খুলনা বিশ্ববিদ্যালয়

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ৮:২৯ পিএম

বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষকতায় নিয়োজিত খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ৮১ শিক্ষার্থীকে প্রথমবারের মতো Appreciation Letter (প্রশংসাপত্র) দিয়েছে বিশ্ববিদ্যালয়ের Office of International Affairs (OIA)। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সঙ্গে প্রাতিষ্ঠানিক যোগাযোগ স্থাপন, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ শিক্ষার্থীদের মেন্টরশিপের সুযোগ তৈরির লক্ষ্যে নেওয়া ‘KU Global Scholars Initiative’-এর আওতায় এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এ Appreciation Letter প্রদান করা হয়। এর আগে সাতজন শিক্ষার্থীকে সরাসরি এবং পরবর্তী সময়ে আরও ৭৪ জনকে চিঠি পাঠানো হয়েছে। সব মিলিয়ে ৮৬ জন শিক্ষার্থী এ স্বীকৃতি পেয়েছেন।

Office of International Affairs সূত্রে জানা যায়, বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় যুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচারের মাধ্যমে একটি গুগল ফর্ম তৈরি করে তাঁদের তথ্য সংগ্রহ করা হয়। প্রথম চার-পাঁচ দিনের মধ্যেই ৩০ থেকে ৪০ জনের সাড়া পাওয়া যায়। পরবর্তী সময়ে এ সংখ্যা প্রায় ৮১-তে পৌঁছায়।

সংগৃহীত তথ্য অনুযায়ী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বর্তমানে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, ডেনমার্ক, সুইডেন, চীন, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও গবেষণায় নিয়োজিত রয়েছেন। তাঁদের অনেকে বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষণা করছেন। কেউ শিক্ষকতা ও গবেষণা সহকারী হিসেবেও কাজ করছেন।

তাঁদের উচ্চশিক্ষার অর্থায়নে রয়েছে MEXT Scholarship, Erasmus Mundus, DAAD-EPOS, Global Korea Scholarship, ICCR, Chinese Government Scholarship, Hong Kong PhD Fellowship Scheme-সহ বিভিন্ন আন্তর্জাতিক বৃত্তি। পাশাপাশি Graduate Research Assistantship, Graduate Teaching Assistantship, Professor Funding এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফেলোশিপের মাধ্যমেও অনেকে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।

উদ্যোগটির বিষয়ে Office of International Affairs-এর পরিচালক অধ্যাপক ড. মো. আশিক উর রহমান বলেন, বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষকতায় নিয়োজিত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো আগে ছিল না। বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্রে তাঁদের অবস্থান ও কার্যক্রম সম্পর্কে জানা গেলেও সমন্বিতভাবে তাঁদের তথ্য সংরক্ষণ ও যোগাযোগের ব্যবস্থা ছিল না। অথচ এসব গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়ের সম্পদ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন। তাঁদের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, ‘KU Global Scholars Initiative’-এর মাধ্যমে বিদেশে অবস্থানরত গ্র্যাজুয়েটদের সঙ্গে একটি নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি তাঁদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। এসব গ্র্যাজুয়েট ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য মেন্টর হিসেবে কাজ করতে পারবেন। একই সঙ্গে তাঁদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক পার্টনারশিপ এবং যৌথ গবেষণার সুযোগ তৈরি হতে পারে। এতে আন্তর্জাতিক গবেষণা ও প্রকাশনার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

আগে এ ধরনের উদ্যোগ নেওয়া না হওয়ার বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিকীকরণের ক্ষেত্রে নিজেদের গ্র্যাজুয়েটদের যে ভূমিকা ও দায়বদ্ধতা রয়েছে, তা অন্য কোনো মাধ্যমে একইভাবে পাওয়া সম্ভব নয়। তিনি নিজেও বিদেশে পড়াশোনা ও শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বিষয়টি উপলব্ধি করেছেন। বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন আয়োজন এবং বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁকে নিজেদের সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে সহায়তা করেছে। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়ের প্রতি সাবেক শিক্ষার্থীদের যে আবেগ ও দায়বদ্ধতা রয়েছে, সেটিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণ করা সম্ভব।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধিতে এ উদ্যোগের ভূমিকা সম্পর্কে অধ্যাপক ড. মো. আশিক উর রহমান বলেন, বিদেশে অবস্থান করলেও এসব গ্র্যাজুয়েট তাঁদের বিশ্ববিদ্যালয়ের পরিচয় ধারণ করছেন। তাঁরা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন। তাঁদের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের নাম আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়বে এবং বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় দিবস খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য আবেগ ও উদ্‌যাপনের একটি বিশেষ উপলক্ষ। বিদেশে অবস্থানরত গ্র্যাজুয়েটদের অর্জনকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে উদ্‌যাপন এবং যাঁরা সরাসরি উপস্থিত হতে পারেননি তাঁদেরও উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত রাখার বিষয়টি বিবেচনা করেই এ দিন Appreciation Letter পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ‘KU Global Scholars Initiative’-এর আওতায় ভবিষ্যতে বিদেশে অবস্থানরত খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের তথ্যভান্ডার সমৃদ্ধ করা, তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা, বর্তমান শিক্ষার্থীদের মেন্টরশিপ দেওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা ও একাডেমিক সহযোগিতার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।



সর্বশেষ সব খবর
  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ২:২৪ পিএম
  • আপডেট : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ২:২৪ পিএম

এ সম্পর্কিত আরও খবর


চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ২:২৪ পিএম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়ে চলমান সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতারাও। নতুন উপাচার্য নিয়োগসহ সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।


বুধবার (২৫ নভেম্বর) রাতে আন্দোলন আরও বেগবান করার লক্ষ্যে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভা শেষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।


এ কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।


শিক্ষার্থীরা জানান, গত দুই মাসের বেশি সময় ধরে চলমান আন্দোলনে সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। এ সময়ে ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সংকট নিরসনে এখন পর্যন্ত কার্যকর ও টেকসই কোনো সমাধান আসেনি।


তাদের অভিযোগ, সংকট দীর্ঘায়িত হওয়ায় একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডেও চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর সরাসরি ভুক্তভোগী হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।


যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস জানান, শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।


এদিকে চুয়েটের উপাচার্য নিয়োগ ইস্যুতে আইইবির পক্ষ থেকেও সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৫১ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলামের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে রাজধানীর পুরান ঢাকায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (২৫ নভেম্বর) বিকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে থেকে  মিছিলটি শুরু হয়। এটি কোর্ট এরিয়া ও রায়সাহেব বাজার মোড় হয়ে তাতীবাজার মোড় পাড় হয়ে ধোলাইখাল ঘুরে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 


অনুষ্ঠিত এ মিছিলে যুবদলের মহানগর দক্ষিণ ও বিভিন্ন থানার নেতাকর্মীরা অংশ নেন। মিছিলের সময় নেতাকর্মীরা আওয়ামী সন্ত্রাসীদের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নানা স্লোগান দেন।


মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে আসাদুজ্জামান আসলাম বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের যেকোনো ধরনের অরাজকতা, নাশকতা ও সাধারণ মানুষের জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা এ দেশের যুবসমাজ এবং জনগণ কোনোভাবেই বরদাশত করবে না। তিনি বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে জনজীবনে আতঙ্ক সৃষ্টির যেকোনো চেষ্টার বিরুদ্ধে যুবসমাজ ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে অবস্থান নেবে।


আসলাম আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ জন্য যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে অবিলম্বে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর মতে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশৃঙ্খলা রোধে প্রশাসনের দ্রুত ও কার্যকর ভূমিকা অত্যন্ত জরুরি।


বক্তব্যের শেষে আসাদুজ্জামান আসলাম দেশের সার্বিক শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করতে সচেতন নাগরিক, যুবসমাজ ও সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময়ে সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩৯ পিএম

জাতীয় প্রাণিসম্পদ দিবস উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদে স্বেচ্ছাসেবক নির্বাচনে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ উঠেছে। সাধারণ শিক্ষার্থীদের না জানিয়ে এবং প্রকাশ্যে কোনো ঘোষণা ছাড়াই স্বেচ্ছাসেবকদের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন অনুষদের একাধিক শিক্ষার্থী। তাঁদের দাবি, তালিকায় ছাত্রদল-সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া হয়েছে।


জানা যায়, জাতীয় প্রাণিসম্পদ দিবসের আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অনুষদ থেকে স্বেচ্ছাসেবক নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়। প্রাথমিকভাবে ৫০ জন স্বেচ্ছাসেবক নেওয়ার কথা থাকলেও পরবর্তী সময়ে ৭০ জনের তালিকা চূড়ান্ত করা হয়। তিন দিনব্যাপী এ আয়োজনে স্বেচ্ছাসেবকদের প্রতিদিন এক হাজার টাকা করে মোট তিন হাজার টাকা সম্মানী দেওয়ার কথা রয়েছে। তবে আগ্রহী সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দিয়ে গোপনে তালিকা তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।


নাম প্রকাশে অনিচ্ছুক তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘তালিকা তৈরিতে লুকোচুরির আশ্রয় নেওয়া হয়েছে। প্রকাশ্যে কোনো ঘোষণা দিয়ে আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে নাম সংগ্রহ করা হয়নি। বরং ব্যক্তিগতভাবে যোগাযোগের মাধ্যমে ছাত্রদল-সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তালিকায় প্রাধান্য দেওয়া হয়েছে।’


অভিযোগ অস্বীকার করে একই অনুষদের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা রাসেল পারভেজ বলেন, ‘এটি সম্পূর্ণ ক্লাস প্রতিনিধিরা (সিআর) নির্বাচন করেছেন। সিনিয়র ব্যাচগুলো থেকে তুলনামূলক বেশি এবং জুনিয়র ব্যাচ থেকে কম শিক্ষার্থী নেওয়া হয়েছে। নির্বাচন প্রক্রিয়াটি সম্পূর্ণ ব্যাচভিত্তিক হয়েছে। এ বিষয়ে আমরা কিছু জানি না।’ 


ব্যক্তিগতভাবে ফোন করে স্বেচ্ছাসেবক নির্বাচনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি অবগত নই।’


স্বেচ্ছাসেবক নির্বাচনের প্রক্রিয়া ও শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘স্বেচ্ছাসেবক নির্বাচনের বিষয়ে আমি প্রত্যেক লেভেলের ক্লাস প্রতিনিধি ও সিনিয়র ব্যাচের শিক্ষার্থীদের ডেকেছিলাম। সেখানে প্রত্যেক লেভেলের ক্লাস প্রতিনিধিদের সিনিয়রদের পরামর্শক্রমে একটি তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়।


তিনি আরও বলেন, আমার পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা ছিল তালিকা তৈরিতে কোনো নির্দিষ্ট ছাত্রসংগঠন বা অঞ্চলের শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া যাবে না। বরং যারা সক্রিয়ভাবে কাজ করতে আগ্রহী, তাদের অগ্রাধিকার দিতে বলা হয়েছিল। শিক্ষার্থীরা নিজেদের মতো করে তালিকাটি তৈরি করেছে। 


তবে ডিনের নির্দেশনা উপেক্ষা করে তালিকায় ছাত্রদল সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়ার অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এটা তো হওয়া উচিত না। বিষয়টি আমি খতিয়ে দেখব।’

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৯:২০ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।


এবার পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। ইউনিটগুলো হলো- বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিট, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিট।


বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইউনিটভেদে আবেদনের ন্যূনতম যোগ্যতা ও ফি নির্ধারণ করা হয়েছে।


‘এ’ ইউনিটে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না। ‘বি’ ও ‘ডি’ ইউনিটে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ এবং প্রতিটিতে ন্যূনতম ২.৭৫ থাকতে হবে। ‘সি’ ইউনিটে মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ এবং প্রতিটি পরীক্ষায় ন্যূনতম ৩.০০ থাকতে হবে। অন্যদিকে, ‘ই’ ইউনিটে মোট জিপিএ কমপক্ষে ৫.৫০ এবং প্রতিটি পরীক্ষায় ন্যূনতম ২.৫০ থাকতে হবে।


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু, জেনে নিন যোগ্যতা

৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, কারা পাবেন এবং যেভাবে আবেদন

‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের আবেদন ফি ১ হাজার ২০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে। তবে ‘ই’ ইউনিটের আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও নির্ধারিত শর্তে আবেদন করতে পারবেন। তবে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত যোগ্যতা পূরণে ব্যর্থ হলে তাদের আবেদন বাতিল বলে গণ্য হবে।


ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছরের জানুয়ারিতে ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে। পরীক্ষার সূচি অনুযায়ী, ১ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৮ জানুয়ারি ‘ই’ ইউনিট, ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিট, ২২ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


উল্লেখ্য, ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদনের শর্ত ও আবেদন প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট 'admission.jnu.ac.bd' (https://admission.jnu.ac.bd) এ পাওয়া যাবে।

সর্বশেষ সব খবর

অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৩২ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের দায়িত্ব থেকে অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে অব্যাহতি দেয়া হয়েছে। তার স্থলে হলটির নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফ।


মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


অফিস আদেশে বলা হয়, অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অধ্যাপক রেজা মোহাম্মদ আরিফকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে এ দায়িত্ব দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। নতুন প্রভোস্ট প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা ভোগ করবেন বলেও আদেশে উল্লেখ করা হয়।


সম্প্রতি আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেয়ার অভিযোগে অধ্যাপক স্নিগ্ধাসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ জানায় ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তি। এসব সংগঠন তার অপসারণসহ সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানায়।


গত ২১ নভেম্বর তিন শিক্ষকের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার এবং দায় স্বীকারের বিষয়ে তাদের সুস্পষ্ট অবস্থান জানানোর দাবি তোলে ছাত্রদল। একই দিন জাতীয় ছাত্রশক্তি চার শিক্ষকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। তদন্ত চলাকালে তাদের সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি এবং অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আহ্বান জানায় সংগঠনটি।


পরদিন ২২ নভেম্বর চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় ছাত্রশিবির। এতে অধ্যাপক স্নিগ্ধাকে বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের পদ থেকে অপসারণের দাবিও জানানো হয়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা অফিস আদেশে অধ্যাপক স্নিগ্ধাকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত জানানো হলেও এর কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

সর্বশেষ সব খবর

কুবিতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পর্যায়ের প্রযুক্তি উৎসব

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৩০ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে জাতীয় পর্যায়ের প্রযুক্তি উৎসব ‘কুবি টেকনোভা ২০২৬’। এতে দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। উৎসবের কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিযোগিতায় বিজয়ী প্রথম তিনটি দল পুরস্কারের পাশাপাশি মাসিক ১০ হাজার টাকা বেতনে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের আয়োজনে অনুষদের কনফারেন্স রুমে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে জাতীয় পর্যায়ের কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিযোগিতা, ই-ফুটবল টুর্নামেন্ট, প্রকল্প প্রদর্শনী এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিবিষয়ক সেমিনারের আয়োজন করা হয়।


কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিযোগিতায় সারা দেশ থেকে ১১০টির বেশি দল নিবন্ধন করে। এর মধ্যে ৪৫টি দল চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পায়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউ সিন্যাপস’ দল। দ্বিতীয় হয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ‘অ্যাপেল’ দল এবং তৃতীয় হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থীদের দল ‘রিও’। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দল যথাক্রমে ১০, ৮ ও ৭ হাজার টাকা পুরস্কার পেয়েছে। পাশাপাশি তিনটি দলই মাসিক ১০ হাজার টাকা বেতনে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে।


বিজয়ী তিনটি দলকে যুক্তরাজ্যভিত্তিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘ক্যাশলেস এআই’ ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। এ সময়ে নির্বাচিত ইন্টার্নরা প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন।


প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইন্টার্নশিপ চলাকালে যাঁদের কর্মদক্ষতা সন্তোষজনক হবে, তাঁদের পরবর্তী সময়ে স্থায়ী চাকরির সুযোগ দেওয়া হবে।


প্রকল্প প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি দল। তাদের প্রকল্পের নাম ‘স্মার্ট জলজ চাষের জন্য ইন্টারনেট অব থিংসভিত্তিক তাৎক্ষণিক পানির গুণগত মান পর্যবেক্ষণব্যবস্থা’। এ প্রতিযোগিতায় যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘ক্রেস্ট’ ও ‘আইন সহায়ক’ দল। তৃতীয় হয় ‘কোরাস সেন্টিনেল’ দল।


অন্যদিকে, ই-ফুটবল প্রতিযোগিতায় প্রথম হন রিয়াদ মাহমুদ। দ্বিতীয় হন নাসিরুল আলম দীপ্ত, তৃতীয় তৌফিক রহমান দ্বীপ এবং চতুর্থ হন মো. নাহিদ হোসেন।


অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ‘এ ধরনের প্রতিযোগিতামূলক আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিযোগিতার মাধ্যমে নতুন মেধাবীদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের পরিচয় তুলে ধরার সুযোগ তৈরি হবে।’


উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার বলেন, ‘এ ধরনের আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের সৃজনশীলতা ও নতুন নতুন ধারণা বিকাশের সুযোগ পাবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে অংশ নিয়ে অর্জিত জ্ঞান ও দক্ষতা কর্মক্ষেত্র, বিশ্ববিদ্যালয় এবং দেশের উন্নয়নে কাজে লাগাতে পারবে।’


তিনি আরও বলেন, ‘যারা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে, তাদের জন্য এটি আনন্দের বিষয়। আর যারা বিজয়ী হতে পারেনি, তাদের প্রতি প্রত্যাশা থাকবে, ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং কখনোই মনোবল হারাবে না।’


উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, 'নতুন শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যবিজ্ঞান’ এবং ‘রোবোটিকস ও মেকাট্রনিকস’ নামে দুটি বিভাগ চালুর চেষ্টা চলছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন কেন্দ্রে শুধু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নন, বাইরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কাজ করার সুযোগ পাবেন। প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং এ বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে'


প্রকৌশল অনুষদের ডিন ও অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক মাহমুদুল হাসান রাজু বলেন, ‘এআই ব্যবহার করে শিক্ষার্থীরা কতটুকু সমস্যা সমাধান করতে পারে এবং তাদের সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করতেই আমাদের এ আয়োজন। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। সীমিত সুযোগের কারণে আগ্রহী অনেক শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ দেওয়া সম্ভব হয়নি। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের প্রতিযোগিতা ও সেমিনার আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

সর্বশেষ সব খবর