• প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ৬:২৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) যখন শীতকালীন অবকাশসহ বিভিন্ন দিবস উপলক্ষে টানা ১৮ দিনের ছুটিতে যাচ্ছে, তখন শীতকালীন ছুটি পাচ্ছেন না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের কারণ দেখিয়ে চলতি শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাতিল হওয়া ছুটি পরবর্তী পবিত্র রমজান মাসের ছুটির সঙ্গে সমন্বয় করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।


গত ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শীতকালীন ছুটি বাতিলের বিষয়টি জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে চলতি শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। পরিবর্তে বাতিল হওয়া ছুটি পরবর্তী পবিত্র রমজান মাসের ছুটির সঙ্গে সমন্বয় করে দেওয়া হবে। রমজান মাসে ছুটি প্রদানের সময়সূচি ছুটির তালিকা প্রণয়নসংক্রান্ত কমিটি নির্ধারণ করবে।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৩৩তম সভায় শীতকালীন ছুটি বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১৫ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৩তম সভায় সিদ্ধান্তটি অনুমোদন করা হয়।


অন্যদিকে, শীতকালীন অবকাশ, শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস ও যিশুখ্রিষ্টের জন্মদিবস উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত টানা ১৮ দিনের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সময়ে ঢাবির শিক্ষক-শিক্ষার্থীরা দীর্ঘ অবকাশ পেলেও ভর্তি পরীক্ষা আয়োজনের কারণে জবিতে এবার শীতকালীন ছুটি থাকছে না।


ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী আলী হাসান অন্তর বলেন, “সারা বছর ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট ও নানা একাডেমিক ব্যস্ততার মধ্যে থাকতে হয়। শীতকালীন ছুটিতে অনেকেই পরিবারের কাছে ফেরার পরিকল্পনা করেন। বিশেষ করে আমাদের মতো যেসব শিক্ষার্থীর বাড়ি ঢাকার বাইরে এবং যাদের স্থায়ী আবাসনের ব্যবস্থা নেই, তাদের জন্য এই ছুটিটা খুবই গুরুত্বপূর্ণ। ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে জরুরি, কিন্তু সে কারণে শিক্ষার্থীদের ছুটি বাতিল করাটা হতাশাজনক। প্রশাসন চাইলে ভর্তি পরীক্ষার সময়সূচি ও শিক্ষার্থীদের ছুটির বিষয়টি সমন্বয় করে সিদ্ধান্ত নিতে পারত। আমরা চাই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক।”


এ বিষয়ে আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শীতকালীন ছুটি কেবল অবকাশ নয়, বরং পরিবারের কাছে ফেরার অন্যতম সুযোগ। পুরান ঢাকায় আমাদের কোনো আবাসিক হল নেই। অধিকাংশ শিক্ষার্থীকে মেসে থেকে পড়াশোনা করতে হয়, আবার অনেকেই টিউশনি করে নিজেদের খরচ চালায়। ডিসেম্বর মাসে সাধারণত টিউশনিও বন্ধ থাকে। ফলে বছরের এই সময়টাতেই শিক্ষার্থীরা কিছুটা নিশ্চিন্তে বাড়ি ফেরার সুযোগ পায়। কিন্তু শীতকালীন ছুটি বাতিল হওয়ায় সেই সুযোগ থেকে অনেক শিক্ষার্থী বঞ্চিত হবে। ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম, তবে এর সঙ্গে শিক্ষার্থীদের আবাসনসংকট, আর্থিক বাস্তবতা ও পারিবারিক জীবনের বিষয়গুলোও বিবেচনায় নেওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা না করে ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া কতটা যৌক্তিক, তা প্রশাসনের ভেবে দেখা উচিত।”


ভূমি প্রশাসন ও আইন বিভাগের শিক্ষার্থী মোক্তাসিব মিজু বলেন, “শীতকালীন ছুটি শিক্ষার্থীদের কাছে শুধু কয়েক দিনের অবকাশ নয়, বরং বছরের শেষে পরিবারের কাছে ফিরে যাওয়ার এক বিশেষ সুযোগ। শীতের সময়ে গ্রামে পিঠা-পুলির উৎসব, মা-বাবার সঙ্গে সময় কাটানো, আত্মীয়স্বজন ও গ্রামের মানুষের সঙ্গে দেখা হওয়া সবকিছুর মধ্যে আলাদা এক আবেগ জড়িয়ে থাকে। সারা বছর পড়াশোনা ও নানা ব্যস্ততায় পরিবারের কাছ থেকে দূরে থাকতে হয়। শীতকালীন ছুটিটাই সেই দূরত্ব কিছুটা ঘোচানোর সুযোগ করে দেয়। কিন্তু ছুটি বাতিল হওয়ায় অনেক শিক্ষার্থীকে সেই আনন্দ ও পারিবারিক সময় থেকে বঞ্চিত হতে হবে। ভর্তি পরীক্ষার গুরুত্ব অবশ্যই রয়েছে, তবে শিক্ষার্থীদের আবেগ, পারিবারিক বন্ধন ও মানসিক স্বস্তির বিষয়টিও প্রশাসনের বিবেচনায় রাখা উচিত।”


এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্‌দীন জানান, বিষয়টি পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম সচল রেখে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় ক্যাম্পাস বন্ধ রাখার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।




কুবি প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ১:৪০ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রেস ক্লাবের সপ্তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে একই দিন দুপুর ২টায় ফলাফল ঘোষণা করা হবে।


রবিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।


নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. মো. জনি আলম এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান।


ঘোষিত তফসিল অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির নয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে প্রেস ক্লাবের সদস্যরা সরাসরি ভোটের মাধ্যমে তাঁদের পছন্দের প্রার্থী নির্বাচন করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করবেন। নির্বাচনে ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।


তফসিল অনুযায়ী, ২৮ নভেম্বর রাত ১০টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। পরেরদিন  সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়া হয়। বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। পরদিন ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং দুপুর ২টায় ফলাফল ঘোষণা করা হবে।


কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক বলেন, ‘কুবি প্রেস ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-২৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রেস ক্লাবের গঠনতন্ত্র ও নির্বাচনি বিধিমালা অনুসরণ করে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রত্যক্ষ ও গোপন ব্যালটের মাধ্যমে সদস্যরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’


এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সপ্তম কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের আজ বেলা ৩টার মধ্যে মনোনয়ন ফরম জমা দেওয়ার জন্য বলা হয়েছে। আশা করছি, আগামীকাল সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হবে।’




জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪৬ পিএম

স্বাধীনতার ঘোষণা ও বিভিন্ন ঐতিহাসিক ঘটনা নিয়ে তথ্য বিকৃতি এবং শেখ হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ না বলাসহ বিভিন্ন অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে শাখা ছাত্রদল। পরে ছাত্রদলের দাবির মুখে জরুরি কার্যনির্বাহী কমিটির সভা করে সংগঠনটির কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেয় শিক্ষক ফোরাম। শনিবার রাতে বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক গোলাম ছাদিক।


এদিন সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।


ছাত্রদলের অভিযোগ, সেই আলোচনা সভায় শিক্ষক ফোরাম প্রকাশিত ক্রোড়পত্রে শেখ হাসিনার নামের আগে ‘ফ্যাসিস্ট’ শব্দটি ব্যবহার করা হয়নি, ২০০৬ সালের লগি-বৈঠা আন্দোলনের তাণ্ডবকে ‘অভিযোগ’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিষয়টিকেও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।


এ ঘটনায় ছাত্রদল আলোচনা সভা বর্জন করে। সভা শেষে শিক্ষকরা বিশ্ববিদ্যালয় ক্লাব ভবন জুবেরীতে গেলে ভবনের সামনে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ক্রোড়পত্র তৈরির সঙ্গে জড়িত শিক্ষকদের বহিষ্কার ও শিক্ষক ফোরামের কার্যক্রম স্থগিতসহ কয়েকটি দাবিতে স্লোগান দেন তারা।


একপর্যায়ে ছাত্রদলের দাবির মুখে জরুরি কার্যনির্বাহী কমিটির সভা করে ফোরামের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “ক্রোড়পত্রে ১৯৭১ সালের ২৭ মার্চ শেখ মুজিবুর রহমানের নির্দেশে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সেখানে ২৬ মার্চের প্রেক্ষাপট কৌশলে আড়াল করা হয়েছে। ২০০৬ সালের লগি-বৈঠার তাণ্ডবে তারা অভিযোগ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন।”


তিনি বলেন, “যারা লেখার সঙ্গে জড়িত, তাদের জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সংগঠন থেকে আজীবন বহিষ্কার করতে হবে এবং সাংগঠনিক কার্যক্রম স্থগিত করতে হবে। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বর্তমান কমিটি পুনর্গঠন করে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেন- এমন শিক্ষকদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে। ততদিন পর্যন্ত ফোরামের নামে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।”


বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক সাবিরুজ্জামান বলেন, “আমাদের মূল স্ক্রিপ্টে যে তথ্যগুলো ছিল, সেগুলো প্রকাশের আগে কমিটির মাধ্যমে যাচাই করা হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে চূড়ান্ত প্রকাশনার সময় কিছু ভুল তথ্য প্রকাশিত হয়েছে।”


বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক গোলাম ছাদিক বলেন, “আমাদের ক্রোড়পত্রে কিছু বিভ্রাট ছিল। এ জন্য আমরা দুঃখও প্রকাশ করেছি। তারপরও তাদের দাবির মুখে জরুরি কার্যনির্বাহী সভা করে কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিতে হয়েছে।”


তিনি বলেন, “আমরা দুঃখ প্রকাশ এবং লেখার দায়িত্বে থাকা শিক্ষকদের বহিষ্কারের নিশ্চয়তা দেওয়ার পরও কেন সংগঠন বিলুপ্তির দাবি করা হলো, তা আমার কাছে পরিষ্কার নয়।”


শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪২ এএম

গোপালগঞ্জে পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আগামী ২ ডিসেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, ‘দুই লাখ ৯০ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবে, জানি না কতজন পাস করবে। তার মধ্যে আবার সমস্যা রয়েছে। গোপালগঞ্জ জেলায় পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় দিনাতিপাত করছি। তারপরও পরীক্ষা নিচ্ছি আমরা।’


শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলনে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, রেফার্ড শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের বছরের পর বছর বসে থাকতে না হয়। তিনি বলেন, ‘আমরা চাই না, রেফার্ড নিয়ে বা একটি-দুটি বিষয়ে ফেল করার কারণে তারা বছর পর বছর বসে থাকুক এবং মাদকাসক্ত হোক, মোবাইল আসক্ত হোক। আমরা এটা চাই না। তাই এই শিক্ষাব্যবস্থায় আমরা রেফার্ড পরীক্ষা নিয়ে নিয়েছি।’


তিনি জানান, আগামী ২ ডিসেম্বর রেফার্ড পাওয়া শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রায় দুই লাখ ৯০ হাজার পরীক্ষার্থী অংশ নেবেন। পুনর্নিরীক্ষণের ফলও ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা করা হয়েছে।শিক্ষাব্যবস্থার বিভিন্ন অসংগতি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, অতীতে দেশের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় পরিকল্পনা ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। কোথাও অযাচিতভাবে প্রতিষ্ঠান হয়েছে, আবার কোথাও প্রয়োজন থাকা সত্ত্বেও হয়নি। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার সুযোগের মধ্যে ভারসাম্য ছিল না।


তিনি বলেন, ‘আজকে (ঢাকা বিশ্ববিদ্যালয়ের) সলিমুল্লাহ হলের বিল্ডিং ভেঙে পড়েছে, খোঁজ নেওয়ার লোক নেই। এটি ছিল বিগত সময়ে শিক্ষাব্যবস্থার উন্নয়ন।’


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে বিষয় খোলার ক্ষেত্রেও যথাযথ পরিকল্পনার অভাব রয়েছে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘একটি কলেজে গিয়ে দেখলাম একজন শিক্ষক, তিনজন ছাত্র—এমন কলেজও দেখেছি। বিষয় খোলা হয়েছে, শিক্ষক রয়েছে, কিন্তু ছাত্র নেই। আজকে আমরা জানি, অনেক ইউনিভার্সিটিতে অনার্স খোলা হয়েছে। আমার কাছে সেই রিপোর্ট রয়েছে। সেই অনার্সে শিক্ষক আছে তো ছাত্র নেই, আবার কোথাও ছাত্র আছে তো শিক্ষক নেই। এই অবস্থা আমাদের হয়েছে।’


শিক্ষকদের দায়িত্ব ও পরীক্ষার খাতা মূল্যায়নের মান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ৪২ হাজার খাতার গ্রেড পরিবর্তন হয়েছে। এ ছাড়া এইচএসসি পরীক্ষার ফলেও পুনর্নিরীক্ষণের পর উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এ বিষয়ে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।


তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষায় আমরা খাতা নিয়ে পরীক্ষা করেছি। ৪২ হাজার খাতার গ্রেড চেঞ্জ হয়েছে। কারা এই খাতা দেখেছিল? আমাদের শিক্ষকরাই তো দেখেছিল। পুনর্নিরীক্ষণের ফলে যদি এত গ্রেড পরিবর্তন হয়, তাহলে শিক্ষকদের এই জায়গাটিতে দৃষ্টি দিতে হবে না?’


শিক্ষার্থীদের পাসের হার কম হওয়ার পেছনে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষাব্যবস্থার দায় রয়েছে কি না, সেই প্রশ্নও তোলেন শিক্ষামন্ত্রী।


অধ্যক্ষদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কম হলেও তাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট তৈরি হোক, সরকার তা চায় না। শিক্ষকদের বিভিন্ন যৌক্তিক দাবি ও সুযোগ-সুবিধার বিষয়েও সরকার ভাবছে বলে জানান তিনি।


শিক্ষকদের রাজপথে না গিয়ে আলোচনার মাধ্যমে দাবি উপস্থাপনের আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষক দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন, যৌক্তিক দাবির জন্য শিক্ষকদের রাজপথে আসতে হবে না। আমিও তার সঙ্গে সুর মিলিয়ে বলছি, দায়িত্ব আমাকে দিয়েছেন। আমরা আপনাদের যৌক্তিক দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করব এবং প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করব। কিন্তু আপনারা সরকারি শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক—ক্লাস বাদ দিয়ে আপনাদের দাবি আদায়ের জন্য রাজপথে আসবেন না।’


  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৪২ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২১৩ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী সেরা ১০ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে চারজন আগামী বছর তাইওয়ানে অনুষ্ঠিত আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে (আইসিএইচও) বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।


শনিবার (২৮ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ও বাংলাদেশ রসায়ন সমিতির যৌথ উদ্যোগে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


চূড়ান্ত পর্বের ফলাফলে প্রথম হয়েছেন নটরডেম কলেজের নাজির মাহমুদ। দ্বিতীয় হয়েছেন গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজের রাফসান হাসান এবং তৃতীয় হয়েছেন সৈয়দপুর গভর্নমেন্ট সায়েন্স কলেজের হিল্লোল রায়। চতুর্থ হয়েছেন আনন্দমোহন কলেজের ময়নুল তালুকদার, পঞ্চম রাজউক উত্তরা মডেল কলেজের আহনাফ জারীফ, ষষ্ঠ গভর্নমেন্ট আজিজুল হক কলেজের কৃত্তিকা চক্রবর্তী, সপ্তম নটরডেম কলেজের তোকির মাহমুদ, অষ্টম একই কলেজের অল ওয়াহিদ, নবম গভর্নমেন্ট আজিজুল হক কলেজের আব্দুল্লাহ আল জারীফ এবং দশম হয়েছেন সিলেট স্কলার্স হোমের দিব্য জ্যোতি।


অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধার যথাসময়ে মূল্যায়ন এবং তা বিকাশের সুযোগ নিশ্চিত করা জরুরি। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের সেবা করার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।


তিনি আরও বলেন, দেশের উন্নয়ন, শিল্পায়ন ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মেধাপাচার রোধ করে তরুণদের মেধা ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। দেশের শিল্প ও উৎপাদনব্যবস্থা শক্তিশালী করতে মেধাবী শিক্ষার্থীদের দেশেই কাজের সুযোগ সৃষ্টির ওপরও গুরুত্ব দেন তিনি।


১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭-এর আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম।


অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ভবিষ্যতের বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশকে এগিয়ে নিতে বিজ্ঞানমনস্ক প্রজন্ম তৈরির বিকল্প নেই। বর্তমান সরকার দেশের বিভিন্ন অঞ্চলে ইনোভেশন হাব প্রতিষ্ঠাসহ বিজ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীল কর্মকাণ্ডকে গুরুত্ব দিচ্ছে।


তিনি আরও বলেন, বিজ্ঞানমনস্ক প্রজন্ম ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে বাংলাদেশ রসায়ন সমিতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এ উদ্যোগ সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, গবেষণা ও উদ্ভাবনের প্রতি আগ্রহ বাড়াবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে র‍্যাংকিংয়ে প্রথম অথবা দ্বিতীয় অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ আয়োজনের মধ্য দিয়ে বিভাগটি শিক্ষা ও বিজ্ঞানচর্চার উৎকর্ষের পরিচয় দিয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, নির্বাচিত বিজয়ীদের মধ্য থেকে শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও সাফল্য অর্জন করবে বলে তিনি প্রত্যাশা করেন। রসায়নের প্রতি ভালোবাসার মধ্য দিয়ে দেশ, প্রকৃতি ও জীবনের প্রতি ভালোবাসা গড়ে ওঠে। রসায়ন শুধু বিজ্ঞানের ভাষা নয়, এটি জীবনেরও ভাষা।


শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনে কখনো প্রশ্ন করতে দ্বিধা করা যাবে না। কারণ, প্রশ্নই বিজ্ঞানের মূল ভিত্তি। বিজ্ঞান শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা মানবকল্যাণে কাজে লাগাতে হবে। পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও সমাজের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রেখে নিজেদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটাতে হবে।


উল্লেখ্য, গত ৩১ অক্টোবর ঢাকাসহ দেশের ১৪টি আঞ্চলিক কেন্দ্রে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও এ-লেভেল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্র থেকে মেধাক্রম অনুযায়ী নির্বাচিত মোট ২১৩ জন শিক্ষার্থী চূড়ান্ত পর্বে অংশ নেন। চূড়ান্ত পর্বে নির্বাচিত সেরা ১০ শিক্ষার্থীর মধ্য থেকে চারজন ২০২৭ সালের ১৯ থেকে ২৮ জুলাই তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।


উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ আগস্ট বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সর্বজনীন পেনশন কর্মসূচীর যাত্রা শুরু হয়। সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় প্রবাসী বাংলাদেশীদের জন্য ‘প্রবাস’, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মীদের জন্য ‘প্রগতি’, স্বকর্মে নিয়োজিত ও অপ্রাতিষ্ঠানিক খাতের মানুষের জন্য ‘সুরক্ষা’ এবং স্বল্প আয়ের মানুষের জন্য ‘সমতা’—এ চারটি স্কিম চালু রয়েছে। এ ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে কর্মজীবন শেষে নাগরিকদের নিয়মিত আর্থিক সহায়তা নিশ্চিত করা এবং বার্ধক্যে অন্যের ওপর নির্ভরশীলতা কমানো।


সংশ্লিষ্টদের মতে, সর্বজনীন পেনশন ব্যবস্থার সফলতা নির্ভর করবে সাধারণ মানুষের অংশগ্রহণ, স্বচ্ছতা, আস্থা এবং ব্যাপক জনসচেতনতার ওপর। তাই এ ধরনের মেলা ও মতবিনিময় সভা তৃণমূল পর্যায়ে পেনশন ব্যবস্থা সম্পর্কে ধারণা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


অপ্রতিম হত্যা মামলার চার্জ শুনানি আগামীকাল

  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ৬:০০ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে আগামীকাল রবিবার  (২৯ নভেম্বর)। ওই দিন মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে, প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে পৃথক দুটি আদালতে।


শনিবার (২৮ নভেম্বর) দুপুরে সাড়ে ১২ টায় মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, ‘আগামীকাল ২৯ নভেম্বর অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে।’


এর আগে গত ২১ নভেম্বর তিনি মামলার বিচারিক কার্যক্রম শুরুর তারিখ এবং দুই আদালতে বিচার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন।


সেদিন তিনি বলেছিলেন, ‘মামলার অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। আসামিরা কারাগারে আছেন। আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে শিশু আদালতে এবং প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে।’


তিনি আরও বলেন, ‘আসামিপক্ষ মানবাধিকার সংগঠন থেকে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। আমরা আমাদের মতো কাজ করে যাব।’


অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ‘কুমিল্লা জেলা আদালতে ২৯ নভেম্বর মামলার অভিযোগ গঠন করা হবে বলে আমাকে জানানো হয়েছে। আমি আগামীকাল সেখানে যাব।’


যেভাবে নিখোঁজ হয়েছিল অপ্রতিম


পরিবারের তথ্য অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি সে। ওই দিনই সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।


পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।


তদন্তে উঠে আসে হত্যার কারণ


পুলিশের তদন্ত অনুযায়ী, মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই অপ্রতিমকে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা এলাকার নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। ফোন ছিনিয়ে নিতে বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে তার মৃত্যু হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।


তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে সংশ্লিষ্টদের শনাক্ত করা হয়। পরে তুহিনের বাসা থেকে অপ্রতিমের ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করা হয়।


চারজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র


গত ২০ অক্টোবর কুমিল্লার আদালতে অপ্রতিম হত্যা মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়ামকে অভিযুক্ত করা হয়েছে।


পুলিশের তদন্ত অনুযায়ী, তুহিন, ফাহাদ ও কামরুল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় এবং সিয়াম হত্যার পরিকল্পনায় যুক্ত ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগপত্রে উত্থাপিত অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হবে আদালতের বিচারিক প্রক্রিয়ায়।।


শীতার্তদের পাশে দাঁড়াতে জালালাবাদ এসোসিয়েশন

  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ২:০৯ পিএম

শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন। এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সাবেক শিক্ষার্থী ও সামর্থ্যবান ব্যক্তিদের কাছ থেকে নতুন-পুরোনো শীতবস্ত্র এবং আর্থিক সহায়তা সংগ্রহ করবে সংগঠনটি।


সংগঠন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হল থেকে শীতবস্ত্র সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ক্যাম্পাসের প্রধান ফটক ও বিজয়-২৪ হলের সিঁড়ির সামনে দুটি সংগ্রহ বক্স রাখা হবে। আগ্রহীরা এসব বক্সে নতুন কিংবা ব্যবহারযোগ্য পুরোনো কাপড় জমা দিতে পারবেন। পাশাপাশি সংগঠনের প্রচারপত্রে দেওয়া যোগাযোগ নম্বরে আর্থিক সহায়তাও পাঠানো যাবে।


জালালাবাদ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ হোসেন তাজিম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হল থেকেই কাপড় সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ক্যাম্পাসের প্রধান ফটক ও বিজয়-২৪ হলের সিঁড়ির সামনে সংগ্রহ বক্স রাখা হবে। কেউ চাইলে সেখানে সরাসরি কাপড় জমা দিতে পারবেন। আর্থিক সহায়তা পাঠানোর জন্য প্রচারপত্রে যোগাযোগ নম্বরও দেওয়া হয়েছে।’


সংগঠনের সভাপতি মোহাম্মদ জীবন ভূঁইয়া বলেন, ‘শীতকাল অনেকের কাছে আনন্দের হলেও গৃহহীন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ঋতু কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে রাস্তায় বসবাস করা মানুষ ও শিশুরা শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে পড়ে। অনেকেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান, কিন্তু কীভাবে সহায়তা করবেন, তা খুঁজে পান না। মূলত দাতা ও সহায়তাপ্রত্যাশী মানুষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেই প্রতিবছর এ উদ্যোগ নেওয়া হয়। একজন মানুষও যদি শীতের কষ্ট থেকে কিছুটা স্বস্তি পান, সেটিই আমাদের উদ্যোগের সার্থকতা।’


তিনি আরও বলেন, ‘শুধু পুরোনো কাপড় নয়, কেউ চাইলে নতুন কাপড় দিয়েও সহযোগিতা করতে পারবেন। পাশাপাশি আর্থিক সহায়তার ক্ষেত্রেও নির্দিষ্ট কোনো পরিমাণ নির্ধারণ করা হয়নি। সামর্থ্য অনুযায়ী ১০ টাকা দিয়েও এ উদ্যোগে অংশ নেওয়া যাবে।’