রাজধানীর বারিধারায় ফুটপাতে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মিম (২৪) হত্যার ঘটনায় করা মামলায় নিহতের পরিবারের সঙ্গে ৯ লাখ টাকায় ‘আপস-মীমাংসা’ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল মোক্তাদিরের আদালতে অভিযুক্ত কিশোরকে হাজির করা হলে এ তথ্য জানান আসামিপক্ষের আইনজীবী মো. আলমগীর হোসেন।
এদিন দুপুর ১২টা ২৫ মিনিটে আয়াজকে আদালতে আনা হয়। শুনানি শুরুর আগেই আইনজীবী সাংবাদিকদের জানান, দুই পক্ষের মধ্যে ৯ লাখ টাকায় আপস করা হয়েছে।
আপসনামা অনুযায়ী, নিহত মেহেদী হাসান মিমের দাফন-কাফন ও ধর্মীয় আনুষ্ঠানিকতার জন্য এক লাখ টাকা এবং তার বৃদ্ধ মা-বাবার ভবিষ্যৎ প্রয়োজন বিবেচনায় আরো ৮ লাখ টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ নিহতের পরিবারকে মোট ৯ লাখ টাকা দেওয়া হয়েছে বলে আপসনামায় উল্লেখ করা হয়।
এতে বলা হয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে মোট ৯ লাখ টাকা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে মামলাটি প্রচলিত আইন ও আদালতের বিধি-বিধান অনুযায়ী নিষ্পত্তি বা প্রত্যাহারের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা করার কথা উল্লেখ রয়েছে।
এ ছাড়া অভিযুক্ত আয়াজ আলী শারীফ ও গাড়িচালক আকাশ মারকের জামিন সংক্রান্ত বিষয়ে আইনানুগভাবে আদালতে উপস্থিত থেকে আপত্তি না করা বা অনাপত্তি জানানোর বিষয়েও সহযোগিতার কথা আপসনামায় বলা হয়েছে। তবে আপসনামায় মামলাটি আদালতের এখতিয়ার ও প্রচলিত আইনের অধীনেই নিষ্পত্তির কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে গুলশান থানাধীন বারিধারা ডিপ্লোমেটিক এলাকার ১ নম্বর সড়কে দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে সেখানে অবস্থানরত নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মিমকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছবি : সংগৃহীত
রাজধানীর বারিধারায় ফুটপাতে উঠে পড়া গাড়ির চাপায় নির্মাণ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় কিশোর চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকালে ১৭ বছর বয়সি ওই কিশোরকে গুলশান ১২ নম্বর সড়কের বাসা থেকে গ্রেপ্তারের তথ্য দেন গুলশান থানার ওসি জাহেদ নূর।
তিনি বলেন, ওই কিশোর তাদের হেফাজতে রয়েছে।
মঙ্গলবার বিকালের এ ঘটনায় এর আগে ওই কিশোরকে বাদ দিয়ে মামলা করা হয়। এতে আসামি দেখানো হয় গাড়িটির চালককে। ওই কিশোরের বাবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন ক্যাপ্টেন বলে জানিয়েছে পুলিশ।
ওসি বলেন, মামলার সঠিক তদন্ত হচ্ছে এবং প্রকৃত দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার বিকালে বারিধারা ১ নম্বর সড়কে জার্মান দূতাবাসের কাছে অনিয়ন্ত্রিত একটি গাড়ি ফুটপাতে উঠে মেহেদী নামে এক নির্মাণ শ্রমিককে চাপা দেয়। ঘটনাস্থলেই ২৪ বছর বয়সি ওই শ্রমিকের মৃত্যু হয়।
ঘটনার পর সিসিটিভি ভিডিওতে দেখা গেছে কালো রঙের একটি এসইউভি দ্রুত গতিতে এসে ফুটপাতে উঠে পড়ে। তখন সেখানে বসে ছিলেন নির্মাণশ্রমিক মেহেদী। গাড়িটি মেহেদীকে চাপা দিয়ে একটি সড়ক বাতির খুঁটিতে গিয়ে ধাক্কা দিলে সেটিও ভেঙে পড়ে।
পরে স্থানীয় লোজন উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত আনা হয়েছে বলে জানায়। দুর্ঘটনার পর গাড়ির চালকের আসন থেকে বের হয়ে আসা এক কিশোরকে স্থানীয় লোকজন ধরে পুলিশের কাছে হস্তান্তর করে।
অভিযোগ উঠেছে, পরে থানায় নিয়ে পুলিশ তাকে ছেড়ে দেয়। তবে পুলিশের বক্তব্য, মব থেকে রক্ষা করতে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
এদিকে এ ঘটনায় নিহত মেহেদীর ভাই একটি মামলা করলেও সেখানে ওই কিশোরের নাম ছিল না বলে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন জানান।
মামলায় আকাশ মারক (৪৪) নামে একজনের নাম দেওয়া হয়েছে, যাকে দুর্ঘটনায় পড়া গাড়ির চালক হিসাবে পরিচয় দেওয়া হয়।
পুলিশ কর্মকর্তা ইসমাইল বলেন, “মামলায় ওই গাড়ির চালকের নাম থাকলেও প্রাথমিক তদন্ত এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে দুর্ঘটনার পর চালকের আসন থেকে ওই কিশোর বেরিয়ে আসছে। ধারণা করা হচ্ছে ওই কিশোরই গাড়ি চালাচ্ছিলেন।”
পরে তাকে গুলশানের ১২ নম্বর সড়কের বাসা থেকে গ্রেপ্তার করা হয়, যোগ করেন তিনি। তিনি বলেন, ওই কিশোরের বাবা বিমান বাংলাদেশের একজন ক্যাপ্টেন।
“আমরা চালককেও খুঁজতেছি। তাকে গ্রেপ্তার করা গেলে প্রকৃত ঘটনা জানা যাবে।”
বারিধারায় কিশোর চালকের অনিয়ন্ত্রিত গাড়ি ফুটপাতে, প্রাণ গেল নির্মাণ শ্রমিকের
ছবি : সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ দনিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচে গলির মুখে পড়ে থাকা একটি পুরোনো বাজারের ব্যাগ থেকে এসব হাতবোমা উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাগটি তল্লাশি করে ১০টি ককটেল পাওয়া যায়। পরে বিষয়টি ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হলে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন।
রাত ১০টা ২৫ মিনিটে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ মাঠে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ককটেলগুলো নিষ্ক্রিয় করেন বলে জানান নিয়াজ মেহেদী।
তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
গাজী নজরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন
জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেন জমে আছে এক সম্পর্কের টানাপোড়েন। কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের যন্ত্রণা, আবার কোথাও পরাজয়ের আক্ষেপ ও আত্মসম্মান রক্ষার কঠিন ঘোষণা।
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া হাতে লেখা এসব চিঠিতে সম্পর্কের নানা আবেগঘন মুহূর্তের কথা উঠে এসেছে। ভালোবাসার পাশাপাশি সেখানে রয়েছে প্রতারণার অভিযোগ, সম্পর্কের জটিলতা, বিশ্বাসভঙ্গ এবং তীব্র মানসিক কষ্টের কথা। নিজেকে দাবার গুটি মনে হওয়ার কষ্টের পাশাপাশি শেষ পর্যন্ত হার না মানার প্রত্যয়ের কথাও লেখা হয়েছে এসব পাতায়।
চিঠিগুলোর হাতের লেখা মরিয়মের কিনা সেটি এখনও জানা যায়নি। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, চিঠিগুলো তদন্ত করে দেখা হবে।
জাতীয় সংসদের অফিসিয়াল প্যাডে কালো কালিতে লেখা একটি পাতায় আক্ষেপ প্রকাশ করে বলা হয়েছে- ‘আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম তার সাথে, কিন্তু জিততে পারিনি হেরে গেলাম ময়দানে। জিতবোই বা কেমনে যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখি তুমিই তো ছিলে বিপক্ষ দলের সেনাপতি।’
অধিকারের লড়াই ও ভালোবাসার অপূর্ণতা
সাধারণ একটি পাতায় নিজের অবস্থান ও ভালোবাসার টানাপোড়েনের কথা তুলে ধরা হয়েছে। সেখানে লেখা- ‘সে ছিল অন্য নারীর স্বামী- কাগজে কলমে অধিকার ছিল তার বউ-এর। আর আমি ছিলাম বোকা...!!! অন্য কারো স্বামীকে বানিয়েছিলাম নিজের শখের পুরুষ...!!! কাউকে অর্ধেক পাওয়ার চেয়ে হারিয়ে ফেলা বেশি সম্মানের কারণ... ভালোবাসা কখনোই ভাগ করে নেওয়ার বিষয় নয়... ভালোবাসা হয় সম্পূর্ণ, না হয় অপূর্ণ!’
বিশ্বস্ততার বদলে দাবার গুটি
বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারিত হওয়ার অনুভূতিও প্রকাশ করা হয়েছে একটি পাতায়। সেখানে লেখা হয়েছে- ‘সে বলেছিল- আজ থেকে আমরা বন্ধু--চলো একটা গেমস খেলি। আমিও সরল মনে বিশ্বাস করে রাজি হয়েছিলাম। কিন্তু কে জানতো আমিই ছিলাম তোমার গেমসের দাবার এক গুটি।’
পরাজয় ও সতর্কবার্তা
জাতীয় সংসদের প্যাডে লেখা অন্য একটি পাতায় ক্ষোভ ও পরিণতির কথা তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে- ‘আমি হেরেছি--- তুমি জিতেছো-- কারণ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো ঠকিয়ে জিততে পেরেছো। আমি, শৃঙ্গের শেষ বাড়িয়ে ও হাসতে হাসতে মুখে হাসি রেখেছি-- দেখে নাও এই হাসির কারণই হবে তোমার ধ্বংসের কারণ।’
আত্মসম্মানের শেষ কথা
লাল কালিতে লেখা সংক্ষিপ্ত একটি বার্তায় নিজের আত্মসম্মানের কথা তুলে ধরা হয়েছে। সেখানে লেখা- ‘শুধু মায়ায় পড়েছি বলে বারবার তোমার কাছে নত হই … তা না হলে যতটা সস্তা ভাবছো ততটা সস্তা আমি নই...!’
তারিখ সংবলিত ধর্মীয় আমলের পাতা
চিঠিগুলোর সঙ্গে ১২-০৭-২০২৬ তারিখ সংবলিত একটি পাতাও পাওয়া গেছে। ওই পাতায় ঘুমানোর আগে করণীয় কয়েকটি ধর্মীয় আমলের তালিকা লেখা রয়েছে। পাতাটিতে লেখা- ‘১২-০৭-২০২৬ ঘুমানোর আগে ৬টি আমল : কালেমা পড়ে, দুরুদ শরীফ, ঘুমের দোয়া, আয়াতুল কুরসী, বিসমিল্লাহির রহমানির রাহিম ২১ বার, আস্তাগফিরুল্লাহ ৩ বার, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া এহিয়া, দুরুদ শরীফ ১১ বার, ইয়া আরহামার রাহিমিন ১১ বার।’
রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগর এলাকার জাতীয় সংসদ ভবনের বিপরীতে অবস্থিত সংসদ সদস্যদের বাসভবন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
কমলাপুরে ট্রেনে আগুন
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে রোববার রাতে ‘হাওড় এক্সপ্রেস’ নামের একটি ট্রেনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
আগুনে ২ নম্বর প্ল্যাটফর্মে থাকা ট্রেনটির একটি বগি পুড়ে গেছে। ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন আগুনের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ট্রেনটি ওয়াশপিটে ছিল। সেখান থেকে দুই নম্বর প্লাটফর্মে আসার সময় আগুন লাগে। এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।’
ফায়ার সার্ভিস জানায়, রাত ৯টা ৩৩ মিনিটে কমলাপুর রেলস্টেশনে হাওড় এক্সপ্রেস নামের ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত ১০টা ১৬ মিনিটে আগুন নেভানো হয়। ট্রেনের একটি বগি পুড়ে গেছে।
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় তাঁর মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরিয়ম খাতুনের মরদেহ পাওয়া যায় বলে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানিয়েছেন।
তিনি বলেন, মরদেহটি ঝুলন্ত অবস্থায় রয়েছে। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দলের সদস্যদের ডাকা হয়েছে।
রাত সোয়া আটটার পর সিআইডির ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত জুলাইয়ে তাঁর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে এক তরুণীর সঙ্গে তাঁকে দেখা যায়। পরে গাজী নজরুল ইসলাম জানান, ওই তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।
এরপর ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। দলটির পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকার ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি দেওয়া হয়।
রাজধানীর মিরপুর, কমলাপুর, যাত্রাবাড়ী, পোস্তগোলায় যাত্রীবাহী বাসসহ বেশ কয়েকটি গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে মিরপুর ১১ নম্বরে শিকড় পরিবহনের একটি বাস ও মিরপুর-১ এ অভিজাত পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে লাগিয়েছে দুর্বৃত্তরা। যাত্রবাড়িতে দু'দফা ককটেল বিস্ফোরণ ঘটে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসব যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উপপুলিশ কমিশনার মোস্তাক সরকার। এছাড়া পোস্তগোলা সেনাক্যাম্পের সামনে তিনটি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
গত শুক্রবার আকর্ষিক ২৩ জঙ্গি গ্রেপ্তারের মধ্যে দিয়ে জঙ্গিদের নেটওয়ার্কে বড় ধাক্কা দেয় আইন শৃঙ্খলা বাহিনী। আবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতার ফাঁসির রায়, অন্যদিকে জমায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটও রাজপথের আন্দোলনসহ বিভিন্ন কৌশলে আগাচ্ছে।
বিশ্লেষকরা মনে করছে, সরকারকে চাপে ফেলতে বা চাপে রাখতেই এ ধরনের নাশকতা করা হচ্ছে।
রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে আইন-শৃঙ্খলা বাহিনী কাউকে সন্দেহ থেকে বাদ না দিয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ রাজধানীতেই প্রায় ২০০ স্পটে তল্লাশি বসিয়েছে। রাজধানীতে প্রবেশ পথেও কড়াকড়ি নজরদারি করছে আইন শৃঙ্খলা বাহিনী।
হঠাৎ জঙ্গিদের তৎপরতা বৃদ্ধিতে নগরবাসী খুবই অঙ্কিত হয়ে পড়েছে। সন্ধ্যা হলে বাসা থেকে বের হওয়া বা অফিস ফেরৎ মানুষদের মাঝে আতঙ্ক লক্ষ্য করা যাচ্ছে। পুলিশের কড়া নজরদারির ভেতরও গতকাল শুক্রবার ও আজ শনিবার বেশ কয়েকটি যাত্রীবাহী গাড়ীতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে গতকাল শুক্রবার যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে।
আজ ঢাকা টু রংপুর জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোটের লং মার্চে সমাবেশে জামায়াতের আমির বলেন, নব্য স্বৈরশাসক থেকে দেশকে বাঁচাতে এ আন্দোলনে নেমেছেন। তার এই বক্তব্যে ভিন্ন কিছু খুঁজছে অনেকে।