সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলো ইন্দোনেশিয়া। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৫৮ পিএম

সীমান্ত পেরিয়ে যাওয়া দাবানলের ধোঁয়ার জন্য প্রতিবেশী দেশ সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে ক্ষমা চেয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোয়ো সুবিয়ান্ত।

আল জাজিরা লিখেছে, কয়েক মাস ধরে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটানো ভয়াবহ দাবানলের শিকার ইন্দোনেশিয়া। পুড়ে গেছে প্রায় ৩০ লাখ হেক্টর জমি ও বনভূমি।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ফিলিপিন্সের ম্যানিলায় রোববার শুরু হওয়া আসিয়ান শীর্ষ সম্মেলনের একটি সেশনে প্রেসিডেন্ট সুবিয়ান্ত ক্ষমা প্রার্থনা করেন।

তিনি বলেন, “আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রতিবেশী মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কাছে। আমরা ভয়াবহ দাবানলের শিকার হয়েছি, সেই আগুনের ধোঁয়া মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ছড়িয়ে পড়েছিল।

“এটি আমাদের ত্রুটি না হলেও ফের ক্ষমা চাইছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেই দাবানল নিয়ন্ত্রণ করেছি। এতে আমাদের প্রায় চার মাস সময় লেগেছে।”

সুবিয়ান্ত জানান, দাবানল মোকাবিলায় ৭১ হাজার অগ্নিনির্বাপণকর্মী মোতায়েন করা হয়। আগুন নেভাতে গিয়ে মৃত্যু হয় ১৬ জনের। বনাঞ্চলে আগুন লাগার ঘটনায় জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে সরকার ইতোমধ্যে কঠোর ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে বলে জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।

তাকে উদ্ধৃত করে প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, দাবানলের জন্য দায়ী যে কোনো কোম্পানির বিরুদ্ধে ইন্দোনেশিয়ার সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। এ নিয়ে পুলিশের তদন্তের আওতায় রয়েছে ১০৪টি কোম্পানি। আল জাজিরা লিখেছে, ইন্দোনেশিয়া গত ১১ বছরের মধ্যে সবচেয়ে তীব্র দাবানলের সঙ্গে লড়াই করছে। বিশেষ করে সুমাত্রা, বোর্নিও ও পাপুয়া দ্বীপের বিস্তীর্ণ বনাঞ্চল আগুনে পুড়ে গেছে।

সেপ্টেম্বরে দেশটিতে দাবানলের আগুনে মারা গেছেন ৩ হাজার ৫৬০ জন। ওই মাসে কালো ধোঁয়া ও দূষণে মারা গেছেন আরও ১৭৫০ জন।

সব মিলিয়ে সেপ্টেম্বরে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৩১০ জনের। এর আগে অগাস্টে দাবানলের কারণে প্রাণ গেছে ৩ হাজার ৭৪০ জনের।

গত কয়েক মাসে এসব দাবানলের ধোঁয়া ইন্দোনেশিয়ার নিকটবর্তী প্রতিবেশী দেশগুলোর আকাশ ঢেকে দেয়। তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সিঙ্গাপুর ও মালয়েশিয়া।

ধোঁয়া ও দূষণের শিকার দেশদুটি সেজন্য অবশ্য ইন্দোনেশিয়ার কোনো সমালোচনা করেনি। আবার দাবানল নেভাতে সহায়তার জন্যও এগিয়ে আসেনি।



সর্বশেষ সব খবর

রুশ শিল্পী আলেক্সি সেরগিয়েঙ্কোর আঁকা ‘শেনজেন ২৬’ শিরোনামের নতুন পপ আর্ট চিত্রকর্মটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ফুটিয়ে তোলা হয়েছে। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০৭ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী বৃহস্পতিবার এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। চীনের শেনজেন শহরে এই তিন নেতা প্রথমবারের মতো একত্রিত হবেন বলে সোমবার নিশ্চিত করেছে বেইজিং।


এর আগে মস্কো ও হোয়াইট হাউজ এ বৈঠকের কথা ঘোষণা করেছিল। এবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সেটি নিশ্চিত করলেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, গত মাসে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল যে ইউক্রেইনে চার বছর ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত মাসে এই ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন।


শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা এপেক সম্মেলনের ফাঁকে তিন নেতা শীর্ষ বৈঠকে মিলিত হবেন। এর আগে বিভিন্ন সময় এই নেতারা পরস্পরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হলেও তাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক নজিরবিহীন।


গত বছরের অক্টোবর থেকে শি তিনবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন আর ২০১৩ সালে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে পুতিনের সঙ্গে চল্লিশেরও বেশিবার সাক্ষাৎ করেছেন। অপরদিকে ট্রাম্প ও পুতিন অনেকগুলো উপলক্ষ্যে পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করেছেন; এরমধ্যে ২০২৫-র অগাস্টে রাশিয়ার নেতার যুক্তরাষ্ট্রের আলস্কা সফর উল্লেখযোগ্য।


সাংহাইভিত্তিক ডেটা অ্যানালিটিক্স এবং ফিন্যান্সিয়াল কনসাল্টিং প্রতিষ্ঠান ‘জেড-বেন অ্যাডভাইজরাস’ এর ব্যবস্থাপনা পরিচালক পিটার আলেকজান্ডার বলেন, “শি জিনপিংয়ের ক্ষেত্রে, পুতিন ও ট্রাম্পকে আলোচনার টেবিলে নিয়ে আসতে পারার সক্ষমতা অনেকটা ‘সমকক্ষদের মধ্যে প্রথম’ হওয়ার মতো একটি পরিস্থিতি; এটি মূল আলোচনা শুরু হওয়ার আগেই তাকে বড় ধরনের রাজনৈতিক সুবিধা এনে দেবে।”


ট্রাম্প ইতোমধ্যেই চার দিনের এক সফরে এশিয়ার উদ্দেশে ওয়াশিংটন ডিসি ছেড়েছেন। তার এ সফরে ফিলিপিন্সে যাত্রা বিরতি করার কথা রয়েছে। তিনি নেতার এ বৈঠকে কী নিয়ে আলোচনা হবে তা স্পষ্ট করেনি চীন।

সর্বশেষ সব খবর

জব্দ করা স্বর্ণ ও রুপি। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৩১ পিএম

ভারতের মধ্যপ্রদেশে বাঘ সংরক্ষণ এলাকার কর্মকর্তার বাসভবনে অভিযান চালিয়ে ১৪ কোটির সমপরিমাণ স্বর্ণ, নগদ টাকা ও সম্পদ জব্দ করেছে দুর্নীতিবিরোধী সংস্থা-লোকায়ুক্ত। অভিযানে প্রায় ২ কোটি ৬৩ লাখ রুপি নগদ অর্থ এবং আড়াই কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৬৮ লাখ টাকা।  লোকায়ুক্তের কর্মকর্তারা রোববার (১৫ নভেম্বর) সাতপুরা টাইগার রিজার্ভের সহকারী পরিচালক সঞ্জীব কুমার শর্মাকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট তিনটি স্থানে অভিযান চালান। 


এর মধ্যে রয়েছে নর্মদাপুরম জেলার সরকারি বাসভবন ও কার্যালয় এবং ছিন্দওয়াড়া জেলার ব্যক্তিগত বাসভবন। আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার ভিত্তিতে আদালতের পরোয়ানা নিয়ে এ অভিযান চালানো হয়।


সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে লাইভমিন্ট জানিয়েছে, অভিযানে ১ দশমিক ৬ কেজি রুপাও পাওয়া গেছে। এর মূল্য প্রায় ২ লাখ ৯০ হাজার রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৮৭ হাজার টাকা। এ ছাড়া সঞ্জীবের সঙ্গে সংশ্লিষ্ট দুটি আবাসন ও পর্যটন প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। এর মধ্যে ইকোটেল রিসোর্টের আনুমানিক মূল্য ২ কোটি রুপি এবং সেরেনিটি দ্য ভিলা নামের স্থাপনাটির মূল্য ১ কোটি রুপি। 


বাংলাদেশি মুদ্রায় এ দুটির মোট মূল্য প্রায় ৪ কোটি ১ লাখ টাকা। তবে সম্পত্তিগুলোর আনুষ্ঠানিক মূল্যায়ন এখনো বাকি। তদন্তকারীরা ২৮টি জমি কেনাবেচার নথি এবং চারটি যানবাহনের সন্ধান পেয়েছেন। যানবাহনগুলোর আনুমানিক মূল্য ৩১ লাখ ২০ হাজার রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ লাখ ৬৮ হাজার টাকা। বাড়ির আসবাব ও অন্যান্য সামগ্রীর মূল্য ধরা হয়েছে প্রায় ৫০ লাখ রুপি।


প্রাথমিক হিসাবে সঞ্জীবের সম্পদ তার বৈধ আয়ের তুলনায় ৫৬০ শতাংশ বেশি বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। তার স্ত্রী ও অন্যদের নামেও কিছু সম্পদ কেনা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তদন্ত চলছে। 

সর্বশেষ সব খবর
  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ২:৫৯ পিএম
  • আপডেট : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ২:৫৯ পিএম


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ২:৫৯ পিএম

ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে গলির ক্রিকেট খেলেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী প্রিন্সেস কেট মিডলটন। মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেটে তাদের ক্রিকেট খেলার দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।


সোমবার (১৬ নভেম্বর) মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেটে শচীন টেন্ডুলকারের সঙ্গে দেখা করেন প্রিন্স অব ওয়েলস উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট। এ সময় তাদের মধ্যে ক্রিকেট নিয়ে বেশ প্রাণবন্ত আলোচনা হয়। আলোচনার একপর্যায়ে শচীনকে হাতের ইশারায় ক্রিকেটের বিভিন্ন মুহূর্ত বুঝিয়ে দিতেও দেখা যায়। মনোযোগ দিয়ে তার কথা শোনেন উইলিয়াম ও কেট।


পরে সেখানে আয়োজন করা হয় গলির ক্রিকেট খেলা। স্কুল শিক্ষার্থীদের সঙ্গে এই আয়োজনে অংশ নেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট। শচীন টেন্ডুলকারের সঙ্গে ব্যাট হাতে নেন উইলিয়াম ও কেট। খেলার আগে উইলিয়ামকে ক্রিকেটের বিভিন্ন বিষয় বুঝিয়ে দেন শচীন। এ সময় কেটকে মাঠের পাশে দাঁড়িয়ে আনন্দের সঙ্গে খেলা উপভোগ করতে দেখা যায়।


ক্রিকেট খেলার পাশাপাশি বিশেষভাবে সাজানো একটি চায়ের দোকানেও যান রাজদম্পতি। সেখানে ঐতিহ্যবাহী মাটির কাপে চা পান করেন তারা।


এদিন প্রিন্স উইলিয়ামের পরনে ছিল সাদা শার্ট, নেভি ব্লু রঙের নেহরু স্টাইলের হাতাকাটা জ্যাকেট ও গাঢ় রঙের ট্রাউজার। অন্যদিকে কেট মিডলটন পরেছিলেন হালকা লেবু-সবুজ রঙের ব্লেজার, সাদা টপ ও একই রঙের ট্রাউজার। শচীনকে দেখা যায় নেভি ব্লু শার্ট ও গাঢ় রঙের জিনস পরা অবস্থায়।


এর আগে সকালে ভারতের পরিবেশবান্ধব উদ্ভাবন ও টেকসই উন্নয়নে অবদানের প্রশংসা করে একটি বার্তা দেন রাজদম্পতি। বার্ষিক পরিবেশবিষয়ক পুরস্কার আয়োজন আর্থশট প্রাইজে অংশ নিতে ভারতে আসতে পেরে আনন্দ প্রকাশ করেন তারা।


ইনস্টাগ্রামে প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলসের আনুষ্ঠানিক অ্যাকাউন্টে দেওয়া বার্তায় বলা হয়, ‘এ বছরের আর্থশট প্রাইজে অংশ নিতে ভারতে আসতে পেরে ক্যাথরিন ও আমি আনন্দিত।’

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ১:০৫ পিএম

লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালির ওপর নজরদারির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে সৌদি আরব সমর্থিত ইয়েমেনের সরকারপন্থী বাহিনী। এর ফলে এলাকাটির নিয়ন্ত্রণ নিয়েছে ইরান সমর্থিত হুতি আন্দোলন।


ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত গুরুত্বপূর্ণ এই নৌপথ থেকে সৈন্য সরিয়ে নেওয়া হচ্ছে। ইয়েমেনের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের নিরাপত্তা জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এই সিদ্ধান্তের মধ্য দিয়ে এলাকাটি পুনরুদ্ধারে কয়েক সপ্তাহ ধরে চলা অভিযানের সমাপ্তি ঘটল। সেপ্টেম্বরে আকস্মিক অভিযানের মাধ্যমে হুতিরা এলাকাটি দখল করে নেয়। এতে বিশ্ববাজারে তেল রপ্তানি বাধাগ্রস্ত হয় এবং হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়।


রোববার হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যম জানায়, তারা ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এ বিষয়ে সৌদি আরব কোনো মন্তব্য করেনি।


সরকারপন্থী বাহিনী অক্টোবরের শুরুর দিকে জানিয়েছিল, তারা প্রণালিটির নিয়ন্ত্রণ নিরাপদ করেছে। এর আগে হুতিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ এলাকাগুলো পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছিল তারা। এর এক মাস আগে হুতিরা প্রণালির মুখে অবস্থিত পেরিম দ্বীপ এবং কৌশলগত বন্দর শহর মোখাসহ বেশ কয়েকটি এলাকা দখল করে নেয়।


তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষে লড়াইরত সৌদি-সমর্থিত বাহিনী রোববার জানায়, অন্যান্য এলাকায় নিজেদের শক্তি বাড়াতে তারা ওই এলাকা থেকে সরে আসছে। এ ক্ষেত্রে দক্ষিণাঞ্চলীয় শহর এডেনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।


রয়টার্সের এক প্রতিবেদনে 'সাউদার্ন আর্মড ফোর্সেস'-এর বিবৃতির বরাত দিয়ে বলা হয়, তাদের সেনারা ধুবাব বিমানবন্দর ও বাব আল-মান্দাব এলাকা থেকে সরে আসছে। সম্মুখভাগ শক্তিশালী করা এবং বিদ্যমান হুমকি মোকাবিলার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।


হুতিরা জানিয়েছে, এই জলপথের নিয়ন্ত্রণ নেওয়ার সময় আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য কোনো হুমকি সৃষ্টি করেনি তারা। তবে সৌদি আরবের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রাখবে।


এলাকাটি দখলের ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেল রপ্তানির জন্য সৌদি আরব লোহিত সাগরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল।


এর জবাবে সৌদি আরব শত শত বিমান হামলা চালায়। অন্যদিকে হুতিরা সৌদি আরবের বিভিন্ন শহর ও অবকাঠামো লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।


জাতিসংঘের প্রাক্কলন অনুযায়ী, সংঘাত তীব্রতর হওয়ায় ইয়েমেনে প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়া সংঘাতে শত শত মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।


২০১৪ সালে হুতিরা রাজধানী সানা থেকে সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। দীর্ঘ এই সংঘাতে দেশটি ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে। ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব রাষ্ট্রগুলোর জোট সরকারকে পুনরায় ক্ষমতায় বসানোর লক্ষ্যে হস্তক্ষেপ করলে সংঘাত আরও তীব্র হয়।


চার বছর ধরে চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে পড়তে শুরু করে। ওই সময় হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে এবং দেশটির বিমানবন্দর, তেল স্থাপনা ও লোহিত সাগরে থাকা তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।


হুতিদের দাবি, আমাদের নিয়ন্ত্রিত এলাকার বন্দর ও বিমানবন্দরে সৌদি আরবের অবরোধ এবং সানা বিমানবন্দরে বিমান হামলার জবাবে আমরা এসব পদক্ষেপ নিয়েছি। এসব হামলার জন্য সৌদি আরবকে দায়ী করে আসছে।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৪৮ এএম

কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার আড়ালে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালানোর পাঁয়তারা করছে বলে অভিযোগ তুলেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে, এমন হলে ইরান আগেই হামলা চালাবে।


ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আগে হামলার জন্য তেহরান অপেক্ষা করে থাকবে না।


এমন এক সময় ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী এ হুঁশিয়ারি দিলেন, যখন মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন রণতরি মোতায়েনের খবর জানা গেছে।


বিষয়টির সঙ্গে জানাশোনা রয়েছে এমন একজন মার্কিন কর্মকর্তা (নাম প্রকাশ করা হয়নি) আল-জাজিরাকে বলেন, রণতরি ইউএসএস থিওডর রুজভেল্ট এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে।


মধ্যপ্রাচ্যে আগে থেকেই দুটি মার্কিন রণতরি রয়েছে। ওই কর্মকর্তা জানান, বিমানবাহী রণতরি ইউএসএস থিওডর রুজভেল্ট সেখানে সেই দুটির সঙ্গে যুক্ত হবে। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দায়িত্বাধীন এলাকায় কার্যক্রম চালাবে।


এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র যতই আত্মবিশ্বাসী হোক না কেন, তাদের পরাজয়ের মুখোমুখি হতে হবে।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি লেখেন, ‘তলোয়ার হাতে থাকা ব্যক্তির সামনে আইনের কথা বল না—কথাটি একজন রোমান সেনাপতির। অথচ শেষ সামরিক অভিযানে তাঁকে শোচনীয় পরাজয় মেনে নিতে হয়। যদিও সংখ্যার বিবেচনায় তিনি এগিয়ে ছিলেন। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান। পরে তাঁর শিরশ্ছেদ করা হয়েছিল।’


আরাগচি আরও লেখেন, ‘এটার চেয়ে ভালো নীতিবাক্য হলো: যাঁরা অতীত ভুলে যান, তাঁরাই এর পুনরাবৃত্তি করতে বাধ্য হন।’


এ বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র আর ইসরায়েল একযোগে ইরানে সর্বাত্মক হামলা শুরু করে। যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কড়াকড়ি আরোপ করে তেহরান।


জাহাজগুলোকে ইরানের অনুমোদিত পথ ব্যবহার করতে হচ্ছে। অনুমতি ছাড়া চলা জাহাজগুলোকে নিয়মিত নিশানা করেছে দেশটি।


এর জবাবে ইরানের বন্দরগুলোয় নৌ অবরোধ দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। হরমুজ পার হতে তেলবাহী জাহাজগুলোকে সহায়তা করছে মার্কিন বাহিনী। যুদ্ধের আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এ পথ দিয়ে পরিবাহিত হতো।


সেন্টকম সম্প্রতি দাবি করেছে, হরমুজ প্রণালির প্রধান নৌপথগুলো থেকে তারা সব মাইন সরিয়ে ফেলেছে। এর আগে সেন্টকম গত মাসে জানিয়েছিল, গ্রীষ্মের পর থেকে হরমুজ প্রণালি দিয়ে তারা উপসাগরীয় দেশগুলোর ১৫০ কোটি ব্যারেল জ্বালানি তেল রপ্তানিতে সহায়তা করেছে।


সম্প্রতি আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালির পরিস্থিতি আর কখনোই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরবে না।

সর্বশেষ সব খবর

ইরানের শাহেদ ড্রোন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ১:০৬ এএম

ইরানের তৈরি শাহেদ ড্রোন যুদ্ধক্ষেত্রে ব্যাপক মাত্রায় ব্যবহৃত হয়ে আসছে। এবার এই ড্রোন উৎপাদনের খরচের বিষয়টি খোলাসা করেছে তেহরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র জানিয়েছেন, দেশটির তৈরি শাহেদ-১৩৬ ড্রোন উৎপাদনে সর্বোচ্চ ২০ হাজার ডলার খরচ হয়।


রোববার (১৫ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


শাহেদ-১৩৬ এক ধরনের আত্মঘাতী বা একমুখী ড্রোন। এটি আগে থেকে নির্ধারিত স্থানাঙ্ক অনুসরণ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে উড়ে যায় এবং আঘাত হানার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। নজরদারি বা পুনর্ব্যবহারযোগ্য যুদ্ধ ড্রোনের মতো এটি ফিরে আসার জন্য তৈরি করা হয়নি।


২০২১ সালে আনুষ্ঠানিকভাবে শাহেদ-১৩৬ ড্রোনের উন্মোচন করা হয়। এর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ত্রিভুজাকৃতির ডানা, পিস্টন ইঞ্জিন ও পেছনে সংযুক্ত প্রপেলার। বাণিজ্যিকভাবে সহজলভ্য ও তুলনামূলক কম দামের যন্ত্রাংশ ব্যবহারের কারণেও ড্রোনটির উৎপাদন খরচ কম রাখা সম্ভব হয়েছে।


যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, শাহেদ-১৩৬ ড্রোনের ওজন প্রায় ২০০ কেজি। এর দৈর্ঘ্য ৩ দশমিক ৩ থেকে ৩ দশমিক ৫ মিটার। ডানার বিস্তার আনুমানিক ২ দশমিক ৫ থেকে ৩ মিটার।


ড্রোনটির গতিবেগ ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, এর কার্যক্ষমতার পরিসর ১ হাজার থেকে ২ হাজার ৫০০ কিলোমিটার। এটি ২০ থেকে ৫০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে বলে ধারণা করা হয়।


নির্দিষ্ট লক্ষ্যবস্তুর স্থানাঙ্কে পৌঁছাতে শাহেদ-১৩৬ ড্রোনে জড়তাভিত্তিক ও স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা ব্যবহার করা হয়। এর পিস্টন ইঞ্জিন ও পেছনের প্রপেলার উড্ডয়নের জন্য প্রয়োজনীয় শক্তি জোগায়। তবে বিভিন্ন সংস্করণে পরিবর্তন ও উন্নয়ন আনার কারণে ড্রোনটির কারিগরি বৈশিষ্ট্যে কিছুটা ভিন্নতা থাকতে পারে।

সর্বশেষ সব খবর