• প্রকাশ : বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬, সময় : ৯:৫৭ এএম

রাজধানীর ওয়ারী এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়েছে। 


বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিমের উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়েছে। 


সরেজমিনে দেখা গেছে, ওয়ারী এলাকার যোগী নগর সড়ক, কাপ্তান বাজার, জয় কালী মন্দির, বনগ্ৰাম সড়ক, রবিদাস পাড়াসহ আশেপাশের এলাকায় ব্যাপক পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। এতে স্থানীয় ছাত্রদলের অন্তত অর্ধশত নেতাকর্মী স্বতুঃস্ফূর্ত ভাবে অংশ গ্ৰহন করে। 


কর্মসূচিতে ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের দল, গণতন্ত্রের দল। জনগণকে সাথে নিয়ে কাজ করাই আমাদের মূল লক্ষ্য এবং আমরা সব সময়ই তা করে আসছি। আমরা যেকোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকার চেষ্টা করি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ একটা সময় তীব্র দমন-পীড়ন, গুম ও খুনের রাজনীতির শিকার হয়ে এলাকায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে কখনো স্বশরীরে মাঠে এসে এভাবে জনগণের পাশে দাঁড়িয়ে ডেঙ্গু প্রতিরোধে বা ময়লা-আবর্জনা পরিষ্কারে অংশ নিতে দেখা যায়নি।


আমাদের দল জনগণের অধিকারের কথা বলে। তাই জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। সামনে বর্ষা মৌসুম। এই বৃষ্টি-বাদলের দিনে নর্দমা বা ড্রেনে পানি জমে ডেঙ্গুর লার্ভা তৈরি হয়, যা থেকে মশার বংশবিস্তার ঘটে। এছাড়া যেখানে-সেখানে ময়লা-আবর্জনা জমে থাকার কারণে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। আগে যারা এই এলাকার দায়িত্বে ছিলেন, তারা বিষয়গুলো নিয়ে তেমন কাজ করেননি। এবার আমাদের এলাকার এক ছোট ভাই স্ব উদ্যোগে এগিয়ে এসেছে।


তিনি বলেন, আমাদের সাংগঠনিক দায়বদ্ধতা থেকে আমরা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের উদ্যোগে মাঠে নেমেছি। আমরা অতীতেও ড্রেন পরিষ্কারসহ বিভিন্ন সামাজিক কাজ করেছি, আর এখন ডেঙ্গুর এই প্রকোপ থেকে মানুষকে মুক্ত ও সচেতন করতে কাজ করে যাচ্ছি। ঢাকা শহরের বিভিন্ন এলাকায় যারা আগামীতে কমিশনার প্রার্থী হতে চান বা এলাকার উন্নয়ন করতে চান, তাদের প্রতি আমার অনুরোধ—আপনারা ড্রয়িংরুমে বসে না থেকে জনগণের মাঝে আসুন এবং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন। আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে, সবসময় জনগণের পাশে থাকতে হবে এবং তাদের সাথে মিশে যেতে হবে। আমরা যদি সত্যিই জনগণের সাথে মিশে কাজ করতে পারি, তবেই ডেঙ্গুর প্রকোপ ও এর ফলে যে অকাল মৃত্যু ঘটছে, তা থেকে সাধারণ মানুষকে রক্ষা করা সম্ভব হবে।


ছাত্রদলের সাবেক এই নেতা বলেন, পদের জন্য আমরা রাজনীতি করি না। পদ আজকে আছে, কাল নাও থাকতে পারে। দলীয় শৃঙ্খলা বা কৌশলগত কারণে যেকোনো সময় পদের পরিবর্তন আসতেই পারে। তবে আমরা যদি নিজেদের কাজের প্রতি সচেতন ও সৎ থাকি, তবে পদ কোনো বাধা নয়। কোনো দলই চায় না তার যোগ্য কর্মীর পদ চলে যাক। আমরা যদি মাঠে সক্রিয় থাকি, তবে দল যথাসময়ে মূল্যায়ন করবেই।


আমরা পদের মোহে নয়, বরং কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করে রাজনীতিতে এসেছি। তাই পদ থাকুক আর না থাকুক, তাতে আমার বা আমাদের কাজের গতি কমবে না। আমরা জনগণের পাশে আছি, জনগণের সাথেই থাকব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এটাই আমাদের মূল অঙ্গীকার।




সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ১১:১২ পিএম

রাজধানী থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৯ নভেম্বর) রাতে গুলশান-২ এর ১১৩ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে সাবেক এই প্রতিমন্ত্রীকে আটক করা হয়েছে। আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারও আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

এদিকে চট্টগ্রাম থেকে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় খুলশী থানাধীন ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেলিম আকতার চৌধুরী বেশ কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে ছিলেন। সে সময় তার বিরুদ্ধে বহু অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। তিনি প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী।


মোহাম্মদপুর থানা।

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩৯ এএম

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা থেকে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ছিনতাই হওয়া ফোনটি আইফোন ব্রান্ডের ১৭ প্রো মাক্স মডেলের বলে জানা গেছে।


শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ইউল্যাব ক্যাম্পাসের পাশে জনতা বাজারের সামনে এই ঘটনা ঘটে। পরে এই ঘটনায় ববি হাজ্জাজের সহকারী রাব্বি আল রাফসান মামলা করেছেন। তিনি ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী ও ববি হাজ্জাজের রাজনৈতিক দল এনডিএমের সহকারী বলে জানা গেছে।


শনিবার (২৮ নভেম্বর) রাতে মোহাম্মদপুর থানার একটি সূ্ত্র এ তথ্য নিশ্চিত করেছেন।


সূত্রটি জানিয়েছে, স্থানীয় সংসদ সদস্যের কাছের লোকের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় কর্মকর্তারা বেশ চাপে রয়েছেন। এই ঘটনায় ববি হাজ্জাজের পক্ষ থেকে থানায় ফোন দেওয়া হয়েছে। এলাকায় ছিনতাই বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। ঘটনায় বিষয়ে ভুক্তভোগী ও মামলার বাদী রাফসানের বলেন, গতকাল আমার মাস্টার্সের ক্লাস ছিল। দুপুর দুইটা ৪৫ মিনিটের দিকে মোহাম্মপুর তিন রাস্তা থেকে অটো রিকশায় করে ইউল্যাব ক্যাম্পাসে যাচ্ছিলাম। ক্যাম্পাসের কাছাকাছি পৌঁছালে আরেকটি অটোরিকশা চাপা দিয়ে গতিরোধ করে। রিকশায় থাকা চারজন চাপাতি ঠেকিয়ে আমার কাধের ব্যাগ ও পকেট থেকে আইফোনটি ছিনিয়ে নেয়। এই সময়ে জোরাজুরি করায় চাপাতির উল্টোপাশ দিয়ে কয়েকটি আঘাত করা হয়েছে। এতে ডান হাতে আঘাত পেয়েছি। চিকিৎসা নিয়ে এখন বাসায় আছি।


তিনি আরও জানান, আমি ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজের রাজনৈতিক দলের ব্যক্তিগত সহকারী। বিষয়টি তিনিও অবগত রয়েছেন। ইতোমধ্যে থানায় বলে দিয়েছেন। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।



  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩৫ এএম

রাজধানীর মগবাজার ও হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে মগবাজার নাভানা রিয়েল এস্টেটের সামনে এ বিস্ফোরণ হয়। একই সময়ে হাতিরঝিল মধুবাগ সংলগ্ন এলাকায়ও বিস্ফোরণ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।


পুলিশ সূত্রে জানা গেছে, মগবাজারে নাভানা রিয়েল এস্টেটের সামনে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।


খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এছাড়া রাজধানীর হাতিরঝিল মধুবাগ সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানায় পুলিশ।


এর আগে রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরে একটি বাস ও পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে তিতাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।


একই দিন ভোরে মোহাম্মদপুরের বসিলায় ডিএমপির পশ্চিম পুলিশ লাইন্সের সামনে এসপিবিএনের গ্যারেজে একটি গাড়িতে আগুন দেওয়া হয়।


ফায়ার সার্ভিস জানায়, মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসটির কয়েকটি সিট পুড়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের এক কর্মকর্তা।


অন্যদিকে, মোহাম্মদপুরের বসিলা সড়কের পাশে পুলিশ লাইন্সের সামনে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) গাড়ির গ্যারেজে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে একটি গাড়ির কয়েকটি সিট পুড়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।


  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ১:১৭ পিএম

রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা করেছে দুই ব্যক্তি। নিহতের নাম নাইমুর রহমান (২৬)। তিনি জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের ব্যবস্থাপক ছিলেন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে তাকে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়। ওই সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও দুজন। 


আহত দুজন হলেন- হোটেলটির মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক ও কর্মী মো. হাসান। তারা শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।ওয়ারী থানার এসআই আল আমিন মিয়া সাংবাদিকদের জানান, দেশীয় ধারালো অস্ত্র নিয়ে দুই ব্যক্তি রাত ২টার দিকে হোটেলে প্রবেশ করেন। তারা নাঈমুরকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তার চিৎকার শুনে আব্দুর রাজ্জাক ও হাসান এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। পরে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম এবং হাসানের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের শ্যামলীর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


পুলিশ সূত্র বলছে, ওসমানী হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে। এ ঘটনায় এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। তাদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। এদিকে হামলাকারীদের সঙ্গে নিহত নাইমুরের অন্য কোনো বিরোধ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।নিহতের চাচাতো ভাই রেদোয়ানুল ইসলাম বলেন, নাঈমুরের সঙ্গে মুরগি ব্যবসায়ীদের ব্যক্তিগত কোনো বিরোধ ছিল না। হোটেলের সামনে মুরগির গাড়ি রাখা নিয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলে আসছিল। এ নিয়ে তারা পুলিশের কাছে অভিযোগ ও জানিয়েছিলেন। এর জের ধরে বৃহস্পতিবার রাতে মুরগি ব্যবসায়ীরা প্রথমে হোটেলের নিরাপত্তাকর্মীর সঙ্গে বাগবিতন্ডায় জড়ান। পরে তারা হোটেলের দোতলায় উঠে যান। সেখানে হোটেলের রিসিপশনে ছিলেন নাইমুর। তাকে সামনে পেয়ে এলোপাতারি কোপায় মুরগি ব্যবসায়ীরা। ওই সময় এগিয়ে আসা আরও দুই হোটেল কর্মকর্তাকে কুপিয়েছে তারা। তাদের অবস্থাও আশঙ্কাজনক।


  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৩৭ পিএম

অতিথি ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জরুরি পরিস্থিতিমোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায়ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে অগ্নিনিরাপত্তা ও জরুরি বহির্গমন মহড়া অনুষ্ঠিত হয়েছে।


বুধবার আয়োজিত এ মহড়ায় হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অগ্নিনির্বাপণ সরঞ্জামের যথাযথ ব্যবহার, অগ্নিকাণ্ডের সময় দ্রুত ও নিরাপদে ভবন থেকে বেরিয়ে আসারকৌশল এবং জরুরি পরিস্থিতিতে সমন্বিতভাবে সাড়া দেওয়ার বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয়। বাংলাদেশফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অভিজ্ঞ কর্মকর্তাদের প্রত্যক্ষ নির্দেশনায় মহড়াটি পরিচালিত হয়।


এ উপলক্ষে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো.মিজানুর রহমান সিদ্দিকী বলেন, “আমাদের সম্মানিত অতিথি ও কর্মীদের নিরাপত্তা এবং সুস্থতাসর্বোচ্চ অগ্রাধিকার। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে এ যৌথ উদ্যোগ নিরাপত্তাসচেতনতা, প্রস্তুতি এবং দায়িত্বশীল আতিথেয়তা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।”


মহড়ায় মূল্যবান দিকনির্দেশনা, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের জন্য ঢাকা রিজেন্সি কর্তৃপক্ষবাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। এ ধরনেরউদ্যোগের মাধ্যমে ঢাকা রিজেন্সি অতিথি, কর্মী ও সংশ্লিষ্ট সবার জন্য একটি নিরাপদ ও সুরক্ষিতপরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।


আল মামুন, শাখাওয়াত মুন ও ইলিয়াস হোসেন

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ১:৫৮ পিএম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেনসহ তিনজনকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের একদল নেতাকর্মী। বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাদের ধরে মারধরের পর মোহাম্মদপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাদের মারধরের কয়েকটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।


তাদের সঙ্গে আটক আরেক ব্যক্তি হলেন আইনজীবী সুফি মো. আল মামুন।


ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শাখাওয়াত মুনকে ঘিরে ধরে কয়েকজন জিজ্ঞাসাবাদ করছেন। এ সময় চারপাশ থেকে ‘একটা একটা লীগ ধর’ বলে স্লোগান দেওয়া হচ্ছিল।


একজন মুনকে জিজ্ঞাসা করেন, “এরপর আপনাদের নাশকতার প্ল্যান কী?”


জবাবে মুন বলেন, “আমি তো এখন ওএসডি অবস্থায় আছি।”


এ সময় এক ব্যক্তি মুনের গালে চড় মারেন। পরে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। একপর্যায়ে তাকে কান ধরতেও বাধ্য করা হয়।


অন্য একটি ভিডিওতে দেখা যায়, চট্টগ্রামের সাবেক ডিসি ইলিয়াসকে পুলিশ ভ্যানে তোলার পরও মারধর করা হচ্ছে। এ সময় উপস্থিত কারও কারও কণ্ঠে ‘আয়, মারিস না’ বলতে শোনা যায়।


ভিডিওতে মোহাম্মদপুর ও ধানমন্ডি থানা ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিত থাকার কথাও বলা হচ্ছিল।


মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাদের আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।


পুলিশ কর্মকর্তা হালিম বলেন, সম্ভবত তারা কোনো রেস্তোরাঁয় বসেছিলেন। তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা যাচাই করছে পুলিশ।


মুনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময়কার একটি মামলা রয়েছে।