• প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৩১ পিএম

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে স্বর্ণের চামচ ও বাটি। শনিবার (২১ নভেম্বর) সকালে মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া রেকর্ড ৫১ বস্তা টাকা গণনার সময় এসব স্বর্ণালংকার পাওয়া যায়।বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা মসজিদের ইমাম মুফতি মিজবাহ উদ্দীন।


শনিবার সকাল ৭টার দিকে ১৫টি দানবাক্স খোলা হয়।পরে দানবাক্সে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী গণনার একপর্যায়ে স্বর্ণের চামচ ও বাটির সন্ধান মেলে।


দানবাক্সে নগদ টাকার পাশাপাশি স্বর্ণের চামচ ও বাটি পাওয়ার বিষয়টি উপস্থিতদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।প্রসঙ্গত, প্রায় চার মাস ২৪ দিন পর শনিবার পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। এবার পাওয়া গেছে ৫১ বস্তা টাকা।এসব টাকা গণনার কাজ চলছে। দুপুর পর্যন্ত ১০ কোটি টাকা রুপালী ব্যাংকে পাঠানো হয়েছে।


দানবাক্স খোলার সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৫:১৬ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অর্ন্তবর্তীকালীন সরকারের সঠিক সিদ্ধান্ত ও যৌক্তিক হয়েছে, যা আজ জাতির কাছে প্রমাণিত। নতুন করে ভাববার সময় এসেছে। আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সেটি করবে। 

 

শনিবার (২১ নভেম্বর) বিকেলে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পতিত, পরাজিত, পলাতক, ফ্যাসিস্ট, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল দেশে যত ষড়যন্ত্র করুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো। বাংলাদেশে তাদের পুনঃরুত্থান হওয়ার কোন সুযোগ নেই। একই সাথে বলতে চাই, দেশকে নতুন করে তাবেদার রাষ্ট্র কায়েমের ষড়যন্ত্রের সাথে যারা জড়িত তাদেরও আমরা জবাব দিতে চাই। এই দেশের মানুষ দীর্ঘ আন্দোলনের পর একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আর কারো তাবেদারী করবে না। দেশের জনগণের পক্ষে থাকবে, দেশের স্বাধীনতার পক্ষে থাকবে। লাল-সবুজের পতাকার পক্ষে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে যা করা প্রয়োজন তাই করা হবে। 

 

গোপালগঞ্জ সম্পর্কে তিনি বলেন, পলাতক, পতিত, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দেশের দু-এক জায়গায় পেট্রোল বোমা মেরে, থানা পুড়িয়ে দিয়ে মনে করছে তারা দেশে অরাজকতা তৈরী করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং শহীদ আবু সাঈদের মত যারা শহীদ হয়েছে তাদের আত্মাকে বিসর্জন দিয়ে আবার নতুন করে কিছু করবে। আমি তাদের বলতে চাই, এগুলো করে কোন লাভ হবে না। বর্তমান সরকার মানবিক, ধৈর্য্যশীল, গণতন্ত্রের প্রতি আস্থাশীল। এ কারণে কিছু বিষয় আমরা মানবিক দৃষ্টিকোন থেকে আগের সরকারের মত গুম, খুন, গুলি চালিয়ে কিছু নির্মূল করতে চাই না। যা হয়েছে আমরা ধৈর্য্যসহকারে মোকাবেলা করতে পারবো।

 

তিনি বলেন, একটি জেলার মানুষ যদি মনে করে তাদের থানার প্রয়োজন নেই, সরকারী অফিস-আদালতের প্রয়োজন নেই, ওই জেলার উন্নয়নের প্রয়োজন নেই, তাহলে বর্তমান সরকার সেটি করবে না। জনগণের উপর নির্ভর করবে তারা কি চাচ্ছে। জনগণের কাছে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। তারা গাড়িতে অগ্নিসংযোগ করেছে, বোমা মেরেছে, হত্যাযজ্ঞ, গুম ঘটিয়ে বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা নিজেদের জেলা মনে করে সেখানে একই ঘটনার ঘটনা ঘটিয়ে আবারও আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত হয়েছে। 

 

স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে তিনি বলেন, স্থানীয় সরকার আইন সংশোধন করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন আর দলীয়ভাবে হবে না। সেখানে কোন দলের প্রতীক থাকবে না। দলীয়ভাবে সরাসরি কাউকে মনোনয়ন দেয়ার সুযোগ নেই। ব্যানার-পোস্টারেও কোন দলের প্রার্থী হিসেবে লিখতে পারবে না। তবে জেলা-উপজেলা পর্যায়ে বিএনপি’র পক্ষ থেকে কোন প্রার্থীকে সমর্থন দেয়া হয়েছে সেটি ঘোষণা করা হবে। যদি কোন ব্যক্তি দলের বাহিরে যায়, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

রংপুরের উন্নয়ন সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, শহীদ আবু সাঈদ স্টেডিয়াম সংস্কারের জন্য ৫৪ লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। রংপুর নগরীর উন্নয়নে ১৮’শ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া এলজিইডি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিষদ, সিটি করপোরেশনের উন্নয়নের জন্য আরও কোন কর্মসূচি হাতে নিলে তা অনুমোদন করা হবে।

 

তিনি আরও বলেন, রংপুর অঞ্চলের সকল জেলার জন্য সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। শুধুমাত্র রংপুর জেলার উন্নয়নে সাড়ে ৫’শ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার জন্য আলাদা একটি উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। রংপুর বিভাগের মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে স্থানে দ্বিতীয় যমুনা সেতু করলে মানুষ বেশি উপকৃত হবে, সেখানে দ্বিতীয় যমুনা সেতু করা হচ্ছে।

 

এ সময় উপস্থিত ছিলেন, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মানোয়ারা বেগম, ভাই আবু হোসেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী, রংপুর জেলা প্রশাসক ইসরাত জাহান, জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ অন্যরা।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৪:১১ পিএম

লালপুরে জামায়াতের উপজেলা আমীর সহ নব নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে।শনিবার ( ২১ নভেম্বর) গোপালপুর মহিলা ডিগ্রি কলেজ হলরুমে নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক মীর নূরুল ইসলাম লালপুর উপজেলা  আমীর মাওলানা আবুল কালাম আজাদ কে শপথ পাঠ করান। এছাড়া ২০২৭ - ২০২৮ সেশনের জন্য নির্বাচিতরা হলেন উপজেলা সেক্রেটারি এ্যাড: মাসুদ রানা ,সহকারী সেক্রেটারি  হাফেজ আফজাল হোসেন ,সহকারী সেক্রেটারি  মহসিন আলম ।


লালপুরের ১০ টি ইউনিয়ন ও গোপালপুর পৌরসভার নির্বাচিতরা হলো ১ নং লালপুর ইউনিয়ন আমীর কামারুজ্জামান চঞ্চল , ২ নং ঈশ্বরদী ইউনিয়ন আমীর গোলাম রব্বানী সুমন ,৩ নং চংধুপই ইউনিয়ন আমীর হাসমত আলী হাসু ,৪ নং আরবাব ইউনিয়ন আমীর মাওলানা আ: রব , ৫ নং বিলমাড়ীয়া ইউনিয়ন আমীর আনেজউদ্দিন , ৬ নং দুয়ারিয়া ইউনিয়ন আমীর আশরাফুল ইসলাম মান্না , ৭ নং ওয়ালিয়া ইউনিয়ন আমীর মাওলানা লোকমান হাকিম , ৮ নং দূড়দুড়িয়া ইউনিয়ন আমীর আ: সামাদ ,৯ নং এবি ইউনিয়ন আমীর শরিফুল ইসলাম সোহাগ , ১০ নং কদিমচিলান ইউনিয়ন আমীর আ: রাজ্জাক গোপালপুর পৌরসভা  আমীর হাফেজ আমিরুল ইসলাম নবনির্বাচিত আমীর মাওলানা আবুল কালাম আজাদ ইউনিয়ন আমীরদের শপথ পাঠ করান।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০০ পিএম

নীলফামারীর কিশোরগঞ্জে নিজেকে রাসুল দাবি ও পবিত্র কালেমা বিকৃতিকারী ভন্ডপীর এসাহাক আলীর ফাঁসির দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।


শনিবার(২১নভেম্বর) সকালে স্থানীয় মিনি স্টেডিয়ামের সামনে শতশত ধর্মপ্রাণ মুসল্লিদের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি দাবি করেন।


বিক্ষোভ মিছিলটি দক্ষিণ বাহাগিলী শুকান ডাঙ্গার হাট থেকে শুরু হয়ে কিশোরগঞ্জ থানা হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


মানববন্ধনে বক্তব্য দেন, উত্তর দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম দেলোয়ার হোসেন দুলাল,স্থানীয় মুসল্লী মোস্তাফিজুর রহমান,আব্দুল কাফি,সুমন ইসলাম ও নুরুল ইসলাম প্রমুখ।


এসময় বক্তাগণ বলেন,উপজেলার  বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী ৮নং ওয়ার্ডের কাচারীপাড়া গ্রামের মৃত্যু শমসের মামুদের ছেলে এসাহাক আলী নিজ বসতবাড়িতে সাউন্ড সিস্টেম বাজিয়ে নারী-পুরুষ একত্রে অশ্লীল কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।


এছাড়াও  তার বাড়িতে কাবা স্থাপন,  নিজেকে খোদা ও ‘রাসূল’ দাবি করেন এবং পবিত্র কালিমায় লা ইলাহা ইল্লাল্লাহু ইসাহাক আলী রাসুলুল্লাহ সংযুক্ত করাসহ ইসলামের বিভিন্ন পবিত্র বিষয় ও নারীদের নিয়ে চরম অবমাননাকর ও অশ্লীল মন্তব্য করেন। যা ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে এবং এলাকায় সাম্প্রদায়িক বিদ্বেষ ও সহিংসতা উসকে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে। বক্তাগণ এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তাকে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান।


উল্লেখ্য যে,গত বৃহস্পতিবার দুপুরে তার এমন চরম ধর্মবিরোধী  কর্মকাণ্ডের একটি ভিডিও  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। পরে দুপুর ২টার দিকে স্থানীয় প্রতিবাদী মুসলিম জনতা একত্রিত হয়ে ইসাহাক আলীকে অবরুদ্ধ করে পুলিশের হাতে সোপর্দ করেন।


কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত)আব্দুল কুদ্দুস বলেন, এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে করা মামলায় অভিযুক্ত আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সব খবর

রংপুর রিজিয়ন বিজিবির সাফল্য

১০ মাসে ২২১ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

আটক ৬১৫, জব্দ স্বর্ণ, অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য


  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৫০ পিএম

সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বড় ধরনের সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়ন। চলতি বছরের প্রথম ১০ মাসে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি। এ সময় চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে জড়িত ৬১৫ জনকে আটক করা হয়েছে।


শুক্রবার (২১ নভেম্বর) পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।




বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার। এই বিস্তীর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে রিজিয়নের অধীন চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।


এরই ধারাবাহিকতায় গত ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।


জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১ দশমিক ৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি। এছাড়া বিপুল পরিমাণ মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১১ হাজার ৯১২ বোতল বিদেশি মদ, ৩ হাজার ২৯১ দশমিক ৭৯০ লিটার দেশি মদ, ৩ দশমিক ৯৬৬ কেজি হেরোইন, ১ হাজার ১ দশমিক ৯২ কেজি গাঁজা, ৫৪ হাজার ২২০ পিস ইয়াবা, ৬ হাজার ৪১৬ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৫০৬ পিস ফেয়ারডিল এবং ২ দশমিক ২৯০ কেজি ক্রিস্টাল মেথ (আইস)।


এ ছাড়া ২ লাখ ৩৮ হাজার ৮০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ লাখ ৪৬ হাজার ৩০২ পিস মদ তৈরির ট্যাবলেট, ১ লাখ ২৩ হাজার ৮৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ, ২৩ হাজার ৪১০ পিস নেশাজাতীয় ইনজেকশন এবং ২ লাখ ১৫ হাজার ৩১৬ পিস ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে।




অন্যদিকে, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত নিরাপত্তার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। পাশাপাশি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে মোতায়েন করা হয় আরও পাঁচ প্লাটুন বিজিবি। এ সময় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।




সীমান্তে অবৈধ পুশইন প্রতিরোধেও বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বনের পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক রয়েছেন।


বিজিবি মহাপরিচালকের ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই ভিশন বাস্তবায়নে রংপুর রিজিয়নের প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


এতে আরও বলা হয়, মাদক ও চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং মানবপাচার প্রতিরোধের পাশাপাশি জ্বালানি ও ভোজ্যতেলের অবৈধ মজুত এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপতৎপরতা রোধেও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সীমান্তবর্তী জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে’—এই প্রত্যয়কে সামনে রেখে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সদস্যরা নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৪৩ পিএম

বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়া পর্যটকরা ট্রলারে করে টেকনাফে ফিরেছেন। শনিবার (২১ নভেম্বর) সকালে সেন্টমার্টিন জেটিঘাট থেকে আটকা পড়া পর্যটকদের অনেকেই ট্রলারে করে রওনা দেন।


জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় এবং সতর্কসংকেত জারি থাকায় ১৯ নভেম্বর থেকে সেন্টমার্টিন-কক্সবাজার ও সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এ কারণে এর আগে সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া পর্যটকরা দ্বীপে আটকা পড়েন। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শনিবার যারা দ্বীপ থেকে ফিরতে চান, তাদের অনেকেই ট্রলারে করে টেকনাফের উদ্দেশে রওনা হয়েছেন।


সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, শনিবার সকাল থেকে পাঁচটি ট্রলারে করে সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা টেকনাফে ফিরতে শুরু করেছেন।


সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে আটকা পড়া পর্যটকদের মধ্যে যারা ফিরতে চান, তারা ট্রলারে করে চলে যাচ্ছেন। সেন্টমার্টিন জেটিঘাট থেকে ট্রলারে উঠে তারা টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছাবেন। আর যারা দ্বীপে থাকতে চান, তারা থেকে যাচ্ছেন। আগামীকাল কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলে অবশিষ্ট পর্যটকরা ওই জাহাজে করে কক্সবাজারে ফিরবেন।


এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ সব খবর

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৩৪ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। এদিন মামলার চার আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির কথা রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে দুই পৃথক আদালতে। শনিবার (২১ নভেম্বর) অপ্রতিম হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আইনজীবী মো. কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, মামলার চার্জশিট গ্রহণ করা হয়েছে। আসামিরা জেলে আছে, আগামী ২৯ নভেম্বর চার্জ গঠনের মধ্য দিয়ে অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। অপ্রাপ্তবয়স্ক ২ জনের বিচার হবে জুভেনাইল কোর্টে ও প্রাপ্তবয়স্ক ২ জনের বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে।


কাইমুল হক রিংকু আরও বলেন, আসামিপক্ষ মানবাধিকার সংগঠন থেকে আইনজীবী নিযুক্ত করার চেষ্টা করছে। আমরা আমাদের মতো কাজ করে যাব।


অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, কুমিল্লা জেলা আদালতে ২৯ নভেম্বর মামলার চার্জ গঠন করা হবে। প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্কদের আলাদা আলাদা কোর্টে বিচার হবে।


প্রসঙ্গত, চলতি বছরের ১৮ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সর্বশেষ সব খবর