গাজায় তার পরিবারকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলা থেকে হামাস নেতা খলিল আল-হাইয়ার এক ছেলে প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি এই গোষ্ঠী। এক বছরের বেশি সময় আগে তথাকথিত ‘যুদ্ধবিরতি’ চুক্তিতে সম্মত হওয়া সত্ত্বেও শুক্রবারের (২৭ নভেম্বর) এই বিমান হামলার পাশাপাশি উপত্যকার অন্যান্য স্থানে ইসরায়েলি হামলায় চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের কর্মকর্তা বাসেম নাইম জানান, ভোরে চালানো ইসরায়েলি হামলায় ২৯ বছর বয়সী ইজ্জেলদিন আল-হাইয়া ও তার পরিবার বেঁচে গেছেন। রয়টার্সকে হামাসের সূত্র জানিয়েছে, হামাসপ্রধানের পুত্রবধূসহ বেশ কয়েকজন স্বজন আহত হয়েছেন। এছাড়া খলিল আল-হাইয়ার প্রয়াত আরেক ছেলে আজ্জামের পরিবারও বেঁচে গেছে।
নাইম ইজ্জেলদিনকে হামাস নেতার জীবিত থাকা সর্বশেষ ছেলে হিসেবে বর্ণনা করেন। তার চার ভাই ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন; ২০০৮ সালে হামজা, ২০১৪ সালে ওসামা, গত বছরের সেপ্টেম্বরে হুমাম এবং চলতি বছরের মে মাসে আজ্জাম প্রাণ হারান। গত বছর কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলায় নিহত হুমামের যমজ ভাই হলেন ইজ্জেলদিন। আলোচনার সময় খলিল আল-হাইয়া ওই হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান এবং গত জুলাইয়ে তাকে হামাসের নেতা মনোনীত করা হয়।
শুক্রবারের হামলার নিন্দা জানিয়ে হামাস এটিকে আল-হাইয়ার ছেলেকে ‘হত্যা’ এবং তার পরিবারকে লক্ষ্যবস্তু করার চেষ্টা বলে অভিহিত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের পক্ষ থেকে তাদের নেতার বিরুদ্ধে দেওয়া হুমকির সঙ্গে এই হামলাকে যুক্ত করে গোষ্ঠীটি অভিযোগ করেছে, ইসরায়েল ২০২৫ সালের অক্টোবরের ‘যুদ্ধবিরতি’ চুক্তিকে দুর্বল করার চেষ্টা করছে। হামাস বলেছে, এই ‘কাপুরুষোচিত কর্মকাণ্ড’ ইসরায়েলি নেতাদের ‘মানবিক ও নৈতিক মূল্যবোধ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতা’ প্রকাশ করে।এদিকে শুক্রবার গাজার অন্যান্য স্থানেও প্রাণঘাতী ইসরায়েলি হামলা অব্যাহত ছিল। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, উত্তর গাজায় একটি গাড়িতে ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ওয়াফা নিহত ব্যক্তিকে খালেদ আসাফ হিসেবে শনাক্ত করেছে এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে যে জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে বির আল-নাজা এলাকায় গাড়িটিতে আঘাত হানা হয়।
দক্ষিণ গাজার রাফাহ শহরে আল-বাহর স্ট্রিটের মুয়াবিয়া মসজিদের কাছে এক হামলার পর সিভিল ডিফেন্স দল তিনজন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার এবং দুজন আহত ব্যক্তিকে বাঁচিয়েছে বলে জানিয়েছে ওয়াফা। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি শিশু আহত হয়েছে।
চিকিৎসাসূত্র ও প্রত্যক্ষদর্শীরা ওয়াফাকে জানান, পূর্ব দিকের ‘হলুদ রেখার’ কাছের অবস্থান থেকে ইসরায়েলি বাহিনী ওই এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় নেওয়া তাবুগুলোর ওপর বারবার গুলি চালিয়েছে। বৃহস্পতিবারের ধারাবাহিক ইসরায়েলি অভিযানে এক জ্যেষ্ঠ শিক্ষা কর্মকর্তাসহ ১০ জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর শুক্রবার এসব হামলা ঘটে।
অন্যদিকে শুক্রবার হামাস গাজা সিটির আল-আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালের একটি ভবনকে জিজ্ঞাসাবাদ কেন্দ্র হিসেবে ব্যবহার করার ইসরায়েলি সেনাবাহিনীর দাবিকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছে। বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী ও শিন বেত অভিযোগ করে যে হাসপাতালের কমপ্লেক্সের ভেতরে হামাস সামরিক কার্যক্রম পরিচালনা করছিল। এক বিবৃতিতে হামাস বলেছে, ইসরায়েলের এই দাবি ‘গাজা উপত্যকার হাসপাতালগুলোর বিরুদ্ধে চলমান উসকানির অংশ হিসেবে এসেছে’। গোষ্ঠীটি উল্লেখ করেছে যে হাসপাতালগুলো হলো ‘ছোট ভূখণ্ডটিতে কর্মরত সব বেসামরিক ও জাতিসংঘের প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত জনসাধারণের স্থান’ এবং ইসরায়েল কখনোই তাদের দাবির সপক্ষে প্রমাণ উপস্থাপন করেনি। হাসপাতালটি তত্ত্বাবধানকারী জেরুজালেমের এপিস্কোপাল ডায়োসিস জানিয়েছে, প্রাঙ্গণে কোনো গোপন জিজ্ঞাসাবাদ কেন্দ্র থাকার বিষয়ে তাদের কোনো ধারণা নেই।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ২০২৫ সালের অক্টোবরের ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি লঙ্ঘনে অন্তত ১ হাজার ৭০৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৬ হাজার ১৬৩ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল গাজায় অন্তত ৭৪ হাজার ৭৭২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।
সূত্র: আল জাজিরা
ইয়েমেনে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির সরকারি বাহিনী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ ও উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির অবস্থান ও যানবাহন লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে। অন্যদিকে, হুতি অভিযোগ করেছে, তায়েজ, আল-হুদায়দা ও সা’দা প্রদেশে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।
এদিকে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লাহজ প্রদেশে একটি টহল দলের ওপর বিস্ফোরণের ঘটনায় আহত এক নিরাপত্তা কর্মকর্তা মারা গেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। অন্যদিকে, তায়েজে সরকারি অবরোধবিষয়ক দপ্তর জানিয়েছে, গত আগস্ট থেকে প্রদেশটিতে হুতির হামলায় ২০০ জনের বেশি নারী ও শিশু নিহত বা আহত হয়েছেন।
তায়েজ ও আল-জাওফে সরকারি বাহিনীর হামলা
শুক্রবার এক বিবৃতিতে ইয়েমেনের সেনাবাহিনী জানায়, দক্ষিণ তায়েজের আল-আকরা ফ্রন্টে মাউন্ট ধাহিহ এলাকায় গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে। তবে ওই বিমান হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।
তায়েজের দক্ষিণ প্রবেশপথের কাছাকাছি অবস্থান এবং শহরের বড় একটি অংশের ওপর নজরদারির সুযোগ থাকায় মাউন্ট সাবিরের নিকটবর্তী আল-আকরা ফ্রন্টটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এদিকে, আল-জাওফে গোষ্ঠীটির যানবাহন লক্ষ্য করে কয়েকটি ফ্রন্টে ড্রোন হামলা চালিয়েছে সরকারি বাহিনী। সেনাবাহিনীর আনুষ্ঠানিক ওয়েবসাইট ‘সেপ্টেম্বর নেট’ এ তথ্য জানিয়েছে।
ওয়েবসাইটটিতে হামলার ভিডিও প্রকাশ করা হলেও এর ফলাফল সম্পর্কে কিছু জানানো হয়নি। সৌদি আরবের সঙ্গে স্থলসীমান্ত থাকায় আল-জাওফ প্রদেশটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এ ছাড়া হুতি-নিয়ন্ত্রিত সা’দা, আমরান ও সানা প্রদেশের কাছাকাছি এর অবস্থান। একই সঙ্গে সরকারি বাহিনীর প্রভাবাধীন তেলসমৃদ্ধ হাদরামাউত ও মারিব প্রদেশেরও নিকটবর্তী এটি। আল-জাওফের সামরিক নিয়ন্ত্রণ সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে বিভক্ত। প্রাদেশিক রাজধানী আল-হাজমসহ বেশ কয়েকটি এলাকা নিয়ন্ত্রণ করছে গোষ্ঠীটি।
বিস্ফোরণে আহত নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু
লাহজ প্রদেশে গ্রিন সিটি পুলিশের প্রধান ক্যাপ্টেন আওয়াস মোহাম্মদ ইস্কান্দার শুক্রবার মারা গেছেন। তিন দিন আগে সড়কের পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে আহত হয়েছিলেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যম আল-মাসদার অনলাইন স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে, চিকিৎসার জন্য একটি হাসপাতালে নেয়ার পর আঘাতের কারণে ইস্কান্দারের মৃত্যু হয়। মঙ্গলবার দক্ষিণ লাহজের আল-ফাইউশ এলাকায় তার টহল দলকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হন তিনি।
হুতির হামলায় ২০০ নারী ও শিশু নিহত-আহত
তায়েজের সরকারি অবরোধবিষয়ক দপ্তর শুক্রবার জানিয়েছে, গত ১০ আগস্ট থেকে ১৭ নভেম্বর পর্যন্ত প্রদেশটির বিভিন্ন জেলায় হুতির গোলাবর্ষণ ও স্নাইপার হামলায় ৪২ নারী ও মেয়ে শিশু নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬১ জন।
গত জুলাই থেকে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতির মধ্যে সামরিক সংঘাত তীব্র হয়েছে। বিশেষ করে তায়েজ, লাহজ ও মারিব প্রদেশে পরিস্থিতির অবনতি ঘটেছে। এতে ২০২২ সালের এপ্রিল থেকে ইয়েমেনে যে আপেক্ষিক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল, তা ভেঙে পড়েছে। চলমান সংঘাত ও বাস্তুচ্যুতির কারণে আগে থেকেই ভয়াবহ মানবিক সংকটে থাকা দেশটির পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
২০১৪ সালের সেপ্টেম্বরে হুতিরা রাজধানী সানা ও কয়েকটি প্রদেশ দখল করার পর থেকেই ইয়েমেনে সংঘাত চলছে। এর জেরে ২০১৫ সালের মার্চে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন আরব জোট সামরিক হস্তক্ষেপ করে।
শেখ হাসিনা ও রণধীর জয়সওয়াল।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বুধবার (২৫ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।
১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে ফেরা প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, এটি সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়। আমাদের এর সঙ্গে আর কিছু বলার নেই।
শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যর্পণ অনুরোধটি আমাদের প্রতিষ্ঠিত প্রক্রিয়া (প্রচলিত নিয়ম) অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে। তবে ভ্রমণ নথিসহ স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক কোনও নাগরিকের বিষয়টি প্রত্যর্পণ অনুরোধ থেকে পৃথক বিষয়।
বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও হিন্দুদের ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা বাংলাদেশ সরকারকে এই ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, শেখ হাসিনার মুখপাত্র পরিচয়ের সৈয়দ মোজাম্মেল আলী নামে একজনের বরাত দিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ছবি: সংগৃহীত
জাকির নায়েক
ইসলামিক বক্তা জাকির নায়েকের প্রতিষ্ঠিত ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ বা আইআরএফ-এর বিরুদ্ধে চাপ বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই সংগঠনের তহবিল আটকাতে এবং সম্পত্তিতে প্রবেশাধিকার সীমিত করতে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। আইআরএফ-এর ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা বাড়ানোর কয়েক দিনের মধ্যেই এই পদক্ষেপ এল।
বৃহস্পতিবারের (২৬ নভেম্বর) প্রজ্ঞাপনে জানানো হয়, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ-এর ৪২ ধারার অধীনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে ইউএপিএ-এর ৭ ও ৮ ধারার ক্ষমতা দেওয়া হয়েছে। গত ১৩ নভেম্বর আইআরএফকে বেআইনি সংগঠন ঘোষণা করে কেন্দ্র।
নতুন ক্ষমতায় ইউএপিএ-এর ৭ ধারা অনুযায়ী রাজ্যগুলো সংগঠনের অর্থ, জামানত বা ঋণের লেনদেন ও স্থানান্তর লিখিত আদেশে বন্ধ করতে পারবে। সরকারের লিখিত অনুমতি ছাড়া এসব অর্থ ব্যবহার করা যাবে না এবং নিযুক্ত গেজেটেড কর্মকর্তা নথি ও লেনদেন তদন্ত করতে পারবেন।
পাশাপাশি ৮ ধারায় আইআরএফ-এর কাজে ব্যবহৃত বাড়ি, ভবন, তাঁবু বা নৌযান চিহ্নিত করা যাবে। জেলা ম্যাজিস্ট্রেট অস্থাবর সম্পত্তির তালিকা তৈরি, সন্দেহভাজন সামগ্রীর ব্যবহার নিষিদ্ধ এবং অনাবাসীদের প্রবেশ সীমিত করতে পারবেন। এ ছাড়া অন্তত সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ওই স্থানে থাকা বা প্রবেশকারী যেকোনো ব্যক্তিকে তল্লাশি করার ক্ষমতা পাবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কিয়েভে নিজের কার্যালয়ে বিবিসিকে সাক্ষাৎকার দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা প্যাট্রিয়টের ক্ষেপণাস্ত্র পেতে দেরি হচ্ছে। এতে রুশ হামলায় ইউক্রেনীয়দের প্রাণহানি বাড়ছে। একই সঙ্গে শান্তি আলোচনায় রাশিয়ার ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করা হচ্ছে না। কিয়েভে নিজের কার্যালয়ে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জেলেনস্কি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ হিসেবে উপস্থাপন করা একটি ছবির প্রসঙ্গেও কথা বলেন তিনি। বিষয়টিকে ‘অদ্ভুত’ উল্লেখ করে জেলেনস্কি বলেন, একজন আগ্রাসী ও হত্যাকারী কখনো বন্ধু হতে পারেন না। কিছুতেই না। বিষয়টি অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের সঙ্গে বন্ধুত্বের কথা বলার মতো।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তিচুক্তির জন্য দীর্ঘদিন ধরে কাজ করছেন ট্রাম্পের দুই দূত। তবে জেলেনস্কির অভিযোগ, অনেক সময় তাদের অবস্থান কিয়েভের চেয়ে মস্কোর অবস্থানের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ বলে মনে হয়।
চলতি মাসের শুরুতে আবুধাবিতে অনুষ্ঠিত শান্তি আলোচনার সর্বশেষ পর্বে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এ বিষয়ে জেলেনস্কি বলেন, ‘আমরা যত বেশি জানি, সমস্যা তত বাড়ে।’ আগামী ডিসেম্বরে আলোচনা আবার শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
জেলেনস্কির মতে, শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের অংশগ্রহণ নিয়ে মার্কিন প্রতিনিধিদের বার্তা স্পষ্ট নয়। এ ক্ষেত্রে ক্রেমলিনও প্রতিবন্ধকতা তৈরি করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে পারে-এমন প্রকৃত সহযোগী ও বন্ধুদের প্রয়োজন তাদের।
যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে জেলেনস্কি বলেন, আগ্রাসনকারীর প্রতি অতিরিক্ত নিরপেক্ষ থাকার চেষ্টা করলে তা ভুক্তভোগী ও আগ্রাসনকারী-উভয় পক্ষকে সমর্থন করার শামিল। এটি ঠিক নয়। তবে যুক্তরাষ্ট্র দুই পক্ষের মধ্যে টেকসই শান্তিচুক্তির প্রচেষ্টায় নিজেদের নিরপেক্ষ বলে দাবি করে।
ক্ষেপণাস্ত্রের ঘাটতি নিয়ে অভিযোগ
রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা নিয়েও কথা বলেন জেলেনস্কি। তার ভাষ্য, ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার দ্রুতগতির ড্রোনের প্রায় ৭০ শতাংশ ধ্বংস করতে পারছে। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টরের বড় ঘাটতি রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহে দেরি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দিকে বেশি মনোযোগ দিচ্ছে এবং সেখানে বেশি সহায়তা দিচ্ছে। ক্ষেপণাস্ত্রের ঘাটতির অর্থ মানুষের প্রাণহানি।
ইউক্রেনের অধিকৃত এলাকাগুলোতে মার্কিন স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা স্টারলিংক ও এর সামরিক সংস্করণ স্টারশিল্ডের ব্যবহার সীমিত থাকার বিষয়টিও নিশ্চিত করেন জেলেনস্কি। এ সিদ্ধান্তের পেছনে কারা রয়েছে, এমন প্রশ্নে তিনি বলেন, প্রযুক্তিগতভাবে বিষয়টি স্পেসএক্সের এবং রাজনৈতিকভাবে কার সিদ্ধান্ত, তা তিনি জানেন না।
কঠিন শীতের প্রস্তুতি
এদিকে শীত সামনে রেখে ইউক্রেনের পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। রাশিয়ার হামলায় দেশটির বিদ্যুৎকেন্দ্র, সেতু ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিয়েভসহ বড় শহরগুলোতে নিয়মিত ড্রোন হামলা চলছে। বিদ্যুৎ বিভ্রাট ও সরবরাহব্যবস্থায় বিঘ্নের কারণে অনেক বাসিন্দা শহর ছেড়ে যাচ্ছেন। কিছু ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ হয়ে গেছে।
জেলেনস্কি বলেন, রাশিয়া চায় ইউক্রেনের মানুষ দেশ ছেড়ে চলে যাক। তবে রাজধানী রক্ষায় তারা সর্বাত্মক চেষ্টা করবেন। তার ভাষায়, ‘মানুষ চলে যেতে পারে, কিন্তু আমরা যেকোনো উপায়ে আমাদের রাজধানী রক্ষা করার চেষ্টা করব। আমাদের রাজধানী প্রয়োজন। রাজধানী ছাড়া কোনো দেশ হয় না।’
এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে দূরপাল্লার হামলা বাড়িয়েছে ইউক্রেন। এর মধ্যে তেল শোধনাগার এবং অস্ত্র ও জ্বালানি বহনকারী জাহাজ রয়েছে। পূর্ব লিবিয়ায় নোঙর করা রুশ যুদ্ধজাহাজ মের্কুরিতে হামলার ঘটনাকে ‘ন্যায্য’ বলে উল্লেখ করেছেন জেলেনস্কি। তবে এ ধরনের হামলা বিপজ্জনক বলেও স্বীকার করেন তিনি। তার দাবি, সহযোগীদের সঙ্গে সমন্বয় না করে ইউক্রেনীয় বাহিনী কখনো হামলা চালায় না।
নিহত রাধিকা কুমারী (২০) ও মিনি প্রিয়া (২৮)
ভারতের ঝাড়খণ্ডের গুমলা জেলায় দুই নারীকে হত্যার পর পাশের জেলার জঙ্গলে মরদেহ পুঁতে রাখার অভিযোগে দুই সহোদর ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের মা-বাবাকেও আটক করা হয়েছে। নিহত দুই নারী হলেন মিনি প্রিয়া (২৮) ও রাধিকা কুমারী (২০)। হত্যার অভিযোগে গ্রেপ্তার দুই ভাই শিব শঙ্কর সাহু ও নবীন সাহু। তাদের বাবা সমেশ্বর সাহু এবং মা তিলেশ্বরী দেবীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, পেশায় অ্যাম্বুলেন্সচালক শিব শঙ্কর ও তার ভাই নবীন গত সোমবার (২৩ নভেম্বর) নিজেদের স্ত্রীদের হত্যা করেন। এরপর শিব শঙ্করের অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে মাটির নিচে লুকিয়ে রাখেন।
গুমলার পুলিশ সুপার হারিস বিন জামা বার্তা সংস্থা পিটিআইকে জানান, দুই নারীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ ও ঝগড়া চলছিল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যেও অসন্তোষ তৈরি হয়। তবে হত্যাকাণ্ডের দুই দিন আগে দুই নারীর মধ্যকার বিরোধের অবসান হয়েছিল।
পুলিশ সুপার বলেন, ‘মঙ্গলবার ওই দুই ভাই প্রথমে পুলিশকে জানান যে তাদের স্ত্রীরা কিছু না জানিয়েই বাড়ি ছেড়ে চলে গেছেন। তবে পুলিশের টানা জিজ্ঞাসাবাদের মুখে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।’
অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ সিমডেগার জঙ্গল থেকে মাটি খুঁড়ে দুই নারীর মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ জানায়, ঘটনার দিন সোমবার সকাল ৯টার দিকে নিহত দুই নারীর পরিবারের সদস্যরা তাদের সঙ্গে মুঠোফোনে কথা বলেছিলেন। সে সময় তাদের কথাবার্তায় অস্বাভাবিক কিছু মনে হয়নি পরিবারের সদস্যদের।
হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কুঠার এবং মরদেহ বহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।