স্বাধীনতার মহান ঘোষক ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

  • প্রকাশ : শনিবার ৩০ মে, ২০২৬, সময় : ১১:৩৬ এএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) স্বাধীনতার মহান ঘোষক ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৩০ মে) বিকেলে নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।


অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, স্বাধীনতার মহান ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আজ তার ৪৫ তম শাহাদাতবার্ষিকী। আজকের এই দিনে আমরা তার জন্য বিশেষভাবে দোয়া করবো। এ দেশ যখনই দিশেহারা হয়েছে তখনই শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবার দেশের হাল ধরেছে। আমি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি।


এ সময় বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন ও নোবিপ্রবি সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন ও সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও সাদা দলের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।


উল্লেখ্য, নোবিপ্রবিতে ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’ (জেডআরএফ) এর চট্টগ্রাম বিভাগীয় শাখা এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।




  • প্রকাশ : সোমবার ০৭ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ২:১৮ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক ও মেডিক্যাল অফিসার নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বিভিন্ন বিভাগের ৩৩ পদে  প্রভাষক, ১ পদে সহকারী অধ্যাপক ও চিকিৎসাকেন্দ্রে ১ পদে মেডিক্যাল অফিসার  নিয়োগ দেওয়া হবে। এসব পদে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। 


রোববার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তি সূত্রে, রাষ্ট্রবিজ্ঞান, ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ, সোশ্যাল ওয়েলফেয়ার, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও মার্কেটিং বিভাগে তিনজন করে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।


একই সঙ্গে ডেভেলপমেন্ট স্টাডিজ, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান এবং ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে দুজন করে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।


এ ছাড়া লোক প্রশাসন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি, ফাইন আর্টস, ইংরেজি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন করে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।


এর পাশাপাশি, ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগে একজন সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। এবং বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে মেডিক্যাল অফিসার (সাইকিয়াট্রিক) পদে একজনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।


প্রভাষক পদে বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯), সহকারী অধ্যাপক পদে ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬) এবং মেডিক্যাল অফিসার (সাইকিয়াট্রিক) পদে ২৩,০০০-৫৫,৪৬০ টাকা (গ্রেড-৮) নির্ধারণ করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবেদনকারীদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকতে হবে। চিকিৎসাকেন্দ্রে মেডিক্যাল অফিসার পদে আবেদনকারীর কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।


আবেদন ফরম, নিয়োগের শর্তাবলি ও প্রয়োজনীয় তথ্য অগ্রণী ব্যাংক পিএলসি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, কুষ্টিয়া এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। নির্ধারিত ফরমে আবেদন আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে অফিস চলাকালীন সময়ে ইবির রেজিস্ট্রারের কাছে পৌঁছাতে হবে।


  • প্রকাশ : সোমবার ০৭ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১:৪৪ পিএম

ভর্তি পরীক্ষার সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করতে হয় শিক্ষার্থীদের। কোথায় কখন পরীক্ষা, কোন বিষয়ে কত নম্বর, নেগেটিভ মার্কিং কত, আবেদন কখন শুরু ও শেষ, আবেদন ফি কত কিংবা ফলাফল কোথায় প্রকাশ হয়েছে- এসব তথ্য জানতে গিয়ে সময় অপচয়ের পাশাপাশি ভোগান্তিতেও পড়তে হয় ভর্তি-ইচ্ছুকদের।


শিক্ষার্থীদের এই ভোগান্তি কমিয়ে ভর্তি-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও বিভিন্ন সহায়ক সেবা একটি ওয়েবসাইটে নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফার্ম স্ট্রাকচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম তালুকদার। তাঁর উদ্যোগে তৈরি হয়েছে ওয়েব প্ল্যাটফর্ম 'অ্যাডমিশন হাব'। ভর্তিযুদ্ধে অংশগ্রহণকারীরা সম্পূর্ণ বিনামূল্যে এই ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন।


প্ল্যাটফর্মটিতে পরীক্ষার সময়, তথ্য, আবেদন, অ্যাডমিট, ফলাফল, সাবজেক্ট রিভিউ এবং ভর্তি ব্লগ ও গাইড এই মোট ৭ টি প্রধান সুবিধা থাকছে। সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ও সময়, কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা হবে এবং নেগেটিভ মার্কিং কত- এসব তথ্য এক জায়গায় পাওয়া যাবে। পাশাপাশি আবেদনের শুরুর ও শেষ তারিখ, বিভিন্ন বিভাগ বা ইউনিটের আবেদন ফি এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি বিজ্ঞপ্তি দেখার সুযোগ রয়েছে। অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময়সীমা জানা যাবে এবং সেটি ডাউনলোড করেও নেওয়া যাবে।


ভর্তি পরীক্ষার পর ফলাফল দেখার ক্ষেত্রেও শিক্ষার্থীদের আলাদাভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফলাফল এক জায়গায় দেখার সুবিধা রাখা হয়েছে প্ল্যাটফর্মটিতে।


'অ্যাডমিশন হাব'-এর একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো 'সাবজেক্ট রিভিউ'। এর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ডিগ্রি ও বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। কোনো বিষয়ে কী পড়ানো হয়, কোন কোন বিশ্ববিদ্যালয়ে সেই বিষয় পড়ানো হয়, আসন সংখ্যা কত এবং ওই বিষয়ে পড়াশোনা করে ভবিষ্যতে কী ধরনের ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে- এসব তথ্যও পাওয়া যাবে এখানে।


ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য 'অ্যাডমিশন হাব'- এ রয়েছে বিশ্ববিদ্যালয় ও ইউনিটভিত্তিক ভর্তি গাইড। এসব গাইডে ভর্তি পরীক্ষার মানবণ্টন, আবেদনের প্রয়োজনীয় লিংক এবং প্রস্তুতি-সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও অনুষদভেদে ভর্তি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আলাদাভাবে সাজানো থাকায় শিক্ষার্থীরা পছন্দের বিশ্ববিদ্যালয় বা ইউনিটের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে সহজেই ধারণা নিতে পারবেন।


ভর্তি-সংক্রান্ত তথ্যের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কয়েকটি সহায়ক সুবিধাও রাখা হয়েছে। আবেদন করার সময় প্রয়োজন অনুযায়ী ছবি ও স্বাক্ষরের আকার নির্ধারিত মাপে পরিবর্তন করার সুবিধা রয়েছে। ঢাকার বিভিন্ন বাসের রুট ও ভাড়ার তথ্য, চলন্ত ট্রেনের বর্তমান অবস্থান ও বিলম্বের তথ্য, মেট্রোরেলের ভাড়ার তালিকা, সময়সূচি ও স্টেশনসংক্রান্ত তথ্য এবং ট্রেনের সময়সূচিও পাওয়া যাবে প্ল্যাটফর্মটিতে। এছাড়া কৃষি গুচ্ছে আবেদন করার ক্ষেত্রে একজন শিক্ষার্থী তার এসএসসি ও এইচএসসির শিক্ষাগত যোগ্যতা ও জিপিএ অনুযায়ী আবেদন করার জন্য যোগ্য কি না, তা যাচাই করতে পারবেন কৃষি গুচ্ছ জিপিএ ক্যালকুলেটরের মাধ্যমে।


নতুন এ উদ্যোগটি নিয়ে মো. জাহিদুল ইসলাম তালুকদার বলেন, ভর্তি পরীক্ষার সময় একজন শিক্ষার্থীকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও অন্যান্য প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে ভর্তি সংক্রান্ত তথ্য খুঁজতে হয়। আমিও শিক্ষার্থী হিসেবে এই সমস্যার মুখোমুখি হয়েছিলাম। সেই অভিজ্ঞতা থেকেই এমন একটি প্ল্যাটফর্ম তৈরির চিন্তা আসে, যেখানে একজন শিক্ষার্থী এক জায়গা থেকেই দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সহজে পেতে পারে।


তিনি জানান, শিক্ষার্থীদের সময় নষ্ট কমানো এবং সঠিক ভর্তি-সংক্রান্ত তথ্য সহজে পাওয়ার সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী প্ল্যাটফর্মটিতে আরও বিভিন্ন সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।


প্ল্যাটফর্মটির পাশাপাশি বর্তমানে একটি মোবাইল অ্যাপ তৈরির কাজও চলছে। তবে অ্যাপটি এখনো চালু হয়নি; কাজ শেষ হলে ভবিষ্যতে এটি চালু করা হবে।


'অ্যাডমিশন হাব' ওয়েবসাইটটি ব্যবহার করা যাবে admission.talukdaracademy.com.bd ঠিকানায়।


কুমিল্লা বিশ্ববিদ্যালয়

  • প্রকাশ : রবিবার ০৬ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৭:৫২ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে র‍্যাগিংয়ের অভিযোগকারী শিক্ষার্থী আমির হোসেন অভিযোগটি প্রত্যাহারের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে লিখিত আবেদন করেছেন। আবেদনে উল্লেখ করেন, বিষয়টি বিভাগীয়ভাবে সৌহার্দ্যপূর্ণভাবে নিষ্পত্তি হওয়ায় তিনি তার দায়ের করা অভিযোগ প্রত্যাহার করতে ইচ্ছুক। 


গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভুক্তভোগী আমির হোসেন ও অভিযুক্ত তিন শিক্ষার্থীর (অন্তু, হাসান, রিয়াদ) স্বাক্ষরিত একটি আপসনামা প্রক্টর বরাবর জমা দেওয়া হয়। তবে সেদিন প্রক্টর অফিসের কার্যসময়ের সমাপ্তি হওয়ায় সেটি গ্রহণ করা সম্ভব হয়নি। পরে আজ রোববার প্রক্টর আনুষ্ঠানিকভাবে আপসনামাটি গ্রহণ করেন।


জানা যায়, গত ২০ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমির হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে তিনি একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী অন্তু দাশ, মো. হাসান ও সরোয়ার সার্থক রিয়াদের বিরুদ্ধে রাতভর র‍্যাগিংয়ের অভিযোগ করেন।


পরবর্তীতে অভিযোগপত্রের সঙ্গে উভয় পক্ষের স্বাক্ষরযুক্ত একটি আপসনামা জমা দেওয়া হয়। আপসনামায় অভিযোগকারী আমির হোসেন উল্লেখ করেন, ‘আমি উক্ত ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমার আচরণের কারণে অন্তু ভাই, রিয়াদ ভাই ও হাসান ভাই যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি।’


আপসনামায় আরও উল্লেখ করা হয়, উক্ত ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যতে উভয় পক্ষের কেউ পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের বিরূপ আচরণ, হয়রানি, হুমকি বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করবেন না। ভবিষ্যতে কোনো ধরনের ভুল-বোঝাবুঝির সৃষ্টি হলে শিক্ষক ও বিভাগের পরামর্শ অনুযায়ী তা শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করা হবে।'



অভিযোগ প্রত্যাহারের বিষয়টি আমির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, "আমাদের বিভাগীয় প্রধানের হস্তক্ষেপে দুই পক্ষ একসাথে বসে আমরা আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করেছি।যেহেতু একই বিভাগের সিনিয়র জুনিয়রের ঘটনা তাই আমি আর এই বিষয়টিকে বড় করতে চাচ্ছিনা। প্রক্টর বরাবর করা অভিযোগপত্রটি প্রত্যাহারের জন্যও আমি আবেদন করেছি।"



এই ব্যাপারে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী অন্তু দাশ বলেন, "অভিযোগকারী শিক্ষার্থী আমির হোসেন আমার একই বিভাগের শিক্ষার্থী হওয়ায় বিভাগের শ্রদ্ধেয় বিভাগীয় প্রধান এবং ছাত্র উপদেষ্টা মহোদয় বিষয়টি পুনর্বিবেচনা করার পরামর্শ দেন। পরবর্তীতে তাঁদের নির্দেশনায় বিভাগীয় প্রধান, ছাত্র উপদেষ্টা এবং সিনিয়রদের উপস্থিতিতে আমরা একটি আলোচনা সভায় বসি।


উক্ত আলোচনায় আমির হোসেন নিজের ভুল স্বীকার করে নেয়। সে স্বীকার করে যে, পূর্বে তার বিরুদ্ধে ওঠা হুমকির অভিযোগকে ধামাচাপা দেওয়ার লক্ষ্যেই সে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ এনেছিল। একই সাথে সে তার এমন কর্মকাণ্ডের জন্য লিখিত ও মৌখিকভাবে দুঃখ প্রকাশ করে এবং ক্ষমা প্রার্থনা করে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং তার একাডেমিক জীবন যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সে কথা চিন্তা করে আমরা বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখে আপোসে সম্মত হই।"


জিডি তুলে নেওয়ার বিষয়ে জানতে চাইলে অন্তু দাশ বলেন, "আমি দায়িত্বরত পুলিশ অফিসারকে আমাদের মধ্যকার আপোসের সিদ্ধান্তটি জানিয়েছি। তবে, আমি এই মুহূর্তে জিডি প্রত্যাহার করে নিচ্ছি না। বিষয়টি পর্যবেক্ষণের জন্য আমি আরও কিছু সময় নিতে চাই। ভবিষ্যতে যখন আমি সম্পূর্ণ নিরাপদ বোধ করব, তখন জিডিটি আনুষ্ঠানিকভাবে তুলে নেব।"


অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম বলেন, "এই ঘটনায় দুই পক্ষের একসাথে বসে আলোচনা হয়েছে। আলোচনার প্রেক্ষিতে উভয়ে একমত পোষণ করেছে যে, পালটা পালটি অভিযোগ না করে নিজেদের মাধ্যমেই বিষয়টা সমাধান করা যেত। এবং সেই অনুযায়ী তারা নিজেদের মধ্যে বিষয়টি সমাধান করে নিয়েছে।"


প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, ‘তাদের আবেদনপত্র আমি পেয়েছি। উভয়পক্ষই আপসনামা জমা দিয়েছে। তারা নিজেদের ভুলত্রুটি স্বীকার করে ভবিষ্যতে এ বিষয়ে কোনো অভিযোগ করবে না বলে জানিয়েছে। পরবর্তীতে কোনো অভিযোগ করা হলে প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, তা তারা মেনে নেবে।’


উল্লেখ্য, গত ২০ আগস্ট বিজয়-২৪ হলে আমির হোসেন তার বিভাগের তিন সিনিয়রের রিরুদ্ধে রাতভর র‍্যাগিংয়ের অভিযোগ এনে প্রক্টর বরাবর অভিযোগ করেন।


চা-পান বিক্রি করা সাদ্দাম

  • প্রকাশ : রবিবার ০৬ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৫:২২ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটের সামনে চা-পান বিক্রি করা সাদ্দাম নামে ৮-০ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নামাজ পড়তে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।


পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকেই সাদ্দাম নিখোঁজ। পরে পরিবারের সদস্যরা পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।


পরিবারের দাবি, একটি সূত্রের মাধ্যমে তারা জানতে পেরেছেন, সাদ্দামকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের আশপাশে দেখা গেছে। এরপর বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ চালানো হলেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।


নিখোঁজ সাদ্দামের পরিচিতি: আনুমানিক বয়স ৮-১০ বছর, গায়ের রং ফর্সা ও শারীরিক হেংলা। সর্বশেষ তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের আশপাশে দেখা গেছে বলে জানিয়েছে পরিবার।


সাদ্দামের পারিবারিক জীবনও দীর্ঘদিন ধরে নানা সংকটে কাটছে। তার বাবা অনেক আগেই তাকে ও তার পরিবারকে ছেড়ে চলে গেছেন। মা ও প্রতিবন্ধী ভাইকে নিয়ে সংগ্রাম করে আসছে পরিবারটি। জীবিকার তাগিদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে চা-পান বিক্রি করত সাদ্দাম।


এর আগে সাদ্দাম ও তার পরিবারের অসহায়ত্ব নিয়ে কালের কণ্ঠে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রনেতা তার পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেন। এরপর থেকেই দ্বিতীয় গেটের সামনে ছোট একটি দোকান করে চা-পান বিক্রি করছিল সাদ্দাম।


সাদ্দামের নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন তার পরিবার। তার মা বলেন, “আমার এই সাদ্দাম ছাড়া কেউ নাই পৃথিবীতে। ওরে না পাইলে আমার পৃথিবীটা শেষ হয়ে যাবে।”


সাদ্দামের সন্ধান পেলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। ছবিতে থাকা শিশুটিকে কেউ দেখে থাকলে দ্রুত তার পরিবার বা সংশ্লিষ্টদের জানানোর অনুরোধ করা হচ্ছে।


জবি ছাত্রীদের একটি মেসে অভিযান চালিয়ে এক শিক্ষার্থীকে র‍্যাবের গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা অভিযোগ উঠেছে (ছবি-সংগৃহীত)

  • প্রকাশ : রবিবার ০৬ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৩:১৪ পিএম

রাজধানীর পুরান ঢাকার কলতাবাজার এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রীদের একটি মেসে অভিযান চালিয়ে নাট্যকলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী বর্ষা খাতুনকে র‍্যাবের গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও শিক্ষকদের হস্তক্ষেপে ওই শিক্ষার্থীকে না নিয়েই ঘটনাস্থল থেকে চলে যায় র‍্যাবের সদস্যরা। রোববার সকালে কলতাবাজার এলাকার ওই মেসে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেন।


ঘটনাটির বিষয়ে জকসুর সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, সকালে শিক্ষার্থীদের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে সূত্রাপুর থানার ওসিকে বিষয়টি জানাই। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঘটনাস্থলে আসেন। র‍্যাব পরিচয়ে আসা ব্যক্তিদের নিয়ে প্রথমে সন্দেহ তৈরি হলেও পরে সেখানে আরও র‍্যাব সদস্য আসেন। শিক্ষক ও প্রক্টরিয়াল টিমের সহযোগিতায় শেষ পর্যন্ত ওই শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।


এ বিষয়ে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আহমেদ ইহসানুল কবির বলেন, ঘটনার খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি, একজন শিক্ষার্থীকে র‍্যাবের গাড়িতে তোলা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলি এবং শিক্ষার্থীকে নিয়ে যাওয়ার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করার বিষয়টি নিশ্চিত করতে বলি। শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা থাকলে যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করাই এ মুহূর্তে আমাদের প্রধান দায়িত্ব।


তিনি বলেন, ঘটনাটি বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্বের সঙ্গে দেখছে। শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটি আইন অনুযায়ী তদন্ত হবে। একই সঙ্গে পুরো ঘটনার পেছনে কোনো অনিয়ম বা অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।


বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. তারেক বিন আতিক বলেন, সকালে একজন শিক্ষার্থী তাকে ফোন করে মেসে র‍্যাব পরিচয়ে লোকজন আসার বিষয়টি জানান। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে প্রথমে ওই ব্যক্তিরা ভুল করে সেখানে এসেছেন বলে জানান। পরে তারা চুরির মামলার আসামি ধরতে এসেছেন বলে জানান এবং এর মধ্যে একজন শিক্ষার্থীকে র‍্যাবের গাড়িতে তুলে নেওয়া হয়।


তিনি বলেন, আমরা সেখানে গিয়ে দেখি শিক্ষার্থীকে গাড়িতে উঠানো হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা বলি, শিক্ষার্থী এখান থেকে যাবে না। শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো অপরাধ থাকলে প্রক্টর অফিস ও উপাচার্যকে জানিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


অধ্যাপক তারেক বিন আতিক জানান, পরে প্রক্টরিয়াল টিমের সদস্যদের ঘটনাস্থলে ডাকা হয়। ওই শিক্ষার্থীর বিরুদ্ধে চুরির মামলার কথা বলা হলেও মামলার বিস্তারিত তাদের জানানো হয়নি। 


তারেক বিন আতিকের দাবি, শিক্ষার্থীর পরিবারের সঙ্গে ব্যক্তিগত বিরোধের জেরে মামলাটি হয়ে থাকতে পারে। ঘটনাস্থলে থাকা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তারা পরিচয় ও মোবাইল নম্বর দিতে রাজি হননি। বিষয়টি সূত্রাপুর থানার পুলিশকেও জানানো হয়।


এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার বলেন, বিষয়টি জানতে পেরে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে যারা এসেছিল, তারা র‍্যাবের সদস্য ছিল এবং একটি মামলার অভিযোগে ওই শিক্ষার্থীকে নিতে এসেছিল। পরে আমরা জানতে পারি, এটি পারিবারিক বিরোধের কারণে করা একটি মামলা। পরে ওই শিক্ষার্থীকে না নিয়ে তারা চলে যায়।


মামলাটির বিষয়ে বিস্তারিত জানতে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় যোগাযোগ করে বিষয়টি ভালোভাবে খোঁজ নেওয়া প্রয়োজন বলেও জানান তিনি। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ওসি আনোয়ার বলেন, তিনি ব্যস্ত রয়েছেন এবং পরে কথা বলবেন। এরপর তিনি ফোন কেটে দেন।


ঘটনার পর ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে রাখা হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে মেসে থাকা অন্য শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। 



  • প্রকাশ : শনিবার ০৫ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১০:৪৭ পিএম

চীনের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশে চীনা ভাষা শিক্ষার প্রসার এবং বাংলাদেশ-চীনের মধ্যে শিক্ষা ও একাডেমিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক সেল (আইএসএসি)-এর উদ্যোগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।


সেমিনারে চীনের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তর, বাংলাদেশে চীনা ভাষা শিক্ষার ক্রমবর্ধমান গুরুত্ব এবং দুই দেশের মধ্যে একাডেমিক, কারিগরি, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমজাদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান।


সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ড. ইয়াং হুই। আলোচক হিসেবে অংশ নেন কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রভাষক আকিব ইরফান। অনুষ্ঠানটি সমন্বয় করেন আইএসএসি’র আহ্বায়ক ও পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান।


এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষা পুনরায় চালুর সম্ভাবনার বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। করোনা মহামারির সময় স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা কার্যক্রম কনফুসিয়াস ইনস্টিটিউটের সঙ্গে নতুন করে সহযোগিতার মাধ্যমে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়।


মূল প্রবন্ধে ড. ইয়াং হুই চীনের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, চীনের শিক্ষা ব্যবস্থায় প্রাক-প্রাথমিক, বাধ্যতামূলক, মাধ্যমিক ও উচ্চশিক্ষার পাশাপাশি বিশেষ ও অব্যাহত শিক্ষার ব্যবস্থাও রয়েছে। বিশেষভাবে তিনি দেশটির নয় বছর মেয়াদি অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থার কথা তুলে ধরেন।


ড. ইয়াং হুই বলেন, বাংলাদেশে চীনা ভাষা শিক্ষার পরিধি সম্প্রসারণে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতার পাশাপাশি নির্বাচিত স্কুল ও বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষা চালুর পরিকল্পনাও রয়েছে। দীর্ঘমেয়াদে এ শিক্ষা কার্যক্রম টেকসই করতে স্থানীয় পর্যায়ে দক্ষ চীনা ভাষার শিক্ষক তৈরির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।


তিনি বলেন, বাংলাদেশ-চীন শিক্ষা সহযোগিতা শুধু ভাষা শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে কারিগরি শিক্ষা, উচ্চশিক্ষা, ডিজিটাল শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের মতো ক্ষেত্রেও সম্প্রসারণ করা যেতে পারে। এ ক্ষেত্রে ‘চাইনিজ প্লাস’ কর্মসূচি চালুর প্রস্তাব দেন তিনি। এর মাধ্যমে চীনা ভাষা শিক্ষার পাশাপাশি বাংলাদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী ব্যবসায়িক ও কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হতে পারে।


এ ছাড়া দুই দেশের মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন ড. ইয়াং। তিনি জানান, চীনেও দিন দিন বাংলাদেশি ভাষা বাংলার প্রতি আগ্রহ বাড়ছে এবং দেশটির অনেক শিক্ষার্থী বাংলা ভাষা শিখছেন।


সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, এ সেমিনার এবং চীনা ভাষা চালুর উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি সংস্কৃতির উত্তরাধিকারও বহন করে। বৈশ্বিক যোগাযোগের যুগে বিদেশি ভাষা শেখার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ব্যবসা, শিক্ষা, প্রযুক্তি ও বৈশ্বিক অর্থনীতিতে চীনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে চীনা ভাষার গুরুত্বও দিন দিন বাড়ছে।


উপাচার্য জানান, কনফুসিয়াস ইনস্টিটিউটের সহযোগিতায় প্রাথমিকভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তিন মাস মেয়াদি একটি বেসিক চীনা ভাষা কোর্স চালু করার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজন ও কার্যক্রমের পরিধি বিবেচনায় এ কোর্স ১০ মাস বা এক বছর মেয়াদি করার পরিকল্পনাও রয়েছে।


তিনি জানান, দীর্ঘমেয়াদে প্রস্তাবিত আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি চাইনিজ স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে। প্রস্তাবিত সহযোগিতার আওতায় ইসলামী বিশ্ববিদ্যালয় শ্রেণিকক্ষ, অফিস কক্ষসহ প্রয়োজনীয় অবকাঠামোগত ও লজিস্টিক সুবিধা দেবে। অন্যদিকে, কনফুসিয়াস ইনস্টিটিউট শিক্ষাদান উপকরণ ও শিক্ষকসহ প্রয়োজনীয় একাডেমিক সহযোগিতা প্রদান করবে।