• প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৪৪ পিএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, চিকিৎসকদের প্রচেষ্টায় দেশের স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো হয়েছে। 


তিনি বলেন, বর্তমানে অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়েছে। পাশাপাশি হাসপাতালগুলোতে খাবারের মানও আগের তুলনায় উন্নত হয়েছে। হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতেও সরকার কাজ করে যাচ্ছে।


মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নবনির্মিত ৪ তলা স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক।




স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের চিকিৎসকরা অল্প সময়ে দক্ষতার সঙ্গে জটিল অস্ত্রোপচার ও চিকিৎসাসেবা সফলভাবে সম্পন্ন করছেন। এটি দেশের স্বাস্থ্য খাতের সক্ষমতার বড় প্রমাণ। চিকিৎসকদের দক্ষতা, সাহসিকতা ও রোগীদের প্রতি মানবিক আচরণ প্রশংসনীয়। তিনি বলেন, আমি চিকিৎসক নই, তবে চিকিৎসকদের সম্মান করি। তাদের জন্য কাজ করতে চাই। কারণ চিকিৎসকদের সহযোগিতা ছাড়া স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের কোনো উদ্যোগই সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয়।


হাসপাতালের ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী জানান, এ সমস্যার স্থায়ী সমাধানে কয়েক হাজার কোটি টাকার পৃথক প্রকল্প নেওয়া হয়েছে। মেডিকেল ও সাধারণ বর্জ্য পৃথকভাবে ব্যবস্থাপনার উদ্যোগ চলছে। তিনি বলেন, ভবিষ্যতে দেশের প্রতিটি মানুষের জন্য উন্নত, আধুনিক ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে তিনি গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন।


এর আগে মন্ত্রী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর আইসিইউ, পোস্ট অপারেটিভ, ই-রেজিস্ট্রেশন, কিউআর কোড ও বহির্বিভাগের উদ্বোধন করেন এবং আলোচনা সভায় অংশ নেন। এসময় প্রতিষ্ঠানটির উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি৷ 


নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




শ্রমিকদের চিকিৎসায় ছয়টি হাসপাতাল করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ৮:১১ পিএম

ছয়টি শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের চিকিৎসায় ছয়টি হাসপাতাল করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রধানমন্ত্রী বলেন, মাননীয় স্পিকার আপনি জানলে খুশি হবেন আপনার মাধ্যমে সমগ্র সংসদ এবং দেশবাসীর সামনে আমি তুলে ধরতে চাই যে, এরই মধ্যে শ্রমিক-শ্রমজীবী মানুষের সু-চিকিৎসার সুবিধার জন্য সরকার প্রতিটা ১০০ বেডের করে ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।


তিনি বলেন, বাংলাদেশের মোটামুটি যে শিল্প অঞ্চলগুলো আছে, যেমন টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার, চট্টগ্রাম। ইনিশিয়ালি আমরা এই ছয়টি জায়গায় ১০০ বেডের করে একটি করে হাসপাতাল তৈরি করবো যা শুধু আমাদের শ্রমিক ভাইদের চিকিৎসার সুবিধা প্রদান করবে। শ্রমিকদের জন্য ডেডিকেটেড হাসপাতাল তৈরির তথ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই হাসপাতালগুলো আমরা নামকরণ করবো।


বিগত সময়ে দেশের জ্বালানি-শিল্প ধ্বংস করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা দেখেছি কীভাবে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাকে বিদেশ নির্ভর করে ফেলা হয়েছিল। কীভাবে বাংলাদেশের খনিজ সম্পদকে দেশের মানুষের স্বার্থে ব্যবহার করা হয়নি। সবকিছুকে আমদানি নির্ভর করে ফেলা হয়েছিল। আমরা দেখেছি কীভাবে বাংলাদেশের শিল্পের বিকাশ না ঘটিয়ে বাংলাদেশকে আমদানি নির্ভর করে ফেলা হয়েছিল। কীভাবে এমন সব ইচ্ছাকৃতভাবে পলিসি গ্রহণ করা হয়েছিল যার ফলে বাংলাদেশের শিল্পের বিকাশ করতে পারেনি স্বাভাবিকভাবে।


‌‘ঠিক একইভাবে আমরা দেখেছি সেই স্বৈরাচারের আমলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। স্বৈরাচারের সময় স্বাস্থ্যখাত ধ্বংস করে দেওয়া হয়েছিল।’ সরকারপ্রধান আরও বলেন,  মাননীয় স্পিকার কিছুদিন আগেই এই সংসদের একটি অধিবেশনে মাননীয় বিরোধীদলীয় নেতাও বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তার কনসার্ন তুলে ধরেছিলেন।


বাংলাদেশের চিকিৎসার ক্ষেত্রে দেখেছি স্বৈরাচার চিকিৎসা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। বাংলাদেশের মানুষকে বাধ্য করেছিল বিশেষ কোনো একটি দেশে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য। বর্তমান সরকার বাংলাদেশের মানুষের দ্বারা নির্বাচিত একটি সরকার এই দেশের প্রত্যেকটি প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের জন্য বর্তমান সরকার কাজ করছে। 


  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ২:৪৯ পিএম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট দেবে না বাংলাদেশ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাকে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে বলেছেন, তার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর।


সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


হুমায়ুন কবির বলেন, ‘শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারে না।’


তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা আসতে চাইলে তাকে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরত আসতে হবে। শুধু টাকার জন্য কোনো লবিস্ট যদি তার হয়ে কাজ করে, তাদের নৈতিক অবস্থান কোথায়?’পাসপোর্টের আবেদন প্রসঙ্গে তিনি বলেন, ‘কিসের আবেদন? চাইলে লিখতে পারে। আমিও কাল একজন উকিলকে নিয়ে পারি। কিন্তু একজন টেররিস্টের ক্ষেত্রে এতে কিছু আসে যায় না। অবশ্যই রিপ্রেজেন্টেশন দিতে পারে, কিন্তু ক্লায়েন্ট যা রিসিভ করছে, তা দেখলে নিজের লজ্জায় মরে যাবে। নরমাল কিন্তু বেসিক এবং লিগ্যাল পয়েন্ট অব ভিউ, এথিক্যাল পয়েন্ট অব ভিউ, মরাল পয়েন্ট অব ভিউ থেকে বিষয়টি হলো, আমরা তাকে বিচারের মুখোমুখি করতে চাই।’


হুমায়ুন কবির বলেন, ‘তিনি নিজেই নিজের পাসপোর্টের জন্য আবেদন করেছেন। এটা তো নিজের বিষয় না। ক্রিমিনাল আবার টেররিস্ট, আমার পাসপোর্ট দিয়ে আমি আসি, এটা হয় না। তাকে হ্যান্ডওভার চাওয়া হচ্ছে। সে বেড়াতে আসবে না, নানার বাড়ি আসবে না।’


সাজা কার্যকরের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সাজা কার্যকর হবে। যে দেশ থেকে সে দেশে আসতে চায়, সে এলে তো প্রসিকিউশন টিম বলবে, ইন্ডিয়াকে গিয়ে এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে হ্যান্ডওভার করেন। “আমি এত হত্যা করেছি, আমি সাজা রেডি, আমাকে গিয়ে এক্সিকিউট করেন”, সে কি এটা বলবে? সে বলবে না। এগুলো হচ্ছে দেশ থেকে পালিয়ে যাওয়া চোর, ডাকাত, টেররিস্ট।’


তিনি বলেন, ‘হাসিনা বা হাসিনার পরিবার বলেন, আওয়ামী লীগের লুটেরা বলেন, প্রত্যেকটাই তো পলাতক। যেটাই দেখবেন কথা বলে, প্রত্যেকটাই পলাতক। প্রত্যেকটাই দেশের সম্পদ লুট করেছে বিভিন্নভাবে। প্রত্যেকটাই জায়গা দখল, বাড়ি দখল, কিলিংয়ের সঙ্গে জড়িত। এগুলোর প্রতি বাংলাদেশের মানুষের ঘৃণা আছে। ওয়ার্ল্ডওয়াইড যারা এথিক্যাল মানুষ, তারাও এদের ঘৃণা করেন।’


তিনি আরও বলেন, ‘রাজনৈতিকভাবে সবদিকে পালিয়ে গিয়ে এ সম্বন্ধে রাষ্ট্রীয় সময় এত নষ্ট করার দরকার নেই। অলরেডি রায় হয়ে গেছে। এক কেসে হয়েছে, আরও কত কেস বাকি আছে। কার্যকরের বিষয়ের জন্য তো তাকে বাংলাদেশে দরকার। আর এর জন্যই তো এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমেই হ্যান্ডওভার হবে।’


প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত পাঠাতে বাংলাদেশ ভারতকে স্পষ্টভাবে জানিয়েছে।


এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে বাংলাদেশে ফিরতে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে সোমবার আবেদন করেছেন শেখ হাসিনা। ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটিকে তার নেওয়া সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


উল্লেখ্য, দুই বছরেরও বেশি সময় আগে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা।


প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

  • প্রকাশ : রবিবার ০৮ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৩৯ পিএম

সরকারি সেবা নিতে গিয়ে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, তা কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মিলনায়তনে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


এ সময় নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সঙ্গে জনগণের সেবা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রী বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা হিসেবে আপনাদের কাছে জনগণ শুধু আদেশ-নির্দেশ নয়, মানবিকতাও আশা করে। সরকারি সেবা নিতে গিয়ে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, তা কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে।’


তারেক রহমান বলেন, ‘একটি সরকারের সার্বিক সফলতার জন্য দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন অত্যন্ত জরুরি। এ ধরনের বৈশিষ্ট্য শুধু একজন কর্মকর্তাকেই সমৃদ্ধ করে না, রাষ্ট্র ও সরকারকেও সমৃদ্ধ করে।’


নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘একাডেমিক জ্ঞান অর্জনের পর ব্যবহারিক জীবনে সেই জ্ঞান প্রয়োগের কলাকৌশল তারা প্রশিক্ষণের মাধ্যমে শিখেছেন। এখন সরকারি প্রশাসনে যে যার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে অর্জিত জ্ঞানের প্রতিফলন ঘটাতে হবে।’


তিনি বলেন, ‘বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে তাদের কর্মস্থল ও কাজের ধরন ভিন্ন হতে পারে। তবে তাদের সবার প্রথম ও প্রধান পরিচয় তারা জনপ্রশাসনের কর্মকর্তা। তাদের মূল দায়িত্ব জনগণের সেবা করা।’


প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মকর্তা হিসেবে কী করা উচিত আর কী করা উচিত নয়, তা কর্মকর্তারা নিজেরাই ভালো জানেন। তবে জানা বিষয়গুলো কর্মক্ষেত্রে বাস্তবায়নের সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’


নির্মোহ ভাবে নাগরিক সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জীবনের প্রয়োজনে প্রত্যেকেরই কখনো না কখনো অন্যের সহযোগিতার প্রয়োজন হয়। নিজেরা অন্যের কাছ থেকে যে ধরনের ব্যবহার প্রত্যাশা করেন, সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গেও ঠিক তেমন আচরণ করতে হবে।’


প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো নাগরিকের আবেদনপত্রে ভুল থাকলে শুধু ভুলের কথা জানিয়ে তাকে ফিরিয়ে না দিয়ে সুনির্দিষ্টভাবে ভুলটি দেখিয়ে দেওয়া এবং কোথায় গিয়ে তা সংশোধন করতে হবে, সে বিষয়ে পরামর্শ দেওয়া উচিত। এটিই মানবিকতা ও আন্তরিকতার বহিঃপ্রকাশ।’


তিনি বলেন, ‘প্রশাসনের কর্মকর্তাদের অবশ্যই বিধিবদ্ধ নিয়ম ও আইনের আওতায় দায়িত্ব পালন করতে হবে। তবে দায়িত্ব পালনের সময় নাগরিকের সঙ্গে মানবিক আচরণ করা হচ্ছে কী না, সেটিও আধুনিক রাষ্ট্র ও প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।’


কর্মকর্তাদের পছন্দের পদে পদায়ন কিংবা পদোন্নতির জন্য পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে আপস না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের যেকোনো স্থানে জনপ্রশাসনের যেকোনো পদে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকাই চূড়ান্ত পেশাদারিত্বের পরিচয়। একটি সরকার যেমন চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদও কারও জন্য চিরস্থায়ী নয়।’


প্রশাসনে রাজনৈতিক নিরপেক্ষতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দলের প্রতি কর্মকর্তাদের ব্যক্তিগত সমর্থন থাকাটা দোষের নয়। তবে সেই সমর্থনের প্রতিফলন ঘটতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়।’


বর্তমান সরকারও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘তবে জনগণ নির্বাচনে ভোট দিয়ে যে ইশতেহারের পক্ষে রায় দিয়েছে, সেটি এখন জনগণের ইশতেহার ও জনগণের দলিল। সেই ইশতেহার বাস্তবায়নে প্রশাসনিক দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।’


প্রধানমন্ত্রী বলেন, ‘প্রশাসনে দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবা সহজ ও নাগরিকবান্ধব করার ক্ষেত্রে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের ইতিবাচক মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নবীন কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে।’


পরিবেশ ও পরিচ্ছন্নতার বিষয়েও নবীন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘ঘরবাড়ি, অফিস-আদালতসহ চারপাশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন পরিবেশ ও দেশ গড়ে তোলা সম্ভব হবে।’


অনুষ্ঠানে চার মাসব্যাপী ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে শীর্ষ ১০ জনের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর জন প্রসাশন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীসহ অনেকে।


ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ০৮ নভেম্বর, ২০২৬, সময় : ৮:০৪ পিএম

প্রথম ধাপে সারাদেশে এক হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। 


ইসির পরিকল্পনা অনুযায়ী, পাঁচ ধাপের ইউপি নির্বাচন আগামী বছরের ২১ জানুয়ারি শুরু হবে। ওইদিন প্রথম ধাপের নির্বাচন শেষে ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ, ২৯ এপ্রিল তৃতীয় ধাপ, ১৩ মে চতুর্থ ধাপ এবং ২৭ মে পঞ্চম ও শেষ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর প্রথম ধাপের নির্বাচনের ছয় সপ্তাহ আগে তপশিল ঘোষণা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।


আখতার আহমেদ বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে। প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপিতে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে ইসির। এ ক্ষেত্রে সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’


তিনি বলেন, ‘ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। তবে অব্যবহৃত ইভিএমগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি নির্বাচন কমিশন।’


তিনি জানান, ইসি ছয় বছর বয়স থেকেই নাগরিকদের তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে।


  • প্রকাশ : রবিবার ০৮ নভেম্বর, ২০২৬, সময় : ৩:১৬ পিএম

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ। রোববার (৮ নভেম্বর) তিনি নতুন এ দায়িত্বে যোগ দেন। এর আগে গত ৩ নভেম্বর তাকে এসআরবির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।


ফারুক আহমেদ ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও পদে দায়িত্ব পালন করেছেন।


তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আওতায় লাইবেরিয়া ও সুদানেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।


শিক্ষাজীবনে ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।


এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার সম্মানে স্বাগত দরবার অনুষ্ঠিত হয়। সেখানে বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি জনমানুষের কল্যাণে আন্তরিকতা, পেশাদারত্ব, জবাবদিহি ও নিয়মতান্ত্রিক উপায়ে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন।


এ সময় দেশের জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এসআরবি ফোর্সেসকে একটি রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেওয়ার জন্য বাহিনীর সব পর্যায়ের সদস্যদের নির্দেশ দেন নতুন মহাপরিচালক।


খাদ্যমন্ত্রী আফরোজা খানম

  • প্রকাশ : রবিবার ০৮ নভেম্বর, ২০২৬, সময় : ২:৪৬ পিএম

২০২৬-২৭ অর্থবছরে আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ মেট্রিক টন। প্রতি কেজি ৩৫ টাকা দরে কৃষকদের কাছ থেকে এ ধান কিনবে সরকার। রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।খাদ্যমন্ত্রী জানান, কৃষকেরা বিক্রি করতে চাইলে লক্ষ্যমাত্রার বাইরেও ধান সংগ্রহ করা হবে। এ ছাড়া ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল প্রতি কেজি ৪৯ টাকা দরে এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল প্রতি কেজি ৪৮ টাকা দরে সংগ্রহ করবে সরকার।


তিনি জানান, আগামী ১৪ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ চলবে। আর চাল সংগ্রহ করা হবে ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।


চালের বাজার পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, মোটা চালের দাম বাড়েনি, তবে মিনিকেট চালের দাম বেড়েছে।চাল রপ্তানির সুযোগ অন্তর্বর্তী সরকারের সময় দেওয়া হয়েছিল উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। খাদ্যের অভাবে কেউ মারা যাবে না। কৃষকদের ভালো অবস্থানে নিয়ে যেতে কাজ করছে সরকার।


খাদ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ১৭ লাখ মেট্রিক টন চাল এবং ৩ লাখ মেট্রিক টন গম মজুদ রয়েছে।