• প্রকাশ : শনিবার ০১ আগস্ট, ২০২৬, সময় : ১০:৪৪ পিএম

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আমাদের কারিগরি কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। কীভাবে দ্রুততার সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায়, তা নিয়ে কাজ চলছে। আমার বিশ্বাস অন্তত পাইলট প্রকল্প হিসেবে হলেও এ বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো। এর মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও চাওয়া-পাওয়ার পূর্ণ প্রতিফলন ঘটবে। 


শনিবার (১ আগস্ট) বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলায় বুড়ি তিস্তা সেচ প্রকল্প এবং তিস্তার নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 


পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, বুড়ি তিস্তা পূর্নখননে বিগত সরকার ১৩০ কোটি টাকা দিয়ে পাঁচটি গ্রুপে কাজটা শুরু করতে চেয়েছিল। কিন্তু বিভিন্ন জটিলতায় তা আলোর মুখ দেখেনি। চলতি মাসের মাঝামাঝি সময়ে আমরা ভুক্তভোগী মানুষ ও কর্মকর্তাদের সঙ্গে বসে মামলা প্রত্যাহারসহ বুড়িতিস্তার এই সমস্যার সমাধান করব। 


এছাড়াও তিস্তা নদী তীরবর্তী ডিমলার ঝুনাগাছ চাপানী এলাকার তীব্র নদী ভাঙন পরিস্থিতি দেখে দ্রুত জিও ব্যাগ ও টিউব ব্যাগ ফেলার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। সাধারণ মানুষের সম্পদ সুরক্ষায় সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, আমাদের সরকারের কমিটমেন্ট একটাই, আমরা চাই না কোনো মানুষের একটি বাড়ি, একটি ঘর বা এক ইঞ্চি জমিও নদীতে বিলীন হয়ে যাক।




এসআই মামুন উর রশিদ

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১:৪৮ পিএম

চাঁদপুর শহরের নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত এক উপ-পরিদর্শক (এসআই) ডোপ টেস্টের আওতায় আসার খবর পেয়ে ফাঁড়ি থেকে চলে যাওয়ার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মুঠোফোনও বন্ধ রয়েছে। 



পুলিশ বলছে, তাকে খুঁজে বের করে ফাঁড়িতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ওই পুলিশ কর্মকর্তার নাম মামুন উর-রশিদ। তিনি নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।



জানা গেছে, নতুন বাজার পুলিশ ফাঁড়িতে বর্তমানে ১৮ জন পুলিশ সদস্য কর্মরত। তাদের মধ্যে এসআই মামুন উর-রশিদের আচরণ নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় তাকে ডোপ টেস্টের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়। ডোপ টেস্টের বিষয়টি জানার পর গত ১৫ সেপ্টেম্বর তিনি ফাঁড়ি থেকে চলে যান। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে পুলিশ নিশ্চিত হতে পারেনি।



সূত্র বলছে, এসআই মামুন উর-রশিদ নিয়মিত মাদক সেবন করতেন- এমন তথ্যও পুলিশের কাছে রয়েছে। তবে তার বিরুদ্ধে এ অভিযোগের সত্যতা যাচাইয়ে এখনো কোনো ডোপ টেস্টের ফল পাওয়া যায়নি।



পুলিশের একটি সূত্র জানায়, বিষয়টি জানার পর চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে এসআই মামুন উর-রশিদকে খুঁজে বের করতে তার বাসায় পুলিশ সদস্যদের পাঠানো হয়। কিন্তু সেখানে গিয়েও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার ও বুধবার দুই দিনই তার বাসায় পুলিশ সদস্যরা গেছেন বলে জানিয়েছে ফাঁড়ি কর্তৃপক্ষ।



পুলিশের একটি সূত্রের ভাষ্য, ফাঁড়িতে কর্মরত সদস্যদের মধ্যে যাঁদের আচরণ সন্দেহজনক মনে হবে, তাদের পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবেই এসআই মামুন উর-রশিদের ডোপ টেস্টের উদ্যোগ নেয়া হয়েছিল।


কাঞ্চন সেতু থেকে শীতলক্ষ্যায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারীকে উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছে ডুবুরি দল

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১০:৩০ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত কাঞ্চন সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে এক অজ্ঞাত নারী নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করলেও সন্ধ্যা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ নারীর পরিচয়ও জানা যায়নি। বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।




ইছাপুরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকরামুল হক জানান, দুপুর দেড়টার দিকে কাঞ্চন সেতুর ওপর থেকে অজ্ঞাত ওই নারী শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেন। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।




স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজ নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি।



এদিকে নদী থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগটির ভেতর কাপড় ও কিছু প্রসাধনী সামগ্রী পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।




সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে আবারও নিখোঁজ নারীকে উদ্ধারে অভিযান চালানো হবে।


হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১০:২২ এএম

নোয়াখালীর হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এক সপ্তাহে তিন দফায় ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর কারণ খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন আনোয়ার হোসেন। 



তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানসী রানি সরকারকে প্রধান করে কমিটি করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও হাতিয়া থানার ওসি। সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।



জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, প্রাথমিক ধারণা অনুযায়ী শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার পেছনে ‘ম্যাস হিস্টিরিয়া’ কাজ করতে পারে। তবে এটিই চূড়ান্ত কারণ নয়। বিষয়টি নিশ্চিত হতে তদন্ত কমিটি কাজ করবে। সোমবার নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া এক শিক্ষার্থীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হলেও অসুস্থতার অন্য কোনো কারণ পাওয়া যায়নি। 




সর্বশেষ বুধবার দুপুরে বিদ্যালয়ের নয় শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে বিকেলের দিকে আরও তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।  এর আগে ৭ সেপ্টেম্বর একই বিদ্যালয়ে ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়। এরপর ১৪ সেপ্টেম্বর আরও ২১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সর্বশেষ বুধবার ১৩ জন অসুস্থ হওয়ায় এক সপ্তাহে মোট ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়েছে।



তবে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার কারণ নিয়ে কৃষি বিভাগের পর্যবেক্ষণে ভিন্ন তথ্যও উঠে এসেছে। ৭ সেপ্টেম্বরের ঘটনার পর কৃষি বিভাগের তদন্তে বলা হয়, বিদ্যালয়ের পাশের জমিতে কীটনাশক ব্যবহারের গন্ধে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে থাকতে পারে। একই বিদ্যালয়ে বারবার এমন ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। এখন তদন্ত কমিটির প্রতিবেদনে প্রকৃত কারণ কী উঠে আসে, সেটিই দেখার বিষয়।


প্রতীকী ছবি

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১০:১৬ এএম

সিলেটের বিশ্বনাথে পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ বকুলকে তার নিজ বসতঘরে ঢুকে মারধর এবং ঘরের মালামাল লুট ও ভাংচুরের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের ৭০ নেতাকর্মীকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ বকুল বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলাটি দায়ের করেন।



ঘটনার ৫ দিন পর নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি শামীমকে প্রধান অভিযুক্ত করে থানায় দায়ের করার মামলায় ২০ জনকে এজাহারনামীয় অভিযুক্ত ও আরোও ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে। তবে এ ঘটনায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত কোন গ্রেপ্তার নেই বলে পুলিশ সূত্রে জানা গেছে। 



ছাত্রদল নেতার দায়ের করা মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ওরফে হাবিব মিয়া, নিষিদ্ধ ছাত্রলীগ বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম রুকন, সাধারণ সম্পাদক জাকির হোসেন মামুন, সহ সভাপতি কয়েছ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ, রেজাউল ইসলাম রেজা, সাংগঠনিক সম্পাদক শেখ সালমান আহমেদ, প্রচার সম্পাদক পারভেজ আহমদ, যুবলীগ নেতা রাজন আহমদ অপু, নিষিদ্ধ ছাত্রলীগ বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন শাখার সভাপতি এনামুল হক বিজয়, কার্যক্রম নিষিদ্ধ বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আশিক আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী, এবং ওয়াজিবুল মিয়া, হেলাল, আইদিদ আহমেদ, আবু আহমেদ তালহা, নাইম আহমদ, আব্দুল হক কুতুব।



থানায় ছাত্রদল নেতা বকুলের দায়ের করা লিখিত এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যা ৭টার দিকে বাদী পৌর শহরের টিএনটি রোডস্থ নিজ বাসায় অবস্থানকালে মামলার প্রধান অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম আহমদ ওরফে চাক্কু শামীমের নেতৃত্বে সমূহ অভিযুক্তরা রামদা, দা, চাইনিজ কুড়াল, লোহাড় রড়, জিআই পাইপ, লাঠি-সোঠা’সহ দেশীং অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বসতঘরে অনাধিকার প্রবেশ করে তার (বাদী)’র উপর হামলা করেন। হামলায় তিনি গুরুত্বর আহত হন। হামলার সময় অভিযুক্তরা বাদীর বসতঘরে থাকা আলমিরা ভেঙে প্রায় ১০ লাখ টাকা মূল্যের প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় এবং প্রায় ২ লাখ টাকা মূল্যের আসবাবপত্র ভাংচুর করেছে বলে মামলার বাদী পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ বকুল তার লিখিত অভিযোগপত্রে উল্লেখ করেছেন।




মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২০ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে জকিগঞ্জ থানায় পুলিশ মামলাটি রেকর্ড করে। 




মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট উপজেলা সদরের পল্লীশ্রী বাজারসহ বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সরকারবিরোধী বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে পুরো উপজেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার প্রেক্ষিতে সোমবার রাতে তানভীর আহমদ নামে এক কর্মীকে আটক করে পুলিশ। পরে জকিগঞ্জ থানার উপপরিদর্শক সুজন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী ও তার ভাই আজহার চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে।




এ ছাড়া আরও ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিত ভাবে বর্তমান সরকারকে অস্থিতিশীল ও ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছিলেন। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি নির্দেশনা অমান্য করে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। আটক তানভীর আহমদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এজাহারভুক্ত অন্যান্য আসামিদের আটকের চেষ্টা চলছে।


পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন কর্মস্থলে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন কাউখালী উপজেলার নতুন ইউএনও রেহেনা আক্তার

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১০:০৯ এএম

পিরোজপুরের কাউখালী উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন রেহেনা আক্তার। বুধবার পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি নতুন কর্মস্থলে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এর পরপরই নবনিযুক্ত ইউএনও রেহেনা আক্তার পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সাথে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।


সাক্ষাৎকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন ইউএনও-কে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। এ সময় জেলা প্রশাসক আবু সাঈদের নেতৃত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার নতুন কর্মস্থলে সফলতা এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করা হয়।


প্রশাসন সূত্রে জানা গেছে, কাউখালী উপজেলায় যোগদানের পূর্বে রেহেনা আক্তার পিরোজপুরেরই ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। মাঠ প্রশাসনের অভিজ্ঞ এই কর্মকর্তা কাউখালীর সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।


নতুন ইউএনও রেহেনা আক্তার কাউখালী উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা নিয়ে সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন বজায় রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।


আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ঠাকুরগাঁওয়ে বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১০:০২ এএম

‌‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যেকে সামনে রেখে আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ঠাকুরগাঁওয়ে বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ হয়েছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়।


বুধবার সকাল ১০ টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবে সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি মো. শুভ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তারভীর হাসান তানু।


স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞানমনষ্ক করে গড়ে তুলতে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে সমকালের পাঠক সংগঠন ঠাকুরগাঁও সমকাল সুহৃদ সমাবেশ এই বিজ্ঞান বিতর্ক উৎসবের আয়োজন করে। উৎসবে সহযোগিতায় ছিল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। এটি বিজ্ঞান নিয়ে স্কুল পর্যায়ে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎবের ১২তম আসর।


প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী জেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠান, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আরকে স্টেট উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ , মথুরাপুর পাবলিক হাই স্কুল, সালন্দর ইসলামীয়া কামিল মাদ্রাসা ,পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ, আমানতুল্লাহ ইসলামিক একাডেমী স্কুল এন্ড কলেজ।


মডারেটরের দায়িত্ব পালন করেন বিতর্ক প্রশিক্ষক মো: ইনুস আলী। বিচারকের দায়িত্ব ছিলেন, আবুল হোসেন সরকার মহাবিদ্যালয়ের সিনিয়র প্রভাষক ডক্টর গোলাম সারোয়ার সম্রাট, ঠাকুরগাঁও রোড ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক আরিফ আলী, ক্রীড়াবিদ ও সংবাদ কর্মী আসাদুজ্জামান শামীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংবাদকর্মী আব্দুল্লাহ আজাদ। 

অনুষ্ঠান পরিচালনা করেন সমকালে ঠাকুরগাঁও প্রতিনিধি শামসুজ্জুহা। সহযোগিতায় সুহৃদ জীবন আহম্মেদ, ফয়সাল, হৃদয়, সুমন, কুরবান, রাব্বি, কাউসার প্রমুখ।


সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য  দেন দিনাজপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মোর্শেদ আহম্মেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নেহা রঞ্জন রায়।



প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, সমকাল নিঃসন্দেহে প্রশংসার দাবিদার কারণ ১২ বছর থেকে শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক উৎসবের আয়োজন করে আসছে। যার ফলে সমাজের নানা আশংগতি দূর হচ্ছে। সমকালের এ কার্যক্রম দীর্ঘস্থায়ী হবে এটা এমনটাই প্রত্যাশা করছি।


এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি ফাতেমা তু ছোগড়া, ইত্তেফাক ও ৭১ টেলিভিশনের প্রতিনিধি তানভীর হাসান তানু, সময়ের আলোর প্রতিনিধি শাহ নাজমুল ইসলাম, দীপ্ত টিভির প্রতিনিধি মইনুদ্দিন তালুকদার হিমেল, এখন টিভির প্রতিনিধি নাহিদ রেজা, বৈশাখী প্রতিনিধি সোহেল রানা, নাগরিক টিভির প্রতিনিধি জীবন, আনন্দ টিভির প্রতিনিধি জনি, এনটিভি অনলাইনের প্রতিনিধি আব্দুল্লাহ সুমন, আরসি টিভি অনলাইনের প্রতিনিধি আহসান হাবীব,  বাংলাদেশের খবর প্রতিনিধি আবু সালেহ প্রমুখ।