জোরালো আলোচনায় তারেক রহমানের ফেরা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হঠাৎ গুরুতর অসুস্থ হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে। তারেক রহমান কবে ফিরবেন, সেটা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে অধীর আগ্রহ রয়েছে।
বিএনপির দায়িত্বশীল পর্যায়ে কথা বলে জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি এখন অনেকটা খালেদা জিয়ার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তপশিলের পরপরই তিনি দেশে ফিরতে পারেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে কিংবা স্বাস্থ্যের আরও অবনতি হলে তপশিলের আগেও ফিরতে পারেন তিনি। যদিও তার ফেরার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তারেক রহমানের ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, ‘পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগির দেশে ফিরবেন তিনি (তারেক রহমান)।’ গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বিকেলে রাজধানীর নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আয়োজিত একটি দোয়া মাহফিলেও একই কথা বলেন মির্জা ফখরুল।
২০০৮ সালের সেপ্টেম্বরে উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান তারেক রহমান। তারপর থেকে সেখানেই অবস্থান করছেন। লন্ডনে থেকেই ভার্চুয়ালি দল পরিচালনা করছেন তিনি। ওয়ান ইলেভেন সরকার এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে শখানেক মামলা করা হয়। এর মধ্যে পাঁচটি মামলায় তার সাজাও হয়েছিল। অবশ্য বিএনপি নেতাদের দাবি, এসব মামলা করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে, যার সব অভিযোগই ছিল সাজানো।
চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে আইনি প্রক্রিয়ায় আদালত থেকে একে একে সব মামলা থেকে মুক্ত হন তারেক রহমান। ফলে তার দেশে ফিরতে আইনি কোনো বাধা নেই। জানা যায়, পরিবর্তিত পরিস্থিতিতে দলের সিদ্ধান্ত ছিল, নির্বাচনের সময়ই তারেক রহমান দেশে ফিরবেন।
ফেসবুক পোস্টে তারেক রহমানের এমন বক্তব্যের পর সরকারের তরফ থেকে বলা হয়, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। তিনি দেশে ফিরতে চাইলে সহযোগিতার আশ্বাসও আসে একাধিক উপদেষ্টার কণ্ঠে। বাংলাদেশে ফিরে আসার পর তারেক রহমানের নিরাপত্তাঝুঁকি নিয়ে গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশে কারও কোনো নিরাপত্তাঝুঁকি বা শঙ্কা নেই। সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত।
এদিকে গত সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বের হয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির লন্ডন থেকে দেশে ফিরবেন ইনশাআল্লাহ। তবে ঠিক কবে ফিরবেন, সে সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানাননি তিনি।
সালাহউদ্দিনের এ বক্তব্যের পর তারেক রহমান দু-একদিনের মধ্যেই দেশে ফিরছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, এখন পর্যন্ত তার দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ নির্ধারিত হয়নি। দেশে ফিরতে তারেক রহমানের পক্ষ থেকে এখনো ট্রাভেল পাসও চাওয়া হয়নি। গতকাল সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও একই কথা জানিয়েছেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। এখনো তিনি ট্রাভেল পাসই চাননি। চাওয়ামাত্র তার জন্য পাস ইস্যু করা হবে।
জানা গেছে, চলতি ডিসেম্বর মাসের মধ্যেই দেশে ফিরতে পারেন তারেক রহমান। সেটা দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহেও হতে পারে। বিএনপির মিডিয়া সেলের এক সদস্য এবং তারেক রহমানের ঘনিষ্ঠ এক নেতা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি অনেকটা খালেদা জিয়ার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে। ম্যাডামের শারীরিক অবস্থা একটু একটু করে উন্নতি হচ্ছে। ট্রাভেল করার মতো পর্যায়ে গেলে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে সঙ্গে সঙ্গেই লন্ডনে নিয়ে যাওয়া হবে। সেক্ষেত্রে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনের তপশিলের পর দেশে ফিরবেন। আর ম্যাডামের স্বাস্থ্যের যদি অবনতি হয়, তাহলে তপশিলের আগেও তারেক রহমান ফিরতে পারেন।
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গতকাল গণমাধ্যমকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কিছু মানুষ অতিআগ্রহ প্রকাশ করছে, এটার তো দরকার নেই। কবে আসবেন, এটা তার পারিবারিক ও একান্ত ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। ম্যাডাম অসুস্থ। সুতরাং সব মিলিয়ে তারা যেটা করবেন, সেটা তাদের পারিবারিক সিদ্ধান্ত।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গতকাল রাষ্ট্রের ‘অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিরাপত্তা দেওয়াও শুরু করেছে। জানা গেছে, তারেক রহমানের ফেরার দিনক্ষণ চূড়ান্ত হলে সরকারের কাছে তার নিরাপত্তাও চাওয়া হবে।
খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, এরই মধ্যে সরকার খালেদা জিয়ার নিরাপত্তার ব্যবস্থা করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ফরমালি এখনো চাওয়া হয়নি, চাওয়া হবে। আশা করছি হয়ে যাবে।
বিএনপিতে ফেরার আবেদন করিনি, ইচ্ছাও নেই: রুমিন ফারহানা
জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা। ছবি: সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম (ছবি-সংগৃহীত)
গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন, আওয়ামী লীগ ও জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে গঙ্গা চুক্তি নতুন করে নবায়ন, জুলাই গণহত্যায় শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন এবং সরকারের ভেতরে আওয়ামী লীগ পুনর্বাসনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এসব দাবি তুলে ধরেন এনসিপির নেতারা। বৈঠকে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এমপি এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এমপি উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগ এবং জুলাই গণহত্যার বিচার প্রশ্নে ট্রাইব্যুনালকে আরও সক্রিয় করতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ও দ্রুত কার্যকর করতে হবে।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘গত নির্বাচনের পর সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি ঘটেছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মীসহ জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষ নেতৃত্ব ধারাবাহিকভাবে হামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন।’
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। সরকারের একটি অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজে জড়িত। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।’
এনসিপির পক্ষ থেকে গঙ্গা চুক্তি নতুন করে নবায়নের দাবি জানানো হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণহত্যায় শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ নিতে হবে। তাঁদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।’
তরবারির সঙ্গে গর্দানের সংলাপ চলবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
তরবারির সঙ্গে গর্দানের কোনো সংলাপ চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, বাংলাদেশে ঐক্য হতে হলে জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই একসঙ্গে অব্যাহত থাকবে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর ও আওয়ামী লীগের বিচারসহ চার দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একদিকে ভারতবিরোধী অবস্থানের কথা বলা হচ্ছে, অন্যদিকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও দাবি জানান তিনি।
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হলে ভারতীয় পণ্য ও নাগরিকদের বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এনসিপির এ নেতা।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং আদালতের মাধ্যমে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপিকে স্পষ্ট অবস্থান নিতে হবে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে গণভোটের রায় বাস্তবায়ন ও হত্যাকাণ্ডের বিচারে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, গত আট মাসে চাঁদাবাজি, হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের কেউ কেউ পুনর্বাসনের সুযোগ পেয়েছেন। বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন এনসিপির নেতাকর্মীরা। মিছিলটি নিউ মার্কেট থেকে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমিকশক্তিসহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এনসিপির তিন নেতা
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
এদিন দুপুর সোয়া ১টার দিকে তার নেতৃত্বে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে এনসিপি এক প্রতিনিধি দল।
নাহিদ ছাড়াও বৈঠকে অংশ নেন দলটির সদস্যসচিব আখতার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তাদের সঙ্গে সচিবালয়ে যান দলটির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইনও।
বৈঠকে আলোচনার বিষয়ে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, গঙ্গা চুক্তি নতুন করে হলে ভারতের কাছে বাংলাদেশের কঠোর বার্তা দিতে হবে এবং পানির হিস্যা যাতে ন্যায্য থাকে— তা নিশ্চিত করতে হবে। ভারতের আধিপত্যবাদ মোকাবিলায় সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা আলাপ করেছি।
এনসিপি আহ্বায়ক বলেন, আমরা সরকারকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে বলেছি। সেই সঙ্গে ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বলেছি। এছাড়া সংবিধান সংশোধন সম্পর্কিত একদলীয় কমিটি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে, আমরা সেই কমিটি বাতিলের সুপারিশ করেছি।
তিনি বলেন, এই লড়াই আওয়ামী লীগের সঙ্গে লড়াই না, তাদের আমরা ৫ আগস্টেই পরাজিত করেছি। এখনকার লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে নানা বাজে প্রচারণা চালাচ্ছে। গতকালও হিন্দুত্ববাদী সংগঠন কর্তৃক সীমান্তের কাছে বাংলাদেশবিরোধী সমাবেশ করেছে, যেখানে পলাতক ফ্যাস্টিস্ট আওয়ামী লীগের কিছু নেতাও যুক্ত হয়েছে। অথচ, সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগ আমলে। আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি।
বিরোধী দলীয় চিফ হুইপ আরও বলেন, সরকারের পক্ষ থেকে ঐক্যের আহবান জানানো হয়েছে। তবে শুধু আলোচনার জন্য আলোচনা নয়, আলোচনা যাতে ফলপ্রসূ হয়। শুধু ডিসেম্বরকে কেন্দ্র করে নয়, জুলাইয়ের সব শক্তিকে নিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য প্রয়োজন।
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানও সেদিন দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে কথা বলেন। সেই ধারাবাহিকতায় আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হয়েছে।
প্রথম দল হিসেবে এনসিপির নেতারা দুপুরে সরকারপ্রধানের সঙ্গে সংলাপে বসছেন। জাতীয় ঐক্যের লক্ষ্যে জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে প্রধানমন্ত্রীর পর্যায়ক্রমে আলোচনায় বসার কথা রয়েছে।