• প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৪:১১ এএম

দক্ষিণ ইসরায়েলের ইলাত অঞ্চলে একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে, এবং নিকটবর্তী রামন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বুধবার (১১ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


জিওলজিক্যাল সার্ভে অব ইসরায়েলের তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৫ এবং এর উপকেন্দ্র ছিল ইলাত থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে মিসরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা হাইপোসেন্টার মাটির আট কিলোমিটার গভীরে পরিমাপ করা হয়েছে।


ভূমিকম্পের ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে রামন বিমানবন্দরের সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এবং কম্পনের ফলে সেখানে বেশ কয়েকটি জানালা ভেঙে গেছে।


হোম ফ্রন্ট কমান্ড ইলাত এবং আরাভা অঞ্চলের আশপাশের শহরগুলোর বাসিন্দাদের স্থাপনা থেকে দূরে সরে থাকার নির্দেশ দিয়েছিল।ভূমিকম্পের পর ইসরায়েল এয়ারপোর্টস অথরিটি (আইএএ) নিরাপত্তার স্বার্থে ‘পরিদর্শন এবং অবকাঠামোগত পরীক্ষা’ করার কথা জানিয়ে রামন বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেয়।


কিছুক্ষণ পর আইএএ এক বিবৃতিতে জানায়, ‘স্ক্যান এবং অবকাঠামোগত পরীক্ষা সম্পন্ন হওয়ার পর রামন বিমানবন্দরের কার্যক্রম পুরোপুরি পুনরায় শুরু হয়েছে।’এদিকে আইডিএফ হোম ফ্রন্ট কমান্ড বুধবার উল্লেখ করেছে যে ২০২৭ সালকে ইতিমধ্যেই ‘ভূমিকম্প প্রস্তুতির বছর’ হিসেবে মনোনীত করা হয়েছে।


হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে যে তারা ‘বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় হোম ফ্রন্টের প্রস্তুতি জোরদার করার জন্য একটি বিস্তৃত জাতীয় পরিকল্পনা’ এগিয়ে নিচ্ছে।


কমান্ডের পক্ষ থেকে বলা হয়, ‘২০২৭ সালকে ভূমিকম্প প্রস্তুতির বছর হিসেবে মনোনীত করা হয়েছে, যে সময়ে কমান্ড ধারাবাহিক প্রশিক্ষণ সেশন এবং মহড়ার নেতৃত্ব দেবে এবং একটি বড় জাতীয় মহড়ার মাধ্যমে এর সমাপ্তি ঘটবে।’


সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, এই প্রস্তুতি তিনটি প্রধান ক্ষেত্রের ওপর গুরুত্ব দিচ্ছে: প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষের প্রস্তুতি জোরদার করা; কমান্ডে জনবল বৃদ্ধি ও অনুসন্ধান ও উদ্ধার সক্ষমতা উন্নত করা; এবং বড় ধরনের ভূমিকম্পের পরিণতি মোকাবিলায় আইডিএফের প্রস্তুতি শক্তিশালী করা।


উল্লেখ্য, গত বছর কর্মকর্তারা নেসেটের অভ্যন্তরীণ বিষয়ক ও পরিবেশ কমিটিকে জানিয়েছিলেন যে বিশ বছরেরও বেশি সময় ধরে সতর্কতা এবং পদ্ধতিগত ঘাটতি তুলে ধরে বারবার রাষ্ট্রীয় নিরীক্ষা হওয়া সত্ত্বেও ইসরায়েল বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় চরমভাবে অপ্রস্তুত রয়ে গেছে।


সূত্র: টাইমস অব ইসরায়েল




ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৫৮ এএম

ইমেইলে বোমা হামলার হুমকি পাওয়ার পর ইতালির অন্তত ৩০০টি স্কুল খালি করেছে কর্তৃপক্ষ। স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কর্তৃপক্ষও একই ধরনের হুমকি পাওয়ার কথা জানিয়েছে।


ইতালির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, অন্তত ৩০০টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।


জিউসেপ্পে বলেন, এর পেছনে কারা থাকতে পারে, তা এখনই বলা কঠিন। তাদের শনাক্ত করতে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ইমেইলগুলোর বক্তব্য দেখে মনে হয়েছে, এসব হুমকির বাস্তব কোনো ঝুঁকি নেই।


একই কথা বলেছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। স্কুলগুলোতে বিপদের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। সরকারের মন্ত্রীদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে।


সম্প্রতি ইউরোপজুড়ে হাইব্রিড যুদ্ধের উদ্বেগ বাড়ছে। এর আগে সুপারমার্কেট, ব্ল্যাড ব্যাংক, বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা ও টেলিভিশন সম্প্রচারকেন্দ্র লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়েছে।


যুদ্ধের উত্তেজনার মধ্যে নতুন ভূগর্ভস্থ ‘ক্ষেপণাস্ত্র নগরী’ উন্মোচনের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৫৯ এএম

যুদ্ধের উত্তেজনার মধ্যে নতুন ভূগর্ভস্থ ‘ক্ষেপণাস্ত্র নগরী’ উন্মোচনের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সেখানে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সেগুলো উৎক্ষেপণের ব্যবস্থা প্রদর্শন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি স্থাপনাটির কয়েকটি ছবি প্রকাশ করে।


আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের অ্যারোস্পেস সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি।


তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থাপনাটিতে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং উৎক্ষেপণব্যবস্থা রয়েছে। তবে এর অবস্থান, ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও ধরন সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। স্থাপনাটির আয়তন কিংবা কার্যক্ষমতার বিষয়ে স্বাধীন কোনো প্রমাণও প্রকাশ করা হয়নি।


এর আগে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানিয়েছিলেন, অ্যারোস্পেস সপ্তাহে নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীসহ সামরিক সক্ষমতার বিভিন্ন দিক তুলে ধরা হবে। ইরানের সামরিক কৌশলের অন্যতম প্রধান ভিত্তি দেশটির ক্ষেপণাস্ত্রভান্ডার। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এক মূল্যায়নে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা তিন হাজারের বেশি বলে উল্লেখ করা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার পর বর্তমানে কত ক্ষেপণাস্ত্র দেশটির নিয়ন্ত্রণে রয়েছে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিভিন্ন সাম্প্রতিক মূল্যায়নে এ সংখ্যা দুই হাজারের নিচে বলে ধারণা করা হয়েছে।


আইআরজিসির মুখপাত্র মোহেব্বির দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির উৎপাদন লাইনগুলো ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নেওয়া হয়েছে। এসব স্থাপনাকে তিনি শুধু অস্ত্র সংরক্ষণের জায়গা নয়, বরং ‘ক্ষেপণাস্ত্র উৎপাদন নগরী’ হিসেবে বর্ণনা করেছেন। তবে এ দাবির স্বাধীন সত্যতা নিশ্চিত করা যায়নি।


আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মুসাভি বলেছেন, প্রয়োজন হলে ইরান আঞ্চলিক সীমা ছাড়িয়েও শত্রুপক্ষের স্থাপনায় হামলা চালাতে সক্ষম। এ ঘোষণাকে দেশটির ক্ষেপণাস্ত্র ও সামরিক উৎপাদন সক্ষমতা সুরক্ষার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।


প্রথমবারের মতো সাধারণ ধর্মঘট পালন করেছে স্পেন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪১ এএম

আবাসন ব্যয় কমানো, মজুরি বৃদ্ধি ও জনসেবার মানোন্নয়নের দাবিতে ১৪ বছর পর প্রথমবারের মতো সাধারণ ধর্মঘট পালন করেছে স্পেন। বুধবার (১১ নভেম্বর) দেশজুড়ে ২৪ ঘণ্টার এ ধর্মঘটকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। বিভিন্ন স্থানে সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে।

আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, ধর্মঘটের কারণে পরিবহন ও শিল্পকারখানার কার্যক্রমে ব্যাপক বিঘ্ন ঘটে। বুধবার সকাল নাগাদ অন্তত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানী মাদ্রিদের প্রধান পাইকারি খাদ্যবাজার মারকামাদ্রিদে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ হস্তক্ষেপ করলে ১৩ জন চিকিৎসাসেবা নেন বলে জানিয়েছে শ্রমিক সংগঠন ওয়ার্কার্স কমিশনস। সংগঠনটির নেতা উনাই সোর্দো বিক্ষোভকারীদের ওপর পুলিশের পিপার স্প্রে ব্যবহারের নিন্দা জানান। তার দাবি, বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলেন।

এদিকে কাতালোনিয়ায় বিক্ষোভকারীরা গুরুত্বপূর্ণ মহাসড়ক, শিল্পাঞ্চল এবং বার্সেলোনার সান্তস রেলস্টেশনের প্রবেশপথ অবরোধ করেন। শ্রমিক সংগঠনগুলো জানিয়েছে, দেশটির বড় কয়েকটি গাড়ি উৎপাদন কারখানায়ও উৎপাদন বন্ধ ছিল।

দেশটির প্রধান শ্রমিক সংগঠন ইউজিটি ও ওয়ার্কার্স কমিশনসসহ কয়েকটি ছোট শ্রমিক সংগঠন এ ধর্মঘটের ডাক দেয়। দীর্ঘদিন ধরে আবাসন ব্যয় কমানোর দাবিতে আন্দোলনকারীদের চাপের মুখে এ কর্মসূচি নেওয়া হয়।


সৌদির অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালি অতিক্রম করে ভারতের মুম্বাইয়ের একটি বন্দরে এসে পৌঁছেছে

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩৮ এএম

সৌদি আরবে অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন গত অক্টোবর মাসে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ফেব্রুয়ারির পর দেশটিতে সর্বোচ্চ তেল উৎপাদনের রেকর্ড হয়েছে অক্টোবর মাসে। তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে সৌদি আরব প্রতিদিন ১ কোটি ৫ লাখ ৬৩ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করেছে। সেপ্টেম্বরে দেশটির দৈনিক উৎপাদন ছিল ৮৩ লাখ ৭২ হাজার ব্যারেল। অর্থাৎ এক মাসে দৈনিক উৎপাদন বেড়েছে ২১ লাখ ৯১ হাজার ব্যারেল।

ওপেকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সৌদি আরবের দৈনিক তেল উৎপাদন ছিল ১ কোটি ৮ লাখ ৮২ হাজার ব্যারেল। এরপর মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহব্যবস্থা বিঘ্নিত হয়। অক্টোবরের উৎপাদন ফেব্রুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এদিকে ওপেক প্লাসভুক্ত দেশগুলোর তেল উৎপাদনও অক্টোবর মাসে বেড়েছে। সংস্থাটির মাধ্যমিক সূত্রের তথ্য অনুযায়ী, ওই মাসে জোটভুক্ত দেশগুলো সম্মিলিতভাবে প্রতিদিন ৪ কোটি ১২ লাখ ৩০ হাজার ব্যারেল তেল উৎপাদন করেছে।

সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে ওপেক প্লাসের দৈনিক উৎপাদন বেড়েছে ২০ লাখ ৪ হাজার ব্যারেল।


মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২৯ এএম

ইরানের জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বায়ুমণ্ডলে প্রায় ১৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এসব হামলায় ব্যাপক পরিবেশগত ক্ষতি হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

বুধবার তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান এ তথ্য জানান।

তিনি বলেন, ইরানের দক্ষিণাঞ্চলীয় আসালুয়েহ এলাকায় জ্বালানি স্থাপনায় হামলার ফলে প্রায় পাঁচ লাখ টন কার্বন ডাই-অক্সাইড বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। অন্যদিকে, রাজধানী তেহরানের কাছাকাছি জ্বালানি তেলের সংরক্ষণাগারে হামলার কারণে আরও ১০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ৭ মার্চ তেহরানে তেলের সংরক্ষণাগার এবং ১৮ মার্চ দক্ষিণ ইরানের আসালুয়েহ এলাকায় গ্যাস প্রক্রিয়াজাতকরণ স্থাপনায় হামলা চালানো হয়।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক অভিযানের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন পেজেশকিয়ান।

তিনি বলেন, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে যখন বিশ্বজুড়ে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন সামরিক অভিযান অবকাঠামো ধ্বংস করছে, বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি করছে এবং বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ দূষিত পদার্থ ছড়িয়ে দিচ্ছে।

ইরানি প্রেসিডেন্টের মতে, পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে এ ধরনের সামরিক কর্মকাণ্ডের স্পষ্ট বৈপরীত্য রয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক প্রচেষ্টার পাশাপাশি যুদ্ধের পরিবেশগত প্রভাব নিয়েও আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্ব দেওয়া প্রয়োজন।


  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৩৪ পিএম

ভারতের জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) একটি চেকপোস্টে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন। তবে তাদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১১ নভেম্বর) দুপুরের দিকে কুলগাম জেলার মীরবাজারের কাছে আখরান এলাকায় এ হামলার ঘটনা ঘটে।


সিআরপিএফের এক বিবৃতিতে জানানো হয়, দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় হামলাকারীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত তিন সদস্যকে চিকিৎসার জন্য অনন্তনাগ জেলার একটি হাসপাতালে নেওয়া হয়েছে।আহত সদস্যরা হলেন রাকেশ দাস, সন্তোষ চন্দ্রু ও সোমবীর সিং। তাদের মধ্যে রাকেশ দাসের বাম পায়ে, সন্তোষ চন্দ্রুর পেট ও মেরুদণ্ডে এবং সোমবীর সিংয়ের বাম হাতে গুলি লেগেছে।


কর্তৃপক্ষ জানিয়েছে, আহত তিনজনের অবস্থাই বর্তমানে আশঙ্কামুক্ত।


এদিকে, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও বুধবার কুলগামে অবস্থান করছিলেন। তবে হামলার সময় তিনি ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন না। কুলগামের সরকারি ডিগ্রি কলেজে তিন দিনব্যাপী ভেশো উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার যোগ দেওয়ার কথা ছিল।


সূত্র: এনডিটিভি