ঋণের বদলে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৩৭ পিএম

আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে ঋণের বোঝা না বাড়িয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। একই সঙ্গে আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এবং সবুজ বিনিয়োগের মাধ্যমে টেকসই অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।


তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এর সাইডলাইনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।




‘টাস্কিং দ্য ডেল্টা: ব্রিজিং দ্য ক্লাইমেট’ এবং ‘অ্যাডভান্সিং বাংলাদেশ’স কার্বন ক্রেডিট মার্কেট: অপরচুনিটিজ, ইন্টিগ্রিটি অ্যান্ড ইনভেস্টমেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য উদ্ধৃত করে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে না দিয়ে তাদের জন্য অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে হবে। ঋণের ভার বহনের পরিবর্তে মানুষের জীবন, জীবিকা ও প্রকৃতি রক্ষায় পর্যাপ্ত অনুদানভিত্তিক তহবিল প্রয়োজন।



প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন শুধু জলবায়ু ঝুঁকি মোকাবিলার মধ্যেই সীমাবদ্ধ নেই; বরং সবুজ বিনিয়োগ, উদ্ভাবন এবং উচ্চমানের কার্বন অর্থায়নের মাধ্যমে টেকসই ও ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬-এর আওতায় ‘বাংলাদেশ কার্বন মার্কেট ফ্রেমওয়ার্ক’ ও ‘ন্যাশনাল কার্বন রেজিস্ট্রি’ গঠনের মাধ্যমে নিরাপদ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কার্বন বাণিজ্যের জন্য বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে।


পানিসম্পদ ব্যবস্থাপনার সঙ্গে কার্বন বাজারের সম্ভাবনার সংযোগ তুলে ধরে তিনি তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বনায়ন এবং ব-দ্বীপ সুরক্ষার মাধ্যমে ‘ব্লু কার্বন’ সংরক্ষণ; কৃষিতে সৌরচালিত সেচ পাম্প ও ‘অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং’ (এডব্লিউডি) পদ্ধতি ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো এবং ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০’-এর আওতায় প্রকৃতিনির্ভর সমাধানের মাধ্যমে বন্যা সহনশীলতা বৃদ্ধি।


বক্তব্যের শেষ পর্যায়ে প্রতিমন্ত্রী বৈশ্বিক সবুজ রূপান্তরে বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার হিসেবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্য অর্জনে দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী, বহুপাক্ষিক সংস্থা এবং বেসরকারি বিনিয়োগকারীদের বাংলাদেশে সবুজ বিনিয়োগ ও কার্বন বাজার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


বাংলাদেশ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এসব অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, সিইজিআইএস (CEGIS), আইডব্লিউএম (IWM) এবং জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থা ইউএনএফসিসিসিসি (UNFCCC)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



সর্বশেষ সব খবর

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৭:২৮ পিএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, মত-পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে। ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে গোটা বাংলাদেশ মত-পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় গণতন্ত্রকামী সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে।


সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 


মাহদী আমিন বলেন, ‘আমরা চাই, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অভিযাত্রা ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথচলা সবাই কাঁধে-কাঁধ মিলিয়ে বাস্তবায়ন করব।’ তিনি বলেন, বৈঠকে দেশের মানুষের স্বার্থ ও জাতীয় স্বার্থে ঐক্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। পলাতক স্বৈরাচারের অপশক্তি দেশের বাইরে অবস্থান করেও যাতে বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।


রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘পতিত স্বৈরাচারের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। আজকের মতবিনিময়ের মাধ্যমে সেই ঐক্যের বার্তা সবার কাছে পৌঁছে দিতে চায় সরকার।’ ২৪ এর গণঅভ্যূত্থানের সময়কার স্মৃতিচারণ করে মাহদী আমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সব শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ ও মত-পথের মানুষ একত্রিত হয়েছিল। তারা এমন একটি বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা পোষণ করেছিল, যেখানে মানবাধিকার, আইনের শাসন ও বাকস্বাধীনতা নিশ্চিত হবে এবং ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে। আজকের বৈঠকে সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটেছে।



মাহদী আমিন বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের সংগ্রাম। আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা, মানবাধিকার ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির প্রতিফলন ঘটিয়ে দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও গণমানুষের অধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তিনি বলেন, আর্থসামাজিক উন্নয়ন, শিল্পের সুরক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টি জাতীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য থাকা প্রয়োজন।


এনসিপির সঙ্গে নতুন করে ঐক্য গঠনের কোনো বিষয় রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই দেশে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। তখন কেউ কার রাজনৈতিক আদর্শ কী, তা বিবেচনা করেনি। দেশে-বিদেশে সব শ্রেণি-পেশার মানুষ একটি স্বাধীন, সার্বভৌম ও তাঁবেদারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছিল।


রাষ্ট্রের মালিক একমাত্র জনগণ উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের সব ক্ষমতার মালিক জনগণ-এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে গণতন্ত্রকামী মানুষের মধ্যে ইতোমধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। সরকার সেই ঐক্যকে আরও সুসংহত করতে চায়।


সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও বলেছেন, বিএনপি নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে যে অঙ্গীকার করেছে, তা নোট অব ডিসেন্টসহ শতভাগ বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে ন্যূনতম কোনো বিচ্যুতি হবে না। তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে। সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রেকর্ডসংখ্যক প্রায় শতাধিক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে।


দুপুর ১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়।  ৪০ মিনিটের বৈঠকটি শেষ হয় দুপুর ২ টায়। এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন। বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী এনসিপি নেতাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।


প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরেছে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রয়েছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি ও মো. সুজাউদ্দৌলা, সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৩:২১ পিএম

বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের (থার্ড টার্মিনাল) কার্যক্রম উদ্বোধন করা হবে। এর আগে আগামী ৩০ নভেম্বরের মধ্যে এ টার্মিনাল পরিচালনার চুক্তি সই হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।


সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।


বিমানমন্ত্রী বলেন, আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে থার্ড টার্মিনালের কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সিঙ্গাপুর এয়ারলাইনসসহ অন্যান্য এয়ারলাইনসের ফ্লাইট দিয়ে প্রাথমিক কার্যক্রম শুরু হবে।


থার্ড টার্মিনাল পরিচালনার শর্ত নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সম্ভাব্যতা যাচাইয়ে দেখা গেছে, ১০০ কিলোমিটারের মধ্যে আরেকটি বিমানবন্দরের প্রয়োজন নেই। এ ছাড়া আগামী ১৫ বছরের মধ্যে নতুন একটি বিমানবন্দর নির্মাণ করাও কঠিন। এসব বিষয় বিবেচনায় নিয়ে শর্ত মেনে নেওয়া হয়েছে।


তিনি বলেন, এতে বাংলাদেশ খুব একটা পিছিয়ে পড়েনি। তবে থার্ড টার্মিনাল পুরোপুরি চালু করতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগবে।


কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর নিয়েও কথা বলেন বিমানমন্ত্রী। তিনি জানান, বিমানবন্দরটির প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় নিয়ে এটি উদ্বোধন করা হবে। তবে আগামী ১ ডিসেম্বর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে না।


সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৪২ পিএম

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেশবাসীকে আহ্বান জানিয়ে নিজের বাড়িতেই ৪০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার (২২ নভেম্বর) সিরাজগঞ্জ শহরের হোসেনপুর আল মাহমুদ এভিনিউয়ে তার বাসায় সৌরবিদ্যুৎ স্থাপনের কাজ সম্পন্ন হয়।


নিজের বাড়িতে সৌরবিদ্যুৎ উৎপাদনের এই উদ্যোগকে সাধারণ মানুষকে নবায়নযোগ্য জ্বালানিতে আগ্রহী করার দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, মন্ত্রীর এই উদ্যোগ দেখে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানার মালিকরাও সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত হবেন।


সংশ্লিষ্টদের মতে, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে দিনের বেলায় জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা কমবে। এতে গ্রিডের ওপর চাপ হ্রাসের পাশাপাশি প্রচলিত জ্বালানির ব্যবহার কমানো এবং দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করার সুযোগ তৈরি হবে।


সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদনের এই পদ্ধতি পরিবেশবান্ধব এবং দীর্ঘমেয়াদে বিদ্যুৎ ব্যয় সাশ্রয়েও ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিতভাবে দেশের প্রতিটি বাড়ি ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ করা গেলে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনেও অগ্রগতি সম্ভব।


এ বিষয়ে মন্ত্রীর সহধর্মিণী ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, বিদ্যুৎ সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বাসায় ৪০ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করা হচ্ছে।


তিনি বলেন, ‘আশা করছি, এই উদ্যোগ দেখে মানুষ উৎসাহিত হয়ে নিজেদের বাসাবাড়িতে সোলার প্যানেল স্থাপন করবেন। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে, পাশাপাশি দেশের ও মানুষের উপকার হবে।’

সর্বশেষ সব খবর

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৪৩ পিএম

নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২২ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণা সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।


শ্রমমন্ত্রী বলেন, গার্মেন্টস খাতে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে। এসময় আগামী এক বছরের মধ্যে মালিক ও শ্রমিকদের একই পরিবেশে দেখতে চান বলে মন্তব্য করেন তিনি। 


অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার শতভাগ চেষ্টা করছে।তবে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে একটি পক্ষ দেশের পাশাপাশি তৈরি পোশাক খাতকেও ক্ষতিগ্রস্ত করতে চায় বলেও জানান তিনি।


এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গঠিত মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৭:২১ পিএম

বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট টিমের অধিনায়ক ও তার সফরসঙ্গীরা ম্যারাথনে যোগদানের লক্ষ্যে জাপান যাচ্ছিলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারলাইনস তাদের অ্যাম্বুলিফট বা হুইলচেয়ার সেবা যথাযথ ভাবে দিচ্ছে কি না মনিটরিং করতে সেখানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ খান। এ নিয়ে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিমানবন্দরে হুইলচেয়ার ও অ্যাম্বুলিফট সেবা পেতে করণীয় সম্পর্কে জানান।


এ বিষয়ে বুধবার (১৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন ম্যাজিস্ট্রেট নওশাদ।পোস্টে তিনি লেখেন, মনে হলো অনেকেই এসব সুবিধা ও প্রক্রিয়া বিষয়ে বিস্তারিত জানেন না। সেজন্য যাদের এমন সুবিধা গ্রহণ প্রয়োজন বা প্রয়োজন হতে পারে তাদেরসহ সবার জানার জন্য আমার স্বল্প অভিজ্ঞতা থেকে কিছু বিষয় শেয়ার করছি।


বিমানবন্দরে হুইলচেয়ার ব্যবহারকারী, স্ট্রেচারে থাকা রোগী বা সিঁড়ি বেয়ে বিমানে উঠতে অক্ষম যাত্রীদের বিমানের নিচ থেকে সরাসরি বিমানের দরজায় পৌঁছে দেওয়ার জন্য যে বিশেষ হাইড্রোলিক লিফট যুক্ত বাহনটি ব্যবহার করা হয় তা অ্যাম্বুলিফট নামে পরিচিত।


প্রয়োজনে অ্যাম্বুলিফট/হুইলচেয়ার সুবিধা গ্রহণের জন্য করণীয় নিয়ে তিনি লেখেন, টিকিট কেনার সময় হুইলচেয়ার ব্যবহারকারী যাত্রীর হুইলচেয়ার/অ্যাম্বুলিফট প্রয়োজন হলে ক্যাটাগরি চূড়ান্ত করার সময় WHCR/ pax cannot walk long/etc. যথাযথ ক্যাটাগরি type নিশ্চিত করবেন। এজেন্ট এর মাধ্যমে টিকিট কাটলে এজেন্ট হুইলচেয়ার বা অ্যাম্বুলিফট ক্যাটাগরি নিশ্চিত করেছে কি না যাচাই করতে হবে।এয়ারলাইনসকে জানানোর বিষয়ে ম্যাজিস্ট্রেট নওশাদ লেখেন, টিকিট কাটার সময় বা ফ্লাইট ছাড়ার কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে আপনার এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে বিশেষ সহায়তার (Wheelchair/Stretcher Assistance) অনুরোধ জানান। পাশাপাশি সঠিক ক্যাটাগরি উল্লেখ করা যাত্রী কতটুকু চলাচলে সক্ষম তা স্পষ্টভাবে জানাতে হবে। বিশেষ করে যাত্রী যদি সিঁড়ি বেয়ে উঠতে একেবারেই না পারেন তবে গ্রাউন্ড হ্যান্ডলিং টিম অ্যাম্বুলিফটের ব্যবস্থা করবে।


প্রযোজ্য ক্ষেত্রে চিকিৎসা সনদের ব্যাপারে তিনি লেখেন, যাত্রী যদি গুরুতর অসুস্থ হন বা স্ট্রেচারে ভ্রমণ করেন, তবে এয়ারলাইন্সের নির্ধারিত ফরমে চিকিৎসকের ‘ফিট টু ফ্লাই’ (Fit to Fly) সনদ জমা দিতে হতে পারে। সেক্ষেত্রে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক নম্বর টার্মিনালের এক নম্বর গেটের পাশে দায়িত্বরত চিকিৎসকদের সহায়তা নিতে পারেন।


শাহজালাল বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিমানবন্দরে পৌঁছানোর পর করণীয় নিয়ে লেখেন, প্রথমত যথাসময়ে উপস্থিতি, আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ফ্লাইট ডিপারেচারের অন্তত ৩ ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছান, যেন চেকইন ও নিরাপত্তা তল্লাশিসহ অন্যান্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করা যায়। চেকইন করার সময় এয়ারলাইনস কর্মীদের পুনরায় মনে করিয়ে দিন যে আপনার হুইলচেয়ার বা অ্যাম্বুলিফট প্রয়োজন।তিনি আরও লেখেন, টিকিটে হুইলচেয়ার নিশ্চিত করার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের পর হুইলচেয়ারের প্রয়োজন হলে এয়ারলাইনস কাউন্টারে যোগাযোগ করলে তারা যাত্রীকে হুইলচেয়ার সুবিধা দেবেন।


হুইলচেয়ার ও অ্যাম্বুলিফ্টের মাধ্যমে বোর্ডিং এবং অবতরণের প্রক্রিয়া নিয়ে নওশাদ খান লেখেন, বোর্ডিং গেট থেকে এয়ারলাইনস বা গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীরা যাত্রীকে হুইলচেয়ার বা স্ট্রেচারসহ অ্যাম্বুলেন্স এর মতো গাড়িতে তুলে নেবেন।


গাড়িটি বিমানের পাশে গিয়ে দাঁড়ানোর পর হুইলচেয়ার বা স্ট্রেচার অ্যাম্বুলিফট এর যথাযথ স্থানে সুরক্ষার সঙ্গে স্থাপনের পর অ্যাম্বুলিফটটি হাইড্রোলিক লিফটের মাধ্যমে বিমানের দরজার সমান উচ্চতায় উঠবে এবং যাত্রীকে নিরাপদে ভেতরে পৌঁছে দেবে। গন্তব্যে পৌঁছে বিমান অবতরণের পর একইভাবে অ্যাম্বুলিফট বিমানের দরজায় যুক্ত হবে এবং যাত্রীকে নিচে নামিয়ে টার্মিনাল ও ইমিগ্রেশন পার হতে এয়ারলাইন্সের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মীরা সহায়তা করবেন।শাহজালাল বিমানবন্দরে অ্যাম্বুলিফট ও হুইলচেয়ার সেবা এয়ারলাইনসগুলো সাধারণত বিনামূল্যে দিয়ে থাকে উল্লেখ করে তিনি লেখেন, বিমান যদি সরাসরি বোর্ডিং ব্রিজের (জেটওয়ে) সঙ্গে যুক্ত থাকে, তবে অ্যাম্বুলিফটের প্রয়োজন হয় না; হুইলচেয়ারেই সরাসরি বিমানে ওঠা যায়। বিমান দূরবর্তী স্থানে (Apron/Remote Bay) পার্ক করা থাকলেই মূলত অ্যাম্বুলিফট ব্যবহার করা হয়।


শেষে অভিযোগ জানানোর তথ্য উল্লেখ করে এই ম্যাজিস্ট্রেট লেখেন, অ্যাম্বুলিফট বা হুইলচেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা অভিযোগের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হটলাইন নম্বরে (১৩৬০০) যোগাযোগ করতে পারেন।


যথাযথভাবে করণীয় সব ধাপ সম্পন্ন করার পরও যাত্রী তার বৈধ সেবা পেতে, বিশেষ করে হুইলচেয়ার অথবা অ্যাম্বুলিফট সুবিধা পেতে হয়রানির শিকার হলে এয়ারপোর্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর অভিযোগ জানাতে পারেন। বিমানবন্দরের ১ নাম্বার টার্মিনালের ১ নং গেটের পাশে সরাসরি আপনার অভিযোগ জানাতে পারেন। এখানে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা পালা করে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যাত্রীদের প্রয়োজনে দায়িত্বরত থাকেন।

সর্বশেষ সব খবর

সোশ্যাল মিডিয়া ব্যবহারের নেতিবাচক প্রভাব পড়ছে শিশু-কিশোরদের ওপর। প্রতীকী ছবি

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৩৩ পিএম

দেশে ১৬ বছর বা তার কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এজন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।

নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিতে টেলিযোগাযোগ সচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (২২ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত।

রুলে ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। পাশাপাশি শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণ এবং এ বিষয়ে কার্যকর নীতিমালা প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে। এ-সংক্রান্ত রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর বলেন, দেশে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এর ফলে তারা নানা ধরনের নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে। অনেক শিশুর মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে। বাধাগ্রস্ত হচ্ছে তাদের স্বাভাবিক মানসিক বিকাশ।


গবেষণায় ৮৩ শতাংশ শিশুর অতিরিক্ত স্ক্রিন ব্যবহার

রিট আবেদনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) একটি গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে। গবেষণায় দেখা গেছে, ঢাকার স্কুলপড়ুয়া শিশুদের ৮৩ দশমিক ৩ শতাংশ প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় ডিজিটাল পর্দার সামনে কাটায়। অর্থাৎ, গবেষণায় অংশ নেওয়া ৪২০ শিশুর মধ্যে ৩৫০ জনই দিনে দুই ঘণ্টার বেশি সময় স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহার করে। ২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত রাজধানীর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ থেকে ১৪ বছর বয়সী ৪২০ শিশুর ওপর গবেষণাটি পরিচালিত হয়। এর মধ্যে তিনটি বাংলা মাধ্যম ও তিনটি ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান ছিল। গবেষণার ফলাফল ২০২৬ সালের ৪ মে আন্তর্জাতিক সাময়িকী ‘জেএমআইআর হিউম্যান ফ্যাক্টরস’-এ প্রকাশিত হয়।

গবেষণায় অংশ নেওয়া শিশুদের প্রতিদিন গড়ে ৪ দশমিক ৬ ঘণ্টা স্ক্রিনের সামনে কাটানোর তথ্য পাওয়া গেছে। গবেষকদের হিসাবে, দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহারকারী শিশুদের গড় ব্যবহারকাল ছিল প্রায় ৫ ঘণ্টা। অর্থাৎ, শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের সময় আন্তর্জাতিকভাবে সুপারিশ করা সীমার চেয়ে অনেক বেশি।


চোখের সমস্যা, মাথাব্যথা ও ঘুমের ঘাটতি

গবেষণায় অংশ নেওয়া ৩৫ দশমিক ৭ শতাংশ শিশুর চোখের সমস্যার কথা উঠে এসেছে। চোখের সমস্যায় আক্রান্ত ১৫০ শিশুর মধ্যে ১৪৪ জনই দিনে দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহারকারী। অর্থাৎ, চোখের সমস্যায় আক্রান্ত শিশুদের ৯৬ শতাংশই অতিরিক্ত স্ক্রিন ব্যবহারকারী দলের।

এছাড়া ৮০ শতাংশ শিশু প্রায়ই মাথাব্যথায় ভোগে। মাথাব্যথায় আক্রান্ত ৩৩৬ শিশুর মধ্যে ২৭৯ জনই দিনে দুই ঘণ্টার বেশি সময় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে।

গবেষণায় আরও দেখা গেছে, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারকারী শিশুদের ঘুমের সময় ও ঘুমের মান—দুটিই তুলনামূলক খারাপ। তারা রাতে গড়ে ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। দীর্ঘ সময় স্ক্রিন ব্যবহারের সঙ্গে ঘুমের স্বল্পতা ও ঘুমের মান খারাপ হওয়ার উল্লেখযোগ্য সম্পর্ক পাওয়া গেছে। চোখের সমস্যা, মাথাব্যথা ও ঘুমের ঘাটতি
গবেষণায় অংশ নেওয়া ৩৫ দশমিক ৭ শতাংশ শিশুর চোখের সমস্যার কথা উঠে এসেছে। চোখের সমস্যায় আক্রান্ত ১৫০ শিশুর মধ্যে ১৪৪ জনই দিনে দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহারকারী। অর্থাৎ, চোখের সমস্যায় আক্রান্ত শিশুদের ৯৬ শতাংশই অতিরিক্ত স্ক্রিন ব্যবহারকারী দলের।

এছাড়া ৮০ শতাংশ শিশু প্রায়ই মাথাব্যথায় ভোগে। মাথাব্যথায় আক্রান্ত ৩৩৬ শিশুর মধ্যে ২৭৯ জনই দিনে দুই ঘণ্টার বেশি সময় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে।

গবেষণায় আরও দেখা গেছে, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারকারী শিশুদের ঘুমের সময় ও ঘুমের মান—দুটিই তুলনামূলক খারাপ। তারা রাতে গড়ে ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। দীর্ঘ সময় স্ক্রিন ব্যবহারের সঙ্গে ঘুমের স্বল্পতা ও ঘুমের মান খারাপ হওয়ার উল্লেখযোগ্য সম্পর্ক পাওয়া গেছে। ৩১ শতাংশ শিশুর মানসিক স্বাস্থ্য সমস্যা
শিশুদের মানসিক স্বাস্থ্যের বিষয়টিও গবেষণায় উদ্বেগজনকভাবে উঠে এসেছে। গবেষণায় ব্যবহৃত মানসিক স্বাস্থ্য মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী, অংশগ্রহণকারী শিশুদের ৩১ শতাংশের অন্তত একটি মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ পাওয়া গেছে। ৯ দশমিক ৮ শতাংশ শিশুর একাধিক মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ ছিল।

গবেষণায় ২৮ দশমিক ৩ শতাংশ শিশুর আচরণগত সমস্যা এবং ২৮ দশমিক ৮ শতাংশ শিশুর সমবয়সীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সমস্যার তথ্য পাওয়া গেছে। অতিরিক্ত স্ক্রিন ব্যবহারকারী শিশুদের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যার প্রবণতা তুলনামূলক বেশি দেখা গেছে।

এছাড়া গবেষণায় অংশ নেওয়া শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। অতিরিক্ত স্ক্রিন ব্যবহারকারী শিশুদের মধ্যে স্থূলতার প্রবণতা তুলনামূলক বেশি পাওয়া গেছে। গবেষকদের মতে, দীর্ঘ সময় ডিজিটাল পর্দার সামনে কাটানো, শারীরিক কর্মকাণ্ড কমে যাওয়া এবং ঘুমের ঘাটতির সঙ্গে শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতার সম্পর্ক রয়েছে। তবে গবেষণাটি ছিল পর্যবেক্ষণভিত্তিক ও নির্দিষ্ট সময়ের তথ্যনির্ভর। তাই স্ক্রিন ব্যবহারের সঙ্গে এসব সমস্যার সম্পর্ক পাওয়া গেলেও একটিকে অন্যটির সরাসরি কারণ হিসেবে চিহ্নিত করা যায় না।


নীতিমালা প্রণয়নের তাগিদ গবেষকদের

গবেষকদের পর্যবেক্ষণে শিশুদের ডিজিটাল ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে কার্যকর ও সমন্বিত নির্দেশনা প্রণয়নের প্রয়োজনীয়তা উঠে এসেছে। তাদের মতে, প্রযুক্তির ব্যবহার পুরোপুরি বন্ধ করা সমাধান নয়; বরং শিশুদের বয়স ও প্রয়োজন অনুযায়ী নিরাপদ, ইতিবাচক ও নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করতে হবে। এজন্য পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বাড়ানো, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা, শারীরিক খেলাধুলা ও বিনোদনের সুযোগ বাড়ানো এবং শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন গবেষকেরা।

শিশুদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ, অনলাইন নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়েই হাইকোর্টে এ রিট আবেদন করা হয়।

সর্বশেষ সব খবর