• প্রকাশ : শুক্রবার ২৫ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১২:১২ পিএম

ফুলেল শুভেচ্ছা, আনন্দ-উচ্ছ্বাস ও প্রাণবন্ত উপস্থিতিতে ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। নতুন শিক্ষাজীবনে পা রাখা শিক্ষার্থীদের স্বাগত জানাতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজের হলরুমে আয়োজন করা হয় ‘নবীন বরণ’ অনুষ্ঠান।


অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথি ও শিক্ষকরা। পরে শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের সাফল্য, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। ভালুকা সরকারি কলেজের অধ্যাপক আ ন ম শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন, গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ (অব.) আমির হোসেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ এবং ভালুকা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।


এ সময় আরও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান মজু, গোলজার হোসেন, ভালুকা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু, ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রোহাদ মিয়াসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।


বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একাদশ শ্রেণিতে পদার্পণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের জীবনে উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শুরু হলো। এ সময়কে কাজে লাগিয়ে নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার ও শৃঙ্খলাবোধের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে। একই সঙ্গে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দায়িত্বশীলতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা।


তারা বলেন, শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়; জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে একজন শিক্ষার্থীকে সমাজ ও দেশের জন্য যোগ্য করে তোলা। শিক্ষাজীবনের শুরু থেকেই সঠিক লক্ষ্য নির্ধারণ করে অধ্যবসায় ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে গেলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব।


বক্তারা আরও বলেন, একজন শিক্ষার্থীর সাফল্য কেবল তার ব্যক্তিগত অর্জন নয়। শিক্ষাজীবন শেষে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখার মধ্য দিয়েই সেই সাফল্যের পূর্ণতা আসে। তাই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকেই নিজেদের জ্ঞান, দক্ষতা ও মানবিক গুণাবলি বিকশিত করার ওপর গুরুত্ব দিতে হবে।


নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, ফুলেল শুভেচ্ছা ও শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিকতায় পুরো কলেজজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নতুন শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। শুভেচ্ছা, প্রত্যাশা ও নতুন স্বপ্নকে সঙ্গী করে এদিন ভালুকা সরকারি কলেজে শুরু হয় নবীন শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের পথচলা।




মেঘনা নদীতে চলন্ত ফেরির সঙ্গে বালুভর্তি বাল্কহেডের সংঘর্ষ

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৫০ পিএম

শরীয়তপুরের ভেদরগঞ্জের বেড়াচাক্কি এলাকায় মেঘনা নদীতে চলন্ত একটি ফেরিতে ধাক্কা দিয়েছে বালুভর্তি একটি বাল্কহেড। এতে তরিকুল ইসলাম (১১) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তিন শিশুসহ চারজন আহত হয়েছে। 


শুক্রবার সকাল ৯টার দিকে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বাসিন্দা। সে পরিবারের সঙ্গে চাঁদপুর থেকে গ্রামের বাড়িতে ফিরছিল। দুর্ঘটনার পর বাল্কহেডটি জব্দ করেছে নৌ-পুলিশ। বাল্কহেডের দুই শ্রমিক ও ফেরির চালককে আটক করা হয়েছে।


বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চাঁদপুরের হরিণা ঘাট থেকে ‘কাকলি’ নামের ফেরিটি শরীয়তপুরের নরসিংহপুর ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। ফেরিটি বেড়াচাক্কি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি দ্রুতগতির বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা একটি বাস ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বাল্কহেড ও বাসের মাঝখানে চাপা পড়ে চার শিশু। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়। আহত অপর তিন শিশুসহ আরও একজনকে উদ্ধার করে অন্য একটি নৌযানের মাধ্যমে চিকিৎসার জন্য চাঁদপুরে পাঠানো হয়।


ওই ফেরিতে থাকা আলি আজগর নামে একজন বলেন, ‘আমি চাঁদপুর থেকে ডাক্তার দেখিয়ে ফেরিতে করে বাড়ি ফিরছিলাম। নরসিংহপুর ফেরিঘাটের কাছাকাছি এলে বালুভর্তি একটি দ্রুতগতির বাল্কহেড ফেরিটিকে ধাক্কা দেয়। এ সময় বাসের পাশে চাপা পড়ে কয়েকজন শিশু আটকে পড়ে। আমরা দ্রুত তাদের টেনে বের করার চেষ্টা করি। কিন্তু ওই বাচ্চাটি ঘটনাস্থলেই মারা যায়। পরে ৯৯৯ ফোন করে পুলিশের সহযোগিতা চাই। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে। এই ধরনের অবৈধ বাল্কহেড বন্ধ করা দরকার। আজ এই শিশুটি মারা গেল, কাল হয়তো আমার বাচ্চা মারা যেতে পাবে। আমি চাই, তদন্ত করে ফেরি চালকের কোনো গাফিলতি আছে কিনা সেটি দেখা হোক।’


বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ‘ফেরিটি মেঘনা নদীর মূল অংশ পাড়ি দিয়ে একটি চরের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় পাশ দিয়ে কয়েকটি বালুভর্তি বাল্কহেড চলাচল করছিল। এর মধ্যে দ্রুতগতির একটি বাল্কহেড চলন্ত ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরির একটি বাস ক্ষতিগ্রস্ত হয় এবং বাল্কহেড ও বাসের মাঝখানে চাপা পড়ে চার শিশু। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত চারজনকে উদ্ধার করে চাঁদপুরে পাঠানো হয়েছে।’


নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনার পর বাল্কহেডটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে নৌ-পুলিশ সদস্যরা বাল্কহেডটি জব্দ এবং এর দুই শ্রমিককে আটক করে। পাশাপাশি ফেরির চালককেও আটক করা হয়েছে। দুর্ঘটনাজনিত অবহেলায় মৃত্যুর অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ২:১৪ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুরে ১৫ গাড়ির মধ্যে সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন। মারাত্মক আহত ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে।


শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।


মুকসুদপুর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।


এতে পরবতীতে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকসহ ১৫টি যানবাহনের একটির সঙ্গে আরেকটির সংঘর্ষ ঘটে। এতে শতাধিক যাত্রী আহত হন। 


তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। এ ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে প্রায় ১ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত যানগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।




প্রতীকী ছবি, প্রকৃত অভিযানের দৃশ্য নয় (ছবি- চ্যাটজিপিটি দিয়ে বানানো)

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৪৪ এএম

খুলনার রূপসায় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামের একটি দোকানে বসা অবস্থায় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। জাকির হোসেন (৪৩) নামে ওই বিএনপি নেতাকে যখন গুলি করা হয়, তখন খুলনা সার্কিট হাউস মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা চলছিল। 


রাত ১০টা ৫০ মিনিটে শেষ হওয়া ওই সভায় চলমান সন্ত্রাস ও চাঁদাবাজদের দমনে যৌথ অভিযানের সিদ্ধান্ত হয়েছে। জাকির হোসেনের বাড়ি রূপসার টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামে। তিনি স্থানীয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তাঁর ভাই আবু সাঈদ রূপসা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, প্রতি রাতের মতো ওই দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন জাকির। রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে আসা দুই যুবক জাকির হোসেনের মাথায় গুলি করে পালিয়ে যায়। 


রূপসা থানার ওসি মাসুম খান বলেন, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। খুলনার আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিশেষ সভায় চলমান সন্ত্রাস ও চাঁদাবাজদের দমনে যৌথ অভিযানের সিদ্ধান্ত হয়েছে। গতকাল রাত সাড়ে ১০টা পর্যন্ত খুলনা সার্কিট হাউসে এ সভা অনুষ্ঠিত হয়। 


সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ এবং অপরাধ দমনে বিভিন্ন ইউনিটের সমন্বয়ে যৌথ বাহিনীর বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা, মহাসড়ক ও প্রধান সড়কে চেকপোস্ট স্থাপন, এজন্য ২০০ আনসার পদায়ন, নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান জোরদার করার সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। 


খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাজ্জাদুর রহমান, এসআরবি-৬, জেলা পুলিশ, নৌপুলিশ, আর্মড পুলিশ, কোস্টগার্ডসহ গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


এর আগে সন্ধ্যায় খুলনা সার্কিট হাউসে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি-সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা ও বিভাগীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী, চিকিৎসক নেতারা উপস্থিত ছিলেন।রাজনৈতিক দলের প্রোফাইল


সভায় উপস্থিত ব্যক্তিরা খুলনার আইনশৃঙ্খলা সম্পর্কে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তারা অবস্থার ভয়াবহতা তুলে ধরে বলেন, একটা শহর এভাবে চলতে পারে না। অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের চৌকস কর্মকর্তাদের দিয়ে যৌথ বাহিনী গঠন করে বিশেষ অভিযান শুরু করতে হবে। সন্ত্রাস-চাঁদাবাজ নির্মূল করা পর্যন্ত অভিযান যেন অব্যাহত থাকে। উপস্থিত ব্যক্তিদের মতামত সংগ্রহ করেন খুলনার বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে পৃথক আরেকটি বৈঠক শুরু হয়। 


আইনশৃঙ্খলা পরিস্থিতিসংক্রান্ত বিশেষ সভায় সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন, খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, মহানগর জামায়াতের আমির মাহফুজুর রহমান, ওয়াসা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনি, বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, এনসিপির আহ্বায়ক আহমেদ হামীম রাহাত, খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক, মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) রিপন চন্দ্র সরকার প্রমুখ। এ ছাড়া এসআরবি ও বিজিবির কর্মকর্তাদের পাশাপাশি ব্যবসায়ী, চিকিৎসক নেতারাও ছিলেন।


ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও তার ছেলে

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৩:১৪ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আপন মামাতো ভাই শামছুর রহমান টিপুকে (৬২) তার ছেলেসহ গ্রেপ্তার করেছে পুলিশ।


গ্রেপ্তারকৃত টিপু ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে ও বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং তার ছেলে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শিহাবুর রহমান শিহাব (৩২)।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেইট এলাকার মৌলভী আমিন উল্যাহ খাঁন সাহেবের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শামছুর রহমান টিপু ও তার ছেলে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে তাদের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ বাড়িটিতে অভিযান চালায়। পরে সেখান থেকে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের থানায় নিয়ে যাওয়া হয়।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩৫ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশারফ হোসেনের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এবং পরবর্তীতে 'মব' সৃষ্টি করে মারধরের মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় এলাকাবাসী।


বৃহস্পতিবার  (১২ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার ভাগ্যকুল-দোহার আঞ্চলিক সড়কের কামারগাঁও মোকার দোকান এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।




সংবাদ সম্মেলনে স্থানীয় ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আলিফ খানসহ এলাকাবাসী অভিযোগ করেন, গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে কামারগাঁও মোকার দোকান এলাকার ডলি চৌকিদারের বাড়িতে এক নারীসহ ইউপি সদস্য মোশারফ হোসেন অবস্থান করছিলেন। বিষয়টি জানতে পেরে আলিফ খান ও রবিন, ইমন,তাজিম, রাতুল সানজিদ, পায়েল ইয়াসিন রুকন, শিহাব,এলাকার  মুরব্বি- সমাদ খান, জসীম 


কাজি সহ স্থানীয় কয়েকজন যুবক সেখানে খোঁজ নিতে যান। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ইউপি সদস্য মোশারফ হোসেন বাড়ির পেছনের টিনের গেট দিয়ে নিজের জুতা ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে মেম্বারের ছেলে ও তার সমর্থকরা সেখানে এসে এলাকাবাসীর ওপর হামলা চালায় এবং মোশারফ হোসেনকে ছিনিয়ে নিয়ে যায়। 


সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, মূলত উত্তেজিত জনতার হাত থেকে আমরাই তাকে রক্ষা করেছিলাম। কিন্তু ইউপি সদস্য মোশারফ হোসেন নিজের অপকর্ম ও অনৈতিক ঘটনা আড়াল করতে এবং স্থানীয়দের হেয় প্রতিপন্ন করতে উল্টো 'মব' সৃষ্টি করে মারধরের মিথ্যা গল্প সাজিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।


ভুক্তভোগী এলাকাবাসী ও সংবাদ সম্মেলনের আয়োজকরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত সত্য উদ্‌ঘাটন এবং মিথ্যা অভিযোগ দিয়ে স্থানীয় যুবকদের হয়রানি বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


এনসিপির বিক্ষোভ মিছিলে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি (সংগৃহীত: ছবি)

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩০ পিএম

সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের পৈত্রিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।


আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে নগরীর শিববাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। তবে উপস্থিত নেতাকর্মীদের হস্তক্ষেপে পরে উত্তেজিত পরিস্থিতি শান্ত হয়।


সংশ্লিষ্ট সূত্র জানায়, নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে শিববাড়ী মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজিত কর্মসূচি চলাকালে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।


একপর্যায়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি এবং পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে। এতে মিছিলের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।


উল্লেখ্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে দলের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হলেও এনসিপির খুলনা মহানগর আহ্বায়ক আহমেদ হামীম রাহাত জানান, খেলার আয়োজন নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে সামান্য বিশৃঙ্খলা হয়েছে। এটি বড় কিছু নয়।