মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
চলতি বছরের জানুয়ারিতে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে তারা।
এরপর এক নজিরবিহীন চুক্তির মাধ্যমে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলসম্পদের ওপর সংখ্যাগরিষ্ঠ মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। গতকাল মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিন্দুমাত্র দ্বিধা না করে সেই সামরিক অভিযান ও তেলচুক্তির মধ্যে সরাসরি যোগসূত্র টানলেন।
একমুহূর্তের জন্য চোখের পলক না ফেলে ট্রাম্প বললেন, ‘যুদ্ধে যে বিজয়ী, লুটের মালামাল সে-ই পাবে, এটাই নিয়ম। সে কথা তো আপনারা জানেন, তাই না?’
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলাকে একসঙ্গে ধরলে বিশ্বের ৬০ শতাংশের বেশি তেল এখন তাদের হাতে।
৮০ বছর আগে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল যুদ্ধ ঠেকাতে, আন্তর্জাতিক আইনের শাসন প্রতিষ্ঠা করতে, শান্তি বিঘ্নিত হলে সম্মিলিত ব্যবস্থা নিতে। সেই জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে একজন মার্কিন প্রেসিডেন্ট বললেন, প্রয়োজনে তিনি যুদ্ধ করবেন। বিজয়ের পুরস্কার হিসেবে পরাজিত দেশের মূল্যবান সম্পদে ভাগ বসাবেন। যেন এতে প্রশ্নের কিছু নেই, বিস্ময়েরও কিছু নেই।
একই ভাষণে ট্রাম্প আরও বলেন, ‘প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র তার জাতীয় স্বার্থ সুরক্ষায় সামরিক শক্তি ব্যবহার করবে।’
এই শক্তি কতটা অপ্রতিরোধ্য, তার উদাহরণ হিসেবে তিনি ইরানকে টেনে আনলেন।
ট্রাম্পের ভাষায়, ‘আমাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে-ইরানের সঙ্গে চুক্তি করব, নাকি ইসলামিক রিপাবলিককে নিশ্চিহ্ন করে দেব।’
এরপর ট্রাম্প প্রশ্ন করলেন, ইরানকে কি এমনভাবে ‘নরকে পাঠাবেন’, যাতে তার টিকে থাকার বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো আশা না থাকে।
জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের এমন হুমকি অবশ্য একেবারে নতুন নয়। ২০১৭ সালে সাধারণ পরিষদে তাঁর প্রথম ভাষণেও তিনি উত্তর কোরিয়াকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করার হুমকি দিয়েছিলেন।
৯ বছর পর ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়ে ট্রাম্প বুঝিয়ে দিলেন, এটি কোনো তাৎক্ষণিক মুখ ফসকানো কথা নয়, শক্তি প্রয়োগের অধিকার সম্পর্কে তাঁর দীর্ঘদিনের বিশ্বাসেরই পুনরাবৃত্তি।
অথচ ২০১৭ সালের সেই ভাষণে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র কারও ওপর নিজের জীবনধারা চাপিয়ে দিতে চায় না; বরং শক্তিশালী, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগুলো পারস্পরিক সম্মানের ভিত্তিতে পাশাপাশি কাজ করবে।
কিন্তু গতকালের ভাষণে সেই সার্বভৌমত্বের ধারণাই উল্টে গেল। এখন যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব নিরঙ্কুশ। কিন্তু দুর্বল দেশের সার্বভৌমত্ব যুক্তরাষ্ট্রের ‘জাতীয় স্বার্থের’ অধীন।
১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে যে বিশ্ব সংস্থা গড়ে উঠেছিল, তার অন্যতম লক্ষ্য ছিল একতরফা সামরিক শক্তির বদলে আলোচনা, মধ্যস্থতা ও সম্মিলিত নিরাপত্তার মাধ্যমে বিরোধ মেটানো।
জাতিসংঘ সনদ অন্য রাষ্ট্রের বিরুদ্ধে শক্তি প্রয়োগ বা শক্তি প্রয়োগের হুমকি নিষিদ্ধ করেছে। এর স্বীকৃত ব্যতিক্রম দুটি-নিরাপত্তা পরিষদের অনুমোদন অথবা সশস্ত্র হামলার মুখে প্রয়োজনীয় ও আনুপাতিক আত্মরক্ষা।
ভেনেজুয়েলা বা ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের অনুমোদন নেওয়া হয়নি। এগুলোকে তাৎক্ষণিক সশস্ত্র হামলার জবাবে সীমিত আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবেও ট্রাম্প উপস্থাপন করেননি। বরং তাঁর প্রকাশ্য যুক্তি ছিল আরও বিস্তৃত: যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ, শত্রুর সম্ভাব্য ভবিষ্যৎ আচরণ ও বিজয়ের পর অর্থনৈতিক সুবিধা।
এ কারণেই ট্রাম্পের ঘোষণা এত উদ্বেগজনক। কোনো সামরিক সর্বাধিনায়ক তাঁর সেনাদের উদ্দেশে এ কথা বলছিলেন না। কোনো আসন্ন হামলা ঠেকাতে আক্রমণকারী দেশকেও তিনি সতর্ক করছিলেন না। তিনি বলছিলেন এমন একটি মঞ্চে, যেখানে সমবেত রাষ্ট্রনেতাদের ঘোষিত উদ্দেশ্য শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মেটানো। শুধু ‘জাতীয় স্বার্থ’ দেখিয়ে অন্য রাষ্ট্রে হামলা কিংবা তার সম্পদ দখলের অধিকার দাবি করা জাতিসংঘের নীতি-আদর্শের সম্পূর্ণ বিপরীত।
১৮২৩ সালের মনরো ডকট্রিন এবং পরে বিংশ শতাব্দীর গোড়ার প্রেসিডেন্ট থিয়োডোর রুজভেল্টের এক ঘোষণার মাধ্যমে ওয়াশিংটন পশ্চিম গোলার্ধকে নিজের বিশেষ স্বার্থবলয় হিসেবে দেখতে শুরু করে। উভয় সিদ্ধান্ত লাতিন আমেরিকায় মার্কিন হস্তক্ষেপের রাজনৈতিক যুক্তি জুগিয়েছিল।
গতকাল ট্রাম্প সেই পুরোনো মতবাদকে আরও বিস্তৃত করলেন। তিনি বললেন, পশ্চিম গোলার্ধ তো বটেই, ‘আমাদের অঞ্চল এবং সারা বিশ্বে’ প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি ব্যবহার করবে। কোথায়, কখন, কীভাবে সেই শক্তি প্রয়োগ হবে, সিদ্ধান্ত নেবে ওয়াশিংটন একাই।
ট্রাম্পের বহুপক্ষীয়তাবিরোধী অবস্থান ভাষণের অন্য অংশেও স্পষ্ট ছিল। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতকে ‘আমেরিকাবিরোধী’ আখ্যা দিয়ে সদস্যরাষ্ট্রগুলোকে এই আদালত ত্যাগ করার আহ্বান জানান।
উল্লেখ করা দরকার, আদালতটি জাতিসংঘের কোনো অঙ্গ নয়। রোম সংবিধির ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি স্বাধীন প্রতিষ্ঠান।
ট্রাম্প আন্তর্জাতিক নৌ সংস্থার প্রস্তাবিত বৈশ্বিক কার্বন শুল্কের বিরোধিতা করেন। ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার ভূমিকার সঙ্গে অভিবাসনবিষয়ক অবস্থান জড়িয়ে আক্রমণ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে কোনো আন্তর্জাতিক ব্যবস্থাও তিনি প্রত্যাখ্যান করেন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে দেওয়া ট্রাম্পের এই ভাষণের শ্রোতা শুধু বিশ্বনেতারা ছিলেন না, দেশের ভেতরের ভোটারদের কথাও ট্রাম্পের মাথায় ছিল। ভাষণে কূটনীতি বা বহুপক্ষীয় সমঝোতার বদলে ট্রাম্প নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে তুলে ধরতে চেয়েছেন। তাঁর অনুগত সমর্থকেরা তাঁকে এভাবেই দেখতে ভালোবাসেন।
সবশেষ রয়টার্স-ইপসস জরিপে ট্রাম্পের প্রতি সমর্থন নেমে এসেছে ৩২ শতাংশে। অনুমান করা যায়, সেই সমর্থন কিছুটা ফেরাতে তিনি নিজেকে শুধু যুক্তরাষ্ট্রের নয়, যেন গোটা বিশ্বের ‘কমান্ডার ইন চিফ’ হিসেবে হাজির করতে চেয়েছেন।
ট্রাম্প অনেক আগে থেকেই জাতিসংঘভিত্তিক বহুপক্ষীয় ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করছেন। গতকাল তিনি আরও এক ধাপ এগোলেন।
জাতিসংঘের জন্ম হয়েছিল এই বিশ্বাস থেকে যে সামরিক বিজয় কোনো দেশকে পরাজিত জনগণের ভূমি ও সম্পদের মালিক বানায় না। অথচ সেই মঞ্চে দাঁড়িয়েই ট্রাম্প ঘোষণা করলেন, বিজয়ীরই অধিকার লুটের মালে।
দুর্বল হয়ে পড়া বহুপক্ষীয় ব্যবস্থার কফিনে ট্রাম্প আরেকটি পেরেক ঠুকে গেলেন।
বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইয়াশার পার্টির এই নেতাকে এখন জোট সরকার গঠনের দিকে এগোতে হচ্ছে। আর সম্ভাব্য সেই জোট সরকারে দেশটির ‘বিতর্কিত’ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুক্ত করতে আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার।
রোববার (৮ নভেম্বর) জেরুজালেমে প্রেসিডেন্টের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া ভাষণে আইজেনকট ইঙ্গিত দেন, নেতানিয়াহুর পাশাপাশি কট্টরপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচকেও জোট সরকারে যোগদানের আমন্ত্রণ জানানো যেতে পারে।
আইজেনকট বলেন, ‘লিকুদ এবং রিলিজিয়াস জায়নিস্ট পার্টির সদস্যরা যদি সত্যিই বিশ্বাস করেন যে এটি ঐক্যের সময়, তাহলে আমার নেতৃত্বে গঠিত সরকারকে তারা কেন সমর্থন করবেন না, তার কোনও যৌক্তিক কারণ আমার বোধগম্য নয়।’
নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে লড়া আইজেনকট নতুন সরকার গঠনের জন্য ছয় সপ্তাহ সময় পাচ্ছেন। ওই অনুষ্ঠানে আইজেনকোট বলেন, তিনি জনগণের স্বার্থে কাজ করবেন এবং ইসরায়েলি সমাজের সব অংশের প্রতিনিধিত্ব করবেন।
এদিকে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সতর্ক করে বলেছেন, গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের পর দেশটি অনিশ্চয়তার মুখে পড়েছে। ওই নির্বাচনে ইসরায়েল এবং মার্কিন সামরিক সহায়তার কট্টর সমালোচক বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব জয়লাভ করেছেন।
যুক্তরাষ্ট্রে ‘নতুন রাজনৈতিক বাস্তবতার’ কথা উল্লেখ করে হারজগ বলেন, ‘ইসরায়েলের একটি স্থিতিশীল সরকার প্রয়োজন।’
২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর নেতৃত্ব দেন আইজেনকট। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের প্রথম আট মাস নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রীপরিষদে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। তা সত্ত্বেও ইসরায়েলে অবস্থানরত ফিলিস্তিনিদের প্রতিনিধিত্বকারী আরব দলগুলো নেতানিয়াহুকে হটাতে আইজেনকটকে সমর্থন জানিয়েছে।
প্রসঙ্গত, গত ২৭ অক্টোবরের ইসরায়েলি নির্বাচনে আইজেনকটের চারদলীয় জোট ৪৮টি আসন লাভ করে। অন্যদিকে নেতানিয়াহুর ডানপন্থি জোট ৫৩টি আসন নিশ্চিত করে। তবে উভয় পক্ষই সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পেতে ব্যর্থ হয়। অন্যদিকে আরব দলগুলো রেকর্ড ১৯ আসনে জয়লাভ করে।
আইজেনকট ইতোমধ্যে আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তাদের সঙ্গে জোট বাঁধলে ৬৭ আসনের ব্লক তৈরি হতে পারত। অন্যদিকে, দুটি অতি-ডানপন্থি ধর্মীয় দল ইউনাইটেড তোরাহ জুডাইজম এবং শাস-কে নিজের পক্ষে টানতে পারলে তার ঠিক ৬১টি আসন নিশ্চিত হতো।
এ ছাড়া সংসদে আস্থাভোটে জয়ী হলে তিনি ৬১টির কম আসন নিয়েও সরকার গঠন করতে পারেন।
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের একটি কারাগারে বন্দি ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ধর্মীয় ও দার্শনিক বই পড়ে সময় কাটাচ্ছেন। কারাগারের ভেতরের পরিস্থিতি ও তার অভিজ্ঞতা সম্পর্কে ওয়াকিবহাল কয়েকজন ব্যক্তি নিউইয়র্ক টাইমসকে এ তথ্য জানিয়েছেন।
আধ্যাত্মিকতার প্রতি দীর্ঘদিনের আগ্রহ রয়েছে মাদুরোর। এর অংশ হিসেবে কারারক্ষী বা চ্যাপলেইনদের পাশাপাশি একজন খ্রিষ্টান যাজক ও একজন ইহুদি রাব্বির সঙ্গেও দেখা করেছেন তিনি।
মাদুরো এর আগে জনসমক্ষে নিজের ইহুদি বংশপরিচয়ের কথা বলেছিলেন। তিনি নিজেকে গত শতাব্দীর কোনও এক সময়ে ডাচ অ্যান্টিলিস থেকে ভেনেজুয়েলায় অভিবাসী হওয়া সেফার্ডিক ইহুদি সম্প্রদায়ের একজন বংশধর হিসেবে বর্ণনা করেছিলেন। তবে মাদুরোর ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছেন, গ্রেপ্তারের আগে ইহুদি ধর্মের প্রতি কোনো আগ্রহ প্রকাশ করেননি তিনি।
ভেনেজুয়েলায় দ্রুত বর্ধনশীল ইভাঞ্জেলিক্যাল খ্রিষ্টান জনগোষ্ঠীর ভোট পাওয়ার চেষ্টা করেছিলেন মাদুরো। সেজন্য একসময় একজন ক্যাথলিক ধর্মগুরুর সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি। এ ছাড়া মাদুরো, তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে তার উত্তরসূরি দেলসি রদ্রিগেজ ভারতের প্রয়াত রহস্যবাদী গুরু সত্য সাই বাবার অনুসারী ছিলেন।
ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি থাকা অবস্থায় আধ্যাত্মিক বিষয়ের প্রতি মাদুরোর আগ্রহ আরও গভীর হয়েছে। কারাগারটিতে প্রায় ১ হাজার ৩০০ বন্দি রয়েছে। কারাগারের যে ব্লকে তাকে রাখা হয়েছে সেখানে সিয়ান কমস, স্যাম ব্যাংকম্যান-ফ্রিড এবং লুইজি মানজিওনের মতো বেশ কয়েকজন হাই-প্রোফাইল বন্দি ছিলেন। মাদুরোর কারাগারের পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল ব্যক্তিরা জানিয়েছেন, মাদুরো তাঁর বেশিরভাগ সময় কুরআন ও বাইবেলসহ বিভিন্ন বই পড়ে কাটাচ্ছেন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে হাজার হাজার টন কোকেন পাচারে সহযোগিতাসহ অন্যান্য অভিযোগে আগামী বছর মাদুরোর বিরুদ্ধে বিচার শুরু হওয়ার কথা রয়েছে। তার স্ত্রী ফ্লোরেসের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে।
ছবি : সংগৃহীত
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি, আবাসন সংকট ও সরকারি সেবার ঘাটতির প্রতিবাদে বিক্ষোভ ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছে। গত ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইউরোপের ৩১টি দেশে এক হাজার ৭০০টির বেশি বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটার (এসিএলইডি) তথ্য বিশ্লেষণ করে এ চিত্র দেখিয়েছে আলজাজিরা।
আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফ্রান্স। প্রায় দুই মাস আগে দেশটির শিক্ষার্থীরা বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন, শিক্ষক সংকট ও অতিরিক্ত শিক্ষার্থী নিয়ে শ্রেণিকক্ষে পাঠদানের প্রতিবাদে আন্দোলন শুরু করেন। পরে এর সঙ্গে যুক্ত হয় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির উচ্চমূল্য, মজুরি ও সামাজিক আবাসন সংক্রান্ত দাবি। আন্দোলনে শ্রমিক সংগঠন ও ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরাও যোগ দেন।
এসিএলইডির হিসাবে, ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ফ্রান্সে এক হাজার ২০০টির বেশি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা ঘটেছে। ১৭ অক্টোবর দেশটিতে এক দিনেই পাঁচ লাখের বেশি মানুষ বিক্ষোভ করেন। গত শনিবারও দেশজুড়ে এক লাখ ৪৬ হাজার মানুষ সমাবেশ করেন। ফ্রান্সের পর সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে স্পেনে ১৭৩টি, ইতালিতে ১৬০টি, জার্মানিতে ৭০টি ও পর্তুগালে ৩৩টি। স্পেনে আবাসন সংক্রান্ত জরুরি দুটি অধ্যাদেশ প্রত্যাখ্যানের প্রতিবাদে এবং ইতালিতে জীবনযাত্রার ব্যয় ও বাড়ি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন হয়েছে।
গত ২৩ অক্টোবর প্যারিসের উত্তরে ত্রাপ শহরে বর্ণবাদী হামলায় ২৬ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হন। আহত হন আরও সাতজন। সন্দেহভাজন হামলাকারী মুসলিম, আফ্রিকান ও উত্তর আফ্রিকান বংশোদ্ভূত মানুষকে লক্ষ্যবস্তু করার কথা স্বীকার করেছেন।
মানবাধিকারকর্মীদের অভিযোগ, অভিবাসী ও মুসলিম জনগোষ্ঠীকে অপরাধী হিসেবে চিত্রিত করে উগ্র ডানপন্থি বক্তব্যের স্বাভাবিকীকরণ ঘটানো হচ্ছে। অন্যদিকে, বিক্ষোভ দমনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগও উঠেছে।
এদিকে বিক্ষোভে সহিংসতার জন্য বামপন্থি দল ফ্রান্স আনবোডকে দায়ী করেছেন সরকারের কয়েকজন নেতা। তবে দেশটির গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, দলটি বিক্ষোভে উপস্থিত থাকলেও সহিংসতায় জড়িত ছিল না। বিশ্লেষকদের আশঙ্কা, ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে রাজনৈতিক মেরূকরণ ও উগ্র ডানপন্থি মতাদর্শের বিস্তার আরও বাড়তে পারে।
ছবি : সংগৃহীত
মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে দুই ট্রেনের সংঘর্ষে ৭ জন নিহত এবং কমপক্ষে ১১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই ট্রেনের কন্ডাক্টরও আছেন। গতকাল রোববার এর দুর্ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মিসরের প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয়।
পৃথক এক বিবৃতিতে দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত জেলায় ঘটেছে এ দুর্ঘটনা। দুই ট্রেনের মধ্যে একটি দক্ষিণ-পশ্চিমের ফায়ুম প্রদেশের দিকে যাচ্ছিল, সেটির পেছনের অংশের সঙ্গে সংঘর্ষ হয় অপর ট্রেনটি। দ্বিতীয় ট্রেনটি দক্ষিণ দে আসওয়ান প্রদেশের উদ্দেশে রওনা হয়েছিল।
রোববার গভীর রাতে প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় জানায় যে, তাদের তদন্তকারীরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, একই লাইনে একই অভিমুখে চলতে থাকা কায়রো-আসওয়ান ট্রেনের শেষ বগির সঙ্গে গিজা-ফায়ুম ট্রেনের সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটেছে।
মিসরে ট্রেন লাইনচ্যুত হওয়া বা দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। দেশটির রেলওয়ে ব্যবস্থায় দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং সরঞ্জামের দুর্বল রক্ষণাবেক্ষণের ইতিহাস রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সরকার রেল ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে আধুনিকায়নের উদ্যোগ ঘোষণা করেছে।
রোববারের দুর্ঘটনাটি যেখানে ঘটেছে, সেই আল-আইয়াত এলাকার কাফর গিরজা গ্রামের বাসিন্দা আইমান জামাল জানান, দুই ট্রেনের সংঘর্ষের পর স্থানীয় বাসিন্দারা দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে আসেন, জীবিতদের উদ্ধার করেন এবং অ্যাম্বুলেন্স ডাকেন।
জামাল জানান, তিনি দেখেছেন প্রায় ৮০ জন আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও বলেন, স্থির অবস্থায় থাকা ট্রেনের একটি বগির ভেতরে কয়েকজন যাত্রী আটকা পড়েছিলেন; উদ্ধারের সময় দেখা যায় তারা মারা গেছেন।
প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন যে, তিনি এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে তা শুরুও হয়েছে।
মিসরীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও ক্রেন পাঠানো হয়েছে, যাতে ধ্বংসাবশেষ সরিয়ে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়। গত সেপ্টেম্বরে একই জেলায় দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে এক ট্রেন চালক ও তার সহকারী আহত হয়েছিলেন।
মিশরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটেছিল ২০০২ সালে; কায়রো থেকে দক্ষিণ মিশরের দিকে যাওয়ার পথে একটি নৈশ ট্রেনে আগুন লেগে ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।
সূত্র : এএফপি, রয়টার্স
দীপাবলিতে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা পাকিস্তানের প্রধানমন্ত্রীর। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে। ছবি: সংগৃহীত
প্রতীকী ছবি
ভুয়া সংবাদের বিরুদ্ধে প্রতিরোধের দোহাই দিয়ে চালু করা ‘চীন-পাকিস্তান তথ্য করিডোর’ (সিপিআইসি) মূলত সাংবাদিকদের মুখ বন্ধ করার এবং স্বাধীন গণমাধ্যম দমনের এক বিপজ্জনক যৌথ হাতিয়ারে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে সংবাদপত্রের স্বাধীনতার তালিকার তলানিতে থাকা পাকিস্তান ও চীনের সরকার নিজেদের স্বার্থে নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার ও চিন্তার স্বাধীনতা নিয়ন্ত্রণে এটি ব্যবহার করছে।
দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ অক্টোবর ইসলামাবাদে অবস্থিত পাকিস্তান-চীন ফ্রেন্ডশিপ সেন্টারে আনুষ্ঠানিকভাবে সিপিআইসি চালু করা হয়। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এবং পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জিয়াং জাইদং উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার প্রকল্পে সমর্থনের জন্য চীনা দূতাবাসকে ধন্যবাদ জানান।
সিপিআইসির আওতায় দুই দেশের ১৮টি সংবাদমাধ্যম ও গবেষণা সংস্থা সংবাদ আদান-প্রদান, যৌথ কনটেন্ট তৈরি এবং তথাকথিত ‘বিভ্রান্তিকর’ খবরের জবাব দিতে কাজ করবে। মূলত বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ প্রকল্প ‘চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর’ (সিপেক)-এর ‘কণ্ঠস্বর’ হিসেবে এর ইতিবাচক ভাবমূর্তি প্রকাশ করাই এর মূল উদ্দেশ্য। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক প্রতিবেদনে এই উদ্যোগকে পাকিস্তানি গণমাধ্যমের ওপর চীনের বড় ধরনের কর্তৃত্ব ও তথ্য পরিবেশ নিয়ন্ত্রণের যৌথ কৌশল হিসেবে বর্ণনা করা হয়। এই পরিকল্পনার অধীনে পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ও কয়েকটি বেসরকারি চ্যানেলের পাশাপাশি চীনের সিনহুয়া, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও পিপলস ডেইলির মতো রাষ্ট্রীয় মাধ্যম যুক্ত করা হয়েছে। তবে সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো এর অধীনস্থ সরকারি ‘ফ্যাক্ট-চেকিং’ ইউনিট, যা মূলত স্বাধীন সাংবাদিকদের জন্য একটি নতুন ফাঁদ তৈরি করেছে।
এমন এক সময়ে এই ইউনিট গঠন করা হয়েছে যখন পাকিস্তানে ‘ভুয়া খবর’ শব্দ দুটি ব্যবহার করেই যে কোনো সাংবাদিককে জেলে পুরে দেওয়া সম্ভব। ২০২৫ সালের জানুয়ারিতে পাকিস্তান সরকার তাদের ইলেকট্রনিক অপরাধ প্রতিরোধ আইন (পেকা) সংশোধন করে ২৬-এ ধারা যুক্ত করে। এতে অসত্য তথ্য ছড়িয়ে আতঙ্ক তৈরির অভিযোগে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও ২০ লাখ রুপি জরিমানার বিধান রাখা হয়।
পরবর্তীতে আইনটিকে স্বাধীন সাংবাদিকতা দমনে ব্যবহার করা হতে থাকে। বেলুচিস্তানের গ্বাদার বন্দরের দুর্নীতি কিংবা সিপেক-এর ঋণ নিয়ে সংবাদ পরিবেশন করা ‘ডন’ ও ‘রাফতার’-এর মতো প্রতিষ্ঠানের সাংবাদিকদের গ্রেফতার ও আইনি নোটিশের মুখোমুখি হতে হয়েছে।
স্বাধীন সংস্থা ‘ফ্রিডম নেটওয়ার্ক’-এর হিসাব অনুযায়ী, ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে পাকিস্তানে সাংবাদিকদের ওপর ১২৯টি আইনি ও শারীরিক নিগ্রহের ঘটনা ঘটেছে, যার বড় অংশই ঘটেছে পেকা আইনে। আরএসএফের ২০২৬ সালের বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৫৩তম। কঠোর আইনি হয়রানির ভয়ে সাংবাদিকরা এখন স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ওপর সেন্সরশিপ আরোপ করছেন।
অপরদিকে, সংবাদপত্রের স্বাধীনতা সূচকে চীনের অবস্থান ১৭৮তম এবং বর্তমানে ১২১ জন সংবাদকর্মীকে বন্দি করে দেশটি বিশ্বের সবচেয়ে বড় ‘সাংবাদিকদের কারাগারে’ পরিণত হয়েছে। কভিড-১৯ এর সময় উহান থেকে রিপোর্ট করায় কারাবরণকারী নাগরিক সাংবাদিক ঝাং ঝানকে ২০২৫ সালের সেপ্টেম্বরে পুনরায় চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এমন এক পরিস্থিতিতে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এখন সিপিআইসির মাধ্যমে পাকিস্তানে সংবাদের সত্যতা ও বস্তুনিষ্ঠতা নির্ধারণের এখতিয়ার পাচ্ছে। ফ্রিডম হাউসের তথ্য মতে, বেইজিংয়ের অপছন্দের সংবাদ বন্ধে বিভিন্ন দেশে হস্তক্ষেপ করা চীনের পুরোনো কৌশল।
কোন তথ্য বিভ্রান্তিকর তা নির্ধারণের ক্ষমতা নিরপেক্ষ কোনো কাঠামোর হাতে না রেখে সরাসরি সংশ্লিষ্ট সরকারের হাতে তুলে দেওয়ায় চরম স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়েছে। যে সরকারগুলোর অনিয়ম উন্মোচন করা সাংবাদিকদের কাজ, তারাই এখন খবরের সত্যতা বিচারক। ফলে সিপেকের ঋণ, বিদ্যুৎ বিলের বকেয়া, গ্বাদারের প্রতিবাদ কিংবা চীনা কর্মীদের ওপর হামলা নিয়ে প্রশ্ন তুললেই সাংবাদিকদের ‘ভুয়া খবর’ ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করা সহজ হবে।
তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং) নীতিগতভাবে প্রয়োজনীয় হলেও সরকার যখন নিজের বিরুদ্ধে যাওয়া অনুসন্ধানের বিচারক বনে যায়, তখন নিরপেক্ষতা বজায় থাকে না। একটি নিরপেক্ষ রিপোর্ট প্রকাশ করার মাশুল হিসেবে যদি চাকরি হারানো বা গ্রেপ্তার হওয়ার ঝুঁকি থাকে, তবে অনেক সাংবাদিকই আর অনুসন্ধানী প্রশ্ন তোলার ঝুঁকি নেবেন না। পরিণতিতে সত্য খবর জনসমক্ষে অধরাই থেকে যাবে এবং ক্ষমতাবানরা নিজেদের সর্বময় জবাবদিহি এড়িয়ে যাওয়ার সুযোগ পাবেন।