওপর দিয়ে রাস্তা দিতে চাই না।’ উল্টো ওই জমিতে কাজ করতে গেলে তাকে নানা হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। তবে তিনি নিজেকে উন্নয়নের পক্ষে দাবি করে বলেন, ‘সরকার যদি ওই অংশটুকু ভূমি অধিগ্রহণ করে নেয়, তবে আমার কোনো আপত্তি নেই। আমি বিষয়টির একটি সুষ্ঠু সমাধান চাচ্ছি।’
দেলদুয়ার উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমীন জানান, ২০২৫ সালে রাস্তাটি এলজিইডির গেজেটের জন্য প্রস্তাবনা করা হয়েছিল। তবে বর্তমানে এটি কোন অবস্থায় আছে তা তিনি নিশ্চিত করতে পারেননি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম বলেন, ‘চলতি বছরে ওই রাস্তায় মাটি ভরাটের কাজ করা হয়েছে, তখন কেউ কোনো বাধা দেয়নি। বর্তমানে এক ব্যক্তি রাস্তাটি তার বলে দাবি করছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে সার্ভে করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা যূথী জানান, রাস্তাটিতে পাবলিক ইজমেন্ট হিসেবে বিজ্ঞ আদালতের রায় রয়েছে। পাবলিক ইজমেন্টের জায়গা একক ব্যক্তিগতভাবে ব্যবহার বা বন্ধ করা সমীচীন নয়। বিজ্ঞ আদালত পরবর্তীতে কোনো নির্দেশনা দিলে আইন ও বিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের প্রায় ছয় মাসের মাথায় অবশেষে সিলেটের বাসিয়া খাল পুনঃ খননের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে কাজ শুরু হয়। প্রথম দিকে এস্কেভেটর মেশিনের সাহায্যে মাটি কাটার কাজ শুরু করা হয়। পরবর্তীতে এই কাজে শ্রমিকদের যুক্ত করা হবে।
সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন চলতি বছরের ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান। সে দিন তিনি জানিয়েছিলেন, ৪০ কিলো মিটার দীর্ঘ বাসিয়া খালের মধ্যে ২৩ কিলোমিটার পুনঃখনন করা হবে। কাজ শেষ করতে দুই শুকনো মৌসুম লাগবে বলেও জানান তিনি। খাল পুনঃখননের ফলে প্রায় ৮০ হাজার কৃষক উপকৃত হবেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। খাল পুনঃখননের পাশাপাশি ২৩ কিলোমিটার জুড়ে ৫০ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি। তবে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেও কাজ শুরু করতে ছয় মাস বিলম্ব হয়েছে। খালের মাটি পরিমাপ করতে ঢাকা থেকে প্রতিনিধি দলের পরিদর্শনে বিলম্ব হওয়ায় কাজ শুরু হতে প্রায় ছয়মাস সময় লেগেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এছাড়াও পানি থাকায় কাজের পরিবেশ ছিল না বলে জানিয়েছেন তারা।
পাউবো সূত্রে জানা গেছে, ২৩ দশমিক ২৫০ কিলোমিটার খাল পুনঃখননে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ ২০২৮ সালের জানুয়ারি পর্যন্ত। ঠিকাদারি প্রতিষ্ঠান নবারুন ট্রেডার্স প্রাইভেট লিমিটেড এর প্রতিনিধি মো. ওলিউল্লাহ জানান, খালের পানি না কমায় এতোদিন কাজ শুরু করা যায়নি। ২৭ অক্টোবর সকালে কাজ শুরু হয়।
প্রকল্পের দায়িত্বে থাকা সিলেট পানি উন্নয়ন বিভাগের উপসহকারী প্রকৌশলী (সিলেট সদর ও বিশ্বনাথ) মো.সেলিম জাহাঙ্গীর জানান, খালের মাটির পরিমাপ করতে ঢাকা থেকে একটি পরিদর্শন দল সিলেটে এসেছেন। তারা রিপোর্ট পাওয়ার পর যথাযথ প্রক্রিয়ায় কাজ শুরু হতে বিলম্ব হয়েছে। প্রকল্পের মেয়াদ ২০২৮ সালের জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে কাজটি শেষ হয়ে যাবে।
সিলেট পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী (পুর) মো. সানাউল কাদের খান জানান, ২৩ দশমিক ২৫০ কিলোমিটার বাসিয়া খাল পুনঃখনন কর্মসূচির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১০ কোটি টাকায় নবারুন ট্রেডার্স প্রাইভেট লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে খনন কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে তারা বাসিয়া খাল এলাকায় এস্কভেটর নিয়ে কাজ শুরু হয়েছে। বাসিয়া নদীর পাশ্ববর্তী বাসিন্দা এম রহমান জানান, সপ্তাহ দেড়েক আগে কাজ শুরু হয়েছে। তবে কাজ ধীর গতিতে চলছে। প্রথমে হালকাভাবে খনন করা হচ্ছে। পরে পুরোদমে কাজ শেষ করা হবে বলে সংশ্লিষ্টরা তাকে জানিয়েছন বলে তিনি মন্তব্য করেন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আরফাত হোসেন ওরফে আদিব (১০) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিয়েছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের ইয়াকুব আলী মাঝি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে একই দিন সকাল ১০টার দিকে নিজ বাড়িতে মারা যায় আদিব।
নিহত আদিব একই গ্রামের ইয়াকুব আলী মাঝি বাড়ির মো.সাহাব উদ্দিনের ছেলে এবং স্থানীয় দারুস সালাম মডেল মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদিব সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের দারুস সালাম মডেল মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। গত ১৬ অক্টোবর বিকেলে ওই মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ শিব্বির আহমেদ তাকে মারধর করেন। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে মাদরাসার পরিচালক দেলোয়ার হোসেন ছাত্রের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য কিছু নগদ অর্থ সহায়তা করেন। এরপর মাদরাসার শিক্ষকের মারধরে অসুস্থ হয়ে পড়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে সোমবার সকালে নিজ বাড়িতে মারা যায় আদিব।
নিহতের বাবা সাহাব উদ্দিন বলেন, তার ছেলে মাদরাসার হিফজ বিভাগে পড়াশোনা করত। সেখানে পড়ার সময় সে মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়ত। বিভিন্ন জায়গায় চিকিৎসা করানোর পর চিকিৎসকেরা জানান, তার রক্তশূন্যতা ছিল। পরে টাকার অভাবে ছেলের চিকিৎসা চালিয়ে যেতে পারেননি।
অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ছেলে ১০ পারা কোরআন মুখস্থ করেছিল। সেখানে হুজুররাও তাকে কিছু মারধর করছে। শিক্ষকের মারধরে মৃত্যু হয়েছে বলে আমরা মনে করিনা। বাচ্চার হায়াত শুকিয়ে গেছে তাই মারা গেছে। আমরা হুজুরকে দোষারপ করিনা। আমরা আল্লার ওপরে নির্ভরশীল,আল্লাহ বাচ্চা দিয়েছে আল্লাহ নিয়ে গেছে।
দারুস সালাম মডেল মাদরাসার পরিচালক দেলোয়ার হোসেন বলেন, শিক্ষক শাসন করার পর ছাত্রের অভিভাবকেরা আমাকে ফোন করে বিষয়টি জানান। পরে আমি ছাত্রের বাড়িতে গিয়ে তার শরীরে বেতের আঘাতের দাগ দেখতে পাই। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট শিক্ষককে ভর্ৎসনা করেন। পরে জানতে পারেন, ওই ছাত্র আরও বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। তিনি ছাত্রের চিকিৎসার কাগজপত্র দেখতে চেয়েছিলেন, তবে অভিভাবকেরা তা দেখাননি। এমনকি ছাত্রের চিকিৎসার ব্যবস্থা করতে চাইলেও অভিভাবকেরা তাকে কোনো সহযোগিতা করেননি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের স্বজনেরা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। নিহতের শরীরের পা ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭
ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ (নিষিদ্ধ) নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার( ৯ নভেম্বর) পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে। মামলায় ৪১ জন নামীয় ও ৭০-৮০জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
উল্লেখ্য গত রবিবার দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করলে পুলিশের উপর হামলা করে তাকে ছিনিয়ে নেয় তার স্বজনরা। পুলিশ জানিয়েছে সিরাজুল ইসলামের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, সরকারি কাজে বাধা দেয়াসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করে ঘটনাস্থলের আশেপাশে চিরুনি অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন, রাকিব মৃধা (২৫) পিতা- জাহাঙ্গীর মৃধা, রুবেল মৃধা (৩০) পিতা- জাহাঙ্গীর মৃধা, মিল্টন হাওলাদার (২০) পিতা- মজিবুর রহমান,সেলিনা বেগম (৫৫) স্বামী- নূর মোহাম্মদ,সোহেল হাওলাদার (২৭) পিতা- মজিদ হাওলাদার,রাশেদ মৃধা পিতা- মৃত মালেক মৃধা, শহিদুল ইসলাম (২৮) পিতা- মোবারক খলিফা।ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের উর্ধ্বতন কর্মকতারা।
হাতকড়াসহ ছাত্রলীগ সভাপতিকে ছিনতাই, ওসি আহত
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তৌহিদুজ্জামান জানান, আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মূল আসামীসহ বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।
নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম গ্রামের রায়হান নামে এক যুবক সম্প্রতি গেলেন মহাদেবপুর সাব রেজিস্ট্রারের কার্যালয়ে। দাতা-গ্রহিতার নাম দিয়ে পুরোনো দলির খোঁজবেন তিনি। ওই অফিসের নকল নবিশ আবু বক্কর সিদ্দিক দলিলটি খোঁজার দায়িত্ব নিলেন। প্রতিবছর খোঁজার বিনিময়ে তিনশ’ টাকা অগ্রিম নিলেন তিনি। এরপর অফিস থেকে ইনডেক্স খুঁজে দলিলটির তথ্য বের করলেন।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক আর এক যুবক একটি দলিলের জাবেদা নকল তুলতে গেলেন ওই অফিসে। জাবেদা নকল সরবরাহের দায়িত্ব নিলেন আরেক নকল নবিশ আতিকুর রহমান (বড়)। ওই দলিলের জাবেদা নকল সরবরাহের জন্য তিনি চাইলেন দুই হাজার দুইশ’ টাকা। নির্ধারিত সময়ে তিনি সেটি সরবরাহও করলেন। কিন্তু জাবেদা নকলের পিছনের পাতায় জাবেদা বাবদ মোট চারশ’ ৯০ টাকা নেয়া হয়েছে বলে সরকারি সীলমোহরে লেখা ছিল।
সাব রেজিস্ট্রারের নিকট একজন সাংবাদিক তথ্য অধিকার আইনে জানতে চান, তল্লাশি ও জাবেদা নকল বাবদ কত টাকা করে নেয়া হয়। সাব রেজিস্ট্রার উত্তরে জানালেন, তল্লাশি ফি কুড়ি টাকা করে নেয়া হয়, সে টাকা চালানে জমা দেয়া হয়। আর জাবেদা নকল বাবদ বিভিন্ন দলিলে বিভিন্নরকম খরচ নেয়া হয়। খরচের হিসাব আইনে নির্ধারিত রয়েছে। অতিরিক্ত টাকা নেয়ার বিষয়ে সম্প্রতি বদলী হওয়া ওই সাব রেজিস্ট্রার রফিকুল ইসলাম বলেন, সমঝোতার ভিত্তিতে অনেক কিছু হতে পারে। তবে অভিযোগ হলে সে বিষয় খতিয়ে দেখা হবে।
সংশ্লিষ্টরা জানান, প্রতিটি দলিলের জাবেদা নকল সরবরাহের আগে ইনডেক্স তল্লাশি করে নিশ্চিত হতে হয়। সেই তল্লাশি বাবদ সরকারি ঘরে কুড়ি টাকা করে জমা দেয়া হয়। কিন্তু কেউ পুরাতন দলিল তল্লাশি করতে চাইলে বছর প্রতি যে তিনশ’ টাকা করে নেয়া হয়, তার এক টাকাও সরকারি কোষাগারে জমা দেয়া হয়না। প্রতিবছর কয়েক হাজার দলিল তল্লাশি বাবদ লক্ষ লক্ষ টাকা নিয়ে সম্পূর্ণটাই আত্মসাত করা হয়। অপরদিকে জাবেদা নকল বাবদ নেয়া অতিরিক্ত টাকাও আত্মসাত করা হয়। এই দুধরনের কাজের সাথেই জড়িত এই সাব রেজিস্ট্রারের কার্যালয়ে কর্মরত নকল নবিশরা। মোট ৩৫ জন নকল নবিশের নেতৃত্ব দেন আতিকুর রহমান (বড়) ও আবু বক্কর সিদ্দিক। রেজিস্ট্রি করা দলিল থেকে বালাম বইয়ে নকল করা তাদের মূল কাজ। প্রতি পৃষ্ঠা নকল করা বাবদ নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক পেয়ে থাকেন তারা। কিন্তু তল্লাশি আর জাবেদা নকল সরবরাহ বাবদ অবৈধভাবে নেয়া টাকা দিনশেষে ভাগবাটোয়ারা করে নেন। অফিসের কেউ এর প্রতিবাদ করলে তার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র শুরু হয়। আতিকুর কোন বালাম বই না লেখলেও ভূয়া বিল উত্তোলন করেন বলেও অভিযোগ রয়েছে। তাকে দিনের বেশিরভাগ সময় বালাম বই না লিখে অফিসের বিভিন্ন কাজে মধ্যস্থতা করতে দেখা যায়।
স্থানীয়দের দাবি এই চক্রের তৎপরতা বন্ধ করে সরকারিমূল্যে সাধারণ জনতার সেবা নিশ্চিত করা ও এদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার।
জানতে চাইলে আতিকুর রহমান বলেন, তারা কোন অতিরিক্ত টাকা গ্রহণ করেন না। সাব রেজিস্ট্রারের নির্দেশমত তিনি অন্যান্য কাজ করে থাকেন। আবু বক্কর সিদ্দিক পুরোনো দলিল তল্লাশি বাবদ নেয়া তিনশ’ টাকা করে সরকারি কোষাগারে জমা না দেয়ার কথা স্বীকার করেন।
সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি মহাদেবপুরের আগের সাব রেজিস্ট্রার রফিকুল ইসলামকে বদলী করার পর আত্রাই উপজেলা সাব রেজিস্ট্রার মিজানুর রহমানকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। তার ব্যবহৃত মোবাইল নম্বরে বার বার কল দেয়া হলেও তিনি তা রিসিভ করেননি। ফোন রিসিভ করেননি নওগাঁ জেলা রেজিস্ট্রার সাইফুল ইসলামও।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে সিলেট প্রেসক্লাবে। এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) বিকেলে সিলেট প্রেসক্লাব এর উদ্যোগে আমীনুর রশীদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এ সময় তিনি বলেন, “আমাদের জাতীয় জীবনে বিপ্লব ও সংহতি দিবস অত্যন্ত গুরুত্বপুর্ণ দিন। এই দিনে আধিপত্যবাদী চক্রের সব ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহি-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলেন। ৭ নভেম্বরের চেতনাকে কাজে লাগিয়ে সরকার ও বিরোধী দল মিলে সংসদকে কার্যকর করে দেশকে গণতন্ত্র ও অর্থনীতিতে সমৃদ্ধশালী করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সিসিক প্রশাসক আরো বলেন, ৭ নভেম্বর সিপাহি-জনতা সেনানিবাসের বন্দিদশা থেকে স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার গুরুদায়িত্ব অর্পণ করেন। পরবর্তীতে জিয়াউর রহমান বাংলাদেশকে অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ করেন এবং বহির্বিশ্বে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হন।
তিনি বলেন, বিগত ১৭ বছর এই ইতিহাস চাপা পড়ে গিয়েছিল। এখন থেকে এগুলো সামনে নিয়ে আসতে হবে, যাতে করে নতুন প্রজন্ম উজ্জীবিত হয়।
সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন-নূরের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান, সাবেক সহসভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর ও আবদুল কাদের তাপাদার, দৈনিক সিলেট মিরর এর প্রধান সম্পাদক জিয়াউস শামস শাহীন, ক্লাবের কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, সাবেক কোষাধ্যক্ষ কবীর আহমদ সোহেল, সিনিয়র সদস্য এম এ মতিন, সেলিম আউয়াল, মুহিত চৌধুরী ও সাকিব আহমদ মিটু।
উপস্থিত ছিলেন ক্লাব সদস্য মো. দুলাল হোসেন, শেখ আব্দুল মজিদ, একে কাওছার, মো. তাজুল ইসলাম, সহযোগী সদস্য এম এ ওয়াহিদ চৌধুরী প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক সহ সাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম। সভা পরিচালনা করেন সহ সাধারণ সম্পাদক খালেদ আহমদ মেহেদী।