ছবি : সংগৃহীত
সরকারি-বেসরকারি স্কুলে লটারির পরিবর্তে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেওয়ার ঘোষণা দিলেও সেখান থেকে সরে আসার চিন্তা করছে সরকার। সেক্ষেত্রে আগামী বছরও স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বহাল রাখার আভাস দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা।
শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে সোমবার রাতে বলেন, “স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বহাল রাখা যায় কিনা, সে বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।”
ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়ায় শিশুদের ওপর বাড়তি চাপ সৃষ্টির আশঙ্কা থেকে লটারি ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।
তার ভাষ্য, “চলতি মাসেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।”
এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ করে এদিন রাতে বলেন, “ভর্তিতে পরীক্ষার বদলে লটারি বহাল রাখার বিষয়ে ভাবা হচ্ছে। লটারি বহাল রাখা যায় কিনা বা কোন কোন শ্রেণিতে লটারি বহাল রাখায় যায়, সে বিষয়ে ভর্তি কমিটিকে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করছি ১০ অগাস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।”
গত মার্চে লটারি প্রথা বাতিলের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
গত ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "বছরের প্রথমে অ্যাডমিশন যেটা হয়, সেখানে আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। আগাম জানিয়ে দিলাম, যেন সবাই সুযোগ পায়।
"আমরা লটারি সিস্টেম উইথড্র করলাম,দ্যাটস ইট।"
ছবি : সংগৃহীত
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েপড়া ভিডিওগুলো পুরোনো ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। ওই এলাকায় কোনো হিন্দু বসতি নেই বলেও দাবি করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তর জানায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সুইচগেট-সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে হামলা করেন। এ ঘটনায় কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) নিহত হন।
এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি বেন্দারচর গ্রামে। তারা দুজনই বুলু বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, ওই হত্যাকাণ্ডের জেরে গত ২০ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নিহত ব্যক্তিদের বিক্ষুব্ধ আত্মীয়স্বজন এবং অন্যান্য ব্যক্তিরা বেন্দারচর গ্রামে একত্রিত হন। একপর্যায়ে তারা হত্যার ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান।
খবর পেয়ে কালিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পুলিশের দাবি, বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের কোনো পরিবারের ওপর কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েপড়া এসব তথ্যের মাধ্যমে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মুন্সীগঞ্জের গজারিয়ার ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান (ফাইল ফটো)
'২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত।'
২১ নভেম্বর ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে আজ শুক্রবার এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসে অনন্য, গৌরবময় এবং ঐতিহাসিক ঘটনা।
তিনি বলেন, ‘১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্যগণ ও দেশপ্রেমিক জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমন্বিত আক্রমণে অংশ নেন। মুক্তিযুদ্ধে রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা লাভ করে।’
সরকারপ্রধান বলেন, সশস্ত্র বাহিনীর ইতিহাসেও এটি একটি গুরুত্বপূর্ণ দিন। ফলে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রধানমন্ত্রী বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য, সংকল্পবদ্ধ শৃঙ্খলা দিয়ে তৈরি জাতির এক গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী। ‘৭১ এর রণাঙ্গনে এই বাহিনীর অসীম সাহসী ভূমিকা ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যগণ অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছে।
তারেক রহমান বলেন, বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি বাড়িয়েছে। শান্তিরক্ষায় বিশ্ব দরবারে বাংলাদেশের ভূমিকাকে শক্তিশালী ও প্রশংসনীয় করেছে। আমি আশা করি ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত থাকবে। দেশের সকল প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকের সময় সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ভূমিকা এই বাহিনীকে জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে।
প্রধানমন্ত্রী বলেন, সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে একটি সুশৃঙ্খল, ক্ষিপ্র ও সদা তৎপর এক আধুনিক বাহিনীতে পরিণত করেছিলেন। সশস্ত্র বাহিনীকে সুশিক্ষিত ও পেশাদার বাহিনীতে পরিণত করেন। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনামলেও সশস্ত্র বাহিনীর আরও আধুনিকায়ন অব্যাহত থাকে। উন্নত বিশ্বের সাথে সংগতি রেখে সশস্ত্র বাহিনীকে একটি প্রযুক্তি নির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার বিস্তারিত পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করে চলেছে।
তিনি বলেন বলেন, সশস্ত্র বাহিনী একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক। বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি সশস্ত্র বাহিনীর ইমেজ ভূলুণ্ঠিত করতে বিভিন্ন সময়ে অপচেষ্টা চালিয়েছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব এবং জনগণের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাফল্য যাত্রা অব্যাহত রেখেছে।
সরকারপ্রধান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধই নয় ২০২৪ সালে ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ এবং জনগণের পক্ষে ইতিবাচক ভূমিকা রেখেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও সততা, দক্ষতা ও কর্মক্ষমতার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশ্বব্যাপী প্রশংসিত। শান্তিরক্ষী প্রেরণে অন্যতম শীর্ষ দেশ হিসেবে বাংলাদেশের এই স্বীকৃতি জাতির জন্য গৌরবের এবং এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সবশেষে আমি মুক্তিযুদ্ধে নিজের জীবনদানকারী বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ ও বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফসহ দেশমাতৃকার স্বার্থে প্রাণোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সকল বীর সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
তারেক রহমান বলেন, আমি ‘সশস্ত্র বাহিনী দিবস ২০২৬’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি। সশস্ত্র বাহিনীর সকল সদস্য ও তাদের পরিবারবর্গের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।
প্রতীকী ছবি
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪১ জনে। শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন, সিলেট বিভাগে দুইজন ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৭০ জন রোগী এসেছে।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৬৯ জন, রাজশাহীতে ২৫, সিলেটে ১৩৩, চট্টগ্রামে ২৩৪ জন, বরিশালে ১১৮, ময়মনসিংহে ৭৯, খুলনায় ১১৬ এবং রংপুরে ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৭ হাজার ৬ ৭৫ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ১৮ হাজার ৯১০ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।
গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৫৯৩ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯৬৬ জন।
আইসিজের রায়ের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যা সমাধানের একমাত্র উপায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘আমরা দৃঢ়ভাবে বলতে চাই, রোহিঙ্গাদের মিয়ানমারের নিজ বাসভূমিতে দ্রুত ও টেকসই প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র কার্যকর সমাধান। বাংলাদেশ বিশ্বাস করে, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করবে। রায় কার্যকরের মাধ্যমে প্রায় ১২ লাখ রোহিঙ্গার ভার বহন থেকে মুক্তির পথ খুলতে পারে।
আইসিজে রায়ের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শুক্রবার ডাকা সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর বিষয়ে আইসিজের দেওয়া রায়ের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিতের আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই রায়ের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানাই।
তিনি বলেন, একইসঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়, উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই।
আইসিজে রায় মিয়ানমারের রাখাইন থেকে বিতাড়িত হয়ে প্রায় এক দশক আগে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবে এইমনটাই প্রত্যাশা করছেন তারা। গাম্বিয়ার মামলা দায়েরের সাত বছর পর বৃহস্পতিবার আইসিজে রায় দিয়েছেন– রোহিঙ্গা জেনোসাইড প্রমাণিত এবং এ ঘটনায় রাষ্ট্র হিসেবে দোষী সাব্যস্ত হয়েছে মিয়ানমার। চূড়ান্ত এই রায়ে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নাৎসি হলোকাস্টের পর এ নিয়ে চতুর্থবারের মতো কোনো আন্তর্জাতিক আদালতে জেনোসাইডের আইনি মানদণ্ড প্রমাণিত হলো। তবে কোনো রাষ্ট্রকে সরাসরি জেনোসাইডের জন্য দায়ী করার ঘটনা বিশ্ব আদালতের ইতিহাসে এটিই প্রথম।
আদালত স্পষ্ট জানিয়েছেন– এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই। আইনিভাবে এই রায় মেনে চলতে মিয়ানমার বাধ্য। রায়ে মিয়ানমারকে দুটি প্রধান নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত, মিয়ানমারের অন্যায় কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে বিচ্ছিন্ন পরিবারগুলোকে একত্র হওয়ার সুযোগ দিতে হবে। দ্বিতীয়ত, মানবাধিকার লঙ্ঘনের জন্য মিয়ানমার রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। এই ক্ষতিপূরণের পরিমাণ ও ধরন আদালতের পরবর্তী তারিখে নির্ধারণ করা হবে।
তবে আইসিজের নিজস্ব কোনো বলপ্রয়োগের ক্ষমতা নেই। তাই আদালত নিজে থেকে এই রায় কার্যকর করতে পারেন না। মিয়ানমার যদি এই রায় অমান্য করে, তবে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জানানোর পথ খোলা থাকে। নিরাপত্তা পরিষদ তখন মিয়ানমারের বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞাসহ অন্যান্য পদক্ষেপ নিতে পারে।
রায়ে ১৫ সদস্যের বিচারক প্যানেলের সভাপতিত্ব করেন আইসিজে প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া। লোকারণ্য ‘গ্রেট হল অব জাস্টিস’-এ তিন ঘণ্টাব্যাপী রায়ের মূল অংশ পাঠ করেন তিনি। রায়ে বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘আদালত এই মর্মে পুরোপুরি নিশ্চিত– মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই দেশটি ১৯৪৮ সালের জেনোসাইড অপরাধ প্রতিরোধ ও শাস্তিবিষয়ক সনদ লঙ্ঘনকারী কর্মকাণ্ড চালিয়েছে। উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইডের জন্য মিয়ানমার সরাসরি দায়ী।’
বিচারকরা তাদের পর্যবেক্ষণে জানান, তথাকথিত শুদ্ধি অভিযানের নামে মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গা পুরুষ ও কিশোরদের গণহারে হত্যা করেছে। নারীদের ওপর দলবদ্ধ ধর্ষণ ও যৌন নিপীড়ন চালিয়েছে। শত শত গ্রাম জ্বালিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী সক্রিয়ভাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ছড়িয়েছে। বিচারক প্যানেলের মতে, রাখাইনে মিয়ানমারের কর্মকাণ্ডের পেছনে রোহিঙ্গাদের ধ্বংস করার সুস্পষ্ট অভিপ্রায় ছিল– এটিই একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা।
আদালতের সংবাদ বিজ্ঞপ্তিতে রায়ে ১২টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তুলে ধরা হয়েছে, যার মূল কথা হলো, ২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর সময় রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়ে ও তা প্রতিরোধে ব্যর্থ হয়ে মিয়ানমার গণহত্যা সনদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। এ ছাড়া অপরাধীদের শাস্তি দিতে এবং সনদের বিধান কার্যকর করতে প্রয়োজনীয় আইন প্রণয়নে ব্যর্থ হওয়ার বিষয়ও রায়ে উঠে এসেছে। আদালত মিয়ানমারকে সনদের চলমান লঙ্ঘন বন্ধ করতে, প্রয়োজনীয় আইন করতে এবং ২০১৭ সালের অভিযানের ঘটনায় জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে দ্রুত কার্যকর তদন্ত করে প্রমাণসাপেক্ষে বিচার ও শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। বর্তমানে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোয় প্রায় ১২ লাখ রোহিঙ্গা মানবেতর জীবনযাপন করছে। অন্যদিকে, রাখাইনে বর্তমানে ছয় লাখের কম রোহিঙ্গা টিকে আছে বলে ধারণা করা হয়।
২০১৭ সালে রাখাইনের তুলাতলি গ্রামে চালানো গণহত্যার ভয়াবহ চিত্র স্যাটেলাইট ছবি ও মানবাধিকার তদন্তকারীদের প্রতিবেদনে উঠে এসেছিল। সেখানে বেসামরিক মানুষকে সারিবদ্ধভাবে গুলি করে হত্যা, গণকবর দেওয়া এবং শিশুদের নদীতে ডুবিয়ে মারার ঘটনা ঘটে। ২০১৯ সালে রোহিঙ্গাদের পক্ষে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিজেতে মামলাটি করে আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া।
তবে মিয়ানমার বরাবরই জেনোসাইডের অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর গেরিলা হামলার জবাবে তারা সন্ত্রাসবিরোধী বৈধ অভিযান চালিয়েছিল। ২০১৬-১৭ সালের অভিযানের সময় মিয়ানমারের সেনাপ্রধান ছিলেন মিন অং হ্লাইং। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা ঝুলে আছে। প্রসঙ্গত, আইসিসি ব্যক্তি পর্যায়ে বিচার করে আর আইসিজে রাষ্ট্রের দায় নির্ধারণ করে। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন মিন অং হ্লাইং। তাঁর শাসনে শুরু হওয়া গৃহযুদ্ধে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে। গত এপ্রিলে প্রশ্নবিদ্ধ নির্বাচনের পর তিনি বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীদের অবদানের কথা তুলে ধরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, ‘আমরা যখন এখানে ছাত্র ছিলাম, তখন রাজনীতি অনেকটা নিষিদ্ধ ছিল। তারপরও আমরা গোপনে রাজনীতি করার চেষ্টা করেছি।’
গণতন্ত্র প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।’
দেশের শিক্ষাব্যবস্থার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানো প্রয়োজন, যাতে তা দেশের ও মানুষের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে।’
এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও অবদান মূল্যায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। রাষ্ট্রপতি বলেন, ‘যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও দেয়া হচ্ছে, সেগুলো জাতীয় জীবনে কতটুকু ভূমিকা রাখছে, তা পর্যালোচনা করা দরকার।’
শিক্ষকদের দায়িত্ব ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনের বিষয়ে তিনি বলেন, ‘শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে পারে। শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদান করা নয়, বরং শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাও তাদের দায়িত্ব।’