পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মেহেদী শাহরিয়ার

  • প্রকাশ : বুধবার ৩০ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৮:৩৮ পিএম

চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার(এসপি) হিসেবে যোগদান করেছেন মেহেদী শাহরিয়ার। গত সোমবার দুপুরে তিনি চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।


চৌকশ এ পুলিশ কর্মকর্তা মেহেদী শাহরিয়ার যশোর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (মার্কেটিং) ডিগ্রি অর্জন করেন। ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ২০১০ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এ-তে কর্মরত ছিলেন। 


নবাগত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের স্থলাভিষিক্ত হয়েছেন। সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়িত হয়েছেন।


দায়িত্ব গ্রহণ পরবর্তী প্রতিক্রিয়ায় দৈনিক আমাদের সময়  পত্রিকাকে নবাগত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, "আমার মূল লক্ষ্য চুয়াডাঙ্গা জেলার প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুসংহত করা। তবে এই যাত্রা একক কোনো প্রচেষ্টা নয়; মিডিয়াকর্মী, রাজনৈতিক-সামাজিক নেতৃত্ব এবং সর্বস্তরের জনসাধারণের সম্মিলিত সহযোগিতাই পারে আমাদের লক্ষ্য পূরণ করতে। আসুন, সবাই মিলে চুয়াডাঙ্গা জেলা পুলিশকে আরও জনমুখী, দক্ষ ও গতিশীল হিসেবে গড়ে তুলি। আমরা জনগণের পাশে থাকতে এবং তাদের আস্থা অর্জন করতে প্রতিশ্রুতিবদ্ধ।"



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩৪ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অমান্য করায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক সার্জেন্ট মুজাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


দুই দিন আগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হলেও বুধবার (২৫ নভেম্বর) বিষয়টি জানাজানি হয়। মুজাহিদুল ইসলাম ২০১৭ সালে সার্জেন্ট পদে পুলিশে যোগ দেন। তাঁর বাড়ি গোপালগঞ্জ জেলায়।


সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, কর্তৃপক্ষের বৈধ নির্দেশ অমান্য করায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


কী ধরনের নির্দেশ অমান্য করা হয়েছিল, জানতে চাইলে সিএমপি কমিশনার বলেন, এগুলো পুলিশের অভ্যন্তরীণ বিষয়। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত নয়।


পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার একটি ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হলেও বাদী হতে রাজি হননি সার্জেন্ট মুজাহিদুল। এ ছাড়া আরও কিছু কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির দিন নগরের বন্দর এলাকার সল্টগোলা ক্রসিং পুলিশ বক্সে দায়িত্বে ছিলেন সার্জেন্ট মুজাহিদুল। ওই দিন রাতে পুলিশ বক্সে ভাঙচুরের ঘটনা ঘটে। সেখানে কাচ ভাঙা ও ভেতরে আগুন দেওয়ার আলামত পাওয়া যায়। এ ঘটনায় মামলা করার জন্য তাঁকে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তিনি সেই নির্দেশ পালন করেননি বলে ওই পুলিশ কর্মকর্তা দাবি করেন।


এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে সার্জেন্ট মুজাহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩২ পিএম

রাজশাহী মহানগরীর কর্ণহার থানা এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে স্বর্ণের বার বলে বিক্রির উদ্দেশ্যে বহন করা ৪১টি সোনালি রঙের প্রলেপযুক্ত বারসদৃশ বস্তুসহ দুজনকে গ্রেপ্তার করেছে কর্ণহার থানা পুলিশ। স্থানীয় স্বর্ণকারের প্রাথমিক পরীক্ষায় বস্তুগুলো লোহার তৈরি বলে জানা গেছে। এ সময় দুটি মোবাইল ফোন, একটি চাকু, একটি স্কুলব্যাগ, নগদ টাকা ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়।


গত ২৪ নভেম্বর রাত আনুমানিক পৌনে ৮টার দিকে কৈকুড়ি মোড়সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট পরিচালনাকালে গোদাগাড়ীর ভাগাইল এলাকা থেকে আসা একটি চার্জার অটোরিকশা থামায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্ণহার থানা পুলিশ। এ সময় অটোরিকশার তিন যাত্রীর মধ্যে একজন পালিয়ে যায়। অপর দুই যাত্রীর দেহ তল্লাশি করে একজনের কাঁধে থাকা স্কুলব্যাগ থেকে খবরের কাগজে মোড়ানো ও কসটেপ দিয়ে প্যাঁচানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতর একটি কাগজের বাক্সে ৪১টি সোনালি রঙের প্রলেপযুক্ত বারসদৃশ বস্তু পাওয়া যায়।


পরে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীনের উপস্থিতিতে স্থানীয় স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা করে দেখা যায়, বস্তুগুলোর ওপরের সোনালি প্রলেপ তুলে ফেললে ভেতরে লোহার বার পাওয়া যায়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের শিবচর থানার মাগুরখন্ড ফকিরকান্দি এলাকার নূরুল ইসলাম ফকিরের ছেলে মনিরুজ্জামান ফকির ওরফে মনির ফকির (৩৪) এবং মৌলভীবাজারের জুড়ি থানার দক্ষিণ সাগরনাল এলাকার আঃ আলীর ছেলে জাহিদ হোসেন (২৮)।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, পলাতক আরও একজনের সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে লোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ দিয়ে স্বর্ণের বারের মতো বস্তু তৈরি করে প্রকৃত স্বর্ণ হিসেবে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন স্থানে বহন করতেন। জাহিদ হোসেন জানান, মনিরুজ্জামান তাঁকে ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে আসেন।


জব্দকৃত ৪১টি বারসদৃশ বস্তুর মোট ওজন ৪ হাজার ২৯ দশমিক ৭৪ গ্রাম। এ ছাড়া দুটি মোবাইল ফোন, একটি স্টিলের চাকু, একটি স্কুলব্যাগ, নগদ ৩ হাজার ১৭৪ টাকা ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে।


এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে প্রতারণার উদ্দেশ্যে জাল বস্তু প্রস্তুত ও বহনের অভিযোগে কর্ণহার থানায় পেনাল কোড আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৫৯ পিএম

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তান্নি সনির সঙ্গে তার কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বুধবার (২৫ নভেম্বর) ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে থানায় আটকের পর দুই লাখ টাকা লেনদেন, জামিনের জন্য অর্থ ব্যয় এবং পুনরায় টাকা দাবির অভিযোগ নিয়ে সনিকে ওসির সঙ্গে কথা বলতে শোনা যায়।


স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর তাসকিরা তান্নি সনিকে আটক করে থানায় নেওয়া হয়। পরে একটি সাধারণ মামলায় মুচলেকা দিয়ে তিনি মুক্তি পান।অডিওতে সনি দাবি করেন, আটকের পর থানায় দুই লাখ টাকা দেওয়ার পাশাপাশি জামিনের জন্যও তাকে টাকা খরচ করতে হয়েছে। পুনরায় টাকা চাওয়ার বিষয়টি ওসিকে জানালে তিনি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলার আশ্বাস দেন।


অডিওতে সনি তার সাবেক স্বামী ও পলাতক যুবলীগ নেতা পারভেজের সঙ্গে পুলিশের যোগাযোগ নিয়েও প্রশ্ন তোলেন। এছাড়া তার ছেলে তাসরিফকে ফোন করে থানায় দুই লাখ টাকা দেওয়ার বিষয়টি গোপন রাখতে বলা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।


এদিকে বুধবার সকালে প্রকাশিত এক ভিডিও বার্তায় সনি ওসির বিরুদ্ধে আরও অভিযোগ তোলেন। তার দাবি, ৫৪ ধারায় মামলা দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে দুই লাখ টাকা নেওয়া হয়েছে। আদালতে চালানের আগে ওসি তাকে আলিঙ্গনের প্রস্তাব দিয়েছিলেন এবং একা সিএনজিচালিত অটোরিকশায় করে ওসির বাংলোয় যেতে বলেছিলেন। মামলা নিয়ে ক্ষমতার প্রভাব দেখানোর অভিযোগও করেন তিনি।


তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান। অডিওর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ভুয়া। কী দিয়ে বানিয়েছে, কে জানে। এ ধরনের অভিযোগ সম্পূর্ণ অসত্য।’


  যুবলীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি


ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করলেও অভিযোগগুলোর বিষয়ে তদন্তের অগ্রগতি কিংবা পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বিস্তারিত জানাননি।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৩৬ পিএম

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ মো. ওয়াকিল মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।


মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা ৫৫ মিনিটে নগরীর ২৭ নম্বর শ্যামাচরণ রায় রোডের জেলা স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।


গ্রেপ্তার ওয়াকিল মিয়া ময়মনসিংহের ফুলপুর উপজেলার চর নিয়ামত এলাকার আব্দুল হাকিমের ছেলে।


পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার কাছ থেকে ৫০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।


পুলিশের দাবি: প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার ওয়াকিল দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। এ কারবারের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।


এ ঘটনায় উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৯:২৮ পিএম

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।


বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের জাদুঘর মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, রাতভর থেমে থেমে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ চলে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমন অভিযোগ করেন, রাজপাড়া থানা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁরা জাদুঘর মোড়ে এলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্না ও তাঁর চাচাতো ভাইয়ের নেতৃত্বে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।


ইমদাদুল হক লিমনের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগের নির্দেশনায় এ হামলা চালানো হয়েছে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করা হয়। এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হন। ছাত্রদলের নেতা হয়েও নিজ দলের নেতাকর্মীদের ওপর এভাবে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।


সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। এ সময় ককটেল বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়িতদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে এরপরও কয়েক ঘণ্টা ধরে থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে।


পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৮:১১ পিএম

রাস পূর্ণিমা উপলক্ষে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উৎসবকে কেন্দ্র করে পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বার্ষিক উৎসব।


বুধবার (২৫ নভেম্বর) সকালে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিবছরের মতো এবারও রাস পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম ঘটেছে।


সকালে সঙ্ঘের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের কার্যক্রম শুরু হয়। পরে হাজার হাজার ভক্তের অংশগ্রহণে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আশ্রম প্রাঙ্গণ থেকে বের হয়ে কাউখালী বন্দর প্রদক্ষিণ করে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে অনলাইনে যুক্ত হয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর উৎসবের উদ্বোধন করেন। শোভাযাত্রায় নেতৃত্ব দেন আশ্রমের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডল।এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা।


আয়োজকদের দাবি, পাঁচ দিনব্যাপী এ উৎসবে ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থী মিলিয়ে লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। উৎসবকে সুন্দর, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে আয়োজকদের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্ত ও দর্শনার্থীদের অংশগ্রহণে এবারের আয়োজন আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সব খবর