ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
মন্ত্রিসভায় অনুমোদিত বিল সাড়ে তিন মাসের বেশি সময় পর সংসদে উত্থাপন করায় অসন্তোষ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদনের পর কেন এত সময় লাগল– এ প্রশ্ন তুলেছেন তিনি। সোমবার ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন। সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল মন্ত্রীর উদ্দেশে বলেন, ‘এটি গত ২৩ জুলাই মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল। প্রায় চার মাস আগে।’
মন্ত্রীর উদ্দেশে ডেপুটি স্পিকার আরও বলেন, ‘আপনি উত্থাপন করতে পারেন, পরবর্তীতে সতর্ক থাকবেন দয়া করে, প্লিজ। লেজিসলেচারকে এমপাওয়ারড করেন, ইগনোর না।’ ডেপুটি স্পিকার বলনে, ‘আপনার এক্সিকিউভের পক্ষ থেকে এই বিলটা কেন এতদিন পরে আসলো যে, আমাকে প্রিরোগেটিভ ইউজ (বিশেষ ক্ষমতা ব্যবহার) করতে হলো? আমি দিচ্ছি অনুমতি, বাট এটা বোধহয় আপনারা আগেও দু-একবার সংসদে বলেছি, পর্যাপ্ত সময় থাকে, তারপরও এক্সিকিউভের পার্ট থেকে লেজিসলেচারকে আপনারা সময়মতো বিলটা পাঠান না। যে কারণে মাননীয় সদস্যরা বিলটা দেখতে পারেন না।’
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে বিল সংসদে তোলেন। পরে বিলটি পরীক্ষা করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে গৃহায়ন ও গণর্পূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প সমৃদ্ধ গুরুত্বপূর্ণ বগুড়া শহর ও এর সন্নিহিত এলাকার পরিকল্পিত নগরায়ণ, সমন্বিত অবকাঠামো উন্নয়ন, আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণসহ দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিতকল্পে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক)’ গঠন করা আবশ্যক।
সংসদে তিন অধ্যাদেশ
অধিবেশন শুরু হওয়ার আগে জারি করা তিনটি অধ্যাদেশ সোমবার চতুর্থ অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপন করা হয়েছে। অধ্যাদেশগুলো হলো– পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৬, মূল্য সংযোজন কর ও সম্পূরক শূল্ক (সংশোধন) অধ্যাদেশ-২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করেন।
নানা ইস্যু তুললেন এমপিরা
জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ, সংস্কার ও মেরামতের বরাদ্দে বৈষম্য এবং দলীয়করণের অভিযোগ তোলেন। তিনি বলেন, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও সংস্কারের বিষয়ে সার্কুলার অনুযায়ী সংসদ সদস্যরা ডিও লেটার দিলেও এখন পর্যন্ত তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। কিছু এলাকায় সরকারদলীয় নেতাকর্মীরা শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে বলছেন, বিরোধী দলের এমপিদের ডিও লেটারে কাজ হবে না, তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
এ ধরনের পরিস্থিতিতে কোথাও কোথাও চাঁদাবাজিও শুরু হয়েছে। শুধু উন্নয়নকাজ নয়, বিভিন্ন অফিস-আদালতেও দলীয়করণ চলছে। ৭১ বিধির জরুরি জন-গুরুত্বপূর্ণ বিধিতে মনোযোগ আকর্ষণ বিধিতে এসব কথা বলেন তিনি। একই বিধিতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেন, কোনো নাগরিক যেন বিদেশের যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত না হন, তা নিশ্চিত করা সরকারের প্রশাসনিক ও নৈতিক দায়িত্ব। তিনি বলেন, পাচারকারীরা এখন শুধু দালাল সেজে নয়, এআই ডিপফেক সোশ্যাল মিডিয়া ও ক্রিপ্টো কারেন্সির মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানুষকে ফাঁদে ফেলছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন (ছবি-পিএমও)
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব এস এম জাহাঙ্গীর এমপি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এই সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সেখানে তিনি সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আউয়াল, প্রেস সচিব সালেহ শিবলী, উপ-প্রেস সচিব হাসান শিপলুসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।
সফরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে তারেক রহমানের। পাশাপাশি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে।
নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী সোমবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
তিনি আশা প্রকাশ করেন, এসব বৈঠক বাংলাদেশের অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে। তবে বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকগুলোতে সুনির্দিষ্ট কোনো প্রকল্প বা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম বলেও উল্লেখ করেন তিনি। সফর শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
ছবি: বঙ্গভবন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছিল। বর্তমান সরকার ভেঙে পড়া শিক্ষাব্যবস্থাসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে কাজ করছে।
তিনি বলেন, ‘গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে। সরকার তা নতুন করে সাজাতে কাজ করছে।’
সোমবার সকালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সার্বিক কার্যক্রম এবং আন্তর্জাতিক র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সেসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসন্ন প্রস্তাবিত সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিং
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট আবেদনের সত্যতা এবং আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। তবে এর সত্যতা এখনো যাচাই করতে পারিনি।’
তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে। আবেদনের আইনগত ভিত্তি আছে কিনা, সত্যিই আবেদন করা হয়েছে কিনা এবং আবেদন করার অধিকার তার রয়েছে কিনা, এসব বিষয়সহ সংশ্লিষ্ট আইনকানুন যাচাই করা হচ্ছে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আপাতদৃষ্টিতে (প্রাইমা ফেশি কেস) বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেন, সেই দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুসারে তাঁকে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠানো হয়েছে। তাকে আইন অনুযায়ী প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে।’
বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝেমধ্যে কিছু বাস ও স্থাপনায় হামলা চালাচ্ছে। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে এবং এসব হামলা প্রতিহত করছে।
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদনের বিষয়টিকে চরম হাস্যকর বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।
হুমায়ুন কবির বলেন, তিনি (শেখ হাসিনা) পালিয়ে গেছেন, এখন নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার নাটক করার কোনো সুযোগ নেই। তিনি যদি আসলেই দেশে ফিরতে চান, তবে সেটার সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তিনি ভারত সরকারকে বলুন সেই চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে। তিনি এসে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করুন।
আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। দিল্লির বাংলাদেশ হাইকমিশনে যুক্তরাজ্যের আইনি পরামর্শক সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য ই-মেইলে আবেদন করেছে। জানা গেছে, দিল্লির বাংলাদেশ মিশন থেকে ওই ই-মেইল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তবে ঢাকার কয়েকটি কূটনৈতিক সূত্র বলছে, এটি যে শেখ হাসিনার আবেদন, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই–মেইলে শেখ হাসিনার অনুমোদন ‘অথরাইজেশন’–সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। কারও পক্ষে কোনো প্রতিষ্ঠান আবেদন করলে সেই ব্যক্তির অথরাইজেশন থাকে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাজ্যের আইনি পরামর্শক সংস্থার ওই আবেদনের ভিত্তিকে লিগ্যালি, ইথিক্যালি ও মোরালি দুর্বল বলেন। তিনি বলেন, যেকোনো ল’ ফার্মেরই জানা উচিত তাদের মক্কেল (ক্লায়েন্ট) আসলে কে। তাদের ক্লায়েন্ট এমন একজন ব্যক্তি, যিনি দেড় হাজারের বেশি মানুষকে হত্যা করে বাংলাদেশ থেকে পালিয়েছেন।
বাংলাদেশি জনগণের কাছ থেকে লুট করা রক্তমাখা টাকার পেছনে না ছুটে তাদের কিছুটা নৈতিক ও পেশাগত সীমারেখা মেনে চলা উচিত বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।একজন পলাতক সন্ত্রাসীর পক্ষে এমন অনৈতিক প্রতিনিধিত্ব আন্তর্জাতিক অঙ্গনে তাঁদেরই লজ্জিত করবে বলে মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। এ নিয়ে রয়টার্সে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। হাতে আসা একটি চিঠি থেকে রয়টার্স এ খবর প্রকাশ করেছে।
রয়টার্সের ওই খবরে আরও জানানো হয়, ছাত্র–জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে যাওয়ার পর এই প্রথম এ ধরনের আবেদন করলেন শেখ হাসিনা। ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা শেখ হাসিনার এ পদক্ষেপকে তাঁর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।
ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি। আজ ঢাকায় এ সাক্ষাতে নারী ও কন্যাশিশুর কল্যাণ, নিরাপত্তা ও ক্ষমতায়নে দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে ডা. জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস সোফির এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সোমবার ঢাকায় পৌঁছানোর পর তিনি প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে এ সাক্ষাৎ করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানায়।
ডাচেস অব এডিনবার্গ সোফি ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে তিনি এ সফরে এসেছেন।
সফরকালে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় অংশীদারিত্ব সম্পর্ক ও সহযোগিতার বিস্তৃতি তুলে ধরতে বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন ডাচেস সোফি।
এছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রমও পরিদর্শন করবেন তিনি। সফরের অংশ হিসেবে কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখার কথা রয়েছে তাঁর।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করাকে সম্পূর্ণ ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার (৯ নভেম্বর) গণমাধ্যমে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি মন্তব্যটি করেন।
চিফ প্রসিকিউটর জানিয়েছেন, দণ্ডিত শেখ হাসিনার দেশে ফেরা ও আত্মসমর্পণের ইচ্ছার বিষয়ে বিস্তারিত আইনি ও প্রাতিষ্ঠানিক অবস্থান জানাতে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।
এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বিশেষ প্রতিবেদনে জানানো হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন। নিজের নির্বাসন ভেঙে বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেই তিনি নতুন পাসপোর্ট এবং এনআইডি চেয়ে আবেদন করেছেন।
রয়টার্সের তথ্য অনুযায়ী, লন্ডনভিত্তিক আন্তর্জাতিক ল ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বারস’-এর আইনজীবীরা নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো এক চিঠির মাধ্যমে শেখ হাসিনার জন্য এই নতুন দুটি পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানান।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। পরবর্তীকালে ২০২৫ সালের নভেম্বরে বৈষম্যবিরোধী আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়েছিল, দণ্ডিত ও ওয়ান্টেড আসামিকে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।