ছবি : সংগৃহীত
আপনার প্রতিদিনের ক্লান্তি কেবল কাজের চাপ নয়, বরং এর পেছনে থাকতে পারে গভীর কোনো কারণ। বিশ্ববিখ্যাত স্বাস্থ্যবিষয়ক পোর্টাল হেলথলাইন-এর এক প্রতিবেদনে চিকিৎসা বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, দীর্ঘস্থায়ী ক্লান্তি বা অবসাদ অনেক সময় জীবনযাত্রার ভুল অভ্যাস কিংবা শরীরের ভেতরে লুকিয়ে থাকা কোনো রোগের লক্ষণ হতে পারে।
নিচে আপনার অতিরিক্ত ক্লান্তির ১২টি প্রধান কারণ ও প্রতিকার তুলে ধরা হলো:
১. পর্যাপ্ত ও মানসম্মত ঘুমের অভাব: ঘুমের সময় শরীর তার প্রয়োজনীয় মেরামত কাজ এবং গুরুত্বপূর্ণ হরমোন নিঃসরণ করে। কেবল কয়েক ঘণ্টা ঘুমানো যথেষ্ট নয়, ঘুমের মান ভালো হওয়া জরুরি। ঘুমের অভাব সরাসরি শরীরকে অবসাদগ্রস্ত করে তোলে।
২. পুষ্টি উপাদানের ঘাটতি: অনেকের ক্ষেত্রেই দেখা যায় ৭-৮ ঘণ্টা ঘুমানোর পরও ক্লান্তি যাচ্ছে না। এর কারণ হতে পারে আয়রন, ভিটামিন বি২ (রিবোফ্লাভিন), নিয়াসিন বা ভিটামিন বি১২-এর অভাব। সুষম খাবার গ্রহণের মাধ্যমে এই ঘাটতি পূরণ করা সম্ভব।
৩. দীর্ঘস্থায়ী মানসিক চাপ: অতিরিক্ত মানসিক চাপ শরীর ও মনকে নিস্তেজ করে দেয়। দীর্ঘদিনের স্ট্রেস থেকে ‘এক্সহশন ডিসঅর্ডার’ বা অবসাদজনিত সমস্যা তৈরি হতে পারে।
৪. অপ্রকাশিত শারীরিক সমস্যা: যদি কোনো কারণ ছাড়াই সবসময় ক্লান্ত লাগে, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। থাইরয়েড সমস্যা (হাইপোথাইরয়েডিজম), ডায়াবেটিস, স্লিপ অ্যাপনিয়া বা ডিপ্রেশন ক্লান্তির বড় কারণ হতে পারে।
৫. ভারসাম্যহীন খাদ্যাভ্যাস: শরীরের শক্তি বজায় রাখতে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। অতিরিক্ত প্রসেসড ফুড বা চিনিযুক্ত খাবার রক্তে শর্করার মাত্রা ওঠানামা করিয়ে আপনাকে দ্রুত ক্লান্ত করে ফেলে।
৬. অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ: কফি বা এনার্জি ড্রিংক সাময়িকভাবে চাঙা ভাব দিলেও এর ওপর অতিরিক্ত নির্ভরতা উল্টো ফল দেয়। বেশি ক্যাফেইন ঘুমের সাইকেল নষ্ট করে দেয়, যা পরের দিন আপনাকে আরও বেশি ক্লান্ত করে তোলে।
৭. পানিশূন্যতা বা ডিহাইড্রেশন: শরীরের প্রতিটি জৈবিক প্রক্রিয়ার জন্য পানি অপরিহার্য। পর্যাপ্ত পানি পান না করলে শরীরের শক্তি উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয় এবং অবসাদ দেখা দেয়।
৮. অতিরিক্ত ওজন বা স্থূলতা: শরীরের বাড়তি ওজন হৃদরোগ বা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ানোর পাশাপাশি শরীরকে দ্রুত ক্লান্ত করে ফেলে। ওজন নিয়ন্ত্রণে রাখলে কর্মক্ষমতা বৃদ্ধি পায়।
৯. মাদক ও অ্যালকোহলের প্রভাব: যারা নিয়মিত অ্যালকোহল বা মাদকাসক্ত, তাদের শরীরে দীর্ঘস্থায়ী ক্লান্তি এবং অবসাদ বাসা বাঁধে।
১০. শিফট ডিউটি ও অনিয়মিত রুটিন: কাজের প্রয়োজনে যাদের নিয়মিত শিফট পরিবর্তন করতে হয়, তাদের ঘুমের স্বাভাবিক চক্র বা ‘সার্কাডিয়ান রিদম’ ব্যাহত হয়। এটি দীর্ঘমেয়াদী ক্লান্তির অন্যতম কারণ।
১১. অলস জীবনযাপন: সারাদিন বসে থাকা বা শারীরিক পরিশ্রম না করা শরীরকে আরও দুর্বল করে দেয়। গবেষণায় দেখা গেছে, নিয়মিত হালকা ব্যায়াম বা শারীরিক কার্যকলাপ শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে।
১২. ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া: রক্তচাপের ওষুধ, স্টেরয়েড বা অ্যান্টি-ডিপ্রেসেন্টের মতো কিছু ওষুধের প্রভাবেও শরীর সবসময় ক্লান্ত থাকতে পারে।
পরিত্রাণের উপায়
বিশেষজ্ঞদের মতে, ক্লান্তি দূর করতে প্রথমে আপনার ঘুমের পরিবেশ উন্নত করুন এবং জীবনযাত্রায় পরিবর্তন আনুন। তবে যদি জীবনযাত্রায় পরিবর্তন আনার পরও ক্লান্তি না কমে, তবে দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। মনে রাখবেন, আপনার শরীর আপনার চেয়ে ভালো আর কেউ বোঝে না; তাই অস্বাভাবিক ক্লান্তিকে অবহেলা করবেন না।
ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে। ছবি: সংগৃহীত
পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক নতুন নয়। তবে জীবনের শুরুতে নয়, বরং প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই অস্ত্রোপচার করলে আয়ু আরও বেশি বাড়তে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। ইঁদুরের ওপর পরিচালিত গবেষণায় দেখা গেছে, ২৪০ দিন বয়সে বন্ধ্যাকরণ করা পুরুষ ইঁদুরের আয়ু স্বাভাবিক ইঁদুরের তুলনায় প্রায় ৩৩ শতাংশ বেড়েছে।বিজ্ঞানীদের এ আবিষ্কার পুরুষের বার্ধক্য এবং নারী-পুরুষের গড় আয়ুর পার্থক্য নিয়ে নতুন করে গবেষণার সুযোগ তৈরি করেছে। গবেষকদের ধারণা, অণ্ডকোষ অপসারণের মাধ্যমে আয়ু বৃদ্ধির পেছনে কাজ করা জৈবিক প্রক্রিয়া শনাক্ত করা গেলে অস্ত্রোপচার ছাড়াই একই ধরনের উপকার পাওয়া সম্ভব হতে পারে।
সম্প্রতি গবেষণাটির ফলাফল গবেষণাপূর্ব নিবন্ধ হিসেবে প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস হেলথ সায়েন্স সেন্টার অ্যাট সান আন্তোনিওর বার্ধক্যবিষয়ক গবেষক জেমস নেলসন ও তার সহকর্মীরা এ গবেষণা পরিচালনা করেন।
গবেষণায় একই প্রজাতির পুরুষ ইঁদুরকে তিনটি ভিন্ন বয়সে অস্ত্রোপচারের মাধ্যমে বন্ধ্যাকরণ করা হয়। প্রথম দলকে বয়ঃসন্ধির আগে, দ্বিতীয় দলকে বয়ঃসন্ধির কিছুদিন পর এবং তৃতীয় দলকে ২৪০ দিন বয়সে অণ্ডকোষ অপসারণ করা হয়। মানুষের বয়সের হিসাবে শেষ বয়সটি প্রায় ৩০ বছরের সমান।পরে অস্ত্রোপচার করা ইঁদুরগুলোর আয়ুর সঙ্গে স্বাভাবিক পুরুষ ইঁদুরের আয়ু তুলনা করেন গবেষকরা। এতে তিনটি দলেরই আয়ু বাড়ার প্রমাণ পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি দীর্ঘায়ু হয়েছে প্রাপ্তবয়স্ক অবস্থায় বন্ধ্যাকরণ করা ইঁদুরগুলোর।
গবেষণার ফলাফলে দেখা যায়, বয়ঃসন্ধির আগে বন্ধ্যাকরণ করা ইঁদুরের আয়ু বেড়েছে প্রায় ১৯ শতাংশ। বয়ঃসন্ধির পর অস্ত্রোপচার করা ইঁদুরের ক্ষেত্রে এ বৃদ্ধির হার ২৬ শতাংশ। অন্যদিকে ২৪০ দিন বয়সে বন্ধ্যাকরণ করা ইঁদুরের আয়ু বেড়েছে প্রায় ৩৩ শতাংশ।
গবেষকদের কাছে ফলাফলটি ছিল বেশ অপ্রত্যাশিত। কারণ, এত দিন ধারণা করা হতো, অণ্ডকোষের নেতিবাচক প্রভাব পুরুষের শরীরে জীবনের প্রাথমিক পর্যায় থেকেই শুরু হয়। নতুন গবেষণা বলছে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরও অণ্ডকোষের কিছু প্রভাব আয়ু কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।
গবেষণার সঙ্গে যুক্ত নন, এমন বার্ধক্যবিষয়ক গবেষক স্টিভ অস্টাড জানান, প্রাপ্তবয়স্ক অবস্থায় বন্ধ্যাকরণ করা ইঁদুরগুলোর অস্ত্রোপচারের পর বেঁচে থাকার হারে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। সাধারণত এ বয়সের ইঁদুরের মৃত্যুঝুঁকি বাড়তে থাকে। কিন্তু অস্ত্রোপচারের পর এক বছরের বেশি সময় ধরে কোনো ইঁদুর মারা যায়নি। তার মতে, বিষয়টি গবেষণার জন্য বেশ তাৎপর্যপূর্ণ।
তবে বন্ধ্যাকরণের ফলে ইঁদুরগুলোর শারীরিক সক্ষমতা বা বার্ধক্যের লক্ষণে উল্লেখযোগ্য কোনো উন্নতি দেখা যায়নি। তিনটি দলের ইঁদুরই প্রায় একই গতিতে শারীরিক শক্তি হারিয়েছে এবং বয়সজনিত দুর্বলতার লক্ষণ প্রকাশ করেছে। ফলে আয়ু বাড়ার পেছনে ঠিক কোন জৈবিক প্রক্রিয়া কাজ করেছে, তা এখনো নিশ্চিত হতে পারেননি গবেষকরা।
তাদের ধারণা, অণ্ডকোষ থেকে নিঃসৃত কোনো উপাদান বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। তবে এ ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনের ভূমিকা রয়েছে কি না, তা স্পষ্ট নয়। পুরুষের শরীরে উৎপন্ন মোট টেস্টোস্টেরনের ৯০ শতাংশের বেশি আসে অণ্ডকোষ থেকে। তবে অণ্ডকোষ অপসারণের ফলে শরীরে আরও বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে। তাই শুধু এই হরমোনকেই দীর্ঘায়ু কমার জন্য দায়ী করা যাচ্ছে না।
নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ওটাগোর বিবর্তনীয় জীববিজ্ঞানী মাইকেল গ্যারাট বলেন, জীবনের শেষ পর্যায়ে বন্ধ্যাকরণ করলে আয়ু উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে, নতুন গবেষণাটি সেই ধারণাকে আরও শক্তিশালী করেছে। তবে অণ্ডকোষ কখন এবং কীভাবে শরীরের জন্য ক্ষতিকর হয়ে ওঠে, তা জানতে আরও গবেষণা প্রয়োজন।
মানুষের ক্ষেত্রে নারী ও পুরুষের গড় আয়ুর পার্থক্য দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীদের আগ্রহের বিষয়। যুক্তরাষ্ট্রে নারীরা পুরুষদের তুলনায় গড়ে প্রায় ছয় বছর বেশি বাঁচেন। ক্যানসার ও হৃদরোগসহ বয়সজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও পুরুষদের তুলনামূলক বেশি।
এ পার্থক্যের পেছনে অণ্ডকোষের ভূমিকা থাকতে পারে বলে আগের কিছু গবেষণাতেও ইঙ্গিত পাওয়া গেছে। ১৯৬৯ সালে একটি মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানে বসবাসকারী বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী ব্যক্তিদের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা যায়, অনিচ্ছাকৃতভাবে বন্ধ্যাকরণের শিকার ব্যক্তিদের আয়ু এক দশকেরও বেশি বাড়তে পারে। এ ছাড়া ২০২৫ সালে ২২টি মেরুদণ্ডী প্রাণীর ওপর পরিচালিত একটি বিশ্লেষণেও বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক পাওয়া যায়।
নতুন গবেষণার পর বন্ধ্যাকরণের মাধ্যমে আয়ু বৃদ্ধির পেছনে দায়ী জৈবিক উপাদানগুলো শনাক্ত করার পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা। বিশেষ করে অস্ত্রোপচারের পর ইঁদুরগুলোর মৃত্যুর কারণ এবং অণ্ডকোষ থেকে নিঃসৃত কোন উপাদান বার্ধক্যকে প্রভাবিত করে, তা খতিয়ে দেখা হবে।
গবেষকদের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো এমন ওষুধ বা চিকিৎসাপদ্ধতি তৈরি করা, যার মাধ্যমে অণ্ডকোষ অপসারণ ছাড়াই বন্ধ্যাকরণের সম্ভাব্য আয়ুবর্ধক প্রভাব পাওয়া যাবে। এ ধরনের চিকিৎসাপদ্ধতিকে বিজ্ঞানীরা বলছেন ‘ক্যাসট্রেশন মিমেটিকস’।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, ইঁদুরের ওপর পরিচালিত গবেষণার ফলাফল এখনই মানুষের ক্ষেত্রে প্রয়োগ করার মতো পর্যায়ে পৌঁছায়নি। মানুষের আয়ু বাড়ানোর চিকিৎসা হিসেবে বন্ধ্যাকরণকে বিবেচনা করার কোনো সুযোগ নেই। এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন।
আধুনিক জীবনযাত্রায় শারীরিক পরিশ্রমের অভাব, দীর্ঘক্ষণ ভুল ভঙ্গিতে কাজ, সড়ক দুর্ঘটনা, বিভিন্ন অসংক্রামক রোগ ও বয়সজনিত কারণে বাড়ছে শারীরিক ব্যথা ও অক্ষমতা। এসব সমস্যা কাটিয়ে স্বাভাবিক কর্মক্ষমতা ফিরিয়ে আনতে ওষুধ ও অস্ত্রোপচারের পাশাপাশি ফিজিওথেরাপি একটি গুরুত্বপূর্ণ চিকিৎসাপদ্ধতি হিসেবে স্বীকৃত।
স্ট্রোক করে পা অবশ হয়ে যাওয়া রিকশাচালক কিংবা কোমর ব্যথায় কাতরানো গার্মেন্টস শ্রমিকের জন্য ফিজিওথেরাপি ব্যায়বহুল চিকিৎসা। একদিকে সরকারি হাসপাতালে ফিজিওথেরাপি চিকিৎসক দের জন্য নবম গ্রেডের কোনো পদ নেই, অন্যদিকে বেসরকারি চেম্বারে এক সেশন ফিজিওথেরাপির খরচ ৫০০ টাকা থেকে ১৫০০ টাকা। ফলে প্রশ্ন উঠছে, ফিজিওথেরাপি কি কেবল ধনীদের জন্য?
দেশের উপজেলা থেকে শুরু করে জেলা সদর হাসপাতাল, মেডিক্যাল কলেজ হাসপাতাল কোথাও ফিজিওথেরাপি চিকিৎসক দের জন্য স্বতন্ত্র ৯ম গ্রেডের পদ সৃষ্টি হয়নি। অনেক হাসপাতালে ফিজিওথেরাপি বিভাগ আছে, কিন্তু পদ নেই। ফলে একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসক ৫ বছর পড়াশোনা শেষ করে সরকারি চাকরিতে ঢোকার কোনো সুযোগই পাচ্ছেন না।
ফিজিওথেরাপি বিষয়ে যারা পড়াশোনা করেন তারা শুধু চিকিৎসক ই নন, পুনর্বাসন চিকিৎসার বিশেষজ্ঞ বলে মন্তব্য করেছেন সি আর পি, বিএইচপিআই, সাভার এর চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসাদুল ইসলাম। একজন এমবিবিএস চিকিৎসক যেমন ওষুধ দেন, ফিজিওথেরাপি চিকিৎসকরাও তেমনি ব্যায়াম, ম্যানুয়াল থেরাপি, ইলেকট্রোথেরাপির মাধ্যমে রোগীকে সুস্থ করে থাকেন।
ফিজিওথেরাপি একদিনের চিকিৎসা না। স্ট্রোক, প্যারালাইসিস, স্পোর্টস ইনজুরি, কোমর-ঘাড় ব্যথায় দীর্ঘদিনের ট্রিটমেন্ট প্রয়োজন। সরকারি হাসপাতালে বিনামূল্যে এই সেবা না থাকায় রোগীকে বাধ্য হয়ে বেসরকারি সেন্টারে যেতে হয়।
একজন স্ট্রোক রোগীর স্ত্রী সাথে কথা বলার এক পর্যায়ে তিনি বলেন, আমার স্বামীর মিনিমাম তিন মাস ফিজিওথেরাপি নেওয়া লাগবে এবং প্রতিদিন ৮০০ টাকা করে। ওষুধের টাকাই জোগাড় করতে কষ্ট হয়। এমন পর্যায়ে এত টাকা জোগাড় করা আমার জন্য কষ্টসাধ্য।
ফিজিওথেরাপি আসলে কার জন্য এটা নিয়ে প্রশ্ন উঠেছে জনসাধারণের মনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ফিজিওথেরাপি কোনো বিলাসী চিকিৎসা না, এটা প্রাথমিক স্বাস্থ্যসেবার অংশ। উন্নত দেশে স্ট্রোকের পরদিন থেকেই ফিজিওথেরাপি শুরু হয়, সরকারি খরচে। রোগী যখন সব টাকা শেষ করে পঙ্গু হয়ে যায়, তখন শেষ চেষ্টা হিসেবে ফিজিওথেরাপির কাছে আসে।
বিশেষজ্ঞরা বলছেন, সরকারি হাসপাতালে ফিজিওথেরাপি চিকিৎসক নিয়োগ দিলে তিনটি লাভ হতো। গরিব মানুষ বিনামূল্যে সেবা পেত, অপ্রয়োজনীয় অপারেশন কমতো এবং স্ট্রোক আর প্যারালাইসিস রোগীরা দ্রুত কাজে ফিরতে পারত।
সব ফিজিওথেরাপি চিকিৎসক দের মৌলিক সব সরকারি হাসপাতালে ৯ম গ্রেডে ফিজিওথেরাপি চিকিৎসক দের পদ সৃষ্টি করতে হবে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত একজন করে ফিজিওথেরাপি চিকিৎসক নিয়োগ দিতে হবে, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলকে পূর্ণ কার্যকর করতে হবে,ভুয়া ফিজিওথেরাপি সেন্টার বন্ধ করে রোগীদের প্রতারণা থেকে বাঁচাতে হবে।
উল্লেখ্য, ফিজিওথেরাপি কোনো এলিট শ্রেণির চিকিৎসা না। একজন রিকশাচালকের হাঁটার অধিকার আছে, একজন কৃষকের কোমর সোজা করে দাঁড়ানোর অধিকার আছে, একজন স্ট্রোক রোগীর আবার নিজের পায়ে চলার অধিকার আছে। রাষ্ট্র যদি এই অধিকার না দেয়, তবে ফিজিওথেরাপি শুধু এলিট দের চিকিৎসা হয়েই থাকবে।
দেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রায় ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে প্রায় ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট এবং প্রায় ২ হাজার ফার্মাসিস্ট নিয়োগের সম্ভাবনা রয়েছে।
বিদ্যমান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তথ্যে কারিগরি ত্রুটির কারণে অসংগতি থাকায় শূন্য পদের সঠিক সংখ্যা নির্ধারণে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে হালনাগাদ তথ্য চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।
৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ২ হাজার ফার্মাসিস্টসহ প্রায় ১০ হাজার পদে বড় পরিসরে নিয়োগের বিজ্ঞপ্তি চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক জালাল উদ্দিন মোহাম্মদ রুমি বাসসকে বলেন, আমরা শুধু এমআইএসের তথ্যের ওপর নির্ভর না করে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে তথ্য চেয়েছি। তথ্য পাওয়ার পর সেগুলো একত্র করে আমরা নিয়োগের চূড়ান্ত চাহিদা নির্ধারণ করব।তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তর হিসাব সহকারী, হিসাবরক্ষক ও অফিস সহকারীসহ বিভিন্ন পদে আরও প্রায় ১৫০ জন কর্মী নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।
অতিরিক্ত মহাপরিচালক আরও জানান, জেলা পর্যায়েও স্বাস্থ্য সহকারী নিয়োগের কাজ চলছে। কিছু এলাকায় এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, কোথাও কোথাও এখনও তা চলমান রয়েছে। তবে কয়েকটি জেলায় আদালতে মামলা বিচারাধীন থাকায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগছে।
সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার পদক্ষেপ সম্পর্কে অধ্যাপক রুমি বলেন, ১১ থেকে ২০তম গ্রেডের নন-মেডিকেল পদগুলোতে নিয়োগের জন্য বিশেষ কমিটি গঠন করা হবে। এই কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি কর্ম কমিশন (পিএসসি), জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) কমিটির সভাপতি এবং উপপরিচালক (প্রশাসন) সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, নিয়োগ কমিটি পরীক্ষার নীতিমালা ঠিক করবে। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মানদণ্ড বজায় রাখা হবে।
অতিরিক্ত মহাপরিচালক জানান, স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়োগ কমিটির তত্ত্বাবধানে লিখিত পরীক্ষা নেয়া হবে এবং ফল প্রকাশের আগে উত্তরপত্র মূল্যায়ন করা হবে।
অধ্যাপক রুমি আরও বলেন, বিসিএস ক্যাডারের চিকিৎসক, অর্থাৎ মেডিকেল ও ডেন্টাল স্নাতক চিকিৎসকদের নিয়োগ পিএসসির মাধ্যমে হয়। এছাড়া ৭ম ও ৯ম গ্রেডের কিছু নন-মেডিকেল পদও এই কমিশনের মাধ্যমে পূরণ করা হয়।
স্বাস্থ্য খাতে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপ হিসেবে অসদাচরণের সন্দেহে কোনো কর্মকর্তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা বা পদ থেকে সরিয়ে দেয়া হতে পারে।
তিনি বলেন, আমার জানা মতে, এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে দুর্নীতির অভিযোগে কোনো বিভাগীয় মামলা হয়নি। এ পর্যন্ত যেসব বিভাগীয় মামলা হয়েছে, তার বেশিরভাগই কর্মস্থলে অনুপস্থিতি ও অসদাচরণ সংক্রান্ত বলে জানান তিনি।
এদিকে চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, অব্যবহৃত বা অচল যন্ত্রপাতির কার্যকর ব্যবহার এবং সময়মতো মেরামত নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর মাঠপর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোকে কঠোর নির্দেশনা দিয়েছে।
সেই সঙ্গে দাপ্তরিক চিঠিপত্র বা নথিপত্র দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
অধ্যাপক রুমি বলেন, কেন্দ্রীয় যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থার (টিইএমও) পাশাপাশি বিভাগীয় পর্যায়ের দপ্তরগুলোকে আরও কার্যকর করার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করা হচ্ছে।
ছবি: সংগৃহীত