সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধারের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছেও শেষ মুহূর্তে তা উদ্ধার করতে পারেনি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রাজধানীর মিরপুরে ফোনটির সর্বশেষ অবস্থান শনাক্ত করে মাত্র ২২০ মিটার দূরে পৌঁছে গিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দলটি।তবে ঠিক ওই মুহূর্তে আসিফ নজরুল আগের সিম উত্তোলন করলে ছিনতাই হওয়া ফোনে থাকা পুরোনো সিমটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এবং তাৎক্ষণিক ট্র্যাকিং সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
শুক্রবার (১৩ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
অভিযানের বর্ণনা দিয়ে অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, ‘বুধবার গাড়ির খোলা জানালা দিয়ে ছিনতাই হওয়া আসিফ নজরুল স্যারের মোবাইল ফোনটি বৃহস্পতিবার সকালেও সচল ছিল। প্রযুক্তির সহায়তায় আমরা মিরপুরে ফোনটির অবস্থানের খুব কাছাকাছি, মাত্র ২২০ মিটার দূরে পৌঁছে গিয়েছিলাম এবং সেটি উদ্ধারে চূড়ান্ত চেষ্টা চলছিল। কিন্তু দুর্ভাগ্য ও যোগাযোগের সমন্বয়হীনতার কারণে ঠিক সে সময় স্যার আগের সিম উত্তোলন করে ফেলেন। এতে আগের সিমটি বন্ধ হয়ে যাওয়ায় হারিয়ে যাওয়া মোবাইলের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।’ তবে বিকল্প উপায়ে ফোনটি উদ্ধারের প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে বলে জানান তিনি।উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যার দিকে ধানমন্ডি থেকে নিউমার্কেট এলাকায় যাওয়ার পথে সোবহানবাগ সংলগ্ন সড়কে যানজটের মধ্যে চলন্ত গাড়ির খোলা জানালা দিয়ে ছোঁ মেরে আসিফ নজরুলের আইফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় এক ছিনতাইকারী।
এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার সূত্র ধরে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং এসআরবি যৌথভাবে ছায়া তদন্ত ও অভিযান পরিচালনা করছে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং পুলিশের পাশাপাশি অন্যান্য বিশেষায়িত সংস্থাও ফোনটি উদ্ধারে কাজ করছে।
তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ছিনতাই হওয়া ডিভাইসটি ‘আইফোন’ হওয়ায় এর নিরাপত্তা ব্যবস্থা ও কারিগরি জটিলতার কারণে তা উদ্ধারে কিছুটা বাড়তি সময় লাগতে পারে। কর্মকর্তাদের মতে, বর্তমানে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রগুলো আইফোনসহ দামি স্মার্টফোন ছিনতাইয়ের পরপরই সেগুলোর যন্ত্রাংশ (পার্টস) খুলে আলাদা করে ফেলে, যার ফলে চোরাই ফোন অক্ষত অবস্থায় উদ্ধার করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে দাঁড়ায়।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বিরক্তি প্রকাশ করে আসিফ নজরুল লিখেছিলেন, গাড়ির জানালা খোলা থাকায় এক সেকেন্ডের মধ্যে এক তরুণ ফোনটি ছোঁ মেরে নিয়ে পালিয়ে যায়। পাশাপাশি ওই নম্বর থেকে কেউ টাকা চাইলে বা সন্দেহজনক কোনো বার্তা পাঠালে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, রাজধানীর ব্যস্ত সড়কে চলন্ত গাড়ির জানালা দিয়ে ভিআইপি ব্যক্তিদের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা নতুন নয়। এর আগে ২০২১ সালের ৩০ মে সন্ধ্যায় বিজয় সরণি সড়কে ঠিক একই কায়দায় তৎকালীন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে তাঁর ব্যবহৃত আইফোনটি ছোঁ মেরে নিয়ে যায় ছিনতাইকারীরা। সে সময় ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা না থাকায় তাৎক্ষণিক কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে ঘটনার প্রায় দেড় মাস পর, ওই বছরের ১৯ জুলাই অন্য একটি ছিনতাই মামলার তদন্তে নেমে উদ্ধারকৃত বেশ কিছু চোরাই ফোনের মধ্য থেকে তৎকালীন মন্ত্রীর সেই আইফোনটি উদ্ধার করতে সক্ষম হয়েছিল পুলিশ।
মধ্যরাতে ৩ মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
পবিত্র কোরআন ও রাসূলুল্লাহ (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ‘আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, আলেমগণ মানুষকে সত্য, ন্যায় ও মানবতার পথ দেখান এবং সমাজে তাদের গভীর প্রভাব রয়েছে। সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িক হিংসা-বিদ্বেষ এবং নারী ও শিশু নির্যাতন দূর করতে আলেমরা আরো কার্যকর ভূমিকা রাখতে পারেন। এ সময় তিনি তরুণদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিকতায় উদ্বুদ্ধ করতে আলেমদের এগিয়ে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিদের সাফল্যের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, এ দেশের ক্বারী ও হাফেজরা তাদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন এবং দেশের সুনাম বৃদ্ধি করছেন, যা আমাদের জাতীয় গৌরবের বিষয়। একই সঙ্গে তিনি বাংলাদেশের সমৃদ্ধ কোরআনিক ঐতিহ্যকে আরও এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ, আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ। মহানবী (সা.) অন্যান্য ধর্মাবলম্বীদের সমন্বয়ে যে সমাজব্যবস্থা, পারস্পরিক অধিকার ও শান্তিপূর্ণ অবস্থানের দৃষ্টান্ত স্থাপন করেছেন, জাতীয় জীবনেও শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণীয়। তিনি বলেন, “সেই দৃষ্টান্তকে পাথেয় করেই আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে, সব ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবে এবং ন্যায়বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্য হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি।”
ইসলামের প্রচার ও প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ইসলামি মূল্যবোধের প্রতি শ্রদ্ধা এবং ধর্মীয় প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কল্যাণে কাজ করছে। পাশাপাশি সব ধর্মের সহাবস্থান, স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতেও সরকার বদ্ধপরিকর।
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ দীর্ঘমেয়াদে সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, অতীতের ফ্যাসিবাদ, দুর্নীতি ও অন্যায়ের পুনরাবৃত্তি রোধে সবাইকে ঐক্যবদ্ধ ও সদা সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি আয়োজক সংগঠন ‘আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ’-এর কার্যক্রমের প্রশংসা করেন এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ক্বারী ও অতিথিদের শুভেচ্ছা জানিয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। স্বাগত বক্তব্য দেন সংস্থার নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের হুইপ মিয়া নূর উদ্দিন আহমেদ অপু, সম্মেলনের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের হাওয়ারিয়ান পরিষদের সভাপতি আনোয়ার আলদীন এবং সংস্থার আহ্বায়ক মাওলানা মোহাম্মদ ইউসুফ প্রমুখ।
তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
জতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ শেষে তুরস্কের আন্তালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন তিনি। ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সিনিয়র রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল।
আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে গত ১০ নভেম্বর তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়ন এবং গ্রিন জোনে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্য পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এ সফরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও ভারতের পতাকা।
বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। আগামী ১৭- ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কূটনৈতিক সূত্র জানায়, সংলাপটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের পরিপ্রেক্ষিতে উভয়পক্ষের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বৈঠকটি স্থগিত হয়েছে।
সূত্র জানায়, দুই দেশের মধ্যে কনস্যুলার সংলাপের পঞ্চম পর্ব ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। সংলাপে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনার জন্য নির্ধারিত ছিল।
২০১৭ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপের প্রক্রিয়া শুরু হয়। এখন পর্যন্ত দুই দেশের মধ্যে চার দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ, ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে চতুর্থ দফার সংলাপ অনুষ্ঠিত হয়।
মীর শাহে আলম। ছবি: সংগৃহীত