ইনস্টাগ্রামে ‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে’-এমন মন্তব্য করে আলোচনায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই পোস্টে তিনি গত ১৩ বছরে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি পূর্ববর্তী কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সমালোচনা করেন।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, জনপ্রিয় ভিডিও গেম জিটিএ-৬ মুক্তির বিষয়টিকে কাজে লাগিয়ে গত ১৩ বছরে ভারতের অগ্রগতির চিত্র তুলে ধরেছেন নরেন্দ্র মোদি। তার সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্টে দেখানো হয়েছে, ২০১৩ সালে জিটিএ-৫ মুক্তির পর থেকে জিটিএ-৬ আসা পর্যন্ত ভারত কীভাবে এগিয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে।’
পোস্টের সঙ্গে দেওয়া একাধিক ছবিতে গত এক দশকে দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে কমে আসাসহ ভারতের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে কংগ্রেসের নেতৃত্বাধীন আগের ইউপিএ সরকারের দিকেও কটাক্ষ করা হয়েছে। পোস্টের ছবিগুলোতে ব্যবহার করা হয়েছে ‘প্রাইসডাউন’ ফন্ট। জিটিএ গেম সিরিজের প্রচ্ছদ ও প্রচারণায় এই মোটা ও নজরকাড়া ফন্টের ব্যবহার বিশেষভাবে পরিচিত।পোস্টে বলা হয়েছে, একসময় ‘ফ্র্যাজাইল ফাইভ’ বা ঝুঁকিপূর্ণ পাঁচ অর্থনীতির একটি হিসেবে পরিচিত ভারত এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতিতে পরিণত হয়েছে। ২০১৩ সালের আগস্টে মরগান স্ট্যানলির এক বিশ্লেষক ‘ফ্র্যাজাইল ফাইভ’ শব্দটি ব্যবহার করেন।
বিদেশি পুঁজির প্রবাহের ওপর অতিরিক্ত নির্ভরশীল এবং বৈশ্বিক আর্থিক পরিস্থিতির পরিবর্তনে ঝুঁকিতে থাকা পাঁচটি উদীয়মান অর্থনীতিকে বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়েছিল। দেশগুলো হলো ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক। এখন আর এই তালিকায় ভারতের নাম নেই।
মোদির পোস্টে ভারতের অন্যান্য অর্জনের মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করা, সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় ব্যাপক উন্নতি, মহাকাশ প্রযুক্তি খাতে দেশটিতে নিবন্ধিত ৪৪০টি স্টার্টআপ এবং বিদ্যুতায়নের ক্ষেত্রে অগ্রগতি।
গেমপ্রেমীদের সঙ্গে সংযোগ তৈরির লক্ষ্যেও পোস্টে একটি বিষয় তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতে উচ্চগতির ইন্টারনেটের দাম প্রতি গিগাবাইটে (জিবি) ৩০৮ রুপি থেকে কমে ৭ দশমিক ৫১ রুপিতে নেমে এসেছে।
এছাড়া মাওবাদমুক্ত দেশ হিসেবে ভারতের আত্মপ্রকাশ এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিকেও মোদির পোস্টে অর্জন হিসেবে উল্লেখ করা হয়েছে।
এনডিটিভি বলছে, তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জনপ্রিয় সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ ব্যবহার করার জন্য পরিচিত প্রধানমন্ত্রী মোদি। পোস্টটি প্রকাশের ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে প্রায় ৬০ হাজার লাইক এবং প্রায় দুই হাজার মন্তব্য পড়ে। বেশির ভাগ ব্যবহারকারীই পোস্টটির প্রশংসা করেছেন বলে দেখা গেছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মধ্যরাতে মুক্তি পেয়েছে জিটিএ-৬। এর আগের মূল সংস্করণ জিটিএ-৫ মুক্তি পেয়েছিল ১৩ বছর আগে।
ডিজিটাল ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, জনপ্রিয় এই ভিডিও গেম সিরিজের নতুন সংস্করণটি তৈরিতে ১০০ কোটি ডলারের বেশি খরচ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুক্তির আগেই গেমটির প্রি-অর্ডার থেকে আয় হয়েছে প্রায় ১১০ কোটি ডলার। ইতিহাসে কোনো গেমের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ প্রি-অর্ডার থেকে আয়ের রেকর্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের ওডিশা রাজ্যের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে মধ্য ওডিশার গোপালপুর এলাকায় ঝড়টি আঘাত হানে। উপকূল অতিক্রম করতে ঝড়টির প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
এর আগে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। স্থলভাগে প্রবেশের সময় ঝড়টির গতিবেগ কমে এলেও উপকূলীয় এলাকায় প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিঞা বলেন, স্থলভাগে ওঠার সময় সাধারণত ঘূর্ণিঝড়ের গতিবেগ কমে যায়। আকভানের ক্ষেত্রেও তা হয়েছে। তবে উপকূল অতিক্রমের সময় প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃহস্পতিবার থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে দেশের সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে যশোরে। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, শুক্রবারও দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। আগামীকাল শনিবারও দেশের কোনো কোনো এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের একাংশ। ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ আটক হওয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্য কীভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন, তার ব্যাখ্যা দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। অনুপ্রবেশকারীদের ধাওয়া করতে গিয়ে অসাবধানতাবশত তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েছিলেন বলে দাবি করেছেন ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আটক বিএসএফ সদস্যের নাম কনস্টেবল জেসি যোগী। সংশ্লিষ্ট বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে স্থানীয় বাংলাদেশিদের একটি দল ভারতের একটি গ্রামে প্রবেশ করলে এ ঘটনা ঘটে। সীমান্তের ওই এলাকায় কোনো কাঁটাতারের বেড়া নেই এবং উভয় পাশেই মানুষের বসতি রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক ভারতীয় কর্মকর্তা জানান, বিএসএফ সদস্য ওই ব্যক্তিদের ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তারা নির্দেশ অমান্য করে চলে যেতে থাকলে তিনি পায়ে হেঁটে তাদের পিছু নেন। এ সময় তার কাছে প্রাণঘাতী ও প্রাণঘাতী নয়—দুই ধরনের অস্ত্রই ছিল। তবে তিনি কোনো অস্ত্র ব্যবহার করেননি।
ওই কর্মকর্তা আরও দাবি করেন, সীমান্তে বেড়া না থাকায় ধাওয়ার একপর্যায়ে ভুলবশত বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন জেসি যোগী। তখন ওই ব্যক্তিরা তাকে ঘিরে ধরে আটক করেন এবং পরে বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করেন। এরপর তাকে সিলেটের বিজিবির বিছনাকান্দি ক্যাম্পে নেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় বিএসএফ সদস্যের কাছে একটি ইনসাস রাইফেল, একটি ওয়াকিটকি এবং প্রাণঘাতী নয় এমন একটি পাম্প-অ্যাকশন বন্দুক ছিল। পতাকা বৈঠকের পর এসব সরঞ্জাম বিএসএফের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় আটক বিএসএফ সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এদিকে, ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অনুপ্রবেশকারীদের বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের বিষয়ে আপত্তি জানায় বিএসএফ। বৈঠক শেষে আটক বিএসএফ সদস্যকে ছেড়ে দেওয়া হয়।
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন (বাঁ থেকে) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক শেষ হয়েছে। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে আজ বৃহস্পতিবার এ বৈঠক হয়। বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা ধরে চলে।
বৈঠক শেষে তিন দেশ পরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সুবিধার জন্য এ উদ্যোগ নেওয়া হবে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত যৌথ ‘শান্তি ঘোষণায়’ এ কথা বলা হয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, তিন নেতা জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহের গুরুত্বের বিষয়টি আবারও নিশ্চিত করেছেন। পারমাণবিক যুদ্ধে জয় পাওয়া সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনোই শুরু করা উচিত নয় বলেও তাঁরা একমত হয়েছেন। পারমাণবিক ঝুঁকি কমানো ও পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকাতে তিন দেশ আলোচনা অব্যাহত রাখবে।
এমন এক সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বৈঠক অনুষ্ঠিত হলো, যখন বিশ্বজুড়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ইউক্রেন যুদ্ধ, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং আন্তর্জাতিক বাণিজ্য বিরোধ নিয়ে উত্তেজনা চলছে। রাশিয়ার সংবাদমাধ্যম আরটি জানায়, বৈঠকের আগে তিন নেতার মধ্যে আলাদা আলোচনা হয়।
অ্যাপেক সম্মেলনের মূল অধিবেশনের পর পুতিন ও ট্রাম্প দ্বিপক্ষীয় বৈঠক করেন। এর আগে পুতিন ও সি দুই ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা করেন। পরে পুতিন সেই আলোচনাকে ‘ফলপ্রসূ’ বলে বর্ণনা করেন। সিকে তিনি ‘ভালো বন্ধু’ বলেও উল্লেখ করেন।
গত বুধবার শেনঝেন বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান সি। সি–এর জন্য এটি ছিল বিরল ঘটনা। কারণ, প্রেসিডেন্ট হওয়ার পর থেকে কোনো বিশ্বনেতাকে স্বাগত জানাতে এর আগে সি কখনো বিমানবন্দরে উপস্থিত হননি।
বিমানবন্দরে সি ও ট্রাম্প সংক্ষিপ্ত সময়ের জন্য আলিঙ্গনও করেন। পরে সি বলেন, গত সেপ্টেম্বরে ওয়াশিংটন সফরের সময় ট্রাম্প তাঁকে ব্যক্তিগতভাবে স্বাগত জানিয়েছিলেন। সেই সৌজন্যের জবাব দিতেই তিনি বিমানবন্দরে গিয়েছেন।
রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় পড়া শুরু করেছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালতে এ রায় ঘোষণা শুরু হয়।
রায় পাঠের শুরুতেই মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম সহিংসতা এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলার তথ্য তুলে ধরেন আদালত।আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি আদালতের পর্যবেক্ষণগুলো পড়ে শোনানো শুরু করেন। তিনি জানান, ‘প্রমাণ থেকে এটি প্রতিষ্ঠিত হয় যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নির্বিচারে হত্যাকাণ্ড,’ যৌন সহিংসতা এবং অন্যান্য নৃশংসতায় লিপ্ত ছিল। তিনি আরও বলেন, প্রমাণ থেকে দেখা যায় যে, রোহিঙ্গা গ্রামগুলোকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আদালত জানিয়েছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক মানুষকে হত্যা করেছে। তারা ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে ও বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে।তবে রায় পাঠের প্রক্রিয়া এখনো চলমান। গণহত্যার অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত আইনি সিদ্ধান্ত ও মামলার অন্যান্য নির্দেশনা রায়ে কীভাবে উঠে আসে, তা জানার জন্য পুরো রায় ঘোষণা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
কী এই মামলা, কেন এত গুরুত্বপূর্ণ?
রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযান ও ব্যাপক নির্যাতনের ঘটনায় দেশটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে ২০১৯ সালের ১১ নভেম্বর আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থন নিয়ে এ মামলা করে।গাম্বিয়ার অভিযোগ, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মাধ্যমে রোহিঙ্গাদের ওপর হত্যা, ধর্ষণ, নির্যাতন, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির মতো ঘটনা ঘটানো হয়। এসব কর্মকাণ্ডের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করে গাম্বিয়া।
২০১৭ সালের ওই অভিযানের পর অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের অনেকেই হত্যাকাণ্ড, গণধর্ষণ, নির্যাতন এবং গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। জাতিসংঘের তদন্ত দলও ওই অভিযানে গণহত্যার উপাদান থাকার কথা উল্লেখ করেছিল।মিয়ানমার অবশ্য গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছিল। রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্য ছিল- এমন অভিযোগও তারা প্রত্যাখ্যান করেছে।
মামলার পটভূমি
রোহিঙ্গা সংকটের আন্তর্জাতিক আইনি লড়াই শুরু হয় ২০১৯ সালে গাম্বিয়ার মামলার মধ্য দিয়ে। ওই বছরের ১১ নভেম্বর দেশটি আইসিজেতে আবেদন করে। মামলায় মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয় এবং রোহিঙ্গাদের সুরক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়।২০২০ সালের ২৩ জানুয়ারি আইসিজে মিয়ানমারকে রোহিঙ্গাদের সুরক্ষায় অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। আদালত রোহিঙ্গাদের গণহত্যা সনদের আওতায় সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং গণহত্যার সম্ভাব্য প্রমাণ সংরক্ষণ করতে বলে।
পরবর্তী সময়ে মিয়ানমার আদালতের এখতিয়ার ও গাম্বিয়ার মামলা করার গ্রহণযোগ্যতা নিয়ে আপত্তি জানায়। তবে ২০২২ সালের ২২ জুলাই আইসিজে সেই আপত্তি খারিজ করে মামলাটি শুনতে আদালতের এখতিয়ার রয়েছে এবং গাম্বিয়ার আবেদন গ্রহণযোগ্য বলে সিদ্ধান্ত দেয়।
এরপর মামলার মূল শুনানি শুরু হয়। ২০২৬ সালের জানুয়ারিতে গাম্বিয়া ও মিয়ানমার উভয় পক্ষ আদালতে তাদের যুক্তি উপস্থাপন করে। গাম্বিয়া গণহত্যার অভিযোগের পক্ষে প্রমাণ তুলে ধরে, অন্যদিকে মিয়ানমার দাবি করে, গণহত্যার অভিযোগ প্রমাণিত হয়নি।
সূত্র: আল-জাজিরা, নিউইয়র্ক টাইমস