প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ ৫ জন গ্রেফতার
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেফতার করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় গ্রেফতারকৃত ব্যক্তিদের থেকে জালিয়াতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
শুক্রবার (৯ জানুয়ারী) রাত সোয়া ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন, মিঠাপুকুর উপজেলার রামেশ্বরপুর ফকিরহাট এলাকার মৃত রফিকুল মন্ডলের পুত্র সারোয়ার ইসলাম(৩০), পীরগাছা উপজেলার দেউতি বাজার এলাকার মৃত চান মিয়ার পুত্র আল আমিন মোহাম্মদ আহাদ(৩৪), পীরগঞ্জ উপজেলার আসমতপুর এলাকার মৃত খাজা নাজিম উদ্দিনের পুত্র মেজবাহ হামিদুল্লাহ প্রধান(২৯), একই উপজেলার কাদিরাবাদ এলাকার এনামুল হকের পুত্র রাশেদুল ইসলাম রকি(২৮) ও পাবনা জেলার চাটমোহর ছাইকোলা দীঘল এলাকার মৃত বারেক আলীর মেয়ে জান্নাতুল ফেরদৌস বীথি(২৬)।
এসময় ১৫টি ডিভাইস, ৫টি স্মার্ট ফোন, ২টি ফিচার ফোন, ১৩টি সিম কার্ড , ৭টি ব্লু-টুথ এয়ারপড, এয়ারপডের ব্যাটারি ১৯টি, এয়ারপড প্লেসমেন্ট করার ফরসেপ ১টি, ১০০ টাকার ফাঁকা নন জুডিশিয়াল স্ট্যাম্প ছয়টি, স্বাক্ষরিত ফাঁকা চেক দুটি এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এরআগে ৮ জানুয়ারী রংপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে ডিজিটাল ডিভাইসসহ আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদেরকে দুপুরে নগরীর পুলিশ লাইন সংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ বিষয়ে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, আজ রংপুর নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের হেফাজত থেকে পরীক্ষা জালিয়াতির সরঞ্জামগুলো উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীদের দেয়ার জন্য তারা এগুলো সংগ্রহ করেছিল। গ্রেফতারকৃতদের অধিক জিজ্ঞাসাবাদ ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চলন্ত সিএনজি চালিত অটোরিকশা থেকে সদ্য ভূমিষ্ঠ এক ছেলে নবজাতককে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক কিশোরীর (১৮) বিরুদ্ধে। পরে স্থানীয়রা এ ঘটনায় ওই কিশোরী ও সিএনজি চালককে আটক করে এবং নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত সিএনজি থেকে নবজাতককে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন। পরে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। নবজাতকের শরীরে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে তার মায়ের সঙ্গে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিনের ছেলে মো. সালাউদ্দিন ওরফে আরমানের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তারা গোপনে আদালতে গিয়ে বিয়ে করেন। পরে তিনি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি সালাউদ্দিনকে জানান। তবে পরবর্তীতে সালাউদ্দিন ও তার পরিবারের সদস্যরা বিয়ের বিষয়টি অস্বীকার করেন।
শুক্রবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই কিশোরী। পরে সিএনজি চালক সামসুকে সঙ্গে নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন। পথে সিএনজির ভেতরেই তিনি সন্তান প্রসব করেন। হাসপাতালে ভর্তি হওয়ার জন্য জরুরি বিভাগে গেলে বিষয়টি নিয়ে কর্তব্যরত ডাক্তারদের সন্দেহ হয়। একপর্যায়ে নবজাতককে হাসপাতালের সামনের সড়কের পাশে রেখে চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা সিএনজি চালকসহ ওই কিশোরীকে আটক করে পুলিশে খবর দেন।
অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার অভিযুক্ত মো. সালাউদ্দিন ওরফে আরমানের মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নবজাতক ও তার মাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপেল সভাপতি ও মুকুল সম্পাদক
দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে সভাপতি পদে আব্দুল মোতালেব আপেল এবং সাধারণ সম্পাদক পদে মোনিরুল ইসলাম মুকুল নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কোনো ধরনের অনিয়ম বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে আব্দুল মোতালেব আপেল ৮৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাজুল ইসলাম পান ৭৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মোনিরুল ইসলাম মুকুল ১ হাজার ১৬৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম রায়হান পান ৪২০ ভোট।
এ ছাড়া সহ-সভাপতি পদে হারুন নূর রশিদ খান টিয়া পাখি প্রতীকে ৬৯১ ভোট এবং মোয়াজ্জেম হোসেন হেলিকপ্টার প্রতীকে ৬০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুর রহমান আপেল প্রতীকে ৮১১ ভোট পেয়ে বিজয়ী হন।
নির্বাচনে মোট ১৯টি পদের মধ্যে ১১টি পদে আব্দুল মোতালেব আপেল ও সিরাজুল ইসলাম রায়হান পরিষদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি পদগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২ হাজার ৮৯ ভোটারের মধ্যে ১ হাজার ৬২৪টি ভোট কাস্ট হয়। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নোয়াখালীর ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বকুল
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বর্তমানে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা তৈরি করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তিন মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে সকালে মিলেমিশে প্রতিটি এলাকায় কাজ করতে হবে।
বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি উদ্যোগে ও রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের আয়োজনে পাড়াগাঁও ঈদগাহ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১৫১ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালের অনুমোদন দেওয়া হয়েছে। শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে। সকলের সম্মিলিত সহযোগিতা ছাড়া স্বাস্থ্যসেবা উন্নতিকরণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী।
বিশেষ অতিথি' বক্তব্যে নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিবো বলেন, রূপগঞ্জে ২০ লাখ মানুষের বসবাস। একটি মাত্র সরকারি হাসপাতালে গড়ে ৪০ হাজার মানুষের জন্য একটি করে বেড বরাদ্দ রয়েছে। তাই ৫০ বেড থেকে ১৫১ বেড নয় এটাকে যেন ২৫১ বেড হাসপাতালে রূপান্তরিত করা হয়।
এ সময় কয়েক হাজার মানুষকে ১৩ টি আলাদা বিভাগে বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখে বিনামূল্যে চিকিৎসা পত্র এবং ঔষধ প্রদান করেন।
আয়োজিত মেডিক্যাল ক্যাম্পিংয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, মহিলা আসন-৩২৮ এর সংসদ সদস্য মমতাজ আলো, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রাশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, মেডিক্যাল ক্যাম্পিংয়ের সভাপতিত্ব করে, রুপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব এড. মাহফুজুর রহমান হুমায়ুন। সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, মাহাবুবুর রহমানসহ নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ জন পুরুষ ও ১২ জন নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পেয়ার আহমেদ।
এর আগে, শুক্রবার বিকেলে চৌমুহনী বাজারের ডালিয়া মার্কেটের রাজ আবাসিক হোটেল ও রিলাক্স আবাসিক হোটেলে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে বিকেল ৫টার দিকে এসআই মো. ওসমান গনির নেতৃত্বে একটি দল রাজ আবাসিক হোটেলে অভিযান চালায়। এ সময় অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে আরমান হোসেন (২২), নাছির উদ্দিন (৩২), মিজানুর রহমান (২২), মোজাম্মেল হোসেন (২০), রাকিব হোসেন (১৯) ও ৭ জন নারীকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে একই এলাকার রিলাক্স আবাসিক হোটেলে এসআই মো. আনোয়ার হোসাইনের নেতৃত্বে অভিযান চালানো হয়। সেখান থেকে ইমাম হোসেন (৫০) ও ৫ জন নারীকে গ্রেপ্তার করা হয়।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পেয়ার আহমেদ আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অভিযোগে নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইসমাইল হোসেন ইলিয়াসকে কারণ দর্শানো (শোকজ) নোটিশ দিয়েছে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
আজ শনিবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ প্রদান করা হয়।
কেন্দ্রীয় কমিটির নোটিশে উল্লেখ করা হয়, ‘ইসমাইল হোসেনের বিরুদ্ধে পেশিশক্তি প্রদর্শন, সংগঠনের সহযোদ্ধাকে (স্বেচ্ছাসেবক দলের নেতা নজরুল ইসলাম) অন্যায়ভাবে রক্তাক্ত করা এবং নানা অপকর্মে জড়িয়ে পড়ার লিখিত অভিযোগ উঠেছে। এহেন সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সম্মুখে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সংগঠনিক নোটিশের বিষয়ে যোগাযোগ করা হলে হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস নোটিশ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, হাতিয়া উপজেলার একটি সুপারমার্কেটে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নজরুল ইসলাম ওরফে আদনানের ভাইয়ের সাথে পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাতের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
পরবর্তীতে বিষয়টি সমাধানের লক্ষ্যে শালিস বৈঠকে বসলে পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুলের নেতৃত্বে সেখানে হট্টগোল তৈরী করে। খবর পেয়ে তিনি (ইসমাইল) ঘটনাস্থলে পৌঁছে সংঘাত ঠেকাতে যান এবং প্রতিহত করতে গিয়ে নজরুলের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ইসমাইল হোসেনের দাবি, সম্পূর্ণ ঘটনাকে বিকৃত করে কেন্দ্রীয় কমিটিতে ভিত্তিহীন অভিযোগ জমা দেওয়া হয়েছে।
চরাঞ্চলে দস্যুবাহিনীর সঙ্গে বৈঠক ও একসঙ্গে বসে খাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার প্রসঙ্গে জানতে চাইলে ইসমাইল হোসেন বলেন, চরাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দখলদারি রোধে সাধারণ নেতাকর্মী ও সাংবাদিকদের সাথে গিয়ে তিনি সেখানে কাজ করেছেন। কোনো অপকর্মের সাথে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। কেন্দ্রীয় নির্দেশের প্রতি শ্রদ্ধা রেখে নির্ধারিত সময়ের মধ্যে তিনি জবাব দাখিল করবেন বলে জানান।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর হাতিয়া উপজেলা সুপারমার্কেটে একটি সালিসি বৈঠকে হট্টগোলকে কেন্দ্র করে পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। সেখানে উপস্থিত উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ওরফে ইলিয়াছ ও অনুসারীরা নজরুলের ওপর হামলা চালিয়ে তাঁকে রক্তাক্ত করেছেন বলে যুবদলের কেন্দ্রীয় কমিটির কাছে অভিযোগ করা হয়েছে।
ছবি : সংগৃহীত
ফরিদপুরের মধুখালীতে ধানখেতের পাশ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় ভরা অজ্ঞাত এক পুরুষের ছয় টুকরো মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে মরাদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালিয়া বাসস্ট্যান্ডের কাছে ধানখেতের পাশে একটি তালগাছের গোড়ায় তিনটি মুখ বাঁধা প্লাস্টিকের বস্তা দেখতে পান স্থানীয় লোকজন। বস্তাগুলো দেখে সন্দেহ হলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
স্থানীয়দের উপস্থিতিতে বস্তা তিনটির মুখ খুললে সেগুলোর ভেতর থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাত পুরুষের মরাদেহের ছয়টি বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থলে মরাদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
মধুখালী সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান জানান, মরাদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিচয় শনাক্ত না হলে ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার রহস্য উদঘাটন এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।