• প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৫৩ পিএম

দিনাজপুরের বিরল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৪৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব মাদকদ্রব্যের সিজার মূল্য ৯৬ হাজার টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক চোরাকারবারিরা।


সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ মৌচোষা বিওপির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করেন।


অভিযান শেষে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ৪৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা অনুসন্ধান অব্যাহত রেখেছে বিজিবি।


দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তনের চেষ্টা করছে। তবে সীমান্তে বিজিবির সতর্ক নজরদারী ও গোয়েন্দা তৎপরতা তাদের অপচেষ্টা সফল হতে দেবে না। শুধু মাদকদ্রব্য উদ্ধার নয়, এর সঙ্গে জড়িত পাচারচক্রের সদস্যদের শনাক্ত করাও বিজিবির অন্যতম লক্ষ্য। এ ধরনের অভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে।


সীমান্ত দিয়ে মাদকের অবৈধ প্রবেশ রোধে বিজিবির এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে মাদক পাচারের সঙ্গে জড়িত চক্রগুলোকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা জরুরি বলে মনে করছেন সচেতন মহল। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সামাজিক সচেতনতা ও সমন্বিত প্রতিরোধ কার্যক্রমও প্রয়োজন।




সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ১১:১৯ এএম

নতুন বেতন কাঠামো ঘোষণার পরও থামছে না গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ। বুধবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কয়েকটি কারখানার শ্রমিকরা। 


এতে গুরুত্বপূর্ণ দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।


সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। 


যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।


গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল থেকেই শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে ভোগড়া ও নাওজোড় এলাকায় শ্রমিকরা কিছুটা সমস্যা সৃষ্টি করেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ সদস্যরা কাজ করছেন।


এদিকে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত চলা বৈঠকে  শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের ভোটাভুটির মাধ্যমে নতুন এ মজুরি চূড়ান্ত করা হয়। বৈঠকে অংশ নেওয়া কয়েকজন প্রতিনিধি এ তথ্য জানিয়েছেন।


বৈঠক শেষে একাধিক প্রতিনিধি জানান, দুই পক্ষের প্রতিনিধিদের প্রস্তাবে ঐকমত্য না হওয়ায় ভোটাভুটির সিদ্ধান্ত হয়। এতে বোর্ডের ছয়জন সদস্য অংশ নেন। প্রত্যেকে তাদের প্রস্তাব লিখে জমা দেন। পরে তা খুলে ভোট গণনা করা হয়। 


বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের ভোটের মাধ্যমে মজুরি চূড়ান্ত করা হয়। বাবুল আখতার বলেন, ছয় ভোটের মধ্যে চারটি পড়েছে ১৭ হাজার টাকার পক্ষে এবং দুটি ১৮ হাজার টাকার পক্ষে। ফলে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি হিসেবে ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়েছে।


মঙ্গলবার দিনভর শ্রমিক ও মালিকসহ সব পক্ষের মধ্যে আলোচনা হয়। বৈঠকে উভয় পক্ষ একাধিকবার সংশোধিত প্রস্তাব দেয়। তা নিয়ে আলোচনা চলে। শ্রমিকপক্ষ নিজেদের প্রাথমিক প্রস্তাব থেকে কমিয়ে ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা প্রস্তাব করে। মালিকপক্ষও তাদের আগের প্রস্তাব থেকে সরে ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব দেয়।


নিম্নতম মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন পোশাক খাতের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে তারা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। বিকেল সাড়ে ৪টার দিকে গার্মেন্টস শিল্প মজুরি বৃদ্ধি অ্যালায়েন্স-বাংলাদেশের ব্যানারে কয়েকজন শ্রমিক নেতা মজুরি বোর্ডে একটি স্মারকলিপি জমা দেন। তাতে দ্রুত ন্যায্য মজুরি ঘোষণা, আন্দোলনে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি, কারখানায় ছাঁটাই বন্ধের দাবি করা হয়। পোশাক খাতে টানা অসন্তোষের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করে সরকার। 


বোর্ডের প্রথম সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা দাবি করেন, আগামী ডিসেম্বর মাস থেকেই যেন মজুরির নতুন কাঠামো বাস্তবায়ন করা হয়। মালিকপক্ষের প্রতিনিধিরা এ দাবি মেনে নেন। এর ফলে বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত হয়, যেদিনই নতুন মজুরি ঘোষণা করা হোক, বাস্তবায়ন করা হবে ডিসেম্বর মাস থেকে। অর্থাৎ জানুয়ারির প্রথম সাত কর্মদিবসের মধ্যে ডিসেম্বর মাসের বেতন তোলার সময় নতুন কাঠামোর মজুরি তুলতে পারবেন শ্রমিকরা। এই বোর্ড সব পদে শ্রমিকদের ন্যূনতম মজুরির সুপারিশ করবে। বোর্ডের সুপারিশের ভিত্তিতে নতুন মজুরি কাঠামো ঘোষণা ও গেজেট হিসেবে প্রকাশ করবে সরকার। 


সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বর মাসে পোশাক খাতে ১২ হাজার ৫০০ টাকা নিম্নতম মজুরি ঘোষণা ও কার্যকর হয়। পরের মাস থেকে বর্ধিত মজুরি পেয়ে আসছেন শ্রমিকরা। সাধারণত পাঁচ বছর পরপর পোশাক খাতে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে মজুরি পুনর্নির্ধারণ করা হয়। তবে গত ১০ এপ্রিল শ্রম আইন সংশোধন বিল সংসদে পাস হয়। এতে মজুরি পুনর্নির্ধারণের সময় পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়।


সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে চারজনকে আটক করে পুলিশ

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৩৭ এএম

কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে আটক করা হয়েছে। 


বুধবার ভোরে তাদের আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এর আগে পুলিশ গভীর রাত থেকে নগরীর জল্লারপাড় এলাকায় অবস্থিত গ্র‍্যান্ড প্যালেস নামের ওই হোটেলের সামনে অবস্থান নেয়।


আটকরা হলেন, কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান ও আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।


সিলেটে মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানিয়েছেন, হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন অবস্থান করছেন এমন তথ্য তাদের কাছে ছিল। মধ্যরাত থেকে হোটেলটিকে ঘিরে রাখা হয়। পরে তল্লাশি চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদের কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।


ক্যাম্পে রিভলবার, গুলি ও চাবুকসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪৭ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি রিভলবার, তাজা গুলি, খালি কার্তুজ ও চাবুকসহ জাবেদ হোসেন (২৭) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোররাতে ক্যাম্প-১৭ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাবেদ হোসেন ওই ক্যাম্পের বাসিন্দা। তিনি জোরহমানের ছেলে।

এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় জাবেদ হোসেনের হেফাজত থেকে একটি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড গুলির খালি খোসা, একটি চাবুক ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩৬ এএম

দেশীয় প্রজাতির মৎস্যসম্পদ সংরক্ষণ এবং তিতাস নদীর প্রাকৃতিক জীববৈচিত্র রক্ষায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে অবৈধ জাল বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। 


মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে শহরের তিতাস নদীর আনন্দ বাজার ঘাট থেকে শুরু করে বাসুদেব ইউনিয়ন পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে তিতাস নদীতে অবৈধ উপায়ে মাছ নিধনে ব্যবহৃত নিষিদ্ধ প্রায় একলক্ষ মিটার কারেন্ট জাল ও ৮৭টি চায়না দুয়ারী (রিং জাল) জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে একজন জেলেকে দুই হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়। 


এ সময় বাসুদেব এলাকায় অবস্থানরত জেলেদের সঙ্গে কথা বলে নদীতে নিষিদ্ধ জাল ব্যবহার না করা এবং বড়শি ও বড় মাছ শিকারের জাল ব্যবহার করে মাছ ধরার আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশীয় মাছের প্রজনন নদী-খাল ও বিলের পরিবেশ রক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। 


এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, সদস্য সোহেল রানা ভূঁইয়া ও ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এস আই সোহেলসহ   আইনশৃঙ্খলা  বাহিনীর একটি দল ও সদর উপজেলা মৎস্য অফিসের স্টাফরা।  


ব্রাহ্মণবাড়িয়া  সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, তিতাস নদীতে জেলেরা মাছের প্রজাতি নষ্ট হয় এমন জাল ব্যবহার করা থেকে বিরত রাখার জন্য এ অভিযান। নদী ও বিলে অবৈধ জালের ব্যবহার বন্ধ করা না গেলে দেশীয় মাছের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই উপজেলা ও জেলা মৎস্য কর্মকর্তাকে নিয়ে মানুষজনকে সচেতন করতে এ উদ্যোগ। আশা করি মানুষজন এ বিষয়ে সচেতন হবেন এবং মৎস্যসম্পদ ও নদীর জীববৈচিত্র্য সুরক্ষা ও সংরক্ষণে মাছ ধরার ক্ষেত্রে নিয়ম মেনে চলবে।


মিনহাজ আহমেদ সীমান্ত

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩১ এএম

নোয়াখালীর কবিরহাটে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে মিনহাজ আহমেদ সীমান্ত (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছনখোলা এলাকার একটি পুকুরের সিঁড়ির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।


নিহত সীমান্ত নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নরোত্তমপুর গ্রামের কালামিয়ার পোল এলাকার মৃত জহিরুল ইসলাম জুয়েলের ছেলে। সে স্থানীয় নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।


স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের মাঠে দুই বন্ধুর সঙ্গে ফুটবল খেলে পাশের একটি পুকুরে গোসল করতে নামে সীমান্ত। তিন বন্ধু পুকুরের সিঁড়ির একপাশ দিয়ে পানিতে নেমে অন্য পাশ দিয়ে বের হচ্ছিল। একপর্যায়ে সীমান্ত সিঁড়ির নিচে আটকে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তাকে ভেসে উঠতে না দেখে দুই বন্ধু স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। একপর্যায়ে সিঁড়ির নিচ থেকে সীমান্তের মরদেহ উদ্ধার করা হয়।


কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নুরুল কবির সরকার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। রাত ৮টার দিকে পুকুরের সিঁড়ির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।


কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল বড়ুয়া বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

বিষয় :


সিলেটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে তিন মন্ত্রীর উপস্থিতিতে বিএনপির বিক্ষোভ

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২৬ এএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংগঠনটির নিষিদ্ধ অঙ্গ সহযোগী সংগঠনের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।


মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবীরসহ জেলার বিএনপির সকল সংসদ সদস্য উপস্থিত ছিলেন।


বিকেল ৪টার দিকে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে বিএনপি নেতাকর্মীরা বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। এর আগে রেজিস্ট্রারি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, শেখ হাসিনার পতনের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। নিরপেক্ষ ও নির্মোহ আইনের শাসনের মাধ্যমে ঠিক হয়েছে মানুষ খুনের দায়ে শেখ হাসিনার ফাঁসি হবে। এটি একটিমাত্র মামলার রায়। এরকম আরও শত শত মামলা রয়েছে। যেগুলোতে শেখ হাসিনার একই রায় হবে।


বাংলাদেশের মানুষ শেখ হাসিনার ফেরার অপেক্ষায় আছে। তিনি ফিরে আসলে তাকে কিভাবে আদর-আপ্যায়ন করতে হবে তা দেশের মানুষ ঠিক করে রেখেছে।





সমাবেশে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোথাও এসব সন্ত্রাসীদের পেলে তাদেরকে ‘মেহমানদারি’ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য বিগত দিনের মতো রাজপথে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবীর বলেন, সন্ত্রাসীদের কোন পাসপোর্ট হয় না। শেখ হাসিনা দেশে ফিরতে হলে হ্যান্ডকাপ পরে ফিরতে হবে। 


সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা এমপি, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিকের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী, জেলার সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এমপি, এমএ মালিক এমপি, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।