ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকেট লটারিতে ১০ লাখ আমিরাতি দিরহাম বিজয়ী হয়েছেন এক বাংলাদেশি প্রবাসী। যা বাংলাদেশি সাড়ে তিন কোটি টাকার বেশি। তার সঙ্গে ভারতীয় চার প্রবাসীও লটারিতে একই পরিমাণের অর্থ পেয়েছেন।
আজ বৃহস্পতিবার আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বিগ টিকেটের ২৮৮তম সিরিজে বাংলাদেশ ও ভারতের পাঁচজন প্রবাসী বিপুল অঙ্কের অর্থ বিজয়ী হয়েছেন। পুরস্কার হিসেবে প্রত্যেকে ১ মিলিয়ন করে মোট ৫ মিলিয়ন আমিরাতি দিরহাম জিতে নিয়েছেন।
লটারিজয়ীদের এই তালিকায় যেমন রয়েছেন দীর্ঘদিনের আশাবাদী অংশগ্রহণকারী, যারা বছরের পর বছর ধরে প্রতি মাসে টিকেট কিনেছেন। ঠিক তেমনই আছেন এমন এক ভাগ্যবান, যিনি প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেছেন।
বিজয়ীরা জানিয়েছেন, এই পুরস্কারের অর্থ তাদের জীবনের বড় বড় স্বপ্ন পূরণে সাহায্য করবে। লটারিতে পাওয়া এই অর্থ দিয়ে দেশে থাকা পরিবারকে আর্থিক সহায়তা, ঋণ পরিশোধ এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করার কথা জানিয়েছেন তারা।
• রাতারাতি কোটিপতি বাংলাদেশি আতিক
আমিরাতে বিগ টিকেট লটারিতে ১০ লাখ আমিরাতি দিরহাম বিজয়ী হয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. আতিক হাসান। তার টিকেট নম্বর ৩৫৯৬৮৫। বিগ টিকেট লটারির ড্রতে তিনি এক মিলিয়ন দিরহাম বিজয়ী হয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৩ কোটি ৩৫ লাখ টাকার বেশি।
• প্রথমবারেই বিগ টিকেট জয়
ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা ও আমিরাত প্রবাসী উপেন্দ্রন সিজু প্রায় এক দশক ধরে চেষ্টা করার পর অবশেষে এই ১০ লাখ দিরহামের পুরস্কার জিতেছেন। ৪০ বছর বয়সী সিজু পেশায় একজন অপারেশনস ইন-চার্জ। তিনি গত ২০ বছর ধরে আরব আমিরাতে বসবাস করছেন। বন্ধুদের পরামর্শ ও ওয়েবসাইটের মাধ্যমে প্রথম তিনি বিগ টিকেটের খোঁজ পান।
গত ৯ বছর ধরে ২০ জনের একটি দল নিয়ে তিনি প্রতি মাসে এই লটারিতে অংশ নিচ্ছেন।
পুরস্কার জেতার মুহূর্ত স্মরণ করে সিজু বলেন, ‘‘লটারি জয়ের ফোন পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও ভীষণ আশ্চর্যে হয়ে গিয়েছিলাম।’’ বিগ টিকেটে এটিই তার জীবনের প্রথম জয়।
সিজুর পরিবার বর্তমানে ভারতে রয়েছে। পুরস্কারের নিজের অংশ দিয়ে তিনি ব্যক্তিগত ঋণ শোধ করার পরিকল্পনা করেছেন। এই জয় বিগ টিকেটের ওপর তার বিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে এবং তিনি ইতোমধ্যে পরবর্তী ড্রয়ের জন্যও টিকেট কিনে ফেলেছেন। অন্যদের উদ্দেশ্যে সিজু বলেন, ‘‘চেষ্টা চালিয়ে যান। এখন জেতেননি মানে এই নয় যে আপনি কখনোই জিতবেন না।’’
• ২৭ জনের দল
আরেক বিজয়ী শিবপ্রসাদ রবীন্দন দীর্ঘ ২৯ বছর ধরে আরব আমিরাতে বসবাস করছেন এবং গত ১২ বছর ধরে বিগ টিকেটে অংশ নিচ্ছেন। কেরালার বাসিন্দা ৫০ বছর বয়সী এই তেল ও গ্যাস কোম্পানির সুপারভাইজার ২৭ জনের একটি বড় দল নিয়ে প্রতি মাসে লটারির টিকেট কিনতেন।
দীর্ঘদিন অপেক্ষার পর রবীন্দন তার প্রথম জয়ের দেখা পেয়েছেন।
উচ্ছ্বসিত রবীন্দন বলেন, ‘‘আমি খুব খুশি। পুরস্কারের টাকা আমাদের দলের সবার মধ্যে ভাগ করে নেওয়া হবে। আমার ভাগে যে অর্থ আসবে, তা দিয়ে আমি দেশের পরিবারকে সাহায্য করব। বিশেষ করে আমার মেয়েকে, যে বর্তমানে কেরালায় পড়াশোনা করছে।’’ তিনিও বিগ টিকেটে অংশ নেওয়া চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন এবং অন্যদেরও প্রতি মাসে ভাগ্য পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন।
সূত্র: গালফ নিউজ
ইসরায়েলে সম্ভাব্য জাতীয় ঐক্যের সরকার গঠনে একগুচ্ছ শর্ত দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। এর মধ্যে রয়েছে, পুরো চার বছর নেতানিয়াহুই প্রধানমন্ত্রী থাকবেন, জোটে কট্টর ডানপন্থি ও বামপন্থি দলগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে এবং ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়ে জোটের সব দলের সমর্থন থাকতে হবে।
শনিবার (২১ নভেম্বর) হিব্রু ভাষার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। বিরোধী দল ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটের সঙ্গে সম্ভাব্য ঐক্যের সরকার গঠন নিয়ে আলোচনায় এসব শর্ত তুলে ধরেছে লিকুদ পার্টি।
প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে দুই দলের প্রতিনিধিদের বৈঠকে নেতানিয়াহুর সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল রাবেলো লিকুদের পক্ষ থেকে শর্তের তালিকাটি উপস্থাপন করেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২সহ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, লিকুদ পার্টির ১০টি শর্ত হলো:
১. চার বছর প্রধানমন্ত্রী থাকবেন নেতানিয়াহু: পুরো মেয়াদে নেতানিয়াহুই প্রধানমন্ত্রী থাকবেন। আইজেনকোটের সঙ্গে পালাক্রমে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির কোনো ব্যবস্থা থাকবে না।
২. সব রাজনৈতিক দলকে সরকারে অন্তর্ভুক্তি: জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভিরের কট্টর ডানপন্থি দল ওতজমা ইয়েহুদিত থেকে শুরু করে বামপন্থি ডেমোক্র্যাটস পার্টি পর্যন্ত সবাইকে সরকারে রাখতে হবে। তবে আরব নেতৃত্বাধীন দুটি দলকে বাইরে রাখা হবে।
৩. ইরানে নতুন সামরিক অভিযানে সমর্থন: জোটের শরিক দলগুলোকে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর বিষয়ে পূর্ণ সমর্থন দিতে হবে।
৪. বিচার বিভাগ সংস্কার অব্যাহত: রাজনৈতিক ঐকমত্যে পৌঁছানো পর্যন্ত বিচার বিভাগ সংস্কারসংক্রান্ত আইন প্রণয়নের উদ্যোগ বহাল থাকবে।
৫. ৭ অক্টোবরের হামলার তদন্ত: ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় কমিশনের পরিবর্তে একটি রাজনৈতিক তদন্ত কমিশন গঠন করতে হবে।
৬. আল্ট্রা-অর্থোডক্সদের সামরিক নিয়োগ: বিদায়ী সরকারের উপস্থাপিত প্রস্তাবের ভিত্তিতে অতি-ধর্মীয় ইহুদি সম্প্রদায়ের সদস্যদের সামরিক বাহিনীতে নিয়োগসংক্রান্ত একটি বিল এগিয়ে নিতে হবে।
৭. বন্দি হামাস যোদ্ধাদের শর্ত অপরিবর্তিত: কারাগারে আটক হামাসের নুখবা ইউনিটের যোদ্ধাদের বিষয়ে বিদ্যমান শর্তে কোনো পরিবর্তন আনা যাবে না। তাদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলেও এ অবস্থান বহাল রাখতে হবে।
৮. গাজা থেকে সেনা প্রত্যাহার নয়: হামাসের হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বর্তমান অবস্থান থেকে সেনা প্রত্যাহার করা যাবে না।
৯. ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা: জোটের সব শরিক দলকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে একটি বিবৃতিতে স্বাক্ষর করতে হবে।
১০. ইসরায়েলের রাষ্ট্রীয় পরিচয়ের স্বীকৃতি: ইহুদি জনগণের জাতীয় রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে জোটের শরিকদের একটি বিবৃতিতে স্বাক্ষর করতে হবে।
সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এসব শর্ত মূলত ঐক্যের সরকার গঠন নিয়ে আলোচনায় লিকুদ পার্টির প্রাথমিক অবস্থান তুলে ধরছে। তবে শর্তগুলোর মধ্যে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগি, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজায় ইসরায়েলি সেনাদের অবস্থান নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
জাপানের ফুকুশিমা প্রিফেকচারে ভারী তুষারপাতের কারণে প্রায় দেড় হাজার মানুষ আটকা পড়েছেন। তুষারপাতের ফলে গাছ উপড়ে সড়কে পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৭০০টি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে।শনিবার (২১ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে জাপানের সংবাদমাধ্যম কিয়োদো নিউজ।
প্রতিবেদনে বলা হয়, ফুকুশিমা প্রিফেকচারের কিতাশিওবারা গ্রামের উরাবান্দাই এলাকায় আটকা পড়েছেন প্রায় দেড় হাজার মানুষ। তাঁদের মধ্যে প্রায় ৯০০ জন স্থানীয় বাসিন্দা। বাকি ৫০০ জন ওই এলাকার বিভিন্ন হোটেল ও আবাসিক স্থাপনায় অবস্থান করছিলেন।
পাহাড়ি অঞ্চল হওয়ায় উরাবান্দাই পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। তবে ভারী তুষারপাতের কারণে সেখানকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। উপড়ে পড়া গাছ সড়ক আটকে দেওয়ার পাশাপাশি বিদ্যুতের লাইনেও ক্ষয়ক্ষতি করেছে। এতে উদ্ধার ও পরিস্থিতি স্বাভাবিক করার কাজ ব্যাহত হচ্ছে।স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সড়ক ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ চলছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ পূর্ব তিমুরের বান্দা সাগরে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের ডারউইন শহরেও কম্পন অনুভূত হয়েছে। অঞ্চলটি প্যাসিফিক রিং অফ ফায়ারে অবস্থিত। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার (২১ নভেম্বর) ফক্স নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় ভোর সাড়ে ৬টার কিছু পর (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকেল সাড়ে ৪টা) ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল পূর্ব তিমুরের উত্তর-পূর্বে প্রায় ৬৫ মাইল দূরে বান্দা সাগরে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৯০ মাইল গভীরে। রাজধানী দিলিসহ অস্ট্রেলিয়ার ডারউইন শহরেও কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ডারউইনের দূরত্ব প্রায় ৪০০ মাইল।
উল্লেখ্য, পূর্ব তিমুর প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। প্রায় ২৫ হাজার মাইল দীর্ঘ এই বলয় প্রশান্ত মহাসাগরের চারপাশজুড়ে বিস্তৃত। এখানে অসংখ্য আগ্নেয়গিরি ও ভূমিকম্পপ্রবণ এলাকা রয়েছে। বিশ্বের মোট ভূমিকম্পের প্রায় ৯০ শতাংশ এই অঞ্চলে সংঘটিত হয়।
সূত্র: ফক্স নিউজ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। কারাগারে তার শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি দেশটির রাজনৈতিক উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।সিএনএনের সাংবাদিক ক্রিস্টিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে ভলকার তুর্ক বলেন, ইমরান খানকে মুক্তি দেওয়া হলে পাকিস্তানের সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক আস্থা তৈরির সুযোগ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে কারাবন্দি অবস্থায় তার যথাযথ চিকিৎসা ও মানবিক আচরণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ৭৪ বছর বয়সী ইমরান খান। তার স্বাস্থ্য পরিস্থিতি এবং কারাগারে চিকিৎসার সুযোগ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। এর আগে ইমরানের ছেলে কাসিম খানও বাবার নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। পাকিস্তানের সামরিক নেতৃত্বের বিরুদ্ধে দমন-পীড়ন, অপহরণ ও সহিংসতার অভিযোগও তোলেন তিনি।
ইমরান খানের কারাবাসের পরিবেশ ও শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির দাবি, পরিবারের সদস্য, আইনজীবী ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তার ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।অ্যামনেস্টির তথ্যমতে, ২০২৫ সালের ডিসেম্বরের পর থেকে ২০২৬ সালের আগস্টে বোনের সঙ্গে দুটি সাক্ষাৎ ছাড়া পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ পাননি ইমরান। এমনকি ২০২৬ সালের মার্চের পর থেকে ছেলেদের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগও বন্ধ রয়েছে।
দীর্ঘ সময় একাকী কারাবাসে রাখা এবং বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ সীমিত করে দেওয়ায় তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছে সংস্থাটি।
ইমরানের রক্তচাপজনিত জটিলতার বিষয়টিও উল্লেখ করেছে অ্যামনেস্টি। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, গত আগস্টে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে বেসরকারি হাসপাতালে নেওয়ার নির্দেশ দিলেও স্বাধীন চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করানোর সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
এদিকে ইমরানের স্ত্রী বুশরা বিবির চিকিৎসা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাটি। তাদের অভিযোগ, চোখের একটি সমস্যার যথাযথ চিকিৎসা না পাওয়ায় তার দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
ইমরান খান ও তার স্ত্রীর সঙ্গে কারা কর্তৃপক্ষের আচরণ আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করে অ্যামনেস্টি। ওই অনুচ্ছেদে আটক ব্যক্তিদের মানবিক মর্যাদা ও সম্মান বজায় রাখার কথা বলা হয়েছে।
এ ছাড়া লাহোরের কোট লাখপত কারাগারে আটক ইমরানের বোন আলিমা খানের মুক্তিও দাবি করেছে সংস্থাটি। তাদের তথ্য অনুযায়ী, গত ২০ ও ২১ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পরিকল্পিত পদযাত্রাকে কেন্দ্র করে ইমরানের আরও তিন বোনকে আটক করা হয়েছিল।
এর আগে গত ১৬ নভেম্বর পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের উদ্দেশে একটি খোলা চিঠি লেখেন ইমরান খান। সেখানে জরুরি চিকিৎসা নিশ্চিত করা এবং আদালতের নির্দেশনা কার্যকরের দাবি জানান তিনি। চিঠিতে তার অভিযোগ, ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা তাকে একাকী কারাবাসে রাখা হচ্ছে।
রণধীর জয়সওয়াল
বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না ভারত। শুক্রবার (২০ নভেম্বর) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট জেলার এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় চলমান রাজনৈতিক অস্থিরতার জন্য ‘সীমান্তের ওপারে’ থাকা প্রভুদের ইশারাকে দায়ী করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে এই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশে বর্তমানে যা চলছে, তা দেশটির অভ্যন্তরীণ বিষয়। তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।
জয়সওয়াল আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের অবস্থান আগের মতোই অটল। ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক চায়। এই সম্পর্ক গড়ে উঠেছে উভয় দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের মধ্যকার সাংস্কৃতিক বন্ধনের ওপর ভিত্তি করে।
এর আগে গত সপ্তাহের ব্রিফিংয়েও তিনি বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত।
ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৪১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ শিশু ও সাত নারী রয়েছেন। এ ছাড়া হামলায় আহত হয়েছেন আরও ২৮ জন। দেশটির সানা, তায়েজ, সা’দা, লাহিজ ও হাজ্জা প্রদেশে এসব বিমান হামলা চালানো হয়।
সাম্প্রতিক বিভিন্ন সৌদি হামলায় দেশটিতে এ পর্যন্ত ৪৩৮ জন নিহত এবং ৯২৪ জন আহত হয়েছেন। উল্লেখ্য, ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযান ও কঠোর অবরোধ শুরুর মধ্য দিয়ে ইয়েমেনে এই দীর্ঘস্থায়ী সংঘাতের সূত্রপাত ঘটেছিল।এদিকে ইয়েমেনের কৌশলগত লোহিত সাগরীয় হুদাইদাহ বন্দরে সৌদি জোটের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে হুথি আন্দোলন। এই হামলাকে ‘কাপুরুষোচিত ও অপরাধমূলক উসকানি’ আখ্যা দিয়ে সৌদি আরবের বিরুদ্ধে কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে হুথিদের পরিবহন ও গণপূর্ত মন্ত্রণালয় এই ভয়াবহ হামলার জন্য সরাসরি সৌদি সরকারকে দায়ী করে বলেছে, এ ধরনের আগ্রাসনের ফলে ইয়েমেনের চলমান মানবিক ও অর্থনৈতিক সংকট আরও বেশি ভয়াবহ হয়ে উঠবে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘ নীরবতাও এ ধরনের বর্বর হামলা চালাতে আগ্রাসী জোটকে উৎসাহিত করছে বলে জোরালো অভিযোগ করেছে তারা।
সূত্র: প্রেস টিভি