শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১১:১৪ এএম

সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।


শনিবার সকাল ৮টায় শিখা অনির্বাণে শ্রদ্ধা জানানোর পাশাপাশি পরিদর্শন বইয়ে সইয়ের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করেন তারা।


প্রথমে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুষ্পস্তবক অর্পণ করেন। এর পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানান। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান।


১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে। প্রতিবছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করে বাংলাদেশ।দিবসটি উপলক্ষে সেনানিবাস, নৌঘাঁটি ও বিমান বাহিনীর ঘাঁটি মসজিদে দেশের কল্যাণ, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।


এ দিবসে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন।


এ সময় সরকারপ্রধান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।


অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম, তিন বাহিনী প্রধানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।


দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রীর তরফে শনিবার বিকাল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।


এতে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকরা উপস্থিত থাকবেন।


এছাড়া বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।



সর্বশেষ সব খবর

সোশ্যাল মিডিয়া ব্যবহারের নেতিবাচক প্রভাব পড়ছে শিশু-কিশোরদের ওপর। প্রতীকী ছবি

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৩৩ পিএম

দেশে ১৬ বছর বা তার কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এজন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।

নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিতে টেলিযোগাযোগ সচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (২২ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত।

রুলে ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। পাশাপাশি শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণ এবং এ বিষয়ে কার্যকর নীতিমালা প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে। এ-সংক্রান্ত রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর বলেন, দেশে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এর ফলে তারা নানা ধরনের নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে। অনেক শিশুর মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে। বাধাগ্রস্ত হচ্ছে তাদের স্বাভাবিক মানসিক বিকাশ।


গবেষণায় ৮৩ শতাংশ শিশুর অতিরিক্ত স্ক্রিন ব্যবহার

রিট আবেদনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) একটি গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে। গবেষণায় দেখা গেছে, ঢাকার স্কুলপড়ুয়া শিশুদের ৮৩ দশমিক ৩ শতাংশ প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় ডিজিটাল পর্দার সামনে কাটায়। অর্থাৎ, গবেষণায় অংশ নেওয়া ৪২০ শিশুর মধ্যে ৩৫০ জনই দিনে দুই ঘণ্টার বেশি সময় স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহার করে। ২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত রাজধানীর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ থেকে ১৪ বছর বয়সী ৪২০ শিশুর ওপর গবেষণাটি পরিচালিত হয়। এর মধ্যে তিনটি বাংলা মাধ্যম ও তিনটি ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান ছিল। গবেষণার ফলাফল ২০২৬ সালের ৪ মে আন্তর্জাতিক সাময়িকী ‘জেএমআইআর হিউম্যান ফ্যাক্টরস’-এ প্রকাশিত হয়।

গবেষণায় অংশ নেওয়া শিশুদের প্রতিদিন গড়ে ৪ দশমিক ৬ ঘণ্টা স্ক্রিনের সামনে কাটানোর তথ্য পাওয়া গেছে। গবেষকদের হিসাবে, দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহারকারী শিশুদের গড় ব্যবহারকাল ছিল প্রায় ৫ ঘণ্টা। অর্থাৎ, শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের সময় আন্তর্জাতিকভাবে সুপারিশ করা সীমার চেয়ে অনেক বেশি।


চোখের সমস্যা, মাথাব্যথা ও ঘুমের ঘাটতি

গবেষণায় অংশ নেওয়া ৩৫ দশমিক ৭ শতাংশ শিশুর চোখের সমস্যার কথা উঠে এসেছে। চোখের সমস্যায় আক্রান্ত ১৫০ শিশুর মধ্যে ১৪৪ জনই দিনে দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহারকারী। অর্থাৎ, চোখের সমস্যায় আক্রান্ত শিশুদের ৯৬ শতাংশই অতিরিক্ত স্ক্রিন ব্যবহারকারী দলের।

এছাড়া ৮০ শতাংশ শিশু প্রায়ই মাথাব্যথায় ভোগে। মাথাব্যথায় আক্রান্ত ৩৩৬ শিশুর মধ্যে ২৭৯ জনই দিনে দুই ঘণ্টার বেশি সময় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে।

গবেষণায় আরও দেখা গেছে, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারকারী শিশুদের ঘুমের সময় ও ঘুমের মান—দুটিই তুলনামূলক খারাপ। তারা রাতে গড়ে ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। দীর্ঘ সময় স্ক্রিন ব্যবহারের সঙ্গে ঘুমের স্বল্পতা ও ঘুমের মান খারাপ হওয়ার উল্লেখযোগ্য সম্পর্ক পাওয়া গেছে। চোখের সমস্যা, মাথাব্যথা ও ঘুমের ঘাটতি
গবেষণায় অংশ নেওয়া ৩৫ দশমিক ৭ শতাংশ শিশুর চোখের সমস্যার কথা উঠে এসেছে। চোখের সমস্যায় আক্রান্ত ১৫০ শিশুর মধ্যে ১৪৪ জনই দিনে দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহারকারী। অর্থাৎ, চোখের সমস্যায় আক্রান্ত শিশুদের ৯৬ শতাংশই অতিরিক্ত স্ক্রিন ব্যবহারকারী দলের।

এছাড়া ৮০ শতাংশ শিশু প্রায়ই মাথাব্যথায় ভোগে। মাথাব্যথায় আক্রান্ত ৩৩৬ শিশুর মধ্যে ২৭৯ জনই দিনে দুই ঘণ্টার বেশি সময় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে।

গবেষণায় আরও দেখা গেছে, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারকারী শিশুদের ঘুমের সময় ও ঘুমের মান—দুটিই তুলনামূলক খারাপ। তারা রাতে গড়ে ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। দীর্ঘ সময় স্ক্রিন ব্যবহারের সঙ্গে ঘুমের স্বল্পতা ও ঘুমের মান খারাপ হওয়ার উল্লেখযোগ্য সম্পর্ক পাওয়া গেছে। ৩১ শতাংশ শিশুর মানসিক স্বাস্থ্য সমস্যা
শিশুদের মানসিক স্বাস্থ্যের বিষয়টিও গবেষণায় উদ্বেগজনকভাবে উঠে এসেছে। গবেষণায় ব্যবহৃত মানসিক স্বাস্থ্য মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী, অংশগ্রহণকারী শিশুদের ৩১ শতাংশের অন্তত একটি মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ পাওয়া গেছে। ৯ দশমিক ৮ শতাংশ শিশুর একাধিক মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ ছিল।

গবেষণায় ২৮ দশমিক ৩ শতাংশ শিশুর আচরণগত সমস্যা এবং ২৮ দশমিক ৮ শতাংশ শিশুর সমবয়সীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সমস্যার তথ্য পাওয়া গেছে। অতিরিক্ত স্ক্রিন ব্যবহারকারী শিশুদের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যার প্রবণতা তুলনামূলক বেশি দেখা গেছে।

এছাড়া গবেষণায় অংশ নেওয়া শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। অতিরিক্ত স্ক্রিন ব্যবহারকারী শিশুদের মধ্যে স্থূলতার প্রবণতা তুলনামূলক বেশি পাওয়া গেছে। গবেষকদের মতে, দীর্ঘ সময় ডিজিটাল পর্দার সামনে কাটানো, শারীরিক কর্মকাণ্ড কমে যাওয়া এবং ঘুমের ঘাটতির সঙ্গে শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতার সম্পর্ক রয়েছে। তবে গবেষণাটি ছিল পর্যবেক্ষণভিত্তিক ও নির্দিষ্ট সময়ের তথ্যনির্ভর। তাই স্ক্রিন ব্যবহারের সঙ্গে এসব সমস্যার সম্পর্ক পাওয়া গেলেও একটিকে অন্যটির সরাসরি কারণ হিসেবে চিহ্নিত করা যায় না।


নীতিমালা প্রণয়নের তাগিদ গবেষকদের

গবেষকদের পর্যবেক্ষণে শিশুদের ডিজিটাল ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে কার্যকর ও সমন্বিত নির্দেশনা প্রণয়নের প্রয়োজনীয়তা উঠে এসেছে। তাদের মতে, প্রযুক্তির ব্যবহার পুরোপুরি বন্ধ করা সমাধান নয়; বরং শিশুদের বয়স ও প্রয়োজন অনুযায়ী নিরাপদ, ইতিবাচক ও নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করতে হবে। এজন্য পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বাড়ানো, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা, শারীরিক খেলাধুলা ও বিনোদনের সুযোগ বাড়ানো এবং শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন গবেষকেরা।

শিশুদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ, অনলাইন নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়েই হাইকোর্টে এ রিট আবেদন করা হয়।

সর্বশেষ সব খবর

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতীক। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৫:০৬ পিএম

জাতীয় বেতন স্কেলে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হলেও সশস্ত্র বাহিনীর সদস্যদের ক্ষেত্রে তা নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা। নতুন কাঠামোয় এ বেতন পর্যায়ক্রমে বেড়ে সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত উন্নীত হবে। অন্যদিকে, বাহিনীপ্রধানদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা।

জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পর গত ১৫ নভেম্বর ‘যৌথ বাহিনী নির্দেশাবলি ০১/২০২৬ (জেএসআই ০১/২০২৬)’ জারি করা হয়। প্রকাশিত গেজেট পর্যালোচনায় দেখা যায়, সশস্ত্র বাহিনীর সদস্যদের সর্বনিম্ন মূল বেতন ৯ হাজার টাকা থেকে বেড়ে ২১ হাজার ৪০০ টাকা হয়েছে। এতে বেতন বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৩৭ দশমিক ৭৮ শতাংশ। বিপরীতে বাহিনীপ্রধানদের মূল বেতন ৮৬ হাজার টাকা থেকে দ্বিগুণ হয়ে ১ লাখ ৭২ হাজার টাকা হয়েছে। এর আগে ১০ বছর পূর্বে জারি করা জেএসআই ০১/২০১৬-এর আলোকে সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা নির্ধারিত হতো।

এবারও মূলত একই পদ্ধতি অনুসরণ করে নতুন বেতন-ভাতা কাঠামো নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বাহিনীপ্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের তুলনায় সাধারণ সৈনিকদের বেতন বৃদ্ধির হার বেশি হওয়া সত্ত্বেও একটি মহল বেতনবৈষম্যের বিষয়টি সামনে এনে সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে ‘অফিসার বনাম সৈনিক’ বৈষম্যের অভিযোগ তুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

অথচ নতুন নির্দেশনায় আগের বেতন কাঠামোর ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে।সংশ্লিষ্টদের মতে, জনপ্রশাসনসহ দেশের বিভিন্ন খাতেও সর্বোচ্চ ও সর্বনিম্ন পর্যায়ের কর্মকর্তাদের বেতনের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে। সেই কাঠামোগত বাস্তবতা বিবেচনায় রেখেই বিভিন্ন সময়ে বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে।

যৌথ বাহিনী নির্দেশাবলি অনুযায়ী, নতুন কাঠামোয় ল্যান্স করপোরালের প্রারম্ভিক মূল বেতন ২৩ হাজার ৫০০ টাকা, করপোরালের ২৮ হাজার টাকা, ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার টাকা, সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার ৫০০ টাকা এবং মাস্টার ওয়ারেন্ট অফিসারের ৪৫ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে মাস্টার ওয়ারেন্ট অফিসারের মূল বেতন ২২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৪৫ হাজার ৫০০ টাকা হয়েছে, যা ১০২ দশমিক ২২ শতাংশ বৃদ্ধি। এছাড়া অনারারি লেফটেন্যান্টের মূল বেতন ৭৬ হাজার ৯৬০ টাকা এবং অনারারি ক্যাপ্টেনের ৮৫ হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রেও সৈনিক ও নিম্ন বেতন স্কেলের সদস্যদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রথম ধাপে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতন ৪০ শতাংশ বাস্তবায়ন করা হলেও সৈনিক ও সার্জেন্টদের ক্ষেত্রে বাস্তবায়ন করা হয়েছে ৫০ শতাংশ। তবে সশস্ত্র বাহিনীর চাকরিরত ও অবসরপ্রাপ্ত সদস্যদের বিভিন্ন ভাতা বৃদ্ধির হার নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু স্বার্থান্বেষী মহল বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। সংশ্লিষ্টদের দাবি, সন্তোষজনক হারে ভাতা বাড়ানো হয়েছে। পাশাপাশি চারটি নতুন ভাতা সংযোজন করা হয়েছে, যা সদস্যদের আর্থিক সুবিধা বাড়াবে।

অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণ সুবিধার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ন্যূনতম নিট পেনশন ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বয়সভেদে চিকিৎসাভাতা ৩ হাজার থেকে ৪ হাজার টাকা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় বেতন কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদন পাওয়ার পর সরকারের সুপারিশ প্রণয়ন কমিটি এ বিষয়ে অভিন্ন বিভাজন পদ্ধতির সুপারিশ পাঠিয়েছে। বিষয়টি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে।

এদিকে, হরাইজন্টাল ও ভার্টিক্যাল পে-স্কেল, শ্রেণিবৈষম্য এবং কাঠামোগত পার্থক্য নিয়ে সৈনিক ও নিম্ন বেতন স্কেলের সদস্যদের দীর্ঘদিনের কিছু দাবিও রয়েছে। এসব দাবি ও অসামঞ্জস্যতা নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হলেও এখনো চূড়ান্ত সমাধান হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বেসামরিক প্রশাসনে ২০টি গ্রেডের মধ্যে কোনো কর্মচারী পদোন্নতি কিংবা সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড পেলে সরাসরি পরবর্তী গ্রেডের পূর্ণ ভার্টিক্যাল পে-স্কেলে প্রবেশের সুযোগ পান। বিশেষ করে নবম গ্রেডে উন্নীত হলে মূল বেতন, বাড়িভাড়া, পেনশন ও প্রাতিষ্ঠানিক মর্যাদার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। কিন্তু সশস্ত্র বাহিনীতে সৈনিক থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত পদোন্নতির ক্ষেত্রে শূন্যপদ ও কাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে। ফলে পদোন্নতি না পেলে একই পদে থেকে ১৯-২০টি হরাইজন্টাল ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধির ধাপের ওপর নির্ভর করতে হয়।

এতে দীর্ঘদিন একই পদে কর্মরত সিনিয়র সৈনিক ও জুনিয়র কমিশন্ড অফিসাররা (জেসিও) আর্থিকভাবে তুলনামূলক পিছিয়ে পড়ছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসাররা গেজেটেড মর্যাদা এবং মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও বেসামরিক প্রশাসনের নবম গ্রেডের ভার্টিক্যাল পে-স্কেলের সঙ্গে তাদের বেতন কাঠামোর সমন্বয় নেই বলেও দাবি উঠেছে।

এ বিষয়ে একজন সেনা কর্মকর্তা বলেন, সশস্ত্র বাহিনীর ক্যারিয়ার কাঠামো ও কমান্ড পিরামিড বেসামরিক প্রশাসনের তুলনায় ভিন্ন। বাহিনীর শৃঙ্খলা ও কমান্ড কাঠামো বজায় রাখতে শূন্যপদ এবং যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়। তবে পদোন্নতি না পেলেও কোনো সৈনিক বা জেসিওর বেতন যেন স্থবির হয়ে না পড়ে, সেজন্য ১৯-২০টি বার্ষিক ইনক্রিমেন্টের ধাপ রাখা হয়েছে। তিনি বলেন, এর ফলে একজন সৈনিক একই পদে থেকেও ২১ হাজার ৪০০ টাকা থেকে পর্যায়ক্রমে ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত মূল বেতন পেতে পারেন। অন্যদিকে, অনারারি লেফটেন্যান্ট ও অনারারি ক্যাপ্টেন পদে উন্নীত হলে মূল বেতন যথাক্রমে ৭৬ হাজার ৯৬০ ও ৮৫ হাজার ৭৫০ টাকা পর্যন্ত হতে পারে।

দীর্ঘদিনের এসব অসামঞ্জস্যতা নিরসনে সশস্ত্র বাহিনী বেতন কমিটির পক্ষ থেকে সব পর্যায়ে ভার্টিক্যাল পে-স্কেল প্রবর্তনের সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি বিদ্যমান বেতন কাঠামোর বিভিন্ন অসংগতি ও সদস্যদের দাবিগুলো পর্যালোচনা করে সমাধানের লক্ষ্যে একটি সার্ভিস কমিশন গঠনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ সব খবর

ফ্যামিলি কার্ড। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩৩ পিএম

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে তথ্য সংগ্রহকারীরা বাড়ি, ফ্ল্যাট ও ঘরে গিয়ে সরাসরি পরিবারের সদস্যদের তথ্য সংগ্রহ করবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।


সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচি বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির এক নম্বর এবং সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। প্রতিটি পরিবারকে শুমারির আওতায় আনার লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ২০২৬ সালের অক্টোবর থেকে দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে।


তথ্য সংগ্রহকারীরা অতি শিগগিরই সংশ্লিষ্ট বাড়িতে যেতে পারেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে কয়েক ধরনের তথ্য ও কাগজপত্র হাতের কাছে প্রস্তুত রাখার অনুরোধ জানানো হয়েছে।


এসবের মধ্যে রয়েছে- যে নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি; পরিবারের অন্যান্য সদস্যের এনআইডি এবং যাদের এনআইডি নেই, তাদের জন্মনিবন্ধন সনদ। বিশেষ করে ১৮ বছরের কম বয়সীদের জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখতে বলা হয়েছে।


এ ছাড়া কার্ডগ্রহীতা নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের তথ্য, পরিবারের আয়-ব্যয়, সম্পদ ও সদস্যসংক্রান্ত সঠিক তথ্য প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি বাড়ির ছবি, কার্ডগ্রহীতা নারীর ছবি এবং প্রয়োজন অনুযায়ী ফরমে স্বাক্ষর বা টিপসই দেওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বিশেষভাবে সতর্ক করে বলা হয়, ফ্যামিলি কার্ড বিনামূল্যে দেওয়া হবে। কার্ড পাইয়ে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে কেউ অর্থ দাবি করলে তাকে কোনো টাকা দেওয়া যাবে না।


তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি কোনো পরিবার যেন শুমারি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।


এ কার্যক্রমের প্রচার ও জনসচেতনতা সৃষ্টিতে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট এলাকার মসজিদের ইমাম, খতিব, প্রতিষ্ঠানপ্রধান ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সহযোগিতাও কামনা করা হয়েছে।


সমাজসেবা অফিসার ইনসান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি ও সহযোগিতা করা সবার সম্মিলিত দায়িত্ব।

সর্বশেষ সব খবর

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৫৮ পিএম

ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। যারা ক্ষমতা কুক্ষিগত করেছে, তারাই বারবার ক্ষমতাচ্যুত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।


তিনি বলেন, বাংলাদেশের মানুষ অন্যায়ের সঙ্গে আপস করে না। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে এ জাতি কখনো দাসত্ব বা বশ্যতা স্বীকার করেনি। কোনো সাম্রাজ্যবাদী কিংবা আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করার স্বপ্ন দেখলে তারা বোকার স্বর্গে বাস করছে।শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব-২০২৬’-এ যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।


সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল অ্যাকাডেমি দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে।ডেপুটি স্পিকার বলেন, কোনো একক ব্যক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা আসেনি। তাই এ দেশকে আর কখনো কারও পৈত্রিক সম্পত্তি বা ‘আমিত্বের’ দেশ বানাতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রেইনবো নেশন’ ধারণা বাস্তবায়নের মাধ্যমে হাজং, গারো, হিন্দু, মুসলমানসহ সব নাগরিকের সমান সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে।


জুলাইয়ের রক্তক্ষয়ী সময়ের কথা স্মরণ করে ডেপুটি স্পিকার বলেন, মাত্র দেড় মাসের মধ্যে এক হাজার ৪০০ শিশু-কিশোর ও তরুণ-তরুণীর প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল। এখন আবারও সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় প্রতিটি নাগরিককে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।


তিনি বলেন, ২০০৯ সালের শেষ দিকে সংবিধান সংশোধনের মাধ্যমে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ শব্দ যুক্ত করার প্রতিবাদে শহীদ মিনারে আদিবাসী সংগঠনের সভায় আমি নিজেও অংশ নিয়েছিলাম। হাজংদের রাষ্ট্রীয় ও সাংবিধানিক মর্যাদা সমুন্নত রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন তিনি।টঙ্ক, তেভাগা ও হাতিখেদা আন্দোলনসহ মহান মুক্তিযুদ্ধে হাজং সম্প্রদায়ের সংগ্রাম ও আত্মত্যাগের কথা তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, সত্য ও ন্যায়ের পথে চলতে গিয়ে এ জনগোষ্ঠী বহুবার নিগৃহীত হয়েছে। কিন্তু কখনো মাথানত করেনি। স্থানীয়ভাবে চাকরি-বাকরির ক্ষেত্রে অনগ্রসর হাজং ও গারো সম্প্রদায়ের মানুষকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হলে দেশের প্রতি তাদের দীর্ঘদিনের অবদানের কিছুটা হলেও মূল্যায়ন হবে।


নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন আদিবাসী নেতা, লেখক ও গবেষক মতিলাল হাজং। স্বাগত বক্তব্য দেন বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল অ্যাকাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান, নেত্রকোনার পুলিশ সুপার তরিকুল ইসলাম, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, অ্যাকাডেমির নির্বাহী পরিষদের সদস্য সন্ধ্যা রাণী হাজং, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং ও গোবিন্দপুরের গাঁওবুড়া সুবোধ হাজং।


উৎসবে হাজং সম্প্রদায়ের নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৪৯ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তরুণ ও যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং তাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিপুল সম্ভাবনা রয়েছে। সরকার এ সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় সহায়তা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।



আগামীকাল ২২ নভেম্বর থেকে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাওয়া ‘১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬’ উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।



প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী এ মেলার মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং দেশীয় পণ্যের প্রচার ও প্রসার ঘটবে।



তিনি বলেন, জাতীয় এসএমই পণ্যমেলা উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের পরিচিতি বৃদ্ধি, নতুন বাজার সৃষ্টি এবং বিভিন্ন পর্যায়ের ক্রেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ স্থাপনের এক অনন্য সুযোগ। এ আয়োজন উদ্যোক্তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের পাশাপাশি পণ্যের বাজার সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।তারেক রহমান বলেন, ‘সবার আগে বাংলাদেশ-সবার জন্য বাংলাদেশ’ এই অঙ্গীকারকে সামনে রেখে সরকার একটি উৎপাদনমুখী, কর্মসংস্থানসমৃদ্ধ ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে চায়। এ লক্ষ্য অর্জনে শ্রমঘন ও স্বল্প পুঁজিনির্ভর শিল্পের বিকাশ, উদ্যোক্তাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ।



তিনি বলেন, স্থানীয় সম্পদ, দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, আমদানিনির্ভরতা কমানো এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার মাধ্যমে দেশের অর্থনৈতিক সক্ষমতা আরও বৃদ্ধি করা সম্ভব।



প্রধানমন্ত্রী বলেন, উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সুষম উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতির সুফল দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে।



এসএমই খাতে নারী উদ্যোক্তাদের ক্রমবর্ধমান অংশগ্রহণকে আশাব্যঞ্জক উল্লেখ করে তিনি বলেন, তাদের মেধা, শ্রম ও সৃজনশীলতা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। নারী ও পুরুষ উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত আরও শক্তিশালী হবে এবং একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম হবে।



‘১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬’ আয়োজনের জন্য এসএমই ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী মেলার সার্বিক সাফল্য কামনা করেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৪৭ পিএম

মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত রাখবে।


শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক-যে উপাধিতেই ভূষিত হয়ে থাকুন না কেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব। এক জীবনে সবার পক্ষে এই গৌরব অর্জন করা সম্ভব হয় না। বীর মুক্তিযোদ্ধারা সে কারণেই অনন্য-অসাধারণ।


অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, আপনাদের কেউ কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেন, আবার আপনাদের পরিবারের কেউ কেউ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। আপনারা সবাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই গৌরবের অংশীদার।মুক্তিযুদ্ধে আত্মত্যাগের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, লাখো মানুষের প্রাণের বিনিময়ে, অসংখ্য মা-বোনের সন্তান ও সম্ভ্রমের বিনিময়ে, অনেক আহত মানুষের আর্তনাদ কিংবা পঙ্গুত্বের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ। সশস্ত্র বাহিনী দিবসের এই ঐতিহাসিক দিনে তিনি মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। আহত মুক্তিযোদ্ধা এবং সদস্যদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে আল্লাহর দরবারে শহীদদের মাগফিরাত কামনা করেন।


খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসে সশস্ত্র বাহিনীর যেসব মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সম্মানী ও সংবর্ধনা পেয়েছেন, আমি মনে করি, এটি মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়। তাদের সম্মানিত করে কিছুটা হলেও রাষ্ট্র তার দায় পূরণের চেষ্টা করেছে।


নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে তারেক রহমান জানান, এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনিও গর্বিত। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের যে কোনো গৌরব ও সাফল্য তাকেও আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। এটিও সশস্ত্র বাহিনীর জন্য একটি গর্বের বিষয়।

সর্বশেষ সব খবর