ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৮ ঘণ্টার লকডাউনের প্রথম দিন সকাল থেকেই অনেকটা অচল হয়ে পড়েছে গোপালগঞ্জের জনজীবন। জেলার প্রধান সড়ক-মহাসড়ক থেকে শুরু করে আঞ্চলিক সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় সড়কগুলোও প্রায় জনশূন্য। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে ৫৬ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার এবং ২ হাজারের বেশি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে গোপালগঞ্জ শহরের প্রধান সড়কগুলোতে যানবাহনের উপস্থিতি দেখা যায়নি। শহরের ভেতরের ছোট ছোট গলি দিয়ে দু’একটি রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল করলেও তা ছিল একেবারেই সীমিত। প্রয়োজনীয় কাজ ছাড়া সাধারণ মানুষকে বাইরে বের হতে দেখা যায়নি। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেছেন আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে গোপালগঞ্জের সঙ্গে বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ঢাকা-খুলনা মহাসড়ক ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া গোপালগঞ্জ-টেকেরহাট ও পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।
অপরদিকে লকডাউনের প্রভাবে সকাল থেকেই গোপালগঞ্জ শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগে থেকেই জেলায় ট্রেন চলাচল বন্ধ থাকায় সড়ক ও রেল দুই পথেই যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। ফলে কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও জরুরি প্রয়োজনে যাতায়াত করতে চাওয়া ব্যক্তিরা ভোগান্তিতে পড়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই শহর ও জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা কারাগারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনেও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
তবে এখন পর্যন্ত জেলার কোথাও লকডাউন ঘিরে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হেলালউদ্দিন ভূঁইয়া জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। জনসাধারণের জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলার নিরাপত্তায় বর্তমানে ৫৬ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার এবং ২ হাজার ৩৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্বে রয়েছেন।
জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: ভিডিও থেকে নেওয়া
শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সংঘর্ষের সময় অন্তত ১২ থেকে ১৩টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
রোববার (২৯ নভেম্বর) ভোর ৬টার পর উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ গণমাধ্যমকে জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও দুজন গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, অবরোধের কারণে পদ্মা সেতু দিয়ে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক করতে আরও কিছুটা সময় লাগে।
তিনি জানান, সংঘর্ষের সময় অন্তত ১২ থেকে ১৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
ছবি : সংগৃহীত
যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে খুলনা থেকে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার বিকাল ৫টা থেকে এ পথে বাস চলাচল বন্ধ রয়েছে বলে খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান জানান।
তিনি বলেন, “বিকালে হঠাৎ গোপালগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর বাগেরহাটের মোল্লাহাটেও রাজপথে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ বাঁধে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে মালিকপক্ষ তাৎক্ষণিক যাত্রী নিরাপত্তার কথা ভেবে বিকাল ৫টা থেকে গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ করে দেয়।”
তবে রোববার সকাল থেকে বিকল্প পথে খুলনা থেকে যশোর-আরিচা হয়ে ঢাকায় বাস চলাচল করবে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ এ অঞ্চলের কোনো বাস গোপালগঞ্জ হয়ে চলাচল করছে না। পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাসের নতুন টিকিট বিক্রিও বন্ধ রাখা হয়েছে। এতে জরুরি প্রয়োজনে ঢাকাগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
খুলনা ইমাদ পরিবহনের ম্যানেজার মো. জাকির হোসেন বলেন, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকাল ৫টা থেকে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
খুলনা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ম্যানেজার মো. আব্দুল কাদের বলেন, শনিবার সকাল থেকে তাদের বাস চলাচল করলেও সন্ধ্যার পর পরিস্থিতি বিবেচনায় তা সীমিত করা হয়েছে।
এর আগে ১৮ নভেম্বর দুপুরে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় নিরাপত্তার স্বার্থে এ পথে বাস চলাচল বন্ধ রেখেছিলেন মালিকরা।
ছবি : সংগৃহীত
পঞ্চগড়ে বাড়ছে শীতের প্রকোপ। সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। টানা গত ছয় দিন ধরে ১৫ ডিগ্রির নিচেই অবস্থান করছে সর্বনিম্ন তাপমাত্রা। রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কমে রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ নভেম্বর সর্বনিম্ন ১৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। এরপর থেকে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রির নিচেই উঠানামা করছে।
প্রতিদিন বিকেলের পর থেকে হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসে কনকনে শীত অনুভূত হয়। সকাল পর্যন্ত থাকে ঘন কুয়াশা। এতে দুর্ভোগে পড়েন সকালে কাজে যোগ দেওয়া খেটে খাওয়া মানুষ। তবে সকালেই চারদিক ঝলমলে রোদ ছড়িয়ে পড়ে। এতে স্বস্তি দেখা দেয় জনজীবনে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, রোববার সকাল ৯টায় সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি। কয়েকদিন ধরে রাতের ও দিনের তাপমাত্রা কমে শীতের প্রকোপ বাড়ছে।
দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কমে রেকর্ড করা হয় ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে ব্যাপক তাণ্ডব চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় অসংখ্য ককটেল বিস্ফোরণ, বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর, প্রায় ২০টি মোটরসাইকেল এবং একটি রেস্টুরেন্ট ও খাবার হোটেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাজিরার বিকেনগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে।
তবে পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে কয়েক হাজার মানুষকে দেশীয় অস্ত্র নিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করে থাকতে দেখা যায়। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে আসেন। এ সময় এক্সপ্রেসওয়ের ওপর বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়াও গোলাগুলির ঘটনা ঘটেছে বলেও জানা গেছে। একপর্যায়ে একের পর এক ককটেল বিস্ফোরণের কারণে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।
এরপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থল ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় বিএনপির নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে নাওডোবা গোলচত্বরে থাকা ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেলেও আগুন দেওয়া হয়।
তবে এ ঘটনায় পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। অবরোধ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে থানা ও পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ধরনের হামলা বা ভাঙচুর না করতে নেতাকর্মীদের নির্দেশ দিতে দেখা যায়।
এদিকে অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জাকারিয়া রহমান বলেন, আমরা খবর পেয়েছিলাম কেউ পদ্মা সেতুতে যানচলাচলে বিঘ্ন ঘটাতে পারে। তার প্রেক্ষিতে আমরা সারারাত ডিউটিতে ছিলাম। আমাদের পর্যাপ্ত ফোর্স ছিলো। তবে সকালের দিকে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা কোনো ধরনের প্রাণহানি না ঘটিয়ে তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছে। এতে পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যানচলাচল বন্ধ ছিলো। এ ঘটনায় আমরা আলামত উদ্ধার করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জে দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা থেকে গত ১৭ বছরে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছেন এক হাজার শিক্ষার্থী। এসব হাফেজকে পাগড়ি ও সনদ প্রদান উপলক্ষে আগামী ৩০ নভেম্বর আন্তর্জাতিক ক্বিরাত ও ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে বেগমগঞ্জের রমজানবিবি এলাকায় মাদরাসার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী শরীফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন হাফেজ আনোয়ার হোসেন। এ সময় হাফেজ তাজুল ইসলাম, মুফতি শহিদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১৭ বছরে প্রতিষ্ঠানটি থেকে এক হাজার শিক্ষার্থী পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে কেউ এখনো অধ্যয়নরত, আবার কেউ শিক্ষকতা পেশায় যুক্ত হয়েছেন। এসব হাফেজকে সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পাগড়ি ও সনদ দেওয়া হবে।
আগামী সোমবার (৩০ নভেম্বর) বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। আয়োজকদের প্রত্যাশা, সম্মেলনে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হবে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ৩০০-এর বেশি স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। পুরো অনুষ্ঠানস্থল সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর। এতে সভাপতিত্ব করবেন ফেনী জামিয়া রশিদিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুফতি শহীদুল্লাহ।
এ ছাড়া অনুষ্ঠানে আল্লামা মুফতি দেলোয়ার হোসেন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আল্লামা মুফতি মুস্তাকুন্নবী, মুফতি আনিসুর রহমান আশরাফী, শায়েখ ক্বারী আবদুল হক ও শায়েখ ক্বারী আহমদ বিন ইউসুফসহ দেশ-বিদেশের বিশিষ্ট আলেমরা উপস্থিত থাকবেন। বাংলাদেশ, মিশর, ইরান, তানজানিয়া ও পাকিস্তানের আন্তর্জাতিক ক্বারীদেরও অংশ নেওয়ার কথা রয়েছে।
আদালতের রায় ও আইনি প্রক্রিয়া উপেক্ষা করে বসতবাড়ি ভেঙে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। এতে বসতভিটা হারিয়ে দুই ভাইয়ের পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। দীর্ঘদিনের বসতভিটা, গাছপালা ও সংসারের শেষ আশ্রয় হারিয়ে পরিবার দুটির সদস্যরা দিশেহারা। তাঁদের অভিযোগ, আদালতের রায় বাতিল হওয়ার কপি দেখানোর পরেও এবং সময় চেয়েও তারা কোনো প্রতিকার পাননি। বরং প্রশাসনের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে তাঁদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রংপুরের একটি কমিউনিস্ট সেন্টারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী মো. আহমদ আলী।
তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর (সজিদপাড়া) গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আজগর আলী। লিখিত বক্তব্যে আহমদ আলী জানান, তাঁদের বসতভিটা নিয়ে ৫/৮৮ বাটোয়ারা মামলা দীর্ঘদিন ধরে চলমান। তাঁদের দাবি, মামলার মূল বাদী কুলসুমসহ ৩জন সেই মামলা করেন এবং তাঁর বাবা মামলা চলাকালেই বাদীর নিকট জমি ক্রয় করে নেয় এবং প্রায় ১৫/১৬ বছর ধরে ওই জমিতে তারা পাকা বাড়ী নির্মান করে বসবাস করে আসছেন। কিন্তু গত ২৫ নভেম্বর ২০২৬ তারিখ মঙ্গলবার তাঁদের জীবনে নেমে আসে চরম বিপর্যয়।
আহমদ আলীর অভিযোগ, সেদিন রংপুরের সংশ্লিষ্ট প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা জজ আদালতের নাজির পুলিশ ও বুলডোজার নিয়ে তাঁদের বাড়ি ভাঙতে উপস্থিত হন। এ সময় তাঁরা জমির মালিকানা-সংক্রান্ত কাগজপত্র এবং আদালতের রায়ের কপি অর্থাৎ যে মামলায় বাড়ী ভাংতে আসা হয়েছে সেই মামলা তিন বছর আগে অর্থাৎ ২৬/০৬/২০২৩ তারিখে ১৯৯/১৫ নং মামলার মাধ্যমে বাতিল ও রদ করা হয়েছে মর্মে রায়ের কপি সংশ্লিষ্টদের দেখান। আহমদ আলীর ভাষ্য অনুযায়ী, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের জানান, তিনি আদালতের নির্দেশ বাস্তবায়নে এসেছেন এবং এ বিষয়ে নাজিরকে সহযোগিতা করতে এসেছেন তাই শুধু নাজিরের নির্দেশনা অনুযায়ী বাড়ি ভাঙার কার্যক্রম বন্ধ করার সুযোগ রয়েছে। তখন নাজির মো. আখিরুজ্জামানকে আদালতের রায়ের কপি দেখালেও তিনি উচ্ছেদ কার্যক্রম বন্ধ করেননি।
ভুক্তভোগীর অভিযোগ, তারা নাজির আখিরুজ্জামানকে বলেন যে, তাঁদের বাড়ি না ভেঙে বাদীপক্ষকে জমির দখল বুঝিয়ে দেওয়া হোক এবং তিনি পরের দিন আদালতে গিয়ে আগের রায়টি বাতিল করার পরের রায়টি দেখাবেন। কিন্তু তিনি আদালতের রায় অবজ্ঞা করে অন্য এক বাতিল রায় কার্যকর করার জন্য বুলডোজার চালানোর নির্দেশ দেন এবং তাঁদের দুই ভাইয়ের পৃথক বাড়ি ভেঙে ফেলেন। এতে তাঁদের প্রত্যেকের আনুমানিক ৫০ লাখ টাকা থেকে এক কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন আহমদ আলী। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, বাড়ি হারিয়ে এখন পরিবার দুটির সদস্যদের মাথা গোঁজার ঠাঁই নেই।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিনের সংসারের স্মৃতি, জীবনের সঞ্চয় সবকিছু এক মুহূর্তে ধ্বংস হয়ে গেছে। আহমদ আলীর দাবি, তাঁর প্রায় ২০ বছরের প্রবাসজীবনের উপার্জন এবং বড় ভাইয়ের পেনশনের অর্থের বড় অংশ দিয়ে বাড়ি দুটি নির্মাণ করা হয়েছিল। সেই স্বপ্নের ঠিকানাই এখন ধ্বংসস্তূপ।
সংবাদ সম্মেলনে নাজির আখিরুজ্জামানের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ তোলেন আহমদ আলী। তাঁর দাবি, নাজিরের ভূমিকা ও নির্দেশনার কারণে তাঁদের বাড়িঘর ভাঙার ঘটনা ঘটেছে। এমনকি আদালতের রায়ের কপি দেখানোর পরও তিনি তাঁদের কোনো কথা শোনেননি। ভুক্তভোগীদের অভিযোগ, এ ঘটনায় তাঁরা শুধু বসতভিটাই হারাননি, বরং তাঁদের সঙ্গে চরম অবিচার করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নাজিরের বক্তব্য সংবাদ সম্মেলনের লিখিত বিবৃতিতে পাওয়া যায়নি।
আহমদ আলী আরও জানান, বাড়িঘর ভাঙার পর তাঁরা গত ২৬ নভেম্বর ২০২৬ তারিখে রংপুরের মিঠাপুকুর সিভিল জজ আদালতে একটি দরখাস্ত দাখিল করে ৫/৮৮ মামলাটি ১৯৯/১৫ নম্বর মামলার মাধ্যমে বাতিল হয়েছে মর্মে দেখান এবং বে আইনীভাবে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে মর্মে জানান। কিন্তু এর কোন প্রতিকার তারা পান নি। তাঁর প্রশ্ন, আদালতের রায় ও ডিক্রির প্রকৃত অবস্থা বিবেচনা না করে কীভাবে এমন উচ্ছেদ কার্যক্রম চালানো হলো? এই উচ্ছেদের বৈধতা এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা প্রধান বিচারপতি, আইনমন্ত্রী ও আইন সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার এবং ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পুনর্বাসন ও প্রতিকারের দাবি জানিয়েছেন। তাঁদের আকুতি, বিচারের দ্বারস্থ হয়েও যেন আর কোনো পরিবারকে বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয়হীন হয়ে পড়তে না হয়।