প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান
শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার মিড ডে মিল চালু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এ কর্মসূচির আওতায় ১ কোটি ১০ লাখ শিশু প্রতিদিন দুপুরের খাবার পাবে বলে জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।তিনি বলেন, শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখতে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন (পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণ) মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রন্ধন প্রতিযোগিতায় ৩০০ রেসিপির মধ্য থেকে সেরা রেসিপির জন্য অনুষ্ঠানে পাঁচজনকে পুরস্কার প্রদান করা হয়।
এসময় ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমানে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। এই প্রকল্প বিদ্যালয়ে চার থেকে ১০ বছর বয়সী শিশুদের উপস্থিতি ও প্রাতিষ্ঠানিক শিক্ষা ধরে রাখার জন্য যথেষ্ট। আগামী ২০২৭ সাল থেকে ৫০০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ১০ লাখ শিশু মিড ডে মিল পাবে।
চলমান কর্মসূচির পাশাপাশি খাবারের গুণগত মান নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ত করে তদারকি জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।বিদ্যালয়ের খাবারের মান ও পুষ্টিগুণ বাড়াতে স্থানীয় পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, ‘বিভিন্ন জেলা বা উপজেলা পর্যায়ে স্কুলের মিড ডে মিল বা শিশুদের বিদ্যালয়ের দুপুরের খাবার সুস্বাদু ও সহজলভ্য করার জন্য রন্ধন প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে।’
প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি অনুসরণ এবং স্থানীয় উপকরণের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রন্ধনপ্রণালি, সহজলভ্য স্থানীয় উপকরণ, শাকসবজি, আমিষ, দুগ্ধজাত পণ্য ব্যবহার, মায়েদের সম্পৃক্ততা ও তদারকি দেশের শিশুদের পুষ্টির মান বহুগুণে বাড়াবে।’এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, ‘আমরা প্রায়ই বলি, রান্না একটি শিল্প। তবে এটি একই সঙ্গে একটি ভাষা, একটি বিজ্ঞান এবং মানুষের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যম। যেখানে প্রয়োজন, অনুরাগ, সৃজনশীলতা এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপূর্ব মিলনমেলা। আমরা রান্নায় আমাদের ইতিহাস, ব্যক্তিত্ব এবং ভালোবাসার একটি অংশ যোগ করি।’
সূত্র: বাসস
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত চার প্লাটুন সদস্যকেও প্রস্তুত রাখা হয়েছে।শনিবার (২৮ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোতায়েনের এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে আট প্লাটুন এবং কক্সবাজারে সাত প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দায়িত্ব পালনকারী এসব সদস্য স্থানীয় জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করছেন। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন স্পর্শকাতর স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড ঠেকাতে কাজ করছেন তারা।মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকেও নজরদারি চালানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয় বজায় রাখা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তের প্রচলিত দায়িত্বের পাশাপাশি দেশের অভ্যন্তরেও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে বাহিনীটি। মানুষের জানমালের সুরক্ষা, স্বাভাবিক যাতায়াত ও দৈনন্দিন কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে তারা প্রস্তুত রয়েছে।
বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ।
প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনে অবস্থানকালে তার বক্তব্য ১০ বছর বাংলাদেশের গণমাধ্যমে প্রচার করতে দেওয়া হয়নি। এ বিষয়ে সাংবাদিকদের আত্মসমালোচনা ও নিজেদের ভূমিকার ব্যাখ্যা দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সালেহ শিবলী বলেন, এখন যিনি প্রধানমন্ত্রী আছেন, তিনি যখন লন্ডনে ছিলেন, আদালতের রায়ের দোহাই দিয়ে যখন তার বক্তব্য ১০টা বছর বাংলাদেশে প্রচার করতে দেওয়া হয়নি। তারপর হঠাৎ করে আমরা দেখলাম ৫ তারিখের পর তার কণ্ঠ বাংলাদেশের টেলিভিশনে।
তিনি বলেন, আমরা বুঝলাম যে একটা সময় ছিল, যখন তার কথা প্রচার করতে দেওয়া হয়নি। কিন্তু আমরা যারা সাংবাদিকতায় ছিলাম, আমরা কী আজ পর্যন্ত কোনোদিন সেই কথাটা নিয়ে রিগ্রেট (অনুশোচনা) করেছি? কিংবা পক্ষে-বিপক্ষে একটা আলাপ তুলেছি যে, কেন আমরা ওই ১০ বছর কথা বলতে পারিনি?
সাংবাদিকতার অতীত ভূমিকা নিয়ে আত্মসমালোচনার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, বিষয়টি তারেক রহমান দেশে ফিরেছেন বলে তার বক্তব্য প্রচার করতে হবে— এমন নয়। বরং যে সময় সাংবাদিকেরা পার করেছেন, সেই সময়ের সাংবাদিকতার অবস্থান ও সীমাবদ্ধতা নিয়ে তাদের নিজেদের জায়গা থেকে ব্যাখ্যা থাকা প্রয়োজন।
সালেহ শিবলী বলেন, আমরা আমাদের সময়কে— যে সময়টাকে ধারণ করেছিলাম, যে সময়টাকে ফেলে এসেছিলাম— আমাদের সাংবাদিকতার জায়গা থেকে, বিবেকের জায়গা থেকে তো সেই কথাটা নিয়ে একটা ব্যাখ্যা থাকা দরকার।
পরবর্তী প্রজন্মের কাছে অতীতের সাংবাদিকতার ভূমিকা ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে নতুন প্রজন্ম জানতে চাইতে পারে, কেন ১০ বছর একজন মানুষের বক্তব্য গণমাধ্যমে প্রচার করতে দেওয়া হয়নি। পরবর্তী সময়ে গণমাধ্যমে তার বক্তব্য প্রচারের সুযোগ তৈরি হলেও আগের সময়ের ওই সীমাবদ্ধতা নিয়ে কেন আলোচনা হয়নি, সে প্রশ্নও উঠতে পারে।
তিনি বলেন, পরবর্তী প্রজন্ম যারা আসবেন, যারা আমাদের জানবেন না, তারা যদি সময়কে জানতে চান, তারা হয়তো জিজ্ঞেস করবেন– তাহলে এই ১০টা বছর কেন একজন মানুষের বক্তব্য গণমাধ্যমে প্রচার করতে দেওয়া হয়নি?
স্মরণসভায় তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক না থাকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, একজন মানুষের কাজই তাকে জনপরিসরে পরিচিত করে তোলে। তৌফিকের কাজ সম্পর্কে জানতে হলে তার সাংবাদিকতা ও কর্মজীবনের সঙ্গে আরও বেশি পরিচিত হতে হবে।
সাংবাদিকতার সঙ্গে রাজনৈতিক বিশ্বাসের সম্পর্ক তুলে ধরে তিনি আরও বলেন, একজন সাংবাদিকের রাজনৈতিক মত বা কোনও দলের প্রতি সমর্থন থাকতে পারে। তবে সেই বিশ্বাসের কারণে সত্য প্রকাশে বাধা তৈরি হলে তা আর পেশাদার সাংবাদিকতার জায়গায় থাকে না।
বাণিজ্যমেলার মাঠ (ছবি: সংগৃহীত)
রাজধানীর শেরে বাংলা নগরে নতুন বাংলাদেশ সচিবালয় নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট দফতরগুলোকে নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে শেরে বাংলা নগরে নতুন সচিবালয় স্থাপনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর সম্মতি চাওয়া হলে তিনি ১৬ ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপনে সম্মতি দেন।
পরিকল্পনা অনুযায়ী, শেরে বাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠের প্রায় ৩১ দশমিক ৫৮ একর জমিতে নির্মাণ করা হবে নতুন সচিবালয়। তিনটি বেজমেন্টসহ ১৪টি ১২ তলা ভবন নিয়ে গড়ে উঠবে এ কমপ্লেক্স।
এতে প্রায় ৩৩ লাখ ১৬ হাজার বর্গফুট জায়গা এবং ৩ হাজার ৮০০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। প্রকল্প এলাকার প্রায় ৩০ শতাংশ জায়গা সবুজায়ন ও জলাধারের জন্য রাখা হবে। ২০২৯ সালের মধ্যে নতুন সচিবালয়ে কার্যক্রম শুরুর লক্ষ্য রয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি নিতে গণপূর্ত অধিদফতর ও স্থাপত্য অধিদফতরকে চিঠি দেওয়া হয়েছে।
নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের পর শিশু-কিশোরদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
খেলার আনন্দ যেন সবার, কেউ যেন বাদ না পড়ে। শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটিয়ে খেলাধুলায় অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা গড়ে তোলার বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জুমার নামাজ শেষে শিশুদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাদের খেলার সুযোগ ও অংশগ্রহণের খোঁজ নেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী।
নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না, কেউ বাদ পড়ছে কি না, তা জানতে চান তিনি।
শিশুদের নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে ব্যবহারের পরামর্শও দেন প্রধানমন্ত্রী। একজনের সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে তাদের উৎসাহিত করেন তিনি।
শিশু-কিশোরদের সঙ্গে এই সময় কাটানোর মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত