বিয়েতে বর-কনের একাংশ
চারদিকে ধ্বংসস্তূপ, বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী তাঁবু আর অনিশ্চিত জীবন। এমন পরিস্থিতির মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় শুক্রবার (৬ নভেম্বর) এক গণবিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে একসঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন ২৫০ ফিলিস্তিনি যুগল। শনিবার (৭ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে ফিলিস্তিনি পতাকা, ফুল ও লাল ফিতা দিয়ে সাজানো গাড়ির বহর নিয়ে শোভাযাত্রা বের করা হয়। গাজার বিধ্বস্ত সড়কগুলো ঘুরে গাড়ির বহরটি ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত সি ক্লাবে পৌঁছায়। সেখানেই অনুষ্ঠিত হয় বিয়ের মূল আয়োজন। সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগ ‘অপারেশন নাইটলি নাইট-৩’-এর আওতায় সাকর বিন মোহাম্মদ আল কাসিমি চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
বাস্তুচ্যুতি, অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার অবনতির কারণে যেসব তরুণ-তরুণীর পক্ষে বিয়ের খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে, তাদের সহায়তা করাই ছিল এ উদ্যোগের লক্ষ্য।
গণবিয়েতে অংশ নেওয়া বর সাঈদ আল-নাজ্জারের জন্য আনন্দের দিনটি ছিল ব্যক্তিগত শোকের স্মৃতিতে ঘেরা। তিনি জানান, ইসরায়েলি হামলায় তাদের পারিবারিক বাড়িটি ধ্বংস হয়ে গেছে। বর্তমানে তিনি জাবালিয়া শরণার্থীশিবিরের ইয়েলো লাইনের কাছে একটি তাঁবুতে বসবাস করছেন।
অনুষ্ঠানের আয়োজক কমিটির লটারির মাধ্যমে তিনি বিয়ের জন্য নির্বাচিত হন বলে জানান।
সাঈদ আল-নাজ্জার বলেন, ‘এই আনন্দ শুধু একজন বর কিংবা ২৫০ জন বরের নয়, এটি গাজার সব মানুষের আনন্দ।’
তিনি আরও বলেন, হাজার হাজার ফিলিস্তিনির মতো তিনিও নিজের বাড়ি হারিয়েছেন। এখন তার যাওয়ার মতো আর কোনো জায়গা নেই।
ধ্বংসযজ্ঞ ও বাস্তুচ্যুতির মধ্যেও নতুন জীবন শুরুর এই আয়োজন গাজার মানুষের জন্য আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।
সূত্র: রয়টার্স
রাশিয়ার দখলে থাকা জাপোরিঝিয়ায় অন্তত ৫২১টি হোটেল ও রিসোর্টকে `মালিকহীন' ঘোষণা করেছে রুশ কর্তৃপক্ষ যার মধ্যে ৭৭টি রাশিয়ান কোম্পানিগুলোর নিয়ন্ত্রণে রয়েছে
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের আজভ সাগর উপকূলে শত শত হোটেল ও রিসোর্ট দখলে নিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানে দেখা গেছে, ২০২২ সালে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর এসব সম্পত্তির অনেকগুলো দখল বা দখলের জন্য চিহ্নিত করেছে রুশ কর্তৃপক্ষ।
দখলকৃত জাপোরিঝিয়া অঞ্চলে সাত হাজারের বেশি আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তিকে ‘মালিকানাহীন’ ঘোষণা করেছে রুশ নিয়ন্ত্রিত প্রশাসন। এর মধ্যে ৫২১টি হোটেল ও রিসোর্ট রয়েছে। অন্তত ৭৭টি হোটেল ও রিসোর্ট এখন রুশ ব্যবসাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে। এর মধ্যে ২০টি পরিচালনা করছে রুশ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান।
এমন পরিস্থিতিতে নিজের হোটেল ও অ্যাপার্টমেন্টের মালিকানা ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন ইউক্রেনীয় ব্যবসায়ীরা। কেউ কেউ নিজেদের পক্ষে আদালতের রায়ও পেয়েছেন। কিন্তু রাশিয়া তাদের ক্ষতিপূরণ দেবে কিনা, তা অনিশ্চিত।
রাশিয়ার সাময়িক দখলে থাকা জাপোরিঝিয়া ওব্লাস্টের আজভ সাগর উপকূলবর্তী এলাকায় অন্তত ৫২১টি হোটেল ও রিসোর্টকে `মালিকহীন' ঘোষণা করেছে রুশ কর্তৃপক্ষ। এর মধ্যে অন্তত ৭৭টি বর্তমানে রাশিয়ান কোম্পানিগুলোর নিয়ন্ত্রণে রয়েছে।
সৌদি আরবের পবিত্র মক্কা নগরী। ছবি: সংগৃহীত
বেতন বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভে ৪৪৮ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবারের (৫ নভেম্বর) এসব বিক্ষোভে অন্তত ৫৩ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত হয়েছেন। এছাড়া অগ্নিকাণ্ডের ৮৬টি ঘটনা ঘটেছে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশজুড়ে গ্রেপ্তার, আহত ও অগ্নিকাণ্ডের এই তথ্য পাওয়া গেছে। প্যারিস, লিওঁ, রেন ও তুলুজে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও অধিকাংশ মিছিল শান্তিপূর্ণ ছিল বলে দাবি করেছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশজুড়ে প্রায় ৫ লাখ ৭৫ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। এর মধ্যে রাজধানী প্যারিসে ছিলেন প্রায় ৬৫ হাজার মানুষ। এর আগে প্রাথমিক হিসাবে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ৬ লাখ বলে জানানো হয়েছিল।তবে শ্রমিক সংগঠন সিজিটি দাবি করেছে, দেশজুড়ে বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ১৬ লাখ মানুষ। শুধু প্যারিসেই অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৩ লাখ ৫০ হাজার।
সিজিটি ইউনিয়নের মহাসচিব সোফি ধর্মঘটকে ‘অত্যন্ত কার্যকর’ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে শ্রমিকদের দাবির বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সূত্র: আনাদোলু এজেন্সি
ডোনাল্ড ট্রাম্প
ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি দেশটিতে আর কোনো ধ্বংসযজ্ঞ না চালানোর পক্ষপাতী বলেও ইঙ্গিত দিয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সুস্পষ্ট সম্মতি ছাড়া তেহরান তাদের পরমাণু কর্মসূচি এগিয়ে নিতে পারবে না বলেও দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন তিনি।স্থানীয় সময় বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘সম্ভব হলে বাকি দেশটিকে আমি ধ্বংস করতে চাই না, তবে হয়তো আমাকে তা করতে হতে পারে। আপনারা বিষয়টি খুব দ্রুতই জানতে পারবেন।’ ইরানের পারমাণবিক কার্যক্রমের ওপর কড়া নজরদারির কথা উল্লেখ করে তিনি সাফ জানিয়ে দেন, ‘আমাদের অনুমোদন ছাড়া তারা কিছুই করতে পারছে না।’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান দলের পরাজয়ের পর দীর্ঘ আট মাস ধরে চলমান ইরান যুদ্ধ ঘিরে তীব্র রাজনৈতিক চাপের মধ্যে পড়েছেন ট্রাম্প। সংঘাতের কারণে সৃষ্ট জনঅসন্তোষ এবং জ্বালানি তেলের লাগাতার মূল্যবৃদ্ধি এই নির্বাচনে ডেমোক্র্যাটদের আসন লাভের অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচনের আগেও ট্রাম্প বারবার হুমকি দিয়ে আসছিলেন যে, ওয়াশিংটনের গ্রহণযোগ্য শর্তে তেহরান চুক্তিতে না এলে দেশটিতে পুনরায় বড় ধরনের সামরিক হামলা চালানো হবে। এরই মধ্যে সংঘাতের আঁচ ছড়িয়ে পড়েছে লোহিত সাগরেও, যেখানে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অব্যাহত হামলা ও আঞ্চলিক বাহিনীর পাল্টা পদক্ষেপে সামগ্রিক পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে।
উভয় দেশের মধ্যকার সাম্প্রতিক ঘটনাবলিতে দেখা যাচ্ছে কূটনৈতিক ব্যবধান ক্রমেই বাড়ছে। কাতারকে মধ্যস্থতাকারী করে ইরান নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে বলে জানা গেছে। তবে তেহরানের স্পষ্ট শর্ত—নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ অবমুক্ত করা এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদানসহ তাদের দাবিগুলো ওয়াশিংটন মেনে নিলেই কেবল আনুষ্ঠানিক আলোচনায় বসা সম্ভব।
যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের পাঠানো প্রস্তাবটি পর্যালোচনা করে দেখছে, যদিও একই সময়ে সামরিক পদক্ষেপের বিকল্পও উন্মুক্ত রেখেছেন ট্রাম্প। এদিকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিসংলগ্ন জলসীমায় সামরিক উত্তেজনা এখনো চরম আকার ধারণ করে রয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে এবং পারমাণবিক আলোচনা শুরুর আগে সাতটি শর্ত দিয়েছে ইরান। কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে নতুন একটি পারমাণবিক প্রস্তাবও পাঠিয়েছে তেহরান। তবে ইরানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাও শুরু হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশটি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৫ নভেম্বর) কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাবটি পাঠায় ইরান।
দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে প্রস্তাবটি পর্যালোচনা করছে। তবে প্রস্তাবের বিস্তারিত বিষয়বস্তু প্রকাশ করেননি তিনি।
ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ী এর আগে জানিয়েছিলেন, কূটনৈতিক আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত তুলে ধরেছে তেহরান। এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না এবং কোনো আলোচনাও হবে না।
ইরানের সাত শর্তের মধ্যে যা রয়েছে
ইরানের পক্ষ থেকে সাতটি শর্তের পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে দেশটির কর্মকর্তাদের বক্তব্য ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, শর্তগুলোর মধ্যে রয়েছে—
১. মধ্যপ্রাচ্যের সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করতে হবে।
২. ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ তুলে নিতে হবে।
৩. ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
৪. বিদেশে জব্দ করে রাখা ইরানের সম্পদ ও অর্থ ফেরত দিতে হবে।
৫. মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমাতে হবে।
৬. যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে।
৭. ভবিষ্যতে ইরানের ভূখণ্ডে সামরিক হামলা না চালানোর নিশ্চয়তা দিতে হবে।
ইরানের এসব দাবির মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা সম্পদ ফেরত এবং যুদ্ধের ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। তবে বাকি শর্তগুলোর বিস্তারিত আনুষ্ঠানিকভাবে যাচাই করা যায়নি।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নাকচ করেননি। অন্যদিকে, ওয়াশিংটন জানিয়েছে, যেকোনো প্রাথমিক আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে।
ফলে যুদ্ধ বন্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের অবস্থানের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। কাতারের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা চললেও সমঝোতা কতটা সম্ভব, তা এখনো স্পষ্ট নয়।
তথ্যসূত্র: এনডিটিভি ও রয়টার্স।
ছবি : সংগৃহীত
কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি ভারী বাক্স নামানোর সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন বাংলাদেশি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে কর্মস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দেশটির উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাইয়েস এলাকার মসজিদ রোডে একটি প্রতিষ্ঠানের চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, শ্রমিকরা কনটেইনার থেকে ৪১টি কাচের প্যানেলযুক্ত একটি বাক্স নামাচ্ছিলেন। প্রতিটি কাচের প্যানেলের আকার ছিল ছয় ফুট বাই আট ফুট।
এ সময় ভারী বাক্সটি হঠাৎ উল্টে তাদের ওপর পড়ে। এতে বাক্স ও কাচের প্যানেলের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে প্লেইন-দে-পাপাইয়েস পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে মরিশাস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। তারা তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠান।
সূত্র: ল্য ডেফি মিডিয়া