দেশের সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দেশব্যাপী আওয়ামী লীগের সৃষ্ট অস্থিতিশীলতার মধ্যে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংঘটিত ওই নাশকতার পর ঝুঁকিপূর্ণ ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে থানা থেকে ৪০০ অস্ত্র উদ্ধার এবং নিরাপদে ফরিদপুর পুলিশ লাইনসে পৌঁছে দেওয়ায় অসীম সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান ও তার নেতৃত্বাধীন টিম।
পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সকাল থেকেই গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বেলা সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। কয়েক ঘণ্টাব্যাপী চালানো তাণ্ডবে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি যানবাহন পুড়িয়ে দেওয়া হয়। আগুনে থানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এমন পরিস্থিতিতে থানার অস্ত্রাগারে সংরক্ষিত অস্ত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
খবর পেয়ে ফরিদপুরের সালথা থানা থেকে ওসি মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে ২টি গাড়িসহ পুলিশের একটি দল মুকসুদপুর থানায় পৌঁছায়। দুটি গাড়িতে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য নিয়ে তিনি ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেই থানায় প্রবেশ করেন। পরে অস্ত্রাগারের তালা ভেঙে ৪০০টির বেশি সরকারি ও ব্যক্তিমালিকানাধীন অস্ত্র উদ্ধার করেন। উদ্ধার করা অস্ত্রগুলো পরে ফরিদপুর পুলিশ লাইনে নিয়ে নিরাপদে সংরক্ষণ করা হয়।
সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, ১৯ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও কয়েকটি যানবাহন পুড়ে যায়। এমন পরিস্থিতিতে অস্ত্রাগারে সংরক্ষিত অস্ত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। তখন দায়িত্বের অংশ হিসেবে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মুকসুদপুর থানায় যাই। পরে সেখান থেকে ৪০০টির বেশি সরকারি ও ব্যক্তিমালিকানাধীন অস্ত্র নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনে নিয়ে আসি।এদিকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সাহসিকতা, পেশাদারিত্ব, বিচক্ষণতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ায় ওসি বাবলুর রহমান খানসহ তার দলের সদস্যদের প্রশংসা করেছে ফরিদপুর জেলা পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক অভিনন্দনবার্তায় তাদের এ ভূমিকার স্বীকৃতিস্বরূপ আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।
ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী অভিনন্দন বার্তায় বলেন, প্রতিকূল পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, কর্তব্যনিষ্ঠা ও সমন্বিত কার্যক্রমের মাধ্যমে ওসি ও তার দল বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব এবং জননিরাপত্তা রক্ষার অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের এ দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করা হবে বলেও জানান তিনি।
তাছাড়া ওসি বাবলুর রহমান খান ও তার দলের সাহসিকতায় অভিনন্দন জানিয়েছে ২৭তম আউটসাইড ক্যাডেট ২০০৫ ব্যাচ। ব্যাচের পক্ষ থেকে জানানো হয়, দুঃসাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের এমন দৃষ্টান্ত পুরো ব্যাচের জন্য গর্বের।
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার জের ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তিসহ কয়েকজন নেতা–কর্মীর বাড়ি ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বেন্দারচর গ্রামে এই ঘটনা ঘটে।ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন দেখতে পায়। গ্রামের একেকটি বাড়িতে তিন থেকে চারটি করে ঘর থাকে, সে হিসাবে আগুনে ক্ষতিগ্রস্ত ঘরের সংখ্যা আরও বেশি হবে বলে ফায়ার সার্ভিসের ধারণা।
এর আগে, বুধবার (১৮ নভেম্বর) কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের হামলায় দুজন নিহত হন। তারা হলেন- কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম।বেন্দারচর গ্রামের ভুক্তভোগীদের অভিযোগ, শুক্রবার বিকেলে হঠাৎ করে সাবেক এমপি বি এম কবিরুল হক (মুক্তি), সাবেক পৌর মেয়র মুশফিকুর রহমানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা করেন বিএনপির লোকজন। এ সময় বেন্দারচর গ্রামের প্রায় ৫০টি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এসময় উপজেলার বড় কালিয়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
তবে কারও বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করার অভিযোগ অস্বীকার করেছে বিএনপি। কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে এগুলো হয়েছে বলে যে প্রচার চলছে, সেটা কাল্পনিক।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যার আগে আগে সাবেক এমপির বাসাসহ কয়েকটি বাসা ও ১৫–২০টি ঘর ভাঙচুর করা হয়েছে। পাঁচ থেকে ছয়টি ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। সাবেক এমপি বি এম কবিরুল হক-এর বাড়িতে হামলার বিষয়ে তারা নিশ্চিত হতে পেরেছেন। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কারা হামলা করেছে, এ বিষয়ে প্রশাসন নিশ্চিত নয়। এটা তদন্ত করে দেখা হচ্ছে।এদিকে জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে বলে যে প্রচার চলছে তা মিথ্যা ও বানোয়াট। আগে ধারণ করা ও এআই দিয়ে নির্মিত ভিডিও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্ষুণ্ন করছে।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। কোনো হিন্দু পরিবারের ওপর হামলা বা তাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি।হিন্দু বসতিতে হামলার অভিযোগের বিষয়ে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে এখানকার হিন্দু সম্প্রদায়ের ৯০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিএনপি আছে, তারাও বিএনপির সঙ্গে আছেন।তিনি আরও বলেন, ফেসবুকে দেখছি দুই শতাধিক বাড়িতে হামলা করা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনার জেরে শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে নিহত ব্যক্তিদের বিক্ষুব্ধ আত্মীয়স্বজন ও কিছু লোক বেন্দারচর গ্রামে জড়ো হন। তারা হত্যাকাণ্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান। খবর পেয়ে কালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।কালিয়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, গতকাল বিকেল চারটার দিকে আগুন লাগে। কেউ তাদের কল করে জানাননি। প্রতিবন্ধকতা ও নিরাপত্তাহীনতার কারণে তাৎক্ষণিকভাবে তারা সেখানে যেতে পারেননি। পরে রাত আটটার দিকে তাঁরা ঘটনাস্থলে যান। তখন অনেক বাড়িতে আগুন ছিল, তবে আগুনের মাত্রা কম ছিল। কিছু বাড়ির আগুন তারা নিভিয়েছেন, কিছু নিজে থেকে নিভে গেছে। আনুমানিক ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন ছিল। বাড়িতে তিন থেকে চারটি করে ঘরও থাকে, সে হিসাবে সংখ্যাটা বেশ অনেক হবে।
বেন্দারচর গ্রামে ঢুকতেই দেখা যায়, ভ্যানে করে কিছু মালামাল নিয়ে এলাকা ছাড়ছেন এক নারী। সঙ্গে ছোট সন্তান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী বলেন, ‘তিনটা গরু ছিল, নিয়ে গেছে। ঘরে মাল-জিনিস একটাও নাই। টিভি-ফ্রিজ, ১০টা কম্বল, দুইটা ট্রাংকে যত মাল ছিল, তিনটা ঘরের কোনো মাল, জিনিস নাই। একটা কাঁথাও নেই যে আমরা গায়ে দেব। কলের (টিউবওয়েল) থেকে মোটরডা পর্যন্ত ভাইঙ্গে নিয়ে গেছে।’তার জা–কে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই ঢাকার আশুলিয়ায় আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। কর্মক্ষেত্রে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় নিরাপত্তার স্বার্থে শিল্পাঞ্চলের অন্তত ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টা পর্যন্ত ছুটি ঘোষণা করা কারখানার সংখ্যা বেড়ে ৫০টিতে দাঁড়ায় বলে নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় দুটি কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। ওই ঘটনার পর আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়লে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়।
এদিকে হঠাৎ করে ছুটির সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছেন কর্মস্থলে আসা শ্রমিকরা। অনেক শ্রমিক সকালে কারখানায় এসে ফটকে ছুটির নোটিশ দেখে উত্তেজিত হয়ে পড়েন এবং কারখানা খুলে দেওয়ার দাবি জানান। শ্রমিকদের অভিযোগ, বেতন-ভাতা পরিশোধ না করে এভাবে বিনা কারণে কারখানা বন্ধ রাখা সঠিক সিদ্ধান্ত নয়। মালিকপক্ষ নিজেদের ব্যর্থতা ঢাকতে এবং সময়মতো বেতন না দিয়ে আন্দোলনের অজুহাতে কারখানা বন্ধ রাখছে বলেও দাবি করেন তারা।
পুলিশ জানিয়েছে, শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার সামনে শ্রমিকদের উপস্থিতি দেখা গেলেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক ও কারখানার আশপাশে নজরদারি জোরদার করা হয়েছে।
অন্যদিকে বারবার শ্রমিক অসন্তোষ ও কারখানা বন্ধের ঘটনায় শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মালিকরা। এতে পোশাক রপ্তানি ও শিল্পের স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তারা।
এ বিষয়ে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর কয়েকটি কারখানায় অসন্তোষ দেখা দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫০টি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বর্তমানে শিল্পাঞ্চলে তেমন কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালংয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে চলা এ গোলাগুলিতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যরা জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে গোলাগুলির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সাজেক ইউনিয়নের মাচালংয়ের ১৪ কিলো এলাকার ফুরিহোলা মোনে আইনশৃঙ্খলা বাহিনীর একটি টহল দল অভিযান চালাতে যায়। এ সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে দুপুর পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এ ঘটনায় সংগঠনের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, গোলাগুলির ঘটনায় জেএসএসের কোনো সম্পৃক্ততা নেই। এ অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।
এদিকে, পাঁচ দফা দাবিতে সাজেক পর্যটন সড়কে টানা ২৯তম দিনের মতো অবরোধ পালন করেছে সাজেক সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি ও সাজেক গণরক্ষা অধিকার কমিটি। শনিবারও অবরোধের কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
অবরোধের কারণে প্রায় এক মাস ধরে সাজেক পর্যটনকেন্দ্রে অচলাবস্থা চলছে। পর্যটকদের প্রবেশে প্রশাসনের নিষেধাজ্ঞা এবং যান চলাচলে সীমাবদ্ধতার কারণে পর্যটনকেন্দ্রটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁসহ পর্যটনসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শত শত শ্রমিক, চালক ও ক্ষুদ্র উদ্যোক্তা কর্মহীন হয়ে পড়েছেন।
এ ছাড়া সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় স্থানীয় বাঘাইহাট বাজারসহ কয়েকটি সাপ্তাহিক হাট বন্ধ রয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ওষুধের সংকট দেখা দিয়েছে। বেড়েছে জনদুর্ভোগ।
সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, সাজেকবাসীর পাঁচ দফা দাবির পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া সড়ক অবরোধ এক মাসে গড়িয়েছে। সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে চারটি দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও একটি বিষয়ে আশ্বস্ত করা হয়নি। এ কারণে অবরোধ অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও দাবি পূরণে এখনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, শনিবার সকাল ৯টা থেকে ১৪ কিলো এলাকায় সেনাবাহিনী ও জেএসএসের মধ্যে থেমে থেমে গোলাগুলির খবর পেয়েছি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে স্বর্ণের চামচ ও বাটি। শনিবার (২১ নভেম্বর) সকালে মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া রেকর্ড ৫১ বস্তা টাকা গণনার সময় এসব স্বর্ণালংকার পাওয়া যায়।বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা মসজিদের ইমাম মুফতি মিজবাহ উদ্দীন।
শনিবার সকাল ৭টার দিকে ১৫টি দানবাক্স খোলা হয়।পরে দানবাক্সে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী গণনার একপর্যায়ে স্বর্ণের চামচ ও বাটির সন্ধান মেলে।
দানবাক্সে নগদ টাকার পাশাপাশি স্বর্ণের চামচ ও বাটি পাওয়ার বিষয়টি উপস্থিতদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।প্রসঙ্গত, প্রায় চার মাস ২৪ দিন পর শনিবার পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। এবার পাওয়া গেছে ৫১ বস্তা টাকা।এসব টাকা গণনার কাজ চলছে। দুপুর পর্যন্ত ১০ কোটি টাকা রুপালী ব্যাংকে পাঠানো হয়েছে।
দানবাক্স খোলার সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।
স্থানীয়
সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী
মীর শাহে আলম এমপি বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অর্ন্তবর্তীকালীন সরকারের সঠিক সিদ্ধান্ত ও যৌক্তিক হয়েছে,
যা আজ জাতির কাছে
প্রমাণিত। নতুন করে ভাববার সময় এসেছে। আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সেটি করবে।
শনিবার
(২১ নভেম্বর) বিকেলে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম
উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী
মীর শাহে আলম বলেন, পতিত, পরাজিত, পলাতক, ফ্যাসিস্ট, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল দেশে যত
ষড়যন্ত্র করুক না কেন, আমরা
ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো। বাংলাদেশে তাদের পুনঃরুত্থান হওয়ার কোন সুযোগ নেই। একই সাথে বলতে চাই, দেশকে নতুন করে তাবেদার রাষ্ট্র কায়েমের ষড়যন্ত্রের সাথে যারা জড়িত তাদেরও আমরা জবাব দিতে চাই। এই দেশের মানুষ
দীর্ঘ আন্দোলনের পর একটি অবাধ,
সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আর কারো তাবেদারী
করবে না। দেশের জনগণের পক্ষে থাকবে, দেশের স্বাধীনতার পক্ষে থাকবে। লাল-সবুজের পতাকার পক্ষে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে যা করা প্রয়োজন
তাই করা হবে।
গোপালগঞ্জ
সম্পর্কে তিনি বলেন, পলাতক, পতিত, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দেশের দু-এক জায়গায়
পেট্রোল বোমা মেরে, থানা পুড়িয়ে দিয়ে মনে করছে তারা দেশে অরাজকতা তৈরী করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং শহীদ আবু সাঈদের মত যারা শহীদ
হয়েছে তাদের আত্মাকে বিসর্জন দিয়ে আবার নতুন করে কিছু করবে। আমি তাদের বলতে চাই, এগুলো করে কোন লাভ হবে না। বর্তমান সরকার মানবিক, ধৈর্য্যশীল, গণতন্ত্রের প্রতি আস্থাশীল। এ কারণে কিছু
বিষয় আমরা মানবিক দৃষ্টিকোন থেকে আগের সরকারের মত গুম, খুন,
গুলি চালিয়ে কিছু নির্মূল করতে চাই না। যা হয়েছে আমরা
ধৈর্য্যসহকারে মোকাবেলা করতে পারবো।
তিনি
বলেন, একটি জেলার মানুষ যদি মনে করে তাদের থানার প্রয়োজন নেই, সরকারী অফিস-আদালতের প্রয়োজন নেই, ওই জেলার উন্নয়নের
প্রয়োজন নেই, তাহলে বর্তমান সরকার সেটি করবে না। জনগণের উপর নির্ভর করবে তারা কি চাচ্ছে। জনগণের
কাছে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। তারা গাড়িতে অগ্নিসংযোগ করেছে, বোমা মেরেছে, হত্যাযজ্ঞ, গুম ঘটিয়ে বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা নিজেদের জেলা মনে করে সেখানে একই ঘটনার ঘটনা ঘটিয়ে আবারও আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত
হয়েছে।
স্থানীয়
সরকার নির্বাচন সম্পর্কে তিনি বলেন, স্থানীয় সরকার আইন সংশোধন করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন আর দলীয়ভাবে হবে
না। সেখানে কোন দলের প্রতীক থাকবে না। দলীয়ভাবে সরাসরি কাউকে মনোনয়ন দেয়ার সুযোগ নেই। ব্যানার-পোস্টারেও কোন দলের প্রার্থী হিসেবে লিখতে পারবে না। তবে জেলা-উপজেলা পর্যায়ে বিএনপি’র পক্ষ থেকে
কোন প্রার্থীকে সমর্থন দেয়া হয়েছে সেটি ঘোষণা করা হবে। যদি কোন ব্যক্তি দলের বাহিরে যায়, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
রংপুরের
উন্নয়ন সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, শহীদ আবু সাঈদ স্টেডিয়াম সংস্কারের জন্য ৫৪ লাখ টাকার
প্রকল্প গ্রহণ করা হয়েছে। রংপুর নগরীর উন্নয়নে ১৮’শ কোটি
টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া এলজিইডি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিষদ, সিটি করপোরেশনের উন্নয়নের জন্য আরও কোন কর্মসূচি হাতে নিলে তা অনুমোদন করা
হবে।
তিনি
আরও বলেন, রংপুর অঞ্চলের সকল জেলার জন্য সাড়ে ৫ হাজার কোটি
টাকার প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। শুধুমাত্র রংপুর জেলার উন্নয়নে সাড়ে ৫’শ কোটি
টাকা বরাদ্দ করা হয়েছে। গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার
জন্য আলাদা একটি উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। রংপুর বিভাগের মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে স্থানে দ্বিতীয়
যমুনা সেতু করলে মানুষ বেশি উপকৃত হবে, সেখানে দ্বিতীয় যমুনা সেতু করা হচ্ছে।
এ
সময় উপস্থিত ছিলেন, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মানোয়ারা বেগম,
ভাই আবু হোসেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী,
রংপুর জেলা প্রশাসক ইসরাত জাহান, জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ অন্যরা।
লালপুরে জামায়াতের উপজেলা আমীর সহ নব নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে।শনিবার ( ২১ নভেম্বর) গোপালপুর মহিলা ডিগ্রি কলেজ হলরুমে নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক মীর নূরুল ইসলাম লালপুর উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদ কে শপথ পাঠ করান। এছাড়া ২০২৭ - ২০২৮ সেশনের জন্য নির্বাচিতরা হলেন উপজেলা সেক্রেটারি এ্যাড: মাসুদ রানা ,সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন ,সহকারী সেক্রেটারি মহসিন আলম ।
লালপুরের ১০ টি ইউনিয়ন ও গোপালপুর পৌরসভার নির্বাচিতরা হলো ১ নং লালপুর ইউনিয়ন আমীর কামারুজ্জামান চঞ্চল , ২ নং ঈশ্বরদী ইউনিয়ন আমীর গোলাম রব্বানী সুমন ,৩ নং চংধুপই ইউনিয়ন আমীর হাসমত আলী হাসু ,৪ নং আরবাব ইউনিয়ন আমীর মাওলানা আ: রব , ৫ নং বিলমাড়ীয়া ইউনিয়ন আমীর আনেজউদ্দিন , ৬ নং দুয়ারিয়া ইউনিয়ন আমীর আশরাফুল ইসলাম মান্না , ৭ নং ওয়ালিয়া ইউনিয়ন আমীর মাওলানা লোকমান হাকিম , ৮ নং দূড়দুড়িয়া ইউনিয়ন আমীর আ: সামাদ ,৯ নং এবি ইউনিয়ন আমীর শরিফুল ইসলাম সোহাগ , ১০ নং কদিমচিলান ইউনিয়ন আমীর আ: রাজ্জাক গোপালপুর পৌরসভা আমীর হাফেজ আমিরুল ইসলাম নবনির্বাচিত আমীর মাওলানা আবুল কালাম আজাদ ইউনিয়ন আমীরদের শপথ পাঠ করান।