প্রতীকী ছবি ।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম মোহাম্মদ ছরওয়ার আলম। তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার। মঙ্গলবার গভীর রাতে মতিঝিল এজিবি কলোনি থেকে তাকে আটক করা হয়। তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, ছরওয়ার আলমকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা নিয়ে এসেছি। তাকে জিজ্ঞাসাবাদের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার বিকেলে জামায়াতের আমির শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডলে প্রকাশিত একটি পোস্টে নারীদের বিষয়ে ‘আপত্তিকর মন্তব্য’ পোস্ট দেওয়া হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। জামায়াতের পক্ষ থেকে প্রথমে অ্যাকাউন্ট হ্যাকের দাবি করা হলেও পরে দলটি জানিয়েছে, ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়েছিল সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় দলটি আনুষ্ঠানিক বিবৃতি ও সংবাদ সম্মেলন করেছে। তবে নির্বাচনের ময়দানে জামায়াতের প্রধান প্রতিদ্বন্দ্বী ও দীর্ঘদিনের জোটসঙ্গী বিএনপি সমালোচনার পর আইডি হ্যাকের দাবি করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। এ ছাড়া জামায়াতের আমিরের পোস্টে কর্মজীবী নারীদের অবমাননা করা হয়েছে অভিযোগ করে এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলসহ বিভিন্ন বাম দল ও সংগঠন।
জামায়াতের আমিরের এক্স হ্যান্ডলের পোস্টের শুরুতে বলা হয়, নারী ইস্যুতে জামায়াতের অবস্থান বিভ্রান্তিকর বা দুঃখিত হওয়ার মতো নয়, বরং নীতিগত। এতে উল্লেখ করা হয়, নারীদের নেতৃত্বে আসা উচিত নয়। জামায়াতে এটা অসম্ভব। আল্লাহ এটার অনুমতি দেননি। সেখানে বলা হয়, আধুনিকতার নামে নারীদের ঘর থেকে বের করে আনার ফলে তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখে পড়েন। এরপর ওই বাক্যেই কর্মজীবী নারীদের সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক মন্তব্য করা হয়।
এ বিষয়ে রোববার এক সংবাদ সম্মেলনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য প্রকৌশলী সিরাজুল ইসলাম তথ্যচিত্র তুলে ধরে বলেন, শনিবার বিকেল ৪টা ৩৭ মিনিটে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের সম্পর্কে আপত্তিকর পোস্ট দেয় হ্যাকাররা। ওই সময়ে জামায়াত আমির কেরানীগঞ্জের কোনাখোলা মাঠে নির্বাচনী জনসভায় বক্তৃতা করছিলেন। এর লাইভ ভিডিও রয়েছে। ফলে জামায়াত আমিরের পক্ষে পোস্ট করা সম্ভব ছিল না। পোস্টের বিষয়টি ৪টা ৫৩ মিনিটে নজরে আসে জামায়াতের তথ্যপ্রযুক্তি টিমের। বিকেল ৫টা ৯ মিনিটে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদল করা হয়। ৫টা ২২ মিনিটে এক্স অ্যাকাউন্ট থেকে হ্যাকের বিষয়টি জানানো হয়।
সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষে তথ্যপ্রযুক্তিবিদ মাহমুদুল আলম বলেন, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট নয়, হ্যাক হয়েছিল ডিভাইস। সেই ডিভাইসে এক্স অ্যাকাউন্ট লগইন ছিল। ডিভাইস নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে হ্যাকাররা এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট দেয়। বিষয়টি নজরে এলে ডিভাইসে এক্সের সেশন সমাপ্ত করে ৫টা ৯ মিনিটে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদল করা হয়। মানে, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়নি। তাহলে অ্যাকাউন্ট হ্যাকের দাবি কেন করা হয়েছিল– এমন প্রশ্নে সিরাজুল ইসলাম বলেন, প্রথমে আমরা মনে করেছিলাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। পরে আমাদের সাইবার টিম দেখেছে ডিভাইস হ্যাক হয়েছে।
ডিভাইস কীভাবে হ্যাক হলো– এমন প্রশ্নে মাহমুদুল আলম তথ্যচিত্র তুলে ধরে দেখান, গত ১০ জানুয়ারি বঙ্গভবনের ব্যবহৃত সরকারি ইমেইল ঠিকানা assistantprogrammer@bangabhaban.gov.bd থেকে জামায়াত আমিরের ইমেইল info@jamaat-e-islami.org-এ মেইল আসে। এতে লেখা ছিল ‘নির্বাচন-সংক্রান্ত জরুরি তথ্য’। সরকারি ইমেইল হওয়ায় জামায়াত আমিরের একটি ডিভাইস থেকে মেইলের অ্যাটাচমেন্ট খোলা হয়। এই ‘ফিশিং অ্যাটাচমেন্টে’ ক্লিকের কারণে ওই ডিভাইসের নিয়ন্ত্রণ হ্যাকারদের কাছে চলে যায়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের কাছেও একই ইমেইল ঠিকানা থেকে মেইল যায়। অন্য জ্যেষ্ঠ নেতাদের কাছেও ফিশিং মেইল পাঠানো হয়। বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমের ইমেইল ঠিকানাটি ব্যবহার করা হয়। এই ইমেইল ব্যবহার করে ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট গত ১২ জানুয়ারি হ্যাক করার চেষ্টা করা হয়।
সিরাজুল ইসলাম বলেন, ডিভাইস হ্যাকার ৪টা ৩৭ মিনিটে নারীর প্রতি অবমাননাকর পোস্টটি দিয়ে এক মিনিট পর স্ক্রিনশট রাখে। জামায়াত ৫টা ২২ মিনিটে হ্যাকের কথা জানিয়ে বিবৃতি দেয়। স্ক্রিনশট ভাইরাল করা হয় রাত ১২টার দিকে। অ্যাকাউন্ট হ্যাক না হলে সেটির নিয়ন্ত্রণ নেওয়া হলো কেমন করে– এ বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, যে ডিভাইস হ্যাক হয়েছে, সেখানে জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট লগইন ছিল। সামাজিক মাধ্যমে যার ইমেইল দিয়ে এক্স অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে, সেই মেইলের তথ্য প্রকাশের দাবি উঠেছে।
বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম সাংবাদিকদের জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না।
এদিকে বঙ্গভবনের নামে ই-মেইল ব্যবহার করে কীভাবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ডিভাইস হ্যাক করা হয় তা ২৪ ঘণ্টার মধ্যে জানানোর দাবি জানিয়েছে দলটি। মঙ্গলবার বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সামরিক সচিবের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানায় জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল। বঙ্গভবন থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, গত ৩১ জানুয়ারি বিকেল ৪টার পর ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল সাইবার আক্রমণের শিকার হয়। ওইদিন বিকেল ৪টা ৩৭ মিনিটে আপত্তিকর টুইট করা হয়। বিষয়টি শনাক্ত হওয়ার পর বিকেল ৫টা ৯ মিনিটে পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে জামায়াতের আইটি টিম হ্যান্ডেলটির পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে। পরে বিকেল ৫টা ২২ মিনিটে হ্যাক হওয়ার বিষয়টি জানিয়ে একটি জরুরি ঘোষণা দেওয়া হয়। সেই রাতে থানায় জিডি হলেও এখন দায়ী ব্যক্তিদের শনাক্ত করা হয়নি।
সিরাজুল ইসলাম বলেন, জামায়াতের করা ডিজিটাল ফরেনসিকে দেখা গেছে, বঙ্গভবনের নামে একটি ই-মেইল থেকে ফিশিং মেইল পাঠানো হয়েছিল, যার মাধ্যমে ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়া হয় বা হ্যাক করা হয়। প্রতিক্রিয়া না পাওয়ায় সরাসরি বঙ্গভবনে অভিযোগ জানানো হয়েছে। রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরীকে বিস্তারিত জানানো হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন, তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সিরাজুল বলেন, জামায়াত কালক্ষেপণ নয়, ২৪ ঘণ্টার মধ্যে তদন্তের অগ্রগতি ও প্রতিবেদন সরকারিভাবে প্রকাশ চায়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, ভুয়া এজেন্সির মালিকের ১৫ দিনের কারাদণ্ড। ছবি: সংগৃহীত
এক লাখ টাকা ঘুস নেওয়ার অভিযোগে বরগুনার আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে আমতলী পৌরসভা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সদস্যরা তাকে আটক করেন।দুদক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আমতলী পৌরসভার লেকের সৌন্দর্যবর্ধন কাজের ঠিকাদার শেখ নোমান রেজা উপ-সহকারী প্রকৌশলী রুবেল খানের বিরুদ্ধে ঘুস দাবির অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, কাজের বিল ছাড়ের জন্য রুবেল খান তার কাছে ঘুস দাবি করেছেন। ওই টাকা না দিলে বিল আটকে দেওয়াসহ কাজে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টির হুমকি দেন ওই প্রকৌশলী। এমন অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগী শেখ নোমান রেজার মাধ্যমে একটি ট্র্যাপ কেস (ফাঁদ) পরিচালনার উদ্যোগ নেয় দুদক।
পরিকল্পনা অনুযায়ী, ঠিকাদার শেখ নোমান রেজার মাধ্যমে এক লাখ টাকা ঘুস দেওয়ার ব্যবস্থা করা হয়। পরে রুবেল খান ওই টাকা গ্রহণ করলে আগে থেকে ওত পেতে থাকা দুদকের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে ঘুসের এক লাখ টাকা উদ্ধার করা হয়।অভিযান শেষে দুদক পটুয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, ‘ট্র্যাপ কেস পরিচালনার মাধ্যমে একটি বিশেষ অভিযান চালিয়ে রুবেল খানকে ঘুসের এক লাখ টাকাসহ আটক করা হয়েছে। তার পকেট থেকে উদ্ধার টাকার নম্বরের সঙ্গে ট্র্যাপ কেসে ব্যবহৃত টাকার নম্বরের সঙ্গে মিল পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি শুধু নোমান রেজার থেকেই নয়, পৌরসভায় যত ধরনের উন্নয়ন প্রকল্পের কাজ হয়, সব কাজ থেকেই তিনি ঘুস নেন। এর মাধ্যমে রুবেল খান বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। বর্তমানে তাকে আমতলী থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।’
এ বিষয় আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, ‘আটক রুবেল খানকে থানা হেফাজতে রাখা হয়েছে। কাল তাকে আদালতে সোপর্দ করা হবে।’
ছবি: সংগৃহীত
২০১৩ সালের মতিঝিলের শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচার এখন থেকে কারাগারে রেখে ভার্চ্যুয়ালি পরিচালনার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
সোমবার (১৬ নভেম্বর) শুনানি শেষে আদালত এই সিদ্ধান্ত দেন। কোনো আসামি অসুস্থ থাকলেও ভার্চ্যুয়ালি হাজির করতে হবে। এদিকে জাতীয় সংসদে প্রশ্ন ওঠার পর আজ মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানোর পাশাপাশি মাথায় হেলমেট ও বুকে ভেস্ট পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এই মামলার অপর আসামিদেরও আজ এভাবে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার আজ ট্রাইব্যুনাল–২ এ শুনানি ছিল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ এই মামলার আসামি ৪১ জন। এই মামলায় গ্রেপ্তার ১১ আসামির একজন জিয়াউল আহসান।
দুপুর ১২টার দিকে পুলিশের একটি ভ্যানে করে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। দেখা যায়, জিয়াউল আহসানের দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো। মাথায় হেলমেট। বুকে ভেস্ট। তাকে পুলিশের প্রিজনভ্যান থেকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেয়া হয়।
রেক্টাম বা পায়ুপথে লুকানো চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু এবং অন্তর্বাসের কাপড়ে মাখানো স্বর্ণসদৃশ পেস্টসহ দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় এক কেজি স্বর্ণসদৃশ বস্তু জব্দ করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। জব্দ করা এসব বস্তুর আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৮০ লাখ টাকা। আজ রোববার জাতীয় রাজস্ব বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
রোববার ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন হাসান মিয়া নামের ওই যাত্রী। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীর ওপর নজরদারি করেন কাস্টমস কর্মকর্তারা।
পরে এক্স-রে পরীক্ষায় তার পায়ুপথে স্বর্ণসদৃশ বস্তু থাকার বিষয়টি শনাক্ত হয়। এরপর সেখান থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়। এ ছাড়া তার পরিহিত অন্তর্বাসের কাপড়ে প্রায় ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা বস্তুগুলোর ওজন প্রায় এক কেজি। এসব বস্তুতে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা কত, তা পরিশোধন ও পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার সঙ্গে একটি সংঘবদ্ধ আন্তদেশীয় চোরাচালান চক্র জড়িত থাকতে পারে। চক্রটি শনাক্ত এবং এর নেপথ্যে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে অধিদপ্তর। প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তাও নেওয়া হতে পারে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাত্রী ব্যাগেজের আড়ালে ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন চোরাচালানের প্রবণতা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এ ধরনের চোরাচালান ও শুল্ক-কর ফাঁকি প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (CIID)।
গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে কাস্টমস গোয়েন্দার এ-শিফটের পৃথক তিনটি অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণের বার, ৩৫টি স্মার্টফোনসহ মোট ১ কোটি ১২ লাখ ৭৬ হাজার ৮৩৪ টাকা মূল্যের বিভিন্ন পণ্য আটক করা হয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের BS218 (ব্যাংকক–ঢাকা) ফ্লাইটে আগত যাত্রী মো. আবুল হোসেনের ব্যাগেজ থেকে ১৭১ গ্রাম স্বর্ণের বারসহ কসমেটিকস, খাদ্যদ্রব্য ও ওষুধ আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য ৩৫.৭০ লাখ টাকা।
অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG389 (ব্যাংকক–ঢাকা) ফ্লাইটে আগত যাত্রী শাহ আলম আজিজের ব্যাগেজে ৩০০ গ্রাম স্বর্ণের বার, Samsung, Honor ও Realme ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান ও ৬.৩৭৫ কেজি কসমেটিকস পাওয়া যায়। প্রযোজ্য কর আদায় ও পাসপোর্টে এন্ট্রি সাপেক্ষে ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অতিরিক্ত পণ্য আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য ৫৫.৩০ লাখ টাকা।
একই ফ্লাইটে আগত যাত্রী উম্মা হানির ব্যাগেজে ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০.৪৮ কেজি সাবান পাওয়া যায়। ব্যাগেজ সুবিধায় ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অবশিষ্ট স্বর্ণ ও অতিরিক্ত পণ্য আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য ২১.৭৭ লাখ টাকা।
কাস্টমস গোয়েন্দার পর্যবেক্ষণে ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন আনার ঘটনা ক্রমবর্ধমান চোরাচালান ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। এসব চালান পৃথকভাবে ছোট হলেও সামগ্রিকভাবে উল্লেখযোগ্য রাজস্ব ফাঁকির ঝুঁকি তৈরি করতে পারে। এ ধরনের ঘটনা সংঘবদ্ধ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
চোরাচালানের পরিবর্তিত কৌশল মোকাবিলা ও সরকারি রাজস্ব সুরক্ষায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সতর্ক অবস্থানে থেকে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করেছে।