সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ট্রলারে থাকা সাতজন দালালকে আটক করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সাগরপথে একটি কাঠের ট্রলারে করে অবৈধভাবে লোকজনকে মালয়েশিয়ায় নেওয়া হচ্ছে—এমন খবর পেয়ে সন্দেহজনক ট্রলারটির গতিবিধি নজরদারিতে নেয় কোস্ট গার্ড। পরে ট্রলারটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে ধাওয়া দিয়ে ট্রলারটি আটক করা হয়। পরে ট্রলারে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাঁরা অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানান। এ সময় ট্রলার থেকে নারী-শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং বাকিরা বাংলাদেশি নাগরিক।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, ‘সাগরপথে মানবপাচারের সময় একটি ট্রলারসহ নারী-শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় সাতজন পাচারকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে রোববার দুপুরে টেকনাফে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’
মাদকসেবীর সংখ্যা দুই লক্ষাধিক
মাদক নিয়ন্ত্রণে জনবল মাত্র ১৯ জন
বালুর ট্রাক, কাভার্ড ভ্যান, মুরগিরবাচ্চা বহনকারীই বাহন
পাচারের নিরাপদ রুট- গারোবাজার, দেওপাড়া, সাগরদীঘি, গোবিন্দাসী, এলেঙ্গা
টাঙ্গাইলের ১২টি উপজেলায় ভয়াবহ রূপ নিয়েছে মাদক। জেলার শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের অলিগলি ও ফাঁকা জায়গায় হাত বাড়ালেই মিলছে ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেনসিডিল ও সিসার মতো মরণঘাতী নেশাদ্রব্য। খোদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাবেই জেলায় মাদকসেবীর সংখ্যা দুই লক্ষাধিক, যদিও স্থানীয়দের মতে প্রকৃত সংখ্যা এর কয়েক গুণ বেশি। মাদকাসক্ত সন্তানদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অভিভাবকেরা বাধ্য হচ্ছেন তাদের সংশোধনাগারে কিংবা নিরাপত্তা হেফাজতে কারাগারে পাঠাতে।
জানাগেছে, প্রায় ৪০ লাখ বাসিন্দার বিশালাকার টাঙ্গাইল জেলায় মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন মাত্র ১৯ জন কর্মকর্তা-কর্মচারী। জেলায় অনুমোদিত মাদক বিক্রয়কেন্দ্র মাত্র ৫টি হলেও বাস্তবে পুরো জেলাই এখন মাদকের খোলা বাজারে পরিণত হয়েছে। এই মরণনেশা সেবন ও বিকিকিনিতে জড়িয়ে পড়েছেন উঠতি বয়সী কিশোর-কিশোরী, তরুণ, স্কুল-কলেজের শিক্ষার্থী, পেশাজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী, পরিবহন চালক-হেলপার, এমনকি স্কুল-মাদরাসার শিক্ষক ও নারীরাও।
মাদকের ভয়াবহতা নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গত অক্টোবর মাসের জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ব্যাপক আলোচনা হয়। ওই সভায় কয়েকজন সদস্য দাবি করেন, জেলায় মাদকাসক্তের হার ২০ শতাংশের বেশি।
তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদ্য বিদায়ী সহকারী পরিচালক মো. আহসানুল কবীর বুলবুল জানান, টাঙ্গাইলে মাদকাসক্তের হার ৫ শতাংশের ওপরে, যে হিসাবে জেলায় মাদকসেবীর সংখ্যা দুই লক্ষাধিক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত তৎপরতা সত্ত্বেও থামছে না মাদকের কারবার।
স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, কারবারিরা মাদক পাচারে নিত্যনতুন কৌশল অবলম্বন করছে। বালুর ট্রাক, কাভার্ড ভ্যান, এমনকি মুরগির বাচ্চা বহনকারী গাড়িতে বিশেষ চোরাগোপ্তা পকেট তৈরি করে মাদক পাচার করা হচ্ছে। অন্যদিকে, খুচরা বিক্রেতারা ধরাছোঁয়ার বাইরে থাকতে সুনির্দিষ্ট কোনো স্থান বা সময় বেছে নেয় না। তারা নির্জন স্থান ও ফাঁকা সড়কে চলমান অবস্থায় এবং বিশেষ সাংকেতিক চিহ্ন ব্যবহার করে দ্রুততম সময়ে লেনদেন সেরে সটকে পড়ে।
অনুসন্ধানে দেখা গেছে, জেলার প্রতিটি উপজেলায় গড়ে ২০ থেকে ২৫টি স্পটে নিয়মিত মাদক বেচাকেনা হয়, যেখানে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আনাগোনাই সবচেয়ে বেশি। তার মধ্যে জেলা শহরের করটিয়া, মহেষখোলা, বিশ্বাসবেতকা, পদ্মপুকুরপাড়, নজরুল সেনা স্কুলের আশপাশ ও থানাপাড়াসহ সদর উপজেলার বহু স্থানে মাদক বিক্রি হয়। মধুপুর উপজেলার চাড়ালজানি, শহীদ মিনার চত্বর, দেবের পুকুরপাড়, শেওড়াতলা, পুন্ডুরা, আদালতপাড়া, টুনিয়াবাড়ী, সিঅ্যান্ডবি মোড়, টেংরি টেকনিক্যাল কলেজের কাছে, ক্বারী বাসস্ট্যান্ড, গোরস্থানপাড়া, জলছত্র, হলদিয়া স্কুল এলাকা ও মাস্টারপাড়াসহ অন্তত অর্ধশত স্থানে মাদক কেনাবেচা চলে। ঘাটাইল উপজেলার গারোবাজার, সাগরদীঘি, ফুলমালির চালা, দেওপাড়া, মাইধারচালা, সিদ্দিখালী বাজার ও মাকরাইসহ অন্তত ৩০টি পয়েন্টে মাদক পাওয়া যায়। গোপালপুর উপজেলার নন্দনপুর, পুরাতন তেলের পাম্প, সুন্দর পশ্চিমপাড়া, শিমলাবাজার রোড, ডাকবাংলো রোড, আভুঙ্গী, কোনাবাড়ী, ভূয়ারচক, মৃদ্ধাবাড়ী, সূতি, পাগলা বাজার, মধুপুর ভট্ট ও ঝাওয়াইল সান্দারপট্টিসহ অন্তত ২০টি পয়েন্ট মাদকের আখড়ায় পরিণত হয়েছে। ধনবাড়ী উপজেলার কালীপুর, কেরামজানি বাজার, মুশুদ্দি শয়া, জাগিরাচালা, গরমবাজার, ধোপাখালি ও ভাইঘাটসহ অন্তত ১৫টি পয়েন্টে নিয়মিত মাদক বেচাকেনা হয়। কালিহাতী উপজেলা সদর, হামিদপুর, বল্লা, কোকডহরা, চারান, এলেঙ্গা সহ প্রায় ৩০টি স্পটে মাদকের অবাধ কারবার চলছে। একই অবস্থা অন্য উপজেলাগুলোতেও। মাদকের এই ছোবলে নিঃস্ব হচ্ছে অসংখ্য পরিবার, থমকে যাচ্ছে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ।
সরেজমিনে জানা যায়- মধুপুরের নরসুন্দর এস চন্দ্র দাসের (ছদ্মনাম) স্বপ্ন ছিল সন্তানদের উচ্চশিক্ষিত করার। কিন্তু এলাকায় মাদকের ভয়াবহ বিস্তারের আতঙ্কে তিনি ছেলের পড়াশোনা বন্ধ করে নিজ পেশায় যুক্ত করতে বাধ্য হয়েছেন। অন্যদিকে, চাকরিজীবী আলী হোসেন সন্তানকে মাদকের অন্ধকার জগৎ থেকে ফেরাতে ব্যর্থ হয়ে এবং নেশার টাকার চাহিদা মেটাতে গিয়ে শেষ পর্যন্ত শহরের ভিটেমাটিই বিক্রি করে দিয়েছেন। সন্তানের অত্যাচার সইতে না পেরে টাঙ্গাইল শহরের বটতলার টাইলস মিস্ত্রি সাদ্দাম হোসেনকে তাঁর পরিবারের সদস্যরা প্রশাসনের সহায়তায় কারাগারে পাঠিয়েছেন। এমন ঘটনা এখন অহরহ ঘটছে; এমনকি মাদকাসক্ত সন্তানের হাতে বাবা-মা খুন হওয়ার মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে জেলার একাধিক স্থানে।
শিক্ষার্থীদের এই অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাম গোপন করে ৩-৪জন স্কুল শিক্ষক বলেন, ‘বর্তমানে স্কুল-কলেজের যেসব শিক্ষার্থী উদ্ভট স্টাইলে চুল কাটে ও চলাফেরা করে, তাদের একটি বড় অংশই বিপথগামী এবং কোনো না কোনোভাবে মাদক বা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন জানান, টাঙ্গাইলে তরুণ, যুবক ও শ্রমজীবীরা সবচেয়ে বেশি মাদকাসক্ত হয়ে পড়ছে। শহরের অটোচালকদের অধিকাংশই এখন মাদকসেবী, এমনকি এদের অনেকেই মাদক কেনাবেচার সঙ্গেও জড়িত।
মাদক নিয়ন্ত্রণে নিজেদের তৎপরতার কথা জানিয়ে টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদ্য বিদায়ী সহকারী পরিচালক মো. আহসানুল কবীর বুলবুল বলেন, ‘গত ৯ মাসে টাঙ্গাইলে এক হাজারের বেশি অভিযান পরিচালনা করে ৫৪৮টি মামলা করা হয়েছে। এসব অভিযানে মাদকসহ ৫৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আমাদের সচেতনতামূলক কার্যক্রমও চলমান রয়েছে।’
এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ জানান, মাদক নির্মূলে সামাজিক আন্দোলন এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে। সামাজিক প্রতিরোধ না থাকায় মাদক গ্যাং ও কিশোর গ্যাং অপকর্মের সুযোগ পাচ্ছে। মাদকের সঙ্গে যারা যুক্ত, তাদেরকে কোনো কমিটিতে না রাখার জন্য উপজেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সন্ধ্যার পর আড্ডা বন্ধ করতে বলা হয়েছে।
এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘মাদক কেবল নেশাগ্রস্ত ব্যক্তিকেই ক্ষতিগ্রস্ত করছে না বরং পুরো পরিবার ও সমাজকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে প্রশাসনকে আরও কঠোর হতে হবে এবং সামাজিক ঐক্য গড়ে তুলে এর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে হবে।
বিস্ফোরণে দগ্ধদের হাসপাতালে ভর্তি করা হয়
কক্সবাজারের ইনানীতে নলকূপ থেকে উদগীরিত গ্যাসের আগুন নিয়ন্ত্রণের পর সেখানে সার্ভে কাজ করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদন কোম্পানির (বাপেক্স) সাত কর্মী দ্বগ্ধ ও আহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাপেক্সের ডিজিএম ড. আব্দুস ছালাম বলেন, ‘সম্প্রতি আগুন বন্ধ করার পর সেখানে সার্ভের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণে আগুনের কুণ্ডলি বের হয়। এতে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিক মেকানিক ফিরোজ আহমেদ ও রিক মেকানিক মোহাম্মদ জনিসহ সাতজন দগ্ধ হন।’
এ ঘটনার পর চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি তিনজন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
টানা ৩১ দিন উদগীরিত গ্যাসের আগুন জ্বলার পর শুক্রবার সেই গ্যাসকূপের আগুন নেভাতে সক্ষম হয় বাপেক্স। পরে সেখানে সার্ভের কাজ শুরু করে বিশেষজ্ঞ দল। ওই দিন সকালে বিশেষ কারিগরি পদ্ধতিতে ৩০ ইঞ্চি কেসিং স্থাপনের মাধ্যমে কূপের বিভিন্ন স্থান দিয়ে বের হওয়া গ্যাসের আগুন নিভিয়ে ফেলা হয়। আগুন নিয়ন্ত্রণে আসায় কূপটিকে নিরাপদ করার পাশাপাশি নতুন করে গ্যাস অনুসন্ধানের প্রস্তুতি নেয় সংস্থাটি।
২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীতে ছোট ব্রিজ এলাকায় একটি গভীর নলকূপ স্থাপনের কাজ চলার সময় হঠাৎ ভূগর্ভ থেকে প্রচণ্ড চাপে গ্যাস উদ্গীরণ শুরু হয়। কিছুক্ষণ পর পাশের বৈদ্যুতিক তার থেকে সৃষ্ট স্পার্কের কারণে গ্যাসে আগুন ধরে যায়। মুহূর্তেই পুরো এলাকা আগুনের শিখায় আচ্ছন্ন হয়ে পড়ে। এরপর থেকে টানা ৩১ দিন ধরে দিন-রাত জ্বলতে থাকে আগুন।
আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়ে বাপেক্সের কর্মকর্তারা জানিয়েছিলেন, এটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কারিগরি কার্যক্রম। কেসিং লাইনের সঙ্গে সংযুক্ত ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাসের প্রবাহ অন্যদিকে সরিয়ে নেওয়া হয়। এতে কূপের মুখে গ্যাসের চাপ কমে আসে এবং ধীরে ধীরে আগুন নিভে যায়। এ প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
বাপেক্সের পরিকল্পনা অনুযায়ী, কূপের গভীরতা বিবেচনায় ড্রিল পাইপ পুনরায় প্রবেশ করিয়ে প্রায় এক হাজার ফুট পর্যন্ত খনন করা হবে। এ সময় কূপের ভেতরে প্রয়োজনীয় ড্রিলিং মাড ব্যবহার করা হবে, যা ভূগর্ভস্থ গ্যাসের চাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এক হাজার ফুট পর্যন্ত খনন সম্পন্ন হলে কূপটির ফরমেশন প্রেসার বা ভূগর্ভস্থ চাপের ভারসাম্য প্রতিষ্ঠার কাজ করা হবে। এরপর প্রয়োজনীয় মাড ব্যবহার করে ভূগর্ভ থেকে অনিয়ন্ত্রিতভাবে গ্যাস বের হওয়ার পথ স্থায়ীভাবে বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে। এসব কার্যক্রম সফল হলে কূপটিকে নিরাপদ অবস্থায় নিয়ে আসা সম্ভব হবে বলে আশা করছেন তারা।
বাপেক্সের বিভাগীয় প্রধান শ্যামল কুমার বলেন, কেসিং স্থাপন এবং ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ করায় আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। এখন ধাপে ধাপে কূপটিকে নিরাপদ করে ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য প্রস্তুত করা হবে। তিনি জানান, কূপটি সম্পূর্ণ নিরাপদ হওয়ার পর এলাকায় নতুন করে জিওলজিক্যাল সার্ভে ও সিসমিক সার্ভে পরিচালনা করা হবে। এসব জরিপের তথ্য বিশ্লেষণ করে ওই এলাকায় বাণিজ্যিকভাবে গ্যাসের মজুত রয়েছে কিনা, তা মূল্যায়ন করা হবে। মূল্যায়নের ফলাফলের ভিত্তিতেই ভবিষ্যতে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে
বাপেক্সের ব্যবস্থাপক এসএম নাফিসুল আরফান জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর গ্যাস লাইনের মাধ্যমে বের হওয়া গ্যাসের দুটি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা দুটি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। পরীক্ষার মাধ্যমে গ্যাসের রাসায়নিক গঠন, উপাদান ও গুণগত মান সম্পর্কে ধারণা পাওয়া যাবে। পাশাপাশি গ্যাসটির সম্ভাব্য বাণিজ্যিক মূল্যায়নেও এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ছবি : সংগৃহীত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার (২৯ নভেম্বর) ভোর থেকে এই অবরোধ করা হয়। বর্তমানে সব ধরনের যান চলাচল বন্ধ আছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার টেকেরহাটের ঢাকা-বরিশাল মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভোর ৪টা থেকে শুরু হওয়া এ অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন দূরদূরান্তের যাত্রী ও চালকরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা যায়, ভোর থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন তারা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
এদিকে ভোরে অবরোধের সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়নি। তবে সকাল হলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়। তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে।
ছবি : সংগৃহীত
নেত্রকোণার পূর্বধলায় এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনার জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়িসহ অন্তত চারটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টা থেকে ১১টার মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। রোববার (২৯ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে উপজেলার পুটিকা বাজার এলাকায় যুবদল নেতা আবু বকর রানাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়দের দাবি, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের টহল দেখে পালিয়ে যাওয়ার সময় রানার ওপর হামলা চালান।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন উপজেলার বড়রুহী গ্রামে অভিযুক্ত যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন ধরিয়ে দেন।
এর কিছুক্ষণ পর বিশকাকুনী ইউনিয়নের ধলা যাত্রাবাড়ী গ্রামে কারাবন্দী সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। এতে বাড়িটির পাঁচ থেকে ছয়টি ঘর পুড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ছাড়া একই ঘটনার ধারাবাহিকতায় আহমদ হোসেনের বড় ভাই আমজাদ হোসেনের বাড়িতে ভাঙচুর চালানো হয়। কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল বাশার খান এবং যুগ্ম আহ্বায়ক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আমানুর রশীদ খান জুয়েলের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার বলেন, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঘটনা সম্পর্কে অবগত হলেও অগ্নিসংযোগের সঙ্গে কারা জড়িত, তা তিনি জানেন না। দলের নেতা-কর্মীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশ দেয়া হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মারামারি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি) মোতায়েন করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া আরও চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
এতে উল্লেখ করা হয়, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৮ প্লাটুন এবং কক্সবাজারে ৭ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছে। পাশাপাশি আরও ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ ‘কর্মকাণ্ড প্রতিরোধে’ কাজ করছেন বিজিবি সদস্যরা।
মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে।
ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিজিবি ‘বদ্ধপরিকর’।
জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: ভিডিও থেকে নেওয়া
শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সংঘর্ষের সময় অন্তত ১২ থেকে ১৩টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
রোববার (২৯ নভেম্বর) ভোর ৬টার পর উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ গণমাধ্যমকে জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও দুজন গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, অবরোধের কারণে পদ্মা সেতু দিয়ে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক করতে আরও কিছুটা সময় লাগে।
তিনি জানান, সংঘর্ষের সময় অন্তত ১২ থেকে ১৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।