ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তান্নি সনির সঙ্গে তার কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে থানায় আটকের পর দুই লাখ টাকা লেনদেন, জামিনের জন্য অর্থ ব্যয় এবং পুনরায় টাকা দাবির অভিযোগ নিয়ে সনিকে ওসির সঙ্গে কথা বলতে শোনা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর তাসকিরা তান্নি সনিকে আটক করে থানায় নেওয়া হয়। পরে একটি সাধারণ মামলায় মুচলেকা দিয়ে তিনি মুক্তি পান।অডিওতে সনি দাবি করেন, আটকের পর থানায় দুই লাখ টাকা দেওয়ার পাশাপাশি জামিনের জন্যও তাকে টাকা খরচ করতে হয়েছে। পুনরায় টাকা চাওয়ার বিষয়টি ওসিকে জানালে তিনি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলার আশ্বাস দেন।
অডিওতে সনি তার সাবেক স্বামী ও পলাতক যুবলীগ নেতা পারভেজের সঙ্গে পুলিশের যোগাযোগ নিয়েও প্রশ্ন তোলেন। এছাড়া তার ছেলে তাসরিফকে ফোন করে থানায় দুই লাখ টাকা দেওয়ার বিষয়টি গোপন রাখতে বলা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে বুধবার সকালে প্রকাশিত এক ভিডিও বার্তায় সনি ওসির বিরুদ্ধে আরও অভিযোগ তোলেন। তার দাবি, ৫৪ ধারায় মামলা দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে দুই লাখ টাকা নেওয়া হয়েছে। আদালতে চালানের আগে ওসি তাকে আলিঙ্গনের প্রস্তাব দিয়েছিলেন এবং একা সিএনজিচালিত অটোরিকশায় করে ওসির বাংলোয় যেতে বলেছিলেন। মামলা নিয়ে ক্ষমতার প্রভাব দেখানোর অভিযোগও করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান। অডিওর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ভুয়া। কী দিয়ে বানিয়েছে, কে জানে। এ ধরনের অভিযোগ সম্পূর্ণ অসত্য।’
যুবলীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি
ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করলেও অভিযোগগুলোর বিষয়ে তদন্তের অগ্রগতি কিংবা পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বিস্তারিত জানাননি।
পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি পরিত্যক্ত জিপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কুয়াকাটা চৌরাস্তার পূর্ব পাশে হোটেল আল-বেলালের সামনে এ ঘটনা ঘটে। এতে জিপটি সম্পূর্ণ পুড়ে গেছে। গাড়ির মালিকের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জিপটি (চান্দেরগাড়ি) একসময় কুয়াকাটায় আগত পর্যটকদের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর কাজে ব্যবহৃত হতো। তবে দীর্ঘদিন ধরে গাড়িটি সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় পার্কিং করে রাখা ছিল।
বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ জিপটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় শেষ পর্যন্ত গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
গাড়ির মালিক ও পর্যটক গাইড মো. ইমরান বলেন, গাড়িটি দীর্ঘদিন ধরে সেখানে পড়ে ছিল। বিভিন্ন সময়ে এক ব্যক্তি রাতে গাড়িটির ভেতরে ঘুমাতেন। তাঁর দাবি, এটি দুর্ঘটনা কিংবা ওই ব্যক্তির কারণে ঘটলে আগেই এমন ঘটনা ঘটতে পারত। তাঁর ধারণা, কেউ পরিকল্পিতভাবে গাড়িটিতে আগুন দিয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে যৌথভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাসাস, জেলা মৎস্যজীবী দল ,উলামা দল ও তাতি দল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলী।
জেলা মৎস্যজীবী দল, জাসাস, উলামা দল তাতি দলের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলের সাধারণ সম্পাদক পায়গাম আলীসহ জেলা- উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া ইউনিয়নের নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিল ও সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটে।
মিছিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলী বলেন, বিএনপি জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এলাকায় কোনো ধরনের নৈরাজ্য বা অপতৎপরতা বরদাস্ত করা হবে না। এ জন্য প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সজাগ থাকার আহ্বান জানান তিনি। সমাবেশ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের আরও কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি জানানো হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ঠাকুরগাঁওয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যাতে বিশৃঙ্খলা, নৈরাজ্য কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।
মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ মাসুদ রানা পলাশ, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ শাহরিয়ার কবির রতন সহ অন্যান্য দলের নেতৃবৃন্দগন।
ছবি : সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানির নবম চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে তিনটি বিশেষায়িত লরিতে করে জ্বালানিবাহী চালানটি সেখানে নেওয়া হয়। এ সময় সেনাবাহিনীর তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থা ছিল।নবম চালান পৌঁছানোর মধ্য দিয়ে কেন্দ্রটির দুটি ইউনিটের জন্য নির্ধারিত মোট নয়টি চালানের জ্বালানি পরিবহনের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে এসেছে। তবে দুটি চালানে নির্ধারিত পরিমাণের তুলনায় ১২টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি কম এসেছে। বাকি অ্যাসেম্বলিগুলো পৌঁছালে দ্বিতীয় ইউনিটের জ্বালানি পরিবহনের দ্বিতীয় পর্যায়ের কাজ সম্পন্ন হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রধান (প্রশাসন) মো. গোলাম মাহবুব জানান, দুটি ইউনিটের জন্য মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি আমদানি করা হয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি অতিরিক্ত চালান এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালান নির্ধারিত ছিল।
তিনি বলেন, দুটি চালানে মোট ১২টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি কম এসেছে। অবশিষ্ট অ্যাসেম্বলিগুলো অল্প সময়ের মধ্যেই দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি আনার কথা ছিল। পাশাপাশি প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের উদ্দেশ্যে আরও দুটি কার্গো বিমানে ৪৮টি অ্যাসেম্বলি পরিবহনের পরিকল্পনা রয়েছে।
ছবি : সংগৃহীত
টানা চার দিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে রেকর্ড করা হয়েছে। ভোরে হালকা কুয়াশা আর রাতভর বয়ে চলা হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ বাড়লেও ঠান্ডা বাতাসের কারণে শীতের আমেজ কাটছে না। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া দেখা গেছে। তবে ঠান্ডা বাতাস উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে শ্রমজীবী মানুষ, কৃষক ও পথচারীদের।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এর আগেমঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২৫ নভেম্বর) তা কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রিতে। অর্থাৎ টানা চার দিন ধরেই তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে রয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদের কারণে তেমন শীত অনুভূত হয় না। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পর থেকে ঠান্ডা বাড়তে থাকে। রাত ও ভোরে হিমেল বাতাসে বেশি শীত লাগে। সকালে কুয়াশা কম থাকলেও ঠান্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি হয়।
মো. ইব্রাহীম ওরফে জীবন।
নোয়াখালীর বেগমগঞ্জে বিছানার নিচে লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরি পাইপগান ও ১০টি ব্যবহৃত বুলেটের পিলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. ইব্রাহীম ওরফে জীবন (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিবল্লভপুর গ্রামের জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে এ অস্ত্র ও পিলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জীবন একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ থানার এসআই মো. মাহমুদুল হক, এএসআই ইলিয়াছ উদ্দিন ও সোলায়মান খানের নেতৃত্বে পুলিশের একটি দল জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় জীবনের ঘরে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও ১০টি ব্যবহৃত বুলেটের পিলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে শুক্রবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে অস্ত্রের উৎস খতিয়ে দেখা হচ্ছে।
দিন-রাত ২৪ ঘণ্টা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)। রাতের আঁধারেও সীমান্ত সুরক্ষায় দায়িত্ব পালন করছেন বিজিবির সদস্যরা।
সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও বিভিন্ন ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) উদ্যোগে পরিচালিত হচ্ছে রাত্রিকালীন চেকপোস্ট ও বিশেষ নজরদারি কার্যক্রম।
ব্যাটালিয়ন সদর কর্তৃক পরিচালিত এসব কার্যক্রমের মাধ্যমে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তৎপর রয়েছেন বিজিবি সদস্যরা।
সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিকূল পরিবেশ ও রাতের অন্ধকার উপেক্ষা করে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন তাঁরা।
সীমান্ত সুরক্ষায় দিন-রাত নিরলস, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) সদা জাগ্রত।