জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ১১:০৩ পিএম

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়লেও শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডে কোনো পরিবর্তন আসেনি বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তার অভিযোগ, ক্ষমতার মোহ থেকে বের হতে না পেরে শেখ হাসিনা এখনো দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতার রাজনীতি চালিয়ে যাচ্ছেন। রিজভী বলেন, গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েও শেখ হাসিনা থেমে নেই। গত ১৭ বছর ক্ষমতায় থাকাকালে যে দমন-পীড়ন ও প্রতিহিংসার নীতি অনুসরণ করেছেন, এখনো সেই পথেই হাঁটছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব অভিযোগ করেন রুহুল কবির রিজভী। ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে’ অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এ সমাবেশের আয়োজন করে। বক্তব্যে রিজভী বলেন, মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু দেশ ছাড়ার পরও তার হিংসাত্মক আচরণের পরিবর্তন হয়নি। ক্ষমতায় থাকাকালে যে নীতি প্রয়োগ করেছেন, এখনো সেই নীতিতেই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর, গাড়ি, পোশাক কারখানা এবং পুলিশের স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে। বিদেশে পাচার করা অর্থ থেকে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেশে অবস্থানরত সন্ত্রাসীদের দিয়ে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

নাশকতা মোকাবিলায় সরকারের ভূমিকার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়ায় পরিস্থিতি মোকাবিলা করছে। অতীতের আওয়ামী লীগ সরকারের মতো নির্বিচার গুলি চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে না। এটাই তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনার পার্থক্য। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন রিজভী।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে কূটনৈতিক শিষ্টাচারের কথা বলা হলেও ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের চার নেতা কীভাবে বাংলাদেশের সীমান্তবর্তী পেট্রাপোলে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

রিজভী প্রশ্ন করেন, সরকারের সবুজ সংকেত ছাড়া দেশটির সরকারি কর্মকর্তারা কীভাবে পলাতক নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন? এ ঘটনা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। সমাবেশে শিশু, কিশোর ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হত্যার সঙ্গে জড়িতদের বিচারের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে রিজভী বলেন, এসব হত্যাকারীর জায়গা বাংলাদেশের মাটিতে হবে না। দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে সব ষড়যন্ত্র প্রতিহত করবে।

এ্যাবের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন প্রকৌশলী খান মুর্শিদ, প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম ও প্রকৌশলী এনায়েত হোসেন।



সর্বশেষ সব খবর

বিএনপিতে ফেরার আবেদন করিনি, ইচ্ছাও নেই: রুমিন ফারহানা

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ১১:১০ পিএম

বিএনপিতে ফেরার কোনো আবেদন করেননি এবং দলে ফেরার কোনো ইচ্ছা বা কারণও দেখছেন না বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থানের কথা জানান।

পোস্টে রুমিন ফারহানা লেখেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন আমি দলে ফিরব কিনা? তাদের জন্য খুবই বিনীত ভাবে বলি আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোন আবেদন করি নাই। আমার কোন কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোন কারন আছে বলেও মনে করিনা। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই।’

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির অন্তত ৭০ জন নেতা ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁদের বহিষ্কার করা হয়। এ ছাড়া বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূলের পাঁচ শতাধিক নেতাকেও বহিষ্কার করে বিএনপি।


পরবর্তী সময়ে বহিষ্কৃত নেতাদের অধিকাংশই দলে ফেরার আবেদন করেন। তবে রুমিন ফারহানা তাঁর ফেসবুক পোস্টে স্পষ্ট করেছেন, বিএনপিতে ফেরার জন্য তিনি কোনো আবেদন করেননি এবং এ ধরনের কোনো ইচ্ছাও তাঁর নেই।

সর্বশেষ সব খবর

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো অবস্থান নেই ইইউর

ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার


জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৫২ পিএম

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা দলটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো অবস্থান নেই। তবে অতীতের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা এবং সহিংসতা বর্জনের ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।


সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।


আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ইইউর অবস্থান জানতে চাইলে মাইকেল মিলার বলেন, ‘এ বিষয়ে সংস্থাটির কোনো অবস্থান নেই।’ 


তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া পদক্ষেপ এবং বর্তমানে চলমান কার্যক্রম ইইউ পর্যবেক্ষণ করছে। বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় ইইউ। আর স্থিতিশীলতার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।


রাষ্ট্রদূত বলেন, অতীতের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা, সহিংসতা বর্জন এবং জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখা প্রয়োজন।


তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে সংস্কার কমিশনগুলোর সঙ্গে কাজ করেছে ইইউ। সেখানে অনেক ভালো প্রস্তাব ও ধারণা ছিল। সেগুলো বাস্তবায়নে বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী সংস্থাটি।


বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মাইকেল মিলার বলেন, ইইউ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ ও তা কতটা এগিয়ে নেওয়া হবে, তা নির্ধারণে মানবাধিকার পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানবাধিকার সুরক্ষা চাপের মুখে পড়লে তা ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, ইইউর সদস্য দেশ এবং সংস্থাটির সদর দপ্তরের আলোচনায় উঠে আসে।


তিনি বলেন, বাংলাদেশের সুশীল সমাজ, বিভিন্ন প্রতিষ্ঠান, সংসদ সদস্য ও মন্ত্রীদের সঙ্গে ইইউর যোগাযোগ অব্যাহত রয়েছে। মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের এ পরিস্থিতি নিখুঁত নয়, তাই উন্নতির সুযোগ রয়েছে।


গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান

দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন, বাংলাদেশ এখন পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। এ সময়ে দেশের পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশন করা জরুরি। নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি পূর্ণ আস্থা প্রকাশ করেন।


বাণিজ্য সম্পর্কে আগাম প্রস্তুতির তাগিদ

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের ভবিষ্যৎ প্রসঙ্গে ইইউ রাষ্ট্রদূত বলেন, তৈরি পোশাক খাত বর্তমানে তুলনামূলক কম শ্রমমূল্যের সুবিধায় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করছে। তবে জনমিতিক পরিবর্তনের কারণে ভবিষ্যতে শ্রমের ব্যয় বাড়তে পারে। ফলে বর্তমান প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রাখা কঠিন হবে।


তিনি বলেন, ইউরোপীয় বাজারে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে।


অন্যদিকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর নির্ধারিত রূপান্তরকাল শেষ হলে ইইউর সঙ্গে নতুন কোনো বাণিজ্যিক ব্যবস্থা না থাকলে বাংলাদেশের তৈরি পোশাক পণ্যে মোস্ট ফেভারড নেশন (এমএফএন) শুল্ক প্রযোজ্য হবে। এতে এ খাতের প্রতিযোগিতামূলক অবস্থানে চাপ তৈরি হতে পারে।


এ পরিস্থিতি মোকাবিলায় আগাম পরিকল্পনা, আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ, তৈরি পোশাক খাতে বৃত্তাকার অর্থনীতির চর্চা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন তিনি।


এসব পরিবর্তন রাতারাতি সম্ভব নয় উল্লেখ করে মাইকেল মিলার বলেন, পরিকল্পনা, বিনিয়োগ, অবকাঠামো নির্মাণ ও বাস্তবায়নে কয়েক বছর সময় লাগবে। তাই ভবিষ্যৎ বাণিজ্যিক সম্পর্ক নিয়ে এখন থেকেই ইইউর সঙ্গে আলোচনা শুরু করা জরুরি।


বাংলাদেশের সঙ্গে দাতা-গ্রহীতা সম্পর্কের পরিবর্তে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে চায় ইইউ—এমন মন্তব্য করে মাইকেল মিলার বলেন, এলডিসি উত্তরণ প্রক্রিয়া মসৃণ ও পূর্বানুমেয় করতে সরকার, বেসরকারি খাত ও সুশীল সমাজের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত সংস্থাটি। দুই পক্ষের সম্পর্কে চ্যালেঞ্জ থাকলেও সম্ভাবনা অনেক বেশি।


বাংলাদেশে নিজের অবস্থানের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের কথাও জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, এটি দুই পক্ষের সম্পর্কের বিকাশে তাঁর আগ্রহের প্রতিফলন।


জুনে ব্রাসেলস যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী বছরের জুনে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাসেলস সফর করবেন বলে জানিয়েছেন মাইকেল মিলার। তিনি বলেন, আগামী জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ব্রাসেলস যাবেন। সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্লোবাল গেটওয়ে ফোরামের তৃতীয় আসরে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ৭ ও ৮ জুন ব্রাসেলসে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী ওই সফরে সম্মেলনে বক্তব্য দেবেন।

ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা ও বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইমরুল কায়েস।

সর্বশেষ সব খবর

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম (ছবি-সংগৃহীত)

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৩৬ পিএম

গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন, আওয়ামী লীগ ও জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে গঙ্গা চুক্তি নতুন করে নবায়ন, জুলাই গণহত্যায় শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন এবং সরকারের ভেতরে আওয়ামী লীগ পুনর্বাসনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।


সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এসব দাবি তুলে ধরেন এনসিপির নেতারা। বৈঠকে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এমপি এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এমপি উপস্থিত ছিলেন।


বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগ এবং জুলাই গণহত্যার বিচার প্রশ্নে ট্রাইব্যুনালকে আরও সক্রিয় করতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ও দ্রুত কার্যকর করতে হবে।’


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘গত নির্বাচনের পর সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি ঘটেছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মীসহ জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষ নেতৃত্ব ধারাবাহিকভাবে হামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন।’


তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। সরকারের একটি অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজে জড়িত। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।’


এনসিপির পক্ষ থেকে গঙ্গা চুক্তি নতুন করে নবায়নের দাবি জানানো হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণহত্যায় শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ নিতে হবে। তাঁদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।’

সর্বশেষ সব খবর

তরবারির সঙ্গে গর্দানের সংলাপ চলবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

চার দফা দাবিতে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ


তরবারির সঙ্গে গর্দানের সংলাপ চলবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৭:১৪ পিএম

তরবারির সঙ্গে গর্দানের কোনো সংলাপ চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।


তিনি বলেন, বাংলাদেশে ঐক্য হতে হলে জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই একসঙ্গে অব্যাহত থাকবে।


সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর ও আওয়ামী লীগের বিচারসহ চার দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।




সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একদিকে ভারতবিরোধী অবস্থানের কথা বলা হচ্ছে, অন্যদিকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও দাবি জানান তিনি।


গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হলে ভারতীয় পণ্য ও নাগরিকদের বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এনসিপির এ নেতা।




বিএনপির সমালোচনা করে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং আদালতের মাধ্যমে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপিকে স্পষ্ট অবস্থান নিতে হবে।


বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে গণভোটের রায় বাস্তবায়ন ও হত্যাকাণ্ডের বিচারে কার্যকর উদ্যোগ নিতে হবে।


তিনি আরও অভিযোগ করেন, গত আট মাসে চাঁদাবাজি, হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের কেউ কেউ পুনর্বাসনের সুযোগ পেয়েছেন। বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।


সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন এনসিপির নেতাকর্মীরা। মিছিলটি নিউ মার্কেট থেকে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমিকশক্তিসহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সর্বশেষ সব খবর

এনসিপির তিন নেতা

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৫:১৮ পিএম

ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।


এদিন দুপুর সোয়া ১টার দিকে তার নেতৃত্বে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে এনসিপি এক প্রতিনিধি দল।


নাহিদ ছাড়াও বৈঠকে অংশ নেন দলটির সদস্যসচিব আখতার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তাদের সঙ্গে সচিবালয়ে যান দলটির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইনও।


বৈঠকে আলোচনার বিষয়ে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, গঙ্গা চুক্তি নতুন করে হলে ভারতের কাছে বাংলাদেশের কঠোর বার্তা দিতে হবে এবং পানির হিস্যা যাতে ন্যায্য থাকে— তা নিশ্চিত করতে হবে। ভারতের আধিপত্যবাদ মোকাবিলায় সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা আলাপ করেছি।


এনসিপি আহ্বায়ক বলেন, আমরা সরকারকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে বলেছি। সেই সঙ্গে ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বলেছি। এছাড়া সংবিধান সংশোধন সম্পর্কিত একদলীয় কমিটি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে, আমরা সেই কমিটি বাতিলের সুপারিশ করেছি।


তিনি বলেন, এই লড়াই আওয়ামী লীগের সঙ্গে লড়াই না, তাদের আমরা ৫ আগস্টেই পরাজিত করেছি। এখনকার লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে নানা বাজে প্রচারণা চালাচ্ছে। গতকালও হিন্দুত্ববাদী সংগঠন কর্তৃক সীমান্তের কাছে বাংলাদেশবিরোধী সমাবেশ করেছে, যেখানে পলাতক ফ্যাস্টিস্ট আওয়ামী লীগের কিছু নেতাও যুক্ত হয়েছে। অথচ, সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগ আমলে। আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি।


বিরোধী দলীয় চিফ হুইপ আরও বলেন, সরকারের পক্ষ থেকে ঐক্যের আহবান জানানো হয়েছে। তবে শুধু আলোচনার জন্য আলোচনা নয়, আলোচনা যাতে ফলপ্রসূ হয়। শুধু ডিসেম্বরকে কেন্দ্র করে নয়, জুলাইয়ের সব শক্তিকে নিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য প্রয়োজন।


উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানও সেদিন দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে কথা বলেন। সেই ধারাবাহিকতায় আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হয়েছে।


প্রথম দল হিসেবে এনসিপির নেতারা দুপুরে সরকারপ্রধানের সঙ্গে সংলাপে বসছেন। জাতীয় ঐক্যের লক্ষ্যে জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে প্রধানমন্ত্রীর পর্যায়ক্রমে আলোচনায় বসার কথা রয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৪৮ পিএম

সীমান্তবর্তী এলাকার মানুষদের বিজিবির পাশাপাশি সীমান্তে পাহারা বসানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সোমবার (২৩ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।


রাশেদ খাঁন পোস্টে লেখেন, বাংলাদেশে আত্মগোপনে থাকা আওয়ামী অপরাধীদের চাঙ্গা করতে 'শেখ হাসিনার ফেরানোর পথ খুঁজতে পশ্চিমবঙ্গের পেট্রাপল সীমান্তে নানক-নাছিমের বৈঠক' শীর্ষক সংবাদ ভারতীয় মিডিয়ার বরাতে প্রচারের উদ্যোগ নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আন্তর্জাতিক আইন অনুযায়ী একজন পলাতক আসামিকে ফেরাতে আরেকটি পলাতক গ্রুপের বৈঠক করার নজির নেই। ভারত আওয়ামী দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।


তিনি বলেন, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত নিতে সরকার আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে গণহত্যার দায়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তবে ভারত তার এমন সেবাদাসকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত পাঠাবে কি না, সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। রাশেদ বলেন, বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য অনেক আন্তর্জাতিক চক্রান্ত আছে, সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। বিশেষ করে একটি অস্থিরতা সৃষ্টি করে নাগরিকত্ব বাতিল হওয়া ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন করার একটি অপচেষ্টা আছে। ভারতীয় নাগরিকত্ব বাতিল হওয়া ব্যক্তিদের পুশ ইন করার সেই অপচেষ্টা অতীতের ন্যায় রুখে দেওয়ার জন্য বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষকে সীমান্ত পাহারা দেওয়ার অনুরোধ করছি।

সর্বশেষ সব খবর