সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধীনে একটি ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার লক্ষ্য নিয়েও কাজ করছে সরকার। এর পাশাপাশি কলেজের খেলার মাঠ, মসজিদ ও পরিবহন সংকটের মতো দীর্ঘদিনের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ মঙ্গলবার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার সময় এটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার প্রত্যাশা ছিল। কিন্তু যে জায়গা ও অবকাঠামোতে প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে, তা দিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য পুরোপুরি বাস্তবায়ন করা কঠিন। তারপরও প্রতিষ্ঠানটিকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।বর্তমানে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটিকে শাবিপ্রবির অধীনে একটি ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের এ দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে কাজ চলছে। তবে সবার চূড়ান্ত লক্ষ্য হলো, একদিন কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা। প্রতিষ্ঠানটির প্রাতিষ্ঠানিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি শিক্ষার্থীদের দৈনন্দিন ভোগান্তির বিষয়গুলোও আলোচনায় আসে। কলেজের খেলার মাঠের সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, মসজিদ নির্মাণ এবং পরিবহন সমস্যার সমাধানেও উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য শিক্ষার পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এসব সমস্যার সমাধান জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে পরিবহন ও খেলার মাঠের সংকট শিক্ষার্থীদের নিয়মিত কার্যক্রমে প্রভাব ফেলছে। তবে এসব সমস্যা সমাধানের নির্দিষ্ট সময়সীমা বা অর্থায়নের বিষয়ে মন্ত্রী বিস্তারিত জানাননি।
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবালের সভাপতিত্বে মতবিনিময় সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলুসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি ও পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লালপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মো. মেশকাতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুল্লাহ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড়, উপজেলা সমবায় অফিসার ইবনে জামান মোঃ ফয়জুল কবীর, সফল আত্মকর্মী হিসেবে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ প্রাপ্ত সফল উদ্যোক্তা আব্দুল মোত্তালেব রায়হান, উদ্যোক্তা মুরসিদা বেগম, লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং দেশীয় প্রাণিসম্পদকে রপ্তানিমুখী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
চট্টগ্রাম নগরীর জামালখান, চেরাগী পাহাড়, কাজীর দেউড়ি ও নূর আহমদ সড়ক এলাকায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা ও টং দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের (যুগ্ম জেলা ও দায়রা জজ) নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে রাখা ৯টি দোকান, ৯টি গ্যাস সিলিন্ডার ও দুটি লোহার বক্স জব্দ করা হয়।
এ সময় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সার্বিক সহযোগিতা করেন।
নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অমান্য করায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক সার্জেন্ট মুজাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দুই দিন আগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হলেও বুধবার (২৫ নভেম্বর) বিষয়টি জানাজানি হয়। মুজাহিদুল ইসলাম ২০১৭ সালে সার্জেন্ট পদে পুলিশে যোগ দেন। তাঁর বাড়ি গোপালগঞ্জ জেলায়।
সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, কর্তৃপক্ষের বৈধ নির্দেশ অমান্য করায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কী ধরনের নির্দেশ অমান্য করা হয়েছিল, জানতে চাইলে সিএমপি কমিশনার বলেন, এগুলো পুলিশের অভ্যন্তরীণ বিষয়। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত নয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার একটি ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হলেও বাদী হতে রাজি হননি সার্জেন্ট মুজাহিদুল। এ ছাড়া আরও কিছু কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির দিন নগরের বন্দর এলাকার সল্টগোলা ক্রসিং পুলিশ বক্সে দায়িত্বে ছিলেন সার্জেন্ট মুজাহিদুল। ওই দিন রাতে পুলিশ বক্সে ভাঙচুরের ঘটনা ঘটে। সেখানে কাচ ভাঙা ও ভেতরে আগুন দেওয়ার আলামত পাওয়া যায়। এ ঘটনায় মামলা করার জন্য তাঁকে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তিনি সেই নির্দেশ পালন করেননি বলে ওই পুলিশ কর্মকর্তা দাবি করেন।
এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে সার্জেন্ট মুজাহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
রাজশাহী মহানগরীর কর্ণহার থানা এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে স্বর্ণের বার বলে বিক্রির উদ্দেশ্যে বহন করা ৪১টি সোনালি রঙের প্রলেপযুক্ত বারসদৃশ বস্তুসহ দুজনকে গ্রেপ্তার করেছে কর্ণহার থানা পুলিশ। স্থানীয় স্বর্ণকারের প্রাথমিক পরীক্ষায় বস্তুগুলো লোহার তৈরি বলে জানা গেছে। এ সময় দুটি মোবাইল ফোন, একটি চাকু, একটি স্কুলব্যাগ, নগদ টাকা ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়।
গত ২৪ নভেম্বর রাত আনুমানিক পৌনে ৮টার দিকে কৈকুড়ি মোড়সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট পরিচালনাকালে গোদাগাড়ীর ভাগাইল এলাকা থেকে আসা একটি চার্জার অটোরিকশা থামায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্ণহার থানা পুলিশ। এ সময় অটোরিকশার তিন যাত্রীর মধ্যে একজন পালিয়ে যায়। অপর দুই যাত্রীর দেহ তল্লাশি করে একজনের কাঁধে থাকা স্কুলব্যাগ থেকে খবরের কাগজে মোড়ানো ও কসটেপ দিয়ে প্যাঁচানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতর একটি কাগজের বাক্সে ৪১টি সোনালি রঙের প্রলেপযুক্ত বারসদৃশ বস্তু পাওয়া যায়।
পরে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীনের উপস্থিতিতে স্থানীয় স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা করে দেখা যায়, বস্তুগুলোর ওপরের সোনালি প্রলেপ তুলে ফেললে ভেতরে লোহার বার পাওয়া যায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের শিবচর থানার মাগুরখন্ড ফকিরকান্দি এলাকার নূরুল ইসলাম ফকিরের ছেলে মনিরুজ্জামান ফকির ওরফে মনির ফকির (৩৪) এবং মৌলভীবাজারের জুড়ি থানার দক্ষিণ সাগরনাল এলাকার আঃ আলীর ছেলে জাহিদ হোসেন (২৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, পলাতক আরও একজনের সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে লোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ দিয়ে স্বর্ণের বারের মতো বস্তু তৈরি করে প্রকৃত স্বর্ণ হিসেবে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন স্থানে বহন করতেন। জাহিদ হোসেন জানান, মনিরুজ্জামান তাঁকে ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে আসেন।
জব্দকৃত ৪১টি বারসদৃশ বস্তুর মোট ওজন ৪ হাজার ২৯ দশমিক ৭৪ গ্রাম। এ ছাড়া দুটি মোবাইল ফোন, একটি স্টিলের চাকু, একটি স্কুলব্যাগ, নগদ ৩ হাজার ১৭৪ টাকা ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে প্রতারণার উদ্দেশ্যে জাল বস্তু প্রস্তুত ও বহনের অভিযোগে কর্ণহার থানায় পেনাল কোড আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তান্নি সনির সঙ্গে তার কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে থানায় আটকের পর দুই লাখ টাকা লেনদেন, জামিনের জন্য অর্থ ব্যয় এবং পুনরায় টাকা দাবির অভিযোগ নিয়ে সনিকে ওসির সঙ্গে কথা বলতে শোনা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর তাসকিরা তান্নি সনিকে আটক করে থানায় নেওয়া হয়। পরে একটি সাধারণ মামলায় মুচলেকা দিয়ে তিনি মুক্তি পান।অডিওতে সনি দাবি করেন, আটকের পর থানায় দুই লাখ টাকা দেওয়ার পাশাপাশি জামিনের জন্যও তাকে টাকা খরচ করতে হয়েছে। পুনরায় টাকা চাওয়ার বিষয়টি ওসিকে জানালে তিনি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলার আশ্বাস দেন।
অডিওতে সনি তার সাবেক স্বামী ও পলাতক যুবলীগ নেতা পারভেজের সঙ্গে পুলিশের যোগাযোগ নিয়েও প্রশ্ন তোলেন। এছাড়া তার ছেলে তাসরিফকে ফোন করে থানায় দুই লাখ টাকা দেওয়ার বিষয়টি গোপন রাখতে বলা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে বুধবার সকালে প্রকাশিত এক ভিডিও বার্তায় সনি ওসির বিরুদ্ধে আরও অভিযোগ তোলেন। তার দাবি, ৫৪ ধারায় মামলা দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে দুই লাখ টাকা নেওয়া হয়েছে। আদালতে চালানের আগে ওসি তাকে আলিঙ্গনের প্রস্তাব দিয়েছিলেন এবং একা সিএনজিচালিত অটোরিকশায় করে ওসির বাংলোয় যেতে বলেছিলেন। মামলা নিয়ে ক্ষমতার প্রভাব দেখানোর অভিযোগও করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান। অডিওর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ভুয়া। কী দিয়ে বানিয়েছে, কে জানে। এ ধরনের অভিযোগ সম্পূর্ণ অসত্য।’
যুবলীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি
ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করলেও অভিযোগগুলোর বিষয়ে তদন্তের অগ্রগতি কিংবা পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বিস্তারিত জানাননি।
ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ মো. ওয়াকিল মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা ৫৫ মিনিটে নগরীর ২৭ নম্বর শ্যামাচরণ রায় রোডের জেলা স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তার ওয়াকিল মিয়া ময়মনসিংহের ফুলপুর উপজেলার চর নিয়ামত এলাকার আব্দুল হাকিমের ছেলে।
পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার কাছ থেকে ৫০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশের দাবি: প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার ওয়াকিল দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। এ কারবারের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
এ ঘটনায় উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।