• প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ৫:২৩ পিএম

'রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যে নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা নির্বাহি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। 


উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার আনোয়ার হোসেন, ভেটেরিনারি সার্জন ডাঃ ইসারাতুজ্জাহান ইমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি দেলোয়ার হোসেন, অফিসার ইনচার্জ আব্দুল গফুর, জামায়তের আমির রবিউল ইসলাম, সেক্রেটারি শিব্বির আহমেদ, খামারি আশিকুর রহমান,এসমোতারা আজম চায়না প্রমূখ।


উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন,দেশের অর্থনীতি, পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে নিরাপদ দুধ, ডিম ও মাংস উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি গবাদিপশুর রোগ প্রতিরোধ, উন্নত জাতের পশু পালন এবং খামারিদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।




  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৫০ পিএম

নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৭) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন তরুণের বিরুদ্ধে। এ সময় তারা ধর্ষণের ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় করা মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দুই আসামি পলাতক রয়েছেন।


গত ২০ অক্টোবর এ ঘটনা ঘটে। সম্প্রতি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ২৩ নভেম্বর কিশোরীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার এজাহার অনুযায়ী, মো. শিপন (২২), সাইফুল ইসলাম (২৩) ও মোছলে উদ্দিন (২৪) এ ঘটনায় জড়িত।


ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, প্রায় এক মাস ধরে মেয়ের আচরণে পরিবর্তন লক্ষ করছিলেন তিনি। পরে ২২ নভেম্বর ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ার খবর পেয়ে মেয়ের কাছ থেকে ঘটনা জানতে পারেন। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রধান আসামি শিপনকে আটক করে পুলিশে দেওয়া হয়।


কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, গ্রেপ্তার শিপন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কিশোরীর জবানবন্দিও আদালতে রেকর্ড করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।


বড় বোনের ধর্ষক এখনো গ্রেপ্তার হয়নি

নির্যাতিত কিশোরীর বড় বোনও ২০১২ সালে ধর্ষণের শিকার হন। তিনি বাক্‌প্রতিবন্ধী। ওই ঘটনায় করা মামলায় গত বছরের ডিসেম্বরে রাজীব হোসেন নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়। তবে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। তিনি বর্তমানে বিদেশে রয়েছেন বলে পরিবারের ধারণা। ওই ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটির একটি সন্তান রয়েছে, যার বয়স প্রায় ১৩ বছর।


কিশোরীর বাবা বলেন, ধর্ষণের শিকার তার মেয়ে পরে এক ছেলের জন্ম দিয়েছেন। ছেলেটির বয়স এখন প্রায় ১৩ বছর। তবে মামলার আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। গত বছরের ডিসেম্বরে মামলার রায়ে ওই যুবকের যাবজ্জীবন সাজা হয়। তবে তিনি শুনেছেন, আসামি বর্তমানে বিদেশে রয়েছেন। বড় মেয়ের ধর্ষণের বিচার চাইতে গিয়ে দীর্ঘদিন মামলা চালাতে গিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। এখন ছোট মেয়েও ধর্ষণের শিকার হওয়ায় নতুন করে মামলা চালানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তিনি পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।


কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া বলেন, আগের ঘটনার বিষয়ে তার জানা ছিল না। দ্বিতীয় ঘটনায় মামলা হওয়ার পর জেনেছেন। আগের মামলার সাজাপ্রাপ্ত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে তাকে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।


  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৪৫ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মধ্যরাতে সড়কে অগ্নিসংযোগ ও গাছ ফেলে অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় দলটির পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মাইন উদ্দিন (৩৭), সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু ছায়েদ (২৯), চরফকিরা ৪ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগকর্মী সাইফ উদ্দিন পলাশ (১৯), একই এলাকার কামরুজ্জামান (২০) ও ইমাম হোসেন (২২)।


রোববার (২৯ নভেম্বর) দুপুরে তাদের নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মধ্যরাতে বসুরহাট পৌরসভার বসুরহাট-দাগনভূঞা সড়কে ৩-৪ জন নেতাকর্মী এসে আগুন জ্বালিয়ে এবং গাছ ফেলে কিছুক্ষণ অবস্থান করেন। পরে ভোররাতে বসুরহাট-চৌধুরীহাট সড়কে একটি বড় গাছ কেটে ফেলে অবরোধ সৃষ্টি করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন। আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরে সকালে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত। তাদের গ্রেপ্তার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৪১ পিএম

নওগাঁর মহাদেবপুরে খোর্দ্দকালনা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) দুপুরে সমিতির নিজস্ব কার্যালয়ে সাড়ম্বরে এর আয়োজন করা হয়। 


সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুল মজিদ এতে সভাপতিত্ব করেন। উপজেলা সমবায় কর্মকর্তা পলাশ কুমার প্রামনিক এতে প্রধান অতিথি এবং সমবায় দপ্তরের সহকারি পরিদর্শক জ্যোৎস্না খাতুন, সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, সাংবাদিক ইউসুফ আলী সুমন প্রমুখ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন।

সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বার্ষিক রিপোর্ট পেশ করেন। সমিতির সদস্যরা সার্বিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পরে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়।


উল্লেখ্য, ২০০৬ সালে খোর্দ্দকালনা খাল খনন করে খালের উভয় পাশের কর্মজীবী সদস্যদের নিয়ে সমিতিটি গঠন করা হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ৪১৩ এবং এর মূলধন ছয় লক্ষ টাকার বেশী। সদস্যরা এ থেকে ঋণ নিয়ে স্বাবলম্বী হচ্ছেন। 


  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৩৭ পিএম

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।রোববার (২৯ নভেম্বর) যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, বিজিবিএম, পিএসসি।


অনুষ্ঠানে নীলফামারী জেলা প্রশাসক  মো: হুমায়ূন কবির,পঞ্চগড় জেলা প্রশাসক, নীলফামারী পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম সহবিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক কর্মকর্তা এবং ৫৬ বিজিবির সদস্যরা অংশ নেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।


আলোচনা সভায় ব্যাটালিয়নের গৌরবময় পথচলা ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে কেক কাটা, পুরস্কার বিতরণী ও প্রীতিভোজের আয়োজন করা হয়।আয়োজকরা মনে করেন, এ ধরনের আয়োজন বিজিবি সদস্যদের পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, মনোবল ও পেশাগত দায়িত্ববোধ আরও সুদৃঢ় করবে।


  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৩৩ পিএম

বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় সাধারণ জনগণের জন্য আধুনিক ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করতে দিনাজপুরে চালু করা হয়েছে ‘সীমান্ত কেয়ার’।


দিনাজপুর সেক্টর মেইন গেটসংলগ্ন এ সেবা কেন্দ্রের মাধ্যমে এখন থেকে সীমান্ত ব্যাংকের বিভিন্ন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দারা।


রোববার (২৯ নভেম্বর ২০২৬) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সীমান্ত কেয়ার’-এর উদ্বোধন করেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।


উদ্বোধনী অনুষ্ঠানে সীমান্ত ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান, পদাতিক, অন্যান্য কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) এবং বিভিন্ন পদবীর বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।


নতুন এ সেবা কেন্দ্রের মাধ্যমে ব্যাংক হিসাব খোলা, অর্থ জমা ও উত্তোলনসহ সীমান্ত ব্যাংকের প্রচলিত বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে। ফলে ব্যাংকিং কার্যক্রমের জন্য দূরে যাতায়াতের প্রয়োজনীয়তা কমার পাশাপাশি সময় ও শ্রম সাশ্রয় হবে গ্রাহকদের।


বিশেষ করে বিজিবি সদস্যদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম সহজ করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের আর্থিক সেবা গ্রহণের সুযোগ সম্প্রসারণে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


সীমান্ত ব্যাংকের সেবাকে আরও জনবান্ধব ও সহজলভ্য করার পাশাপাশি বিজিবি সদস্যদের কল্যাণ এবং স্থানীয় জনগণের ব্যাংকিং সুবিধা বৃদ্ধিতে দিনাজপুরের ‘সীমান্ত কেয়ার’ নতুন একটি সেবাকেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২৯ নভেম্বর পঞ্চগড়বাসীর গৌরব, বীরত্ব ও আত্মত্যাগের স্মরণীয় দিন

নানা আয়োজনে পঞ্চগড়ে হানাদার মুক্ত দিবস পালিত


  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৩০ পিএম

নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ২৯ নভেম্বর দীর্ঘ লড়াই, রক্তক্ষয়ী যুদ্ধ ও অসীম সাহসিকতার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা এবং মুক্তিকামী জনতা পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে পঞ্চগড়কে মুক্ত করেছিলেন। দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি পঞ্চগড়বাসীর জন্য অত্যন্ত গৌরব, আনন্দ ও আত্মত্যাগের স্মারক। প্রতিবছরের মতো এবারও জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।


এ উপলক্ষে রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা পরিষদ, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি দপ্তর ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন।


পরে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এরপর জেলা শহরের চৌরঙ্গী এলাকায় করতোয়া সেতুর উত্তর পাশে অবস্থিত শহীদ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধা ও নিরীহ মানুষের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।


পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ অন্যরা।


বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পঞ্চগড়ের মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের অসামান্য অবদান রয়েছে। তাঁদের সাহসিকতা, আত্মত্যাগ ও দেশপ্রেমের বিনিময়েই অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।


মুক্তিযুদ্ধের ইতিহাসে পঞ্চগড়ের মুক্তির প্রেক্ষাপট


১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ শুরু করে। এরপর দেশের বিভিন্ন স্থানে দখলদার বাহিনীর আক্রমণ ছড়িয়ে পড়ে। তবে পঞ্চগড় ১৬ এপ্রিল পর্যন্ত শত্রুমুক্ত ছিল। ১৭ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে পাকিস্তানি বাহিনী সড়কপথে এসে পঞ্চগড় শহর দখল করে নেয়।


পরবর্তীতে পাকিস্তানি বাহিনী জেলার চারটি উপজেলা দখলে নিলেও তেঁতুলিয়ায় প্রবেশ করতে পারেনি। অমরখানা এলাকায় চাওয়াই নদীর ওপর অবস্থিত সেতুটি মুক্তিযোদ্ধারা ভেঙে দেওয়ায় পাকিস্তানি সেনাদের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়। ফলে মুক্তিযুদ্ধের পুরো সময়জুড়েই তেঁতুলিয়া শত্রুমুক্ত ছিল। মুক্তাঞ্চল হিসেবে তেঁতুলিয়া সে সময় মুক্তিযুদ্ধের বিভিন্ন কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। অস্থায়ী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ সভা ও নানা কার্যক্রমও সেখানে অনুষ্ঠিত হয়েছিল।

নভেম্বর মাসে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বে পঞ্চগড় মুক্ত করার অভিযান আরও জোরদার হয়। ১ নভেম্বর থেকে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী যৌথভাবে পাকিস্তানি বাহিনীর প্রতিরক্ষা অবস্থানের ওপর আক্রমণ শুরু করে। একের পর এক এলাকা শত্রুমুক্ত হতে থাকে।


যুদ্ধের ধারাবাহিকতায় ২০ নভেম্বর অমরখানা, ২৫ নভেম্বর জগদলহাট এবং ২৬ নভেম্বর শিংপাড়া মুক্ত হয়। ২৭ নভেম্বর পূর্ব তালমাসহ একই দিনে আটোয়ারী, মির্জাপুর ও ধামোর এলাকা শত্রুমুক্ত করেন মুক্তিযোদ্ধারা। এরপর রাতেই মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী পঞ্চগড় সিও অফিস এবং ঘাটিয়ারপাড়া এলাকায় নিজেদের সম্মুখ অবস্থান তৈরি করে।


২৮ নভেম্বর মুক্তিযোদ্ধারা পঞ্চগড় শহরের চারদিক থেকে পাকিস্তানি বাহিনীর ওপর প্রচণ্ড আক্রমণ চালান। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধ ও যৌথবাহিনীর আক্রমণে শহরের পূর্বদিকে প্রতিরক্ষা অবস্থানে থাকা পাকিস্তানি সেনারা টিকতে না পেরে পিছু হটতে শুরু করে। তারা টুনিরহাট, দেবীগঞ্জ হয়ে ডোমারের দিকে কাঁচা সড়ক ধরে সৈয়দপুরের অভিমুখে পালিয়ে যায়।


২৮ নভেম্বর রাতে মুক্তিবাহিনী, ভারতীয় মিত্রবাহিনী, ট্যাংক ও পদাতিক বাহিনীর সম্মিলিত সাঁড়াশি আক্রমণে পাকিস্তানি বাহিনী চূড়ান্তভাবে পরাজিত হয়। অবশেষে হানাদার বাহিনী পঞ্চগড়ের মাটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ২৯ নভেম্বর ভোরে শত্রুমুক্ত হয় পঞ্চগড়। উড়তে থাকে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা।


রক্তের বিনিময়ে অর্জিত পঞ্চগড়ের মুক্তি

পঞ্চগড়কে শত্রুমুক্ত করতে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ভারতীয় মিত্রবাহিনীর সদস্যরাও অসীম সাহসিকতার পরিচয় দেন। এ সময় পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে ৪৮ জন মুক্তিযোদ্ধাসহ প্রায় শতাধিক মিত্রবাহিনীর সদস্য শহীদ হন। আহত হন আরও অনেকে।


দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, অসংখ্য মানুষের আত্মত্যাগ এবং বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার মধ্য দিয়ে অর্জিত হয় পঞ্চগড়ের স্বাধীনতা। তাই ২৯ নভেম্বর শুধু একটি ঐতিহাসিক দিন নয়, এটি পঞ্চগড়বাসীর গর্ব, বীরত্ব, শোক ও বিজয়ের এক অবিস্মরণীয় অধ্যায়। প্রতিবছর এ দিনটি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে এবং শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়।