সায়মা ওয়াজেদ পুতুল

  • প্রকাশ : শুক্রবার ২১ আগস্ট, ২০২৬, সময় : ৩:৩৩ পিএম

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল তাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের বিষয়ে স্বাধীন তদন্ত চেয়েছেন।


ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বুধবার এক প্রতিবেদনে লিখেছে, গত আট মাসে একাধিকবার ডব্লিউএইচও এবং সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুসের কাছে বিষয়টি তুলেছেন পুতুল। সর্বশেষ গত মাসে আইনজীবীর মাধ্যমে পাঠানো চিঠিতে ডব্লিউএইচওর সিদ্ধান্তের বিষয়ে স্বচ্ছতা দাবি করার পাশাপাশি প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।


২০২৩ সালের নভেম্বরে ভারতের নয়াদিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন পুতুল। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পাঁচ বছরের জন্য ওই দায়িত্ব নেন।


ওই বছর অগাস্টের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তার মা শেখ হাসিনা। এরপর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেখ হাসিনার পাশাপাশি পুতুলকেও কয়েকটি দুর্নীতি মামলায় আসামি করা হয়। তার চার মাস পর, ২০২৫ সালের ১১ জুলাই পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠায় ডব্লিউএইচও। সে সময় একজনকে ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালকের দায়িত্ব দেওয়া হলেও ইতোমধ্যে তার মেয়াদ শেষ হয়েছে।


গতবছর নভেম্বরে প্লট দুর্নীতির অভিযোগে এক মামলায় পুতুলকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। তার আগে তাকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারিরও আদেশ দিয়েছিল আদালত।


ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, পুতুল অভিযোগ করেছেন, ‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই’ ডব্লিউএইচও বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের ‘অনুরোধে’ তাকে ছুটিতে পাঠিয়েছে। এমনকি ওই সিদ্ধান্তের কারণও তাকে স্পষ্ট করে জানায়নি।


তিনি ডব্লিউএইচওর বিরুদ্ধে ‘পক্ষপাত ও হয়রানির’ অভিযোগও তুলেছেন। পাশাপাশি, জানতে চেয়েছেন, এক বছরের বেশি সময় ধরে ছুটিতে থাকা অবস্থায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো তদন্ত চলেছে কি না।


সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, ডব্লিউএইচও পুতুলের কয়েকটি ইমেইলের প্রাপ্তি স্বীকার করলেও তার অভিযোগগুলোর বিষয়ে কোনো স্পষ্ট জবাব দেয়নি।


সংস্থাটির মহাপরিচালক কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে পুতুলকে ছুটিতে পাঠানোর বিষয়টি জানান। ওই ইমেইলে বলা হয়, বাংলাদেশ সরকারের আপত্তি, পুতুলের নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন এবং দুদকের মামলা—এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে তাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।


ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, তাদের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সায়মা ওয়াজেদ পুতুল এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।


আর ডব্লিউএইচও এক ইমেইল বার্তায় পুতুলের ‘ছুটিতে থাকার’ বিষয়টি তুলে ধরে বলেছে, “কর্মীদের অভিযোগ জানানোর জন্য নির্ধারিত মাধ্যম রয়েছে। তবে গোপনীয়তা বজায় রাখার স্বার্থে আমরা নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে মন্তব্য করি না।”


সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ডব্লিউএইচও সরাসরি দুদক ও তৎকালীন অন্তর্বর্তী সরকারের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ‘কূটনৈতিক শিষ্টাচার ও প্রক্রিয়া লঙ্ঘন করেছে’ বলে অভিযোগ করেছেন পুতুল।


নয়াদিল্লিতে এসইএআরও-এর আঞ্চলিক পরিচালক পদে তার মনোনয়নে ভোট দেওয়া ভারতসহ অন্যান্য সদস্য রাষ্ট্রের কাছে ‘বিকৃত তথ্য’ উপস্থাপন করে ‘সম্মানহানি’ করা হয়েছে বলেও তার অভিযোগ ।


ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ভারত সরকার ‘উপযুক্ত মাধ্যমে’ বিষয়টি ডব্লিউএইচওর কাছে তুললেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।


একটি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, “একটি রাজনৈতিক অনুরোধ পাওয়ার পরপরই সায়মা ওয়াজেদকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তটি ডব্লিউএইচওর স্বাভাবিক প্রক্রিয়ার পরিপন্থি। স্বয়ং তেদ্রোস আধানম গেব্রিয়াসুস যখন নিজ দেশ ইথিওপিয়া থেকে একই ধরনের রাজনৈতিক আক্রমণের শিকার হয়েছিলেন, তখন সংস্থার প্রতিক্রিয়া এমন ছিল না।”


ওই সূত্রটি আরও বলেছে, “ঢাকায় পুতুলের অনুপস্থিতিতে বিচার করে তাকে পলাতক ঘোষণা করা হয়েছে। একজন নির্বাচিত আঞ্চলিক পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে বাইরের রাজনৈতিক প্রভাব কতটা যাচাই-বাছাই করা হয়েছে, তার কোনো পূর্ণাঙ্গ ব্যাখ্যা ডব্লিউএইচও এখনও দেয়নি।”


পুতুলের দাবি, তার যোগ্যতা ও স্বাস্থ্যখাতে অবদানকে ‘পাশ কাটিয়ে, কেবল শেখ হাসিনার মেয়ে হওয়ার কারণেই’ তাকে বাংলাদেশ সরকারের ‘ইশারায়’ নিশানা বানানো হয়েছে।


সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, প্রথমে পুতুলকে সবেতনে ছুটিতে পাঠানো হলেও, বিষয়টি নিয়ে প্রশ্ন তোলায় কয়েক মাস পর তাকে 'বিনা বেতনে প্রশাসনিক ছুটিতে' পাঠানো হয়।


২০২৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচনে ১০ ভোটের মধ্যে ভারতের ভোটসহ আটটি ভোট পেয়েছিলেন পুতুল।


আরেকটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, “সায়মাকে যারা নির্বাচিত করেছিল, সেই সদস্য রাষ্ট্রগুলোর অংশগ্রহণ ছাড়াই একটি তড়িঘড়ি প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে ওই ম্যান্ডেট পরিবর্তন করা হয়েছে। আঞ্চলিক পরিচালকরা মূলত তাদের নির্বাচিত করা সদস্য রাষ্ট্রগুলোর কাছেই দায়বদ্ধ।”


ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, বর্তমানে আঞ্চলিক পরিচালকের পদটি শূন্য ঘোষণা করা না হলেও নির্বাচিত পরিচালক সায়মাকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর জন্য ‘ক্রমাগত চাপ’ দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।




  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ১:০৪ পিএম

বিপুল পরিমাণ খাদ্যপণ্য পরীক্ষা করে এক-চতুর্থাংশের বেশি নমুনায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি উপাদান পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।


এ পরিস্থিতিতে ভোজ্যতেল, পাউরুটি, কেক, শিশুখাদ্য, গুঁড়া দুধসহ বিভিন্ন ধরনের ৩৭টি নিম্নমানের ও ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে।


মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব তথ্য জানানো হয়।নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত তিন ধরনের পরীক্ষাগারে ২৫ হাজার ৫২১টি খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬ হাজার ৯২৮টি নমুনায় নির্ধারিত মাত্রার ব্যত্যয় পাওয়া গেছে। অর্থাৎ পরীক্ষিত নমুনার প্রায় ২৭ শতাংশেই অনিয়ম ধরা পড়েছে।


এত বিপুলসংখ্যক নমুনায় অনিয়ম পাওয়ার পরও মাত্র ৩৭টি পণ্য প্রত্যাহারের কারণ জানতে চাইলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, সব অনিয়মের ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থা নেওয়া হয় না। খাদ্যে দূষণের মাত্রা, পণ্যটি কত মানুষ ব্যবহার করেন এবং কোন শ্রেণির মানুষের জন্য তৈরি, সেসব বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়।মঙ্গলবার সংসদীয় কমিটির বৈঠকের পর তিনি বলেন, “কনটামিনেশন বা দূষণ তো বিভিন্ন মাত্রায় থাকে। কোথাও কম থাকে কোথাও বেশি থাকে।”


শফিকুল ইসলামের ব্যাখ্যা অনুযায়ী, শিশু ও বয়স্কদের খাবারের ক্ষেত্রে ঝুঁকির বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হয়। কোনো পণ্য সারাদেশে বিক্রি হলে তার সম্ভাব্য প্রভাবও বেশি। অন্যদিকে স্থানীয়ভাবে সীমিত পরিমাণে বিক্রি হওয়া পণ্যের ক্ষেত্রে ঝুঁকি বিবেচনার ধরন আলাদা হতে পারে।


তিনি বলেন, এসব বিষয় বিবেচনায় কোনো পণ্য বাজার থেকে প্রত্যাহার, কোনোটি ধ্বংস, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সতর্ক কিংবা জরিমানা করা হয়। গুরুতর অপরাধের ক্ষেত্রে নিয়মিত মামলাও করা হয়।


পণ্য প্রত্যাহার কীভাবে


বাজার থেকে পণ্য প্রত্যাহারের প্রক্রিয়া কী, এমন প্রশ্নে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, একটি কোম্পানির একই পণ্য বিভিন্ন সময়ে আলাদা ব্যাচে উৎপাদিত হয়। পরীক্ষায় সমস্যা পাওয়া গেলে পুরো ব্র্যান্ডের সব পণ্য নয়, নির্দিষ্ট ব্যাচ চিহ্নিত করে তা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।


তিনি জানান, প্রথমে সংশ্লিষ্ট কোম্পানিকে চিঠি দেওয়া হয়। এরপর মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে নির্দেশনার অনুলিপি পাঠানো হয়, যাতে কর্মকর্তারা বাজার থেকে পণ্য সরিয়ে নেওয়ার বিষয়টি তদারক করতে পারেন।নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাঠপর্যায়ে ৭২টি কার্যালয় রয়েছে জানিয়ে চেয়ারম্যান শফিকুল বলেন, এসব কার্যালয়ের মাধ্যমে প্রত্যাহারের নির্দেশ বাস্তবায়ন পর্যবেক্ষণ করা হয়। কিছু ক্ষেত্রে পণ্য ধ্বংসও করা হয়।


প্রত্যাহারের তথ্য প্রকাশের বিষয়ে চেয়ারম্যান বলেন, “অনেক সময় আমরা এগুলো আমাদের ওয়েবসাইটে দিয়ে দেই।”


খাদ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে ৩৭টি পণ্যের মধ্যে ভোজ্যতেল, পাউরুটি, কেক, গুড়, চানাচুর, আচার, কেওড়াজল, গোলাপজল, শিশুখাদ্য, সেমাই, চকলেট, পানীয় ও গুঁড়া দুধের কথা বলা হয়েছে।


নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৪৩ ধারা অনুযায়ী, কোনো খাদ্য উৎপাদনকারী বা বিক্রেতার কাছে তার পণ্য নিম্নমানের কিংবা ক্ষতিকর উপাদানযুক্ত বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ থাকলে তা জনসাধারণকে জানিয়ে বাজার থেকে প্রত্যাহারের ব্যবস্থা নিতে হবে। বিষয়টি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকেও জানাতে হবে।


একই ধারায় কর্তৃপক্ষকে ঝুঁকিপূর্ণ খাদ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।


কোন পরীক্ষায় কত অনিয়ম


খাদ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সরকার স্বীকৃত পরীক্ষাগারে ১ হাজার ৬১৭টি খাদ্য নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯৯৯টি নমুনা অনুমোদিত মাত্রার মধ্যে এবং ৬১৮টি নির্ধারিত মাত্রার বাইরে পাওয়া গেছে। এসব পরীক্ষাগারে নমুনার ৩৮ দশমিক ২ শতাংশে অনিয়ম পাওয়া যায়।


একই সময়ে মোবাইল ল্যাব বা ভ্রাম্যমাণ পরীক্ষাগারে ৯ হাজার ৬৭৯টি নমুনা পরীক্ষা করে ৯০১টিতে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি উপাদান পাওয়া গেছে। এ ক্ষেত্রে অনিয়মের হার ৯ দশমিক ৩ শতাংশ।


অন্যদিকে মিনি ল্যাব বা ছোট পরীক্ষাগারে ১৪ হাজার ২২৫টি নমুনা পরীক্ষা করে ৫ হাজার ৪০৯টি নির্ধারিত মাত্রার বাইরে পাওয়া গেছে। এ হার প্রায় ৩৮ শতাংশ।


বাজারের বিপুলসংখ্যক খাদ্যপণ্য পরীক্ষার আওতার বাইরে থেকে যাওয়ার বিষয়ে জানতে চাইলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল ইসলাম সীমাবদ্ধতার কথা স্বীকার করেন।


তিনি বলেন, দেশে হাজার হাজার ধরনের খাদ্যপণ্য রয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পাশাপাশি বিএসটিআই, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোও নিজ নিজ আওতায় খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করে থাকে।


নয় মাসে ১৪৩ অভিযান, জরিমানা প্রায় দুই কোটি টাকা


প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত খাদ্য উৎপাদনকারী কারখানায় ১৪৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এসব অভিযানে ১৩৭টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে ১ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকা। কারাদণ্ড দেওয়া হয়েছে সাতজনকে।


নির্ধারিত মাত্রার বাইরে পাওয়া খাদ্যের নমুনা জব্দ ও ধ্বংস করার পাশাপাশি সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান ও রেস্তোরাঁগুলোকে সতর্ক করে নোটিস দেওয়া হচ্ছে।


ফলমূল ও খাদ্যপণ্যে কীটনাশক এবং রাসায়নিকের অবশিষ্টাংশ নিয়ন্ত্রণে অন্য সরকারি সংস্থাগুলোর সঙ্গে যৌথ অভিযানও চালাচ্ছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।


এসব সংস্থার মধ্যে রয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বিএসটিআই ও সিটি করপোরেশন।


শিশুখাদ্য ও দুধে রাসায়নিক মেশানোর অভিযোগ


গত ১৫ অক্টোবর সংসদীয় কমিটির প্রথম বৈঠকেও শিশুখাদ্য, দুধ ও অন্যান্য খাদ্যপণ্যে ক্ষতিকর রাসায়নিক মেশানোর অভিযোগ নিয়ে আলোচনা হয়।


ওই বৈঠকের কার্যবিবরণী অনুযায়ী, পাবনা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আবু তালেব মন্ডল পাবনার বাঘাবাড়ী, সাঁথিয়া ও শাহজাদপুরসহ বিভিন্ন এলাকায় শিশুখাদ্য ও দুধে ক্ষতিকর রাসায়নিক মেশানোর অভিযোগ তোলেন।


কমিটির আরেক সদস্য, জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামছুন্নাহার বেগম বাজারে অভিযানের পাশাপাশি খাদ্য উৎপাদনের উৎসে নজরদারি বাড়ানোর সুপারিশ করেন। ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের ওপরও গুরুত্ব দেন তিনি।


ওই বৈঠকে খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী জানান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষার সক্ষমতা বাড়াতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় তিনটি বড় পরীক্ষাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।


জেলা পর্যায়েও ছোট পরীক্ষাগার স্থাপন এবং ভ্রাম্যমাণ পরীক্ষাগারের গাড়ি চালুর উদ্যোগের কথা জানান তিনি।


ভবিষ্যতে আমদানি করা খাদ্যপণ্য দেশের বাজারে প্রবেশের আগে বাধ্যতামূলক পরীক্ষা ও ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান খাদ্য প্রতিমন্ত্রী।


‘মৃত্যুদণ্ডের জন্য আইন সংশোধনের প্রয়োজন’


মঙ্গলবার সংসদীয় কমিটির দ্বিতীয় বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা খাদ্যে ভেজাল রোধে বিদ্যমান আইন আরও কঠোর করার পাশাপাশি প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথা বলেন।


এ বিষয়ে জানতে চাইলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর অধীনে অপরাধের জন্য সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ডের বিধান রয়েছে। এর চেয়ে বেশি শাস্তি দিতে হলে আইন সংশোধন করতে হবে।


তিনি বলেন, “এই আইনে পাঁচ বছরের বেশি কারাদণ্ড দেওয়া যায় না।”


চেয়ারম্যানের ভাষ্য, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর কোনো অপরাধের ক্ষেত্রে আরও কঠোর শাস্তির প্রয়োজন হতে পারে। মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করতে হলে নতুন ধারা সংযোজন করতে হবে। বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।


তবে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫গ ধারায় খাদ্য বা পানীয় এমনভাবে ভেজাল করার জন্য মৃত্যুদণ্ডের বিধান আগে থেকেই রয়েছে, যাতে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে পড়ে এবং বিক্রির উদ্দেশ্যে ভেজাল করা হয়।


একই ধারায় ক্ষতিকর জেনেও এ ধরনের খাদ্য বিক্রির ক্ষেত্রে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা সর্বোচ্চ ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে।


বিশেষ ক্ষমতা আইনে কঠোর শাস্তির বিধান থাকার বিষয়টি উল্লেখ করে শফিকুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য আইনে মৃত্যুদণ্ডের মতো শাস্তি যুক্ত করতে হলে বিচারিক ক্ষমতার বিষয়টিও বিবেচনা করতে হবে।তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন। খাদ্য আদালতের বিচারকদেরও সাজা দেওয়ার ক্ষমতার সীমা রয়েছে।


এ কারণে আরও কঠোর শাস্তির বিধান কার্যকর করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন অথবা জেলা পর্যায়ের উচ্চতর আদালতকে বিচারের ক্ষমতা দেওয়ার প্রয়োজন হতে পারে বলে মনে করেন শফিকুল ইসলাম।


প্রশাসনিক জরিমানা ১০ লাখ টাকা করার প্রস্তাব


মঙ্গলবারের বৈঠকে খাদ্য মন্ত্রণালয় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধনের প্রস্তাব উপস্থাপন করা হয়। এতে অভিযোগের ভিত্তিতে কিংবা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শনে গুরুতর অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা করার বিধান যুক্ত করার কথা বলা হয়েছে।


বিদ্যমান আইনের ৭৮ ধারায় কর্তৃপক্ষের নির্দেশ পালনে ব্যর্থ হলে নির্দিষ্ট শর্তে সর্বোচ্চ তিন লাখ টাকা প্রশাসনিক জরিমানার বিধান রয়েছে। নতুন প্রস্তাবে গুরুতর অনিয়মের জন্য জরিমানার সীমা ১০ লাখ টাকা করার কথা বলা হয়েছে।


জরিমানার টাকা আদায় হলে তার ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে দেওয়ার প্রস্তাবও রয়েছে। সেক্ষেত্রে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা আদায় হলে অভিযোগকারী আড়াই লাখ টাকা পেতে পারেন।


তবে অভিযোগকারীকে জরিমানার অর্থের ২৫ শতাংশ দেওয়ার বিধান একেবারে নতুন নয়। বিদ্যমান নিরাপদ খাদ্য আইনের ৬২ ধারায় আদালতের আরোপ করা অর্থদণ্ডের ২৫ শতাংশ অভিযোগকারীকে দেওয়ার বিধান রয়েছে।


তবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা বা কর্মচারী অভিযোগকারী হলে তিনি এ অর্থ পাবেন না। নতুন প্রস্তাবে প্রশাসনিক জরিমানার অর্থ থেকেও অভিযোগকারীকে অংশ দেওয়ার কথা বলা হয়েছে।


খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বৈঠকে নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।


কমিটির সভাপতি আবদুস সালাম পিন্টু মাঠপর্যায়ে কোনো সিন্ডিকেট বা অনিয়ম থাকলে তা কঠোরভাবে মোকাবিলা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। কৃষক ও ভোক্তার অধিকার রক্ষা এবং তাদের ন্যায্য স্বার্থ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।


  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৪২ পিএম

সারা দেশে ডেঙ্গুর প্রকোপে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৬ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫২ জন।


বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগে ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ সময়ে হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫২৩ জন, চট্টগ্রামে ১৬৫, খুলনায় ১২৯, রাজশাহীতে ১১৮, বরিশালে ১১৪, রংপুরে ৫৫, ময়মনসিংহে ৪৩ এবং সিলেটে পাঁচজন রয়েছেন।


চলতি বছরের ২৫ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭১ হাজার ৭৫০ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ হাজার ৮৬১ জন।স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, নভেম্বরের প্রথম ২৪ দিনে ডেঙ্গুতে মারা গেছেন ১০৮ জন। এর আগে অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজনের মৃত্যু হয়। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা যান।


ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৪৬ পিএম

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৫ জন। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৪ জনে। এর মধ্যে শুধু নভেম্বরের প্রথম ২৩ দিনে প্রাণ হারিয়েছেন ১০৬ জন। এ ছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। বছরের প্রথম দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মারা গেছেন দুজন করে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ১৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯৮৫ জনে।

তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭০ হাজার ৬০০ জন। বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৪১৫ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৭৩ জন, খুলনায় ১৪১ জন, বরিশালে ১৩৫ জন, রাজশাহীতে ১৩১ জন, ময়মনসিংহে ৮৫ জন এবং রংপুর বিভাগে ৫৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।


  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৪:১০ পিএম

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক নতুন নয়। তবে জীবনের শুরুতে নয়, বরং প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই অস্ত্রোপচার করলে আয়ু আরও বেশি বাড়তে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। ইঁদুরের ওপর পরিচালিত গবেষণায় দেখা গেছে, ২৪০ দিন বয়সে বন্ধ্যাকরণ করা পুরুষ ইঁদুরের আয়ু স্বাভাবিক ইঁদুরের তুলনায় প্রায় ৩৩ শতাংশ বেড়েছে।বিজ্ঞানীদের এ আবিষ্কার পুরুষের বার্ধক্য এবং নারী-পুরুষের গড় আয়ুর পার্থক্য নিয়ে নতুন করে গবেষণার সুযোগ তৈরি করেছে। গবেষকদের ধারণা, অণ্ডকোষ অপসারণের মাধ্যমে আয়ু বৃদ্ধির পেছনে কাজ করা জৈবিক প্রক্রিয়া শনাক্ত করা গেলে অস্ত্রোপচার ছাড়াই একই ধরনের উপকার পাওয়া সম্ভব হতে পারে।


সম্প্রতি গবেষণাটির ফলাফল গবেষণাপূর্ব নিবন্ধ হিসেবে প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস হেলথ সায়েন্স সেন্টার অ্যাট সান আন্তোনিওর বার্ধক্যবিষয়ক গবেষক জেমস নেলসন ও তার সহকর্মীরা এ গবেষণা পরিচালনা করেন।


গবেষণায় একই প্রজাতির পুরুষ ইঁদুরকে তিনটি ভিন্ন বয়সে অস্ত্রোপচারের মাধ্যমে বন্ধ্যাকরণ করা হয়। প্রথম দলকে বয়ঃসন্ধির আগে, দ্বিতীয় দলকে বয়ঃসন্ধির কিছুদিন পর এবং তৃতীয় দলকে ২৪০ দিন বয়সে অণ্ডকোষ অপসারণ করা হয়। মানুষের বয়সের হিসাবে শেষ বয়সটি প্রায় ৩০ বছরের সমান।পরে অস্ত্রোপচার করা ইঁদুরগুলোর আয়ুর সঙ্গে স্বাভাবিক পুরুষ ইঁদুরের আয়ু তুলনা করেন গবেষকরা। এতে তিনটি দলেরই আয়ু বাড়ার প্রমাণ পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি দীর্ঘায়ু হয়েছে প্রাপ্তবয়স্ক অবস্থায় বন্ধ্যাকরণ করা ইঁদুরগুলোর।


গবেষণার ফলাফলে দেখা যায়, বয়ঃসন্ধির আগে বন্ধ্যাকরণ করা ইঁদুরের আয়ু বেড়েছে প্রায় ১৯ শতাংশ। বয়ঃসন্ধির পর অস্ত্রোপচার করা ইঁদুরের ক্ষেত্রে এ বৃদ্ধির হার ২৬ শতাংশ। অন্যদিকে ২৪০ দিন বয়সে বন্ধ্যাকরণ করা ইঁদুরের আয়ু বেড়েছে প্রায় ৩৩ শতাংশ।


গবেষকদের কাছে ফলাফলটি ছিল বেশ অপ্রত্যাশিত। কারণ, এত দিন ধারণা করা হতো, অণ্ডকোষের নেতিবাচক প্রভাব পুরুষের শরীরে জীবনের প্রাথমিক পর্যায় থেকেই শুরু হয়। নতুন গবেষণা বলছে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরও অণ্ডকোষের কিছু প্রভাব আয়ু কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।


গবেষণার সঙ্গে যুক্ত নন, এমন বার্ধক্যবিষয়ক গবেষক স্টিভ অস্টাড জানান, প্রাপ্তবয়স্ক অবস্থায় বন্ধ্যাকরণ করা ইঁদুরগুলোর অস্ত্রোপচারের পর বেঁচে থাকার হারে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। সাধারণত এ বয়সের ইঁদুরের মৃত্যুঝুঁকি বাড়তে থাকে। কিন্তু অস্ত্রোপচারের পর এক বছরের বেশি সময় ধরে কোনো ইঁদুর মারা যায়নি। তার মতে, বিষয়টি গবেষণার জন্য বেশ তাৎপর্যপূর্ণ।


তবে বন্ধ্যাকরণের ফলে ইঁদুরগুলোর শারীরিক সক্ষমতা বা বার্ধক্যের লক্ষণে উল্লেখযোগ্য কোনো উন্নতি দেখা যায়নি। তিনটি দলের ইঁদুরই প্রায় একই গতিতে শারীরিক শক্তি হারিয়েছে এবং বয়সজনিত দুর্বলতার লক্ষণ প্রকাশ করেছে। ফলে আয়ু বাড়ার পেছনে ঠিক কোন জৈবিক প্রক্রিয়া কাজ করেছে, তা এখনো নিশ্চিত হতে পারেননি গবেষকরা।


তাদের ধারণা, অণ্ডকোষ থেকে নিঃসৃত কোনো উপাদান বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। তবে এ ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনের ভূমিকা রয়েছে কি না, তা স্পষ্ট নয়। পুরুষের শরীরে উৎপন্ন মোট টেস্টোস্টেরনের ৯০ শতাংশের বেশি আসে অণ্ডকোষ থেকে। তবে অণ্ডকোষ অপসারণের ফলে শরীরে আরও বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে। তাই শুধু এই হরমোনকেই দীর্ঘায়ু কমার জন্য দায়ী করা যাচ্ছে না।


নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ওটাগোর বিবর্তনীয় জীববিজ্ঞানী মাইকেল গ্যারাট বলেন, জীবনের শেষ পর্যায়ে বন্ধ্যাকরণ করলে আয়ু উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে, নতুন গবেষণাটি সেই ধারণাকে আরও শক্তিশালী করেছে। তবে অণ্ডকোষ কখন এবং কীভাবে শরীরের জন্য ক্ষতিকর হয়ে ওঠে, তা জানতে আরও গবেষণা প্রয়োজন।


মানুষের ক্ষেত্রে নারী ও পুরুষের গড় আয়ুর পার্থক্য দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীদের আগ্রহের বিষয়। যুক্তরাষ্ট্রে নারীরা পুরুষদের তুলনায় গড়ে প্রায় ছয় বছর বেশি বাঁচেন। ক্যানসার ও হৃদরোগসহ বয়সজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও পুরুষদের তুলনামূলক বেশি।


এ পার্থক্যের পেছনে অণ্ডকোষের ভূমিকা থাকতে পারে বলে আগের কিছু গবেষণাতেও ইঙ্গিত পাওয়া গেছে। ১৯৬৯ সালে একটি মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানে বসবাসকারী বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী ব্যক্তিদের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা যায়, অনিচ্ছাকৃতভাবে বন্ধ্যাকরণের শিকার ব্যক্তিদের আয়ু এক দশকেরও বেশি বাড়তে পারে। এ ছাড়া ২০২৫ সালে ২২টি মেরুদণ্ডী প্রাণীর ওপর পরিচালিত একটি বিশ্লেষণেও বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক পাওয়া যায়।


নতুন গবেষণার পর বন্ধ্যাকরণের মাধ্যমে আয়ু বৃদ্ধির পেছনে দায়ী জৈবিক উপাদানগুলো শনাক্ত করার পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা। বিশেষ করে অস্ত্রোপচারের পর ইঁদুরগুলোর মৃত্যুর কারণ এবং অণ্ডকোষ থেকে নিঃসৃত কোন উপাদান বার্ধক্যকে প্রভাবিত করে, তা খতিয়ে দেখা হবে।


গবেষকদের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো এমন ওষুধ বা চিকিৎসাপদ্ধতি তৈরি করা, যার মাধ্যমে অণ্ডকোষ অপসারণ ছাড়াই বন্ধ্যাকরণের সম্ভাব্য আয়ুবর্ধক প্রভাব পাওয়া যাবে। এ ধরনের চিকিৎসাপদ্ধতিকে বিজ্ঞানীরা বলছেন ‘ক্যাসট্রেশন মিমেটিকস’।


তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, ইঁদুরের ওপর পরিচালিত গবেষণার ফলাফল এখনই মানুষের ক্ষেত্রে প্রয়োগ করার মতো পর্যায়ে পৌঁছায়নি। মানুষের আয়ু বাড়ানোর চিকিৎসা হিসেবে বন্ধ্যাকরণকে বিবেচনা করার কোনো সুযোগ নেই। এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন।



  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৫২ পিএম

বিশ্বে প্রতিদিন ১০ লাখের বেশি মানুষ নিরাময়যোগ্য যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত হচ্ছেন। আক্রান্তদের অধিকাংশের শরীরে কোনো লক্ষণ দেখা যায় না। ফলে অনেকেই সংক্রমণের বিষয়টি বুঝতে পারেন না। অথচ চিকিৎসা না করালে এসব সংক্রমণ থেকে বন্ধ্যত্ব, ক্যানসার ও গর্ভাবস্থায় জটিলতার মতো গুরুতর স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ১৯ নভেম্বর প্রকাশিত এক তথ্যে এ চিত্র উঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে, ১৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে প্রতিদিন বিশ্বজুড়ে ১০ লাখের বেশি নতুন নিরাময়যোগ্য যৌনবাহিত সংক্রমণের ঘটনা ঘটছে। এসব সংক্রমণের মধ্যে রয়েছে ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, সিফিলিস ও ট্রাইকোমোনিয়াসিস।

ডব্লিউএইচওর হিসাবে, ২০২০ সালে বিশ্বে ১৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে এই চার ধরনের সংক্রমণে নতুন আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৩৭ কোটি ৪০ লাখ। এর মধ্যে ট্রাইকোমোনিয়াসিসে ১৫ কোটি ৬০ লাখ, ক্ল্যামাইডিয়ায় ১২ কোটি ৯০ লাখ, গনোরিয়ায় ৮ কোটি ২০ লাখ এবং সিফিলিসে ৭১ লাখ মানুষ আক্রান্ত হয়েছিলেন।

সিফিলিসের সংক্রমণ পরিস্থিতিও উদ্বেগজনক। ডব্লিউএইচওর হিসাবে, ২০২২ সালে ১৫ থেকে ৪৯ বছর বয়সী প্রায় ৮০ লাখ মানুষ নতুন করে সিফিলিসে আক্রান্ত হন। একই বছর বিশ্বে প্রায় ১১ লাখ গর্ভবতী নারী এই সংক্রমণে আক্রান্ত ছিলেন। এর ফলে ৩ লাখ ৯০ হাজারের বেশি ক্ষেত্রে গর্ভাবস্থা ও নবজাতকের স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়ে।

যৌনবাহিত সংক্রমণের কারণ ৩০টির বেশি ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস ও পরজীবী। সাধারণত যোনিপথ, পায়ুপথ ও মুখের মাধ্যমে যৌন সম্পর্কের সময় এসব জীবাণু ছড়াতে পারে। কিছু সংক্রমণ গর্ভাবস্থা, প্রসব বা বুকের দুধ খাওয়ানোর সময় মা থেকে শিশুর শরীরেও ছড়াতে পারে। অনিরাপদ রক্ত সঞ্চালনের মাধ্যমেও কিছু সংক্রমণ ছড়ানোর ঝুঁকি রয়েছে।

এসব সংক্রমণের সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে যৌনাঙ্গ থেকে অস্বাভাবিক স্রাব, প্রস্রাবের সময় জ্বালাপোড়া, যৌনাঙ্গে ঘা বা ক্ষত এবং তলপেটে ব্যথা। তবে অনেকের ক্ষেত্রে কোনো লক্ষণই দেখা যায় না। ফলে নিজের অজান্তেই সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থাকে।

চিকিৎসা না করালে ক্ল্যামাইডিয়া ও গনোরিয়া নারীদের প্রজনন অঙ্গে প্রদাহ এবং বন্ধ্যত্বের কারণ হতে পারে। কিছু সংক্রমণ এইচআইভি আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ায়। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি জরায়ুমুখের ক্যানসারের অন্যতম প্রধান কারণ। গর্ভাবস্থায় কিছু সংক্রমণ শিশুর জন্মগত জটিলতা, কম ওজন নিয়ে জন্ম কিংবা মৃত সন্তান প্রসবের ঝুঁকি বাড়াতে পারে।

তবে সব যৌনবাহিত সংক্রমণ একই ধরনের নয়। ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, সিফিলিস ও ট্রাইকোমোনিয়াসিসের কার্যকর চিকিৎসা রয়েছে। অন্যদিকে এইচআইভি, হারপিস ও হেপাটাইটিস বি-এর মতো ভাইরাসজনিত সংক্রমণ ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা গেলেও সব ক্ষেত্রে পুরোপুরি নিরাময় করা যায় না।

ডব্লিউএইচও বলছে, সংক্রমণ শনাক্ত করতে পরীক্ষা এবং সময়মতো চিকিৎসা নেওয়া জরুরি। বিশেষ করে কোনো লক্ষণ না থাকলেও ঝুঁকিপূর্ণ সংস্পর্শের পর প্রয়োজন অনুযায়ী পরীক্ষা করানো উচিত। একই সঙ্গে যৌনস্বাস্থ্য নিয়ে সামাজিক লজ্জা ও বৈষম্য দূর করা এবং সহজে পরীক্ষা ও চিকিৎসার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)


  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ১০:১৬ পিএম

আধুনিক জীবনযাত্রায় শারীরিক পরিশ্রমের অভাব, দীর্ঘক্ষণ ভুল ভঙ্গিতে কাজ, সড়ক দুর্ঘটনা, বিভিন্ন অসংক্রামক রোগ ও বয়সজনিত কারণে বাড়ছে শারীরিক ব্যথা ও অক্ষমতা। এসব সমস্যা কাটিয়ে স্বাভাবিক কর্মক্ষমতা ফিরিয়ে আনতে ওষুধ ও অস্ত্রোপচারের পাশাপাশি ফিজিওথেরাপি একটি গুরুত্বপূর্ণ চিকিৎসাপদ্ধতি হিসেবে স্বীকৃত।


স্ট্রোক করে পা অবশ হয়ে যাওয়া রিকশাচালক কিংবা কোমর ব্যথায় কাতরানো গার্মেন্টস শ্রমিকের জন্য ফিজিওথেরাপি ব্যায়বহুল চিকিৎসা। একদিকে সরকারি হাসপাতালে ফিজিওথেরাপি চিকিৎসক দের জন্য নবম গ্রেডের কোনো পদ নেই, অন্যদিকে বেসরকারি চেম্বারে এক সেশন ফিজিওথেরাপির খরচ ৫০০ টাকা থেকে ১৫০০ টাকা। ফলে প্রশ্ন উঠছে, ফিজিওথেরাপি কি কেবল ধনীদের জন্য? 


দেশের উপজেলা থেকে শুরু করে জেলা সদর হাসপাতাল, মেডিক্যাল কলেজ হাসপাতাল কোথাও ফিজিওথেরাপি চিকিৎসক দের জন্য স্বতন্ত্র ৯ম গ্রেডের পদ সৃষ্টি হয়নি। অনেক হাসপাতালে ফিজিওথেরাপি বিভাগ আছে, কিন্তু পদ নেই। ফলে একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসক ৫ বছর পড়াশোনা শেষ করে সরকারি চাকরিতে ঢোকার কোনো সুযোগই পাচ্ছেন না।


ফিজিওথেরাপি বিষয়ে যারা পড়াশোনা করেন তারা শুধু চিকিৎসক ই নন, পুনর্বাসন চিকিৎসার বিশেষজ্ঞ বলে মন্তব্য করেছেন সি আর পি, বিএইচপিআই, সাভার এর চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসাদুল ইসলাম। একজন এমবিবিএস চিকিৎসক যেমন ওষুধ দেন, ফিজিওথেরাপি চিকিৎসকরাও তেমনি ব্যায়াম, ম্যানুয়াল থেরাপি, ইলেকট্রোথেরাপির মাধ্যমে রোগীকে সুস্থ করে থাকেন।


ফিজিওথেরাপি একদিনের চিকিৎসা না। স্ট্রোক, প্যারালাইসিস, স্পোর্টস ইনজুরি, কোমর-ঘাড় ব্যথায় দীর্ঘদিনের ট্রিটমেন্ট প্রয়োজন। সরকারি হাসপাতালে বিনামূল্যে এই সেবা না থাকায় রোগীকে বাধ্য হয়ে বেসরকারি সেন্টারে যেতে হয়।


একজন স্ট্রোক রোগীর স্ত্রী সাথে কথা বলার এক পর্যায়ে তিনি বলেন, আমার স্বামীর মিনিমাম তিন মাস ফিজিওথেরাপি নেওয়া লাগবে এবং প্রতিদিন ৮০০ টাকা করে। ওষুধের টাকাই জোগাড় করতে কষ্ট হয়। এমন পর্যায়ে এত টাকা জোগাড় করা আমার জন্য কষ্টসাধ্য।


ফিজিওথেরাপি আসলে কার জন্য এটা নিয়ে প্রশ্ন উঠেছে জনসাধারণের মনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ফিজিওথেরাপি কোনো বিলাসী চিকিৎসা না, এটা প্রাথমিক স্বাস্থ্যসেবার অংশ। উন্নত দেশে স্ট্রোকের পরদিন থেকেই ফিজিওথেরাপি শুরু হয়, সরকারি খরচে। রোগী যখন সব টাকা শেষ করে পঙ্গু হয়ে যায়, তখন শেষ চেষ্টা হিসেবে ফিজিওথেরাপির কাছে আসে।


বিশেষজ্ঞরা বলছেন, সরকারি হাসপাতালে ফিজিওথেরাপি চিকিৎসক নিয়োগ দিলে তিনটি লাভ হতো। গরিব মানুষ বিনামূল্যে সেবা পেত, অপ্রয়োজনীয় অপারেশন কমতো এবং স্ট্রোক আর প্যারালাইসিস রোগীরা দ্রুত কাজে ফিরতে পারত।


সব ফিজিওথেরাপি চিকিৎসক দের মৌলিক সব সরকারি হাসপাতালে ৯ম গ্রেডে ফিজিওথেরাপি চিকিৎসক দের পদ সৃষ্টি করতে হবে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত একজন করে ফিজিওথেরাপি চিকিৎসক নিয়োগ দিতে হবে, বাংলাদেশ  রিহ্যাবিলিটেশন কাউন্সিলকে পূর্ণ কার্যকর করতে হবে,ভুয়া ফিজিওথেরাপি সেন্টার বন্ধ করে রোগীদের প্রতারণা থেকে বাঁচাতে হবে।


উল্লেখ্য, ফিজিওথেরাপি কোনো এলিট শ্রেণির চিকিৎসা না। একজন রিকশাচালকের হাঁটার অধিকার আছে, একজন কৃষকের কোমর সোজা করে দাঁড়ানোর অধিকার আছে, একজন স্ট্রোক রোগীর আবার নিজের পায়ে চলার অধিকার আছে। রাষ্ট্র যদি এই অধিকার না দেয়, তবে ফিজিওথেরাপি শুধু এলিট দের চিকিৎসা হয়েই থাকবে।