যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন বিমানবাহিনীর একটি ঘাঁটিতে চলতি মাসে একসঙ্গে ছয়টি ড্রোনের অনুপ্রবেশ ঠেকিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এ ঘটনার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে বলা হয়, গত ১৩ নভেম্বর যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) লেকেনহিথ ঘাঁটির আকাশে একাধিক ড্রোন দেখা যায়। পরিস্থিতি মোকাবিলায় মার্কিন বাহিনী ড্রোন প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করে। তবে ড্রোনগুলোকে ভূপাতিত বা আটক করার পর সেগুলোর ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়নি। ব্রিটিশ কিংবা মার্কিন কোনো সদস্যই সেগুলো উদ্ধার করতে পারেননি।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, ১৩ নভেম্বর লেকেনহিথ ঘাঁটিতে অনুমোদনহীন ড্রোন চলাচলের খবর পেয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুলিশ, সাফোক পুলিশ ও মার্কিন বিমানবাহিনীর নিরাপত্তা সদস্যরা যৌথভাবে কাজ করেন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং ঘাঁটিতে স্বাভাবিক নিরাপত্তা ও বাহিনী সুরক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনা হয়।
এ ঘটনায় ঘাঁটিতে থাকা মার্কিন বিমানবাহিনীর সদস্যরা সন্দেহজনক ড্রোন তৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নেন। সে সময় মার্কিন বিমানবাহিনীর এক মুখপাত্র জানিয়েছিলেন, এতে কোনো সামরিক সদস্য আহত কিংবা অবকাঠামোর ক্ষতি হয়নি।
এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যের আরেকটি মার্কিন বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। ইরান-সংশ্লিষ্ট হুমকির কারণে সেখান থেকে মার্কিন বি-১ বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছিল বলে গত মাসে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে ফেয়ারফোর্ডের ঘটনা কিংবা যুক্তরাজ্যে অন্য কোনো অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তেহরান। ব্রিটিশ কর্তৃপক্ষ অবশ্য কয়েক বছর ধরেই দেশটিতে ভিন্নমতাবলম্বী এবং ইসরায়েলি ও ইহুদি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ষড়যন্ত্র ও হত্যাচেষ্টায় ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ করে আসছে।
সূত্র : রয়টার্স
সামরিক বাহিনীর বিমান হামলার পরের দৃশ্য
মিয়ানমারে সামরিক বাহিনীর চালানো তিনটি বিমান হামলায় গতকাল শনিবার অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক আদালত গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করার পর থেকে বোমা হামলা বেড়েছে দেশটিতে। এসব হামলায় প্রাণহানির সংখ্যাও বেড়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মো বাই এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে চালানো হামলায় প্রায় ২০ জন নিহত হন। প্রত্যক্ষদর্শীর ধারণ করা একটি ভিডিওতে রক্তাক্ত আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখা গেছে।
তবে বার্তা সংস্থা এএফপি স্বাধীনভাবে এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।একই দিনে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে আরও দুটি বোমা হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে।
এর আগে গত বৃহস্পতিবার মিয়ানমারের মধ্যাঞ্চলে হামলা হয়। এরপর আবার এই তিনটি হামলার ঘটনা ঘটল। মিয়ানমারের নির্বাসিত স্বঘোষিত ‘জাতীয় ঐক্য সরকার’(এনইউজি) জানিয়েছে, বৃহস্পতিবারের ওই হামলায় ২৯ জন নিহত হয়েছেন।
নজরদারি সংস্থা অ্যাকলেড জানিয়েছে, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।
মো বাইয়ের হামলার বিষয়ে এক প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, বোমা হামলার আগে তিনি একটি উড়োজাহাজ উড়ে যাওয়ার শব্দ শুনেছিলেন। সংঘাতের কারণে বাস্তুচ্যুত হওয়া দুজনের বিয়ের অনুষ্ঠানে ওই বোমা ফেলা হয়।
মো বাই শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে শহরের বাইরে শান ও কায়াহ (যা কারেন্নি নামেও পরিচিত) রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিরোধীরা সক্রিয় রয়েছে। সেখানে বাস্তুচ্যুত অনেকে বসবাস করেন।
ঘটনাস্থলে ছুটে যাওয়া ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি ১৭ জনের মরদেহ’ এবং অনেক আহত মানুষকে দেখতে পাই। তিনি আরও বলেন, ‘আমি হতভম্ব হয়ে পড়েছিলাম এবং বুঝতে পারছিলাম না কাকে আগে উদ্ধার করব।’
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ওই প্রত্যক্ষদর্শী আরও বলেন, ‘আমার ভাতিজিসহ আরও কিছু মানুষ নিখোঁজ রয়েছেন। আমি এখনো তাকে খুঁজে পাইনি।’
শিবিরে থাকা বাস্তুচ্যুত মানুষদের সহায়তাকারী ‘নুয়ে উ ইয়াং চি ফাউন্ডেশনের’ প্রধান ২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন, যাঁদের মধ্যে ৫টি শিশু রয়েছে। এ ছাড়া ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। তিনি জানান, উদ্ধারকারীরা পৌঁছানোর পর সেখানে দ্বিতীয় আরেকটি বোমা ফেলা হয়।
এই তিনটি হামলার কোনোটির বিষয়েই মন্তব্যের জন্য মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মো বাইয়ের হামলার ওই প্রত্যক্ষদর্শী ছয়টি ভিডিও দিয়েছেন। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যায়, তিনি রক্তাক্ত একটি মেয়েশিশুকে নিয়ে যাচ্ছেন। শিশুটি কাঁদছিল।
মেয়েটি তাঁকে জিজ্ঞাসা করছিল, ‘আমার মা-বাবা কোথায়? তাঁদের কি কিছু হয়েছে? তাঁরা কোথায়? দয়া করে আমার মাকে ফোন করুন।’ তিনি উত্তর দেন, ‘চিন্তা কোরো না, আমি তোমার মাকে ফোন করব। কিন্তু চলো, আগে চিকিৎসার জন্য ক্লিনিকে যাই।’ জবাবে মেয়েটি বলে, ‘আমার মা-বাবার কাছে দেওয়ার মতো টাকা নেই।’
গতকাল রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ শহরে আলাদা একটি হামলায় একটি বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় একটি অন্ত্যেষ্টিক্রিয়া সংস্থার প্রধান হ্লা মং উ জানিয়েছেন, এ ঘটনায় ৯ জন মারা গেছেন।
ঘটনাস্থল থেকে পাওয়া এএফপির ভিডিও চিত্রে মানুষকে ধ্বংসস্তূপের ভেতর থেকে জিনিসপত্র খুঁজতে দেখা গেছে। অন্য একটি স্থানে সারি করে রাখা মরদেহের পাশে বসে শোকাহত স্বজনেরা বিলাপ করছিলেন।
৬২ বছর বয়সী বাস্তুচ্যুত এক ব্যক্তি হ্লা থান অং জানান, তিনি ধ্বংসস্তূপের নিচ থেকে তাঁর ১৭ বছর বয়সী মেয়েকে টেনে বের করেছিলেন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মেয়েটি মারা যায়। তিনি বলেন, ‘মেয়েকে কোলে নিয়ে দৌড়ানোর সময় আমার মাথায় শুধু একটি চিন্তাই ছিল, যেকোনোভাবে ওর জীবন বাঁচানো। এখন ও চলে গেছে, তাই আমার বেঁচে থাকারও আর কোনো অর্থ নেই।’
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল গভীর রাতে একই এলাকায় দ্বিতীয় দফায় বিমান হামলা চালানো হয়। যাচাই না–হওয়া ছবিগুলোয় সেখানে বেশ কয়েকজন নিহতের দৃশ্য দেখা গেছে।
মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশের নির্ধারিত সফর স্থগিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭ ও ৮ ডিসেম্বর দুই দিনের সরকারি সফরে ঢাকায় আসার কথা ছিল তার। বাংলাদেশ সফরের পর থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনাও স্থগিত করেছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গণমাধ্যম।
নির্ধারিত সফরে ৭ ডিসেম্বর ঢাকায় পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসার কথা ছিল।
গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনেও আনোয়ার ইব্রাহিমের সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল।প্রধানমন্ত্রী তারেক রহমান গত জুনে আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া সফর করেন। দায়িত্ব গ্রহণের পর সেটিই ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর।
এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সফরে এসেছিলেন আনোয়ার ইব্রাহিম। ওই সময় তিনি তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
সূত্র: দ্য ডেইলি স্টার
মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলে একটি স্কুল ও বৌদ্ধবিহার প্রাঙ্গণে বিমান হামলার ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও স্কুলশিক্ষার্থীও রয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির সামরিক বাহিনীর চালানো এ হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও বিরোধী পক্ষ।শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং জান্তা সরকারবিরোধী জাতীয় ঐক্যের সরকার (এনইউজি) এ তথ্য প্রকাশ করে।
এনইউজি ও স্থানীয় বিদ্রোহী কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে সিনবাউংওয়ে শহরের একটি স্কুল ও বৌদ্ধবিহার এলাকায় হামলা চালানো হয়। ওই সময় সেখানে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। হামলায় বিমান থেকে ৫০০ পাউন্ড ওজনের চারটি বোমা, কামানের ১২টি গোলা এবং সাতটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয় বলে যৌথ বিবৃতিতে দাবি করা হয়েছে।
এনইউজির মুখপাত্র নে ফোন ল্যাট জানান, হামলায় অন্তত ৯ জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া নারী ও শিশুসহ ২০ জনের বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর দাবি, হামলার সময় ওই এলাকায় কোনো ধরনের সংঘর্ষ চলছিল না। বিদ্রোহী যোদ্ধারা মাঝেমধ্যে গ্রামটিতে যাতায়াত করলেও সেখানে নিয়মিত কোনো সামরিক তৎপরতা ছিল না বলে জানান তিনি।
তবে মিয়ানমারের সেনাবাহিনীর সমর্থক কয়েকটি টেলিগ্রাম চ্যানেলের দাবি, বিদ্রোহী বাহিনীর একটি সমাবেশ ও স্নাতক সমাপনী অনুষ্ঠানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। এ বিষয়ে শনিবার পর্যন্ত দেশটির সামরিক বাহিনী কিংবা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এনইউজির পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে ২০২৬ সালের অক্টোবরের শেষ পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় ১৫ হাজারের বেশি বিমান হামলা চালিয়েছে সামরিক বাহিনী। এসব ঘটনায় অন্তত ৬ হাজার ৪৬৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৬২টি স্কুল ও ৮৪৮টি ধর্মীয় স্থাপনা।
হামলার নিন্দা জানিয়ে এনইউজি ও স্থানীয় বিদ্রোহী কর্তৃপক্ষ ঘটনাটিকে যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে। এ ঘটনায় ভবিষ্যতে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
একই সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে উড়োজাহাজের জ্বালানি, গোলাবারুদ ও ড্রোন প্রযুক্তি সরবরাহ বন্ধে জাতিসংঘ, আসিয়ান এবং প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিরোধী পক্ষ।
২০২১ সালে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে সংঘাত অব্যাহত রয়েছে। দীর্ঘদিনের এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রায় এক লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তবে বিমান হামলার হতাহতের সংখ্যা ও ঘটনার বিস্তারিত তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি ও আঞ্চলিক প্রভাব মোকাবেলায় প্রতিরক্ষা সহযোগিতা আরো গভীর করছে ভারত ও জাপান। আনুষ্ঠানিক কোনো সামরিক জোটে না গেলেও যৌথ মহড়া, সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় এবং সামরিক অবকাঠামো ব্যবহারের মাধ্যমে দেশ দুটি গড়ে তুলছে একটি কৌশলগত বলয়। সম্প্রতি জাপানের সামরিক বাহিনীকে ভারতের প্রশিক্ষণক্ষেত্রে ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রের গোলাবর্ষণ অনুশীলনের সুযোগ দেওয়ার বিষয়ে সমঝোতা সেই সহযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে।
বিশ্লেষকদের মতে, এর মধ্য দিয়ে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সামরিক তৎপরতার ওপর চাপ বাড়াতে চাইছে নয়াদিল্লি ও টোকিও। সংবামাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত ১৯ নভেম্বর টোকিওতে অনুষ্ঠিত ভারত-জাপানের চতুর্থ ‘টু প্লাস টু’ বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীরা এ বিষয়ে একটি সম্মতিপত্রে সই করেন। এর ফলে প্রথমবারের মতো জাপানের আত্মরক্ষা বাহিনী ভারতের সামরিক প্রশিক্ষণক্ষেত্রে সরাসরি গোলাবর্ষণ অনুশীলনের সুযোগ পাবে। এতে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্রের অনুশীলনও অন্তর্ভুক্ত হতে পারে।
তবে এটি এখনই জাপানকে ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে অবাধ প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্ত নয়। এর বাস্তবায়ন পদ্ধতি ও প্রয়োজনীয় শর্ত এখনো চূড়ান্ত হয়নি। ভারত ও জাপানের নিরাপত্তা উদ্বেগের কেন্দ্রে রয়েছে চীন। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকে ভারতের সঙ্গে চীনের সীমান্ত উত্তেজনা অব্যাহত রয়েছে।
তিব্বত ও জিনজিয়াংয়ে চীনের সামরিক অবকাঠামো, বিমানঘাঁটি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়েছে। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ককেও দুই দেশের নিরাপত্তাঝুঁকি হিসেবে দেখছে ভারত। অন্যদিকে, জাপানের উদ্বেগের প্রধান জায়গা পূর্ব চীন সাগর ও তাইওয়ান ঘিরে। সেনকাকু দ্বীপপুঞ্জকে নিজেদের বলে দাবি করে চীন। দ্বীপগুলো জাপানের প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকলেও বেইজিং এগুলোকে দিয়াওয়ু নামে অভিহিত করে।
তাইওয়ানের আশপাশে চীনের সামরিক তৎপরতাও টোকিওর নিরাপত্তা ভাবনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুই দেশের সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র ভারত মহাসাগর ও মালাক্কা প্রণালির সামুদ্রিক নিরাপত্তা। গত ২০ আগস্ট ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেন। এ সমঝোতার আওতায় সমুদ্রপথে নজরদারি, তথ্য বিনিময়, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, দুর্যোগ মোকাবিলা এবং নৌযানের মেরামত ও রসদ সহায়তার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
দুই দেশের সামরিক বাহিনীর যৌথ মহড়াও বাড়ছে। ২০১৮ সাল থেকে ভারত ও জাপানের সেনাবাহিনীর মধ্যে ‘ধর্ম গার্ডিয়ান’ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। নৌবাহিনীর মধ্যে ‘জাইমেক্স’ এবং বিমানবাহিনীর মধ্যে ‘ভীর গার্ডিয়ান’ মহড়াও সহযোগিতাকে এগিয়ে নিচ্ছে। দুই দেশ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে ‘মালাবার’ নৌ মহড়াতেও অংশ নিচ্ছে।
সামরিক মহড়ার পাশাপাশি প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তিতে যৌথ উদ্যোগ বাড়াচ্ছে দুই দেশ। এর একটি উদাহরণ ‘ইউনিকর্ন’ নামের বিশেষ যোগাযোগ অ্যানটেনা ব্যবস্থা। জাপানের তৈরি এই প্রযুক্তি যুদ্ধজাহাজের একাধিক অ্যানটেনাকে একটি কাঠামোয় সংযুক্ত করে। এতে তড়িৎচৌম্বকীয় প্রতিবন্ধকতা ও জাহাজের রাডারে শনাক্ত হওয়ার ঝুঁকি কমানো সম্ভব।
২০২৪ সালের নভেম্বরে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজে এ প্রযুক্তি যৌথভাবে তৈরির বিষয়ে দুই দেশ সমঝোতা করে। পাশাপাশি ক্ষেপণাস্ত্র ও উন্নত সামরিক প্রযুক্তি নিয়ে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং জাপানের সংশ্লিষ্ট সংস্থার যৌথ গবেষণার পরিকল্পনাও রয়েছে। তবে ভারত ও জাপানের এই সম্পর্ক এখনো আনুষ্ঠানিক সামরিক জোটে রূপ নেয়নি। কোনো দেশ আক্রান্ত হলে অন্য দেশ সামরিকভাবে সহায়তা করতে বাধ্য—এমন চুক্তি তাদের মধ্যে নেই।
ভারত তার কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখতে চায়, অন্যদিকে জাপানের সামরিক ভূমিকা দেশটির সংবিধানের সীমাবদ্ধতার মধ্যে পরিচালিত হয়। ফলে চীনকে সরাসরি সামরিকভাবে মোকাবেলার চেয়ে নিজেদের সক্ষমতা বাড়িয়ে সম্ভাব্য আগ্রাসনের খরচ বাড়ানোই দুই দেশের প্রধান লক্ষ্য। এভাবেই আনুষ্ঠানিক জোট ছাড়াই ভারত ও জাপান ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলায় একটি বিস্তৃত কৌশলগত নেটওয়ার্ক গড়ে তুলছে।
ইয়েমেনে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির সরকারি বাহিনী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ ও উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির অবস্থান ও যানবাহন লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে। অন্যদিকে, হুতি অভিযোগ করেছে, তায়েজ, আল-হুদায়দা ও সা’দা প্রদেশে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।
এদিকে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লাহজ প্রদেশে একটি টহল দলের ওপর বিস্ফোরণের ঘটনায় আহত এক নিরাপত্তা কর্মকর্তা মারা গেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। অন্যদিকে, তায়েজে সরকারি অবরোধবিষয়ক দপ্তর জানিয়েছে, গত আগস্ট থেকে প্রদেশটিতে হুতির হামলায় ২০০ জনের বেশি নারী ও শিশু নিহত বা আহত হয়েছেন।
তায়েজ ও আল-জাওফে সরকারি বাহিনীর হামলা
শুক্রবার এক বিবৃতিতে ইয়েমেনের সেনাবাহিনী জানায়, দক্ষিণ তায়েজের আল-আকরা ফ্রন্টে মাউন্ট ধাহিহ এলাকায় গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে। তবে ওই বিমান হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।
তায়েজের দক্ষিণ প্রবেশপথের কাছাকাছি অবস্থান এবং শহরের বড় একটি অংশের ওপর নজরদারির সুযোগ থাকায় মাউন্ট সাবিরের নিকটবর্তী আল-আকরা ফ্রন্টটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এদিকে, আল-জাওফে গোষ্ঠীটির যানবাহন লক্ষ্য করে কয়েকটি ফ্রন্টে ড্রোন হামলা চালিয়েছে সরকারি বাহিনী। সেনাবাহিনীর আনুষ্ঠানিক ওয়েবসাইট ‘সেপ্টেম্বর নেট’ এ তথ্য জানিয়েছে।
ওয়েবসাইটটিতে হামলার ভিডিও প্রকাশ করা হলেও এর ফলাফল সম্পর্কে কিছু জানানো হয়নি। সৌদি আরবের সঙ্গে স্থলসীমান্ত থাকায় আল-জাওফ প্রদেশটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এ ছাড়া হুতি-নিয়ন্ত্রিত সা’দা, আমরান ও সানা প্রদেশের কাছাকাছি এর অবস্থান। একই সঙ্গে সরকারি বাহিনীর প্রভাবাধীন তেলসমৃদ্ধ হাদরামাউত ও মারিব প্রদেশেরও নিকটবর্তী এটি। আল-জাওফের সামরিক নিয়ন্ত্রণ সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে বিভক্ত। প্রাদেশিক রাজধানী আল-হাজমসহ বেশ কয়েকটি এলাকা নিয়ন্ত্রণ করছে গোষ্ঠীটি।
বিস্ফোরণে আহত নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু
লাহজ প্রদেশে গ্রিন সিটি পুলিশের প্রধান ক্যাপ্টেন আওয়াস মোহাম্মদ ইস্কান্দার শুক্রবার মারা গেছেন। তিন দিন আগে সড়কের পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে আহত হয়েছিলেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যম আল-মাসদার অনলাইন স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে, চিকিৎসার জন্য একটি হাসপাতালে নেয়ার পর আঘাতের কারণে ইস্কান্দারের মৃত্যু হয়। মঙ্গলবার দক্ষিণ লাহজের আল-ফাইউশ এলাকায় তার টহল দলকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হন তিনি।
হুতির হামলায় ২০০ নারী ও শিশু নিহত-আহত
তায়েজের সরকারি অবরোধবিষয়ক দপ্তর শুক্রবার জানিয়েছে, গত ১০ আগস্ট থেকে ১৭ নভেম্বর পর্যন্ত প্রদেশটির বিভিন্ন জেলায় হুতির গোলাবর্ষণ ও স্নাইপার হামলায় ৪২ নারী ও মেয়ে শিশু নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬১ জন।
গত জুলাই থেকে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতির মধ্যে সামরিক সংঘাত তীব্র হয়েছে। বিশেষ করে তায়েজ, লাহজ ও মারিব প্রদেশে পরিস্থিতির অবনতি ঘটেছে। এতে ২০২২ সালের এপ্রিল থেকে ইয়েমেনে যে আপেক্ষিক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল, তা ভেঙে পড়েছে। চলমান সংঘাত ও বাস্তুচ্যুতির কারণে আগে থেকেই ভয়াবহ মানবিক সংকটে থাকা দেশটির পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
২০১৪ সালের সেপ্টেম্বরে হুতিরা রাজধানী সানা ও কয়েকটি প্রদেশ দখল করার পর থেকেই ইয়েমেনে সংঘাত চলছে। এর জেরে ২০১৫ সালের মার্চে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন আরব জোট সামরিক হস্তক্ষেপ করে।
গাজায় তার পরিবারকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলা থেকে হামাস নেতা খলিল আল-হাইয়ার এক ছেলে প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি এই গোষ্ঠী। এক বছরের বেশি সময় আগে তথাকথিত ‘যুদ্ধবিরতি’ চুক্তিতে সম্মত হওয়া সত্ত্বেও শুক্রবারের (২৭ নভেম্বর) এই বিমান হামলার পাশাপাশি উপত্যকার অন্যান্য স্থানে ইসরায়েলি হামলায় চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের কর্মকর্তা বাসেম নাইম জানান, ভোরে চালানো ইসরায়েলি হামলায় ২৯ বছর বয়সী ইজ্জেলদিন আল-হাইয়া ও তার পরিবার বেঁচে গেছেন। রয়টার্সকে হামাসের সূত্র জানিয়েছে, হামাসপ্রধানের পুত্রবধূসহ বেশ কয়েকজন স্বজন আহত হয়েছেন। এছাড়া খলিল আল-হাইয়ার প্রয়াত আরেক ছেলে আজ্জামের পরিবারও বেঁচে গেছে।
নাইম ইজ্জেলদিনকে হামাস নেতার জীবিত থাকা সর্বশেষ ছেলে হিসেবে বর্ণনা করেন। তার চার ভাই ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন; ২০০৮ সালে হামজা, ২০১৪ সালে ওসামা, গত বছরের সেপ্টেম্বরে হুমাম এবং চলতি বছরের মে মাসে আজ্জাম প্রাণ হারান। গত বছর কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলায় নিহত হুমামের যমজ ভাই হলেন ইজ্জেলদিন। আলোচনার সময় খলিল আল-হাইয়া ওই হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান এবং গত জুলাইয়ে তাকে হামাসের নেতা মনোনীত করা হয়।
শুক্রবারের হামলার নিন্দা জানিয়ে হামাস এটিকে আল-হাইয়ার ছেলেকে ‘হত্যা’ এবং তার পরিবারকে লক্ষ্যবস্তু করার চেষ্টা বলে অভিহিত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের পক্ষ থেকে তাদের নেতার বিরুদ্ধে দেওয়া হুমকির সঙ্গে এই হামলাকে যুক্ত করে গোষ্ঠীটি অভিযোগ করেছে, ইসরায়েল ২০২৫ সালের অক্টোবরের ‘যুদ্ধবিরতি’ চুক্তিকে দুর্বল করার চেষ্টা করছে। হামাস বলেছে, এই ‘কাপুরুষোচিত কর্মকাণ্ড’ ইসরায়েলি নেতাদের ‘মানবিক ও নৈতিক মূল্যবোধ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতা’ প্রকাশ করে।এদিকে শুক্রবার গাজার অন্যান্য স্থানেও প্রাণঘাতী ইসরায়েলি হামলা অব্যাহত ছিল। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, উত্তর গাজায় একটি গাড়িতে ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ওয়াফা নিহত ব্যক্তিকে খালেদ আসাফ হিসেবে শনাক্ত করেছে এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে যে জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে বির আল-নাজা এলাকায় গাড়িটিতে আঘাত হানা হয়।
দক্ষিণ গাজার রাফাহ শহরে আল-বাহর স্ট্রিটের মুয়াবিয়া মসজিদের কাছে এক হামলার পর সিভিল ডিফেন্স দল তিনজন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার এবং দুজন আহত ব্যক্তিকে বাঁচিয়েছে বলে জানিয়েছে ওয়াফা। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি শিশু আহত হয়েছে।
চিকিৎসাসূত্র ও প্রত্যক্ষদর্শীরা ওয়াফাকে জানান, পূর্ব দিকের ‘হলুদ রেখার’ কাছের অবস্থান থেকে ইসরায়েলি বাহিনী ওই এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় নেওয়া তাবুগুলোর ওপর বারবার গুলি চালিয়েছে। বৃহস্পতিবারের ধারাবাহিক ইসরায়েলি অভিযানে এক জ্যেষ্ঠ শিক্ষা কর্মকর্তাসহ ১০ জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর শুক্রবার এসব হামলা ঘটে।
অন্যদিকে শুক্রবার হামাস গাজা সিটির আল-আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালের একটি ভবনকে জিজ্ঞাসাবাদ কেন্দ্র হিসেবে ব্যবহার করার ইসরায়েলি সেনাবাহিনীর দাবিকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছে। বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী ও শিন বেত অভিযোগ করে যে হাসপাতালের কমপ্লেক্সের ভেতরে হামাস সামরিক কার্যক্রম পরিচালনা করছিল। এক বিবৃতিতে হামাস বলেছে, ইসরায়েলের এই দাবি ‘গাজা উপত্যকার হাসপাতালগুলোর বিরুদ্ধে চলমান উসকানির অংশ হিসেবে এসেছে’। গোষ্ঠীটি উল্লেখ করেছে যে হাসপাতালগুলো হলো ‘ছোট ভূখণ্ডটিতে কর্মরত সব বেসামরিক ও জাতিসংঘের প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত জনসাধারণের স্থান’ এবং ইসরায়েল কখনোই তাদের দাবির সপক্ষে প্রমাণ উপস্থাপন করেনি। হাসপাতালটি তত্ত্বাবধানকারী জেরুজালেমের এপিস্কোপাল ডায়োসিস জানিয়েছে, প্রাঙ্গণে কোনো গোপন জিজ্ঞাসাবাদ কেন্দ্র থাকার বিষয়ে তাদের কোনো ধারণা নেই।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ২০২৫ সালের অক্টোবরের ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি লঙ্ঘনে অন্তত ১ হাজার ৭০৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৬ হাজার ১৬৩ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল গাজায় অন্তত ৭৪ হাজার ৭৭২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।
সূত্র: আল জাজিরা