ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৪৪ পিএম

এশিয়া সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে তার আগ্রহ সত্ত্বেও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে কোনো বৈঠক হয়নি। এএফপির প্রতিবেদনে বিশ্লেষকদের বরাতে জানানো হয়েছে, দুই দেশের আস্থার সংকট, পারমাণবিক ইস্যু এবং মস্কো-বেইজিংয়ের সঙ্গে পিয়ংইয়ংয়ের ঘনিষ্ঠতার কারণেই এ সাক্ষাৎ সম্ভব হয়নি।

এর আগে প্রথম মেয়াদে ট্রাম্প ও কিম তিনবার বৈঠক করলেও ২০১৯ সালের হ্যানয় আলোচনা কোনো সমঝোতা ছাড়াই ভেস্তে যায়। এরপর প্রায় ৬০ ঘণ্টার ট্রেনযাত্রায় খালি হাতে দেশে ফেরেন কিম। দ্বিতীয় মেয়াদেও ট্রাম্প একাধিকবার বৈঠকের ইঙ্গিত দিলেও পিয়ংইয়ং সাড়া দেয়নি। এবারের সফরে ট্রাম্প ব্যস্ততার কথা বললেও কিম নীরব থেকে স্কি রিসোর্ট, পেকতু পাহাড় ও নৌবাহিনী বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ব্যস্ত ছিলেন।

কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিম উল-চুলের মতে, পর্দার আড়ালে কার্যকর কূটনৈতিক যোগাযোগ হয়নি। হ্যানয়ের অভিজ্ঞতার পর যুক্তরাষ্ট্র সরকারের ওপর আস্থা রাখতে পারছেন না কিম। ডংগুক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কো ইউ-হোয়ান বলেন, বিশেষ দূত ও প্রস্তুতি ছাড়া কেবল ট্রাম্পের রাজনৈতিক সাফল্যের ছবিতে যুক্ত হওয়ার কোনো কারণ কিমের ছিল না।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বাস্তব পদক্ষেপ না নিলে পিয়ংইয়ং আলোচনায় আগ্রহী হবে না। অথচ ওয়াশিংটন এখনো পারমাণবিক অস্ত্র ত্যাগের দাবিতে অনড়। পাশাপাশি ইউক্রেন যুদ্ধের বিনিময়ে রাশিয়ার সহায়তা, চীনের সঙ্গে অর্থনৈতিক ঘনিষ্ঠতা এবং হ্যাকিং ও ক্রিপ্টো চুরির মাধ্যমে অর্থ সংগ্রহের সুযোগ থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার তাগিদ কমেছে উত্তর কোরিয়ার।

তবে উত্তর কোরিয়া অধ্যয়ন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট ইয়াং মু-জিনের মতে, দুই নেতার ভবিষ্যৎ সাক্ষাতের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ৫:০৬ পিএম


মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ইসরায়েলের জন্যও গুরুত্বপূর্ণ আইনি নজির তৈরি করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক আইন ও রাজনীতি বিশ্লেষকেরা। তাদের মতে, এই রায়ের মধ্য দিয়ে গণহত্যার অভিপ্রায় প্রমাণে সরাসরি বা অকাট্য দলিলের পাশাপাশি পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণের গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে। ফলে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে চলমান গণহত্যার মামলাতেও এর প্রভাব পড়তে পারে।বৃহস্পতিবার (২০ নভেম্বর) ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায় প্রমাণের মানদণ্ড নিয়ে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছে। কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করতে ‘স্মোকিং গান’ বা একক অকাট্য প্রমাণ থাকা বাধ্যতামূলক নয় বলে রায়ে উঠে এসেছে।


অবশ্য একটি দেশের বিরুদ্ধে আনা অভিযোগের বিচার অন্য দেশের ক্ষেত্রে সরাসরি প্রয়োগ করা যায় না। প্রতিটি মামলার তথ্য, প্রমাণ ও পরিস্থিতি আলাদাভাবে বিবেচনা করেন বিচারকেরা। তবে মিয়ানমারের বিরুদ্ধে মামলায় গণহত্যার অভিপ্রায় নির্ধারণে যে আইনি ব্যাখ্যা এসেছে, তা গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে দক্ষিণ আফ্রিকার করা মামলায় প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে।


গণহত্যা প্রমাণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অপরাধ সংঘটনের অভিপ্রায় প্রতিষ্ঠা করা। ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ কিংবা জাতিগত নিধনযজ্ঞ সংঘটিত হলেও কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য প্রমাণ করা না গেলে তা আইনের সংজ্ঞায় গণহত্যা হিসেবে বিবেচিত হয় না।


দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের একটি অংশ এবং ইসরায়েলের আইনজীবীরা বলে আসছেন, এই অভিপ্রায় প্রমাণ করা অত্যন্ত কঠিন। তাদের যুক্তি, নাৎসি জার্মানির ‘ফাইনাল সলিউশন’-এর মতো লিখিত নির্দেশনা বা সরাসরি প্রমাণ ছাড়া গণহত্যার অভিযোগ প্রতিষ্ঠা করা প্রায় অসম্ভব। পাশাপাশি অভিযুক্ত রাষ্ট্রের কর্মকাণ্ডের পেছনে গণহত্যার অভিপ্রায়ই একমাত্র যৌক্তিক ব্যাখ্যা, সেটিও প্রমাণ করতে হয়।


তবে আইসিজের বৃহস্পতিবারের রায় এই ধারণায় পরিবর্তন এনেছে। ১৯১ পৃষ্ঠার রায় পাঠের সময় বিচারক ইউজি ইয়াসিসাওয়া বলেন, মামলায় গণহত্যার উদ্দেশ্য প্রমাণের মতো কোনো একক অকাট্য দলিল ছিল না। তবে বিপুল পরিমাণ পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত সিদ্ধান্তে পৌঁছেছে। নয় বনাম ছয় ভোটে সংখ্যাগরিষ্ঠ বিচারকেরা মনে করেছেন, মিয়ানমারের সামরিক জান্তার কর্মকাণ্ডের অন্য কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই।


২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের লক্ষ্য করে মিয়ানমারের সেনাবাহিনীর শুরু করা ‘অপারেশন ক্লিয়ারেন্স’-এ অন্তত ১০ হাজার নারী, পুরুষ ও শিশু নিহত হন। বাস্তুচ্যুত হন সাত লাখের বেশি মানুষ। মিয়ানমার সরকার ও সেনাবাহিনী ওই অভিযানকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্রোহ দমনের পদক্ষেপ হিসেবে দাবি করলেও আইসিজে সেই ব্যাখ্যা গ্রহণ করেনি।


রায়ে দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের অধিকার থেকে বঞ্চিত রাখা, বিদ্বেষমূলক বক্তব্য, নির্বিচারে হত্যা ও ধর্ষণ, শিশুদের ওপর হামলা, বুলডোজার দিয়ে গ্রাম ধ্বংস, ব্যাপক বাস্তুচ্যুতি এবং শরণার্থী শিবিরে আটকে রাখার ঘটনাগুলো বিবেচনায় নেওয়া হয়েছে। বিচারক ইয়াসিসাওয়ার ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ডের সমন্বিত চিত্র মিয়ানমারের সামরিক জান্তার গণহত্যার অভিপ্রায় থাকার সিদ্ধান্তে পৌঁছানোর ভিত্তি তৈরি করেছে।


রোহিঙ্গা মামলার এই নজিরের প্রভাব শুধু গণহত্যার অভিপ্রায় প্রমাণে পারিপার্শ্বিক সাক্ষ্যের ব্যবহারেই সীমাবদ্ধ নয়। আত্মরক্ষার যুক্তিতে পরিচালিত কোনো সামরিক অভিযানের পাশাপাশি গণহত্যার অভিপ্রায়ও থাকতে পারে, আদালতের পর্যবেক্ষণে সেই বিষয়টিও উঠে এসেছে।


এ ছাড়া কোনো ফৌজদারি আদালতের আগের রায়ের অপেক্ষা না করে জাতিসংঘের তদন্তকারী সংস্থাগুলোর সংগৃহীত সাক্ষ্য-প্রমাণ বিবেচনায় নিয়েছেন বিচারকেরা। একই সঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে, সরাসরি সংঘাতে জড়িত নয় এমন তৃতীয় কোনো রাষ্ট্রও গণহত্যার অভিযোগে আইসিজেতে মামলা করতে পারে। মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করেছিল গাম্বিয়া।


গাজাসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ২০২৩ সালের ৩০ ডিসেম্বর আইসিজেতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। গাম্বিয়ার মতো দক্ষিণ আফ্রিকাও ওই সংঘাতের সরাসরি পক্ষ নয়।


যুক্তরাজ্যভিত্তিক স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের আইন বিভাগের অধ্যাপক নিমার সুলতানি মনে করেন, মিয়ানমারের মামলায় আদালত যেভাবে তথ্য-প্রমাণের ভিত্তিতে আইন প্রয়োগ করেছে, তা গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের বিচারেও গুরুত্বপূর্ণ হতে পারে।


তার ভাষ্য, গাজায় সংঘটিত অপরাধের ব্যাপকতা বিবেচনায় নিলে ইসরায়েলের ক্ষেত্রেও আদালত একই ধরনের সিদ্ধান্তে পৌঁছাতে পারে বলে মিয়ানমারের রায় থেকে জোরালো ইঙ্গিত পাওয়া যায়। এ ছাড়া গণহত্যার অভিপ্রায় পর্যালোচনার সময় আদালত ১৯৭৮ সাল থেকে মিয়ানমার সেনাবাহিনীর চালানো আগের অভিযানগুলোর বিষয়ও বিবেচনায় নিয়েছে। অধ্যাপক সুলতানি এ প্রসঙ্গে ২০০০ সাল থেকে গাজায় ইসরায়েলের একাধিক সামরিক অভিযানের কথা উল্লেখ করেন।

ইসরায়েলের আত্মরক্ষার যুক্তিতে প্রভাব


বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের ক্ষমতাসীন জোট সরকার বর্তমানে তত্ত্বাবধায়ক ভূমিকা পালন করছে। সাম্প্রতিক সাধারণ নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এদিকে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার মুখে রয়েছেন নেতানিয়াহু।


আইসিজে যদি ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে কোনো সিদ্ধান্তে পৌঁছায়, তাহলে দেশটির রাজনৈতিক নেতৃত্বের ওপরও তার প্রভাব পড়তে পারে। নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান গাদি আইজেনকোট বর্তমানে সরকার গঠনের চেষ্টা করছেন। তবে গাজায় যুদ্ধের প্রথম বছর, অর্থাৎ ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিনি ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য ছিলেন। ওই সময় গাজায় প্রাণহানির ঘটনা এবং ইসরায়েলে বিদ্বেষমূলক বক্তব্যের হার ছিল সর্বোচ্চ।


আইসিজের রায়ের পর ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্টের এক বিশ্লেষণে বলা হয়েছে, রায়ের কিছু পর্যবেক্ষণ ইসরায়েলের আত্মরক্ষার যুক্তিকে দুর্বল করতে পারে। কারণ, গণহত্যা নির্ধারণে প্রয়োজনীয় প্রমাণের মানদণ্ড সম্পর্কে আদালতের ব্যাখ্যা আগের ধারণার চেয়ে বিস্তৃত হয়েছে।


বিশ্লেষণে আরও বলা হয়, কোনো জনগোষ্ঠীর একটি অংশ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক পাল্টা অভিযান গণহত্যার পর্যায়ে যেতে পারে। ফলে কোনো রাষ্ট্র আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে, এই যুক্তি একাই গণহত্যার অভিযোগ থেকে দায়মুক্তির নিশ্চয়তা দেয় না।


সূত্র: দ্যা টেলিগ্রাফ

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ২:৫২ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের ওডিশা রাজ্যের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে মধ্য ওডিশার গোপালপুর এলাকায় ঝড়টি আঘাত হানে। উপকূল অতিক্রম করতে ঝড়টির প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।


এর আগে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। স্থলভাগে প্রবেশের সময় ঝড়টির গতিবেগ কমে এলেও উপকূলীয় এলাকায় প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।


বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিঞা বলেন, স্থলভাগে ওঠার সময় সাধারণত ঘূর্ণিঝড়ের গতিবেগ কমে যায়। আকভানের ক্ষেত্রেও তা হয়েছে। তবে উপকূল অতিক্রমের সময় প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।


ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃহস্পতিবার থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে দেশের সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে যশোরে। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, শুক্রবারও দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। আগামীকাল শনিবারও দেশের কোনো কোনো এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ২:৪৮ পিএম

ইনস্টাগ্রামে ‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে’-এমন মন্তব্য করে আলোচনায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই পোস্টে তিনি গত ১৩ বছরে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি পূর্ববর্তী কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সমালোচনা করেন।


সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, জনপ্রিয় ভিডিও গেম জিটিএ-৬ মুক্তির বিষয়টিকে কাজে লাগিয়ে গত ১৩ বছরে ভারতের অগ্রগতির চিত্র তুলে ধরেছেন নরেন্দ্র মোদি। তার সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্টে দেখানো হয়েছে, ২০১৩ সালে জিটিএ-৫ মুক্তির পর থেকে জিটিএ-৬ আসা পর্যন্ত ভারত কীভাবে এগিয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে।’


পোস্টের সঙ্গে দেওয়া একাধিক ছবিতে গত এক দশকে দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে কমে আসাসহ ভারতের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে কংগ্রেসের নেতৃত্বাধীন আগের ইউপিএ সরকারের দিকেও কটাক্ষ করা হয়েছে। পোস্টের ছবিগুলোতে ব্যবহার করা হয়েছে ‘প্রাইসডাউন’ ফন্ট। জিটিএ গেম সিরিজের প্রচ্ছদ ও প্রচারণায় এই মোটা ও নজরকাড়া ফন্টের ব্যবহার বিশেষভাবে পরিচিত।পোস্টে বলা হয়েছে, একসময় ‘ফ্র্যাজাইল ফাইভ’ বা ঝুঁকিপূর্ণ পাঁচ অর্থনীতির একটি হিসেবে পরিচিত ভারত এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতিতে পরিণত হয়েছে। ২০১৩ সালের আগস্টে মরগান স্ট্যানলির এক বিশ্লেষক ‘ফ্র্যাজাইল ফাইভ’ শব্দটি ব্যবহার করেন।


বিদেশি পুঁজির প্রবাহের ওপর অতিরিক্ত নির্ভরশীল এবং বৈশ্বিক আর্থিক পরিস্থিতির পরিবর্তনে ঝুঁকিতে থাকা পাঁচটি উদীয়মান অর্থনীতিকে বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়েছিল। দেশগুলো হলো ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক। এখন আর এই তালিকায় ভারতের নাম নেই।


মোদির পোস্টে ভারতের অন্যান্য অর্জনের মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করা, সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় ব্যাপক উন্নতি, মহাকাশ প্রযুক্তি খাতে দেশটিতে নিবন্ধিত ৪৪০টি স্টার্টআপ এবং বিদ্যুতায়নের ক্ষেত্রে অগ্রগতি।


গেমপ্রেমীদের সঙ্গে সংযোগ তৈরির লক্ষ্যেও পোস্টে একটি বিষয় তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতে উচ্চগতির ইন্টারনেটের দাম প্রতি গিগাবাইটে (জিবি) ৩০৮ রুপি থেকে কমে ৭ দশমিক ৫১ রুপিতে নেমে এসেছে।


এছাড়া মাওবাদমুক্ত দেশ হিসেবে ভারতের আত্মপ্রকাশ এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিকেও মোদির পোস্টে অর্জন হিসেবে উল্লেখ করা হয়েছে।


এনডিটিভি বলছে, তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জনপ্রিয় সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ ব্যবহার করার জন্য পরিচিত প্রধানমন্ত্রী মোদি। পোস্টটি প্রকাশের ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে প্রায় ৬০ হাজার লাইক এবং প্রায় দুই হাজার মন্তব্য পড়ে। বেশির ভাগ ব্যবহারকারীই পোস্টটির প্রশংসা করেছেন বলে দেখা গেছে।


প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মধ্যরাতে মুক্তি পেয়েছে জিটিএ-৬। এর আগের মূল সংস্করণ জিটিএ-৫ মুক্তি পেয়েছিল ১৩ বছর আগে।


ডিজিটাল ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, জনপ্রিয় এই ভিডিও গেম সিরিজের নতুন সংস্করণটি তৈরিতে ১০০ কোটি ডলারের বেশি খরচ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুক্তির আগেই গেমটির প্রি-অর্ডার থেকে আয় হয়েছে প্রায় ১১০ কোটি ডলার। ইতিহাসে কোনো গেমের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ প্রি-অর্ডার থেকে আয়ের রেকর্ড।

সর্বশেষ সব খবর

বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের একাংশ। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৪৩ পিএম

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে নেদারল্যান্ডসে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এক ঐতিহাসিক রায়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেছে এই আদালত।


রায় ঘোষণাকালে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আশ্রয় গ্রহণ করা বাস্তুচ্যুত রোহিঙ্গাদেরকে তাদের নিজেদের ভূমিতে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিতে মিয়ানমারকে দুই বছরের সময় বেঁধে দিয়েছে (আল্টিমেটাম) আইসিজে। খবর আনাদোলু এজেন্সির


প্রতিবেদন অনুযায়ী, যেসব ক্ষতির প্রতিকার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সম্ভব নয়, সেসব ক্ষেত্রে রোহিঙ্গা ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। রায়ে বলা হয়, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া ও সম্পত্তি পুনরুদ্ধারসংক্রান্ত পদক্ষেপের বিষয়ে দুই বছরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে মিয়ানমারকে। তবে ক্ষতিপূরণের পরিমাণ ও ব্যবস্থা পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় নির্ধারণ করা হবে।


রায় পাঠ করার সময় আইসিজের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেন, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি প্রদানবিষয়ক কনভেনশনের অধীনে নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘন করে মিয়ানমার উত্তর রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।


আদালত জানায়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। পাশাপাশি ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে আসার সময় তাদের ওপর হামলা চালিয়েছে।


বিচারকদের পর্যবেক্ষণে বলা হয়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গণহত্যা কনভেনশনে নিষিদ্ধ বিভিন্ন অপরাধ সংঘটিত করেছে। এর পেছনে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল। সহিংসতার ব্যাপকতা ও ধরন সামরিক প্রয়োজনীয়তার সীমা ছাড়িয়ে গিয়েছিল, যা ওই জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার অভিপ্রায়ের প্রতিফলন।


৯-৬ ভোটে প্রমাণিত আরেকটি অভিযোগ সম্পর্কে আদালত রায়ে বলেছে, মিয়ানমার তার নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত বেসামরিক ব্যক্তিদের মাধ্যমে সংঘটিত গণহত্যা প্রতিরোধের বাধ্যবাধকতাও লঙ্ঘন করেছে। একই সঙ্গে গণহত্যার অপরাধীদের শাস্তি দেয়ার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে দেশটি।


রায়ে মিয়ানমারকে অবিলম্বে ও কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে আইসিজে। এর মধ্যে রয়েছে গণহত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের তদন্ত এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করা। এ ছাড়া রোহিঙ্গাদের হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত সম্পত্তি পুনরুদ্ধার কিংবা সমপরিমাণ সম্পত্তি ফিরিয়ে দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, সহিংসতায় আহতদের শারীরিক ও মানসিক পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে মিয়ানমারকে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৫১ পিএম

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ আটক হওয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্য কীভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন, তার ব্যাখ্যা দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। অনুপ্রবেশকারীদের ধাওয়া করতে গিয়ে অসাবধানতাবশত তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েছিলেন বলে দাবি করেছেন ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, আটক বিএসএফ সদস্যের নাম কনস্টেবল জেসি যোগী। সংশ্লিষ্ট বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে স্থানীয় বাংলাদেশিদের একটি দল ভারতের একটি গ্রামে প্রবেশ করলে এ ঘটনা ঘটে। সীমান্তের ওই এলাকায় কোনো কাঁটাতারের বেড়া নেই এবং উভয় পাশেই মানুষের বসতি রয়েছে।


নাম প্রকাশ না করার শর্তে এক ভারতীয় কর্মকর্তা জানান, বিএসএফ সদস্য ওই ব্যক্তিদের ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তারা নির্দেশ অমান্য করে চলে যেতে থাকলে তিনি পায়ে হেঁটে তাদের পিছু নেন। এ সময় তার কাছে প্রাণঘাতী ও প্রাণঘাতী নয়—দুই ধরনের অস্ত্রই ছিল। তবে তিনি কোনো অস্ত্র ব্যবহার করেননি।


ওই কর্মকর্তা আরও দাবি করেন, সীমান্তে বেড়া না থাকায় ধাওয়ার একপর্যায়ে ভুলবশত বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন জেসি যোগী। তখন ওই ব্যক্তিরা তাকে ঘিরে ধরে আটক করেন এবং পরে বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করেন। এরপর তাকে সিলেটের বিজিবির বিছনাকান্দি ক্যাম্পে নেওয়া হয়।


প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় বিএসএফ সদস্যের কাছে একটি ইনসাস রাইফেল, একটি ওয়াকিটকি এবং প্রাণঘাতী নয় এমন একটি পাম্প-অ্যাকশন বন্দুক ছিল। পতাকা বৈঠকের পর এসব সরঞ্জাম বিএসএফের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় আটক বিএসএফ সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


এদিকে, ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অনুপ্রবেশকারীদের বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের বিষয়ে আপত্তি জানায় বিএসএফ। বৈঠক শেষে আটক বিএসএফ সদস্যকে ছেড়ে দেওয়া হয়।


সর্বশেষ সব খবর

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৩১ পিএম

পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর বর্তমান অস্ত্রভাণ্ডার কমিয়ে মাত্র ১০টি করে পারমাণবিক অস্ত্র রাখাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ মন্তব্য করেন তিনি।

এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, এখন মাত্র ১০টি অস্ত্রই যথেষ্ট। আমরা যে ধরনের শক্তির কথা বলছি, সেটি এমনই।’

সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের সঙ্গে রাশিয়া ও চীনের তুলনাও করেন ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ৪ হাজার, রাশিয়ার কাছে ৩ হাজার ৮০০ এবং চীনের কাছে ৪০০ থেকে ৫০০টি পারমাণবিক অস্ত্র রয়েছে।

চীনের পারমাণবিক অস্ত্র তৈরির গতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, বেইজিং ব্যাপকভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করছে এবং আগামী ১০ বছরের মধ্যে এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছাকাছি পৌঁছে যেতে পারে। ট্রাম্প বলেন, ‘আমি চাই না তারা এটি করুক।’

তবে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানো সহজ হবে না বলেও স্বীকার করেন তিনি। তার মতে, যুক্তরাষ্ট্রের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী দেশগুলোকেও নিজেদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার কমাতে রাজি করানো কঠিন হবে।

সর্বশেষ সব খবর