• প্রকাশ : শনিবার ২২ আগস্ট, ২০২৬, সময় : ৭:৫৪ পিএম

ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ করছেন জেলার সাংবাদিকবৃন্দ।


আজ শনিবার(২২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে জেলার সাংবাদিকরা একত্রিত হয়ে এই মিষ্টি বিতরণ করেন। 


এসময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, টিভি জার্নালিস্টের সভাপতি পার্থ সারথী দাস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রোহান সহ জেলা উপজেলা পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


মিষ্টি বিতরণ শেষে সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, ভালো কাজের মূল্যায়ন পেয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ জেলা থেকে রাষ্ট্রপতি পাওয়া আনন্দিত তারা। সংবাদমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার পাশাপাশি একটি সুন্দর রাষ্ট্র গঠন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনটাই প্রত্যাশা সকলের।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ২২ আগস্ট, ২০২৬, সময় : ৮:১১ পিএম

খুলনার লবণচরা থানার হরিণটানা আশিবিঘা বালুর মাঠে আধিপত্য বিস্তার ও মাদক কারবারকে কেন্দ্র করে জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। একটি হত্যার প্রতিশোধ নিতেই মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় হত্যাকাণ্ডটি ঘটানো হয়।


গত শুক্রবার গোপালগঞ্জের মাঝিগাতি বাজার এলাকা থেকে এ ঘটনার মূল অভিযুক্ত টুটপাড়ার শীর্ষ সন্ত্রাসী আলামিন হাসান সাইফি ও তার সহযোগী রফিকুল ইসলাম রফিককে গ্রেপ্তার করে র‌্যাব-৬। পরবর্তীতে সাইফির দেওয়া তথ্যের ভিত্তিতে টুটপাড়া থেকে সাগর নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয় এবং বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শটগান, গুলি, পিস্তল ও চাপাতিলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 


আজ শনিবার (২২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ এসব তথ্য জানান।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ২২ আগস্ট, ২০২৬, সময় : ৭:৪৬ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যুবদল নেতা ইসমাঈল হোসেন তোতাকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


আজ শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার চর এলাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকলমি গ্রামের জিয়ানগর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। চরএলাহী ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন।


সমাবেশে বক্তব্য রাখেন, চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী ইসমাঈল হোসেন তোতা, চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হোসেন মেম্বার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার আবুল খায়ের, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফকির আলম, সাবেক সাধারণ সম্পাদক বশির মেম্বার এবং যুবদল নেতা ইব্রাহীম তোতাসহ স্থানীয় নেতাকর্মীরা।


সমাবেশে বক্তারা বলেন, ইসমাঈল হোসেন তোতার পরিবার দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে নানা হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছে। ৫ আগস্টের পর বিএনপি নেতা তোতা চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা করা হয়। তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত ও দলের জন্য ত্যাগ স্বীকারকারী যুবদল নেতা ইসমাঈল হোসেন তোতাকে চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান বক্তারা।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ২২ আগস্ট, ২০২৬, সময় : ৫:১২ পিএম

দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে কাহারোল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং কাহারোল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গত ২১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে কাহারোল থানাধীন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।


অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের বসতবাড়ীতে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর মধ্যে রয়েছে-Bajaj Discover ১২৫ সিসি, Bajaj Discover ১১০ সিসি, Hero Splendor Plus ১০০ সিসি এবং Hero HF Deluxe ১০০ সিসি। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-কাহারোল উপজেলার ফেরুসাডাঙ্গা এলাকার হবিবুর রহমানের ছেলে মোঃ দুখু মিয়া (৩২), একই এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ এজান, মৃত তেজাম আলীর ছেলে মোঃ জসিম (২৮) এবং সাহাপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে মোঃ মাহাবুর (১৮)।


পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে নিজেদের হেফাজতে রাখা এবং পরবর্তী সময়ে সেগুলো বিক্রি ও সরবরাহের সঙ্গে তারা জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় কাহারোল থানায় মামলা রুজু করা হয়েছে।


চুরি, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানাগুলোতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। কাহারোলে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধারের এ অভিযানও অপরাধ দমনে পুলিশের চলমান কার্যক্রমের অংশ। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের দায়িত্বশীল ও ধারাবাহিক কার্যক্রম অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের চূড়ান্ত সত্যতা তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ২২ আগস্ট, ২০২৬, সময় : ৪:২২ পিএম

নরসিংদীতে চার বছর বয়সী ছেলেকে নিয়ে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছেন এক যুবক। এ সময় ট্রেনটির ধাক্কায় বাবা-ছেলে রেললাইনের মাঝে পড়ে যায় এবং ট্রেনটি তাদের ওপর দিয়ে চলে যায়। তবে দুজনই অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। গতকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নরসিংদী শহরের আরশীনগর রেলক্রসিংয়ের কাছে বীরপুর প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। 


বাবা আল-আমিন (২৭) নরসিংদী সদর হাসপাতালে এবং তার ছেলে আরিয়ান (৪) পাশের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চলন্ত ট্রেনে ছেলেকে নিয়ে ঝাঁপ দিয়ে বেঁচে যাওয়া আল-আমিন নরসিংদী শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকার হাসেম মিয়ার ছেলে।


প্রত্যক্ষদর্শীদের বরাতে রেলওয়ে পুলিশ জানায়, গতকাল শুক্রবার বিকেলের দিকে আল-আমিন তার চার বছরের ছেলে আরিয়ানকে নিয়ে বীরপুর মসজিদের সামনে অবস্থান নেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়। পুনরায় যাত্রা শুরু করে অল্পগতিতে ট্রেনটি বীরপুর প্রাথমিক বিদ্যালয় অতিক্রমের সময় আরিয়ানকে নিয়ে রেললাইনে ঝাঁপ দেন আল-আমিন। ট্রেনটির ধাক্কায় দুজনই ছিটকে রেললাইনের মাঝে পড়ে। এ সময় ট্রেনটি তাদের ওপর দিয়ে চলে যায়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান বাবা-ছেলে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। 


আল-আমিনের বড় ভাই আবদুল কাদের জানান, নরসিংদী সদর হাসপাতাল থেকে নিয়ে আরিয়ানকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ১৬টি সেলাই দেয়া হয়েছে। আল-আমিন এখনো সদর হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।


এ বিষয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক দিলীপ চন্দ্র সরকার বলেন, এ ঘটনায় বাবা-ছেলে দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। কপাল ভালো, ট্রেনটি তাদের ওপর দিয়ে গেলেও কেউ কাটা পড়েননি। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ২২ আগস্ট, ২০২৬, সময় : ৩:৩৯ পিএম

কক্সবাজারে একটি চলন্ত স্লিপার বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় গাড়িতে আগুন দেখে স্থানীয় জনতা এগিয়ে এসে, জানালার কাঁচ ভেঙে শিশু ও নারীসহ প্রায় ৩০ জন যাত্রীকে উদ্ধার করেন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজারের রামু উপজেলার কলঘর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) স্লিপার বাসটি আইকন পরিবহনের। 


কক্সবাজার থেকে ৩০ জন যাত্রী নিয়ে এটি ঢাকায় আসছিল। শহরের কলাতলীর মোড় বাসটি ছাড়ে বলে জানান বাসের রায়হান নামে এক যাত্রী। দুই দিন আগে তিনি কয়েকজনের সঙ্গে কক্সবাজার বেড়াতে যান। রাতে সেখান থেকে ঢাকায় ফিরছিলেন। তিনি জানান জরুরিভাবে আগুন নেভানোর জন্য বাসটিতে কোনও আগুন নির্বাপণ যন্ত্র বা ফায়ার এক্সটিংগুইশার ছিল না।


সোহেল রানা নামে ওই বাসের আরেক যাত্রী জানান, প্রথমে পোড়া গন্ধ পাই। পরে দেখি বাসে আগুন লেগেছে। তখন আমরা হতভম্ব হয়ে পড়ি। ধোঁয়া ও গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। স্থানীয় লোকজন বাসের জানালার গ্লাস ভেঙে আমাদের উদ্ধার করেন। স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার না করলে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারত। তিনিও পরিবারের সাত সদস্য নিয়ে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। 


যাত্রীদের অভিযোগ, চলন্ত বাসটিতে আগুন লাগলেও চালক-সহকারী যাত্রীদের তা না জানিয়েই গাড়িটি থামিয়ে নেমে যান। আগুন লাগার পর চালক ও হেল্পারকে বাসের ভেতরে দেখা যায়নি।


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রামু হাইওয়ে থানা পুলিশ। রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ জানান, খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান তিনি। কাছাকাছি অবস্থানে থাকায় দ্রুত সেখানে গিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করা হয়। বাসের ভিতরে থাকা মালামাল খুঁজে বের করে যাত্রীদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।


রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী বলেন, যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে বাসটিতে আগুন ধরেছে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ সব খবর
  • প্রকাশ : শনিবার ২২ আগস্ট, ২০২৬, সময় : ১:১৫ পিএম
  • আপডেট : শনিবার ২২ আগস্ট, ২০২৬, সময় : ৬:১৩ পিএম


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ২২ আগস্ট, ২০২৬, সময় : ১:১৫ পিএম

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে টানা বৃষ্টিতে চেঙ্গী ও মাইনী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এতে শহরের বিভিন্ন এলাকা ও দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ঘরবাড়ি ও ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। ফলে বন্ধ হয়ে গেছে দীঘিনালা-সাজেক ও দীঘিনালা-লংগদু সড়কে যান চলাচল।


খাগড়াছড়ি আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত তিন ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকস্মিক ভারী বৃষ্টির কারণে চেঙ্গী ও মাইনী নদীর পানি দ্রুত বেড়ে বিপদসীমা অতিক্রম করে। পানি বেড়ে খাগড়াছড়ি শহরের কাঁচাবাজার, মুসলিমপাড়া, গরুর বাজার, শান্তিনগর ও খাগড়াছড়ি গেটসংলগ্ন এলাকাসহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দীঘিনালার মেরুং, কবাখালী ও বেয়োলখালী এলাকার নিচু অঞ্চলও পানিতে তলিয়ে গেছে। দীঘিনালা-মেরুং সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অনেক এলাকার ঘরবাড়িতেও পানি ঢুকে পড়েছে।


আকস্মিক বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য আশপাশের স্কুল ও আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। এদিকে, ভারী বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় দীঘিনালা থেকে সাজেক এবং দীঘিনালা থেকে লংগদু উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে ওই দুই রুটে চলাচলকারী মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে।


খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, শুক্রবার গভীর রাতে কয়েক ঘণ্টার ভারী বর্ষণে খাগড়াছড়ি শহর, শহরের আশপাশের এলাকা এবং দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সকাল থেকেই আমরা জেলা প্রশাসনের কর্মকর্তারা মাঠে রয়েছি। খাগড়াছড়ি শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া মানুষের জন্য সকাল থেকেই খাবারের ব্যবস্থা করা হয়েছে।


তিনি আরও বলেন, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় নারী, শিশু ও অসুস্থ ব্যক্তিদের নিরাপদে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সরকারি তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি আকস্মিক বন্যা বা ফ্ল্যাশ ফ্লাডের কারণে সৃষ্ট সাময়িক পরিস্থিতি। আশা করছি, বিকেলের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে।

সর্বশেষ সব খবর