আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্যসহ আট দেশ।
আল জাজিরা লিখেছে, শনিবার ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক ফরাসি মন্ত্রণালয় প্রকাশিত এক যৌথ বিবৃতিতে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, ফ্রান্স, লুক্সেমবার্গ, নরওয়ে, পোল্যান্ড ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা এ আহ্বান জানান।
তাদের ভাষ্য, ফিলিস্তিন কর্তৃপক্ষের গণতান্ত্রিক নবায়নের জন্য নির্বাচন অপরিহার্য। ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ টিকিয়ে রাখার জন্য এটি গুরুত্বপূর্ণ।এর আগে গত অক্টোবরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আইনসভার নির্বাচন স্থগিত করেন। ২০০৬ সালের পর প্রথমবারের মতো এই নির্বাচন শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অক্টোবরে আইনসভার নির্বাচন স্থগিত করেন। ২০০৬ সালের পর প্রথমবারের মতো এই নির্বাচন শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে তিনি নির্বাচনের নতুন তারিখ ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর নির্ধারণ করেন। একই দিনে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনেরও ঘোষণা দেন।
আব্বাসের নেতৃত্বাধীন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নির্বাহী কমিটি গত মাসে জানায়, অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজায় নির্বাচন আয়োজনের অনুকূল পরিবেশ নেই।
তাদের ভাষ্য, ইসরায়েল গাজায় নির্বাচনি সামগ্রী ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দেয়নি।
পররাষ্ট্রমন্ত্রীদের বিবৃতিতে বলা হয়, ‘ফিলিস্তিনে সর্বশেষ জাতীয় নির্বাচনের বিশ বছর পরও’ ফিলিস্তিনিরা ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছেন।
“ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোর মূলে থাকা গণতান্ত্রিক নীতিগুলো টিকিয়ে রাখতে অবাধ ও স্বচ্ছ নির্বাচন আয়োজন অপরিহার্য।”
যৌথ বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতি দেশগুলোর অব্যাহত সমর্থনের সঙ্গে সংস্কার ও গণতান্ত্রিক নবায়নের অঙ্গীকারও জড়িত।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস গত মাসে বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে নির্বাচন ‘অনেক আগেই হওয়া উচিত ছিল’।
আল জাজিরা লিখেছে, ৯০ বছর বয়সী মাহমুদ আব্বাস সর্বশেষ ২০০৫ সালে নির্বাচিত হন। ২০০৯ সালে তার মেয়াদ শেষ হলেও এরপর থেকে তিনি ডিক্রির মাধ্যমে শাসন চালিয়ে আসছেন।
২০২৫ সালের সেপ্টেম্বরে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে লিখিতভাবে আইনসভা ও প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন আব্বাস।
২০০৬ সালের সর্বশেষ সংসদ নির্বাচনে জয়ী হয়ে গাজায় সরকার গঠন করেছিল হামাস। এরপর থেকেই ফিলিস্তিন কর্তৃপক্ষের সংখ্যাগরিষ্ঠ দল আব্বাসের ফাতাহর সঙ্গে হামাসের বিরোধ ও রাজনৈতিক বিভক্তি চলছে।
প্রতীকী ছবি
জীবন-মৃত্যুর ব্যাপার। তাতেই প্রশ্নের মুখে পড়ে গেছে বিবাহিত জীবন। ভূমিকম্পের সময় নায়কোচিতভাবে বাঁচানোর চেষ্টা না করে দৌড়ে পালানোয় নিজ স্বামীকে ডিভোর্স দিয়েছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার এক নারী। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক অ্যাকাউন্টে @evanalexisoliver নামে নিজের বিবাহিত জীবন সম্পর্কে এমই এক চমকপ্রদ তথ্য প্রকাশের পর থেকেই আলোচনায় রয়েছেন তিনি।
টিকটকে প্রকাশিত ভিডিওতে ওই নারী বলেন, একদিন আমরা একটি রেস্তোরাঁয় ছিলাম। এমন সময় ভূমিকম্প হয়। আশপাশে যারা ছিল তারা সবাই তাদের সঙ্গীকে উঠে দাঁড়াতে বা টেবিলের নিচে লুকোতে সাহায্য করছিল। আর আমার স্বামী টেবিল থেকে লাফিয়ে দৌড়ে পালায়।
তিনি আরও জানান, তার স্বামীর ধারণা ছিল তিনি (এই নারী) তাকে দেখতে পাননি। কিন্তু, রেস্তোরাঁয় তারা যেখানে বসে খাচ্ছিলেন তার স্বামী ঠিক তার উল্টোপাশেই গিয়ে লুকান। যদিও তাকে যে দেখা যাচ্ছিল তা তিনি বুঝতে পারেননি।
ভিডিওতে তিনি জানান, ভূমিকম্পে ওই সময় কেউ আহত হয়নি। তবে, দুঃখজনক ব্যাপার হলো তার অসহায়ত্ব দেখে রেস্তোরাঁয় যারা খাবার পরিবেশন করছিলেন তারাও দুঃখপ্রকাশ করেন।
এদের মধ্যে একজন এসে তিনি ঠিক আছেন কি না তা জানতে চান। এরপর ওই নারীকে উদ্দেশ্য করে রেস্তোরাঁর ওই কর্মী বলেন, এটা খুবই অদ্ভুত যে সে (ওই নারীর স্বামী) আপনাকে এভাবে ফেলে চলে গেল।
টিকটক ভিডিওতে এই নারী জানান, ঘটনাটি তার জন্য খুবই অপমানসূচক ছিল। তিনি বলেন, এটা খুবই অদ্ভুত ও লজ্জাজনক ছিল। সে আমার কথা ভাবলোই না।
সূত্র: নিউ ইয়র্ক পোস্ট
বেঞ্জামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকট
ইসরায়েলে জাতীয় জোট সরকারের অংশ হিসেবে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটের প্রথমে প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টিতে একমত হয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
এতে নেতানিয়াহু বলেন, একজন নেতা হিসেবে আমার দায়িত্বের কারণে সবচেয়ে বড় দলের আদর্শের পাশাপাশি সবকিছুই এখন একপাশে সরিয়ে রাখাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। তিনি বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে প্রাথমিকভাবে দায়িত্ব পালনে প্রস্তুত বলেও জানান নেতানিয়াহু।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের জন্য চলতি মাসের শুরুর দিকে আইজেনকটকে ২৮ দিনের সময় বেঁধে দেন। এরপর আইজেনকট তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সমঝোতার আহ্বান জানান। এর আগে, শুক্রবার আইজেনকট নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টির বিরুদ্ধে ৬ ডিসেম্বরের ডেডলাইনের মধ্যে সরকার গঠনের আলোচনায় কালক্ষেপণের অভিযোগ আনেন।
অন্য তিনটি বিরোধী ইহুদি দলসহ আইজেনকটের মধ্যপন্থি ইয়াশার পার্টি অক্টোবরের নির্বাচনে ৪৮টি আসনে জয়লাভ করেছে। নির্বাচনে নেতানিয়াহুর ব্লক ৫৩টি আসন পায়। এতে করে দুই ব্লকের কেউই ১২০ আসনের নেসেটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি।
দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন, সাবেক সেনাপ্রধান আইজেনকটকে সরকার গঠনের আহ্ববান জানানোর আগে তিনি নির্বাচনের পরের সপ্তাহে সবগুলো রাজনৈতিক দলের সঙ্গেই কথা বলেছেন।
ইসরায়েলের সাম্প্রতিক এ নির্বাচনে ইউনাইটেড আরব লিস্ট ও জয়েন্ট লিস্ট নামে দুটি আরব সংখ্যাগরিষ্ঠ ব্লক যৌথভাবে ১৯টি আসনে জয় পায়, যা ছিল ইসরায়েলের নির্বাচনে এক অভূতপূর্ব ঘটনা। এতে করে ব্লক দুটি সম্ভাব্য ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হয়। তবে, নির্বাচনের আগে একটি বাদে বাকি সব ইহুদি দলই সরকার গঠনে তাদের সঙ্গে কাজ না করার ব্যাপারে দৃঢ় অবস্থান ব্যক্ত করে।
এদিকে, সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আইজেনকট অনেকটাই এগিয়ে গেছেন। ইসরায়েল বেতেনু পার্টি ও দ্য ডেমোক্র্যাটস তার দলের সঙ্গে জোট গঠনে রাজি হয়েছে।
সূত্র: বিবিসি
যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন বিমানবাহিনীর একটি ঘাঁটিতে চলতি মাসে একসঙ্গে ছয়টি ড্রোনের অনুপ্রবেশ ঠেকিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এ ঘটনার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে বলা হয়, গত ১৩ নভেম্বর যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) লেকেনহিথ ঘাঁটির আকাশে একাধিক ড্রোন দেখা যায়। পরিস্থিতি মোকাবিলায় মার্কিন বাহিনী ড্রোন প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করে। তবে ড্রোনগুলোকে ভূপাতিত বা আটক করার পর সেগুলোর ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়নি। ব্রিটিশ কিংবা মার্কিন কোনো সদস্যই সেগুলো উদ্ধার করতে পারেননি।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, ১৩ নভেম্বর লেকেনহিথ ঘাঁটিতে অনুমোদনহীন ড্রোন চলাচলের খবর পেয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুলিশ, সাফোক পুলিশ ও মার্কিন বিমানবাহিনীর নিরাপত্তা সদস্যরা যৌথভাবে কাজ করেন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং ঘাঁটিতে স্বাভাবিক নিরাপত্তা ও বাহিনী সুরক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনা হয়।
এ ঘটনায় ঘাঁটিতে থাকা মার্কিন বিমানবাহিনীর সদস্যরা সন্দেহজনক ড্রোন তৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নেন। সে সময় মার্কিন বিমানবাহিনীর এক মুখপাত্র জানিয়েছিলেন, এতে কোনো সামরিক সদস্য আহত কিংবা অবকাঠামোর ক্ষতি হয়নি।
এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যের আরেকটি মার্কিন বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। ইরান-সংশ্লিষ্ট হুমকির কারণে সেখান থেকে মার্কিন বি-১ বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছিল বলে গত মাসে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে ফেয়ারফোর্ডের ঘটনা কিংবা যুক্তরাজ্যে অন্য কোনো অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তেহরান। ব্রিটিশ কর্তৃপক্ষ অবশ্য কয়েক বছর ধরেই দেশটিতে ভিন্নমতাবলম্বী এবং ইসরায়েলি ও ইহুদি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ষড়যন্ত্র ও হত্যাচেষ্টায় ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ করে আসছে।
সূত্র : রয়টার্স
সামরিক বাহিনীর বিমান হামলার পরের দৃশ্য
মিয়ানমারে সামরিক বাহিনীর চালানো তিনটি বিমান হামলায় গতকাল শনিবার অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক আদালত গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করার পর থেকে বোমা হামলা বেড়েছে দেশটিতে। এসব হামলায় প্রাণহানির সংখ্যাও বেড়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মো বাই এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে চালানো হামলায় প্রায় ২০ জন নিহত হন। প্রত্যক্ষদর্শীর ধারণ করা একটি ভিডিওতে রক্তাক্ত আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখা গেছে।
তবে বার্তা সংস্থা এএফপি স্বাধীনভাবে এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।একই দিনে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে আরও দুটি বোমা হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে।
এর আগে গত বৃহস্পতিবার মিয়ানমারের মধ্যাঞ্চলে হামলা হয়। এরপর আবার এই তিনটি হামলার ঘটনা ঘটল। মিয়ানমারের নির্বাসিত স্বঘোষিত ‘জাতীয় ঐক্য সরকার’(এনইউজি) জানিয়েছে, বৃহস্পতিবারের ওই হামলায় ২৯ জন নিহত হয়েছেন।
নজরদারি সংস্থা অ্যাকলেড জানিয়েছে, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।
মো বাইয়ের হামলার বিষয়ে এক প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, বোমা হামলার আগে তিনি একটি উড়োজাহাজ উড়ে যাওয়ার শব্দ শুনেছিলেন। সংঘাতের কারণে বাস্তুচ্যুত হওয়া দুজনের বিয়ের অনুষ্ঠানে ওই বোমা ফেলা হয়।
মো বাই শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে শহরের বাইরে শান ও কায়াহ (যা কারেন্নি নামেও পরিচিত) রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিরোধীরা সক্রিয় রয়েছে। সেখানে বাস্তুচ্যুত অনেকে বসবাস করেন।
ঘটনাস্থলে ছুটে যাওয়া ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি ১৭ জনের মরদেহ’ এবং অনেক আহত মানুষকে দেখতে পাই। তিনি আরও বলেন, ‘আমি হতভম্ব হয়ে পড়েছিলাম এবং বুঝতে পারছিলাম না কাকে আগে উদ্ধার করব।’
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ওই প্রত্যক্ষদর্শী আরও বলেন, ‘আমার ভাতিজিসহ আরও কিছু মানুষ নিখোঁজ রয়েছেন। আমি এখনো তাকে খুঁজে পাইনি।’
শিবিরে থাকা বাস্তুচ্যুত মানুষদের সহায়তাকারী ‘নুয়ে উ ইয়াং চি ফাউন্ডেশনের’ প্রধান ২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন, যাঁদের মধ্যে ৫টি শিশু রয়েছে। এ ছাড়া ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। তিনি জানান, উদ্ধারকারীরা পৌঁছানোর পর সেখানে দ্বিতীয় আরেকটি বোমা ফেলা হয়।
এই তিনটি হামলার কোনোটির বিষয়েই মন্তব্যের জন্য মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মো বাইয়ের হামলার ওই প্রত্যক্ষদর্শী ছয়টি ভিডিও দিয়েছেন। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যায়, তিনি রক্তাক্ত একটি মেয়েশিশুকে নিয়ে যাচ্ছেন। শিশুটি কাঁদছিল।
মেয়েটি তাঁকে জিজ্ঞাসা করছিল, ‘আমার মা-বাবা কোথায়? তাঁদের কি কিছু হয়েছে? তাঁরা কোথায়? দয়া করে আমার মাকে ফোন করুন।’ তিনি উত্তর দেন, ‘চিন্তা কোরো না, আমি তোমার মাকে ফোন করব। কিন্তু চলো, আগে চিকিৎসার জন্য ক্লিনিকে যাই।’ জবাবে মেয়েটি বলে, ‘আমার মা-বাবার কাছে দেওয়ার মতো টাকা নেই।’
গতকাল রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ শহরে আলাদা একটি হামলায় একটি বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় একটি অন্ত্যেষ্টিক্রিয়া সংস্থার প্রধান হ্লা মং উ জানিয়েছেন, এ ঘটনায় ৯ জন মারা গেছেন।
ঘটনাস্থল থেকে পাওয়া এএফপির ভিডিও চিত্রে মানুষকে ধ্বংসস্তূপের ভেতর থেকে জিনিসপত্র খুঁজতে দেখা গেছে। অন্য একটি স্থানে সারি করে রাখা মরদেহের পাশে বসে শোকাহত স্বজনেরা বিলাপ করছিলেন।
৬২ বছর বয়সী বাস্তুচ্যুত এক ব্যক্তি হ্লা থান অং জানান, তিনি ধ্বংসস্তূপের নিচ থেকে তাঁর ১৭ বছর বয়সী মেয়েকে টেনে বের করেছিলেন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মেয়েটি মারা যায়। তিনি বলেন, ‘মেয়েকে কোলে নিয়ে দৌড়ানোর সময় আমার মাথায় শুধু একটি চিন্তাই ছিল, যেকোনোভাবে ওর জীবন বাঁচানো। এখন ও চলে গেছে, তাই আমার বেঁচে থাকারও আর কোনো অর্থ নেই।’
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল গভীর রাতে একই এলাকায় দ্বিতীয় দফায় বিমান হামলা চালানো হয়। যাচাই না–হওয়া ছবিগুলোয় সেখানে বেশ কয়েকজন নিহতের দৃশ্য দেখা গেছে।
মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশের নির্ধারিত সফর স্থগিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭ ও ৮ ডিসেম্বর দুই দিনের সরকারি সফরে ঢাকায় আসার কথা ছিল তার। বাংলাদেশ সফরের পর থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনাও স্থগিত করেছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গণমাধ্যম।
নির্ধারিত সফরে ৭ ডিসেম্বর ঢাকায় পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসার কথা ছিল।
গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনেও আনোয়ার ইব্রাহিমের সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল।প্রধানমন্ত্রী তারেক রহমান গত জুনে আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া সফর করেন। দায়িত্ব গ্রহণের পর সেটিই ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর।
এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সফরে এসেছিলেন আনোয়ার ইব্রাহিম। ওই সময় তিনি তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
সূত্র: দ্য ডেইলি স্টার
মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলে একটি স্কুল ও বৌদ্ধবিহার প্রাঙ্গণে বিমান হামলার ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও স্কুলশিক্ষার্থীও রয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির সামরিক বাহিনীর চালানো এ হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও বিরোধী পক্ষ।শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং জান্তা সরকারবিরোধী জাতীয় ঐক্যের সরকার (এনইউজি) এ তথ্য প্রকাশ করে।
এনইউজি ও স্থানীয় বিদ্রোহী কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে সিনবাউংওয়ে শহরের একটি স্কুল ও বৌদ্ধবিহার এলাকায় হামলা চালানো হয়। ওই সময় সেখানে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। হামলায় বিমান থেকে ৫০০ পাউন্ড ওজনের চারটি বোমা, কামানের ১২টি গোলা এবং সাতটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয় বলে যৌথ বিবৃতিতে দাবি করা হয়েছে।
এনইউজির মুখপাত্র নে ফোন ল্যাট জানান, হামলায় অন্তত ৯ জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া নারী ও শিশুসহ ২০ জনের বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর দাবি, হামলার সময় ওই এলাকায় কোনো ধরনের সংঘর্ষ চলছিল না। বিদ্রোহী যোদ্ধারা মাঝেমধ্যে গ্রামটিতে যাতায়াত করলেও সেখানে নিয়মিত কোনো সামরিক তৎপরতা ছিল না বলে জানান তিনি।
তবে মিয়ানমারের সেনাবাহিনীর সমর্থক কয়েকটি টেলিগ্রাম চ্যানেলের দাবি, বিদ্রোহী বাহিনীর একটি সমাবেশ ও স্নাতক সমাপনী অনুষ্ঠানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। এ বিষয়ে শনিবার পর্যন্ত দেশটির সামরিক বাহিনী কিংবা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এনইউজির পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে ২০২৬ সালের অক্টোবরের শেষ পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় ১৫ হাজারের বেশি বিমান হামলা চালিয়েছে সামরিক বাহিনী। এসব ঘটনায় অন্তত ৬ হাজার ৪৬৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৬২টি স্কুল ও ৮৪৮টি ধর্মীয় স্থাপনা।
হামলার নিন্দা জানিয়ে এনইউজি ও স্থানীয় বিদ্রোহী কর্তৃপক্ষ ঘটনাটিকে যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে। এ ঘটনায় ভবিষ্যতে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
একই সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে উড়োজাহাজের জ্বালানি, গোলাবারুদ ও ড্রোন প্রযুক্তি সরবরাহ বন্ধে জাতিসংঘ, আসিয়ান এবং প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিরোধী পক্ষ।
২০২১ সালে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে সংঘাত অব্যাহত রয়েছে। দীর্ঘদিনের এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রায় এক লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তবে বিমান হামলার হতাহতের সংখ্যা ও ঘটনার বিস্তারিত তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।